পাণ্ডুলিপি করে আয়োজন: সেতারী নিতাই বসুর নিভৃত-মানস
চিত্রকর্ম: মিলন মিত্রঠাকুর
তাঁকে (জন্ম ২৬ মে ১৯২৭-মৃত্যু ৫ মার্চ ২০০৯) দেখলেই আমার পৃথিবীটা বদলে যেত৷ হাওয়ায় ভেসে আসত পান-জর্দার একটা সুবাস, আর সেই সঙ্গে কি একটা হত জানি না, আকাশ আর পাতাল দুটো যেন একাকার হয়ে যেত ভালবাসায়৷
নিতাই বসুর সঙ্গে আমার পরিচয় প্রাচীন ভারতীয় ইতিহাসের অন্যতম কাণ্ডারী দিলীপকুমার বিশ্বাস মশায়ের সূত্রে৷ আমি তখন পাইকপাড়ার ইন্দ্র বিশ্বাস রোডে থাকি৷ আশির দশকের প্রায় মাঝামাঝি৷ দিলীপবাবু তখন প্রথম বার (আরও দুবার যেতে হয়েছিল তাঁকে) ট্রপিক্যাল হাসপাতালে ভর্তি ছিলেন৷ নিতাই বসু দেখতে এসেছিলেন স্যারকে৷ কি যেন একটা ছিল ওঁর মধ্যে৷ একটা অসম্ভব জাদু, অবাক হয়েছিলাম তাঁর ব্যক্তিত্বের টানে৷
তারপর একদিন হঠাৎ দেখা আশুবাবুর বাজারের বাস ছাউনিতে৷ বাড়িতে যেতে বললেন একদিন৷
গিয়ে দেখলাম একদিন তাঁকে তাঁর বাড়িতে৷ হাতে সেতার, ছাত্র পরিবৃত অবস্থায়৷ ডান হাতের মধ্যমায় মেজরাব৷
এই তো প্রথম কথাটুকু৷ এর পর থেকে তাঁর কাছে যেতাম, তাঁর কথা শুনতাম, জনশূন্য অবস্থায় তাঁকে দেখাও যেত না কখনও প্রায় অবশ্য৷ কিছু বাজে পাবলিকও থাকত মাঝে মাঝে৷
তারপর দেখা হতে লাগল৷ তিনি সেতার বাজাচ্ছেন৷ এসময় কথা হত না৷ থামবার পর মুখের দিকে তাকিয়ে খুব মিষ্টি ক'রে হেসে বলতেন, আরে দেবব্রত, এসেছ?
তাঁকে খুব শুনতাম৷ এতটাই, যে বেতারে কখনও তাঁর বাজনা থাকলে ধ'রে ফেলতাম এটা নিতাইদার বাজনা৷
চিত্রকর্ম: মিলন মিত্রঠাকুর
তাঁর দিদিমার কথা বলতেন৷ তিনি ছিলেন দিব্যানুভূতি সম্পন্না, ভোলানাথ গিরির শিষ্যা৷ "জটিয়া মা" বা "গোপালের মা" বলা হত তাঁকে৷ থাকতেন বৌবাজারের ৪ নং গঙ্গাধরবাবু লেনে৷
মাঝে মাঝে কোনও একটা দিন উনি সকালে তাঁর দিলীপদার বাড়িতে এসে হাজির হতেন৷ তাঁকে পেলে দিলীপবাবু তো হাতে যেন চাঁদ পেতেন৷ কত গম্ভীর আলোচনা, সে তো শুধু গান নিয়েই নয় বা গানের ব্যাকরণ, জগৎ ও জীবনের অখণ্ড সাঙ্গীতিক ঐকতানেও তাঁরা নিবিষ্ট হয়ে উঠতেন৷ একদিন মনে আছে মোহন কাননে (পাইকপাড়া অঞ্চলের)একটা অনুষ্ঠান হল (কুমার বোসের তবলাও ছিল তার সঙ্গে), দিলীপবাবু সামনে ব'সে৷ বললেন, নিতাইবাবু, সবশেষে একটু লচাও ঠুংরিটা যদি বাজান৷ নিতাইদা সেদিন সেতারে লচাও ঠুংরির সুর বাজিয়ে আমাদের মোহিত ক'রে দিয়েছিলেন৷
এখন আর স্মরণ হয় না তিনি হজরত ইনায়েত খান কিনা, নাকি অন্য কেউ৷ মোট কথা হায়দ্রাবাদের এক প্রাচীন বীণকার এবং মহা বুজুর্গ৷ নিতাইদার কাছে শুনেছি৷ মুশতাক আলী খান, নিতাইদার গুরু একবার হায়দ্রাবাদে গেছেন৷ তাঁর ইচ্ছা হল তিনি সেখানকার প্রসিদ্ধ বীণকার-এর সঙ্গে দেখা ক'রে আসেন৷ অনেক খুঁজে তাঁর বাড়ি গেলেন৷ দেখলেন বীণকার একেবারে স্বেচ্ছাবন্দী হয়েই আছেন৷ কাউকে শেখান না, আলাপ সব কুক্ষিগত ক'রে বসে রয়েছেন৷অনেক কথা হল তাঁর সঙ্গে৷কিছু বাজনাও শুনলেন৷ আসবার সময় ব'লে এলেন, ওস্তাদজী, আপনার সংগৃহীত চীজ দিলেন না কাউকে৷ শেখালেনও না৷এই বীণ ঘাড়ে ক'রে এ পৃথিবীতে কিন্তু আপনাকে আবার আসতে হবে৷
