শ্রদ্ধাঞ্জলিঅগ্রযাত্রিক কথাশিল্পী আবু রুশ্দের স্মৃতি
[কথাসাহিত্যিক আবু রুশ্দ্ ফেব্রুয়ারির ২৪ তারিখে গত হয়েছেন। ৯১ বছর বেঁচেছিলেন তিনি। তাঁর স্মরণে আর্টস-এর পাতায় আবদুল মান্নান সৈয়দের এই স্মৃতিকথাটুকু ছাপা হলো। ক্রমে তাঁর আত্মজীবনীর নির্বাচিত অংশ ও কয়েকটি গল্প মুদ্রিত হবে। – বি. স.]
আমাদের প্রথম-আধুনিক কথাশিল্পীদের বেশ কয়েকজনের সঙ্গেই আমার দেখা হয়েছে, আলাপ-আলোচনা হয়েছেও কারো কারো সঙ্গে, কারো কারো স্নেহও অর্জন করেছি আমি। সৈয়দ ওয়ালীউল্লাহ, শওকত ওসমান, আবু রুশ্দ্, শামসুদ্দীন আবুল কালাম, শাহেদ আলী, আবু ইসহাক, মির্জা আ. মু. আবদুল হাই এ-রকম কয়েকজনকে বলতে পারি আমাদের আধুনিকতার অগ্রযাত্রিক। এই তালিকার প্রথম তিনজনকে বিশেষ গুরুত্ব দিতে চাই।
………
আবু রুশ্দ্ (২৫/১২/১৯১৯ – ২৪/২/২০১০)
………
আধুনিক বাঙালি-মুসলমান কথাশিল্পীদের দুজনের আমি সরাসরি ছাত্র—শওকত ওসমান আর আবু রুশ্দ্ সেই দুজন। ঢাকা কলেজে, আজ থেকে বছর পঞ্চাশ আগে, আমি ওঁদের ছাত্র ছিলাম। শওকত ওসমান ছিলেন বাংলার অধ্যাপক, আর আবু রুশ্দ্ ইংরেজির। ওঁরা পরস্পরের বন্ধুও ছিলেন—সেই কলকাতা থেকে। এঁদের মধ্যে শওকত ওসমানের সঙ্গে ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠতা। আবু রুশ্দের সঙ্গে অমন ছিল না।
—————————————————————–
একবার বাংলা একাডেমীতে দেখি তাঁকে মানিক বন্দ্যোপাধ্যায় বিষয়ে প্রশ্ন তুলেছেন, পদ্মাতীরবর্তী মানুষেরা তো অধিকাংশই মুসলমান, মানিকের পদ্মানদীর মাঝি-তে মুসলমানদের সংখ্যা এত কম কেন? অবাকই হয়েছিলাম তাঁর প্রশ্নের ধরনে। তখনই বুঝেছিলাম তিনি স্বাধীন চিন্তক।… সাহিত্যজগতে আবু রুশ্দ্ কোনোদিনই উপেক্ষিত ছিলেন না, আবার খুব দাপটেও বিরাজ করেন নি। বরাবর একটি নৈর্ব্যক্তিক দূরত্বে অবস্থান করেছেন। গত বছর ২৫শে ডিসেম্বর তিনি ৯০-বছরে পড়েছিলেন। এ বিষয়ে দেশের সুধী সমাজ নীরব ছিলেন। এর মুখ্য কারণ, কোনো সাহিত্যিক রাজনৈতিক তাঁবুর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল না।
—————————————————————-
ঢাকা কলেজে ছাত্র ছিলাম তাঁর। সুদর্শন, সুসজ্জিত, সুবাক্—এমন দেখেছি তাঁকে। ক্লাসে এসে খানিক পড়িয়ে বলতেন, 'Jot down'—আমরা খাতা খুলে লিখতাম বা লেখার ভান করতাম। আমি যে তাঁর ছাত্র ছিলাম, তা তিনি সম্ভবত জানতেন না। যখন পাবলিস সার্ভিস কমিশনে আমি সরকারি কলেজের শিক্ষক হিশেবে ইন্টারভিউ দিতে গেছি—'এক্সপার্ট' হিশেবে এসেছিলেন তিনি। দীর্ঘক্ষণ রেখেছিলেন আমাকে। বঙ্কিমচন্দ্রের সেরা উপন্যাস