২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরা হয় না

মীর ওয়ালীউজ্জামান

Published : 17 May 2010, 11:38 AM

Updated : 05 Sep 2022, 08:51 PM

পহেলা বৈশাখ কোলকাতা থেকে আধঘণ্টার উড়ানে ঢাকার তেজগাঁ বিমানবন্দরে এসে নামলাম। প্রায় এক বছর পর স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে নির্ভয়ে প্রাণ ভরে শ্বাস নিলাম। উইল্‌ স সিগারেট ধরিয়ে হালকা


ময়নামতি ক্যান্টনমেন্টে, বিজয় দিবসে; সর্বডানে লেখক

এয়ারব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টের বাইরে এসে অটোরিক্সা পেলাম। উঠে বসে বললাম, ভাই, ভালো আছেন তো? চালক ভদ্রলোক স্টার্টার হ্যান্ডেল ধরে ওপরে হ্যাঁচকা টান দিতে গিয়ে থেমে, ঘাড় ঘুরিয়ে তাকালেন, আপনি কি অনেকদিন পর দেশে ফিরলেন? ঘাড় কাত করে জানালাম, আপনি ধরেছেন ঠিক, প্রায় ন'মাস পর ঢাকা ফিরছি। ভারতে ছিলাম। চালক যান চালু করে সামনে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? বাড়িঘর কি ঠিকঠাক আছে? আমি অবাক হয়ে মৃদুস্বরে জানালাম, না, যে বাড়িতে আমরা বাস করতাম, সেটা বেদখল হয়ে গিয়েছিল। বাবা, মা, ভাইবোন স্বাধীনতার পর ফিরে অন্য পাড়ায় অর্থাৎ পুরনো ঢাকার কল্‌তাবাজারে বাস করছেন। চলুন, এখন সেখানেই যাব।

পান্নাভাই আমাকে শিলংয়ের ঠিকানায় চিঠি লিখে সব জানিয়েছিলেন। ১৬ই ডিসেম্বরের পর স্বাধীন ঢাকা ও দেশের হালচাল, আমার-ওর বন্ধুবান্ধবের খবর এবং আমাদের পারিবারিক দুরবস্থা ইত্যাদির আপডেট আমি পেতাম ওখানে—শিলং-গুয়াহাটি সড়কে ট্রাকচালনার ফাঁকে ফাঁকে। সব শুনেটুনে আমার স্বভাবসন্ন্যাসীর জীবনযাত্রা আরো আউলে-বাউলে টাইপের হয়ে যাচ্ছিল। শীতে কাঁপছি, কিন্তু উষ্ণবস্ত্র গায়ে উঠছে না। খাসিয়া পান খেয়ে, পাঁট পাঁট আগুনজল উদ্গ্রহণের পর, গাড়লের মতো অসাড়ে, বন্ধু ধরম আগরওয়ালের দোকানে ভুটিয়া কম্বলমুড়ি দিয়ে ঘুমোই। উঠে ওই পোশাকেই অর্থাৎ জিনসের ট্রাউজার্স, জ্যাকেট আর জাঙ্গল বুট আর একমাথা বাবড়ি চুলের জটাজালে আবদ্ধ আমি ট্রাক নিয়ে আবার গুয়াহাটি মুখো হই। বাহাত্তরে আমরা বলতাম শহর গৌহাটি, মারোয়ারি বন্ধুরা গওহাটি।

জানুয়ারির শেষে যেদিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিলং এসে মেঘালয়কে আলাদা রাজ্য—খাসিয়াল্যান্ড হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা জারি করলেন, সেদিন শহরবাসীর স্ফূর্তি দেখে কে! ক'দিন বাদেই হোলি উৎসবের জন্য সবাই প্রস্ততি নিচ্ছিল। সেই রং এনে ড্রাম ড্রাম গোলা হল, পিচকিরি করে রং ছেটানো হতে লাগল দিনভর। খাসিয়া-বাঙালী-মাড়োয়ারি সকলেই সাধ্যমত মিষ্টি বিতরণ করছিলেন। এরি মাঝে ধরম এসে ডাকল, চলো দোস্ত, তোমহারে লিয়ে সুয়েটার খারিদনা হ্যয়। দোকান বন্ধ হো যায়েগা। তুরন্ত চলো। পারাব কা দিন হ্যয় না? অনিচ্ছায় ওর অনুগামী হলাম। আমরা বেশ বড়োসড়ো এক সুসজ্জিত পোশাকের দোকানে ঢুকলাম। শ্যাওলা সবুজ ডাব্‌লনিট পশমের টার্টলনেক পুলোভার আমার গায়ে চড়িয়ে ধরম দাম জিজ্ঞেস করল, কেতনা কিমাত? এইটি রুপিজ, সংক্ষেপে বলে খাসিয়া মেয়েটি আমার দিকে তাকায়। দোকানে ঢোকবার পর থেকেই মেয়েটি আমার দিকে প্রায় পলকহীন তাকিয়ে রয়েছে। আস্‌সি রুপিয়া? আর ইউ ম্যাড? ধরমের বিস্ময় দেখে মেয়েটি হেসে বলে, লুক এট ইওর ফ্রেন্ড! দ্যাট পুলোভার ওয়জ উভ্‌ন ফর হিম এক্সক্লুসিভলি!

তোমাকে বলেছে, ধরম অবজ্ঞার সাথে উচ্চারণ করে। আমি বিব্রত হয়ে ততক্ষণে পকেট থেকে পার্স বের করছি, ধরম আমার হাত ধরে। আয়াম দ্য পে-মাস্টার হিয়ার, মাই ডিয়ার। হোল্ড ইওর হর্স প্লিজ। লেট মি ইনজয় মাই শপিং, ইয়ার। অলরাইট দেন, সেভেন্টি রুপিজ ইট ইজ। মান লিয়া আপকি ডিমান্ড, বলে সে একশ রুপির নোট এগিয়ে দেয়। মেয়েটি খুচরো ফেরত দিয়ে বলল, ওয়েট আ মোমেন্ট, প্লিজ। ড্রয়ার খুলে সে অপূর্ব নীল-কালো-ধূসর চেকের একটি কম্ফর্টার বের করে আমার কাঁধে বেড় দিয়ে সামনে ঝুলিয়ে দিয়ে বলল, এ্যান্ড দিস ইজ মাই প্রেজেন্ট ফর ইওর ইউজ, প্লিজ। বাট হোয়াই, আই'ল পে ফর দ্য কাম্ফার্টার এ্যাজ ওয়েল। কামান্ডার, ইউ লাইক ইট? বলে ধর্ম আমার দিকে তাকায়। মুখে দুষ্টু হাসি। এবারে আমি বলি, লেট মি পে ফর দিস স্মল আইটেম। মেয়েটি ঠাণ্ডা গলায় বলল, দ্যাট ওয়জ মাই গিফট, আ সিস্টার্স গিফট টু হার ব্রাদার, ডু ইউ গেট ইট? নাউ গেট লস্ট, বোথ অব ইউ! থ্যাংক্স মিজ, আমি বলি, সি ইউ আগেইন। বাই। হাত নেড়ে আমরা বেরিয়ে আসি কবোষ্ণ উপহারের ওম সর্বাঙ্গে ধারণ করে।