সেনিয়া ঘরানার কথা উনি বললেন একদিন৷ মিঞা তানসেনের (১৫২০-১৫৯০) সঙ্গে যার যোগ৷ অর্থাৎ তানসেনী ঘরানা৷ মিঞা তানসেন আকবরের (১৫৫৬-১৬০৫) সভাগায়ক ছিলেন৷ "ঘরানা" হল সঙ্গীতে একটি বিশেষ গোষ্ঠীর অনন্য শৈলী৷ পিতা যখন পুত্রকে তাঁর অধীত বিদ্যা সমর্পণ করেন, তখন সেই ধারাতেও যেমন সঙ্গীতের ঘরানা পুরোনো কাল থেকে আধুনিক কালে প্রবাহিত হয়, তেমনি গুরু শিষ্য পরম্পরার সূত্রেও তা কালোত্তীর্ণ হয়ে ওঠে৷ এই বিশিষ্ট শৈলীটিকে তাঁরা রক্ষা ক'রে চলেন৷ তানসেন তো কন্ঠসঙ্গীতের প্রবাদপ্রতিম প্রতিভা ছিলেন, কিন্তু তাঁর সঙ্গীতের ঘরানাটি যখন তাঁর ষষ্ঠ অধস্তন পুরুষ উস্তাদ মসীত খান সেতারের কলায় প্রয়োগ করলেন, তখন সেই থেকে সেতারে এই সেনিয়া ঘরানার শুরু এবং "মসীতখানী বাজ" নামে সেতারের ধারাতে তা আজও অব্যাহত গতিতে এগিয়ে চলেছে৷ পরবর্তী কালে একে "জয়পুরী সেনিয়া ঘরানা"-ও বলা হতে থাকে৷ এই ঘরানার একজন মহা বুজুর্গ ছিলেন জয়পুরের উস্তাদ বরকতুল্লা খান৷ তাঁকে বলা হত : "আফতাব এ সিতার৷"
সেতারের ওপর ধাতুনির্মিত যে পল তোলা ঘাট (Fret)দেখা যায়, তার সংখ্যা ঊনিশ বা কুড়ি৷ সেনিয়া ঘরানাতে এটা সতেরোটা হয়৷ এটি বাজাবার কতকগুলি কৌশলের ফলে অনেকগুলি রাগের শুদ্ধতা এই সেনিয়া ঘরানার সেতারই রক্ষা করতে পারে৷ নিতাইদার গুরু ছিলেন এই ঘরানার মহা বুজুর্গ মুশতাক আলী খান সাহেব (১৯১১-১৯৮৯)৷ তাঁর বাবা উস্তাদ আশিক আলী খানের সৌভাগ্য হয়েছিল বরকতুল্লা খানের কাছে শেখবার৷ মুশতাক আলী খান পাখোয়াজ ও সুরবাহারও বাজাতেন৷
অমিয়নাথ সান্যালের কথা প্রায়ই হত৷ বলেছিলাম ভরতের নাট্যশাস্ত্রের আঠাশ থেকে তেত্রিশতম অধ্যায়ে সঙ্গীত সম্পর্কে বিস্তৃত তথ্য ও ব্যাখ্যা আছে৷ মনোমোহন ঘোষ ইংরেজী ব্যাখ্যা দিতে গিয়ে ২৮ থেকে ৩৩ তম অধ্যায় বাদ দিয়ে গেছেন৷ অমিয়নাথ সান্যাল তার টীকা করেছিলেন, কিন্তু সেগুলি আর কখনও সূর্যের আলো দেখেনি৷ বলেছিলাম আপনি কিন্তু এই জায়গাগুলি দেখতে পারেন এবং আপনার মত ব্যাখ্যা করতে পারেন৷ আমি আপনার সঙ্গে আপনার সহকারী হয়ে কাজ করতে প্রস্তুত৷ আমি আপনাকে মূল সংস্কৃত শ্লোকগুলির অন্বয় ও অর্থ ক'রে দেব, আপনি সেগুলি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করবেন, আমি এইগুলি টুকে রাখব, পরে চিন্তা ভাবনা ক'রে সেই বিষয়টাই অন্য একটা দিন একসঙ্গে ব'সে লেখা যাবে৷ এইভাবে পর পর৷ কাজটা হয়নি৷ পরে বুঝেছি, মূল সঙ্গীতে এত মস্ত থাকতেন যে ওঁর পক্ষে দীর্ঘদিন ধ'রে এতটা শাস্ত্রীয় দায়িত্ব নেওয়া কঠিন হত৷
বলতেন যে আমাদের সঙ্গীত দাঁড়িয়ে রয়েছে আলাপের ওপর এবং তা বিকাশ লাভ করেছে কন্ঠসঙ্গীতে ধ্রুপদ ও যন্ত্রসঙ্গীতে বীণার মধ্য দিয়ে৷ তিনি মুশতাক আলী খানের বংশপরম্পরায় এই ভাবনাটির শ্রেষ্ঠ রূপায়ন দেখেছেন৷ এই গভীর বোধ যেমন তাঁর গুরু ও গুরুর গুরুদের মধ্যে ছিল, তেমনি তা তাঁর নিজের মধ্যেও সঞ্চারিত হয়েছিল৷
মনোমোহন -২৮-৩৩ নেই
