২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ: দ্রোহী প্রেমিক ভাষার কিষাণ

ধ্রুব সাদিক ধ্রুব সাদিক

Published : 21 Jun 2021, 07:06 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

জীবন সুন্দর। আকাশ-বাতাস, পাহাড়-সমুদ্র, সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর। সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়! নাম না-জানা পাখি বিদায়ের সেহনাই নিয়ে দুয়ারে এসে হঠাৎ ডেকে উঠলে, অজান্তেই হয়তো চমকে উঠতে হয় এই ভেবে: জীবন, ফুরালো নাকি! চরম সত্যের কাছে নত হয়ে, একবুক দীর্ঘশ্বাস নিয়ে, সুন্দর এই পৃথিবী ছেড়ে সকলকে একদিন-না-একদিন অজানা গন্তব্যে চলে যেতে হয়।

ধরণীমাতায় কিছু মানুষের আগমন ঘটে। অলোকলোকে চলে যাওয়ার পর যারা আরও জীবন্ত হয়ে উপস্থিত থাকেন; যুগের পর যুগ। যাদের 'চলে যাওয়া মানে প্রস্থান নয়– বিচ্ছেদ নয়/ চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী।' চলে যাওয়ার পরও যাদের আরও অধিক কিছু থেকে যায় তাদের না-থাকা জুড়ে।
এমন একজন মানুষ তথা কবিকে নিয়ে লিখছি যার হৃদয়ে, মস্তিষ্কে কবিতার চাষ এবং আবাদ এমন থরেবিথরে হতো, যে তাঁর মস্তিষ্কে যেন তিনি কবিতা-শস্য ফলাতেন। আর এতটাই জীবনসরল ছিলেন তিনি যার দরুন তাঁর বুকের মধ্যে, হিয়ার ভেতর হারানো এক হলদে পাখি উড়তো, বসতো, দুলতো। তাঁর কল্পলোকে তিনি যেন শৈশবের সেই দোলনা খেলার বয়েসেই থাকতেন।
রুদ্রকে নিয়ে কেউ লিখবে আর তার বুকের ভিতরে একধরনের গুমোটকান্না অনুভূত হবে না; এমনটিও হতে পারে! এমনটা হওয়া সম্ভব যদি সে-মানুষের চোখ-কান রুদ্ধ থাকায় অনুভূতিশক্তি ভোঁতা হয়। আর তিনি যদি কবিতায় খ্যাতিলাভের আকাঙ্ক্ষায় কবিতা লিখে ব্যর্থ হয়ে সাহিত্যের তথা কবিতার আলোচনায় দৌড়ঝাঁপ করেন, তার হৃদয়ের হৃদ্যতা উৎসরণের অঞ্চলটিতে শুধু মরুভূমির রুক্ষতা বিরাজিত থাকে। গভীর অনুভূতির অনুনাদ অনুধাবনের অনুধ্যানে কবিতার পাঠকদের নিয়ত ধাবিত করা এই পৃথিবীর একজন মহৎ কবি জীবনানন্দ দাশ তাঁর সমারূঢ় কবিতাটিতে যাদেরকে উল্লেখ করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন এভাবে:

''বরং নিজেই তুমি লেখোনাকো একটি কবিতা—'
বলিলাম ম্লান হেসে; ছায়াপিণ্ড দিলো না উত্তর;
বুঝিলাম সে তো কবি নয়— সে যে আরূঢ় ভণিতা:
পাণ্ডুলিপি, ভাষ্য, টীকা, কালি আর কলমের 'পর
ব'সে আছে সিংহাসনে— কবি নয়— অজর, অক্ষর
অধ্যাপক; দাঁত নেই— চোখে তার অক্ষম পিঁচুটি;
বেতন হাজার টাকা মাসে— আর হাজার দেড়েক
পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি;
যদিও সে-সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক
চেয়েছিলো— হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি।"