বন্ধুদের মধ্যে ধর্মকেই আমার সবচেয়ে নির্ভরযোগ্য মনে হত। আমার অনুকূল মনোভাব বুঝে নিয়ে বুদ্ধিমান ধর্ম ক্রমশঃ আমাকে ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলতে চাইছিল। আমার বেপরোয়া, নিয়ন্ত্রণহীন জীবনচর্যায় ওর অনুমোদন ছিল না, যদিও ও আমার প্রায় সব ধরনের এ্যাডভেঞ্চার ও এসকেপেইডে সঙ্গী হত। আমি বুঝতাম, মেঘালয়ের খাসিয়া অধ্যুষিত পাড়া-বেপাড়ায় আড্ডা দিতে গিয়ে যাতে আমি কোনো ঝামেলায় না পড়ি, সেটা নিশ্চিত করতেই আগাপাস্তলা ব্যবসায়ী ধর্ম আমার পাগলামি মেনে নিয়ে, আমাকে একেবারে লাগামহীন হতে না দিয়ে, সুরক্ষা যুগিয়ে যেত সন্তর্পনে। আমি এবং আমার সদ্যপরিচিত খাসিয়া বন্ধুরা যখন শিলং-য়ের পশ সিনেমায় ধূমপান, বিয়ারসেবন সহযোগে মুষ্টিমেয় ভদ্রদর্শক অর্থাৎ স্থানীয় বাঙালি ও অবাঙালি দর্শকদের বিরক্তির কারণ হয়ে উঠতাম, তখন ধর্ম সন্তর্পণে টয়লেটে যাবার অজুহাতে আমাকে হল থেকে বের করে নিয়ে আসত। আমিও অহেতুক ঝগড়াঝাঁটি থেকে রেহাই পেয়ে মনে-মনে কৃতজ্ঞ বোধ করতাম।

এরি মাঝে আমরা যখন ইচ্ছে সিলেট অথবা সুনামগঞ্জে বেড়াতে নেমে আসতাম। এরকম এক বেড়ানিতে পান্নাভাইয়ের সঙ্গে আমাদের দেখা হল সিলেটে। হোটেল গুলশানে উঠেছি আমরা, পান্নাভাইও। আমার ছোটমামা, যাকে আমরা আশৈশব কুটিমামা বলে ডেকে এসেছি, তখন সিলেটে বন্দর বাজার বাটা-র দোকানের ম্যানেজার। মামা জিজ্ঞেস করলেন, তুমি ঢাকা ফিরবে কবে? পান্নু কি তোমাকে ঢাকায় নিয়ে যাবে বলে এসেছে? আমি উত্তরে হেসেছি কেবল। মামার কাজীটোলার বাংলোতে গিয়ে পাত পেড়ে খেয়ে আসতাম মাঝেমাঝে। সঙ্গী হয়তো মারোয়াড়ি ধর্ম, কখনো বা সুনামগঞ্জের তপন।

সে রাতে পান্নাভাইয়ের সঙ্গে গুলশান হোটেলের ঘরে তুমুল আড্ডা চলছে। কথাপ্রসঙ্গে ধর্ম বলল, পান্নাভাই, ঢাকায় যাব আমি। পান্নাভাই সোৎসাহে সায় দিলেন, চলুন, কাল-ই যাই। এবার নয়, এর পরেরবারে যাব। আপনার বাসায় থাকব, কেমন? আপনি আমাকে দামি দামি ঘড়ি কিনে দেবেন, পারবেন না? আমি আঁচ করলাম, ধর্মের মাথায় ব্যবসার পোকা নড়ছে। অবশ্যই, পান্নাভাই বলে ওঠেন। ঢাকার নিউমার্কেটের সব ঘড়িওয়ালা আমার চেনা। কত ঘড়ি চাই আপনার? ধর্ম গম্ভীর হয়ে বলল, এবার আমি সিলেটের সব ঘড়ি কিনে নিয়ে যাব। বিদেশি ঘড়ির খুব ডিমান্ড শিলং-গুয়াহাটিতে।

সেবারে ধর্ম বন্দরবাজারের তিন-চারটে ঘড়ির ইমপোর্টারের কাছে যত ঘড়ি অবিক্রীত পড়ে ছিল, সব উপযুক্ত দাম দিয়ে কিনে নিয়ে গিয়েছিল। তখন ভারত-বাংলাদেশ সীমান্ত হেড্‌লোড ব্যবসা-বাণিজ্যের জন্য উন্মুক্ত ছিল। পাসপোর্ট ব্যবস্থা নতুন ভাবে কার্যকর হবার আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আর কি! ঐ সুযোগে ধর্মদের মতো সুযোগসন্ধানী তরুণরা টু পাইস কামাবার তালে ঘুরত সদাই।

অভ্যাসমতো এক বিকেলে পুলিশ বাজারে খবরের কাগজওয়ালার দোকানে কোলকাতা থেকে সাপ্তাহিক দেশ এল কি না খোঁজ নিতে গিয়েছি। টের পেলাম, পাশে দাঁড়ানো খাসিয়া মেয়েটি আমাকে নিরীক্ষণ করছে। অস্বস্তি কাটিয়ে ফিরে তাকালাম ওর পানে—আরে, এ তো সেই তৈরি পোশাক দোকানের সেল্‌সগার্ল। আর, ওই তো ওপারে ওদের দোকান 'স্ক্রুপল্‌জ'। হাই, লুকিং ফর সামথিং স্পেশ্যাল? জিজ্ঞেস করতে করতে আমি দোকান মালিককে একটি আধুলি এগিয়ে দিয়ে পত্রিকা নিয়ে গোল করে পাকিয়ে ঢোলা ট্রাউজার্সের সাইড পকেটে গুঁজে রাখলাম। নো, সে হাসল সসঙ্কোচে, আই ওয়জ জাস্ট লুকিং এট ইউ। বাট হোয়াই? আমি বিস্ময়ে প্রশ্ন করি আবার। ডু আই লুক ফ্যামিলিয়ার? বাট দ্যাট ক্যান্ট বি! আই'ম আ বেঙ্গলি ফ্রম বাংলাদেশ, ইউ নো। বলে আমি ওকে পাশ কাটাতে হাঁটা দিই নিশ্চিন্তে।

ওয়েট আ মিনিট, স্যর। মেয়েটি ত্রস্তপায়ে এগিয়ে এসে পাশাপাশি হাঁটে। ক্যান উই সিট সামহোয়্যার এন্ড হ্যাভ আ কাপ অব কফি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মেয়েটি প্রায় অনুনয়ের সুরে বলে। শূওর, লেটস ক্রস ওউভা টু দ্যাট রিভোলি ক্যাফে, শ্যাল উই? আমি ওর হাত ধরে রাস্তা পেরিয়ে রিভোলি সিনেমার আঙিনায় ঢুকি। কফি শপে ভিড় নেই মোটেও। ম্যাটিনি শো ভাঙবে একটু পরেই। আ'ম সিনথিয়া। এ্যাট হোম, দে কল মি সিনথি, মেয়েটি বলে। এ্যান্ড ইউ মে কল মি শিম্, আমি মৃদু হেসে বলি। কফি আর ভেজিটেবল্ সামোসা দিতে বলি। তারপর দুই তালুর মাঝে থুতনি আটকে ওর কথা শোনার জন্য অপেক্ষা করি। কফি এসে গেল। ইউ লুক লাইক মাই লস্ট ব্রাদার। হি ওয়েন্ট মিসিং হোয়েন হি ওয়জ ফিফটিন। মাই পেরেন্টস্‌ উইল নেভার স্টপ মিসিং হিম, নর শুড আই। হি ওয়জ সাচ্ আ ডার্লিং। জাস্ট লাইক ইউ, শিম। কথা শেষ করে ও সামোসায় ছোট কামড় আর কফিতে চুমুক দিয়ে উঠে দাঁড়াল। কাম অন সিন্‌থ, আমি ওর হাত ধরে টেনে বসিয়ে দিই। লেট্‌স গো ইনজয় দিস হেমা-রাজেশ মুভি। এক চুমুকে কফি শেষ করে, বিল মিটিয়ে আমরা ভাইবোন টিকিট কাউন্টারের দিকে এগোই।

