২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ের বিষণ্ন বিকেল

তুষার দাশ

Published : 17 May 2020, 07:43 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চার দশক আগে কোন এক নিভৃতে বসে ড. সুব্রত শংকর আর কবি-প্রাবন্ধিক গোলাম ফারুক খান বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় নিয়ে কথা বলছিলেন। তখনও আমরা সবাই ছাত্র। সৌভাগ্যক্রমে আমিও সেখানে ছিলাম। অনেকের নাম নিয়ে আমরা একমত হতে না পারলেও ড. আনিসুজ্জামানের ব্যাপারে আমরা তিনজনই একমত হয়েছিলাম। তাঁর এই সর্বমান্যতা ও গ্রহণযোগ্যতা ততটা বিস্ময়কর নয়। তিনি তখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রাজধানীর বাইরে থেকেও তিনি ছিলেন বিস্মরণের আওতার বাইরেই। এর সবকিছুরই মূলে রয়েছে ছাত্রজীবন থেকেই তাঁর প্রগতিশীল রাজনীতির প্রতি অঙ্গীকার আর কর্মজীবনের নানা ক্ষেত্রে তাঁর অনবদ্য কিছু অবদান। সংগে তাঁর পাণ্ডিত্যপূর্ণ অথচ সহজ জীবন।

বাংলার ছাত্র বলেই তাঁর কিছু বই, কিছু প্রবন্ধ আমাদের পড়তে হয়েছিলো, পরীক্ষা পাশের স্বার্থেই। কিন্তু সেসব বইয়ের আলাদা করে যে একটা ঐতিহাসিক মূল্য আর ভূমিকা রয়েছে, সেসব এক-আধটু বুঝতে শিখেছি অনেক পরে। তাঁর বিদায় পরবর্তী সময়ে তাঁর একটা গোটা ব্যক্তিত্বের ছবি নানা জনের নানা রচনার ভেতর দিয়ে হয়তো এরই মধ্যে ফুটে উঠতে শুরু করেছে। আমি ছোট কয়েকটা ঘটনার কথা বলবো, যেখানে স্যারের সংগে আমার কিছু মধুর স্নেহ-শ্রদ্ধা বিনিময়ের স্মৃতি বিজড়িত।

ড. আনিসুজ্জামান আমার সরাসরি শিক্ষক নন্। আবার সরাসরি শিক্ষকও। তাঁর শ্রেণীকক্ষে দেয়া পাঠ আমাদের অনেকের আওতার বাইরে ছিলো। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, তিনি তখন চট্টগ্রাম বিশ্বিদ্যালয়ে। তারপরও তিনি আমার সরাসরি শিক্ষক হলেন। একসময় বাসনা ছিলো পিএইচডি করবো। অনেক প্রতিকূলতা উজিয়ে স্যারের কাছে বাসনা ব্যক্ত করতেই তিনি সই করে তাঁর রাজী হবার বিষয়টা নিশ্চিত করেছিলেন। এটা আমার অনেক বড় পাওয়া। কিন্তু কাজটি শেষ অব্দি হয়নি, আমারই অক্ষমতার কারণে।

স্যারকে একবার জিজ্ঞেস করেছিলাম, ঢাকা ছেড়ে কেন গিয়েছিলেন চট্টগ্রামে? মৃদু হাসতে হাসতে জবাব দিয়েছিলেন, একটা প্রমোশন আর বাড়তি কিছু টাকা পাওয়া যাবে, সেজন্যে।

তিনি যতোই বলুন, আমার কাছে ব্যাপারটা এভাবে ধরা দিয়েছিলো যে, রাজধানীর কেন্দ্রের বাইরেও তো কিছু বিদ্যার আলোক বিচ্ছুরণের দরকার আছে। আমার আরেক শিক্ষক ড. আবু হেনা মোস্তফা কামালও তিন-তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তাঁদের মেধার বিচ্ছুরণে আলোকিত হয়েছেন অনেক বিখ্যাত-অখ্যাত ছাত্রছাত্রী।
একবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠান। কবি শামসুর রাহমান সভাপতি। সভাশেষে হঠাৎ দেখি আনিস স্যার। আমাদের পরিকল্পনা ছিলো সভাশেষে আমরা রাহমান ভাইকে নিয়ে আড্ডা দেবো। স্যার আমাকে কানে কানে বললেন, তুষার, তোমাদের কবিকে নিয়ে যেতে এসেছি। আমার যা বোঝার বুঝলাম। মন খারাপ হলেও, জলের মাছকে ডাঙায় আটকে রাখার চেয়ে জলে ছেড়ে দেয়াই মনে হলো সমীচীন। বললাম, ঠিক আছে স্যার। আসলে, দীর্ঘকালের জাতীয় ইতিহাসের, সামাজিক-রাজনৈতিক- সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি জীবনের নানা চড়াই-উৎরাইয়ের সঙ্গী, সমমনা বন্ধুদের সঙ্গ যতটা আনন্দদায়ক, ততটা বোধহয় অন্যকিছুতে নয়।

