পুরনো সেই ঢাকার কথা
ঢাকার লালবাগ কেল্লা, ছবি: Shahnoor Habib Munmun, সূত্র: উইকিপিডিয়া
'রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমীনের…চাই' — দূরাগত স্লোগান শোনা যাচ্ছে। কানখাড়া করে শিমূল বারান্দা থেকে নেমে পায়ে পায়ে সদর দরজার দিকে এগোল। সদরের চৌকাঠে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে ইংলিশ রোডের দিকে মুখ করে বুঝতে চাইল, দেখতে চাইল, কী হচ্ছে। সন ১৯৫৩, স্থান পুরনো ঢাকা শহরের ইংলিশ রোডের অফ্শ্যূট গোয়ালনগর লেইন।
মা বলেছেন, শিমূলের জন্ম তখনকার যশোরের মহকুমা মাগুরার শ্রীপুর থানার ছাঁচিলাপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে নানার বাড়িতে। সন ১৯৪৯।
…..
ছোট কাটরা। ছবি: রাগিব হাসান, সূত্র: উইকিপিডিয়া
…….
ওর নানা কাজী আনসারউদ্দিন সদ্যোজাত নাতিকে ওর বাবার কর্মস্থল কোলকাতা পাঠাতে রাজি হলেন না। ফলে, শিমূলের বাবা পাকিস্তানে চাকুরির অপশ্যন দিয়ে ঢাকায় বদলি হয়ে এসেছিলেন। সন ১৯৫০।
ঢাকার নয়াবাজারে প্রথম বসতি ওদের। তারপর লক্ষ্মীবাজার এলাকায় মোল্লাকাকার দোতলা বাড়ির নিচতলায় বসবাস। শিমূলরা তখন তিন ভাইবোন। এই মোল্লাবাড়িতেই চৌগাছি থেকে আসা কুটিখালা নিপুর আগমন। ওর চেয়ে মোটে ছ'বছরের বড় কুটিখালা ছিল শিমূলের ঘনিষ্ঠতম অভিভাবক। সেইন্ট গ্রেগরিজ স্কুলের শিশুশ্রেণীর ছাত্র শিমূলের স্নান-খাওয়া-লেখাপড়া-খেলাধূলো ইত্যাদির সার্বক্ষণিক তদারককারী ছিল ওই আরেক শিশু নিপু।
সকাল সাতটায় শিমূলের স্কুল। সকাল সাড়ে ছ'টায় খালা-ভাগ্নে বাড়ি থেকে বেরিয়ে পড়ত। কুটিখালার একহাতের মুঠোয় ধরা থাকত ওর কব্জি, আরেক মুষ্টিতে বই-খাতা-পেন্সিলভর্তি ছোট্ট স্যুটকেস। ওদের বাড়ি থেকে স্কুল বড়জোর দশ মিনিটের পথ। পঞ্চান্ন বছর আগে ঢাকার পথঘাট বেশ নিরাপদ ছিল। মোটরগাড়ি ছিল না বললেই চলে। আধঘণ্টা পরপর নারায়ণগঞ্জমুখো বাস ছেড়ে যেত একটা একটা করে। রিকশা আর ঘোড়ার গাড়ির চল ছিল। আর পথিক দু'চারজন। কিন্তু ট্র্যাফিক যতই কম থাকুক, শিমূলের কব্জি চাপা বজ্রমুষ্টি কখনো ঢিলে হত না কুটিখালার — এখনো মনে পড়ে, চোখ ভিজে আসে।
শিমূলদের স্কুলের পরে গায়ে গা লাগিয়ে পরপর আরো দু'টো স্কুল তখন — সেইন্ট ফ্রান্সিস এবং মুসলিম হাইস্কুল। ওর স্কুলের প্রধান ফটকপথে ঢুকলে আঙিনা পড়ত সামনে। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। উঁচু দরজা ঠেলে ভেতরে ঢুকলে দরজা আপনাআপনি বন্ধ হয়ে যেত। ভেতরটা কেমন আলো-আঁধারি, উঁচু জানালায় বহুবর্ণ কাচ, বেশ গা ছম্ছম্ করা গির্জা-গির্জা পরিবেশ।
ছোটবড় মিলিয়ে সামনে-মাঝে-পেছনে বেশ গোটা দুত্তিন মাঠ ছিল স্কুলে। টিফিনের সময় বিস্তর ছুটোছুটি হত। বার্ষিক পরীক্ষার পর মাঠে ম্যারাপ বেঁধে পুরস্কার বিতরণী উৎসব হয়েছিল। তৃতীয় স্থানের অধিকারী শিমূল পুরস্কার পেয়েছিল দু'টি বই — ছোটদের রবিনহুড ও টিপুর চালাকি এবং ম্যানিলা খামে ভরা বেগুনি রং-এর পাঁচ টাকার একটি ব্যাঙ্কনোট — কড়কড়ে, নতুন।
ক্লাস ওয়ানে উঠে শিমূলকে স্কুলে আসতে হত সেই গোয়ালনগর থেকে। ওর বাবা আমজাদ আলী তখন নবাবপুর রোডে স্টেশন রোড 'বাটা' দোকানের ব্যবস্থাপক। গোয়ালনগরের বাড়িটা প্রকাণ্ড, ছড়ানো। তিন-তিনটে সদর দরজা। প্রচুর ফুলগাছ বাগানে। বেলগাছ ছিল একটি। কাকের কল্যাণে প্রায়ই পাকা বেল মাটিতে পড়ে ফেটে ছত্রখান হয়ে ছেলেপুলেদের পেটে চলে যেত। লুকিয়ে-চুরিয়ে শিমূল-রবুও খেয়েছে, মা দেখতে পেলে মেরে হাড়মাস এক করবেন জেনেও।
বাড়ির মালিক ছিল এক অবাঙালি মুসলিম পরিবার। ১৯৪৭-এ ভারতভাগের পর ওরা ঢাকা থেকে যাওয়া এক ধনী হিন্দু পরিবারের সঙ্গে সম্পত্তি বিনিময় করে কোলকাতা থেকে এখানে এসেছিলেন। ওরা প্রায়ই ঢাকা-কোলকাতা যাতায়াত করত। দু'দেশেই ওদের ব্যবসা ছিল। এসব বড়দের বিষয়আশয়ের ব্যাপারগুলো ও আবছা আঁচ করত কেবল মা-মামা-খালাদের আলাপের ছেঁড়াখোঁড়া টুক্রো আলাপ যেটুকু কানে আসত, তার থেকেই। কারণ, বড়দের আড্ডায় কখনো-সখনো গিয়ে ঢুকে পড়ার সুযোগ হত যদিও, আড্ডার মগ্নতায় কাজে-অকাজে সামান্য ছেদ পড়তেই আড্ডাধারীদের কেউ না কেউ চেঁচিয়ে অন্যদের দৃষ্টি আকর্ষণ করত, 'কী সর্বনাশা কাণ্ড, দেখেছো, এইটুকুনি ছেলে, গাল টিপলে এখনো দুধ উগরে দেয়, সে কিনা চুপটি করে বসে এইসব ছিস্টির কেচ্ছা গিলছে! যা, ওঠ্, পড়া শেষ? তাহলে ক'টা অঙ্ক কষ গিয়ে, ওটা নিয়ে তুমি মোটে বসতেই চাও না যে? এবার অঙ্কেও ভাল নম্বর পেতে হবে, খালি ফার্স্ট হলে আর চলবে না, বুঝেছ?'
অগত্যা কুইনিন গেলা চেহারায় ওই জমাটি আড্ডা ছেড়ে বাচ্চা শিমূলকে উঠে আসতেই হত। বাইরে গিয়ে পারভিনের সঙ্গে এক্কা-দোক্কা খেলায় মেতে উঠতো। ওর তুলনায় একটু লম্বাই ছিল মেয়েটা। গেছো ধরনের টমবয় আরকি। পারভিনের সঙ্গে দস্যিপনায় পাল্লা দিতে ও উদ্দীপ্ত হত ঠিকই, কিন্তু শেষ অব্দি কুলিয়ে উঠতে পারত না। ওই বয়সেই শিমূল শিশুসুলভ কিছু কিছু স্বাভাবিক আচরণ থেকে বাহ্যতঃ পিছিয়ে আসত, মনে মনে অনেক ক্ষেত্রে খানিকটা এগোনো সত্ত্বেও।
পারভিনের দাদি উর্দু-বাংলা মিশিয়ে কথা বলতেন। ওপর থেকে ডেকে শিমূলের মাকে বলতেন, 'ও বাবুর আম্মা, তোমহারা বাবুকে একটু বোলো না, মেরে লিয়ে ক'টা র্গামাগারাম্ জিলিপি আর চায়ে এনে দেবে?' মা ওকে ওপরে পাঠাতেন, 'যা, গিয়ে শোন, কী দরকার। বুড়ো মানুষ। দোয়া করলে তোমার সওয়াব হবে।' শিমূলের বুড়ো মানুষে আপত্তি ছিলনা। কিন্তু পারভিনের দাদি বায়ুর প্রকোপে শয্যাশায়ী হয়ে থাকতেন ও প্রায়ই সশব্দে পর্দন করতেন। শিমূল ওপর থেকে নিচে নামলেই ছোটরা ওকে ঘিরে ধরে জানতে চাইত বুড়ীদাদি কী বলল, কী করল আর সবাই মিলে সেসব নিয়ে বিস্তর হাসাহাসি করত।
গোয়ালনগরের বাড়ির নিচের তলার দুটো অংশে ওদের পরিবার দুই কিস্তিতে ক'বছর বাস করেছিলো। শিমূল ওরফে বাবুর পিঠোপিঠি ছোট ভাই রবু, তারপর বোন নাজু, ভাই সাবু আর সবচেয়ে ছোট মনি। মনির জন্মের পরই ওদের বাবা একদিন হলি ফ্যামিলি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করিয়ে নিজেকে নির্বীজ করে এসেছিলেন। বাবাকে ক'দিন বাড়িতে বিশ্রাম করতে দেখে ছোটরা অবাক হয়েছিল। বড়োদের আলাপ আড়াল থেকে শুনে শিমূল ব্যাপারটা মোটামুটি আঁচ করতে পেরেছিল এবং পারভিন আর রবুকে চুপিচুপি বলেছিল, ওদের আর ভাইবোন হবে না।
গোয়ালনগরের বাড়ির ফলবাগানে দাঁড়িয়ে, বসে ওরা ভাই-বোনেরা কত-কত ছবির জন্য পোজ দিয়েছে। ওদের বাবা তার কোডাক বক্স ক্যামেরায় সেসব ছবি তুলতেন আর নবাবপুর রোডে তার বন্ধু ঢাকার প্রখ্যাত ফোটোগ্রাফির হাউস 'ডস (Doss) এ্যান্ড কোং' অর্থাৎ দাশকাকুর দোকান থেকে প্রিন্ট করিয়ে আনতেন। সেসব রাশি রাশি সাদাকালো ছবি খালা-মামু-নানিবাড়ি-দাদিবাড়িতে চলে যেত। তার কিছু কিছু এখনো কারো কারো কাছে রয়ে গেছে নিশ্চয়ই।
রবু আর মনির বেশ ফুলো-ফুলো চেহারা তখন। বোন নাজু যেন চিনেমাটির পুতুলটি। মনে আছে, নাজু দাঁত ব্রাশ করতে চাইত না মোটে। বলত, হাত ব্যথা করে। বাবা নিজেই ব্রাশে পেস্ট লাগিয়ে মেয়ের দাঁত ব্রাশ করে দিয়ে বলতেন, 'এবার কষ্ট করে একটু পানি মুখে নিয়ে কুলকুচি করতো, মামনি।' ভাইয়েরা দাঁড়িয়ে মজা দেখত আর হেসে গড়িয়ে পড়ত। তাতেও নাজুর আপত্তি ছিল। বলত, 'হাসবে না কেউ।' শিমূল বলত, 'হ্যাঁ, আমরা সব রামগরুড়ের ছানা কিনা। আর তুমি তো হাট্টিমা টিম্টিম্।' বলেই দৌড়, কারণ নাজু তখনই বাবাকে ডেকে এনে ওদের শাস্তি দিতে বলত।
বাবা ওদের বন্ধু ছিলেন। বাটা কোম্পানির বিশ্বস্ত সেবক, ব্যক্তিগত জীবনে নিছক নির্বিরোধী, সদালাপী মানুষ। শিমূলদের অগুনতি খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো ভাইবোনেরাও সবাই এ বাড়ির নামকা ওয়াস্তে কর্তাব্যক্তিটিকে অত্যন্ত পছন্দ করত। ১৯২০ সালে জন্ম। ১৯৮৪-র ২৭ সেপ্টেম্বরে তিরোধান। ঐদিন দুপুরে ঢাকার কাছেই কালিগঞ্জে ময়েজউদ্দিনকে দিনদুপুরে খুন করা হয়। শিমূলদের বাবা গত হন সন্ধেবেলা।