পড়বি তো পড় মালির ঘাড়েই। সিন্‌থিয়া থমকে দাঁড়িয়ে আমার মনোযোগ আকর্ষণ করে, দ্যাট্‌স ইওর ফ্রেন্ড, ইজন্ট হি? ধর্ম আর কৃষ্ণ দু'ভাই দাঁড়িয়ে সিগ্রেট ফুঁকছে, মিটিমিটি হাসছে আমাদের দিকে তাকিয়ে। হাই, ধরম, শ্যাল আই বাই টিকিট্‌স ফ'ইউ টু? অর… নো, কৃষ্ণা'ল বি লিভিং ফ'বালাট নাউ। ওকে, বাডি, অফ্ ইউ গো, বলে কৃষ্ণর পিঠ চাপড়ে ও বিদায় করে দেয়। আমি টিকিট নিয়ে এসে সিনথিকে আমার লঙ-লস্ট সিস্টার হিসেবে ধর্মর সঙ্গে আলাপ করিয়ে দিই। নাউ আই গেট ইট, ধর্ম উদ্ভাসিত মুখে ভারমুক্তির হাসি হাসে। সিনথি, নাউ ইউ হ্যাভ গট টু ব্রাদার্স, হাও'জ দ্যাট? সিনথি-ও হাসে, বলে, ব্রাদার্স, ইউ মাস্ট কাম টু আওয়ার প্লেইস ইন লাবান এন্ড মিট মাই ফোক্স, ওন্ট ইউ? ওর আবদার শুনে ধর্ম বলে, অফকোর্স, দিস ভেরি সানডে ইট'ল বি, ডান?

তো এভাবেই উদ্দেশ্যহীন, ভারমুক্ত দিন কাটছিল। এক সন্ধেয় বাজি ধরে তাস খেলতে বসে অনেক টাকা জিতে গেলাম। ধর্ম সঙ্গে ছিল। টাকাগুলো ওর হাতব্যাগে পুরে নিয়ে আমার হাত ধরে টেনে তুলল। চলো ইয়ার, আজ তো মওজ মানাউ জবরদস্ত, আড্ডার সবাইকে শুনিয়ে ও বলল। দু'চারজন কুঁই কুঁই করে আপত্তি জানিয়ে আমাকে ধরে রাখতে চাইল। আমিও ওই উত্তেজক আড্ডা ছেড়ে উঠতে চাইছিলাম না। বাইরে এসে কফিখানায় বসে ধর্ম টাকা গুনলো। বলল, সাব্বাশ দোস্ত। এক লরি তো তুম আভি আভি জিতকে আয়া। লেট্‌স গোও টু গওহাটি টুমরো।

ওর স্কুটারে চেপে আমরা সোজা গুয়াহাটি রোডে আসাম ট্র্যাভেল্‌স-এ পৌঁছলাম। সেখানে বসে ধর্ম মন দিয়ে ব্যবসার খাতাপত্র দেখলো আধঘণ্টা। তারপর খাদ্যপানীয় আনিয়ে নিল দুজনের মতো। অফিস ছুটি হয়ে গেল। আমরা ভেতর থেকে শাটার নামিয়ে তালা লাগালাম। ভেতরে ধর্মের রিটায়ারিং রুমে গিয়ে জুতো-টুতো খুলে আরামসে বসে শিলং রেডিও-তে বিটল্‌জ-দের গান শুনতে শুনতে পানাহার সেরে নিলাম। অতঃপর দাঁত মেজে, হাতমুখ ধুয়ে, কম্বলের তলায় নিদ্রামগ্ন হলাম কখন জানি না ।

ধর্ম আর্লি রাইজার। আমি আলস্য কাটিয়ে উঠে পাশের টিপয়ের ওপর সযত্নে সাজানো কাপে ফ্লাস্ক থেকে চা ঢেলে খাচ্ছি, এমন সময় ধর্ম তার জগিং সেরে এসে বাইরের তালা খুলে ঢুকে এল। গেট রেডি, ইয়ার, আঠ বাজেকা বাস পাকাড়না হ্যায়। উঠ্‌ঠো ইয়ার। আমি অগত্যা উঠে টয়লেট সেরে এসে জুতো পরে নিলাম। ধর্মও পোশাক বদলালো। আচ্ছা, তোমার স্কুটারটা কোথায়? আমি হঠাৎ কনসার্ন্‌ড্‌ হয়ে জিজ্ঞেস করি। আরে, ম্যানেজারকো বোলা না, স্কুটার লেকে ঘর যাকে উসকো গারাজমে ডালনেকো? তুম্ নেই সুনা? ধর্ম কপাল চাপড়ায়, বলে, তুম কাঁহা কাঁহা ঘুম্‌তে হো ইয়ার! লাইক ইওর ইউলিসিস… তুম বোলতে থে না, দ্য আদার ডে?

এই ধর্ম আসলেই অবাক হবার মতো মেধাবি যুবক। আমি মাঝে মাঝে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ঘটা মজার মজার গল্প ওকে বলতাম। ও আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে ডন কিহোতি, ইউলিসিস, ওয়র এন্ড পীস, দ্য ইডিয়ট প্রভৃতি চিরায়ত সাহিত্য-কীর্তির বিষয়ে আমার মতামত শুনে নিত। রবীন্দ্রনাথের বহু ছোটগল্প ওর ঠোঁটস্থ ছিল। ধরিয়ে দিলেই গড়গড় করে বয়ান দিত। আমার পরিবর্তে ওরই ইংরেজি-বাংলা সাহিত্যে পাঠ নেয়া উচিত ছিল, আমি ভাবতাম। কে কোন্ ঘরে জন্ম নেয়, কী করে বেড়ায়, আর কীই বা করতে কার মন চায়—ভেবে কূলকিনারা না পেয়ে ঘটমানে ডুবে থাকতে চাইতাম, প্রশ্নের উত্তর সহজে না পেলেই পাশ কাটিয়ে যাবার প্রবণতা আমার সেই শৈশব থেকে।

সেদিন গুয়াহাটি পৌঁছে সোজা টাটা কোম্পানির শোরুমে যাওয়া হয়েছিল। ক্যাশ গুণে দিয়ে টাটা-র স্টিল বডি ট্রাকের ওপর স্টিলের গুড্স ক্যারিয়ার ফিট করিয়ে, আমার জন্য হেভি ভিইক্ ল ড্রাইভার্স লাইসেন্স যোগাড় করে নিয়ে সেই বিকেলে আমরা দুজন শিলং ফিরছিলাম। ধর্ম কিছুদূর চালিয়ে নিয়ে এসে আমার হাতে ট্রাকের স্টিয়ারিং ছেড়ে দিয়েছিল নিশ্চিন্তে। আমি ঐ অতবড় ট্রাকের চালকের আসনে বসে আধ মিনিট কুলকুল করে ঘেমেছিলাম। পাশে তাকিয়ে দেখি, আমার ভ্রাতৃপ্রতিম দোসরটি চোখ বুঁজে গুনগুন করে মুকেশ ভাঁজছে আর ঝক্ঝকে ড্যাশবোর্ডে দুহাতের আঙুল ঠুকে তালরক্ষা করছে। আমার ডানপাশ কাটিয়ে শাঁ শাঁ করে ছোট, বড় গাড়ি বেরিয়ে যাচ্ছে শিলংমুখো। ম্যানুয়্যল গিয়ারের গাড়ি—ছোট আর বড়—সব তো একই ওস্তাদির মারপ্যাঁচ, এই ভেবে নিয়ে ইগনিশ্যলের চাবি ঘুরিয়ে দিলাম। গোঁ গোঁ করে গর্জে উঠল হাজার হাজার সিসি-র ইঞ্জিন। ক্লাচ চেপে প্রথম গিয়ারে ঠেলে দিলাম শাফ্ট। কি মসৃণ! আস্তে আস্তে ক্লাচ ছেড়ে গ্যাস পেডালে চাপ দিলাম। চাকা গড়াল। শুরু হল পথ চলা।