ভরতের নাট্যশাস্ত্র তো কোনও দার্শনিক বা তাত্ত্বিক প্রকরণ নিয়ে নয়৷ আসলে নাটক কিভাবে উপস্থাপিত হবে, এ হল তারই একটা হাতে কলমের প্রশিক্ষণ; বলা যায় Stagecraft. কিন্তু এ ছাড়াও এখানে ভারতীয় সঙ্গীত, নৃত্য ও কাব্যের কথা এসেছে, কারণ নাটকে তাদের স্থান কিছু কম গৌণ নয়৷ নাট্যশাস্ত্রের আঠাশতম অধ্যায়, মানে যেখান থেকে মনোমোহন ঘোষের টীকা অনুপস্থিত, সেখানে ভরতমুনি বলছেন জাতি (melodic types or matrices), শ্রুতি (micro-intervals), স্বর (notes), গ্রাম (scales), মূর্চ্ছনা(modes)ও রাগের কথা৷ ঊনত্রিশে আছে তারযন্ত্র, যেমন বীণার কথা, সেখানে কন্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতের পার্থক্যের কথা বলা হয়েছে৷ কন্ঠসঙ্গীতকেও বিভক্ত করা হয়েছে "বর্ণ" বা রঙ (শুধু দলমাত্রিক বা syllabic)এবং "গীতি" (বা lyric)এই দুটিতে৷ তিরিশতম অধ্যায়ে আছে সুষিরবাদ্য অর্থাৎ বাঁশির কথা, কিভাবে তা বাজাতে হবে তার বিস্তৃত দিকনির্দেশ৷ একত্রিশে আছে মন্দিরা বা করতাল এবং ধ্বনিনিস্পন্দের (metrical cycles) কথা৷ বত্রিশে আছে ধ্রুব গানের কথা, আছে তাদের প্রয়োগ, আকৃতি ও উদাহরণ সহ ব্যাখ্যা, তার পাঁচটি শ্রেণী ও সাতটি অঙ্গের কথা৷ তেত্রিশে রয়েছে কন্ঠসঙ্গীতকার ও যন্ত্রসঙ্গীতকারদের গুণ ও দোষের তালিকা৷ এই কয়েকটি অধ্যায় নিতাইদার মত মানুষের হাত পেলে সোনায় সোহাগা হত৷ দুঃখের কথা উত্তরভারতে যাঁরা সঙ্গীতচর্চা করেন, তাঁদের মধ্যে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য নিয়ে লেখবার আগ্রহ খুব সীমিত৷ ভারতবিদদের আন্তর্জাতিক একটি ফোরামের কথা আমি বলতে পারি, এই সঙ্গীত নিয়ে তাঁদের চর্চা ও রচনা অতি বিরল৷ আমার জানাচেনার মধ্যে এক অমিয়নাথ সান্যালকে আমি দেখি যিনি নেশায় সঙ্গীতকার, পেশায় ডাক্তার এবং সংস্কৃতে বিদগ্ধ৷ এই ধরণের কাজে তাঁরই একমাত্র ব্যুৎপত্তি ছিল৷ অবশ্য দক্ষিণ ভারতে সঙ্গীতের চর্চা আজও অব্যাহত, প্রশিক্ষণও অত্যন্ত কঠোর৷ কিছু লেখাও দেখতে পাই৷ অমিয়নাথ সান্যাল মশায় ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি ইতিহাস রচনা করেছিলেন সংস্কৃতে৷ সেটি ছাপা হয়নি কখনও৷ তবে সমকালীন পত্রিকায় নাট্যশাস্ত্রের ওপর অনেকগুলি রচনা প্রকাশ করেছিলেন বাংলায়৷
নরেন মিত্রকে আমি আগে আনন্দবাজারে দেখেছি, কিন্তু পাইকপাড়ায় যখন এলাম তখন তিনি গত হয়েছেন৷নরেনবাবুর স্ত্রী শোভনাদি ছিলেন এতদঞ্চলে উচ্চাঙ্গ সঙ্গীতের ধারক ও বাহক, কারণ শেখাতেনও৷ বাড়িটা একেবারে নিতাইদাদের বাড়ির গায়ে লাগানো৷ নিতাইদা ও তাঁদের পরিবারের সঙ্গে তাঁদের পরিবারের ঘনিষ্ঠতা ছিল, যেজন্য খিড়কির দুয়ার দিয়ে তাঁদের বাড়িতে যাওয়া আসার রাস্তাটা ছিল অবাধ৷ এই সূত্রে দুই বাড়ি মিলে একটা সঙ্গীতময়তার সৃষ্টি হয়েছিল৷ আসলে পাইকপাড়ার সঙ্গীতের যে উচ্চ মান, সেটা এঁদের কল্যাণেই রক্ষিত হয়েছিল৷ নরেন মিত্রের "সেতার" গল্পটি নিতাই বসুকে নিয়ে লেখা৷ রুণা নামে আমাদের পরিচিত একটি মেয়ে শোভনাদির কাছে তালিম নিত, নিতাইদার বাড়িতেও যেত৷ সে খুব শ্রদ্ধা সহকারে শোভনাদি ও নিতাইদাদের বাড়ি সম্পর্কে বলত৷ পরে সে পীযূষদার (পীযূষকান্তি সরকার) কাছে রবীন্দ্রসঙ্গীতও শেখে৷ নিতাইদাও তাকে খুব স্নেহ করতেন৷ গাইত খুব সুন্দর৷ একদিন সে আমাদের বাড়িতে ব'সে গেয়েছিল : "আমার যে দিন ভেসে গেছে চোখের জলে…" বুকে মোচড় দিয়ে ওঠে এখনও যখন মনে করি৷
