নজরুল: ভাগ্যহত মানুষের স্পর্ধিত কণ্ঠস্বর
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)-এর বহুলখ্যাত কবিতা 'ধূমকেতু'-তে কবি গর্বভরে বলেছেন, 'আমি একটা বিশ্ব গ্রাসিয়াছি পারি গ্রাসিতে এখনো ত্রিশটি, আমি অপঘাত দুর্দৈব রে আমি সৃষ্টির অনাসৃষ্টি।' এমন দুর্দমনীয় অহঙ্কারের সঙ্গে এমন কথা বলতে পারার মতো কবি বাংলা সাহিত্যে তো বটেই, বিশ্বসাহিত্যেও বিরল। বস্তুত কেবল সাহিত্যের গণ্ডিতে নজরুল নামের 'ফেনোমেনন'টিকে বন্দি করে রাখলে তাঁর প্রতি অবিচার করা হবে। নজরুল মূলত সাহিত্যস্রষ্টা ছিলেন বটে, তবে ইংরেজিতে যাকে 'larger than life' বলে, তেমনই শেকলছেঁড়া, কোনো ব্র্যাকেটে বন্দি না হওয়া, নিয়ম আর প্রথাকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখানো প্রবল এক ধূমকেতুই ছিলেন নজরুল। আকাশ বাতাস প্রকম্পিত করে, সবাইকে স্তব্ধ ও ভাষাহীন করে দিয়ে প্রবল এক বিদ্যুচ্চমকের মতোই দেখা দিয়েই মিলিয়ে গেছেন তিনি। জীবনানন্দের কথা ধার করে বলতে হয়, এ পৃথিবী একবার পায় তারে পায় নাকো আর!
মাত্র বছরবিশেকের সক্রিয় সাহিত্যজীবনে তাঁর বিপুল ও বিচিত্র রচনাসম্ভারের দিকে তাকালে বিস্মিত হতে হয়। যতদিন সক্রিয় ছিলেন, কী এক তাড়নায় লিখে গেছেন দু'হাতে। 'অজর' সব কবিতা, 'অবিনাশী' সব গান। কেবল 'বিদ্রোহী' কবিতাটি লিখে আর কিছু না লিখলেও বাংলা সাহিত্য চিরদিন স্মরণ করত তাঁকে। হতে পারে, জীবনের শেষ চৌত্রিশ বছর যে স্তব্ধ হয়ে যাবেন, বেঁচেও হয়ে থাকবেন মৃত, সে উপলব্ধিই তাঁকে দিয়ে লিখিয়ে নিয়েছে এত কিছু? তবু একটা অতৃপ্তি তো জাগেই! মনে পড়ে কিটস, শেলি, রুপার্ট ব্রুক, সুকান্তের মতো কবির কথা এবং অবশ্যম্ভাবীভাবেই উত্তরহীন সেই প্রশ্ন-যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন, তবে…? নজরুলের বিপুল সৃষ্টিসম্ভার সে প্রশ্নকে অতটা উচ্চকিত হতে দেয় না বটে, তবু তিন দশকেরও বেশি সময়ের মৌন উপস্থিতি অতৃপ্তি ও দুঃখবোধটাকে চাগিয়ে দেয়, এওতো ঠিক।
'হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান' বলে বিত্তহীনতার বন্দনা করেছেন যে কবি, দুঃখ ও ক্লেশকে তিনি যে নির্বিকারচিত্তে, দার্শনিক নির্মোহতায় বরণ করে নেবেন তাতে আর বিস্ময়ের কী! 'আগুন যেমন ধাতুকে পুড়িয়ে খাঁটি করে, দুঃখও তেমনি আত্মাকে একেবারে আয়নার মতো সাফ করে দেয়', জীবন-বিজ্ঞান প্রবন্ধে বলেছেন কবি। একইসঙ্গে এ-ও বলেছেন, ব্যক্তিগত যন্ত্রণাজাত যে দুঃখ সেটি হীনতর। মহত্তর হচ্ছে অন্যের দুঃখে যে দুঃখ অনুভব করা হয়। কবির ভাষায়, 'অন্যের দুঃখ-বেদনা অনুভব করাই হচ্ছে মহত্তর ব্যথার অনুভব। কেননা ব্যথার ব্যথীর এ ব্যথায় কোনো উদ্দেশ্য বা স্বার্থ খুঁজে পাওয়া যায় না। তার কারণ, এ হচ্ছে সেই ব্যথা, যার অনুভব হয় নিজের বুকের বেদনা মনে পড়ে আত্মার ধর্ম এমনি বিস্ময়কর যে, এই পরের ব্যথায় ব্যথিত হওয়াতেও সে এমন একটি নিবিড় আনন্দের আভাস পায়, যেন রক্তমর্মর বুকে ঝর্ণাধারার একটি স্নিগ্ধ দীঘল রেখা।' কেবল মুখের কথা নয়, নজরুল-হৃদয়ের গভীরতম উপলব্ধিই এটি। নজরুল বুঝেছিলেন, সর্বহারা মানুষের 'তিল তিল করে মরার ভেতরেই জীবন'। 