সেই চলা কি আর থামতে চায়? মনে হচ্ছিল, আরবি ঘোড়া হাঁকিয়ে মসৃণ গ্যালপে মরুপ্রান্তরে দাপিয়ে এগোচ্ছি, পায়ের নিচে বিশাল মরু সাঁৎ সাঁৎ পিছিয়ে পড়ছে। আমি আর ধর্ম চলেছি দিগি¦জয়ে, নিরলস, নিরন্তর। শিলং পৌঁছে ধর্মদের লরি ইয়ার্ডে ঢুকে নতুন ট্রাক পার্ক করা হল। ওদের ক্লিনারের কাজ বাড়ল, বেতন বাড়ল, নতুন এক মালিক যোগ হল। খবরদারি সব ওদের কর্মচারীরাই করবে, তেলপানি ঢালা, মেক্যানিক্যাল চেকিং, মেরামত সবই ওরা করবে। খদ্দের এলে কেবল আমাকে খবর পৌঁছে দেবে।

শুরু হল আমার শিলং-গৌহাটি মাল পরিবহন। পরদিন সকালেই আগরবাতি অর্থাৎ ধূপ-টুপ, মঙ্গলপ্রদীপ জ্বেলে প্রয়োজনীয় প্রারম্ভিক আচারাদি পালন শেষে আমি লোডেড ট্রাক নিয়ে গৌহাটির পথে যাত্রা করলাম। রাতেই ধর্ম একটা ভাল ট্র্যানজিস্টর রেডিও কিনে ক্যাবিনে ফিট্ করিয়ে রেখেছিল। ড্রাইভার্স সিটের পেছনে অনেকটা জায়গা। স্টিমারের ক্যাবিনে যেমন থাকে, চওড়া গদি ঢাকা। বেশ শুয়ে থাকা যায়। আমার হেল্পার হিসেবে মেইডেন ট্রিপে সঙ্গে ছিল কৃষ্ণ আগরওয়াল। কৃষ্ণ ভাই তার ওভারনাইট ব্যাগ কাঁধে তৈরি। প্রয়োজনে রাত কাটাবে যেখানে হোক সেখানে। কোথায় মাল পৌঁছতে হবে, অগ্রিম কত নেয়া হয়েছে, পাওনা কে মেটাবে, সব ওকে বলে দেয়া হয়েছে। আমি লাফ দিয়ে হাই ক্যাবিনে উঠতে যাব, ধর্ম এমনি সময়ে আমার কাঁধে হাত রাখল, বলল, শিম্, মেরে দোস্ত, সাইকিল চালানা আওর রিকশা ভ্যান চালানা এক চিজ নেহি হ্যায়। কার চালানা য্যায়সা ইজি লাগতা, ট্রাক চালানা উসসে ডিফ্রেন্ট হোতা হ্যায়। অওর, লোডেড ট্রাক চালানা আওর বাস ড্রাইভ র্কানা একই কিসিম কা জিমমেদারি হোতা হ্যায়, ঠিক হ্যায় না? হাঁ, বলে আমি ওর হাতের ওপর হাত রেখে চাপ দিলাম। বললাম, তুম তো হার ওয়াক্ত মেরে সাথ হ্যায় না? হাম ঠিক রাহেঙ্গে। ঘাবড়াও মাত।

পথে কৃষ্ণ দু'টি খাসিয়া তরুণীকে তুলে আমাদের দু'জনের মাঝে বসাল। ওরা হাত নেড়ে লিফ্ট চেয়েছিল। আমাকে ড্রাইভ করতে দেখে দূর থেকে স্বজাতি ভেবেছিল, কৃষ্ণ ব্যাখ্যা করল ইংরেজিতে। ওরা শিলং- এর কনভেন্টে পড়া খাসিয়া নয়, দেহাতি খাসি উপভাষায় কিচির-মিচির করছিল। আড়চোখে চেয়ে বুঝতে পারছিলাম, উপকারী বন্ধুটি কৃষ্ণ হলেও আমার দিকে ওরা তাকাচ্ছে প্রায়ই। উঁচু ভল্যুমে রেডিও শিলং থেকে অনবরত ক্লিফ রিচার্ড, ডিন মার্টিন, ফ্র্যাঙ্ক সিনাত্রা বাজিয়ে যাচ্ছিল। এলভিসের নাম্বার আসতেই মেয়ে দু'টির সর্বাঙ্গ নাচতে লাগল হিল্লোল তুলে। আমি কন্ঠ মেলালাম। ওরা বিস্মিত, অভিভূত। একপলক দেখে নিয়ে হাসলাম আপনমনে। নিজেকে মনে হচ্ছিল একালের মিন্সট্র্রেল—গৃহহারা চারণ গায়ক। কেয়ারফ্রি ভঙ্গিতে স্টিয়ারিং অতি সামান্যই ডান-বাঁয়ে ঘোরাচ্ছি, স্মুথলি মোড় নিচ্ছি, জোর ব্রেইক না কষে, আত্মবিশ্বাসের সঙ্গে।

প্রথম ট্রিপের মাল গৌহাটি পৌঁছে দিয়ে কৃষ্ণ আর আমি এক শহুরে ধাবায় রুটি-তরকারি-মালাই চা সহযোগে লাঞ্চ খাচ্ছিলাম। ওখানেই জাওয়াই প্রাইমারী স্কুলের ফার্নিচার পৌঁছে দেবার বরাত পেলাম। রাস্তা চেনা। ধর্ম আর আমি আগেও গিয়েছি। রাস্তাটা ডিফিকাল্ট টু নিগোশিয়েইট—এটা মনে আছে। কৃষ্ণকে ব্যাপারটা ইঙ্গিতে বলতেই সে ভাড়া দ্বিগুন হাঁকল—মানে ঠিকেদার কমিয়ে-সমিয়ে যা বলেছিল, তার ডাব্ল। খাসিয়া ভদ্রলোকও রাস্তার অবস্থা জানেন। অগত্যা রাজি হতে হল তাকে। চেয়ারটেবিল তুলে নিয়ে অসমের রাজধানী থেকে মেঘালয়ের আরেক প্রান্তে যাত্রা করলাম।

ষোল ঘণ্টা ট্রাকিং করে যখন মাঝরাত পার করে ধর্মদের ইয়ার্ডে আমার টাটা শক্তিমান ইন্ করিয়েছিলাম, ধর্ম অফিসে টিমটিমে হলুদ বাতি জ্বেলে শ্রীমদ্ভগবদগীতা পড়ছিল গভীর অভিনিবেশে। আমাদের দেখতে পেয়ে সদ্গ্রন্থ যত্ন করে মুড়ে কাবার্ডে তুলে রাখল। আমাকে, কৃষ্ণকে পিঠ বেড় দিয়ে জাপটে ধরে নিয়ে ওর জিপে ওঠাল। চালো, আম্মি তুমহারে লিয়ে গারমা-গারাম খানা লেকে বৈঠলবা, ইয়ার। ওর ঠোঁটে প্রসন্ন হাসির ব্যাদান। ভাবখানা, এবার আমার আওয়ারা দোস্তকে মনের মতো কাজে জুতে দেয়া গেছে। আমিও হাসছিলাম।

ওই বেপরোয়া পিকারেস্ক জীবন বেশিদিন ভাগ্যে সইল না। একরাতে গৌহাটিতে পাশার দান উল্টে গেল ভবিতব্যের ইঙ্গিতেই। ট্রাকের চাবি তুলে দিলাম বিজেতার হাতে। দিনের রোজগারের টাকা পকেটে নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসে গেলাম। কোলকাতার ফ্লাইট পরদিন দুপুরে। টিকিট নিয়ে নিলাম। হেল্পার খাসিয়া তরুণকে শিলং-য়ের শেষ বাসে তুলে দিয়ে হোটেলে ফিরলাম। ট্রাঙ্ককল বুক করলাম। ধর্মকে পেয়েও গেলাম। ফিরে যাচ্ছি বাংলাদেশে, জানালাম। ধুন্ধুমার আপত্তি জানালো আমার সোদরপ্রতিম বন্ধু, এখানে তো কোনই অসুবিধা নেই তোমার। ঠিক আছে, ট্রাক গেছে, তুমি কনভেন্টে টিচার হয়ে যাও, আচ্ছা তান্ খা মিলেগা। শাদি কারো আওর ইধার-ই ঘর বসাও, ইয়ার। আমি হেসে বললাম, যা অবশ্যম্ভাবী ছিল, ঘটে গেল, নেভার মাইন্ড। ফির মিলেঙ্গে হাম দোনো, ইয়ার, বাই-ই-ই। লাইন কেটে গেল।