কোনটি আমার বিবেচনায়, জিজ্ঞেস করেছিলেন। তাঁর সমসাময়িক কবিদের বিশেষতা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমার প্রথম পোস্টিং হয়েছিল সিলেট এম. সি. কলেজে। প্রবল অনিচ্ছাসত্ত্বেও যেতে হয়েছিল ঢাকার বাইরে। সেই আমার প্রথমবার মুক্তযাত্রা। এবং প্রথমবার নিজের মতো বসবাস বৃথা যায় নি। আমার তখন পঁচিশ বছর বয়েস। সে-বছরই আমার প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় সত্যের মতো বদমাশ। সরকারি অনুমোদন নিতে হয়েছিল। এবং অনুমোদনপত্র স্বাক্ষর করেছিলেন স্বয়ং আবু রুশ্দ মতিনউদ্দীন। পরের বছর বইটি বাজেয়াপ্ত হয়। কিন্তু, খানিকটা আশ্চর্যই লাগে ভাবতে, আমাকে কোনো কৈফিয়ৎ দিতে হয় নি বা তলবও করা হয় নি। এরকম কিছু যে হতে পারে, সে-বিষয়ে আমি সম্পূর্ণ অজ্ঞান ছিলাম—এখন মনে হয়। সত্যি কথা বলতে কী, আমার লেখার সঙ্গে আমার চাকরির কখনো টক্কর লাগে নি। ধাক্কা আমার চলেছে সবসময় নিজের সঙ্গে। একবার বাংলা একাডেমীতে দেখি তাঁকে মানিক বন্দ্যোপাধ্যায় বিষয়ে প্রশ্ন তুলেছেন, পদ্মাতীরবর্তী মানুষেরা তো অধিকাংশই মুসলমান, মানিকের পদ্মানদীর মাঝি-তে মুসলমানদের সংখ্যা এত কম কেন? অবাকই হয়েছিলাম তাঁর প্রশ্নের ধরনে। তখনই বুঝেছিলাম তিনি স্বাধীন চিন্তক। ১৯৮৬ সালে তাঁর কাছে এখন পত্রিকার জন্যে—তখন আমি ঐ পত্রিকার উপদেষ্টা সম্পাদক—গল্প চাইতে গিয়েছিলাম। তাঁর নিলয় দেখে অবাক হয়েছিলাম। অনেকখানি বাগানের মধ্যে একটুখানি বাড়ি, টিনের ছাদওয়ালা বোধহয়, ভেতরে অবশ্য সুসজ্জিত আধুনিক ব্যবস্থাপনা। আমার খানিকটা বিস্মিত প্রশ্নে জানিয়েছিলেন তিনি, তোপখানা রোডের ঐ বাড়ির জমিটুকুও তাঁর শ্বশুরশাহেব, যৌনবিজ্ঞান গ্রন্থের লেখক আবুল হাসনাতের উপঢৌকন। বলেছিলেন, আমার যা তৌফিক আছে…। আবু রুশ্দ্ ও শওকত ওসমান আমাদের পত্রিকা শিল্পতরু-র অনুকূল ছিলেন। বইমেলায় একবার দেখেছিলাম ওঁরা শিল্পতরু-র পুরোনো সংখ্যা কিনছেন। একবার আমি আর আবিদ আজাদ স্যারের তোপখানা রোডের বাড়িতে গিয়েছিলাম। তার আগে আমি তাঁর সৈয়দ ওয়ালীউল্লাহ ও শওকত ওসমানের উপন্যাসসংক্রান্ত সমীক্ষণের সমালোচনা লিখেছিলাম। অবাক হয়েছিলাম আমি, আবু রুশ্দ্ এরকম একটি গ্রন্থ রচনা করেছেন বলে। আমাদের দেশে কথাসাহিত্যিকরা সমসাময়িক কথাসাহিত্য ও কথাসাহিত্যিকদের সম্পর্কে প্রায় ব্রতের মতো নৈঃশব্দ্য পালন করেন। আবু রুশ্দ্ কিছুতেই প্রথানুগ নন—সম্পূর্ণ স্বানুগ: এটা দেখেই আশ্চর্য হয়েছিলাম। আমার সমালোচনা সম্পর্কে আবু রুশ্দ্ মন্তব্য করেছিলেন, আমার