পাইকপাড়ার কিছু পরিচিত মানুষ অনেকদিন থেকে আমাকে বলছেন নিতাইদাকে নিয়ে কিছু লেখবার জন্য৷ নিতাইদা সম্পর্কে কিছু লেখা, বিশ্বাস করুন, খুব শক্ত৷ আমার সাহস হয়নি৷ মনে মনে ইচ্ছে থাকলেও তাকে প্রশ্রয় দিইনি এই কারণে যে আমি সঙ্গীতশাস্ত্রের লোক নই আদৌ৷ আসলে তাঁর সম্পর্কে যা বলবার, তা একটা আড্ডার আাবহে ও প্রাসঙ্গিকতার সূত্রে আসাই স্বাভাবিক – কথার অভাব হয় না৷ কিন্তু ওই পর্যন্তই৷ লিখতে গেলেই কেমন খেই হারিয়ে যায়৷ কারণ তাঁর আনন্দঘন ছবিটিকে তাঁর কথামৃতের স্পর্শ বুলিয়ে আঁকা অসম্ভব৷ তাঁর ভাষা অননুকরণীয়৷ তাকে স্মৃতি থেকে তুলে আনা যায় না৷ আনলেও মনে হয় যেন তাঁর কথার অঙ্গহানি হচ্ছে৷ কিন্ত ইদানীং যেটা হল সেটা শুনে চমৎকৃত হবার মত৷ নিতাইদার দিদিমাকে নিয়ে তাঁর বড়মামা রমেশচন্দ্র দত্ত যে বইটি "বীণার ঝঙ্কার" নামে প্রকাশ করেছিলেন, সে বইটি প্রকাশিত হয়েছিল ১৩৯১ সনের মহালয়ার পুণ্যতিথিতে (৩০ আগস্ট, ১৯৭৩), ৭এ দেশপ্রিয় পার্ক রোড, কলকাতা থেকে৷ বইয়ের একটি কপি নিতাইদা আমাকে দিয়ে তার ওপর লিখে দিয়েছিলেন :
পরম স্নেহের দেবব্রত চক্রবর্তীর কাছে পৌঁছে দিলাম৷ কিছু ফিরে শোনার প্রত্যাশায়৷ নিতাই বসু ২৭ এপ্রিল, ১৯৯৬৷
তাঁর এই স্বগতোক্তি আমার কাছে আদেশের মত মনে হল৷ ভাবলাম তাঁর আদেশ ও আাশীর্বাদ শিরোধার্য ক'রে লিখে যাই, পারব ঠিক৷
চিত্রকর্ম: মিলন মিত্রঠাকুর
নিতাইদার সূত্র ধ'রে স্মৃতিতে জ'মে থাকা তাঁর মামা নরেশচন্দ্রের কথাও আসবে৷ নিতাইদা বলেছিলেন আমার ছোটমামা এখনও আছেন, সুতরাং তুমি তাঁর কাছে আমার ও দিদিমার কথা শুনে আসতে পারবে৷ গিয়েছিলুম তাঁর হাতিবাগানের বাড়িতে৷ ওপরতলার ঘরে থাকতেন৷ বলেছিলেন অনেক কথাই৷ কিন্তু সেসব কথা এতদিন আগেকার, সব স্পষ্ট ক'রে মনে নেই৷ তাঁর নিজের সেতার শিখবার কথা বলেছিলেন৷ অনেক আত্মীয় স্বজনের কথা বলেছিলেন৷ বলেছিলেন তাঁর মায়ের কথা, ছেলেবেলার কথা৷ বিশ্বকর্মা পুজোর অনেক আগে থেকেই বাড়িতে ঘুড়ি ওড়াবার তোড়জোড় পড়ে যেত৷ সারাদিন সাগুদানা, শিরিষ, ভাতের ফেন, কাঁচের গুঁড়ো এইসব নিয়ে মাঞ্জা দেবার প্রস্তুতি৷ কিন্তু হঠাৎ আকাশের মুখ ভার৷ কি হবে এখন? কাজকম্মো তো সব ভেস্তে যাবে৷ তখন মায়ের কাছে ধরনা, মা, একটা কিছু ব্যবস্থা কর যাতে বৃষ্টি না হয়৷ মা মুখে কিছু বলতেন না, শুধু বলতেন, সে আমি কি করব, ইত্যাদি৷ কিন্তু কার্যকালে দেখা যেত বৃষ্টি আর হয়নি৷ দিন অসম্ভব খোলামেলা, রোদ্দুর অফুরান৷ দিন গেলে তখন হয়তো বৃষ্টি শুরু হল৷ গিয়েছি তাঁর কাছে আরও৷ কিছুই না, দু চারটে কথা শুনলেই পুরোনা কালের ছবিগুলো কেমন জীবন্ত হয়ে সামনে এসে দাঁড়াত৷