আহসান মঞ্জিল, ছবি:Mohammad Jobaed Adnan, সূত্র: উইকিপিডিয়া
ফেরা যাক গোয়ালনগরে ফের। ততোদিনে শিমূলদের কুটিমামা অর্থাৎ মায়ের ছোটভাইটি যশোরের চৌগাছা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশ্যন (দুষ্ট লোকেরা বলত 'মাতৃকুলনাশন') পাশ শেষে ঢাকা এসে জগন্নাথ কলেজে আইএ-তে (ইন্টারমিডিয়েট অব আর্টস্) ভর্তি হয়েছেন। তখনকার দিনে রেওয়াজ ছিল, বাড়ি ছেড়ে কোনো দূরবর্তী লোকালয়ে চাকুরি বা লেখাপড়ার উদ্দেশ্যে গেলে সেখানে কোনো আত্মীয়ের বাড়িতে উঠতে হবে, তা সে আত্মীয়তা যতই লতায়পাতায় হোক না কেন। অতএব, কুটিমামা অর্থাৎ কাজী মজিদুল আলম যে তার জ্যেষ্ঠা সহোদরার বাড়িতে উঠবেন, এতে কোনো ব্যত্যয় ঘটার জো ছিল না, আর ঘটেওনি। প্রায় দেড়যুগ ভাইবোনের এই ঘনিষ্ঠ সহাবস্থান বজায় ছিল। ষাট দশকের শেষার্ধে মামার কর্মস্থল পরিবর্তনের ফলে তাকে সপরিবারে সিলেট যেতে হয়েছিল।
শিমূলের মায়ের কড়া গার্জেনির ফাঁক গলে, কুটিমামা কিন্তু প্রতিদিন বিকেলে কড়কড়ে মাড় দিয়ে ইস্ত্রি করা অসিতবরণ টাইপের শার্ট-পাজামা পরে 'আমার জরুরি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, বু' বলে বিকেলের আড্ডায় বেরিয়ে যেতেন। গোয়ালনগরের মোড়ে ছিল মামার কলেজের বন্ধু গোখেলের বাড়ি। গোখেল মামা ছিলেন অত্যন্ত সুদর্শন, গোলাপি প্রায় গাত্রবর্ণ। বিএ পাশ করে গোখেল মামা পুলিশ ইন্সপেক্টর হয়েছিলেন।
শিমূলের পরে রবু। ওরা দু'ভাই একসঙ্গে স্কুলে যেত, আসত, পড়তে বসত। শিমূলের চেয়ে প্রায় বছর দুইয়ের ছোট রবুর বেশ ভোলানাথ টাইপের চেহারা তখন। নিজের অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ের ক্ষেত্রে সে বেশ সচেতন ও রক্ষণশীল ছিল। বড়ভাইয়ের পিছুপিছু সেও সদরের দরজা ধরে দাঁড়িয়ে থাকতে পছন্দ করত। ইংলিশ রোড থেকে যাবতীয় ফেরিওয়ালা, পাড়ার মানুষের যাওয়াআসা দেখত ওরা নির্ণিমেষ। দু'ভাইয়ের প্রিয় পাসটাইম ছিল মানুষের মিছিল দেখা। অন্যান্য জীবজন্তুুরও দেখা মিলত বৈকি। বাঁদর তো অসংখ্য — এটা কেড়ে নিয়ে গেল তো ওটা ফেলে গেল ওখানে — পাড়ার মানুষ ওদের ভয়ে তটস্থ থাকত সর্বদাই। বাড়িতে পরবর্তী সময়ে পিনবোর্ড, ক্যারমের আমদানি ঘটায় ওদের রাস্তার মানুষ দেখা কমে যায়।
পঞ্চাশের দশকে ঢাকায় ছেলেধরার উপদ্রব ছিল। অন্ততঃ ছোটদের সেরকম ধারণা বদ্ধমূল ছিল। বড়রা প্রায়ই সাবধান করে দিতেন, ভয় দেখাতেন, একা কোথাও যাওয়া কারণ ছিল। এরিমধ্যে এক বিকেলে ওদের মায়ের চিল-চিৎকার, 'আমার রবু কোথায় গেল রে, তোরা খুঁজে দ্যাখ। ছেলেধরা নিয়ে গেল নাকি আমার সোনাকে' ইত্যাদি। বাড়ির বড়রা সবাই বেরোলেন খুঁজতে, পারভিনের দুলাভাই, সঙ্গে সিতারা আপা, চাকর তিন-চারজন। এখন ভাবলে অবাক লাগে, অমন সহমর্মিতা এযুগে অভাবনীয়। এযুগে প্রতিবেশির ফ্ল্যাটে জান্তব চিৎকার শুনে খোঁজ নিতে গেলে অপ্রস্তুত হতে হয়, যখন সেটা কারো প্রিভেসি ক্ষুণœ হবার কারণ হয়ে দাঁড়ায়। হা ঈশ্বর! এই এক মুশকিল হয়েছে শিমূলের। বয়স বৃদ্ধকাল, হরিন চাটে বাঘের গাল। ওর বন্ধু ক্যাপ্টেন মিজান প্রায়ই কথাটা বলত। অবরে সবরে। বলতে ভাল লাগতো বোধহয়। আর শিমূলের ব্যারাম হল ধান ভানতে শিবের গীত গাওয়া।
ঢাকেশ্বরী মন্দিরের ভেতরের শিবমন্দির, ছবি: রাগিব হাসান, সূত্র: উইকিপিডিয়া
শিমূলরা বাগানে ঘোরাঘুরির মাঝে লক্ষ্য করছিল, মা কেবল পাগলিনী প্রায় রান্নাঘর, শোবারঘর আর সদর দরজার মাঝে ছুটোছুটি করছেন। ফাঁকে ফাঁকে রাতের খাবারটাও তৈরি করা চাই তো? নাজু বোন, সাবু আর মনি তখনো হয়তো ব্যাপারটা বুঝতে চেষ্টা করছিল। কিন্তু মায়ের অস্থিরতা, শিমূলের বারবার বন্ধ সদর পর্যন্ত যাওয়া এবং দরজার গায়ে বড় বড় ছিদ্রে চোখ রেখে বাইরেটা দেখার চেষ্টা এবং দেখামাত্র মায়ের চড়া গলায় আর্তনাদ, 'আবার ওই সর্বনাশা গেটের কাছে যাচ্ছ, বাইরেই বসে আছে হাড়জ্বালানিরা, এক্ষুনি ধরে লম্বা কালো ঝোলায় পুরে, পিঠে ফেলে লঞ্চে উঠবে, ওরে আমার রবুরে, আমি কী করব' বলে ডুকরে ওঠা দেখে এবং শুনে ছোটরা শুকনো মুখে চুপচাপ বারান্দায় ছোট ছোট মোড়া পেতে বসেছিল।
কুটিমামার 'জরুরি অ্যাপয়েন্টমেন্ট' সে সন্ধ্যার মতো মুলতুবি রইল। বেরোতে গিয়ে এই বিপর্যয়ের সম্মুখীন হয়ে লুঙি-শার্ট পরে রবুর খোঁজে বের হলেন। আঁধার ঘনালে ওদের বাবা কাজ থেকে ফিরে, স্যুটবুট খুলে রেখে, লুঙি-হাফহাতা গেঞ্জি গায়ে ছেলে খুঁজতে বের হন। 'বেচারি আব্বা', শিমূল ভাবে, 'এককাপ চা-ও খাবার সময় হল না।' আমজাদ আলী ওর অফিসের কাজে যথেষ্ট দক্ষ হলেও সংসারের কাজকর্ম, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি বিষয়ে সঙ্কুচিত থাকতেন, বিব্রতবোধ করতেন। ওদের মায়ের প্রবল ব্যক্তিত্ব আর কড়া মেজাজের কথা ভেবে চা-ফা না খেয়ে, রাস্তায় বেরিয়েই বোধহয় স্বস্তিবোধ করলেন তখনকার মতো। সিতারা আপা ফিরে এলেন। এসে শিমূলের মায়ের পাশে বসে বোঝাতে লাগলেন, 'এক্ষুনি আমাদের রবুকে নিয়ে আসবে, চাচি। একটু ঠাণ্ডা হন। আর অস্থির হবেন না।' ওদের মা এসে বসেন, 'ও বাবুর আম্মা, এরকম তো আকছার হচ্ছে! আমাদের পারভিন-সিতারা কি হারিয়ে যায়নি এক-দু'বার? বল?' কথা শুনে শিমূলের মা দুঃখ ভুলে অবাক হয়ে পারভিনের মায়ের মুখের পানে তাকিয়ে রইলেন। মহিলা বলছেন কী? সবারই নাকি বাচ্চা হারায় মাঝে-মধ্যে!
অবশেষে সন্ধে পার করে কুটিমামার সঙ্গে রবুর আগমন ঘটেছিল সেদিন। বেচারা মাথা নিচু করে দাঁড়াল মায়ের সামনে অপরাধীর মত। ডানহাতের বেশ ক'টি আঙুল মুুখে পোরা (কারণ বাঁ হাত দিয়ে তো 'ইয়ে' করতে হয়)। মা উঠে কুটিমামার হাত ছাড়িয়ে ছেলের দখল নিলেন। রবু তখন রীতিমত পাংশুমুখ, আমরাও শঙ্কিত। কিঞ্চিৎ উত্তম-মধ্যম জুটল বলে। ওদের বাবাও নিঃশব্দে ভিড়ের মধ্যে এসে দাঁড়িয়েছেন — ব্যর্থকাম, ক্লান্ত, ক্ষুধার্ত মানুষটি।
মা আগুনঝরা চোখে পলকহীন তাকিয়ে রবুর মুখপানে। ছেলে সে দৃষ্টি সইতে না পেরে অধোমুখ, থুতনি বেয়ে টপ্টপ্ অশ্র" ঝরে। সবাই চুপচাপ। সবাইকে অবাক করে দিয়ে মা আঁচলে নিজের ঘামতেলতেলে মুখ মুছলেন, রবুর চোখমুখ মুছিয়ে দিলেন, তারপর স্বাভাবিক কড়া গলায় ফরমান জারি করলেন, 'আজ থেকে সদর দরজা সবসময় বন্ধ থাকবে। ছোটরা কেবল বড়দের সঙ্গেই বাইরে যেতে পারবে, একা কখনো নয়।' ওদের বাবাকেও জানিয়ে দেয়া হল, এখন থেকে কাঁচি সিগ্রেট তাকে নিজেই কিনে আনতে হবে। শিমূল যে মাঝে সাঝে দৌড়ে গিয়ে মোড়ের চেনা দোকান থেকে বাবার নেশার খোরাক এনে দিত আর স্বল্পকালীন স্বাধীনতা ভোগ করে, বাইরের আলোহাওয়া গায়ে লাগিয়ে ফিরতে পারত, সেটির দফা রফা হল।
অল্প ক'দিনেই অবশ্য বিশ্বদর্শনের ওপর জারি করা নিষেধাজ্ঞা সকলে ভুলে গিয়েছিল। মাও মাঝে-মাঝেই 'চট্ করে এক পোয়া মুগডাল এনে দেনা, বাবু' বলে শিমূলের হাতে একটি সিকি গুঁজে দিতেন। সেও খুশিমনে সদর পেরিয়ে রাস্তায় নেমে আকাশ দেখতে দেখতে, রেডিওতে সদ্য শোনা আব্বাস উদ্দিনের গাওয়া 'যেদিন গাড়িয়াল উজান…' গাইতে গাইতে মোড়ের দিকে এগোয়। দোকানে গিয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। বুড়ো হিন্দু মুদি মোটা কাচের চশমার ভেতর দিয়ে তাকান, 'একটু বস বাবু, এইগুলিরে বিদায় দিয়া লই। তোমারে দিতাছি।' তিনচারজন বিভিন্ন বয়সের খদ্দের একসঙ্গে তাদের ফরমাস হাঁউমাঁউ করে উচ্চারণ করছে, তারপর থেমে যাচ্ছে। 'দেইরে বাপু দেই। আমার তো দুইটাই হাত। মা দুগ্গার মত দশটা হাত থাকলে অইত, কী কও বাবু?' বলে রামুদাদু একজনকে কুন্কে দিয়ে সর্ষের তেল মেপে দিয়ে ঘিয়ে রং পাটের মত চুলে হাত মোছেন। 'বাবু, তোমার মায়ে তো মাসের বাজার একলগে লইয়া যান, অখন আবার একপা' ডাইল ক্যান?' শিমূলের হাতে ডালের ঠোঙা ধরিয়ে দিতে দিতে মুদিদাদুর মন্তব্য। 'মনে হয়, ভুনি খিচুড়ি একটু বেশি খাওয়া হয়েছে এমাসে', বলতে হয় বলে শিমূল যা মাথায় এল, বলে দিয়ে পয়সা বের করে দিয়ে, খুচরো ফেরত নিয়ে পকেটে ঢুকিয়ে বাড়ির দিকে ফেরে।