'নরনারায়ণের বক্ষে যারা পদাঘাত করে, ভীরুতা শিখিয়ে দাস করে রেখে দেয়' তাদের কখনও ক্ষমা করেননি নজরুল। যতদিন কলম চালিয়েছেন, এ অনুভূতি, এ বিশ্বাসই পরিচালিত করেছে নজরুলকে। যারা সুখে আছে তাদের ওপর 'অমর কাব্য' লেখার ভার চাপিয়ে নজরুল নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রক্তের অক্ষরে নিপীড়িত, বঞ্চিত, সর্বহারার কাব্য লেখার দায়িত্ব। সর্বোচ্চ নিষ্ঠায় এ দায়িত্ব পালনের চেষ্টা করেছেন 'বিষের বাঁশী'র কবি, 'অগ্নিবীণা'র কবি। স্বদেশ স্বজাতির জন্য প্রবল এক সহমর্মিতা, এক দুঃখবোধই তাঁকে প্ররোচিত করেছে এ কাজ করতে; এতে কে খুশি হচ্ছে কে হচ্ছে বেজার সেদিকে তাকাননি।
এ কারণেই 'জগতের নিপীড়িত ভাগ্যহত' প্রতিটি মানুষের কণ্ঠস্বরকে নিজের কণ্ঠে ধারণ করেছেন কবি। ঔপনিবেশিক শাসনের জাঁতাকলে পিষ্ট, লাঞ্ছিত ও অধিকারহারা মানুষের দুরবস্থা তাঁকে ব্যাকুল করেছে। যাকে তিনি মহার্ঘ্য অস্ত্র বলে মানেন সেই কলম হাতে তুলে নিয়েছেন তাই। তাঁর অভিযোগের লক্ষ্যবিন্দু করেছেন স্বয়ং বিধাতাকেই। তীব্র এক ক্ষোভে জ্বলতে জ্বলতে বলেছেন:
ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন,
বেলা বয়ে যায়, খায়নি ক'বাছা, কচি পেটে তার জ্বলে আগুন।
… … … … … …
কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছো কি? কালি ও চুন
কেন ওঠে না ক' তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন?
প্রেম ও প্রকৃতির বন্দনা করে 'বাতায়ন পাশে গুবাক তরুর সারি'-র মতো রোম্যান্টিক কবিতা লিখেছেন নজরুল, ধর্মাবেগকে আশ্রয় করে লিখেছেন অসংখ্য হামদ ও নাত, যেগুলো এদেশের মুসলিম মানসে এমনভাবে প্রোথিত হয়েছে নজরুলের গান ছাড়া বাঙালি মুসলমানদের কোনো উৎসব পূর্ণতা পায় না। ওদিকে ওমর খৈয়ামের রুবাইয়াত-এর যে অনুবাদ করেছেন এখন অব্দি তাকে ছাড়িয়ে যেতে পারেননি আর কেউ। তারপরও বলতে হয়, নিপীড়িত মানুষের আহাজারি ও দুঃশাসনের তাণ্ডব দেখে ক্ষুব্ধ ও প্রমত্ত যে নজরুল তিনিই প্রকৃত নজরুল। কারণ অত্যাচারীর বিষদাঁত ভাঙার অভীপ্সা থেকেই কলম হাতে তুলে নিয়েছিলেন তিনি, যতদিন সক্রিয় ছিলেন এই তাড়না থেকেই লিখে গেছেন অবিরাম। বৃটিশ শাসকদের রক্তচক্ষুকে ভয় পাননি, ব্যক্তিগত নানা দুঃখযন্ত্রণা তাঁকে দমাতে পারেনি, প্রকৃত এক ধূমকেতুর মতোই মহাকালের বুকে আগুনের অক্ষরে লিখেছেন নিজের নাম। জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে প্রতিটি বাঙালিকে ভেবেছেন নিজের ভাই ও বোন, আপাদমস্তক অসাম্প্রদায়িক নজরুলের মনে কোনো প্রতিক্রিয়াশীলতা, সংকীর্ণতা বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি। এ কারণে ধর্মোন্মাদ গোষ্ঠীর রোষানলেও বারবার পড়তে হয়েছে তাঁকে। কিন্তু নজরুল আপোশ করেনি। এ কারণেই বাংলার সাহিত্যভুবনেই কেবল নয়, এদেশের লোকমানসেও নক্ষত্রসম উজ্জ্বলতায় চিরঅধিষ্ঠিত থাকবেন নজরুল।