সামনেই, আমি জবাব দিই নি, আমার যা বক্তব্য তা তো লিখিতই আছে, স্যারের কথায় আমার বক্তব্যের কিছু অসমর্থন ছিল, কিন্তু উষ্মা ছিল না। তিনি আমাকে তাঁর কয়েকটি বই উপহার দিয়েছিলেন, আমি তাঁকে দিয়েছিলাম আমার কবিতাসমগ্র। তিনি, যদ্দুর মনে পড়ছে, বই পত্রিকায় আমার কবিতার অনুকূলে কিছু কথা বলেছিলেন। শুনেছি, তাঁর কোনো ইংরেজি কলামে আমার কবিতার শংসা করেছেন। আমি তাঁকে আমার একটি অকিঞ্চিৎকর গল্পগ্রন্থ উৎসর্গ করেছি। সম্বন্ধ ছিল তাঁর সঙ্গে এটুকুই।
সাহিত্যজগতে আবু রুশ্দ্ কোনোদিনই উপেক্ষিত ছিলেন না, আবার খুব দাপটেও বিরাজ করেন নি। বরাবর একটি নৈর্ব্যক্তিক দূরত্বে অবস্থান করেছেন। গত বছর ২৫শে ডিসেম্বর তিনি ৯০-বছরে পড়েছিলেন। এ বিষয়ে দেশের সুধী সমাজ নীরব ছিলেন। এর মুখ্য কারণ, কোনো সাহিত্যিক রাজনৈতিক তাঁবুর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল না। তাঁর স্বভাবেই একটি নিস্পৃহতা ছিল, লিপ্ততাও ছিল না, তা নয়, ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায়, 'উদাসীন সংগম'।
আমি আবু রুশ্দের ৯০-তম জন্মবর্ষপূর্তি উপলক্ষে দৈনিক ইত্তেফাকে তাঁর ছোটগল্প সম্পর্কে একটি পর্যালোচনা প্রকাশ করেছিলাম।
একসময় আবু রুশ্দের আত্মজীবনী বইটি মুগ্ধ করেছিল আমাকে। আবু রুশ্দের আত্মকথা একটি নির্ভার জীবনরস-সমুজ্জল সৎ নৈর্ব্যক্তিকতায় সম্পন্ন গ্রন্থ বলে মনে হয়েছে আমার। আবু রুশ্দ্ কোনো ধান্দা জানতেন না।
আবু রুশ্দের যে-আত্মচরিত একসময় মুগ্ধ হয়ে পড়েছিলাম, এখন লিখতে গিয়ে আরেকটু সান্দ্রতায় দেখা হলো। আত্মজীবনী বইটি বছর দশেকের পরিসরে বেরিয়েছিল ১৯৮৯-১৯৯৭-এ। তিন খণ্ডে। ঘটনাক্রম শেষ হয়েছিল লেখকের ৭০-বছর পূর্তিতে। ১৯১৮ থেকে ১৯৮৮—ঠিক ৭০ বছর পর্যন্ত। লেখকের স্মৃতি তখন অটুট, অচ্ছিন্ন। ফলে সব মিলিয়ে একটি নিবিড় সার্বিকতা গ্রন্থে উপস্থিত। লেখকের যে-সুস্থির নিরাবেগ অব্যক্তিক ঈষৎ কৌতুকোজ্জ্বল দৃককোণ—তা বরাবর বহাল থেকেছে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছেন সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক-পরিবেষ্টনকে। বড়ো কোনো ওঠা-পড়া নেই তাঁর জীবনে। যেটুকু আছে তাকেও তিনি একটি সুশান্ত নিরুত্তেজ সাবলীলতায় গ্রহণ করেছেন। বেদনা আছে—কিন্তু পারহীন নয়। আর আছে ভ্রুক্ষেপহীন গুণ্ঠনহীন আলোপাত। সাতত্যের দৃষ্টান্ত।
