২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণোদয়ের দিনগুলি: উইমেন্স হল থেকে রোকেয়া হল

নবুয়াত ইসলাম পিনকি

Published : 30 Jan 2020, 09:25 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


(এক)
বন্ধু হও শত্রু হও,
যেখানে যে কেউ রও,
ক্ষমা কর আজিকার মত
পুরাতন বরষেব সাথে পুরাতন অপরাধ যত।

কয়েকদিন যাবত বড় বেশি বিশ্ববিদ্যালয়ের কথা মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জীবনের শ্রেষ্ঠ সম্পদময় দিনগুলো যার কাছে জমা রেখে এসেছি। প্রায় অর্ধশতাব্দী আগে পথ হেটেছিলাম এই প্রাঙ্গনে। অনেকদিন, অনেক ঘন্টা, অনেক মুহূর্ত। ভোলা যায় না অনেক কিছু। ভুলতে পারি না বসন্তের কচি সবুজ পাতার মেলায় কৃষ্ণচূড়ার লালে লাল আকাশ, চৈত্রের ঘূর্নি বাতাসে মেডিকেল কলেজের সামনের রাস্তায় শুকনো পাতার আকাশে ওড়া, বর্ষার তুমুল বর্ষনে, হেমন্তের নরম বিকালে, হাড় কাঁপানো প্রচন্ড শীতে একদল শিক্ষার্থীর আনন্দোচ্ছল কলকাকলি। আহা কি আনন্দ আকাশে বাতাসে …
১৯৬২ সাল, সদ্য ইন্টার মিডিয়েট পাশ করেছি। পড়ার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই একদিন মার্কশীট আর আবেদন পত্র নিয়ে হাজির হলাম পুরাতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (আজ যার নাম ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি বিভাগ), এইটুকু অর্থাৎ এমার্জেন্সি অংশে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকালটি। শহীদ মিনার থেকে টানা চাংখার পোল পর্যন্ত ছিল ঢাকা মেডিকেল কলেজ। হাইকোর্ট, এমনকি ছাত্রাবাসগুলো কি সুন্দর পুরানো স্থাপনার নিদর্শন হয়ে আজও জ্বলজ্বল করছে। অথচ আর্টস ফ্যাকালটির নিজস্ব কোনো পুরানো ঐতিহ্যবাহী ভবন নেই। আমাদের ছাত্রকালীন অবস্থায় আমরা তিন বিল্ডিংয়ে পড়াশুনা করি। প্রথম এই পুরোনো বিল্ডিং যেখানে এখন মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগ, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ শহীদ মিনারের উল্টো দিকে সাইন্স এ্যানেক্স বিল্ডিং এ চতুর্থ বর্ষ (মাষ্টার্স) বর্তমান নীলক্ষেতের ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
রিকশাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে এসে থামলো। রিকশা থেকে নামার সাথে সাথে আমার সমস্ত শরীর অজানা আশংকায় কেঁপে উঠলো। আমি ভর্তি হওয়ার সুযোগ পাবো তো? কি সুন্দর পুরোনো সিংহ দুয়ার, যা আজও আমার মনে ছাপ কেটে আছে। গুটি গুটি পায়ে গেট দিয়ে ঢুকলাম। আমি একা। ভয়ে বুক টিপ টিপ করছে। সাধারণ মানের স্বল্প পরিসরের ক্যাম্পাস। একটু এগুতে বা দিকে বেলতলা। কয়েকটা চেয়ার ছড়ানো, ছিটানো। ছাত্ররা বসে গল্প করছে। তারপরই সাদা একতালা কয়েকটা ইটের ঘর। উপরে টিনের ছাদ। এই ঘরগুলোতে আমাদের বাংলা টিউটোরিয়াল ক্লাশ হোতো। ডানদিকের প্রান্তে সবুজ ঘাসে ঢাকা চত্বরের মধ্যে সেই বিখ্যাত ঐতিহাসিক আম গাছ, মধুর ক্যান্টিন, ডাকসু অফিস। সামনে সরাসরি একটা টানা কয়েকটা ঘর নিয়ে একটা জীর্ণ পাকা বাড়ি। তার সামনে অল্প প্রশস্ত বারান্দা। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে বারান্দায় উঠলেই পলিটিক্যাল সাইন্স ডিপার্টমেন্টের অফিস রুম। ডানদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত দোতালা বিল্ডিং। কাঠের সিঁড়ি বেয়ে দ্রুতগতিতে ছাত্রদের ওঠানামার ধুপধাপ শব্দ, হিল তোলা জুতার খটাখট শব্দ। নিঝুম দুপুরে আমাদের সাবসিডিয়ারি ক্লাসে আবু হেনা মোস্তফা কামাল স্যার পড়া থামিয়ে চুপ করে থাকতেন যতক্ষন না জুতার হিলের শব্দ মিলিয়ে না যেত। স্যার বৈষ্ণব পদাবলী পড়াতেন। আমরা মুগ্ধ হয়ে স্যারের বক্তৃতা শুনতাম। কত নিঃশব্দ সুনসান দুপুরে সেই কাঠের সিঁড়ি বেয়ে উঠে আসা কারো কারো "এই রাত তোমার আমার"–শীষ মনকে উদাস করে কোথায় ভাসিয়ে নিয়ে যেত! সেই সাথে মাঝে মাঝে রেলগাড়ির হুইসেল মনকে আনমনা করে তুলতো। মেয়েদের কমনরুম ওই বিল্ডিংয়ের উপরেই ছিল। নিচে লাইব্রেরী রুম ছিল।