নিতাই বসুর বাবা রমেন্দ্রকুমার বসু ও মা উমারাণী দত্ত, পিতামহ নগেন্দ্রকুমার বসু ও প্রপিতামহ হরিশচন্দ্র বসু – তাঁদের মূল বাড়িটি ছিল অহিরীটোলার বৃন্দাবন স্ট্রীটে৷ পাইকপাড়ার ২০/১ রাজা মণীন্দ্র স্ট্রীটের বাড়িটি কেনেন নগেন্দ্রকুমার বসু ও তাঁর ভাই গুণেন্দ্রকুমার বসু৷ এটাই নিতাই বসুর কাছে আজীবনের ভদ্রাসন৷ নিতাইদার মা উমারাণী ছিলেন অতুলচন্দ্র দত্ত ও বীণাপাণি দেবীর জ্যেষ্ঠ সন্তান৷ নিতাইবাবুরা সাত ভাই ছয় বোন৷
বীণাপাণি তাঁর পিতৃগৃহ ঝামাপুকুরের মিত্রবাড়ি থেকে গোপালের মূর্তিটি তাঁর বৌবাজারের ৪ নং গঙ্গাধরবাবু লেনে নিয়ে এসেছিলেন (পৃ ২/৯)৷ আমার ধারণা এই মিত্র বাড়ি রাজা দিগম্বর মিত্রের (১৮১৭-১৮৭৯), যিনি কোন্নগরের শিবচন্দ্র মিত্রের পুত্র, কলকাতার প্রথম ভারতীয় শেরিফ এবং হিন্দু কলেজের ডিরোজিয়ান দলের নেতৃস্থানীয়৷ তাঁর বাড়ির শালগ্রাম শিলাটি ছিল "দামোদর শিলা" যা গৃহস্থের ধনলাভের অনুকুল ব'লে খ্যাত৷ রামকৃষ্ণদেব প্রথম জীবনে এঁরই মন্দিরের পূজারী ছিলেন, যদিও তাঁর ভাল লাগত ঠনঠনিয়ার কালীমূর্তিটি যা সিদ্ধেশ্বরী কালী ব'লে আামরা জানি, এবং সেখানে গিয়েই তিনি প্রায় সারাদিন ব'সে থাকতেন, গান গাইতেন৷
"বীণার ঝঙ্কার" বইটি প্রথমে ১৯৭৩-এ প্রকাশিত হয়৷ দ্বিতীয় সংস্করণ ১৯৮৪-তে৷ এটা নিতাইদার দিমিার কোনও জীবনীগ্রন্থ নয়৷ হলে দত্ত ও বসু পরিবারের কিছু তথ্য পাওয়া যেত৷ কিন্তু পাইনি৷এই দুই পরিবারের বংশপঞ্জিকা যদি এখনও ভালভাবে তৈরি ক'রে রাখা থাকে, তাহলে ভাল, নইলে মহাকালের অতলে এঁদের গৌরবোজ্জ্বল স্মৃতিরেখা সব বিলীন হয়ে যাবে৷
বইটি আসলে বীণাপাণির জ্যেষ্ঠ পুত্র রমেশচন্দ্র দত্তের রচনা, প্রশস্তির আকারে লেখা৷ অনেকেই এর মধ্যে আবেগের আতিশয্য দেখতে পাবেন৷ কিন্তু আমার মনে হয়েছে, এই বই খাঁটি ভক্তিভাবে সমৃদ্ধ, রমেশচন্দ্র তাঁর মা ও দীক্ষাদাত্রীর যে প্রশস্তি গেয়েছেন, তার মধ্যে যেমন ভক্তি আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা আছে, তেমনি তা বিশুদ্ধ আত্মবিশ্বাসেও ভরপুর৷ যেন মায়ের ওপর ভরসা রেখে তিনি তাঁর জীবনের প্রশ্নগুলি ও সেইসঙ্গে তাদের উত্তর যুগপৎ লাভ করেছেন৷ এক একটা জায়গা আশ্চর্য উক্তিতে সুরভিত৷ সকলে সে রসের স্বাদ না পেতেও পারেন, কিন্তু ভক্তের হৃদয় যে সেখানে পৌঁছবেই, তাতে সন্দেহ নেই৷ তাঁর জেঠা মশায় ছিলেন অরবিন্দের প্রীতি ও বন্ধুত্বে বাঁধা৷ আবার এদিকে গোপালই ছিলেন তাঁদের সংসারের পরিত্রাতা৷ দোষ করলে দিদিমা তাঁকে খুব বকাবকিও করতেন৷ যাই হোক, রমেশচন্দ্র বলছেন:
"তখনও তোমার দীক্ষা হয় নেই৷ একদিন দেখলে সামনে একটা নীল রঙের ছোট্ট হাত গোলাপী চেটো পেতে তোমার কাছে নারকেল কোরা ও বুকের দুধ খেতে চাইলে৷ পরক্ষণেই হাত অদৃশ্য৷ তুমি বাবার কাছে ছুটে এসে জানতে চাইলে সে কোথায়৷ সে যে দুধ নারকেল না খেয়েই চলে গেল৷ বাবা কি ভেবে নিয়ে তোমায় বললেন, "মেজ বৌ, চলো, আাজ ঝামাপুকুর ঘুরে আসি, কেমন?