বাড়ির পেছনদিকের বড় বাঁধানো উঠোনে দাঁড়ালে ইংলিশ রোডের নাগরমহল সিনেমার লম্বা, উঁচু দালানের প্রায় পুরোটাই নজরে আসত। ওপরে টিন, কালো রং করা। উঠোনের একপাশে পারভিনদের মস্ত রান্নাঘর। আরেকপাশে বেশ ক'টা গোসলখানা ও পায়খানা। পায়খানাগুলো প্রায় একমানুষ উঁচু বেদিতে বসানো। সেকালের সার্ভিস ল্যাট্রিন। উঠোনের এককোণে একটি উঁচু পেয়ারা গাছ। গাছে প্রায়ই বাঁদর এবং টমবয় পারভিনকে ঝুলতে দেখা যেত। 'বান্দর, বান্দর, ভেংচি, তোর লাল পুট্কি (পশচাৎদেশ) দেখ্ছি', বলে পারভিন অবলীলায় বাঁদরদের খেপিয়ে তুলতে পারত। মুচ্কি হেসে শিমূল পারভিনকে জিজ্ঞেস করত, 'ওরা তোমার কথা বুঝতে পারে, তাই না? নইলে কি আর কাঁচা পেয়ারা ছুঁড়ে তোমার কপালে পেয়ারা তুলে দিত?' উত্তরে পারভিন ওর নাক লক্ষ্য করে পেয়ারা ছোঁড়ার আগেই শিমূল ভোঁ-দৌড়।
সেই নাগরমহলে শিমূল জীবনে প্রথমবার সিনেমা দেখেছিল। ক্ষুদিরামের ফাঁসি দেখে বাড়ি ফিরে শিমূল, রবু আর কুটিমামা যে-যার মত 'একবার বিদায় দাও মা ঘুরে আসি' গানটি ঘুরিয়ে ফিরিয়ে গেয়েছিল বহুদিন। পরে আরও দেখেছিল মা ও ছেলে এবং ছেলে কার।
পুরনো ঢাকার বিভিন্ন পাড়ায় এককালে বিভিন্ন পেশার মানুষের বসবাস ছিল। শিমূলদের পাড়া গোয়ালনগরে বেশ ক'ঘর ঘোষেদের বসবাস ছিল ঐ পঞ্চাশের দশকেও। ওদের কাজের ছেলে শফি ভাই দৌড়ে দৌড়ে ননী ঘোষের বাড়ি থেকে পাঁচ টাকা সের ঘি, দু'টাকা সের মাখন এবং ঈদের আগের রাতে দশ টাকার বিনিময়ে একমণ দুধ এনে দিত মাকে। সেই দুধ শুকিয়ে বটের আঠার মত হলে সেমাই পায়েস রান্না করা হত। ওদের পাড়ার আশেপাশেই ছিল কলুটোলা, তাঁতিবাজার, মালিটোলা, শুঁড়িটোলা, বেনিয়াটোলা, শাঁখারিবাজার প্রভৃতি পেশাভিত্তিক গড়ে ওঠা বসতি। ১৯৪৭ সালে ভারতভাগের পর ভারত থেকে আসা বাঙালি-অবাঙালি মুসলমান, পূর্ব পাকিস্তানের মফস্বল থেকে মানুষের ঢল যারা বিভাগপূর্ব কালে কোলকাতামুখী ছিল — এরা সকলেই ঢাকামুখী হয়, শহরে পৌঁছে তারা যে যেখানে জায়গা পায়, থিতু হয়। ফলে, পুরনো পাড়াগুলি তাদের পেশাভিত্তিক পরিচয় ক্রমে হারাতে থাকে।
শিমূল-রবুর স্কুলের কাছে পাতলা খান লেইনে মেজমামা-বড়খালা দম্পতির বাস। মায়ের তুতো ভাইবোন দু'জন। ঐবয়সে শিমূলকে কেউ যদি জিজ্ঞেস করত, ওর নানা বাড়ি কোথায় — ওর জবাব হত এরকম — চৌগাছি, কামারখালি, মছলন্দপুর, ফরিদপুর, ন'হাটা, আলোকদিয়া-পুখরিয়া — অর্থাৎ ওদের মায়ের চাচা-খালু-মামা-ফুফা যাদের ওরা নানা বলে ডাকত, তাদের সকলের বাড়িই তো নানাবাড়ি। অবশ্য, অবিভক্ত ফরিদপুর ও যশোর জেলাতেই ছড়িয়ে-ছিটিয়ে সে সব নানাবাড়ি। মায়ের সঙ্গে চৌগাছি যাওয়া আসার পথে অথবা চৌগাছি থেকে দু'একদিনের জন্য অন্য সব নানাবাড়িতে যাওয়া ঘটত। আর পরিচয় হত কত যে রকমারি চেহারা স্বভাব আর আদরদাতা মামা, খালা, মামী, খালু আর অগুণতি তুতো ভাইবোনদের সঙ্গে প্রতিবছর। বড় হয়ে ও কিছুটা আন্দাজ করতে পারত, তুতো ভাইবোনদের মাঝে বৈবাহিক সম্পর্কের হারও নানা বাড়ির সম্পর্কিত আত্মীয়স্বজনদের মধ্যে একটু বেশিই ছিল। বড় হয়ে শিমূল অবশ্য আরও জেনেছে, তুতো ভাইবোনদের বিয়ে না হলেই ভাল।
বড়খালা কুলসুম মল্লিক বেশ ভারিক্কি মানুষ, হেসে হেসে প্রাণঘাতী অপমানজনক কথাবার্তা অনায়াসে উচ্চারণ করতে পারেন। ওরা বড় খালার সামান্য কথাও কখনো অমান্য করার কথা ভাবতে পারতো না। খালাও তাই ওদের বেশ পক্ষপাতসূচক দয়ার্দ্র দৃষ্টিতে দেখতেন। ওর বাপের বাড়ি চৌগাছির অদূরে কামারখালির আড়পাড়া গ্রামে। ওই নানাবাড়িকেও ওরা বেশ আপন ভাবত। আর মেজমামা ওয়াহাব মল্লিক তো ওদের মায়ের গ্রাম চৌগাছির মানুষ। এই মেজমামা-বড়খালা দম্পতি ছিলেন সন্তানহীন। অতএব বড়ভাই আউয়ালের একাধিক পুত্রের একটিকে দত্তক নিয়েছিলেন। খুবরূ এ বাড়িতে এসে রাজপুত্রের মত আদরে বেড়ে উঠছিল। ঐ সময়ে বড় খালার প্রথম মেয়েটি জন্মায় — সেলিনা। তারপর আরও বেশি বয়সে আরেকটি মেয়ে — রেজিনা। সেলিনার আগমন সংবাদ কমলমামা মিষ্টির ঝুড়িশুদ্ধ এসে শিমূলের মাকে জানিয়ে গেলেন। মা-খালা মুখ টিপে হেসে ফিসফাস করে কী যেন সব বলছিলেন। ওকে দেখে মা বললেন, 'খুবরূ'র বোন হয়েছে। আমরা দেখতে যাব শীগ্গিরি। ওদের ডাকো, তোমাদের মিষ্টি খেতে দেব।'
এক স্কুল ছুটির দিনে সকালে নাশতার পর মা ওদের পাঁচ ভাইবোনকে গোসল সেরে নেবার তাগিদ দিলেন। নাজু-সাবু-মনিকে নিজে স্নান করিয়ে বাইরে যাবার পোশাক পরিয়ে দিলেন। দু'টো রিকশা এল। মায়ের রিকশার চারধার ঘিরে যথারীতি শাড়ির ঘেরাটোপ তৈরি করে দিল শফি ভাই। সেকালে পুরনো ঢাকায় অধিকাংশ মহিলা — হিন্দু-মুসলিম-ক্রিশ্চান বৌদ্ধ নির্বিশেষে — রিকশা চড়লে তাতে শাড়ি বা চাদরের ঘেরাটোপ বা পর্দা চড়ানোর রেওয়াজ ছিল। আর ঘোড়ার গাড়িতে চড়ে কোথাও গেলে গাড়ির জানালার খড়খড়ি বন্ধ রাখার প্রথা চালু ছিল। যাওয়া হবে পাতলা খান লেইনে নবাগতা বোনকে সাদর অভ্যর্থনা জানাতে — অতএব ভাইবোনেরা সবাই মনে মনে চাইছিল, কুটিমামার সঙ্গে পর্দাছাড়া রিকশায় উঠতে। কিন্তু ভবি ভোলবার নয় — মা ও কুটিমামা পরামর্শ করে শিমূলদের ভাগ করে তুলে দিলেন দুই রিকশায়। বড় হয়েছে শিমূল, অতএব মা ও বোনের রিকশায় তাকে ঊঠতে হল অভিভাবক হিসেবে, নিতান্ত অনিচ্ছায়। ওদের বাবা অফিসের সেল্স স্টেইটমেন্ট নিয়ে বসেছেন। পরিচারক রইল শফিভাই, রেঁধেবেড়ে খাওয়াবে ওর খালুআব্বাকে।
রিকশা ইংলিশ রোডে পড়ে, ডানে মোড় নিয়ে, দু'দিকে লোহালক্কড়ের দোকানের মাঝখান দিয়ে টুংটাং ঘণ্টা বাজিয়ে এগোল। শিমূল মায়ের মত গলা লম্বা করে শাড়ির ঘেরের ওপর দিয়ে বাইরেটা দেখেশুনে যেতে চাইলেও সেটা সম্ভব হল না। অতএব মন খারাপ করে ঘাড় গুঁজে পা ঝুলিয়ে দু'হাতে হুডের বাঁশের ফ্রেম আঁকড়ে ধরে বসে রইল। বাতাসে শাড়ি উড়ে যাওয়ার অবকাশে সে বুঝতে পারছিল, রিকশা জনসন রোডে উঠে ডাইনে মোড় নিয়ে রায়সাহেবের বাজার পেরিয়ে, ইউসুফ বেকারি ডানে রেখে, বাঁয়ে কারকুনবাড়ি লেইন, দিল্লী মুসলিম রেস্টোর্যান্ট, ডানে কোর্ট-কাচারি, বাঁয়ে মুকুল সিনেমা, ম্যাইর্যান্ডার রেস্টোর্যান্ট, চার্চ, ডানে স্টেইট ব্যাঙ্ক অব পাকিস্তান, বাঁয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে, বাঁয়ে মুসলিম হাইস্কুলের দেয়াল ঘেঁষে বাঁয়ে ঢুকল — এই তো পাতলা খান লেইন। ডানে এবার ফাইন আর্ট প্রেস, গায়ক আব্বাসউদ্দিন আহমেদের বাড়ি, বাঁয়ে হিরুমামার প্রকাণ্ড ফটকওয়ালা দোতলা বাড়ি পেরিয়েই তো ডানে ৮৩, পাতলা খান লেইন — খুবরূদের বাড়ি। মেজমামা-বড় খালার বাড়ি। কমলমামা-নিরুখালার আবাস। কলের গান। নানারকম খেলার সরঞ্জাম। জমজমাট আড্ডাবাড়ি। মাঝেমধ্যে ও বাড়িতে ছুটির দিন কাটাতে শিমূলরা পছন্দই করত।
ভারতভাগের বেশ ক'বছর আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় হয়, এরকম সময়ে মেজমামা-বড়োখালা দম্পতি কোলকাতায় সংসার পেতেছিলেন। ১৯৪০ সন নাগাদ শিমূলের বাবা আমজাদ কোলকাতার উপকণ্ঠে বাটানগরে যান চাকরি নিয়ে। বছর কয়েক পর বকুল, যিনি পরে শিমূলের মা হন, আমজাদের স্ত্রী হয়ে কোলকাতার রাজাবাজারে গেরস্থালির পত্তন করেন। সেই চল্লিশের দশক থেকেই দুই পরিবারে ঘনিষ্ঠতা দিনে দিনে বেড়েছে বৈ কমেনি। পূর্ব পাকিস্তানে এসে ঢাকা শহরের দুই পাড়ায় দুই পরিবার বাস করলেও নানা উপলক্ষে আসাযাওয়া সম্বৎসর চলত। মেজমামা ওয়াহাব মল্লিক রাশভারি মানুষ ছিলেন বটে, তবে নামজাদা স্কুলের পড়–য়া ভাগ্নে শিমূলের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব প্রকাশ করতেন দৃশ্যতঃই। তাতে অবশ্য বোন বকুল প্রীত হত। বড়োখালা অর্থাৎ মেজমামার স্ত্রী শিমূলকে নিয়ে স্বামীর আচরণকে আদিখ্যেতা ভাবতেন।