আমি ঠিক বলছি কিনা জানি না, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাশের প্রথম শিক্ষক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার। একতালার একটা রুমে ক্লাশ হতো। আমরা গুটিকয়েক ছাত্রী সামনের বেঞ্চে বসেছি। কেউ কাউকে চিনি না। ক্লাশ নেওয়ার জন্য যিনি প্রবেশ করলেন তাকে আমার টিচার মনে না হওয়ার বেদনা ও লজ্জা আমারই! ইস্ত্রিহীন শাদা পায়জামা, খদ্দরের বহু ব্যবহৃত পাঞ্জাবী, স্যান্ডেল পরা, হালকা পাতলা গড়নের মাথায় ঝাঁমড়ানো আধাপাকা চুল। মনে হয় চুলে চিরুনি পরে নাই কয়েকদিন। বগলে রোল কলের খাতা। দূর থেকে বারান্দা দিয়ে হেঁটে আসছেন, হাতে সিগারেট না বিড়ি জানিনা, তাতে শেষ টান দিয়ে ফেলে দিয়ে ক্লাশ রুমে ঢুকলেন। জানতাম এক কালে দপ্তরিরা ক্লাশ রুমের টেবিলে রোল-কল খাতা রেখে যেত ……………. তেমনি হয়তো! আজও যদি এইকথাটা মনে পড়ে লজ্জায় ম্লান হয়ে যাই। কি জানি কি অন্যায় ভুল আমি করেছি। পরবর্তীতে দেখেছি আমাদের কিংবদন্তীসম এই রাজ্জাক স্যারকে দেখেছি আর মুগ্ধ হয়েছি তার অগাধ পান্ডিত্য দেখে।
প্রত্যেকটা ক্লাশ শেষে স্যাররা প্রচুর রেফারেন্স বইয়ের নাম দিচ্ছেন। তার জন্য লাইব্রেরিতে যেতাম ঠিকই। স্যারদের রেফারেন্স বই দু'একটা পেতাম, কিন্তু কোথা থেকে কি নোট করতে হবে বুঝতাম না। সেদিনও যেমন বুঝতাম না মনে হয়, আজও বুঝতে পারবো কিনা সন্দেহ। আমি বাংলা বইয়ের লিস্ট থেকে তারাশঙ্কর, মানিক বন্দোপাধ্যায়ের উপন্যাস স্লিপ কেটে নিয়ে পড়তে বসতাম। মাঝে মাঝে উদাস হয়ে ভাবতাম, এই লাইব্রেরি রুমে কত জ্ঞানী, বিদ্বান ও বিখ্যাত ব্যক্তিদের আসা যাওয়া ছিলো। তারা এই টেবিল চেয়ারে বসতেন। এই রুমে অনেকটা সময় কাটাতেন ভাবতেই ভালো লাগতো। সবচেয়ে বেশি ভাবতাম বুদ্ধদেব বসুর কথা। ওই সময় বুদ্ধদেব বসুর প্রখ্যাত কবি-লেখক হিসাবে পরিচিতি ঘটেছিলো। আমিও আমার প্রিয় লেখক হিসাবে মনের কোনে একান্ত একটি স্থান দিয়েছিলাম তাঁকে, তাঁর বিখ্যাত উপন্যাস তিথিডোর পড়ে। আমি হলফ করে বলতে পারি ষাট দশকে আমাদের বয়সী সকলের পড়াছিলো এই বইটি। তিথিডোর-এর নায়ক নায়িকাকে নিয়ে আমাদের মধ্যে তুমুল আলোচনা চলতো। রোমান্টিসিজমে ভরা বইটি আমাদের ভাসিয়ে নিয়ে যেত কোথায় কোন সুদূরে। আর একটা বুদ্ধদেব বসুর বই পড়েছিলাম তখন–ভাসো আমার ভেলা। ছোটো ছোটো গল্প। অত্যন্ত আকর্ষণীয়। অপূর্ব ছিলো গল্পগুলি।

২
এবার ফিরে আসি আসল জায়গায়, যাকে আজও বহতা নদীর মত বুকে বয়ে নিয়ে চলেছি। আমরা উইমেন্স হলের ছাত্রী, অতএব আমাদের ভর্তি, হোস্টেলের গিটের আবেদন সংক্রান্ত সকল কাজে উইমেন্স হলেই আসতে হয়েছে। যার নাম পরিবর্তিত হয়েছিলো রোকেয়া হল নামে যখন আমরা দ্বিতীয় বর্ষে উঠেছিলাম যার কাছে আমার জীবনের অমূল্য চারটা বছর জমা রেখে এসেছি যা কোনোদিন ফিরে পাবো না।
উইমেন্স হলের আবাসিক ছাত্রী হয়ে একদিন যথারীতি গেটের সামনে আমার রিকশা এসে থামলো। এই সেই গেট যা পরবর্তী চার বছর সন্ধ্যা ছয়টার ত্রাস-চিহ্ন হয়ে বুকে গেঁথে আছে। ঠিক ছয়টায় গেট বন্ধ হয়ে যেত। কি কঠিন করুন নিয়ম ছিল! কোনও কারণে দু'এক মিনিট তো দেরি হতে পারে। এ ব্যাপারে কোনও শিথিলতা নাই বা কর্তৃপক্ষ কোনও জবাবদিহিতা শোনার প্রয়োজন বোধ করতেন না। গেটের ভিতরে অনতিদূরে ছোট্ট একটা টেবিলের উপর একটা মোটা বাঁকানো লম্বা চওড়া খাতা আর পেন্সিল রাখা থাকতো। আবাসিক ছাত্রীদের স্বাক্ষরসহ কয়টায় বার হওয়া এবং ফেরা খাতায় উল্লেখ করতে হতো। ছয়টা বাজার সাথে সাথে দারোয়ান ছোঁ মেরে খাতাটা নিয়ে প্রভোস্টের হাতে দিতো। প্রভোস্ট আপা নিজের বারান্দায় বসে থাকতেন। সন্ধ্যার মধ্যে জেলখানার মধ্যে ঢুকিয়ে ফেলার দায়িত্ব তাদের, যদি কোনও ছাত্রী ছটার মধ্যে ঢুকতে না পারে তার এখন কি অবস্থা হবে? সে এই সন্ধ্যায় কি ভাবে লোকাল গার্জেনের বাসায় ফিরে যাবে, তার কি হবে কে জানে? আমার ভাবতে আজও কষ্ট হয় কি নির্মম একটা নিয়ম। সেই লর্ড কর্ণওয়ালিশের "সূর্যাস্ত আইন" যেন ! আমি হলফ করে বলতে পারি সেই সময় আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা বা মেয়েরা অত্যন্ত নম্র, ভদ্র ও শালীন ছিলো। উচ্ছৃঙ্খল ছিলো না কেউ। তবুও তখন সেই অদ্ভুত নিয়ম প্রচলিত ছিল।