দেশে ফিরে কলতাবাজারের বাসায় পৌঁছলাম। ওয়ারির বাড়ির তুলনায় এবাড়ি নিতান্ত ছাপোষা চেহারার, মলিন, জায়গার অকুলান স্পষ্ট। মন আবার উড়ু-উড়ু করছে। হেথা নয়, হেথা নয় ….। বাবা-মা আনন্দিত, আশান্বিতও হয়তো। অনেকদিন পরে ঘরের ছেলে বাইরের মায়া কাটিয়ে ফিরতে পেরেছে, কেবল সেকথা ভেবেই হয়তো। স্নানাহার, বিশ্রাম সেরে সন্ধেবেলায় গেলাম রমনা পার্কের রেস্তোরাঁয়। বহু বছরের পুরনো আড্ডায় নতুন মুখের আবির্ভাব ঘটেছে। হবারই কথা, গত এক বছরে 'পূর্ব পাকিস্তান' পরিচয় বদলে দেশ স্বাধীন বাংলাদেশের নতুন নামাবলী ধারণ করেছে।

পুরনো আড্ডাধারীরা সকলেই উৎফুল্ল। মিটু, ছোট শামীম ভাই, বড় শামীম ভাই, শফিক ভাই, বাদল ভাই, জাকী ভাই, বাদল রহমান, জাহাঙ্গীর ভাই, বড় জাহাঙ্গীর ভাই, বাচ্চু, বড় বাচ্চু ভাই, কামাল ভাই, সুরঞ্জিত সেন, আব্দুল্লাহ ভাই, জামিল ভাইদের মাঝে নতুন মুখ সিরাজী, পীযুষ এবং আরো কেউ কেউ। কবি আবুল হাসান টুকু আমাকে ধরে নিয়ে সিরাজীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। মেক্যানিক্যাল এঞ্জিনিয়ার, বিএডিসি-তে কর্মরত। আড্ডা ভাঙতে বাইরে গিয়ে রেস্তোরাঁর হাতায় পার্ক করা সিরাজীর পিকআপ ভ্যানে সওয়ার হলাম আমি, মিটু আর টুকু। সিরাজীর ফ্ল্যাট পুরানা পল্টনে, বায়তুল মোকাররম মসজিদের পেছনে, বড় রাস্তার ওপরেই। সিঁড়ির ঘরে গাড়ী রাখার ব্যবস্থা। ওখানে যাচ্ছি কেন এই রাত এগারোটায়, জিজ্ঞেস করতে মিটু বলল, একটু পরেই সিরাজীর বিয়ের পাকা কথা দু'পক্ষকেই জানানো হবে। সেটা হবে আমাদের এই তিন বন্ধুর উপস্থিতিতে, পাত্র সিদ্ধান্ত নিয়েছে।

যোরা মেয়েটির নাম। বাংলা সাহিত্যের ছাত্রী। মিটু আমাকে জানালো, যোরা রবীন্দ্রসঙ্গীত গায়। তাই নাকি? আমি সাগ্রহে সিরাজীকে বলি, ঝুলে পড় হে, আর দেরি করার কোন কারণ দেখছিনা। বলেছিলাম না তোমাকে, মিটু সিরাজীকে বলে হাসতে হাসতে, আসতে দাও আমার দোস্তটিকে আগে, কনে রবীন্দ্রসঙ্গীত চর্চা করে শুনলেই চোখ বুঁজে রায় দিয়ে দেবে, কোন আপিল শুনবে না আর। যাক্গে—সেসব বিস্তর কথা। মোটের ওপর, পানাহারের ফাঁকে ফাঁকে, সে রাতে সিরাজীর পক্ষ থেকে বর-কনে দু'দিকের অভিভাবকদের জানানো হল, দিনক্ষণ ঠিক করে খবর দিলেই সিরাজী এখন গিয়ে কনেকে সাতপাকে বেঁধে, বাঁধা পড়ে থাকতে রাজি।

সকালে আড্ডা পাবলিক লাইব্রেরি অঙ্গনে, শরীফের দোকানে, দুপুরে সায়েন্স ল্যাবের পান্নাভাই অথবা আমিরুল হক চৌধুরির বাসায়, সন্ধ্যা বাসর রমনার জলেভাসা চা-খানায়। মোটামুটি এই রুটিন মাফিক আড্ডা চলছে। ছেষট্টি থেকে একাত্তরের মার্চ পর্যন্ত যেরকমটি ছিল, বাহাত্তরেও ওইরকম চালু হল আবার। কেবল ক্লাস করতে হচ্ছে না।

মামাতো ভাই ইকবাল পন্ডিত একদিন শরীফ মিয়ায় এসে হাজির। জানি, তোকে এখানেই পাওয়া যাবে, বলে হাতব্যাগ খুলে টাইপকরা কাগজ বের করে তলার দিকে অঙ্গুলি-নির্দেশ করল, নে, এখানে সই কর। সই করে দিয়ে বলি, পড়তে হবে না? পড়ে কি করবি? পন্ডিত অসহিষ্ণুভাবে মাথা ঝাঁকায়, আগে কাজ হোক। পরে পড়বি। ব্যবসা-ট্যবসা আমি আর করব নারে, আমি হতাশভাবে হাত ওল্টাই। মুক্তিযুদ্ধ লাগল, আর আমাদের 'ইয়াং ট্রিও'-র গণেশ ওলটাল। আসামে ট্রাক চালালাম কিছুদিন, মালিকানা বদলে গেল কপালের ফেরে। ইকবাল চোখ ছানাবড়া করে জিজ্ঞেস করল, 'নরনারী'-র মোমেন ভাইয়ের মতো তুইও ট্রাকার হতে গিয়েছিলি! তাও ওই পাহাড়ে? ধন্যি ছেলেরে তুই! তা' ওটা কিসের এ্যাপ্লিকেশন, তাতো বলবি। ক্যাডেট কলেজের লেকচারার। ভাল কাজ, ভাল বেতন, মধুপুর গড় ঘেঁষে মির্জাপুর ক্যাডেট কলেজে। বলে পন্ডিত তার কালো মোটা ফ্রেমবন্দী ঘোলাটে লেন্স পরিষ্কার করতে থাকে। তখন ওর শুঁটকো, রোগাটে মুখ পণ্ডিতের মতোই দেখায়। আমাদের ওয়ারি-র ঠিকানা তো বদলে গেছে আপতকালে… আমার কথা শেষ না হতে ইকবাল উঠে পড়ে, বলে, আমাদের বনানির ঠিকানাই দিয়েছি। তুই বাসায় আসিস। ফোন করে আসবি।

বাদল ভাই, জাকি ভাই, শামিম ভাই আসছে। এবার শুরু হবে সাহিত্যপত্র সমস্বর-এর প্রকাশ বিষয়ক আলোচনা। সন্ধ্যেয় রমনাতে নতুন নাটকের রিহার্সাল।