সেই মেজমামা-বড়োখালা দীর্ঘ ঊষর দাম্পত্য জীবন কাটিয়ে পনেরো-ষোলো বছর পর, ভাইপোকে দত্তক নেবার পর প্রথম সন্তানের মুখ দেখলেন। বাড়িতে হৈচৈ, খুশির বান ডেকেছে, বকুল গিয়ে নবাগতা শিশুটির শিয়রে বসলেন। বড়োখালার মুখমণ্ডল গর্বিতা-লজ্জারুন মায়ের হাসিতে উদ্ভাসিত। গর্ব মায়ের, লজ্জা ছোট বোন বকুলের পাঁচ ছেলেমেয়ে মোটামুটি বড় হয়ে যাওয়ার পর নিজের মাতৃত্বের কারণে বোধহয়। সবার ছোট মনির হাতে মা একটি রানিমার্কা গিনি দিয়ে বললেন, 'তোমাদের নতুন বোনের জন্য উপহার।' মনি গুট্গুট্ করে হেঁটে গিয়ে নতুন বোনের কপালে গিনিটা সেঁটে দিল। ওরা সবাই — শিমূল, রবু, সাবু, নাজু, মনি, খুবরূ, নিরুখালা, কমলমামা — হাততালি দিল। চারদিক হেসে উঠল যেন। 'বোনের নাম কী?' মনির প্রশ্নে বড়খালা হেসে বললেন, 'দেখেছ, কুটিমনির পছন্দ হয়েছে নতুন বোনটিকে। ওর নাম তোমার মামা রেখেছেন সেলিনা।' 'সে-লি-না', মনি উচ্চারণ করে আর তালি দেয় হাতে তাল রেখে।
সেলিনাদের বাড়িতে বসে সেদিন শিমূলের মা বকুল আর তার ফুফাতো ভাই মেজমামা সিদ্ধান্ত নিলেন, শিমূলরা গোয়ালনগরের বাড়ি ছেড়ে দিয়ে ওই বাড়ির নিচেরতলায় উঠবে। বাড়ির মালিক হিন্দু ভদ্রলোক তার সম্পত্তি বিনিময় শেষ করে এই বসতবাড়িটি মামার কাছে বিক্রি করে চলে যাচ্ছেন দিন পনেরোর মধ্যে। শিমূল ওই হট্টগোলের মাঝেও নিভৃতে নিরুখালাকে জিজ্ঞেস করল, নিচের কলি-কুসুম আর ওদের মা-বাবা কোথায় যাচ্ছেন। 'ভারতে, ইন্ডিয়ায়, ওদের কাকা-জ্যাঠারা তো সবাই চলে গেছেন, তাই ওরাও….' বলে নিরুখালা ওকে ডেকে নিয়ে পাশের ঘরে গিয়ে গ্র্যামোফোনের ডালা নামিয়ে রেকর্ড বাজাতে বসলেন। মুহূর্তের মধ্যে রবু, সাবু, মনি, খুবরূ এসে হাজির। সবাই চক্চকে ঠাণ্ডা মেঝেতে গোল হয়ে বসে পড়ল। সবাই মনে মনে খুশি। আর ক'দিন পরেই তো এই বাড়িতে এক বড় পরিবারের মত থাকার সুযোগ হচ্ছে। নিরুখালা ওদের পছন্দের আলপনা ব্যানার্জির গান, ভানু ব্যানার্জির কৌতুক, হেমন্তের রানার বাজিয়ে শোনালেন। খাওয়ার ডাক পড়ল। পোলাও, কোর্মা, কালিয়া, মাছের ফ্রাই, টম্যাটোর টক, পুডিং, পায়েসের ভুরিভোজ শেষে শিমূলরা রাত করে গোয়ালনগরে ফিরেছিল।
গোয়ালনগর বাসের পাট উঠছে। ভাইয়ের সঙ্গে একবাড়িতে বসবাসের সম্ভাব্য আনন্দে মা শিমূলের রাস্তার মিছিল দেখার ওপর জারি করা নিষেধাজ্ঞা শিথিল করেছেন। ওরা বড় দু'ভাই বিকেলে স্কুল থেকে ফিরে যথারীতি জলখাবার খেয়েই সদরে ছুট্। খোলা দরজার খিল ধরে ঝোলা আর রকমারি মানুষের মিছিল দেখার বিরাম নেই। সন্ধের ঘোরে ইংলিশ রোডে নাগরমহলের ম্যাটিনে শো ভাঙত। তখন ইংলিশ রোড থেকে কান্নি খেয়ে ওদের গলিতে ঢুকেপড়া মানুষের ভিড় বাড়ত। দেখা যেত রবুর ক্লাসমেট নবগোপাল, গলির আরো ভেতরদিকে ওদের বাড়ি, সেই নবগোপালের ঠাকুর্দ্দা দু'হাতে সওদা নিয়ে ফিরছেন, হেঁটে যাচ্ছেন আর সশব্দে, ওদের অবাক করে দিয়ে, বায়ুত্যাগ করতঃ হেলেদুলে যাচ্ছেন। রবুকে রাগানোর জন্য শিমূল সুর করে বলত, নবগোপালের দাদায়, পোঁ-ও-ও-ও। রবু খেপে গিয়ে মায়ের আঁচল পাকিয়ে মুখে পুরে বড়ভাইদের নামে নালিশ দিত। মা সংসারের পাঁচকাজের ফাঁকে সান্ত্বনা দিতেন, কোথাকার কে এক নবগোপাল, তার দাদার জন্য তোমাকে আর কাঁদতে হবে না। যাও, হাতমুখ ধুয়ে পড়তে বসগে। এক্ষুনি মৌলভি সাহেব আসবেন। আজান পড়ছে।'
মায়ের ওয়ার্নিং শুনেই শিমূল দ্রুত হাতমুখে পানি ছিটিয়ে, গামছায় মুছে পড়ার টেবিলে গিয়ে বসত। বলতে নেই, অংক ছাড়া অন্যান্য বিষয়ে শিমূলের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আগ্রহ ছিল। ক্লাস সিক্সে ওঠার পর ওর আপছন্দের তালিকায় আরবি যোগ হয়েছিল। শিমূল, রবুর বয়স যখন পাঁচ আর তিন, তখনই পোগোজ হাইস্কুলের শিক্ষক আবদুল ওয়াহেদ ওদের গৃহশিক্ষক নিযুক্ত হন। ওয়াহেদ স্যরের টিউশ্যন দেয়া দীর্ঘস্থায়ী হয়েছিল। ওদের শিক্ষাজীবনের প্রথম দশ বছর ওয়াহেদ স্যরের সরাসরি নিয়ন্ত্রণে কেটেছে। শিমূল ওয়াহেদ স্যরের সব উপদেশ অক্ষরে অক্ষরে পালন করত। ওদের মা যখন ছাত্র-শিক্ষকের জন্য জলখাবার-চা নিয়ে আসতেন, ওয়াহেদ স্যর বলতেন, 'বাবুর আম্মা, রোজ-রোজ আমাকে নাশতা দেবার তো দরকার দেখি না।' 'স্কুল থেকে বেশিরভাগ দিনেই আপনি সরাসরি এখানে আসেন। আপনার মুখ দেখলেই আমি টের পাই, আপনার কিছু পুষ্টির দরকার, নইলে আপনি পড়াবেন কী ভাবে?' মা বলতেন নিঃসঙ্কোচে। তশতরি থেকে একটা সিঙ্গাড়া বা সামোসা তুলে নিয়ে স্যর বলতেন, 'আপনার বড় ছেলেকে পড়াতে আমার তেমন পরিশ্রম হয় না। কী বাবু, ফার্স্ট পোজিশন ঠিক আছে তো?' শিমূল মাথা নত করে নিঃশব্দে হাসত। রবুও তখন নতশির, পড়াশোনায় অমনোযোগের কারণে।
একটা ব্যাপার পরে বেশি বয়সে শিমূলের কাছে স্পষ্ট হয়েছে। ক্রমে — সে হল, উৎসাহ এবং প্রশংসা মানুষকে অগ্রগামী হতে সহায়তা করে। আবার, অহেতুক বা অনর্জিত প্রশংসাও কারো ভালো লাগতে পারে না, এটাও মনে হত। ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল এবং অ্যানুয়্যাল — এই তিনবার সব বিষয়ে ওদের পরীক্ষায় বসতে হত। সেইন্ট গ্রেগরিজে যেমন, পোগোজেও একই পদ্ধতিতে পরীক্ষা নেয়া হত। বছরে তিনবার লেখাপড়ার অগ্রগতি প্রমাণ করার সুযোগ ছিল। ওদের বাবা কেবল প্রোগ্রেস রিপোর্ট দেখতেন এবং স্মিত হাসতেন সই করতে করতে, বলতেন, 'তা এবার কী প্রাইজ চাই?' শিমূল-রবুর মাথায় তিনচার মাস যাবত যে যে বায়না জমা হত, ওরা নিচুস্বরে, যাতে মা অথবা মামা শুনতে না পান, তেমনি আলতো করে বাবাকে শুনিয়ে দিয়ে ভারমুক্ত হয়ে, খেলতে চলে যেত বাগানে অথবা ছাদে। আমজাদ সাহেব যথাসময়ে সেসব বায়না মেটাতেন। ওদের বাবা লেনদেনে অত্যন্ত স্বচ্ছ এবং সৎ ছিলেন। বলতেন, 'ভেবেচিন্তে শপথ করবে। আ কমিটমেন্ট ইজ আ কমিটমেন্ট।'
বাড়ির সবাই মিলে অবসর সময়ে রেডিও শোনা হত। শিমূলের বিশেষ টান ছিল নাটক শোনা, আবহাওয়ার বুলেটিন বাংলা, ইংরেজি এবং উর্দু ভাষায় আর নানারকম পাটের বাজারদর নিয়মিত শোনা — তাও তিন ভাষায়। হ্যাঁ, রেডিও পাকিস্তান, ঢাকা কেন্দ্র থেকেই সব প্রচারিত হত। বড় হয়ে কোলকাতা রেডিও অর্থাৎ আকাশবাণী কোলকাতা থেকে প্রচারিত আধুনিক গানের 'অনুরোধের আসর', বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কৌতুক ও নাটক পড়া শুনত। ওদের বাবার হবি অবসরে ট্র্যানজিস্টারাইজ্ড রেডিও সংযোজন করে একে-ওকে উপহার দেয়া। ঢাকার বাজারে জাপানি এনইসি, বিলিতি মারফি — ওসব রেডিও আসার আগেই উনি আর রেডিও ভয়েস-এর এঞ্জিনিয়ার নজরুল কাকা মিলে ট্র্যানজিস্টারাইজ্ড রেডিও-র প্রযুক্তিতে হাত মক্শো করেছিলেন। আমজাদ সাহেবের প্রিয় রেডিও অনুষ্ঠান ছিল ছুটির দিনে সকাল আট্টায় রেডিও সিলোন থেকে প্রচারিত পুরনো হিন্দি ছবির গানের অনুষ্ঠান 'পুরানে ফিল্মে কি গানে।' আর শুনতেন জগন্ময় মিত্র, পঙ্কজ মল্লিক, কুন্দনলাল সায়গল, তালাত মামুদ আর কাননবালার গান। শিমূল বাবাকে গুণগুণ করে 'বাবুল মোরা… নৈহার…' গাইতে শুনেছে।
এলাকায় যেসব ঘনিষ্ঠ ক্লাসমেইট অর্থাৎ বন্ধুদের বাড়ি গল্পের বই বিনিময়ের সুবাদে শিমূলের আসাযাওয়া ছিল, গোয়ালনগর ছেড়ে যাবার আগে তাদের বাড়ির লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার চলল কয়েক বিকেল জুড়ে। সঙ্গী কুটিমামা অথবা কুটিখালা। তাঁতিবাজারে শতদলের বাড়ি গেল এক বিকেলে। শতদল বিহারী দত্ত। ওর বাবা বিমান বিহারী দত্তসাহেব ছিলেন গ্ল্যাক্সো-ইস্ট পাকিস্তানের প্রধান নির্বাহী। শতদল ওই কচি বয়সেই ইংরেজি বেলেচালে ওর বন্ধুদের মুগ্ধ এবং হতভম্ব করে রাখত। ইংরেজি পরীক্ষায় অবশ্য শিমূলই সর্বোচ্চ নম্বর পেত। আর ঐ কৃতিত্বের জন্য শতদলের মা-বাবার কাছে ও বিশেষ আদর পেত। ক্লাস ফোরে উঠলে শতদল-শিমূল দুই পড়–য়ার চোখেই চশমা উঠল। স্কুলে বন্ধুরা ওদের 'চারচোখো' বলে ক্ষ্যাপাত। শতদলের বাড়িতে গেলে সাহেবি জল খাবার অর্থাৎ ক্রিমরোল, মাংসের প্যাটি, প্যাস্ট্রি ইত্যাদি খেতে দিতেন ওদের মাসিমা। সঙ্গে হট চকোলেট অথবা গরম ওভ্যালটিন। দুধ খেতে শিমূলের বেজায় আপত্তি সত্ত্বেও মাসিমার মধুর ব্যক্তিত্বের সামনে টুঁ শব্দটি না করে সে ওইসব খানিকটা তিতকুটে স্বাদের পানীয় চোঁ চোঁ করে মেরে দিত।