লোহার সাধারণ গেট। দরজার একটা পাল্লায় চারকোনা কাটা ছোটো দরোজা। এটা খোলা থাকে। গেট দিয়ে ঢুকতে সামনেই দাঁড়ানো দারোয়ান। পরে জেনেছি তার নাম নমি, উর্দু ভাষী, ভালো স্বাস্থ্য, লম্বা, মাথা ভর্তি কাঁচা পাকা চুল। ভাবলেশহীন, গম্ভীর প্রকৃতির। রবোটের মত ছিলো। আর একজনকে পাশেই দেখলাম। উনি হাসি খুশী, ছাত্রীদের প্রতি দরদ ছিলো। তাঁর কাঁচা পাকা দাড়ি ছিলো। তাঁর নাম ছিলো মনিরুদ্দীন। দুজনেই খাকি ড্রেস পরা।
গেট ছেড়ে এক পা এগুতে ডানদিকে একতালা শাদা ছোট্ট একটা ঘর। ভিজিটার্স রুম প্রতিদিনের। আর একটু এগুতে বেড়ার লম্বা তিনফুট বারান্দাসহ টিনসেডের একটা লম্বা ঘর। এটা সাপ্তাহিক ভিজিটার্স রুম। তারপরেই একটা পথ ডান দিকে সোজা চলে গেছে সুন্দর একটা মডার্ণ একতালা বিল্ডিং পর্যন্ত। পথের দু'পাশে কেয়ারী করা বাগান, নানান ধরনের ফুলে ফুলে ভরা। এরমধ্যে অন্যতম নানান রঙের গোলাপ ফুল আর মাঝারী ফুলের গাছ যেমন গন্ধরাজ, টগর, জবা ইত্যাদি। বড় বড় গাছে ঢাকা ছায়া ঘেরা এই বাড়িটা ছিলো প্রভোস্টের। বাঁ দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। চোখ ভরে গেলো দীঘির মত একটা পুকুর। থই থই করছে কালো পানিতে। পাড়ে বিশাল গুড়িআলা প্রায় শতবর্ষী এক মহীরুহ। কালো বৃত্তাকার তার ছায়া পুকুরের এক তৃতীয়াংশ ও পাড়ের সবুজ মাঠের অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। দূরে দক্ষিণ দিকে বাঁধানো ঘাট। এই পুকুর আর এই গাছ আমাদের খুব প্রিয় ছিলো। আমরা গাছের শিকড়ে বসে পানিতে পা ডুবিয়ে গল্প করতাম কতদিন। কত ঘন্টা তার হিসেব নাই।

৩
উইমেন্স হলের ক্যাম্পাসটা অনেক বড়। গোলাকার শাদা উঁচু দেয়াল দিয়ে ঘেরা। গেট থেকে একটু এগুলে বাঁ দিকে সবুজ ছাঁটা ঘাসের মধ্যে ছোটো ছোটো লাল পাতার গাছ দিয়ে ইংরেজিতে WOMEN'S HALL' লেখা। তার পাশে চারকোনা একটা পিলার। যার মধ্যে লম্বা একটা স্ট্যান্ড লাগানো ছিলো। তখনকার স্বাধীনতা দিবসে এই স্ট্যান্ডে পতাকা ওড়ানো হোতো। আর একটু এগুলোই ডান দিকে সেই বিখ্যাত দোতালা বাড়ি, যার নাম 'হুদা হাউজ'। দোতালার সামনে টানা বারান্দা আর পূর্ব দিকে কোনায় সেই বিখ্যাত গোল বারান্দা। বাড়িটায় একতালায় অফিস ঘর। দু'তিন ধাপ সিঁড়ি বেয়ে উঠতেই অফিসের মুখ্য-কারণিক মমতাজ আপার সেই বিশেষ কন্ঠস্বর যা আজও এক হাজার মহিলার কন্ঠস্বরের মধ্যে শুনলেও চিনতে পারবো। মমতাজ আপা হাসি খুশী ধরনের মানুষ ছিলেন। এখান থেকে অর্থাৎ অফিস রুম পর্যন্ত একটা সীমানা। আর এক পা এগুলো যাবে না, একমাত্র আবাসিক ছাত্রী ছাড়া। ঠিক অদ্ভুত নিয়ম।
এই হলে ভর্তির ফর্ম জমা দেওয়া, হোস্টেলের সিটের আবেদন ও সিটের ইন্টারভিউ ইত্যাদি শেষ হওয়ার পর একদিন বিকাল পাঁচটায় হলের গেটে এসে দাঁড়ালাম। পান খাওয়া ঠোঁটে মনিরুদ্দীন ভাই মুখে হাসি নিয়ে এগিয়ে আসলেন। হোস্টেলে বসবাসের জন্য সঙ্গে এনেছিলাম ট্রাঙ্ক আর বেডিং। মনিরুদ্দীন ভাইয়ের পেছন পেছন গিয়ে পৌঁছালাম সেই অফিস ঘরের বারান্দায় উঠলাম। অফিস ঘরটার পর দোতালায় ওঠার কাঠের সিঁড়ি। সিঁড়ির বাঁ দিকে একটা বড় হল ঘর। হলঘর পেরিয়ে অর্ধ গোলাকার ছোটো একটা ঘরে ঢুকে উনি আমার মালপত্র খাটের উপর রাখলেন। বুঝলাম এটাই আমার জন্য বরাদ্দ প্ ঘর এবং খাট। খাটের পাশে হাসপাতালের মত ছোটো সাইজের সাইড বক্স। সেটার উপরে দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র রাখা আর নিচের তাকে থালা বাসন, কাপ এবং খাদ্য দ্রব্য রাখার ব্যবস্থা। ঘরটার সাথে লাগোয়া বাথরুম। থ্রি সিটেড রুম। দুই রুমমেটের সাথে পরিচয় হলো। একজনের নাম বিউটি। অপূর্ব মিষ্টি চেহেরার কাটাকাটা মুখাবয়ব, পিঠ ছাপানো কালো চুল, খুব হাসি খুশী। বাংলায় ভর্তি হয়েছে। ওর মধ্যে রসবোধ ছিলো প্রচুর। আর এক জনের নাম আপেল, সমাজ বিজ্ঞানে ভর্তি হয়েছে। সব সময় মাথার যন্ত্রনায় ভুগতো। একটু গম্ভীর, দেখতে সুন্দরী বলতে যা বোঝায়, লম্বা, ছিপছিপে, ফর্সা, লম্বা চুল, কাটাকাটা তীক্ষ্ম মুখের গঠন।