দিন সাতেক পরে ইকবাল আবার এল। আফসারের দোকানে বসে আমি আর টিভি প্রযোজক শফিক ভাই আড্ডা দিচ্ছিলাম। পরিচয় করিয়ে দিলাম। এই নে ইন্টারভিউ লেটার, শুক্কুরবার ইউনিভার্সিটি জিমে—সকাল সাড়ে দশটায়। কিসের ইন্টারভিউ? শফিক ভাইয়ের উৎসুক প্রশ্ন। ক্যাডেট কলেজে অধ্যাপনার কাজ, ভাই। কিন্তু আমার এই ভবঘুরে ভাইটিকে আপনাদের এই নন-স্টপ আড্ডাবাজি থেকে ছুটি দেবেন তো? ইকবাল হাসতে হাসতে শুধোয়। বলে কি? ওই চাকরি হলে আমরাই ওকে গাড়ি চাপিয়ে নিয়ে মির্জাপুরে নামিয়ে দিয়ে আসব, নিশ্চিন্ত থাকো। বলে শফিক ভাই টেবিলে রাখা 'মির্জাপুর ক্যাডেট কলেজ' ছাপমারা খামটি তুলে নিয়ে চিঠি বের করে পড়েন। খুশিতে টেবিল চাপড়ে বলেন, এই পেদ্রো, তিন হাফ খাসির তেহারি লাগা এখানে। লেট্স সেলিব্রেইট।

ইন্টারভিউতে ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল আজিজ সাহেব জিজ্ঞেস করলেন, কদ্দিন থাকবেন? সিভিল কি ফরেন সার্ভিসে যাওয়ার প্ল্যান আছে কি? দেখি, চাকরি হলে তখন ভাবব, তবে আমলা হওয়ার ইচ্ছে পোষণ করিনা মোটেই, আমি জানাই নির্লিপ্তভাবে। রেজাল্ট তো খুব ভাল, লালচে চেহারার ভাইস প্রিন্সিপ্যাল আল আমিন বলেন, শিক্ষকতায় আপনি ভাল করবেন, আশা করি। এখন মন টিঁকলে হয় ওই জঙ্গুলে দেহাতে। জিমন্যাজিয়াম থেকে বেরিয়ে ইকবালকে জানালাম, চাকরিটা বোধ হয় হয়েই যাবে রে! তোর কেমন হল? প্রিন্সিপ্যাল তো আমার সামনেই লালমুখোকে বল্লেন, সৈয়দ আর মীর দুই ছেলেকে আজ আমরা মোটামুটি সিলেক্ট করেই ফেল্ল­াম, কি বলেন? ইকবাল হেসে ফেলে বলতে বলতে, ভদ্রলোককে কেমন যেন খ্যাপাটে টাইপের মনে হল।

একদিন দু'ভাই ময়মনসিংহের বাসে উঠে বসলাম। ইকবাল ভূগোল আর আমি ইংরেজি পড়াতে চলেছি মোমেনশাহী ক্যাডেট কলেজে। একাত্তরে উড়িয়ে দেয়া কালভার্ট-ব্রিজের কোনটাই তখনো পুনর্নির্মিত হয়নি। ঢাকা থেকে জয়দেবপুর, কড্ডা, চন্দ্রা, কালিয়াকৈর হয়ে গোরাই ক্যাডেট কলেজ স্টপে পৌঁছতে গোটা চারেকবার নামতে-উঠতে হত। যাত্রীরা বলাবলি করত, কাদের সিদ্দিকীকে নাকি ঐসব সেতুবন্ধ নির্মাণের বরাত দেয়া হচ্ছে। কলেজে পৌঁছতে আমরা দু'জনে দুই হাউসের হাউস মাস্টার নিযুক্ত হলাম। তিনটি ক্যাডেট্স হাউসের তৃতীয়টির অভিভাবক আমাদের উভয়েরই পুরনো বন্ধু ফজলুল হক—ইংরেজির প্রভাষক। যে যার হাউসের হাউস মাস্টার্স এ্যাপার্টমেন্টে উঠে গেলাম। খানাপিনা ক্যাডেট্স মেসে।

প্রথম সন্ধের ডিনারে গিয়েছিলাম হাউস ক্যাপ্টেনের সঙ্গে, মনে পড়ে। মস্ত হলঘরে অনেকগুলো লম্বা লম্বা ডাইনিং টেবিল ঘিরে ক্যাডেটদের বসবার চেয়ার। এককোণে ফুটখানেক উঁচু কাঠের প্ল্যাটফর্মের ওপরে হাই টেবিল। সেখানে সিনিয়র ক্যাডেট, ডিউটি লেকচারারের বসার ব্যবস্থা। হলঘর পার হয়ে একটি ছোটঘরে শিক্ষকদের খাবার ব্যবস্থা। তারপর একটি কাচের পাল্লা লাগানো দরজা পেরোলে কিচেন। অনেকদিন পর আমরা তিনবন্ধু গল্প করতে করতে খেলাম। নতুন চাকরি দু'জনের। সুতরাং, হকের কাছ থেকে আমরা অত্যাবশ্যক কিছু টিপস চাইলাম। জেনেশুনে অনেকটা স্বচ্ছন্দ হলাম।

হকের বিফ্রিং মতো পরদিন সকালে সাড়ে সাতটার আগেই ক্লাসে যাবার জন্য তৈরি হয়ে ডাইনিং হলে পৌঁছে গেলাম। অত সকালে খিদে ছিলনা। তবুও টোস্ট-চা খেয়ে সোজা টিচার্স লাউঞ্জে গিয়ে উঠলাম। আল আমিন ভাই উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমি আর ইকবাল নবাগত এবং সে কারণে সবার স্নেহের পাত্র বিবেচিত হয়ে ভালই লাগল। অঙ্কের সিনিয়ার টিচার আলী আহমেদ সাহেব আমাদের গ্রীনহর্ণ বিবেচনা করে সকালের দিকে ক্লাস দিতে চাইলেন বেশি করে। আমি, ইকবাল একটু গাঁইগুঁই করে বললাম, ঠিক হ্যয়, ট্রাই করা যাক্। দিন কয়েক পরে অবশ্য আল আমিন সাহেবের মধ্যস্থতায় আমাদের ক্লাস রুটিন পুনর্বিন্যস্ত হয়েছিল। দেখা গেল, আমার প্রায় সব ক্লাসই টিফিন ব্রেইকের পরে দেয়া হয়েছে।

মাস দুয়েকের মধ্যে শিক্ষকতায় ধাতস্থ হয়ে উঠলাম। ক্যাডেট কলেজে পড়াশোনার অনুকূল পরিবেশ আরেকবার দানা বেঁধে উঠছিল তখন একাত্তরের অস্থির পিরিয়ডের পর। অত্যন্ত সমৃদ্ধ লাইব্রেরি ছিল ওখানে। পূর্ববর্তী অধ্যক্ষ উইং কমান্ডার কায়ানি ইংরেজি ভাষা-সাহিত্যের সেবক ছিলেন। তার সযত্ন চেষ্টায় একাত্তর পূর্বকালে কলেজটি একটি আদর্শ শিক্ষায়তনের চেহারা নিয়েছিল, সিনিয়ররা বলতেন সর্বদাই। সেকালে ক্যাডেট কলেজ শিক্ষকদের চাকরিতে বদলি হবার কোন ব্যবস্থা ছিলনা। কাজেই কলেজ কর্তৃপক্ষ উপযুক্ত শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দিতেন; তাতে সংশ্লিষ্ট কলেজ উপকৃত হত। এসব শুনেটুনে আর ছাত্র ও সহকর্মীদের সঙ্গে সমঝোতা ক্রমশঃ বাড়ছিল যেহেতু, ইকবাল আর আমি ক্রমশঃ পড়ানো এবং পড়াশোনার বাইরেও নানা কর্মকান্ডে অংশ নিতে লাগলাম বেশি বেশি।