এক ছুটির দিনে বাড়ি বদলানো হল। পাতলা খান লেইনের ৮৩ নং বাড়ি। রাস্তা থেকে তিন-চার ধাপ সিঁড়ি উঠে সামনে রেলিংঘেরা বারান্দা। দু'টো দরজা — প্রধান প্রবেশপথ বাঁদিকে, ডানেরটা বৈঠকখানার বাইরের দরজা। সদর দরজায় বড় বড় দু'টো লোহার কড়া ঝোলানো। ঢাকার বহুবাড়িতে ঐ পঞ্চাশ দশকের মাঝামাঝি সময়েও বিজলিবাতি ছিল না। শিমূলদের নতুন বাড়িতে ব্যবস্থা তথৈবচ। ওবাড়িতে গিয়ে বছরখানেক বাস করার পর বাড়িতে বৈদ্যুতিক আলোপাখার ব্যবস্থা হয়েছিল। বাল্ব অকেজো হয়ে গেলে শিমূল গিয়ে পাড়ার দোকান থেকে ফিলিপ্স বা ওসরাম কম্প্যানির বাল্ব এনে চেয়ার, টেবিল অথবা বিছানার ওপর দাঁড়িয়ে হোল্ডারে পেঁচিয়ে লাগাত। কাজটা ঠিক 'প্যাঁচানো'র মত অত সোজা নয়, বাঁ হাতে হোল্ডার শক্ত করে ধরে, ডানহাতে বাল্বের ধাতু মোড়ানো গোড়া হোল্ডারে যুতমত বসিয়ে, একটু নমনীয় চাপ দিলে, ছোট্ট একটু ¯িপ্রং অ্যাক্শন হত, বাল্বটা হোল্ডারের ভেতর একটু বসে যেত, বাল্বটিকে সঙ্গে সঙ্গে ঐ চেপে ধরা অবস্থাতেই ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, সেদিকে সামান্য ঘোরালেই কাজ শেষ, অর্থাৎ তখন সুইচ অন করলেই হল্দেটে আলো জ্বলবে। সেকালে দোকান-বাড়িঘর বা স্ট্রীট ল্যাম্প — সে যেরকম আলো হোক না কেন, তাতে বাল্বের ওপরে পাতলা টুপির মত ঢাকা থাকত, যার ফলে আলো জ্বললে সে আলোর বেশির ভাগ নিচে বিচ্ছুরিত হত।
বাড়িতে বছরভর অতিথি সমাগম ঘটত। লোডশেডিং তখনো হত। সন্ধেবেলা পড়ার সময় বিদ্যুৎ চলে গেলে সেটা ছোটদের জন্য বিশুদ্ধ বিনোদনের কারণ হত। মায়েরা তাদের পুরনো হারিকেন খুঁজে বের করে, পরিষ্কার করে, কেরোসিন ভরে জ্বালতে জ্বালতে ভাইবোনদের হাত ধরাধরি করে বসে আলৌকিক-অশরীরি কাহিনী বয়ানের প্রতিযোগিতা হত। শিমূলদের দাদাবাড়ি পাবনা থেকে কাকারা আসতেন নানা কাজে অথবা বেড়াতে, তেমনি নানাবাড়ি চৌগাছির মামা অথবা তুতো বড়ভাই কেউ এসে ওদের বাড়ি উঠতেন। মেহমানদের কেউ বাড়িতে উপস্থিত থাকলে লোডশেডিংয়ের সময়টা আরো ভালো কাটতো। বৈঠকখানা ঘরেই সাধারণত পুরুষ অতিথিরা থাকতেন। শিমূলদের স্টাডিও ছিল ওইঘর। ঘরের এককোণে তক্তপোষে তোষক, বালিশ, চাদরের বিছানা — দিনে গুটিয়ে রাখা হত। বড় টেবিল ঘিরে শক্তপোক্ত কাঠের চেয়ার ক'খানা। একধারে ওরা দু'ভাই গুণগুণ শব্দে বিদ্যাভ্যাস করত, টেবিলের অন্যপ্রান্তে স্বচ্ছন্দে দাবা খেলতেন বরিশালের লঙ্কাকাকা আর হয়তোবা মাদারিপুরের তুফান ভাই। লঙ্কাকাকা যে ক'দিন ঢাকায় কাজকর্ম সারতেন, শিমূলের মা শফিভাইকে বলতেন, 'বাজার থেকে রোজ কাঁচামরিচ বেশি করে আনবি এই ক'দিন।' কাকা খেতে বসলে মা পিরিচে অনেকগুলো কাঁচালঙ্কা সাজিয়ে এগিয়ে দিতেন। কাকা অত্যন্ত প্রসন্নমুখে গল্প করতেন, কচ্কচ্ করে লঙ্কা চিবোতেন আর ভাততরকারির গ্রাস মুখে তুলতেন।
দোতলায় খুবরূ-সেলিনাদের বাড়িতে ছোটদের যাওয়াআসার ব্যাপারে শিমূলের মা এবং ওপরের বড়খালা প্রবর্তিত বিধিনির্দেশ বলবৎ ছিল। বিকেলে স্কুলছুটির পর বাড়ি ফিরে, হাতমুখ ধুয়ে দুধ-রুটি খেয়ে, দোতলায় বা ছাদে শিমূলরা খেলতে যেতে পারত। কমলমামা, নিরুখালা, ভিজিটার পান্নুভাই ওদের আড্ডায় যোগ দিলে ওরা খুশি হত। পাবনার রোকনকাকা সাধারণত বাৎসরিক পরীক্ষার পর আসতেন। শিমূলের বাবা ছোটভাইকে নতুন ক্লাসের বইপত্র, কলম এবং পোশাক-আশাক কিনে দিতেন পাবনা যাবার আগে; যাবার সময় প্রায়ই শিমূল তার সফরসঙ্গী হত। স্বাভাবিকভাবেই শিমূলের ভ্রমণ ও ভূগোলের জ্ঞান বাস্তবে পরখ করার সুযোগ অন্য ভাইবোনদের তুলনায় একটু বেশিই ছিল।
রোকনকাকা খুব সিনেমা দেখতেন। পাবনা গেলে শিমূলেরও সে সুযোগ হত। উনি সিনেমা দেখে সিনেমার গানের বই কিনে গুণগুণ করতে করতে বাড়ি ফিরতেন। প্রায় সকল জনপ্রিয় আধুনিক ও সিনেমার বাংলা, উর্দু ও হিন্দি গান তার কণ্ঠস্থ ছিল। অনায়াস দক্ষতায়, সুরে গান গাইতেন। শিমূল গলা মেলাতো। রবুরও গানের প্রতি ঝোঁক ছিল, এখনো রয়েছে। খুবরূর সখ ছিল গাইবার, কিন্তু কণ্ঠে মূর্তিমান অসহযোগ বাসা বেঁধেছিল। সতীনাথ মুখর্জির 'এখনো আকাশে চাঁদ, ঐ জেগে আছে' গানটির জনপ্রিয়তা তখন তুঙ্গে। মামা-খালারা তো গাইছেনই, শিমূল এক সকালে স্কুলে যাবার পথে শুনতে পেল, এক করুণ গান, 'এখোনো আকাশে চাঁন্দ' — ট্যাক্সি ড্রাইভার রাশিদ তার উর্দু জবানের যথাসাধ্য বঙ্গীকরণ করে দু'চোখ বুঁজে বাঁ হাতের বুড়ো আঙুলে বাঁ কানের লতি ছুঁয়ে, ডানহাত পঁয়তাল্লিশ ডিগ্রী কোণে গগনবিদারী মুদ্রায় ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। ও বইয়ের ব্যাগ নামিয়ে রেখে রাশিদের গাওয়া পুরো গানটা শুনল। খুবরূ যখন গানটা গাইত, 'যদি গো আলো তার' অংশটিতে এসে সে তার সুরধুনিটিকে পাকড়াবার কতই না কোশেশ করত, ছলাকলাপটু সুরশ্রী ওর শেষ পর্যন্ত অধরাই থেকে যেত।
নিরুখালার কণ্ঠ স্বভাবতই সুরে বাজত। সহজেই তিনি গীতা দত্ত'র 'জলটল্টল্ পুকুরে, ঝিরঝিরঝির হাওরাতে; লজ্জায় ফুল লাল টুক্টুক্, কার গুণগুণ্ গাওয়াতে' গেয়ে উঠতেন, শিমূল গলা মেলাত অনায়াসে। নিরুখালার যেমন, শিমূলেরও তাই — যে কোনো জনপ্রিয় গানের একটি দু'টি শব্দ শুধু ধরিয়ে দেয়ার অপেক্ষা — শুরু হয়ে যেত গান অফুরনো কখন সাঁঝ ঘনিয়ে আসত, 'বেলা যে ফুরায়, আধাঁর ঘনায়, মোর দ্বারে কেন এলে পান্থ' গাইতে গাইতে নিচে নামত আড্ডাধারীদের কাফেলা, সিঙ্গল ফাইলে — কারণ সিঁড়িটা দু'পাশ থেকে একটু চাপাই ছিল, মনে হয়। হাতপামুখ ধুয়ে, মুছে, পড়তে বসা হত।
রাত সাড়ে আটটা-ন'টা অবদি লেখাপড়া চলত। ততক্ষণে বাবা এসে গেছেন। একসঙ্গে মাদুর পেতে খেতে বসত সবাই, অভ্যাগতশুদ্ধ। মা বাড়ির সদস্যদের যার যার নির্দিষ্ট থালায় ভাত বেড়ে দিতেন। শিমূল আর ভাইবোনদের জন্য কানাউঁচু ঢেউখেলানো ফুলকাঁসার বগি থালা, বড়দের জন্য বড় বড় চ্যাটালো থালি। অনেক পরে, বড় হয়ে, ভারতে বেড়াতে গিয়ে দেখেছে, সেখানকার 'থালি' হল পথের পাশে ধাবায় স্টিলের বড় বড় থালায় দশটি বাটি সাজিয়ে একধারে অল্প চারটি ভাতের চূড়ো, গোটা-চারেক গোলাকার হাতরুটি, একহাতা ঘি-ভাত, দু'টুকরো পাঁপড় পরিবেশন। মায়ের হ্যান্ডিম্যান শফি ভাই ভোরে উঠে কলতলায় ঐ কাঁসার থালাবাটি গেলাসের ডাঁই নিয়ে বসে তেঁতুল দিয়ে মেজে সোনার চেয়েও চক্চকে করে তুলত। মা ভাত বেড়ে দিয়ে পাতে-পাতে ভাজাভুজি তুলে দিতেন, সঙ্গে ছোট চামচে করে গাওয়া ঘি। তারপর মাছ অথবা খাসি-মুরগির মাংস। দু'টো জামবাটি ভর্তি গরম মসুরের ডাল দস্তরখানের এপ্রান্তে-ওপ্রান্তে, যার যেমন ইচ্ছে ডাব্বু ডুবিয়ে তুলবে। শেষপাতে দুধভাত, সঙ্গে আম, তাল অথবা কাঁঠালের রস, পাকা কলা অথবা আমসত্ত্ব, আমের জেলি। চৌগাছি থেকে প্রতিসন নানী তার তিন মেয়ের বাড়িতে আমের অবিস্মরণীয় সব আচার, জ্যাম আর আমসত্ত্বের বড় বড় প্যাকেট পাঠাতেন। কত কষ্ট করে, কেউ না কেউ দু'দিনের সফর শেষে, কাজি শামসুন্নাহার বেগমের প্রাণের খাজানা সব আদরের নাতিনাতনির কাছে পৌঁছে দিতেন ঠিক। শীতকালে নানাবাড়ি বেড়িয়ে ফেরার সময় সঙ্গে আসত এরকম বহুবিধ অপূর্বস্বাদের আহার্য — দুধকদুর মত স্বাদু উপহার কেউ ভুলতে পারে? নানা ধরনের, স্বাদের নাড়–, ক্ষিরের তক্তি, পিঠেপুলি বেশুমার।