একবার এক আড্ডায়, দেরিতে গেছি— আমার স্বভাব যা; স্যারকে এড়িয়ে এক কোণায় কিছুটা অন্ধকারে দুয়েকজনের সঙ্গে আড্ডার আনুষঙ্গিক দ্রব্যাদি নিয়ে কৈফিয়ৎ দেয়া শুরু করেছি দেরির কারণ জানাতে, দেখি ড. সুব্রত আমাকে ডাকছে হাঁক পাড়ার মতো করে — স্যার তোমাকে ডাকছেন। আমি গেলাম। স্যার বললেন, এখানে বোসো। আমি তো বেশ কাঁচুমাচু। এরপর কিছু একটা আমি বলেছি বিনয়-বাক্য। স্যার এমন একটা রসময় জবাব দিলেন, আমার সব দ্বিধা সংকোচ মুহূর্তে উধাও। কাছে টেনে নেয়ার এক অসামান্য গুণে আনিস স্যার অতুলনীয় ছিলেন।

সৌজন্যবোধে আর সময়ানুবর্তিতায় স্যার কতটা অবিকল্প ছিলেন, তার একটা প্রমাণ পেয়েছিলাম বেশ আগে। সম্ভবত, এটা একটা বড়ো শিক্ষার বিষয়। আমি ঢাকা ক্লাবে গেছি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। শাহবাগে একটু কাজ ছিলো বলে সন্ধ্যার আগেই হাজির ওখানে। বসে চা খাচ্ছি। কিছুক্ষণ পর দেখলাম স্যার ঢুকলেন, একটু ব্যস্তভাবেই। আমি দাঁড়িয়ে স্যারকে সালাম দিয়ে বসতে বললাম। স্যার বললেন, ইকবালদের দেখেছো? আমি না বলাতে, তিনি বসলেন আমার সঙ্গে। চা খেতে অনুরোধ করলাম। তিনি না করলেন। কানাডা থেকে সৈয়দ ইকবাল আর ইকবাল হাসান এসেছেন। স্যার তাঁদের দাওয়াত দিয়েছেন। তাঁর দিক থেকে দেরি হলো কিনা সেটা ভেবেই তিনি উদ্বিগ্ন। কালচারের ব্যাপারটা বোধহয় এখানেই। প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিট পর তাঁর ইকবালরা ঢুকলেন। ইকবালদের দেরির কারণে আমি স্যারকে খুব একান্তে পেয়ে দুয়েকটা রাষ্ট্রীয় বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম। স্যারের দিক থেকে পেয়েছিলাম হতাশাব্যঞ্জক নেতিছোঁয়া উত্তর। মনে থাকবে আমৃত্যু।

আমাদের কয়েকজন বন্ধুর সৌজন্যে নানা সময়ে, নানা বাসায়, ক্লাবে, নানা অনুষ্ঠানে স্যারের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, সেগুলো তেমন গুরুত্বপূর্ণ হয়তো নয়, সুযোগ থাকলেই পাশে বসিয়েছেন, কাছে ডেকেছেন, শেষের দিকে হাসপাতাল থেকে ফিরলে শরীর বিষয়ে জিজ্ঞাসার জবাবে একবার আমার হাত তাঁর পিঠে রেখে দেখতে বললেন কীভাবে জমাট বেঁধেছে মাংশ। তাঁর পিঠে হাত দেয়ার পর সেবারই প্রথম তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম। তিনিও যথারীতি মাথায় হাত রেখেছিলেন। ওটাও এক ধরনের পাওয়া মনে করি।


শামা রহমান বা অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে চোখ বন্ধ করা ড. আনিসুজ্জামানকে দেখলে মনে হতো রবীন্দ্রনাথ গ্রন্থটির সম্পাদনার সময়ে তিনি ফিরে গেছেন; শওকত ওসমান, সনজীদা খাতুন, ওয়াহিদুল হক, খান সারওয়ার মুরশিদ, শামসুর রাহমানদের সঙ্গে রবীন্দ্রনাথের পক্ষে যুদ্ধশেষে বিজয়ী দলের অন্যতম একজন হিশেবে যে দুর্লভের সন্ধানে জীবন বাজী রেখেছিলেন, সেই দুর্লভ অমৃতেরই যেন স্বাদ নিচ্ছেন। খুব ভালো লাগতো তাঁদের ঐ দৃশ্যে, পরবর্তী প্রজন্মের আমরাও তাঁদেরই সফল লড়াইয়ের কারণে বঞ্চিত হইনি ঐ অনন্য অমৃতের আস্বাদনে।

শেষের দিকে, আড্ডায়, স্যারকে অনেকেই ঘিরে থাকতো বলে, আমরা একটু দূরে দূরেই থাকতাম। দুয়েকটা সৌজন্য বাক্য বিনিময় যে হতো না, তা নয়। কিন্তু জানতাম, স্যার তো আছেন, দেখা তো হবেই, হয়তো কথাও হবে। অক্সিজেন-ভরা বাতাসে থাকলে বাতাসের মর্যাদা-মূল্য আমরা প্রায়শ ভুলেই থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রাবস্থায় এই মেধাবী ব্যক্তিটি, প্রথম, রবীন্দ্রসাহিত্যের পত্রে ৭৭% নম্বর পেয়েছিলেন বলে শুনেছি, যা একটি রেকর্ড এখন পর্যন্ত, অক্সিজেন-ভরা সেই সিলিণ্ডারটির অভাবে আমাদের অনেকেরই হয়তো সামনে প্রবল শ্বাসকষ্ট হবে, সেটা মেনে নেয়ার প্রস্তুতি নিয়েই আমাদের অক্ষম প্রজন্মকে সামনে এগুতে হবে, অন্তত ছোট ছোট অক্সিজেনবাহী হবার নিরন্তর সাধনায় !!