কবি নয় নিজের পরিচয় রুদ্র 'শব্দ-শ্রমিক' হিসেবে স্পষ্টভাবে তুলে ধরতেন। ফলত রুদ্রকে নিয়ে লেখার কালে অষ্টাদশ শতকের কবি টমাস গ্রে'র একটি উক্তি আলোকপাত করাটা অসমীচীন হয় না। গ্রে বলেছিলেন, 'কবিতা কখনও তার সমকালীন ভাষায় রচিত হয় না।' রুদ্র'র ১৯৭৯ সালে প্রকাশিত প্রথম কবিতার বই উপদ্রুত উপকূলের শব্দ-শ্রমিক কবিতাটি পাঠ করে উক্তিটির শুধু যথার্থতা যে আমরা অনুধাবন করতে পারি তাই নয়, রুদ্র'র কবিতার প্রাণশক্তি এতটাই সঞ্জীবনী যে যা আমাদের আজকাল আরও গভীরভাবে আন্দোলিত করে। ভাষার কিষাণ রুদ্র চোখ মেলে চেয়ে দেখেছেন, তাঁর চারপাশে সভ্য পোশাকের এক পাশবিক বনে ঘোর অসম জীবন। শাসকরা যে অসম পাশবিক বনে সমতার নামে ক্ষমতাকে রপ্ত করে। আমাদেরকে অবেলায় ধুতুরার ফুলের নষ্ট নগ্ন বেদনায় ছুঁড়ে ফেলে কারা অন্ধ করেছে; কারা মূলত আমাদের জীবনে তপ্ত পুঁজ, পোকা, বিষ ছড়ায়; তিনি সেই কালো ঘোড়ার লাগাম টেনে ধরার প্রয়াসে নিজেকে আমৃত্যু নিমগ্ন রেখেছেন বুকের ভাষাকে রণের সজ্জায় সাজিয়ে। মানুষের লোহু, মজ্জায় শব্দ-প্রেরণা বুনে দেয়ার প্রয়াস চালিয়ে তাঁর হাতে তিনি শব্দ-কাস্তে ঝলসিয়েছেন। নিজেকে ভাষা-সৈনিকও তিনি জ্ঞান করতেন। অবক্ষয়ের সংশয় রোধ করার জন্য কোমল বর্ণমালায় শানিত আনবিক বিষ-জ্বালার বাণ নিক্ষেপ করে বলেছেন, 'আমি কবি নই- শব্দ শ্রমিক।/শবেদের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়,/ হৃদয়ের কালো বেদনায়।'

কবিতা মানুষকে ভাবায়। মানুষকে তাড়িত করে কবিতা। কালক্রমে সেই সব কবিতাই কবিতার ইতিহাসে স্থান পায় যা মানুষকে আন্দোলিত করে এবং মানুষের কথা বলে। হৃদয় গভীর থেকে উঠে আসা উদ্দীপনা ও সামষ্টিক চেতনায় ভাস্বর রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ তাঁর বলিষ্ঠ কণ্ঠে কবিতা-আওয়াজ তোলেন মূলত যুদ্ধপরবর্তী উত্তাল সময়ে। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় অসাম্প্রদায়িকতা, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ, মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ ও গণআন্দোলন প্রভৃতি তাঁর কবিতায় বেগবান এবং নিপুণভাবে উঠে এসেছে মূলত স্বৈরাচারী শাসনবিরোধী সংগ্রামে তাঁর সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রতিফলনের প্রতিবাদ স্বরূপ। সময়ের অন্তর্ঘাতে বাস্তবতার দগদগে রূপটি তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন বিধায় তাঁর কবিতা ক্রমশই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার চাওয়ায় পরিণত হয়। তাঁর জীবনের শুরুতেই তিনি লিখেছেন বাতাসে লাশের গন্ধ'র মতো পাঠকপ্রিয় শিল্পোত্তীর্ণ কবিতা। যে কবিতার চরণ 'এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,/ স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম? একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল?' কিংবা 'জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন', 'রক্তের কাফনে মোড়া– কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে/ সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।' অথবা 'ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।' প্রভৃতি পঙক্তি কবিতার পাঠকের হৃদয়ে আজও শিহরণের সমীরণ তোলে। কবিত্বকলার প্রমত্ততার সাথে আবেগের প্রকাশ কত গভীর হতে পারে, সেটাও আমাদের অনুধাবিত হয় পাঠ করে, 'এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা–/ তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, / নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ/ মুণ্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর/ ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি ঘুমুতে পারিনা…'