"গোপালজী তখন দিদিমার ঘরে তাকের ওপর থাকতেন, দৈনিক দুবেলা দুটি রসগোল্লা ভোগের বরাদ্দ ছিল৷ সন্ধ্যের সময় বাবার সঙ্গে তুমি ঝামাপুকুর গেলে, সঙ্গে উমা-রমেশ৷ তোমায় দেখে দিদিমা প্রথমেই জিজ্ঞাসা করলেন যে দুপুরবেলা তুমি চুপি চুপি এসে গোপালকে দুধ নারকেল খাইয়ে গেছ কিনা৷ গোপালের গালে নারকেল কোরার ছোপ এবং ঠোঁট বেয়ে দুধের ধারার দাগ৷ বাবা দেখে শুনে স্তম্ভিত, আর তুমি মা জননী! আনন্দে আত্মহারা হয়ে মাটির ওপর ব'সে প'ড়ে একদৃষ্টে গোপালের দিকে চেয়ে আছো, চোখে ধারা৷ খানিক পরে দিদিমার কাছে গোপাল চাইলে৷ দিদিমা ঠাকুরকে বলছেন, "হেই ঠাকুর, ওর যে ছোট ছোট কাচ্চাবাচ্ছা, এখন থেকেই ওকে অমনি ক'রে টেনো না৷" সেদিন বাবা অনেক বুঝিয়ে সুঝিয়ে তোমাকে বৌবাজারে নিয়ে এলেন৷
অয়মারম্ভঃ – তোমার সাধনমার্গে দ্রুত অগ্রসর হওয়ার এই হল শুরু৷ পুণ্যতোয়া ভাগীরথী আপন মহিমায় প্রবাহিত হতে থাকল, অতল সমুদ্রে মিশবে ব'লে৷
"কিছুদিনের মধ্যেই ভোলাগিরি মহারাজ তোমার কানে বীজমন্ত্র দিলেন এবং দিলেন তুলে তোমার হাতে নিজের আসন এবং গলায় পরিয়ে দিলেন রুদ্রাক্ষের মালা – আশীর্বাদ করলেন : জগতের মা হও৷ 'বেটা তোমায় আমি দীক্ষা দেবার অধিকার দিলাম, যা আর কোনও মহিলাকে দিইনি৷' ঝামাপুকুরে সেই দিনেই মহারাজ তোমার তিন বৌদিকেও দীক্ষা দিয়েছিলেন একসঙ্গে৷ তোমায় কিন্তু পৃথকভাবে একা দীক্ষা দিয়েছিলেন৷ দীক্ষান্তে তুমি দিদিমা ও গোপালকে প্রণাম ক'রে নেমে এসে গাড়িতে উঠতে যাবে, ঘোড়া হঠাৎ খেপে গিয়ে পা ছুঁড়তে লাগল; তাড়াতাড়ি তুমি দিদিকে আমাকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লে৷ সহিস ঘোড়াকে দলাই মলাই ক'রে শান্ত করল৷ দ্বিতীয়বার যেই আমরা গাড়িতে উঠেছি, অশ্বিনীতনয় জোৎ ডিঙিয়ে, লাগাম ছিঁড়ে ছুটে পালাল৷ মা তুমি কি ভেবে নিয়ে সটান দিদিমার কাছে গিয়ে বললে : 'মা, গোপাল দাও৷ ও আমার সঙ্গে যেতে চাইছে৷' তোমার ভাববিহ্বল চাহনিতে কি লেখা ছিল জানি না, দিদিমা রাজী হয়ে বললেন, 'চিংড়ু, তাই নে৷ গোপাল তোকে ছেড়ে আর আমার কাছে থাকতে চাইবে না৷' গোপালকে বগলদাবা ক'রে নেমে এসে তুমি গাড়িতে উঠলে; এবার কিন্তু হয়দেব কোনও গোলমাল না ক'রে সওয়ারি বৌবাজার পর্যন্ত পৌঁছে দিল৷ মা, তুমি, গুরু এবং গোবিন্দ একই সঙ্গে লাভ করলে৷ মনের আনন্দে, ঠাকুর ঘরে তোমার গোপালকে ভজন শোনালে :
'গাহিতে গাহিতে নাম নেচে ওঠে মম প্রাণ
হরিনামে এত গুণ ধরো গুণধাম৷
সেদিন গুরোকৃপায় হরি এলে চলে কোলে চড়ি
পিতার ভবন ছাড়ি তুহু মম শ্যাম৷
যত দেখি চাঁদবদনখানি বয়ে যায় স্রোতপ্রায় নয়ন দুখানি
যত মুছি ধারা ততই বলে তারা
কোথায় পেলি এ রূপ ওরে বীণাপাণি৷'
(-বীণার ঝঙ্কার, রমেশচন্দ্র দত্ত, ১৯৮৪, পৃ ২/৮-৯)
এই সূত্রে মনে পড়ছে রমেশ বলছেন: "টকটকে লাল গোলাপের তাৎপর্য তখন জানতুম না৷৷ এই সেদিন দেশপ্রিয় পার্ক রোডে আসার পর – বন্ধুবর প্রমোদচন্দ্রের কাছে পণ্ডিচেরী সংক্রান্ত একটি বইয়ে পড়লুম যে টকটকে লাল গোলাপের তাৎপর্য দিব্য প্রেম" – (বীণার ঝঙ্কার, রমেশচন্দ্র দত্ত, ১৯৮৪, পৃ ২৬) এই দিব্য প্রেমে উদ্ভাসিত হয়ে আছে গোটা বইখানি৷ বইটির পুনর্মুদ্রণ হওয়া উচিত৷ এবং অবশ্যই গুরুত্বপূর্ণ সংযোজন সহ৷