ততক্ষণে সন্ধ্যা পার হয়ে গেছে। আমাকে নিয়ে ওরা রোল কলের জায়গায় চলে এলো। আসার পথে হলঘরের অবস্থা দেখলাম। দুপাশে এবং মাঝখানে ঢাকা মেডিকেল কলেজের ওয়ার্ডের মত বেড। হলঘরের মেয়েরাও আমাদের সাথে চললো। দোতালা থেকে মেয়েরা দ্রুত পদে নেমে এলো। রোলকল করলেন সুপার ভাইজার জাহানারা আপা। মোটা সোটা। নির্বিকার। নির্লিপ্ত ও নিরাসক্ত মুখ। কম কথা বলতেন। ওনার "এই মেয়েরা" ডাক আজও আমার কানে বাজে। রোল কলের পর সবাই ডাইনিং রুমের দিকে ছুটলো। ডাইনিং রুমটা দেখে মনটা ভরে গেলো। কি সুন্দর, একতালা। তখনকার সময়ানুযায়ী মডার্ণ বিল্ডিং। মাঝখানে বহুবর্ষী এক আম গাছকে দু'ফিট দেওয়াল দিয়ে বৃত্তাকারে গ্লাস দিয়ে ঘিরে ছাদের উপর দিয়ে বার করে দেওয়া হয়েছে। বড় বড় পাতাআলা মানি প্ল্যান্ট লতা গাছটাকে জড়িয়ে আছে। কি যে সুন্দর বলার নয়। ডাইনিং রুমটার গাছের একপাশে থরে থরে খাওয়ার টেবিল, আর এক পাশে মেয়েদের কমন রুম। খাওয়ার পর সাধারণতঃ ছাত্রীরা কমনরুম হয়ে নিজ কক্ষে ফিরে যেত।
রুমে ফিরে আসলাম। কয়েকজনের সাথে পরিচয় হলো। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম, কোথায় এলাম, কেমন কাটবে এখানে! পরিচয় হলো মাহেরু, খোদেজা, শেফালী, মেহেরুন–ওরা সবাই বাংলা বিভাগে ভর্তি হয়েছে। খোদেজা পড়াশুনায় খুব সিরিয়াস ছিলো। একটু স্বাস্থ্যবতী, গোলমুখ, লাবন্য ভরা। মিষ্টি দেখতে ছিলো মাহেরু। ওর চিমটি খেতে খেতে জীবন অতিষ্ঠ হয়ে যেত। শেফালী তো দারুন কাটাকাটা চেহারা আর বড় বড় চোখের অধিকারিনী ছিলো। মেহেরুন ফর্সা, ছিপছিপে এক কথায় সুন্দরী ছিলো। হাসিটা অপূর্ব ছিলো। ভাবলাম এদের সাথে দিন ভালোই কাটবে। ওরা সবাই ভালো এবং আন্তরিক।


৪
সকাল বেলা রুমমেটদের সাথে টিফিন আনতে গেলাম। ডাইনিং রুমের পাশের ঘরে মোড়ায় বসে মাসিমা টিফিন বিতরণ করতেন। মাখন লাগানো এক স্লাইজ পাউরুটি, যারা চা খেত তাদের হাতে কেটলি। রান্নাঘর থেকে গরম পানি দেওয়া হোতো। মাসিমা নরম প্রকৃতির ছিলেন, লাল পাড় শাড়ি পরা ফর্সা, গোলগাল চেহারার ছিলেন, রান্নাঘরের ম্যানেজমেন্ট ওনার হাতেই ছিলো। রান্না ঘরের পেছনে স্বল্প পরিসরের অঙ্গন যা শুকনো পাতায় আর গাছ গাছালিতে ভরা, তার পাশে একটা চারতলা বিল্ডিং নির্মাণ হচ্ছিল, ওটা হাউজ টিউটরদের কোয়ার্টার হবে। ডাইনিং রুমের সামনে অল্প প্রশস্ত পথ টানা দক্ষিণ দিকে চলে গেছে একটা অর্ধচন্দ্রাকৃতি দোতালা বিল্ডিং পর্যন্ত। ওই বিল্ডিংয়ের নাম ছিলো অনার্স বিল্ডিং। এই পথটার দুপাশে সবুজ ঘাস আর মাঝারী ফুলের গাছে ভরা ছিলো। এই সবুজ ঘাসের উপরে দল বেঁধে বা যৌথ ভাবে কত হেঁটেছি। কত তুচ্ছ ঘটনা, কত অহেতুক কথা, বকবক করেছি। যেন কথার কোনো শেষ নেই। অকারণ হাসি। ইথারে ইথারে ছড়িয়ে পড়েছে। মনে হতো গোধুলীর সোনা রং, আর রাতের কালো নীল আকাশের তারাগুলো করে ঝরে পড়তো। মুগ্ধ হয়ে তাদের পরশ অনুভব করতাম। একটা ছোটো বাগান বাড়ি, বহুবর্ষী গাছ, আর ফুলের গাছে ভরা বিস্তৃত প্রাঙ্গন, দীঘির মত পুকুর, অসংখ্য মনের মত বন্ধুদের নিয়ে এই পরিমন্ডলে মোরা ফেরা এ যেন পরম পাওয়া। আর এই অনার্স বিল্ডিংয়ের সামনে ছিলো অর্ধ গোলাকৃতি এক বিশাল মাঠ। দেয়ালের পর রাস্তা তারপর জগন্নাথ হল। এই মাঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হোতো। মিঃ এ্যাড মিসেস কফির পরিচালনায় প্রতিদিন বিকালে এই মাঠে খেলাধুলা এবং নানা ধরনের ক্রীড়া চর্চা হোতো। কয়েক মাস বা এক বছর পরে আমরা এই অত্যাচার থেকে রক্ষা পাই। তাঁরা দু'জনেই ফিরে যান নিজেদের দেশে। এই মাঠের বাঁ দিকে ছিলো সেই বাঁধানো ঘাট। কত সন্ধ্যায় এই ঘাটের সিঁড়িতে কেউ কেউ পা ডুবিয়ে, কেউ কেউ দাঁড়িয়ে থাকতাম, কেউ বসে থাকতো। অজস্র কলকন্ঠে ঘাট মুখরিত হয়ে উঠতো। এরমধ্যে যারা গাইতে জানতো গলা ছেড়ে গেয়ে উঠতোÑ
"আজ জ্যোস্না রাতে সবাই গেছে বনে……………..