রুদ্র মুহম্মদ এমন একজন কবি ছিলেন যিনি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ভাষার দৃপ্ত কসম খেয়ে কবিতার বারুদ মাথায় নিয়ে রাজপথে হাঁটতেন। অথচ, এমনকি তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থায়ও কোনো অন্যায়-উৎপীড়ণ, জুলুম, হত্যার বিরুদ্ধে খুব কম কবিকেই আজকাল দেখা যায়, যাদের বলতে শোনা যাবে, 'কথা ছিলো, ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে/ আমাদের মাতৃভূমি, জল, অরন্য, জমিন, আমাদের/ পাহাড় ও সমুদ্রের আদিগন্ত উপকূল–/ আজন্ম এ জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানা তার।' আজ আর কবিদের হৃদয় থেকে উৎসরিত হয় না, 'কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত,/রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখে/ রাখালিয়া বাজাবে বিশদ।/কথা ছিলো বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনি খুলে বসবে না,/ চিত্রল তরুণ হরিনেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট।' জিবরানের কিংবা সুকান্ত'র শিশুদের ব্যাপারে কথাগুলোর প্রতিধ্বনি আমরা রুদ্র'র কণ্ঠে আলাদাভাবে পাই। তিনি শিশুদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ জ্ঞান করে উচ্চারণ করেছেন, 'কথা ছিলো, শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম।/ নদীর চুলের রেখা ধ'রে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ,/ কথা ছিলো, কথা ছিলো আঙুর ছোঁবো না কোনোদিন।'।

কোনো রাজনৈতিক দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন না রুদ্র। কিন্তু, আপাদমস্তক সাম্যবাদকে লালন করেছেন। দুঃখ করে বলেছিলেন, যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট। রাজনীতিহীন সাহিত্যচর্চাকে তিনি কপটতা ছাড়া আর কিছুই মনে করতেন না।বলেছেন, 'কথা ছিলো, আর্য বা মোঘল নয়, এ জমিন অনার্যের হবে।/ অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা/ কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ।/ মাতৃভূমি-খন্ডিত দেহের 'পরে তার থাবা বসিয়েছে/ আর্য বণিকের হাত।' লুটেরাদের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার কবি আমাদের শুনিয়ে গেছেন, 'আর কী অবাক! ইতিহাসে দেখি সব/ লুটেরা দস্যুর জয়গানে ঠাঁসা,/ প্রশস্তি, বহিরাগত তস্করের নামে নানারঙ পতাকা ওড়ায়।/ কথা ছিলো, "আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন" আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ।/ অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু/অমলিন সবুজের দিকে, তরুদের সংসারের দিকে।/ জলোচ্ছাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি,/ আমাদের বেঁচে থাকা, ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন।'

অভিমানী, দ্রোহী রুদ্র'র ক্রন্দনরত হৃদয় ডুকরে উঠতো অনুভূতির যাতনায়। বলেছিলেন, 'দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম।' আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলার আগে বলেছিলেন, 'হাত ধরো আমি হিংসার পৃথিবীতে এনে দেবো সুগভীর প্রেম; কবিতার অহিংস স্বভাব।' স্মৃতিগুলোকে ডাস্টবিনের জঞ্জাল বলার পর একটুপরেই তিনি ভাবতেন, খুব দুপুরে উদাসীন কোনো ঘুঘুর ডাকের মতো একটু স্মৃতি থাকুক মানুষের। রুদ্র'র গভীর প্রেমিকসত্তাটির প্রতিফলন আমরা তাঁর উপদ্রুত উপকূল-এর প্রথম কবিতা অভিমানের খেয়ায় অনুভব করতে পারি। অভিমানী যে সত্তার হৃদয় গভীর আর্তনাদ ফুটে উঠে এসেছে, 'অভিলাসী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই,/কিছুটাতো চাই কিছুটাতো চাই।' তাঁর গভীর প্রেমিকসত্তাটির কিছু অনুভূতি অনুধাবন করা যাক: 'আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ/ প্রাপ্যের পূর্ণতা তাই এতো মনে হয়/ নিঃস্ব করুণ/ তাই এতো পাওয়াকেও মনে হয় ব্যর্থতা, মনে হয় ম্লান।'; 'আমি খুব গাঢ় ধ্বংসের ক্ষতচিহ্ন নিয়ে বুকের মাটিতে/ পৃথিবীর মতো সুঠাম দাঁড়িয়ে থাকা অবিচল তনু/ আমাকে এতটা অসহায়, এতো ম্রিয়মান ভাবো কেন?'; 'সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু–/ না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,/ যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে/ উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।'; 'দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে/ স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,/ কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?'; 'আত্মগত আমি আবার/ নিজের কাছে প্রশ্ন করি/ নিঃশব্দের এমন রাতে/ বুকের মাঝে শব্দ কেন?'; 'আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,/ নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,/ আমাকে গ্রহণ করো।/ উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,/ আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ।/ আমাকে আর কি বেদনা দেখাবে?'; 'কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে/ কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে/ ঝরাবে না শিশির।'; 'দিচ্ছো ভীষণ যন্ত্রণা/ বুঝতে কেন পাছো না ছাই/ মানুষ আমি, যন্ত্র না!'; 'পাখি হয়ে যাই, অথচ খুলতে পারি না দেহের খাঁচা,/ ডানা ঝাপটাই অভ্যন্তরে স্বপ্নের ডানা নাড়ি।'; 'আমার কিছু কথা ছিলো কিছু দুঃখ ছিলো/ আমার কিছু তুমি ছিলো তোমার কাছে।'; 'মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন/ দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।'; 'তবু পৃথিবীতে রাত নামে নিবিড় তুষারের মতো, তুমি শুধু উড়ে চলো ক্লান্তিহীন, তন্দ্রাহীন/ অন্য এক সকালের দিকে।'