লেখকের ৭০-বছর কেটেছে তিনটি রাষ্ট্রে। ব্রিটিশ ভারতে—কলকাতায় মূলত; পাকিস্তানে, পূর্বপাকিস্তানে ঢাকা ছিল কেন্দ্র, চট্টগ্রাম-রাজশাহীতেও কিছুকাল, বিলেতে-মার্কিনেও; শেষে বাংলাদেশে, ঢাকাকে কেন্দ্রে রেখে। ত্রয়ী আত্মকথা, তিনটি কাল-ও-রাষ্ট্র-পরিসরে ভাগ করে দিয়েছেন: জীবন ক্রমশ-তে ১৯১৯ থেকে ১৯৪৭ পর্যন্ত; ঠিকানা পশ্চিম-এ ১৯৪৭ থেকে ১৯৭১ অবধি; শেষ খণ্ড এখন বর্তমান-এ ১৯৭১ থেকে ১৯৮৮ সাল। একটি সুগোল-নিটোল জীবনবৃত্ত। সবাই আবু রুশ্দ্ নন। তাঁর উপস্থাপনে জীবন যে-পূর্ণ-রূপে ও প্রতিমায় প্রতিষ্ঠিত, অনেক ক্ষেত্রেই সেটি অলভ্য।
কৈশোরে রবীন্দ্রনাথের প্রবন্ধে একটি সংস্কৃত উক্তি খোদিত দেখেছিলাম, 'মিষ্টান্ন মিতরে জনাঃ।' অর্থাৎ মিষ্টান্ন আছে, এই খবর শুনে লাভ কী, হাতে অর্থাৎ প্লেটে পাওয়া দরকার। আবু রুশ্দের আত্মজীবনী থেকে কিছু পঙ্ক্তি উৎকলন করা যাক। একটি ক্রমে:
১। […] বিবাহ মানে অন্য একজনের দায়িত্ব নেওয়া, সেটা ভেবেই আমার মনে কিছুটা অস্বস্তি জাগাত। এখনো সেই বিচ্ছিন্নতা বোধ আমার রয়ে গেছে। অন্যের ঝামেলায় আমি নিজেকে জড়াতে চাই না কিংবা প্রচণ্ড কোনো আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে আমি কখনও এমন কিছু করি নাই যাতে আমার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। [পৃ. ১৩]
২। পার্ক সার্কাস ময়দানে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে যখন প্রচণ্ড উৎসাহ ও প্রবল উদ্দীপনা নিয়ে ফুটবল খেলতাম ও মাঝে মাঝে গোলও করতাম, তখন কে সন্দেহ করবে যে ক্লাবের চাঁদা নিয়ে হেরফের করবারও কৌশলও আমার আয়ত্তে এসে গেছে। [পৃ. ১৬]
৩। ট্রেন যাত্রাতেই এখন পর্যন্ত আমি সবচাইতে বেশি স্বস্তিবোধ করি। ট্রেনের গতিবেগ, হুইসিল-এর আওয়াজ ও রঙ্গিলা সিগন্যাল বাতির ত্রিবর্ণ পট-বদলানো আমার পক্ষে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল এবং এখানো কমবেশি আছে। আর একটা জিনিশ তখন থেকে বুঝেছিলাম শহুরে চেতনা আমার সমস্ত রক্তধমনী ও শিরা-উপশিরায় ছড়িয়ে পড়েছে। [পৃ.৩০]
৪। বই বিক্রি [অন্যের বই সরিয়ে] করবার পর খুব যে একটা গ্লানি বোধ করতাম তা নয়, বরঞ্চ সেবারকার মতো সমস্ত প্রক্রিয়া সফলভাবে শেষ করবার জন্য এক ধরনের তৃপ্তিই বোধ করতাম যা ইংরেজি ফিল্ম ও বম্বে ক্রাউন-এর কাটলেট অনেকাংশে বাড়িয়ে দিত। [পৃ.৩৬]
৫। বস্তুত শাসক সম্প্রদায়কে রুষ্ট করলে আমার ব্যক্তিগত জীবনে তার ফলাফল যে মারাত্মক হতে পারে সেই বোধ আমাকে কোনো রকমের আন্দোলনে জড়াতে দেয়নি। [পৃ.৮৯]
৬। […] সে-বয়সে প্রেমের বিফলতার অভিজ্ঞতায় অবশ্যই মুষড়ে পড়েছিলাম। তবে আমার প্রখর বাস্তবতাবোধ ও জীবনের প্রতি কিছুটা কৌতূহলী দৃষ্টিভঙ্গি প্রেমের জ্বালায় আমাকে বেশিদিন দগ্ধাতে পারেনি। সব সময়ই প্রত্যয় ছিল: সামনে নতুন দিন। [পৃ. ১২৫]