বসন্তের এই মাতাল সমীরণে,
একটার পর একটা গান গান চলতো। যেমন:
"এই বালুকা বেলায় আমি লিখছিনু
একটি সে নাম আমি লিখেছিনু,
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম।"
"আমি ঝড়ের কাছে রেখে গেলাম
আমার ঠিকানা।"
কি রোমান্টিক প্যাথোজ গান, যার পরশ আঠারো উনিশ বছরের তরুনী মনকে আলোড়িত করে বাতাসের সাথে মিলে মিশে দূরে মিলিয়ে যেত। আমরা সবাই হাসি আর একবুক আনন্দ নিয়ে যার যার রুমে ফিরে আসতাম।
৫
ডাইনিং রুম আর অনার্স বিল্ডিংয়ের মাঝখানে এক বিশাল সুউচ্চ চারতালা বিল্ডিং নির্মাণ হচ্ছিল। এই বিল্ডিংকে আমরা এম,এড বিল্ডিং বলে উল্লেখ করতাম। এই বিল্ডিংয়ের একতালা খোলামেলা ছিলো। খুব ভালো লাগতো। পরে ওখানে প্রভোস্টের মিটিং, সন্ধ্যায় রোল কল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল হতো। সেই সব সময় দক্ষিণ দিক থেকে উবাল পাগল বাতাস আমাদের চুল উড়িয়ে দিয়ে উত্তরে ডাইনিং রুমের উপর দিয়ে বয়ে যেত।
এই বিল্ডিংয়ে লিফট ছিলো। ফ্রি সিটেউ রুম, রুম লাগোয়া বাথরুম। সেই যুগের হলের জীবনে লিফট, এটাচড্ বাথ চিন্তাই করা যায় না। এই বিল্ডিংটার নিচ তলায় প্রতিদিন সন্ধ্যায় হলের ধাপা বাসুদেব কাপড়ের গাট্টি নিয়ে বসতো। কাপড় দেয়া নেয়ার মাঝে পা ছড়িয়ে আমি আর বকুল তার পারিবারিক কাহিনী শুনতাম। কোথা হতে তার আগমন, কতদিন আগে, কেন এসেছেন? ইত্যাদি। বাসুদা ছোটো খাটো ছিলেন। স্বাস্থ্য ভালো ছিল, মজবুত, রঙ কালো। দক্ষিণ ভারতের ছিলেন, মোটামুটি দেশীয় টানে বাংলা বলতেন।
প্রতিদিনের জীবনযাত্রা অনুযায়ী হলের বরাদ্দকৃত মাখন দেওয়া এক স্লাইজ পাউরুটি, নিজের পয়সায় কেনা একটা কলা ও ডিম সিদ্ধ খেয়ে ওল্ড বিল্ডিংয়ে ক্লাশ করতে দৌঁড়াতাম। আমাদের পলিটিক্যাল সাইন্সের সব ক্লাশ সকালে হোতো। দুপুর দেড়টার মধ্যে সব ক্লাশ শেষ। আমাদের হলের গেটের উল্টাদিকে পাবলিক লাইব্রেরির (বর্তমান এটা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি) কোনা থেকে আমরা ছাত্রীরা বাসে করে ওল্ড ইউনিভার্সিটিতে যেতাম। পাবলিক লাইব্রেরির উল্টো দিকে ছিলো কাঠের ফেন্স দিয়ে গোল করে ঘেরা বিশাল রেসকোর্সের মাঠ। এই রেসকোর্সের মাঠে কত হেঁটেছি সতীর্থদের সাথে। ভার্সিটি থেকে ফিরে সোজা ডাইনিং রুমে। ঠান্ডা ভাত তরকারী (মানে ভাজি, আর এক টুকরা ইলিশ মাছ) আর বিখ্যাত "ডাইল" দিয়ে খাওয়া পর্ব সারতাম। আহবাব স্যারের (আহবাব আহমেদ, স্বল্পকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরে সিএসপি অফিসার) বর্ণনা মতে হলে দিবসের প্রথম ভাগে যখন ভাত খাওয়া হয় তখন ওটা "ডাল", আস্তে আস্তে দুপুর গড়ালে ওটা "ডাইলে" পরিণত হয়ে যায়। প্রথমার্ধে ডালের নিচের ঘন অংশটুকু খাওয়া হয়ে যেত, তারপর পড়ে থাকা ডালের উপরাংশের তরল পানি, আরও কিছু পানি মিশ্রিত আর দুই এক কুচি ডালের কণা– এটাই "ডাইল"।
ডাইনিং রুম থেকে সোজা চলে যেতাম রুমে। চারটার মধ্যে বাবু নামে একজন রুমে এসে টিফিনের টাকা নিয়ে যেত বয়স ২২/২৩ হবে, ফর্সা, পরিষ্কার-পরিচ্ছন্ন লুঙ্গী আর শার্ট পরা, হাতে নোটবই ও খাতা। প্রতিদিনই ছাত্রীদের ফরমায়েস ছিল ডিম, কলা, বিস্কিট, চাপাতা, চিনি, দুধ। সন্ধ্যার পর দেখতাম বাবু ঠিক হিসাব মত টাকা পয়সা ও জিনিষ টেবিলে রেখে গেছে।