১৯৫৬ থেকে ১৯৯১– মাত্র ৩৫ বছরের এক স্বল্পপ্রজ আয়ু নিয়ে দুনিয়ায় আবির্ভূত হয়ে কত না ঘটনাপূর্ণ এক জীবন পার করেছেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর। খুব অল্প বয়েসে বনফুল নামে পাঠাগার গড়ে তোলার জন্য নানির ট্রাংক থেকে টাকা চুরি করেছিলেন। ক্রিকেট দল গড়ে তুলেছিলেন বন্ধুদের নিয়ে। পিতৃপ্রদত্ত নাম মোহাম্মদ শহীদুল্লাহ পরিবর্তন করে নামের শুরুতে রুদ্র মাঝের মোহাম্মদকে মুহম্মদ এবং শহীদুল্লাহকে পরিবর্তন করে রাখেন শহিদুল্লাহ। বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন মনোনীত পরিষদে হয়েছিলেন সাহিত্য সম্পাদক পদপ্রার্থী। তসলিমা নাসরিনের সাথে প্রেম, ১৯৮১ সালের ২৯ জানুয়ারি পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে, ১৯৮৬ সালে বিবাহবিচ্ছেদ। তারপর, যদিও শিমুল নামের একজন মেয়ের সাথে প্রেমে জড়ানোর কথা আমরা জানতে পাই, মূলত তসলিমা নাসরিনের সাথে বিবাহ বিচ্ছেদের পর রুদ্র আরও বেখেয়ালি এবং উড়নচণ্ডী জীবন যাপন করেছিলেন। খাবারের প্রতি অনীহা এবং শরীরের যত্ন নিতেন না বিধায় পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি হয়েছিল। ১৯৯১ সালের ১০ জুন আলসারজনিত অসুস্থতার কারণে রুদ্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ২০ জুন কিছুটা সুস্থ হয়ে বাড়িতেও ফিরে এসেছিলেন। কিন্তু, ২১ জুন সকালে দাঁত ব্রাশ করতে করতে টলে পড়ে যান। ৩৫ বছর বয়সে থেমে যায় প্রতিভাবান প্রাণটি। পুর্নবার ফিরে যাওয়া কবিতাটিতে যাওয়ার আগে বলেছেন, 'যাবো না বলে সিদ্ধান্ত স্থির/ তবু যেতে হলো তার কাছে/ যেতে হলো, যেতে যেতে, যেতেই হলো,/ অনুগত ভৃত্যের মতো দাঁড়াতে হলো/ করজোড়ে বিড়ম্বিত বিবেকের বুক/ রক্তাক্ত করে তবু যেতে হলো।'

এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো জীবনের শেষদিকে সম্ভবত তিনি একা হয়েছিলেন। গভীর, তীব্র, তীক্ষ্ণ অনুভূতির মানুষটি প্রেমিকার সব দুঃখগুলো, সব বিষন্নতাগুলো বুকে নিয়ে একা একা চলে গেছেন উদাসিন পাখির মতো। তাঁর চোখ, তাঁর স্মৃতি, তাঁর ত্বক, মাংস, হাড় ব্যথার আগুনে পুড়ে ছাই হলেও, ভষ্ম হলেও, তবু প্রেমিকার– তসলিমার, শিমুলদের– পরাজিত স্বপ্নে কোনদিন আসেন নি আর। কোনদিন আসবেন না আর। তাঁর বিষন্ন পৃথিবী নিয়ে তিনি একা একা চলে গেছেন আরও গভীর নেশায়। যে নেশা থেকে তাঁর ঘুম আর কোনদিন ভাঙবে না। কোনোদিন আর তিনি আসবেন না। কোনদিনই না।