এ্যাজুট্যান্ট পদে কোন মিলিটারি কর্মকর্তা তখন পর্যন্ত নিযুক্ত হয়ে না আসায় কেমিস্ট্রির লেকচারার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় নাজমুল আহসান ওরফে নিজাম ভাই এ্যাজুট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নটরডেম কলেজে ছাত্রাবস্থায় যখন ক্রিকেট খেলতাম এবং পল্টনের ক্লাবগুলোতে যাতায়াত করতাম, সেই '৬৫-'৬৬ সাল থেকে আমরা নিজাম ভাইকে চিনতাম। নিজাম ভাই সুযোগ্য ক্রীড়া সংগঠক ছিলেন। কলেজের নানা কর্মকান্ডে এ্যাজুট্যান্ট হিসেবে নিজাম ভাইয়ের সংশ্লিষ্টতা আবশ্যিক হওয়ায় উনি যেখানেই অবকাশ থাকত, সেখানে ইকবাল ও আমার অংশগ্রহণের সুযোগ করে দিতেন। একইভাবে, প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল, আল আমিন ভাই, ইসলাম ভাই এবং গ্রন্থাগারিক সিকদার—সকলেই কনিষ্ঠতম দুই সহকর্মী আমাদের নানা কাজে অভিজ্ঞ হবার সুবিধে করে দিতেন।

ফলে, ঢাকার বন্ধুচক্র, আড্ডা, সাহিত্য, নাট্যচর্চা—এসব থেকে বিছিন্ন হয়েও আমরা কোনরকম অভাববোধে কষ্ট পাচ্ছিলাম না। ভোরে উঠে ক্যাডেটদের সঙ্গে মাঠে দৌড়, কুচকাওয়াজ অভ্যাস করা, ফিরে এসে স্নান সেরে, পোশাক বদলে ডাইনিং হলে গিয়ে ব্রেইকফাস্ট খাওয়া, ক্লাসে যাওয়া। দুপুরে ডাইনিং হলে খেয়ে হাউসে ফিরে স্টাডিতে পড়াশোনা অথবা একটু গড়িয়ে নেয়া, বিকেলে মাঠে ছেলেদের সঙ্গে খেলা অথবা ব্যায়াম শেষে হাতমুখ ধুয়ে টিচার্স কোয়ার্টার্সে গিয়ে আড্ডা জমানো। রাতে ডাইনিং হলে খেয়ে ঘরে ফেরা। রাত দশটায় ক্যাডেটদের জন্যে লাইট্স আউট। আমরা হয়তো তারপরও খানিক পড়াশোনা, পরের দিনের ক্লাসের প্রস্তুতি, পরীক্ষার খাতা দেখা ইত্যাদি সেরে এগারোটা নাগাদ বিছানায় যেতাম। আমরা বলছি, কারণ ইকবাল কিছুদিন পরেই আমার এ্যাপার্টমেন্টে এসে উঠেছিল—একা ওর হাউসের রুফ-টপ এ্যাপার্টমেন্টে নাকি ওর ভয়-ভয় লাগতো। হতেই পারে, বাড়ির ছোট ছেলেদের ওরকম হয় কখনো-কখনো, শুনেছি, দেখেছি।

এই রুটিনের ব্যত্যয় ঘটত বৈকি! সাপ্তাহিক ছুটির দিনে—আবার যেদিন ক্যাডেটদের এক্স্ট্রা ড্রিল থাকতো—অর্থাৎ, পড়া না করলে ছেলেদের লাঞ্চের পর মাঠে ফল-ইন্ করিয়ে, অতিরিক্ত ব্যায়াম করিয়ে পড়া না করার জন্য সাজা দেয়ার রেওয়াজ ছিল। যে লেক্চারার সাজা দেবেন, তিনি উপস্থিত থেকে ড্রিল দেখবেন, এটাই নিয়ম ছিল। সাজা খাটতে খাটতে দুপুর রোদে কেউ অসুস্থ হয়ে পড়লে এমবুলেন্স ডাকিয়ে তাকে ইনফার্মারি অর্থাৎ কলেজের হাসপাতালে পাঠানো হত। প্রতিটি ক্যাডেট কলেজের নিজস্ব চিকিৎসালয়, ডাক্তার, নার্স ইত্যাদি ছিল।

বছরে একবার ক্যাডেটদের নিয়ে বনভোজনে যাওয়া হত। সেবার মধুপুর জঙ্গলে ক্রিশ্চান মিশনারীদের কুষ্ঠাশ্রম সংলগ্ন জাতীয় উদ্যানে গিয়েছিলাম। ওখানে উঁচু ওয়চ্ টাওয়ারে উঠে ছেলেরা বন্যপ্রাণী ও বন দেখে, নিচে নেমে নানারকম খেলাধূলো করে, আনন্দে সময় কাটিয়েছিল। ফেরার পথে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোম্ স ঘুরেফিরে দেখার সুযোগ হয়েছিল। প্রয়াত রণদাপ্রসাদ সাহার মেয়ে মিসেস বিজয়া সাহা ও তাঁর স্বামী ব্যারিস্টার শওকত আলী আমাদের চা-চক্রে আপ্যায়িত করেছিলেন।

জীবনের ওই প্রথম চাকরিতে আমার মন যখন মোটামুটি বসেছে, তখনই বাংলাদেশ সেনাবাহিনীর সেনাশিক্ষা কোর থেকে ডাক এল। হয়েছিল কি—ক্লাসের ফাঁকে খবরের কাগজ সহযোগে আড্ডায় বসে একদিন ইকবাল, আমি এবং আরও ক'জন লেকচারার বিজ্ঞাপন দেখে সেনাশিক্ষা কোরে কমিশনের জন্য আবেদনপত্র পাঠিয়ে দিয়েছিলাম। তারপর যথানিয়মে সেকথা ভুলে গিয়েছি যখন প্রায়—তখনই ডাক এল। আমি স্বভাবতই আলসে বলে তেমন গা না করলেও আল আমিন ভাই এবং ইসলাম ভাই তুমুল উৎসাহ দেখিয়ে বললেন, যান, যান, আপনি অবশ্যই সিলেক্টেড হবেন। দশ বছর পরও আমরা যখন এই কলেজে অধ্যাপনা করতে থাকব, তখন কর্ণেল ওয়ালীকে হয়তো এখানেই প্রিন্সিপ্যাল হিসেবে পাব। বলতে নেই, শুনতে বেশ লাগছিল। সিদ্ধান্ত নেয়া হল, নির্বাচনী পরীক্ষায় বসব ঠিকই।

ইন্টার সার্ভিসেস সিলেকশ্যন বোর্ড-এর নির্বাচনী বৈতরণী পার হলাম। মোমেনশাহী ক্যাডেট কলেজ থেকে কেবল আমিই নির্বাচিত হয়েছি, চিঠি পেলাম। এক উইকএন্ডে ঢাকা গিয়ে বাড়ির সবাইকে, বন্ধুদের জানিয়ে এলাম। গোরাই বাসের দিন ফুরোল। সহকর্মীদের বাড়িতে বিদায়ী ডিনারের নেমন্তন্ন রক্ষা করে হয়রান হয়ে গেলাম। ইকবাল বিষণ্নতায় আক্রান্ত যদিও, সঙ্গ দিত নিরন্তর। মুশকিল হল, অনেক ক্যাডেটের সঙ্গেই অত্যন্ত ঘনিষ্ঠতা হয়ে যাওয়ায় ওদের ছেড়ে যেতে বেশ কষ্ট পাচ্ছিলাম। ঠিক করলাম, ক্যাডেটদের কোন ফেয়ারওয়েল মিটিং আমি এ্যাটেন্ড করব না।