নিতাইদা একদিন বলছিলেন, তাঁর তখন পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স৷ "গোয়ালিয়রে গুরুদেবের সঙ্গে বাজাতে গেছি৷ সন্ধ্যাবেলায় অনুষ্ঠানে বাজালাম৷ শুতে একটু দেরীই হয়ে গেল৷ ভোর রাত্তিরে আধো ঘুমে জেগে উঠে একটা দৃশ্য দেখলাম৷ হলুদ ধোঁয়াশার মত একটা জায়গা, চিতা পুড়ছে৷ কয়েকজন ব'সে আছে ছড়িয়ে ছিটিয়ে৷ বুক কেঁপে উঠল৷" এমনভাবে বললেন যেন আমিও দেখতে পেলাম৷ বললেন, "পরের দিন বেলায় একটা টেলিগ্রাম এল৷ 'গ্রান্ডমা ডায়েড৷ কাম শার্প৷'"
অমিয় সান্যাল মশাই যে বলতেন প্রাণ খোলা গান আর দোকান খোলা গান – তা নিতাই বসুর কথা স্মরণে এলে এই প্রাণ খোলা গানের দিগন্তটাকে ধরতে পারি৷ সঙ্গীতের প্রতি তাঁর যে একনিষ্ঠতা, যে দায়বদ্ধতা ছিল, বাইরের আকর্ষণে তা কখনও স্বধর্মচ্যুত হয়নি৷ যেজন্য বিজ্ঞাপন জগৎকে তিনি আকর্ষণ করতে চেষ্টা করেননি৷ আজ তাঁর সম্পর্কে তথ্য খুঁজতে গেলে কিছুই পাওয়া যায় না৷ এগারো বছর হল তিনি এই ধরাধামে নেই, অথচ এর মধ্যেই তিনি যেন বিস্মৃত, প্রায় মুছে যাবার মত৷ চেষ্টাও করেননি কখনও সর্বসমক্ষে আসবার৷ স্বাভাবিকভাবে দিন চালানোর জন্য যেটুকু দরকার, তিনি সেটুকু সংগ্রহ ক'রে নিতেন, এইমাত্র৷ অনেকবার জিজ্ঞেস করেছি ইউরোপ আমেরিকা যাননি কেন কোনওদিন? বলতেন, সুযোগ এসেছে অনেকবার, কিন্তু আমার আর এসব ভাল লাগে না৷ একেবারেই ভাল লাগে না৷ সারা শরীর ছিল তাঁর সঙ্গীতময়৷৷ সেখানে বহিরঙ্গীয় শোভা দেখানো তাঁর প্রার্থিত ছিল না৷৷ তার মানে কিন্তু এটা কেউ মনে করবেন না যে তাঁর মনে এই ছিল যে "আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ৷" বরং বলা উচিত, তাঁর বার্তা ছিল: "লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলি হারায়/চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা৷"
একবার তাঁর এক ভাই আমেরিকা থেকে এসেছেন৷ বোধ হয় মামাতো ভাই, আমার ঠিক স্মরণে নেই৷ একদিন আমাকে ফোনে বললেন ভাইয়ের দক্ষিণ কলকাতার বাড়িতে আসতে৷ উনি বাজাবেন৷ সেদিন অনেকক্ষণ ধ'রে তাঁর বাজনা শুনেছিলুম৷ ঠিক এরই কয়েকদিন বাদে টেলিফোন করলেন আমায়৷ বললেন সেই ভাই হঠাৎ হৃদরোগে মারা গেছেন, রবিবার কাজ, চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটে তুমি এসো৷ গেলাম৷ যাগযজ্ঞ হচ্ছে৷ উনি কিন্তু আমার পাশে এসেই ব'সে থাকলেন, বলতে লাগলেন, কিছু নয় দেখো, সবই তিনি কিরকম মিলিয়ে দেন৷ তাঁর সংসারে নিত্য নিয়ত সঙ্গীত বহমান৷ কোথাও একটুও ফাঁক নেই৷ আমার নিজের মধ্যে ফাঁক থাকতে পারে, কিন্তু তাঁর জগতে নেই৷ আমি দেখি সকালবেলায় যে সা দিয়ে দিন শুরু হল, সেটা রাতে শুতে যাবার সময় ঠিক আছে কিনা৷ বিগড়োলে নিজের কোথাও আত্মিক গলদ আছে ধরি৷ ভয় পাই কি ঘটতে যাবে৷ তুমি তো জানো এই যে আমাদের চারপাশটা, সব সময় কোনও না কোনও একটা রাগ চলছেই৷ ব'লেই উঠে দাঁড়ালেন৷ উঁ উঁ ক'রে গলায় সুর আনতে থাকলেন৷ এর মধ্যে কেউ একটা চেয়ার ধ'রে হ্যাঁচকা টান দিল, তার কর্কশ আওয়াজটাকেও তিনি সুরের মধ্যে ধ'রে ফেললেন৷ এই ক'রে ক'রে সুর আস্তে আস্তে একটা আকারের আধারে আসতে লাগল৷ সে এক অনির্বচনীয় অভিজ্ঞতা! চারদিকে অত লোক, অথচ কেউ দেখছে না, কেউ শুনছে না তাঁর কথা৷ শুধু আমরা দুজনেই এই রাগসন্ধানে মশগুল৷ তারপর সুর একটা আকৃতি নিতে লাগল ক্রমশ৷ বললেন, দেখেছ, কি আশ্চর্য, এই এত বেলাতেও কেমন ভৈরবী৷
চিত্রকর্ম: মিলন মিত্রঠাকুর