খাবারে বৈচিত্র্য আনার ব্যাপারে সেদিনের মায়েরা বোধহয় তাদের দিনরাতের অধিকাংশ সময় বিনিয়োগ করেও সুখী হতেন। শিমূল ওর মাকে দেখেছে, সকাল দশটায় স্কুলে পাঠানোর সময়ে , রান্না বলতে কেবল ভাতের হাঁড়িই হয়তো নেমেছে একটা, ডিম পোচ করে ঘি আর চিনি দিয়ে গরম ভাতের স্বাদু গ্রাস ওদের মুখে তুলে দিতেন। খাওয়া শেষ হলে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতেন যখন, তখনও বোধহয় মনে মনে ভাবছেন, বিকেলে স্কুল থেকে ফিরলে ওদের সামনে কোন্ লোভনীয় অথচ পুষ্টিকর জলখাবার তুলে ধরবেন। মায়ের হাতে খাওয়ার ব্যাপারটা ঐ সকালে স্কুলে যাবার কালেই বেশি-বেশি ঘটত। সকালে নাশতা খাবার পর দু'ঘণ্টা যেতে না যেতেই স্নান করে আবার কিছু খেয়ে নিয়ে স্কুলে যাবার কথা, কিন্তু আদতে শিমূলদের খিদে পেত না ঠিক ওই সময়টায়। তাই বলে ভবী অর্থাৎ বকুল ওরফে শিমূলদের মা তাতে ভুলবেন কেন? সপ্তাহে ছ'দিন সকাল সাড়ে ন'টা-পৌনে দশটায় উনি থালায় খরম ধোঁয়া ওড়ানো বিরহী চালের মিষ্টি ভাত, আলুমাখা, ডিমের ভর্তা, পটলছানা, ওমলেট বা পোচ আর গাওয়া ঘি একসঙ্গে মেখে শিমূল-রবু আর বোন নাজু স্কুলে যাওয়া শুরু করলে তাকেও লোক্মা করে খাইয়ে দিতেন। খাওয়ানো শেষ হলে, ঢোঁক ঢোঁক পানি গিলিয়ে, মুখ মুছিয়ে, মাথায় চিরুনি বুলিয়ে দিতেন। তারপর শর্টসের পকেটে রিকশাভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) কিছুমিছু কিনে খেতে ইচ্ছে হলে সেবাবদে নগদ কিছু খরচের যোগান দিয়ে, ওদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে তবেই মায়ের ছুটি। দরজা বন্ধ করার আগে যথারীতি 'কারো সঙ্গে মারামারি করবে না, বেশি-বেশি খেলে-দৌড়ে শার্ট-শর্টসের ভাঁজ নষ্ট করবে না, হাঁটু-কনুই যেন পরিষ্কার থাকে', ইত্যাদি নিষেধের মালা শিমূল-রবুর গলায় ঝুলিয়ে তবেই মায়ের নিশ্চিন্তি।
পেছনে সদর বন্ধ হলে ওরা বেশ স্বচ্ছন্দবোধ করত, দু'ধারে তাকিয়ে দেখে, সাইনবোর্ড পড়ে সংশোধন করতে করতে, গল্পগুজবে মেতে দু'ভাই এগোত। পাতলা খান লেইনের মাথায় মুসলিম হাইস্কুল ডানে রেখে নর্থব্র"ক হল রোডে পড়তে না পড়তেই রাস্তাটা শেষ, বাঁয়ে ঘুরলে ডানহাতে ভিকটোরিয়া পার্ক, বাঁয়ে হিজ মাস্টার্স ভয়েস কম্পানির ঢাকা ডিপোর স্যুইং দরজার ওপর-নিচের ফাঁকা জায়গা দিয়ে ভেসে আসা গান শুনতে শুনতে যাওয়া, জনসন রোড পার হয়ে বাঁয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া আর ডানে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের মাঝের রাস্তাটা পরিচিত ছিল ঢাকা-নারায়ণগঞ্জ ট্যাক্সিস্ট্যান্ড হিসেবে — সেই জায়গাটা পেরোলে মুখোমুখি জগন্নাথ কলেজ — এলাকার এলেবেলে মানুষ যে প্রতিষ্ঠানকে 'জগুবাবুর পাঠশালা' বলে উল্লেখ করতে। জগন্নাথ কলেজেরই দু'পাশে দুই সহোদরের মত দাঁড়িয়ে বাঁয়ে কলেজিয়েট স্কুল আর ডানে পোগোজ স্কুল। পাতলা খান থেকে পোগোজ স্কুলে যাওয়াআসা তেমন কিছু হ্যাঁপার ব্যাপার ছিল না। কেবল বৃষ্টির দিনে ওরা রিকশায় চড়ত। তবে ঐ ট্যাক্সিস্ট্যান্ড এলাকাটা পার হতে শিমূল অস্বস্তিবোধ করত। আড্ডাধারী অবাঙালি ড্রাইভারদের উপস্থিতি, বিড়ি সিগ্রেট খাওয়া, তাস পেটা আর অশ্লীল উচ্চকিত কথাবার্তাই নিঃসন্দেহে ওদের ওই শর্টকাট রাস্তায় চলতে গেলে পায়ে পা আটকে যাবার মত অবস্থার কারণ ছিল।
রাতদিনের চব্বিশ ঘণ্টার মধ্যে শিমূল-রবু দু'ভাইয়ের একান্ত নিজস্ব সময় ছিল ওই স্কুলে যাওয়া আসার অবকাশটুকু — নজরদারিবিহীন। রাস্তার ধারে অহরহ ঘটতে থাকা সব মজার কাণ্ড দেখার ঝোঁকেও ওরা অনেক সময় ঘুরপথে স্কুলে যেত। দিনের শেষে অবশ্য দু'ভাই পরস্পরকে মনে করিয়ে দিতে দিতে বাড়ি ফিরত — মা যেন ঘুণাক্ষরেও টেরটি না পান যে, তার দুই কীর্তিমান হেঁটে হেঁটে গলদঘর্ম হয়ে, রিকশা ভাড়া বাঁচিয়ে, বিপজ্জনক (?) কাটা ফল কিনে খেতে খেতে, গল্প করতে করতে বাড়ি ফিরেছেন। টের পেলে উপযুক্ত শারীরিক সাজা প্রদান না করে যে মা ক্ষান্ত হবেন না, এটা দুজনেই জানত। প্রতিজ্ঞা সত্ত্বেও রবু মায়ের আদরে বশীভূত হয়ে ওদের যাবতীয় অ্যাডভেঞ্চারের বৃত্তান্ত ফাঁস করে দিত। মারধর জুটলেও ওরা মাঝে মাঝেই ওই নিষিদ্ধ রোমাঞ্চের স্বাদ নিত।
পাতলা খান লেইনে অনেকের সঙ্গে শিমূলদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পাশের বাড়ি ছিল বিজয়দি, বীণাদিদের — ওদের মা মাসিমা রাতদিন মেয়েদুটোকে তারস্বরে বকাঝকা করতেন। শিমূল যতটুকু দেখেছে, বিজয়াদি অত্যন্ত ফর্সা, সুশ্রী এবং মিষ্টভাষী ছিলেন। বীণাদি অবশ্য কালোকুলো, একটু রুক্ষস্বভাব ছিলেন। মায়ের একতরফা চেঁচামেচির উত্তরে বীণাদিই প্রধানত মাঝে মাঝে ফিরতি সঙ্গত করতেন। দু'টো বাড়ি পরেই ফ্যাব্রিক হাউস-এর রিনা আপাদের বাসা। পরিবারের একমাত্র
সন্তান রিনাপা শিমূলদের চেয়ে বয়সের বড় হলেও স্বভাবে, আচার-ব্যবহারে শিশুপ্রতিম ছিলেন। ওর জন্মদিনের পার্টিতে পাড়ার সব বাচ্চাদের জমাটি মেলা বসত দিনব্যাপী — সকাল-সন্ধ্যা। আরও ছিল মিহির, মিন্টুভাই, ফেলু, শাহাদাৎ — ওদের সঙ্গে সখ্যের ভিত্তি ছিল লেখাপড়ায় সহযোগিতা, বই-নোট্স নেয়াদেয়া — এইসব। মিহির, শিমূল সহপাঠি। মিহিরের বড়ভাই মিন্টু ওদের একক্লাস ওপরে কলেজিয়েট স্কুলের ছাত্র। অত্যন্ত মেধাবি মিন্টু ভাই যথাসময়ে বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর নিযুক্ত হন।
ছুটির দিনে কাছাকাছি লক্ষèীবাজার, হৃষিকেশ দাস রোড বা পিয়ারিদাস রোডে কোনো বন্ধুর বাড়িতে গল্পের বই ফেরত দিতে অথবা আনতে যাওয়া হত। শিমূল বন্ধুদের সঙ্গে ঐ সুবাদে এদিক-সেদিক একটু ঘুরত-ফিরত। বিউটি বোর্ডিং, মেহেরবান রেস্টোর্যান্ট হয়ে বাংলাবাজারের বইপাড়া পেরিয়ে সদরঘাটের মোড়ে ফিরোজ আলমের বিশাল, চক্চকে মনিহারী দোকান, তারপর ডানে শরীফের ছাতার দোকান, রিভারভিউ রেস্তোরাঁ। রূপমহল সিনেমার সন্দেই টিন-কাঠের দোতলা চা-খাবারের দোকান — সিনেমা ক্যাবিন। নিচের ক্লাসে পড়বার সময় ভয়ে-ভয়ে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় চলে যেত ওরা — দু'তিন বন্ধু মিলে। একা কখনো নয়। অতঃপর সকলের পকেটের রেস্ত একত্র করে চিংড়ি কাটলেটের অর্ডার দেয়া হত। একটি প্লেটজোড়া কাট্লেটের দাম ছ'আনা। অনবদ্য স্বাদ। ওরকম চিংড়ির কাটলেট শিমূলের আর খাওয়া হয়নি। আরো ছিল কোতোয়ালি থানা রোডে শঙ্কর বোর্ডিং — ওদেরও বোম্বাই টোস্ট আর চা-কফির সুনাম ছিল তল্লাট জুড়ে।
আরো ক'বছর পর, যখন ওরা ওয়ারির বনগ্রাম রোডের বাসিন্দা, তখন শিমূল-রবুর জন্য প্রতিদিন স্কুলে যাওয়াআসাটাই একটা চিত্তাকর্ষক ব্যাপার হয়ে দাঁড়াল। যে রবুর একসময় স্কুলে যেতে মোটামুটি আপত্তিই ছিল, সে তখন অনুমতি পেলে ছুটির দিনেও বড়ভাইয়ের সঙ্গে স্কুলে যেতে অত্যুৎসাহী। বনগ্রাম রোডের বাড়ি থেকে বেরিয়ে দু'ভাই হেঁটে হেঁটে অথবা রিকশা চড়ে মদন মোহন বসাক রোডে পড়ত, একটু এগোতে ডানদিকে দিগেন্দ্রদের বাড়ি, পাশেই দিগেনের তুতো বোন ঝর্না বসাকদের বাড়ি, ঝর্না ওদের সমসাময়িক — একই ক্লাসে বাংলা বাজার গার্লস হাইস্কুলে পড়ত। ঝর্নার বাবা ননী বসাক খ্যাতনামা ফুটবল রেফারি ছিলেন। ঝর্না-ই পরবর্তী কালের ফিল্মি নায়িকা শব্নম। নায়ক রহমানের সঙ্গে রাজধানীর বুকে চলচ্চিত্রে অভিনয় করে দেশ জুড়ে নাম করেছিল।
ওদের গলি পেরিয়ে ডানে শিমূলের ক্লাসমেট শঙ্করদের বাড়ির সামনে দাঁড়িয়ে দু'বার ডাকা হত — 'শঙ্কর, শঙ্কর'। আগেই বেরিয়ে না পড়লে শঙ্কর প্রসাদ সরকার বইখাতা হাতে বেরিয়ে এসে ওদের সঙ্গী হত। যেতে যেতে হয়তো ছ'পয়সা অর্থাৎ দেড় আনা খরচ করে তিনটে আমড়া কেনা হত — সে আমড়া রীতিমাফিক 'কাইট্টা-ছিল্যা-লবণ লাগাইয়া'ই বিক্রি হত। অথবা এক আনার চিনেবাদাম কিনে শিমূল রবু আর শঙ্কর পকেট ভরে নিত, একটি একটি বাদাম ভেঙে খাওয়া, নিরন্তর গল্প আর হাঁটা চলত।