৭। […] আমার একান্ত পরিবারের আমি তৃতীয়জন যাকে এক মানসিক অবসাদে ভুগতে হয়। তবে রোগটার প্রকৃতি ও গুরুত্ব সম্বন্ধে আমি পুরোটাই ওয়াকিবহাল থাকায় ও তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা করাতে কখনো বিন্দুমাত্র দ্বিধা না-করায় সে রোগের কবল থেকে আমি নিজেকে অনেকটা মুক্ত করতে পেরেছি। [পৃ.১২৯]
সাতটি উদ্ধৃতি। বিশেষভাবে নজর দিতে হবে রেখাচিহ্নিত অংশগুলিতে। ২ এবং ৪-সংখ্যক উদ্ধৃত অংশগুলিতে অবলীলায় তিনি বলে গেছেন নিজের কৈশোরক দুষ্টুমি। এমনকি উত্তরকালেরও। যেমন একটি উদাহরণ:
[..] এডুকেশন এক্সটেনশন সেন্টারে একটা তিন সপ্তাহের প্রশিক্ষণ কোর্স চলছিল। অনুবাদের কাজ চালিয়ে যাচ্ছি, সেই সময় বাঁ দিকের জানলায় আমার চোখ পড়ল। পুষ্পিত চাঁপাগাছের নিচে এক সুদর্শনা চাকমা যুবতী দাঁড়িয়ে আছে। আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে গাছ থেকে একটা ফুল পেড়ে সেটা খোঁপায় লাগিয়ে আবার আমার দিকে সলাজ দৃষ্টিতে চেয়ে তার যৌবনের সন্তোষে হেসে দিল। মুহূর্তের জন্য একটা সুবাতাসের প্রলেপ পেলাম, কিন্তু মনকে বললাম, 'ওসব পাগলামি তোমার জন্য নয়, নিজের কাজ করে যাও।' তাই করলাম, কারণ স্টেনোগ্রাফারকে একটু বিব্রত দেখাচ্ছিল। [পৃ.৩৫৮]
এই কৌতুকী দৃষ্টিকোণ তাঁর জীবনকে একটি সরসতা ও শ্যামলতা দিয়েছে। কৈশোরক একটি সংবাদ প্রসঙ্গে বলছেন :
[…] পথের ক্লান্তি দূর করবার জন্যে ইন্তু ভাই নানা ধরনের গল্প করতেন, একবার তিনি বলেছিলেন, বউবাজার স্ট্রিটে নাকি কয়েকজন যুবতী থাকে যারা চার আনা পয়সার বিনিময়ে তরুণ ও কিশোরদের কোলে বসিয়ে খুব আদর করে। কথাটা শুনে আমি তাজ্জব মেনেছিলাম। কোলে বসাবে আদর করবে সে তো ভালো কথা, কিন্তু চার আনা পয়সার কথা আসে কি করে। [পৃ. ৫৭]
এই কৌতুকোজ্জ্বল দৃষ্টির চেয়ে আবু রুশ্দের এই আত্মকথার পাঠক একটু অভিনিবেশেই বুঝে যাবেন এই লেখক কথাশিল্পী একজন। কোনো ব্যক্তি বা বস্তুর বা ঘটনার অনুপুঙ্খের প্রতি তাঁর নাহলে এরকম নজর থাকবে কেন?—
[…] ২৩ নম্বরে সারা রাত ধরে দু-তিন মণ ডেকচিতে পোলাও রান্না করা ও দম দেওয়া হতো। বিরাট বিরাট কয়লার আগুন জ্বলত দারুণ রোশনাই সঞ্চার করে আর চুলোর মধ্যে কয়লা ফুটবার শব্দ মাঝে মাঝে কানে ভেসে আসত। অভিজ্ঞ ও সুদক্ষ বাবুর্চিরা পোলাও দম দিবার আগে বিরাট কালো ডেকচির ঢাকনা তুলত। আর সস্তা লম্বা পাল্লা দিয়ে গায়ের জোরে পোলাওটা সারা ডেকচি জুড়ে মন্থিত করত, তারপর একসময় জাফরান ঢেলে দিত। অন্য ডেকচিতে রান্না হতো গোরুর গোস্ত ও আলু। যে আলুতে সামান্য একটু পোড়া গন্ধ হয়ে যেত, তা খেতে হতো আরো উপাদেয়। [পৃ. ৪১]