বিকালে চা নাস্তা খাওয়ার জন্য যেতাম হোসেন ভাইয়ের ক্যান্টিনে, এই হোসেম ভাই ছিলেন হল অফিসের কর্মচারী। বিকালে ছাত্রীদের জন্য ক্যান্টিন চালাতেন যেখানে কেক, সিঙ্গারা, প্যান্টিস, বিস্কুট, ডিম অমলেট, পাউরুটি টোষ্ট ও চা ইত্যাদি থাকতো প্রতিদিন বিকালে আমরা সবাই ভিড় করে চা, সিঙ্গারা ইত্যাদি খেতাম। হোসেন ভাই আমাদের হল মেসের দৈনন্দিন বাজার ও মাসকাবারী বাজার করতেন। শ্যামলা মাঝারী উচ্চতার সাধারণ মুখাকৃতির মানুষ ছিলেন, সারাক্ষণ বকবক করতেন।
এরমধ্যে আর একজন ব্যক্তির কথা তো না লিখলেই নয়। তিনি হচ্ছেন সুইপার পিয়ারী লাল। লম্বা, কালো পেটানো একহারা ছিপছিপে গঠনের ছিলো। ঘন কালো চুল মাড় পর্যন্ত। ওর কাজ ছিলো আমাদের সকল অনিয়মের ফরমায়েস খাটা। প্রতিমাসে আমাদের হলে মাস শেষে ফিস্ট হোতো। ফিস্ট মানে Improved diet। সেদিন আমাদের ফূর্তি ফূর্তি ভাব, বিকাল থেকে হৈ হৈ সাজ সাজ রব। এই ফিস্টের পর আমাদের পান খাওয়ার শখ হোতো। এই শখ পিয়ারী লালের সাহায্যে পূরণ হোতো। আমরা পিয়ারী লালকে দিয়ে পান আনিয়ে খেতাম। একদিন ধরা পড়লাম। পিয়ারী লালের হাতে পান এনে খাচ্ছি শুনে শুচি বায়ুগ্রস্ত সহপাঠীরা নাক সিটকিয়ে ছিঃ ছিঃ করতে লাগলো। কেনরে বাবা! এই সন্ধ্যা বেলায় গোসল করা ফিটফাট কাপড় পরা পিয়ারী লালের হাতে কি 'গু' লেগে আছে?
৬
বিশ্ববিদ্যালয়ের জীবন আর উইমেন্সের হলের জীবন সমান্তরাল ভাবে ভালোই চলছিলো। প্রতিদিন ক্লাশে নিয়মিত যাতায়াত করতাম। ক্লাশের সবার সাথে আস্তে আস্তে আলাপ পরিচয় শুরু হলো। প্রথমেই ঘনিষ্ঠতা নার্গিসের সাথে। বন্ধুত্ব হয়ে গেলো কি অদ্ভুত! তারপর জাহানারা খুকু, ফরহাত, সাবিহা, রোকেয়া, শামসুন, নাজনীন, নাজমা আরো অনেকে।
চামেলী হাউজের (যার আরেক নাম হুদাহাউজ) একতালার হলঘরে ছিলো রওশন আফতাব, রোকেয়া, ফরহাত আর একজন ইকোনমিকসের ওর নাম মনে পড়ছে না। অনার্স বিল্ডিংয়ের দোতালায় থাকতো রীতা, খুকু, ফরহাত, সাবিহা, রিয়া, জুয়েল, রঞ্জু, শোভা, রেণু। সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে দোতালার দিকে ছুটতাম। ওখানে বসতো এক মজার আসর। সংখ্যাগরিষ্ঠ আমরা Political Science এর অতএব আমাদের ক্লাশ টিচার এবং ছাত্রদের নিয়ে ছিলো আমাদের আলোচনা আর হাসাহাসি, আমাদের সময় Political Science ছিলো একটা Rich Department। আমাদের ক্লাশটাও ছিলো তাই। ইন্টার মিডিয়েটের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই তিনজনই আমাদের ক্লাশে ছিলো। ছেলেরা স্যারদের প্রশ্ন করে যা জ্বালাতো, পেছনে তো পা ঘষাঘষি ফিসফিস সারাক্ষণই চলতো। নিরীহ প্রকৃতিরা চুপচাপ বসে ক্লাশের লেকচার শুনতো। পেছনে বসার মধ্যে শামীম হুদা আর বেণুর নাম উল্লেখযোগ্য। ওদের ফাজলামি বলার নয়। শামীম আর বেণু সাইন্স এ্যানেন্স বিল্ডিংয়ে কি দ্রুত গতিতে সশব্দে ভেসপা নিয়ে ঢুকতো। বারান্দায় দাঁড়িয়ে থাকা আমরা চমকে উঠতাম। কে যেন শামীমের নাম রেখেছিলো–"স্ক্যান্ডিফলোস"। শামীম, বেনু, আরবাব এদের বিরুদ্ধে সেই সময় কেউ কথা বললে কষ্ট পেতাম, কারণ ওরা আমার সবচেয়ে বড় বোনের ছেলেদের বন্ধু ছিলো। বাড়ির ছোট মেয়ে বলে ভাগনেদের বন্ধুদের সতীর্থ হয়ে গেছি। এক ভাগনে বাবুল তো আমার সতীর্থ হয়ে গেছে। স্যারদের মধ্যে ভালো লাগতো মশিউল করিম স্যারকে। বাদ বাকী স্যারদের নিয়ে আমরা অনেক মজা করতাম, যদিও সব স্যারদেরই আমাদের পছন্দ ছিল।