রথখোলার মোড়ে এসে বাঁয়ে ঘুরতে হত। উল্টোফুটে বাটার দোকান, যার ম্যানেজার রহমান চাচা শিমূলের বাবা আমজাদ আলীর সহকর্মী, তারপর পীতাম্বর সাহার বিশাল মশলাপত্তর-নীল-রাসায়নিক-ভেষজ সামগ্রীর পশরা, দুধের আড়ত, মালিটোলার গলি। বাঁয়ে মরণচাঁদের আদি মিষ্টান্ন ভাণ্ডার, ওকে স্পোর্টসের শো উইন্ডোতে শিয়ালকোটের ব্যাটবল, ফুটবলের হাতছানি — তারপর দোলাইখালের ওপর রাসাবাজার অর্থাৎ রায়সাহেবের বাজারের পুল অর্থাৎ সেতু। পুলের ওপর রেলিং-এর ফাঁকে মাথা গলিয়ে কিছুক্ষণ খালের জলপ্রবাহ, দাঁড় টেনে যাওয়া বড় বড় মহাজনি নৌকো, ঢাকাইয়া কিশোরদের কলাগাছের ভেলায় চড়া, খালের টলটলে জলে ঝাঁপানো দেখা ছিল ওদের নিত্য অভ্যাস। শিমূল রবুর ডানা ধরে অনেক টানাটানি করে তবে তাকে স্কুলে নিতে পারত। পুল পার হতে বাঁয়ে একের পর এক তন্দুরওয়ালা বাখরখানি অথবা রুটি তৈরি করছে, এলাকার বাসিন্দারা নেহারি, অর্থাৎ গরুখাসির পায়ার ঝোলভর্তি বাটিতে পানিরের বাখরখানি অথবা গরম, ফুলো-ফুলো রুটি ভিজিয়ে খেয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছে — সঙ্গে গরম গরম লাল টুক্টুকে মচ্মচে তারের মত প্যাঁচের জিলিপি আর মালাই ভাসানো চা। ওল্টোদিকে রায়সাহেবের বাজারে ঢোকার একাধিক পথ, তারপরেই ঢাকার মশহুর লাস্সি-র দোকান। সেই পঞ্চাশের দশকেই ওখানে নোন্তা ও মিষ্টি দই বের লাস্সি, সিরাপ লাস্সি, লেবু গন্ধ লাস্সি ইত্যাদি মিলত। দাম প্রতি গ্লাস চার আনা থেকে আট আনা। রম্রম্ বিক্রি হত। শিমূলরা কখানো ঐ লাস্সির দোকান ফাঁকা দেখেনি, সকালে অথবা বিকেলে। আসলে ঢাকাইয়া পুরুষেরা বাড়ির বাইরে অর্থাৎ দোকানে-বাজারে আড্ডা দিয়ে খাওয়াদাওয়া সেকালে বেশি পছন্দ করতেন, মনে হয়।
ঐ জনসন রোড ধরে এগোলে এরপর বাঁয়ে জেলাপরিষদ ভবন, কারকুনবাড়ি লেইন, মুকুল সিনেমা, মাইর্যান্ডার রেস্তোরাঁ, গির্জা ও ভিক্টোরিয়া পার্ক। পার্ক ঘিরে ঢাকা-নারায়ণগঞ্জ সার্ভিসের বাস ও ট্যাক্সির আড্ডা। ডানে কোর্ট-কাচারির হলুদ-লাল বাড়ি। রবু পারতপক্ষে আদালতের পাশ দিয়ে হাঁটতে চাইত না। শিমূল ও তার ক্লাসমেটরা সাধারণত যে ফুটপাতে রোদ থাকত না, সেদিক ধরেই হাঁটত চাইত। রবুর ভয় ছিল ব্ল্যাক মারিয়াকে — সেন্ট্রাল জেল থেকে কয়েদি আনানেয়ার ঐ কালো রঙের বহু গাড়ি দেখলেই ও কেমন সিঁটিয়ে যেত, শিমূলের শর্টস খাম্চি দিয়ে ধরে ফিসফিসিয়ে বলত, 'বড়ভাই, ব্ল্যাক মারিয়া।' আসলে ঐ গাড়ি গুলোর ওপরদিকে মোটে ইঞ্চিছয়েক জায়গা ফাঁকা রেখে গরাদ বসিয়ে দেয়া হয়। তাই প্রায় সব সময়ই দেখা যেত, অনেকজোড়া হাত ঐ গরাদগুলো ঘিরে, বোধহয় বাইরের আলো-হাওয়ার ছোঁয়া পেতে চাইছে। রাস্তার দু'ধারে কত যে পশারি বসত, কতশত ভেষজ চিকিৎসা, টোট্কা ব্যবস্থাদি, সাপুড়ের ঝাঁপি, টিয়াপাখি ও ভাগ্যলেখা, চারপোকা-ইঁদুর মারার সস্তা হাতুড়ে এবং একই সঙ্গে রগুড়ে ব্যবস্থা কাউকে গছিয়ে দু'টো পয়সা রোজগারের উদ্দেশ্যে, তার ইয়ত্তা নেই। চলার পথে রবু ফাঁকে ফাঁকে এটা-ওটা চেখে দেখবার প্রস্তাব দিত — শিমূল ওদের যৌথ তহবিলের অবস্থা বুঝে সেগুলো মেটানোর ব্যবস্থা করত, অবশ্য সেই খাদ্যবস্তু বা পানীয় ওরও বেহদ্দ পছন্দ হলেই কেবল।
কাচারির উল্টোবাগে দিল্লি মুসলিম রেস্টোর্যান্টের খাবারের স্বাদ নেবার সুযোগ শিমূলের ওই অল্প বয়সেই হয়েছিল। রোকনকাকা, খোকাকাকা, কুটিমামার ক্ষুদে সঙ্গী হিসেবে সে দু'চারবার ঐ খ্যাতনামা খাদ্যালয়ে গেছে। ওখানে খাওয়া অত্যন্ত স্বাদ একটি পদের কথা আজও শিমূলের মনে পড়ে। আস্ত ঢ্যাঁড়শ দিয়ে রান্না করা খাসির রেজালা। সঙ্গে ঘিয়ে ভাজা ফুলকো হালকা পরোটা। মায়ের কাছে ওই খাবারের গল্প করতে গিয়ে বকুনি খেয়েছিল শিমূল আর খোকাকাকা দুজনেই। 'ওইসব বিহারিদের গোস্ত রান্না কোলকাতায় অনেক খেয়েছি। বাড়ির পটল-খাসির ঝোল আর নিশ্চয় বাবুদের মুখে রুচবে না এরপর?' বড়বোনের ভর্ৎসনা শুনে খোকা নিঃশব্দে হেসে, জিভ দিয়ে ঠোঁট আর গোঁফে লেগে থাকা নিকোটিনের গাদ চাটতে চাটতে বলেন, 'বু, আপনার রান্নার সঙ্গে তুলনা করেছে নাকি আমার ভাতিজা? মা বলেন, আমার বকুর হাতের রান্না এবাড়ির আর সব বউয়ের ওপরে।' কথা ঠিক, পোকাকাকার বউ কলকাতাওয়ালি চাচির রান্না ঘরানা-সম্মত করতে শিমূলের মাকে অনেক বেগ পেতে হয়েছিল।
মুকুল সিনেমার পর 'মাইর্যান্ডার'। একতলা রেস্তোরাঁ ভবনটির বহিরঙ্গে ঘিয়ে পলিশ, দরজা-জানালার কাচের পাল্লার পেছনে নক্শাদার লেসের পর্দা, ভেতরে নরম আলো। দু'বার মিনিট কখনো-সখনো অপেক্ষা করেও শিমূল কোনোদিন কাউকে ঐ রেস্তোরাঁয় ঢুকতে দেখেনি। কেবল এক বিকেলে স্কুল থেকে ফেরার পথে উল্টোদিকের ফুটপাত থেকে দেখেছিল, এক সুবেশ ও তরুণ অ্যাংলো ইন্ডিয়ান জুটি মাইর্যান্ডার থেকে ক্লাথ পায়ে বেরিয়ে এসে একটি বিশাল লম্বা, চ্যাপটা চেহারার সাদা বকের মত শেভ্রোলে গাড়িতে চেপে ভেসে গেল যেন (অমিয় সাগরে কি?)। ওই সায়েবি রেস্তোরাঁর পরে গির্জা, তার সুদৃশ্য সবুজ ঘাসে ঢাকা লন, ফুল বাগান, পেছনে পাদ্রিদের আবাস। গির্জা পেরিয়ে ডানে ঘুরলে বাঁয়ে স্টেইট ব্যাংক অব পাকিস্তানের উঁচু পাঁচিল ঘেরা বিশাল দালান, ডানে সেই কোর্ট-কাচারি। সোজা গেলে শাঁখারিবাজার, তারপর পাটুয়াটুলি। শাঁখারিবাজারে না ঢুকে বাঁয়ে ঘুরলে রেমিংটন র্যান্ড টাইপরাইটার কম্পানির অফিস। তারপর খানিকটা ফাঁকা জায়গা পার হয়ে পোগোজ হাইস্কুলের প্রধান ফটক। ফটকের বাইরে রকমারি লোভনীয় চাট্-চানাচুর-ঝালমুড়ি-আচার-আমড়া-পেয়ালা হজমি ইত্যাদির পশরা সাজিয়ে ঢাকাইয়া-ওড়িয়া-হিন্দুস্তানি ফেরিওয়ালাদের জমজমাট মেলা।
সেইন্ট গ্রেগরিজ স্কুলের মতো পোগোজেও খেলার মাঠ ছিল তিনটে। মূল ভবনের মাথায় খোদাই অক্ষরে ইংরেজিতে লেখা 'ইএসটিডি: ১৮৪৮' অর্থাৎ প্রতিষ্ঠাকাল: ১৮৪৮ ইং। সামনে দু'টো বড় মাঠ — একটাতে স্কুল বসার আগে সকাল পৌনে এগারটায় অ্যাসেম্বলি হত, যাতে সব ছাত্র এবং শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। এগারোটায় স্কুল বসত। যেদিন ওরা দু'ভাই রিকশায় চড়ে যেত, সেই সকালগুলিতে ক্লাস এবং অ্যাসেম্বলির আগে যতটা সময় হাতে থাকত, সেটা শিমূলের গোল্লাছুট খেলে কাটতো — দুর্দান্ত প্রমোদ। ওদের কয়েকজন বন্ধুর ক্ষেত্রে অবসর পেলেই এক রাউন্ড গোল্লাছুট খেলে নেবার প্রবণতা নেশা হয়ে দাঁড়িয়েছিল। অ্যাসেম্বলির সময় হেডমাস্টার মণীন্দ্র চন্দ্র ভট্টাচার্য এসে জমায়েতের সামনে দাঁড়াতেন — ফর্সা, লম্বা, শীর্ণদেহ, সূক্ষ্ম রুচিবোধসম্পন্ন এক সুবেশ মানুষ। মৃদু হাসতেন সর্বক্ষণ — বিশেষ মুহূর্তে, যেমন শতবর্ষ পার হয়ে যাবার বেশ ক'বছর পর স্কুলের শতবার্ষিকী উৎসবে আমন্ত্রিত প্রাক্তন ছাত্র পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান যে বিকেলে কালো চক্চকে পতাকা ওড়ানো গাড়ি থেকে নেমে হেড্স্যারের পায়ের ধুলো মাখায় ছুঁইয়েছিলেন, সেদিন তার পাঞ্জাবির সোনার বোতাম, চশমার সোনার ফ্রেম আর ঝক্ঝকে দাঁতের সারি খুশিতে ঝিকিয়ে উঠেছিল।
বেশিরভাগ দুষ্টু ছেলে হেড্স্যারকে দেখলেই কেমন পাংশুমুখে সিঁটিয়ে থাকত। শিমূল অকারণে ভয় পেতে চাইত না, যেমন সে অকারণে কেউ প্রশংসা করলেও কেমন সঙ্কুচিত হয়ে পড়ত। প্রতি বছর বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসবে হেডস্যারের হাত থেকে অনেক ক'টা প্রাইজ নেবার সময় শিমূলের মনে হত, ওর আসল পাওয়া হচ্ছে হেডস্যারের অতগুলি মুচকি হাসি। হেডস্যারের লাল্চে বেত উঁচু হলেই উপস্থিত ছাত্র-শিক্ষক নিঃশব্দ হয়ে যেতে ভূগোল শিক্ষক পাল বাবু ভুগোলস্যার পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করতেন: 'পাক সারজামিন শা'দ বাদ …' আমরা সরু মোটা, চিকন কণ্ঠে সঙ্গত করতাম। প্রথম দিকে কিছু বুঝতাম না কী গাইছি। ক্লাস সেভেন-এইটে উর্দু পড়বার সময় ক্লাসিক্যাল ভাষায় পণ্ডিত বড় মৌলবি ও ছোট মৌলবিস্যার ঐ তারানার কিছু কিছু শব্দার্থ ব্যাখ্যা করার পর শিমূল বুঝেছিল, ওটা দেশাত্মবোধক গান — দেশবাসীর মনে মাতৃভূমি সম্পর্কে মমতা, ভালবাসা, দায়িত্ববোধ জাগানোর উদ্দেশ্যে গীত সম্মেলক, উদ্বোধনী গান।