কয়েকজন বিখ্যাত ব্যক্তির এমন জ্বলজ্যান্ত ছবি তিনি চিত্রিত করেছেন, তা পূর্ণতই কথাশিল্পীশোভন:
নজরুল ইসলাম: […] নজরুল ইসলামকে দেখামাত্রই, তাঁর কিছুটা বাবুয়ানি সাজগোজ সত্ত্বেও তাঁর ব্যক্তিত্ব আমাকে অভিভূত করে ফেলেছিল আর সেই যে তিনি হুমায়ুন মামার [হুমায়ুন কবির] সঙ্গে কথা বলা শুরু করেছিলেন সে-স্রোত আর কিছুতেই থামতে চায় না, এমনকি হুমায়ুন কবিরের মতো ধীমান লোককেও সেই বাচনের তোড়ে নীরব দর্শকের ভূমিকায় রূপান্তরিত হতে দেখলাম। [পৃ. ১০০]
[এই গ্রন্থেরই অন্যত্র নজরুল ইসলাম সম্পর্কে আবু রুশ্দ্ অপরিমেয় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।]
আবু সয়ীদ আইয়ুব: […] চালচলনে কিছুটা মেয়েলিপনার ছাপ ছিল, যা নজরুলের ঘোরতরভাবে পুরুষালি ব্যক্তিত্বের ওপর বেশ চোখে পড়ত, তবে চোখ দু'টা দেখে মনে হতো ওখানে তাঁর মগজ গলে গলে ছড়িয়ে পড়েছে। চাউনিটা ছিল বিদগ্ধ, সতর্ক, অনুসন্ধিৎসু। তাঁর সঙ্গে বেশির ভাগ সাহিত্য নিয়েই আলাপ হতো, তাতে শুধু তাঁর সাহিত্য পাঠের পরিধিই প্রতিফলিত হতো না, তিনি যে কত বন্ধুবৎসল ছিলেন তাও পরিষ্কার হয়ে উঠত। [পৃ. ১০১]
[আবু সয়ীদ আইয়ুবের রবীন্দ্রবিবেচনাকে আবু রুশ্দের মনে হয়েছে অতিভক্তি। এমনকি তিনি আইয়ুবের গদ্যরচনাকেও 'দৃঢ়ভিত্তিক' মনে করেন না। তাঁর সমসাময়িক বন্ধুকবি আবুল হোসেনকেও বলতে শুনেছি, আবু সয়ীদ আইয়ুবের চেয়ে মর্যাদাবহ সৈয়দ মুজতবা আলী।
ড্যাগ হ্যামারশোল্ড: […] জেনারেল অ্যাসেম্বলির অধিবেশনে যোগদান করার একটা অতিরিক্ত আকর্ষণ ছিল সেখানে ড্যাগ হ্যামারশোল্ডের উপস্থিতি। সুদর্শনই বলতে হবে এমন এক ছিপছিপে ও কিছুটা বিষাদগ্রস্ত ব্যক্তিত্ব। মঞ্চে একটু কোণের দিকে বসে থাকার সময় মনে হতো তিনি বোধহয় কোনো কিছু চিন্তা করছেন। কিন্তু যখনই তাঁর দায়িত্ব সম্পর্কিত কোনো প্রসঙ্গ বা কথা উঠত, দেখতাম তিনি অতিশয় সজাগ ও তৎপর। তাঁর মন্তব্যটা তীক্ষèভাবে প্রাসঙ্গিক হতো আর কেউ তাতে খুঁত বের করতে পারত না। [পৃ. ২৪২]
[ড্যাগ হ্যামারশোল্ড রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও কবিতাও লিখতেন। বুদ্ধদেব বসু তাঁর কবিতা দেশে অনুবাদ করেছিলেন প্লেন দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুর পরে। বিমর্ষতা কি তাঁকে কবি করেছিল?]