হাস্যকৌতুক রস খুকুর মধ্যে প্রচুর ছিলো। খুকু আমাদের অনেক আনন্দ দিয়ে সুপারভাইজার আপার গলা অবিকল নকল করতে পারতো। আপার বলা "এই মেয়েরা"–নকল করে বলার সাথে সাথে আমরা হেসে গড়িয়ে পড়তাম।
বিশ্ববিদ্যালয়ের জীবন আর উইমেন্স হলের জীবন সমান্তরাল ভাবে ভালোই চলছিলো ক্লাশে এবং কমন রুমে অনাবাসিক সতীর্থদের সাথে আলাপ ঘনিষ্ঠতা হয়ে গেলো। যেমন আজমেরী, শিরিন, বাবলী, নার্গিস, রেখা, শওকত, নার্গিস মুর্শিদা, সাহানা, মনিকা, কিশোয়ার, অপি, রুকু, ডেইজী, ফেরদৌস আরো অনেকে। ধুমসে আড্ডা আর নিত্য চা সিঙ্গারা খাওয়া চলতে লাগলো। এই চা সিঙ্গারা বিখ্যাত আমতলার সামনে বাঁশের বেড়া আর টিনের ছাউনির মধুর ক্যান্টিন থেকে যতদূর মনে হয় বলাই নামে ফর্সা একটা ১২/১৩ বছরের ছেলে নিয়ে আসতো। পরে মাস্টার্সের সময় বর্তমান ঢাবিতে মধুর ক্যান্টিনে আমরা নিজেরাই গিয়ে খেতাম। অনেক সময় বাকিতেও খেয়েছি। মধুর ক্যান্টিনের কথা উঠলেই মধুদার গোলগাল সদা হাস্যময়, স্মৃতিময় মুখটি ভেসে উঠে।
মনে পড়ছে আমার বিয়ের পর আমরা দু'জন সম্ভাব্য ধার শোধের আবেদন নিয়ে মধুদার কাছে গিয়েছিলাম। মধুদা হেসে বলেছিলেন–"ধার শোধ করা লাগবে না দিদি। একজোড়া পায়জামা পাঞ্জাবী দিবেন। মধু'দার সে আবদার আমার রাখা হয় নাই।


৭১ এর ভয়াল ২৫ শে মার্চের রাতে হানাদার বাহিনীর হাতে মধুদা, বাসুদা, নমি আরও অনেক শহীদ হন। রোকেয়া হলের দক্ষিণ দিকে দেয়ালের ও পাড়ে হলের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টার ছিলো। একটা বিশাল গাছের পাশেই ছিলো এই কোয়ার্টার। রোকেয়া হল ছাড়ার পরও বাসুদার কাছে কতবার গেছি শাড়ি ধোয়ার জন্য আর শাড়ি নিয়ে আসতে। বাসুদার হাতে কাঁটা করা, আঁব দেওয়া, ইস্ত্রি করা শাড়ি যা অল্পদামের শাড়িকেও অন্যমাত্রায় নিয়ে যেত। ভাঁজ ভেঙ্গে শাড়িটা পরতেই মনটা তৃপ্তিতে ভরে উঠতো। ওই সময় বাসুদার কাছে আমার তিনটা শাড়ি ছিলো। বাসুদা ও মধুদাকে নিয়ে লেখা কবি ফারুক আলমগীরের কবিতায় একটা বর্ণনা পাওয়া যায়। প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। ২৫ শে মার্চের কয়েকদিন পরও আমি সেই কোয়ার্টারে যাই। জানি কাউকে দেখতে পাবো না, জানবো না কি হয়েছিলো? দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। গাছের পাতাগুলো বাতাসের সাথে মিশে ফিসফিস করে বলছে–"আমরা দেখেছি সেই ভয়ঙ্কর মুহুূর্তগুলোকে কিন্তু কিছু করতে পারি নি"।
পায়ের নরম ভেজা ঘাস সেও বলতে চাইছে– "আমরা শুনেছি সেই মরণ যন্ত্রণার আর্ত চীৎকার কিন্তু কিছু করতে পারি নি"। নেই কোন উত্তর। চলে এলাম। কিন্তু রেখে এলাম এক বুক ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জল। কবিতাটার কয়েকটা লাইন উদ্ভুত করলাম:
এই তো সেদিন
সত্তুরের ১৭ই মে'র পরে এক বিকালে
প্রথম যুগলের সংগে দেখা হলে
মধু'দা চেয়েছিলো
একটা গরজের পাঞ্জাবি তোমার কাছে
আর আমার সামনে যথারীতি তুলে ধরেছিলো
হিসাবের দীর্ঘ খাতাটি
তুমি গিয়েছিলে বাসুদার কাছে শাড়ী কাটা করতে
মধুদাকে তুমি পাঞ্জাবি দেয়ার সময় পাওনি
এবং নামটির জন্যে কি সুন্দর পোশাকটি
ঘৃণ্য হয়ে উঠেছিলো তোমার কাছে
অন্য কোন নাম দেয়া যায় না পাঞ্জাবির?