এরকম কত গল্প ও ছোট ছোট ঘটনা ঘিরে রেখেছে আমায়৷ আবার কত খসে পড়েছে স্মৃতি থেকে৷ ওপরে গিয়ে যখন দেখা হবে, তখন কথা হবে খুব৷ তিনি হয়তো তখন শুধু বিশ্ব ব্রহ্মা্ণ্ডের অখণ্ড ঐকতান নিয়ে কথা বলবেন না, বলবেন পৃথিবীতে যেগুলির প্রচলন নেই সেই সমস্ত নতুন নতুন সুরের কথা, সুরসাগরের কথা, বর্ণিল সুরলহরীর কথা …
একদিন মনে আছে গ্যাসে নাম লেখাতে গেছি৷ ওঁর ঠিক ঘরের সামনেই গলির তরফে গ্যাসের দোকান৷ খুব গরম সেদিন৷ তার ওপর মনও খুব ভারাক্রান্ত ছিল কোনও কারণে৷ নাম লিখিয়ে ওঁদের বাড়ির খোলা দরজা দিয়ে ওঁর দোতলার ঘরে পৌঁছেছি৷ দেখছি উনি একা, এক মনে কোনও একটা গৎ বাজাচ্ছেন৷ শোনা মাত্র তো আমার হয়ে গেছে! সারা শরীরে শিহরণ, কপালের দিক থেকে ঝর্ণার মত সারা শরীরে নেমে আসছে ঝঙ্কার, চোখের জলে ভেসে যাচ্ছি আমি, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, ব'সে পড়েছি মেঝেতে৷ চোখের সামনে দিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে ঘাঘরা পরা কলসী মাথায় রঙীন মেয়েদের দল, দল বেঁধে আসছে তারা রুক্ষ মরুভূমি পেরিয়ে, দেখছি বিস্তীর্ণ প্রান্তর, ক্যাকটাস, একটা নদী, আরও কত কি৷ তারপর যখন শেষ হল তখন উনি আমায় দেখতে পেলেন৷ নিজেও খুব একটা কথা বলতে পারছিলেন না, গলায় খাদ, ধীরে বললেন, দেবব্রত এসেছ? এবং আমারও তখন যে বিহ্বল অবস্থা সেটা বুঝতে পেরেছেন৷ তারপর ক্রমশ কথাবার্তা শুরু হল৷ আমি বললাম এটা কি রাজস্থানী কোনও লোকসঙ্গীত থেকে রচিত কোনও রাগ? উনি বললেন, হ্যাঁ, তাই তো৷ তারপর রাগের নামটা বললেন, বললেন পুরোটাই রাজস্থানী একটি লোকগীতির রাগায়ন, কে এ রাগের রচয়িতা তাও বললেন, এর পর ঋতুর কথা উঠল৷ একটা ঋতু থেকে অন্য্ একটা ঋতুতে যাবার সময় যে দ্রুত রূপান্তরটা ঘটে সেতারে তার একটা নমুনা শুনতে চাইলাম, মনে আছে সেও অপূর্ব এক অভিজ্ঞতা৷ গ্রীষ্ম থেকে বর্ষা, তারপর শরৎ- ওহ্! এইভাবে ছটি ঋতু নিয়ে সেদিন যে কি একটা অপূর্ব বলয় সৃষ্টি ক'রে তুললেন, চোখের সামনে তাদের রঙগুলি পরতে পরতে সব চলতে থাকল, ছবির মত ভাসতে লাগল, ভিভাল্ডি-র ঋতুচতুষ্টয় শুনেছিলাম, কিন্তু এ আজ কি শুনছি, সব কিছু ছাড়িয়ে চলে যাচ্ছে, ভারতবর্ষের ঋতুগুলির বহুবিচিত্র বর্ণময়তা মৌসুমী সমুদ্রের মত ফুলে ফুলে এসে মিশে চলেছে আমার অন্তরাত্মার মধ্যে৷৷ নয়নজলে ভেসে চলেছি আমি, আর তাই দিয়ে তাঁকে বন্দনা করছি৷ আসবার সময় আমায় একটি কথাই বলেছিলেন সেদিন, "কি বেদনা নিয়ে এসেছিলে, দিয়ে গেলে৷"
তাঁকে দেখেছি নিরবচ্ছিন্ন আনন্দের ভিতরে বাস করতে, তাঁর কথাগুলি যেন সেখান থেকেই উঠে আসত৷ তাঁকে উপভোগও করেছি এই সব কথার মধ্য দিয়ে, আবার তাঁকে পেয়েছি দুঃখের তমিস্রাতেও৷ আজ তিনি নেই, তাঁর অভাব খুব বোধ করি, কখনও একটা হাহাকার এসে গ্রাস করে নিজেকে:
নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন –
দুই তারে জীবনের বাঁধা ছিল বীণ৷
তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন হাহারবে,
সুর হারায়ে গেল পলে পলে৷
হারায় না হয়তো৷ পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন৷
@দেবব্রত চক্রবর্তী৷ এই ইউএলআর ছাড়া আর কোনও জাগতিক পুনর্মুদ্রণ অনুমোদনযোগ্য নয়৷ খুব শীঘ্র এটি পরিবর্ধিত আকারে একটি বইয়ের অন্তর্ভুক্ত হবে৷
নিতাই বসু সম্পর্কে যদি কেউ নূতন তথ্য দেন তাহলে বাধিত হব৷ লিখবেন অথবা বলবেন৷
dr.dchakra@gmail.com
Mob. +91-9432646773