**
মাত্র কয়েক পৃষ্ঠায় ৪০০-পৃষ্ঠার এই সমৃদ্ধ আত্মচরিতের সারাৎসার রচনা করব কী করে? বিংশ শতাব্দীর বিশের দশক থেকে আশির দশকে উত্তীর্ণ একজন সুবেদী ও সুচেতন মানুষের এই জীবনপরিক্রমায় কত কিছুই ধরা পড়েছে: কলকাতার খান্দানি উচ্চ-মধ্যবিত্ত জীবনের খুঁটিনাটি; ১৯৪৭-উত্তর ঢাকা শহরের প্রায় মফস্বলপনা থেকে ক্রমাগত নাগরিক-শাহরিক হয়ে ওঠা; লেখকের দেশ-বিদেশ সফরের অন্তরঙ্গ বিবরণ; দেশবিভাগপূর্ব হিন্দু-মুসলমান সম্পর্ক; ব্যক্তিক ও পারিবারিক পরিচয়; চেনা-অচেনা অনেক চরিত্রচিত্র; নিসর্গমুগ্ধতা; রাষ্ট্রিক-সামাজিক বিষয়ে তাঁর মূল্যাঙ্কন; তাঁর নিজস্ব সাহিত্য সম্পর্কে বিবেচনা।
জীবনের প্রায় কিছুই বাদ পড়েনি তাঁর দৃষ্টি থেকে। তবে কিছুই আরোপণ মনে হয়নি আমার। তিনি অবলীলায় যেন সমস্তকে একটি গুচ্ছে বেঁধে দিয়েছেন। কিন্তু সবই দেখেছেন-জেনেছেন এক স্বকীয়তায়। তার সঙ্গে সকলে সবসময় একমত হবেন, তা হতেই পারে না। কিন্তু অকপটতা, অভীকতা, সততা—এইসব গুণে তাঁর আত্মচরিত ঋদ্ধিশালী।
নিজেকেও আবু রুশ্দ্ ছাড় দেননি। সব মিলিয়ে মনে হয়: একটি শান্ত, উন্নত, নির্লোভ জীবন তিনি যাপন করেছেন। আমার তো মনে হয়: এই আত্মজীবনী-ই আবু রুশ্দের শ্রেষ্ঠ সৃজনকার্যের পরিচয়বহ, যদিও তাঁর গল্প-উপন্যাস-সমালোচনাকেও অগ্রাহ্য করা যাবে না। বুদ্ধিজীবীরা যে-দেশে দ্রুত পরিণত হচ্ছেন বৃদ্ধিজীবীতে, সে-দেশে দৌড়ঝাঁপের বাইরে আবু রুশ্দের জীবনধারার প্রতি সম্মান জানাতেই হয়।
কিন্তু বইটি পড়তে গিয়ে প্রতিহত হয়েছি কোথাও কোথাও। তিনি বলছেন, তিনি কোনো আনুষ্ঠানিক ধর্মচর্চা পালন করেন না; কিন্তু ধর্মগুরুদের প্রতি তাঁর শ্রদ্ধা আছে। যাঁরা ধর্মের প্রবর্তয়িতা তাঁদের উল্লেখ করেননি, কিন্তু বিভিন্ন ধর্মের ধর্মগুরু কয়েকজনের উল্লেখ করেছেন। মনে হয়েছে আমার, এ বিষয়ে তাঁর ভিতরে একটি দ্বৈধ বা দোলাচল আছে। এই স্ববিরোধও অবশ্য স্বচ্ছভাবেই উপস্থাপিত। চাকরির বিবরণ সমধিক, সেদিক থেকে সাহিত্যপ্রসঙ্গ ন্যূন। সাহিত্য তাঁর জীবনের অবশ্যকৃত্য নয়, একটি অংশমাত্র—আত্মজীবনী পড়ে এরকম ধারণা হতে পারে কারো। হতে পারে কোথাও একটা বেদনা বা অভিমান সঞ্চিত আছে তাঁর:
[…] আমার তৃতীয় গ্রন্থ ও দ্বিতীয় উপন্যাস সামনে নতুন দিন বের হওয়ার পর থেকে এক বিশেষ লেখকগোষ্ঠী ও তাদের সমর্থকরা [কারা এরা, জানি না ঠিক] ও তাদের সমর্থকরা ভেতরে ভেতরে দেখা যেত যাতে সাহিত্যিক হিসেবে আমি তখনকার পূর্বপাকিস্তানে তেমন আলোচিত বা সমাদৃত না হতে পারি। এদের মধ্যে এমনকি আমার দুএকজন বন্ধুস্থানীয় লোকও ছিল [এরাই বা কারা?]। আমার অসুবিধা যে, আমি কোনো দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলাম না, আর শুধু জনপ্রিয়তার জন্য নিজের বিশেষ জীবনাদর্শ বিসর্জন দিতে রাজি হতাম না। [পৃ. ২২৩]
আবু রুশ্দ্ আমার দুই প্রজন্মের আগের লেখক।
৩রা মাঘ, ১৪১৬
সৌজন্য: বইয়ের জগৎ, সম্পাদক: আহমাদ মাযহার