পরিকল্পনা মোতাবেক বিদায়ের দিনে সকাল ঠিক ন'টায় যখন সব ক্যাডেট যার যার ক্লাসে ব্যস্ত—, নিজাম ভাই তার এ্যাজুট্যান্ট'স ভিইক্ ল হোল্ডেন পিকআপে আমাকে পাশে বসিয়ে পুরো ক্যাম্পাস পরিক্রমা করলেন। মালি, এনসিও, জেসিও, অন্যান্যরা যে যেখানে ছিল, সেখানেই এ্যাটেনশ্যনের ভঙ্গিতে দাঁড়িয়ে গিয়ে আমাকে বিদায়ী স্যালুট জানাল। প্রিন্সিপ্যালের অফিসের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানো আজিজ ভাই, আল আমিন ভাই, ইসলাম ভাই, নিজাম ভাই এবং ভাইবন্ধু ইকবালের সঙ্গে করমর্দন করে আমি বিদায় নিলাম। এবারে স্টিয়ারিং ধরলেন বয়োবৃদ্ধ ড্রাইভার মোহাব্বত ভাই।

ঢাকা সেনানিবাসের পথে যেতে যেতে ভাবছিলাম, মোটে এই ক'মাসেই মোমেনশাহী ক্যাডেট কলেজে আমার শেকড় চারিয়ে গিয়েছিল এতখানি! মেস ইনচার্জ ভুঁইয়া আর গনি বাবুর্চির চোখে জল দেখেছি সকালে, ব্রেইকফাস্ট খেতে পারিনি। গলা বুঁজে আসছিল কেবল। ইকবালও টেবিলের ওপাশে বসে কেবল টোস্ট কেটে টুকরো করছিল। খাসি জবাই হলে হেডকুক ওসমান গনি ব্রেইন ভুনা করে আমার জন্য আলাদা করে রাখত। আমি বলতাম, গনি মিয়া, এই বিশেষ খাবার আমি খেতে পারি না, সব ক্যাডেটকে তো এর ভাগ দেয়া সম্ভব নয়! এটা আপনি নিয়ে যান। গনি মোনাজাতের ভঙ্গিতে দু'হাত ওপরে তুলে বলত, স্যার, নসর পেয়াদার গল্প নিশ্চয় পড়েছেন। আল্লাহ্ যার কপালে যা রেখেছেন, সেটা শোকর আলহামদুলিল্লাহ্ বলে খাওয়া বান্দার জন্য ফরজ হয়। আমি, ইকবাল হো হো করে হেসে উঠে মগজ ভুনার প্লেইট টেনে নিয়ে সদ্ব্যবহার করতাম। গনি হৃষ্টমুখে সালাম দিয়ে রুখসত করত।

কালিয়াকৈর বাজারের সামনে গাড়ি থেমে গেল। আজ হাটবার। দুপুর থেকেই সিনেমা হলের সামনে ভিড়। দেহাতের মানুষের টকি দেখার সুযোগ এই একদিন। একটা কথা মনে পড়ে যাওয়ায় হাসি পেল। একদিন সন্ধেবেলায় সিনিয়ার ক্যাডেট নজরুল এসে চুপি চুপি জানালো, তিন হাউসের কয়েকজন দুঃসাহসী ক্যাডেট জল নিষ্কাশনের মোটা পাইপের ভেতর দিয়ে অভিযান চালিয়ে বাউন্ডারি ওয়ালের বাইরের মুখে যেখানে ওই নাল্ কা বংশাই নদীর এক খালে গিয়ে পড়েছে, সেখানে বেরিয়ে হাইওয়েতে উঠে সম্ভবত কালিয়াকৈর সিনেমা হলে 'কাবুলিওয়ালা' দেখতে গেছে। তথ্যসূত্রঃ সিকিউরিটি গার্ডদের সর্দার—সে নাকি ওদের ক্রল করে হাইওয়েতে উঠে কালিয়াকৈরের দিকে যেতে দেখেছে। হেডগার্ড খলিল নাকি বাজার করে বাসে ফিরছিল। অতএব, নিজাম ভাই, আমি আর নজরুল তক্ষুণি গাড়ি নিয়ে কালিয়াকৈর সিনেমা হলে গিয়ে, ম্যানেজারের সক্রিয় সহায়তায় হলের সব দরজা বন্ধ করে দিয়ে, বাতি জ্বালিয়ে, শো বন্ধ করিয়ে ক্যাডেট সোনাদের ফিরিয়ে এনেছিলাম। শাস্তি হিসেবে ওদের সাতদিন সিক্-রুমে নির্জন বসবাসের মেয়াদ খাটা আর রোগীর খাবার বরাদ্দ হয়েছিল।

আমি মাঝে মাঝে ইকবালকে নিয়ে পিকআপ চালিয়ে মির্জাপুরে মিস মুৎসুদ্দি বা মিসেস জয়াপতির ওখানে যেতাম। শুনতাম আর পি সাহার জীবনের বিচিত্র কথামালা। কীর্তিমান ব্যবসায়ী ছিলেন বটে ! আমরা বেরোচ্ছি টের পেলেই ক্যাডেটরা দু'চারজন অনুমতি নিয়ে লাফিয়ে পেছনে উঠে বসতো। ওদের নিয়ে টাঙ্গাইলে চমচমের দোকানে বসিয়ে দিয়ে বলতাম, এই যে ঘোষদা, ছেলেদের পেটপুরে আপনার ওই বালিশ চমচম খাইয়ে দিন তো!

কলেজের ক্যান্টিনেও ক্যাডেটরা ইচ্ছেমতো চমচম খেয়ে ইকবাল আর আমার নামে লিখিয়ে রেখে দিত। তখন মিষ্টির দর সামান্যই ছিল। আমরাও ওদের মিষ্টির বিল পরিশোধ করে আনন্দই পেতাম অনাবিল। কারণ, ওদেরই কেউ কেউ—যেমন তানভীর বা নজরুলের সঙ্গে বসে আমরা 'এবিসি অব রিলেটিভিটি' আর 'হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলসফি'র মতো বইয়ের পাঠোদ্ধারে মেতেছি।

গাড়ি জয়দেবপুর চৌরাস্তায় ডানে ঘুরে টঙ্গির দিকে এগোচ্ছে। আর ফেরি-টেরি তো নেই। এবার পৌঁছে যাবে দেখতে দেখতে। জানিনা, মেসে পৌঁছে কিরকম রিসেপশ্যন পাব, কি করব। একটা সিগ্রেট ধরিয়ে আবার ভাবনার সাগরে ডুব দিলাম। পন্ডিতটার সিলেকশ্যন হলেও একজন পুরনো সঙ্গী মিলত। বেচারা মন খারাপ করে একা-একা বোধহয় আর ওই দূরে পড়ে থাকতে চাইবে না। এক উইকএন্ডে মুস্তাফা, মিটু, বাদল ভাই আর মঈন ভাই আমাদের কলেজে গিয়েছিল। ওদের খুব পছন্দ হয়েছিল আমাদের কাজের পরিবেশ—সহকর্মীদের সহযোগিতা, ক্যাডেটদের সহজ আনুগত্য—মিটু বলছিল, তোদের কলেজে সয়েল সায়েন্স পড়ায় না, নাহলে আমিও এসে যেতাম চেষ্টা-চরিত্র করে।

স্যর, এসে গেছি স্টাফ রোড। কোথায় যাব? মোহাব্বত ভাইয়ের ডাকে সম্বিত ফিরে পেয়ে বল্লাম, একেবারে শেষ মাথায় গিয়ে ডানে ঘুরলে সিগন্যাল্স অফিসার্স মেস। পৌঁছে গেলাম। স্যুটকেইস, বইয়ের বাক্স নামল। মেস হাওয়ালদার এগিয়ে এলে পরিচয় দিলাম। খটাস্ করে স্যালুট করে বলল, আসেন স্যর আমার সঙ্গে। কেয়ারি করা মরশুমি ফুলের বাগানের মাঝে হেঁটে যাবার পথ। একটি একতলা বাড়ির বারান্দায় উঠলাম। স্যর, এই বাঁয়ের ঘর। আপনার সঙ্গে থাকবেন লেফটেন্যান্ট এমদাদ সাহেব, উনি সকালে এসে সামানা রেখে গেছেন। চওড়া বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে বুঝলাম, 'সামানা' কাকে বলে।

m.waliuzzaman@gmail.com