পোগোজ স্কুলে শিমূল কেন এল? ঐযে মেজমামার বিয়ে উপলক্ষে চৌগাছি গিয়ে বিয়ে পেছোনোর সঙ্গে সঙ্গে ওদের ঢাকায় ফেরা পিছিয়ে যাওয়া, অবশেষে প্রায় বছর ঘুরে গেলে ফেরা যখন হল, তখন সেইন্ট গ্রেগরিজ স্কুল থেকে দু'তিনটে চিঠি পাঠানোর পরে ওর নাম কেটে দেয়া হয়েছে। শিমূলের বাবা স্কুলের পাদ্রিদের পাঠানো চিঠিগুলো আবার টিকাটিপ্পনি সহকারে ফরোয়ার্ড করতেন চৌগাছির ঠিকানায় কিন্তু নানা বা বড়মামা-কেউই ঢাকার মিশনারি শিক্ষকদের ভয় পাবার মত কাপুরুষ নন — কাজেই : 'অতটুকু মানুষের আবার এত কীসের লেখাপড়া? আগে টুকুর বিয়ে হয়ে যাক, তারপর সব ঢাকা-ফাকা যাওয়া হবে, বকুল, বুঝলে?' শিমূলের মা বকুল বাপের আদরের মেয়ে, অতএব; 'কী আর করা বাবু, তোমার নানা যদ্দিন না খুশিমনে যেতে দিচ্ছেন, তদ্দিন কষ্ট করে থেকে যাও, কেমন?' অতএব, শিমূলদের যাকে বলে পোয়ারারো অবস্থা।
পোগোজ স্কুলে বছরব্যাপী উৎস্ব হত। সব ঈদ, পুজো, বৌদ্ধজয়ন্তী সাড়ম্বরে পালিত হত। শিমূলরা সবচেয়ে বেশি উপভোগ করত পুরস্কার বিতরণী দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া দিবস এবং লম্বা ছুটির প্রাক্কালে প্রতিটি ক্লাসে ছাত্র-শিক্ষকের প্রীতিমধুর সম্মিলনী। সেকালে রোজার মাসে স্কুল বন্ধ থাকত, আরো ছিল মাসদুইয়ের এক সুদীর্ঘ গ্রীষ্মকালীন অবকাশ এবং বার্ষিক পরীক্ষা পরবর্তী শীতের ছুটি। লম্বা ছুটির দিন ঘনিয়ে এলে ক্লাসের মনিটর বা ক্যাপ্টেনরা ক্রমশঃ ব্যস্ত হয়ে উঠত, চাঁদা তুলত সহপাঠিদের কাছ থেকে, যা দিয়ে মিষ্টি কেনা হত সবাই মিলে খাওয়া হবে বলে আর স্যরদের জন্য উপহার। ছুটির প্রাক্কালে যেদিন শেষ ক্লাস হত, সেদিন সকালে শিমূল এবং সেকেন্ড ক্যাপ্টেন শাঁখারিবাজারের ভেতর দিয়ে হেঁটে ইসলামপুর রোডে পৌঁছত। পড়েই ডান দিকে সীতারাম ভাণ্ডার এবং কালাচাঁদ গন্ধবণিকের মিষ্টির দোকান। দুই দোকানের মালিককেই ওরা চিনত। বছরে এরকম খ্যাঁটন কয়েকবারই তো হত এবং তখন ওদের পছন্দের দোকানে ছুটতেই হত।
বিশেষ দিনে কালাচাঁদ বা সীতারামবাবুর দোকানে গিয়ে উঠলে ওদের অতি সমাদরে বসতে বলা হত। অতঃপর তিন-চারটে কোয়ার্টার প্লেটে ওদের দু'জনকে গরম লুচি, ছোলার ডালে নারকেলের ফালি, সুজির মোহনভোগ আর এটম বোমা দু'দুটো করে পরিবেশন করা হত। সেই লিট্ল বয়, ফ্যাট ম্যান, ১৯৪৫ সন …। উপরোধে ওই গুরুভোজন সেরে ওরা দু'জন মিষ্টি কিনে রিকশায় স্কুলে ফিরত। ওরকম দিনে পড়াশোনা হত না। স্যররা যথানিয়মে ক্লাসে আসতেন, মুখে হাসি, হাতে বেত নেই, উঁচু চৌকিতে বসানো চেয়ারে বসতেন। শিমূলরা ট্রে সাজিয়ে ঝাল-মিষ্টি-নোনতা খাবার নিয়ে স্যারের সামনে টেবিলে রাখত। পাল স্যর হাত নাড়াতেন, 'আর কত মিষ্টি খামু রে? তগো বাড়ির মাইন্ষের লেইগা লবি না? সুন্দর কইরা নিয়া যা। মা-বাবারে আমাগো নমস্কার জানাইস।'
চিনের প্রধানমন্ত্রী চৌ এন লাই পূর্ব পাকিস্তান সফরে এসেছিলেন তখন। ঐ বিশেষ রাষ্ট্রীয় অতিথিকে অভ্যর্থনা জানানোর জন্য ঢাকার সব স্কুলের ছেলেমেয়েদের থেকে বেছে বেছে কয়েকজনকে তেজগাঁ বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। সাদা মাখন জিনের ট্রাউজাস তৈরি করাতে হল। সার্ট ছিল দুধ সাদা। কালো জুতোজোড়া, যে কিনা তার আদি জৌলুস হারিয়ে ঘষা চেহারা নিয়েছে — তাকে নিয়মিত ক্রিম মাখিয়ে পলিশ করে শফি ভাই চকচকে করে তুললেন। চৌ এন লাইয়ের শুভাগমন উপলক্ষে ওদের বড় বড় বাসে চড়িয়ে, বিমানবন্দরে নেয়া হয়েছিল। পথিমধ্যে শাহবাগ হোটেলের সামনে একবার থামা হয়েছিল। পূর্ব পাকিস্তানের সবসেরা হোটেল। স্কাউট শিক্ষক ভূঁইয়া ওদের বাসে ছিলেন। ছেলেদের উদ্দেশ্যে বল্লেন, 'কারো প্রাকৃতিক ডাকে সাড়া দেবার দরকার হলে চল, আমার সঙ্গে যাবে।' শিমূল ওর কলেজিয়েটের বন্ধু মিহির আর দু'জন স্যারের সঙ্গে নিচে নামল। স্যার পেস্ট্রিশপে ঢুকলেন, সঙ্গে ওরা। তখান থেকে লাঞ্চবাক্স তোলা হল গুণে গুণে।
যথারীতি বাথরুম সেরে সবাই বাসে উঠল। আরও প্রায় আধঘণ্টা পর ওরা তেজগাঁ পৌঁছেছিল। অতঃপর ভেতরে নিয়ে ওদের রানওয়ের পাশে সারি ধরে দাঁড় করিয়ে দেয়া হল। বেশ রোদ ছিল। চারদিকে শুধু ব্যস্ততা। অতিথির আগমন প্রতীক্ষায় সবাই। একদিকে জবরদস্ত মখমলিজরিদার টুপি আর পোশাক পরিহিত চৌকস ফৌজি ব্যান্ড বাজনার মহড়া দিচ্ছে। অপেক্ষায় দুপুর গড়িয়ে বিকেল, সন্ধে হল। বহু প্রতীক্ষা শেষে সেদিন চৌ এন লাই এসে ঢাকা বিমানবন্দরে নেমেছিলেন সন্ধে পেরিয়ে রাতে — শিমূলের বেশ মনে আছে। চৌ এন লাই ওদের প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। মিষ্টি হেসে জিজ্ঞেস করেছিলেন শিমূলকে, 'আপনি কেমন আছেন?' হতবাক সে জবাব দিতে পারেনি। কী নরম তুলতুলে হাত চৌ এন লাই সাহেবের! মাঝে পঞ্চাশ বছর পেরিয়ে গেছে। শিমূলের মনে পড়ে, একবার পল্টন থেকে ঈদের নামাজ শেষে গভর্নর হাউজের (এখন যেটা বঙ্গভবন) সামনে দিয়ে আসবার সময় ওরা তখনকার গভর্নর আজম খানের সঙ্গে কোলাকুলি ও করমর্দন করেছিল এবং ওর মনে পড়ছে, পূর্ব পাকিস্তানের গভর্ণর লে. জেনারেল আজম খানের হাতও বেশ নরম ছিল।
ঈদের মরশুমে নানারকম মজার ঘটনা ঘটত। তখন মেয়েদের সব কাপড় এবং ছেলেদের পোশাক — সবই দরজি সেলাই করত। এছাড়াও মা-খালারা বাড়িতে সংসারের নানা কাজের ফাঁকে দু'চারটে পোশাক তৈরি করতেন, নইলে তাদের ঈদ প্রস্তুতি যেন ঠিক জমত না! শিমূলেরা বাবা এমনিতে নামাজ না পড়লেও ঈদের জামাতে যাবার বিষয়ে খুব উৎসাহী ছিলেন। ওরা পাঁচভাইবোন, কুটিমামা, বাবা — সবাই জায়নামাজ, চাদর নিয়ে ঈদের সকালে পল্টন ময়দানের দিকে রওনা হত। রবু বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর গিয়েই কুটিমামার হাত ধরে ঝুলে পড়ে বলত, 'কুটিমামা, আমার বাথরুম পেয়েছে।' এটা প্রায় প্রতি ঈদেই ঘটত এবং ব্যাপারটা কুটিমামার জন্য নিতান্তই হৃদয়বিদারক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কারণ, রবুকে আবার রিকশা করে বাড়ি নিয়ে গিয়ে, 'ইয়ে' করিয়ে আবার ময়দানে পৌঁছতে পৌঁছতে নামাজ অর্ধেক বা একবারেই শেষ হয়ে যেত। একবার তো কোলাকুলি পর্বেই কেবল মামা-ভাগ্নে যোগ দিতে পেরেছিল। ঈদের দিনে মাকে কদমবুসি ও বাবার সঙ্গে কোলাকুলি করার রেওয়াজ ছিল। আব্বা সবাইকে নির্ধারিত অংকের সালামি দিতেন। মামা, চাচা, খালু বা অন্যান্য মুরুব্বি এবং বাবার বন্ধুদের কাছ থেকেও সালামি পাওয়া যেত। এ ব্যাপারে তুফান ভাই অথবা পোকা কাকা বেশ উদারহস্ত ছিলেন।
প্রায় সব ঈদেই ঈদের পরবর্তী দিন ওরা বাবার বন্ধু দাউদ কাকার বাড়িতে বেড়াতে যেত। উনি লালবাগ এলাকায় বাস করতেন। ঐ এলাকায় ঐদিনেই ঈদ পালিত হত। ঢাকা শহরের মানুষ দ্বিধাবিভক্ত হয়ে দুই দিনে ঈদ করাতে শিমূলদের পরিবার ওই দু'দিন ঈদ পালনের সুযোগ ছাড়ত না, ওরা দাউদ কাকার বাড়িতে চলে যেত। দাউদ কাকার বাড়ি থেকে দুই বাড়ির সবাই মিলে আসা হত গুলিস্তান সিনেমার উল্টোদিকে এ ডি পল দরজি আর জিএমজি স্টোর্সের মাঝে দাঁড়ানো বেবি আইসক্রিমের পার্লারে। প্রকাণ্ড হলের শেষপ্রান্তে দু'দিকে সিঁড়ি উঠে গেছে স্টিমারের ডেকের মত দোতলায়। সবাই মিলে বড় গোল টেবিল ঘিরে বসা হলে শিমূলের বাবা রকমারি আইসক্রিমের ছবিসুদ্ধ মেনু ওদের হাতে দিয়ে বলতেন, 'যার যেটা পছন্দ খেতে পার।' ওরা হৈ হৈ করে অনেক বাকবিতণ্ডা শেষে আইসক্রিমের অর্ডার দিত। কী মজার দিন যে ছিল সেসব!
কুটিমামা-মোহনমামার সঙ্গে শিমূল-রবু-খুবরূ ক্রিকেট খেলা দেখতে যেত ঢাকা স্টেডিয়ামে। সঙ্গে মোটা মোটা সুজনি, ছোট ছোট তাকিয়া, সানক্যাপ আর বড় বড় টিফিন ক্যারিয়ার নিয়ে শফি ভাইয়া। বেশ ক'দিন ধরে খেলা হত, মাঝে আবার একদিনের বিশ্রাম। হানিফ মোহাম্মদ, ফজল মাহ্মুদ, মুশতাক, ইন্তেখাব আলমের ক্রিকেট খেলা মনে আছে এখনো। ক্রিকেটকে বড়রা বলতেন 'জেন্টলম্যান'স গেম'। ক্রিকেটের মাঠে কখনো কোন অশান্তি হতে দেখেনি শিমূল। ফুটবলের মাঠে ঢোকার অদম্য আগ্রহে পুরনো ঢাকার মানুষ আগের রাতেই স্টেডিয়ামে এসে লাইন দিয়ে শুয়ে ঘুমোতেন, শিমূল মোহনমামার কাছে গল্প শুনেছে। পুরনো ঢাকার গল্পের এ কিস্তি এখানেই শেষ হল।