বাসুদার কাছ থেকে
তোমার শাড়ীটিও নেয়া হয়নি
পঁচিশের রাতে বসুদার নিপুন হাতে কাটা
তোমার শাদা জামদানী
রূপান্তরিত হয়েছিলো
স্বাধীন বাংলার পতাকায়।
দেখতে দেখতে একটা বছর যেন শেষ হয়ে যাচ্ছে দ্রুত আমাদের কলকাকলীতে। আগেই বলেছি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর ছাত্রী ভর্তি হয়। উইমেন্স হলে স্থান সংকুলান না হওয়ায় ধানমন্ডিতে "লাক্সারী হাউজ" নামে একটি দ্বিতল বাড়ি ভাড়া করা হয়। সেখানে আমার বোন জিনাসহ অন্যান্যরা সিট পায়। এদের মধ্যে ছিলো বকুল, সেলিনা, মীরা, নাজমা, ডলি, লবি, প্রীতি, ফরিদা ও শেফালী (ম্যাথ)। প্রথম বর্ষ শেষ হওয়ার পরপর ওরা চলে আসে উইমেন্স হলে সদ্য শেষ হওয়া হাউজ টিউটর কোয়ার্টারে।
ভীষণ ভালো লাগলো। মিশে গেলাম সেই এক ঝাঁক উজ্জ্বল প্রাণের সাথে গলা মিলিয়ে গেয়ে উঠলাম "আমরা নতুন যৌবনেরি দূত, আমরা চঞ্চল…
সম্পূর্ণ বাধভাঙ্গা একজন নতুন পথের পথিক। হলের যত রকম অত্যাচারিত নিয়মের বিরুদ্ধে বিচিত্র ধরনের প্রতিবাদ ওদের মধ্যে ছিলো বকুল–অসম্ভব উইটি, শ্রুতিধরও ছিলো, মাথাভর্তি কোকড়ানো কালোচুল, সুন্দর হালকা পাতলা গড়ন, কথার জাদুকর ছিলো। সেলিনা পাতলা, ছিপছিপে, লম্বা, উজ্জ্বল, রঙ, নিষ্পাপ একটা মিষ্টি মুখের মেয়ে। খুব সহজ সরল। পৃথিবীর সব কিছুতেই ওর বিস্ময়। ডলি রীতিমত সুন্দরী, লম্বা, ফর্সা, একেবারে পারফেক্ট জমিদার কন্যা যেন। ওকে আমরা খুব মানতাম। নাজম মিষ্টি লাবন্য ভরা শ্যামল চেহারার আর একজন উইটি কেরেক্টার, গলার আওয়াজ কথার টোনে একটা সুন্দর ঝংকার ছিলো। মীরা কাটাকাটা মুখ, নরম, উজ্জ্বল বাচ্চাদের মত মুখের স্কীন ছিলো, হাসিটা সুন্দর, কমেডি এ্যাকটিং ও ছিল এক নম্বর। প্রীতি বড়ুয়া ফর্সা মায়াময় দীঘির মত দুটো চোখ। জোড়া ভ্রু ছিলো। প্রীতি পড়াশুনায় ভালো ছিলো। লবি লম্বা, ফর্সা, সুন্দর আকাশ ভরা দুটো চোখ, ধীরলয়ে কথা বলতো ও চমৎকার মনকাড়া আধুনিক সঙ্গীত গাইতো। ওদের সাথে মিলে মিশে এক উদ্দাম, আনন্দময় জীবন কাটতে লাগলো। আমরা প্রচুর সিনেমা দেখতাম। প্রচুর আড্ডা দিতাম। সবার মন মানসিকতা একরকম ছিলো। উদার খোলা আকাশে মুক্ত এক ঝাঁক পায়রা, যারা শুধুই আকাশে উন্মুক্ত মনে উড়ে বেড়াতে চায় স্বাধীন ভাবে।
আমরা দ্বিতীয় বর্ষে উঠতেই একদিন সকালে উইমেন্স হল নাম পরিবর্তিত হয়ে রোকেয়া হল হলো। এদেশে নারী জাগরণের অগ্রদূত, মুসলিম নারীদের অন্দর মহলের অচলায়তন ভেঙ্গে শিক্ষার আলোকবর্তিকা জ্বালানো মহিয়ষী নারী বেগম রোকেয়ার নাম ধারণ করে রোকেয়া হল যেন আমাকে পথ চলার নতুন নির্দেশিকা দিল। আমরা যারা উইমেন্স হলের হুদা হাউজের বাসিন্দা ছিলাম, আমাদেরও স্থানচ্যুতি ঘটলো অনার্স বিল্ডিংয়ের একতালায়। শুধু হলেই স্থানান্তর নয়, বিশ্ববিদ্যালয়ের আমাদের বেশ কয়েকটা ডিপার্টমেন্ট ওল্ড ইউনিভার্সিটি থেকে সাইন্স এ্যানেক্স বিল্ডিং নামে কথিত ভবনে স্থানান্তরিত হয়। এই নতুন বিল্ডিংটা শহীদ মিনারের উল্টো দিকে অবস্থিত।
উইমেন্স হলের অন্যতম ভবন হুদা হাউজ ছাড়তে আমার খুব কষ্ট হচ্ছিল। খুব ভালো লাগতো এই বাড়িটাকে। কত রাত, কত গভীর রাতে আমি কান পেতে রয়েছি এক অভিমানী নৃত্যুপটিয়সীর ঝুমুরের শব্দ শোনার জন্য যাকে নিয়ে এক অলৌকিক কাহিনী এই বাড়ির আমাচে কানাচে ছড়িয়ে আছে। সেই অভিমানিনী নাকি একদিন রাতে ওই গোল বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তারই বিদেহী আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়, এ রকম ধারণা আমাদের সবসময় একটা ভীতি ও রহস্যের মধ্যে রেখে দিয়েছিল।
অনেক লিখলাম শুধুই প্রথম বর্ষ নিয়ে। তাও অনেক ঘটনা, খুনসুঁটি। কারো কারো ঝগড়া ঝাটি, মন কষাকষি কত কথা যা প্রথমবর্ষের স্মৃতি হিসাবে লিখতে গেলে এক মহাকাব্য হয়ে যাবে। বাকী তিন বছরের কথা তো বাদই রইলো। যেমন রোকেয়া হলের রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, নবাগত সম্বর্ধনা, মাসিক ও বাৎসরিক ফিস্ট, ৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী, জুনিয়র ও সিনিয়রদের সাথে গভীর সম্পর্ক, আমার সিট বাতিল করা, সর্বোপরি ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে ডাকসুর সাহিত্য সম্পাদক রূপে আমার সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করতে গিয়ে কত ঘটনার অবতারণা হয়েছিল তা নিয়ে পরবর্তীতে একটি বিশদ বিশ্ববিদ্যালয়িক জীবন নিয়ে লেখার আগ্রহ নিয়ে শেষ করছি।