আবুল ফজল: জন্মের ১১১ বছর পর
মৃত্যুর কিছু বছর পর, সামাজিক তো বটেই, পারিবারিক অঙ্গনেও অনেকই বিস্মৃত হন। নিদেন পক্ষে কেউ কেউ থেকে যান মোহাফেজখানার প্রায়োন্ধকার প্রকোষ্ঠে কিংবা বিশেষায়িত গবেষণার পাদটীকায় এবং ব্যক্তিগত স্মৃতিতর্পণে। কিন্তু আবুল ফজল (১৯০৩-১৯৮৩) বিংশ শতাব্দীর বাংলাদেশের মনীষাম-লীর অন্যতম, যার প্রভাব একবিংশেও সামাজিক জীবনে প্রবহমান; ভাব ও চিন্তার তরঙ্গে আন্দোলিত। লিখিত ভাষ্যে তাঁর জন্মদিন চলে গেছে ১ জুলাই; আর পিতার ডায়েরিতে লেখা তারিখ গণ্য করা হলে আনুষ্ঠানিকতা পালন করতে হয় ১৭ জুলাই। চলতি ২০১৪ সালে তাঁর জন্মের ১১১ বছর আর মৃত্যুর ৩১ বছর পূর্তির সাল। এই সময়-সন্ধিক্ষণে চিহ্ণিত করা জরুরি যে, আবুল ফজলকে নিয়ে আলোচনা ও মূল্যায়ন দুইটি বিপরীতধর্মী এক্সস্টিমে পরিচালিত হয়েছে। যারা আহমদ ছফার 'বাঙালী মুসলমানের মন' পড়েছেন, তারা তাঁকে যেভাবে দেখবেন, অন্যদের লেখায় (শতবার্ষকী স্মারকগ্রন্থভুক্তগণ) তাঁকে দেখা যাবে বিপ্রতীকে। খণ্ড-খণ্ড অবলোকনের সংগ্রন্থনে সামগ্রিক চরিত্র-চিত্রণ এবং ব্যক্তিত্ব কাঠামো নির্মাণের মাধ্যমে বহুমাত্রিক আবুল ফজলের উদ্ভাসনের লক্ষে সমীক্ষা পরিচালনা করাই শতবর্ষ-পরবর্তী প্রেক্ষাপটের অপরিহার্য দাবি। ফলে যারা এখনই তাঁকে ঘিরে একটি উপসংহারে উপনীত হতে চান, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত মতের সাযুজ্য হওয়ার কোনওই কারণ নেই। কিংবা যারা তাঁর চারপাশে কারার প্রাচীরের মতো যতি চিহ্ণ লেপন করে তাঁর সম্পর্কে শেষ কথা বলে দিতে প্রস্তুত, তাদের উদ্যোগও আমার কাছে সন্দেহজনক। আবুল ফজলচর্চার ক্ষেত্রে যারা অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিশ্লেষণের তড়িৎ পরিসমাপ্তি ঘটাতে ইচ্ছুক, তারা সাহসের দিক থেকে কাণ্ডজ্ঞানহীন হলেও জ্ঞানের দিক থেকে অগভীর ও চঞ্চল-চপল মতি।
আবুল ফজল ১০ বছর বয়সে (১৯১৩) মুসলিম নিু-মধ্যবিত্ত পারিবারিক ঐতিহ্য নিয়ে দক্ষিণ চট্টগ্রামের গ্রাম থেকে পিতার হাত ধরে চট্টগ্রাম শহরে এসে আন্দরকিল্লা মসজিদে এবং তৎসংলগ্ন এলাকায় উঠেছিলেন। পরবর্তী ৭০ বছরের জীবন তিনি শহরের পার্শ্ববর্তী কাজীর দেউড়ির 'সাহিত্য নিকেতন'-এ কাটিয়ে সেখানেই মারা যান। আন্দরকিল্লা থেকে কাজীর দেউড়ির দূরত্ব এক-দেড় মাইলের বেশি না হলেও তিনি তত দিনে অতিক্রম করেছিলেন যোজন যোজন মানসিক পথ। ধর্মশিক্ষক পিতার বৃত্তি ও মনোদার্শনিক-সাংস্কৃতিক গণ্ডিও তিনি পেরিয়ে আসেন। তাঁর এই পথ পরিক্রমণকে কেউ কেউ বাঙালি মুসলমানের 'সেক্যুলার' অভিযাত্রার সঙ্গে তুলনা করেছেন। কিন্তু আবুল ফজলের সেক্যুলারিজম ধর্মহীনতার পথে যায় নি। আজকের যে কোনও শিক্ষিত মানুষ যা করতেন, তিনি শতবর্ষ আগেই সেটা করেছেনÑ ধর্ম ও আধুনিক জীবনের সমন্বয়। বাংলাদেশের বাঙালি মুসলমানের আধুনিকতার প্রথম পুরুষদের অন্যতম তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলররূপে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও বিকাশের
নেতৃত্বের পাশাপাশি, এ কথাও মনে রাখতে হবে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পরিকল্পক ও নির্মাণ উদ্যোক্তাও তিনি। ফলে আবুল ফজলকে সেক্যুলার ক্যাম্পে ঠেলে দেওয়া হলে কারও কারও বিশেষ লাভ হলেও হতে পারে, তাঁর ক্ষতি ছাড়া লাভ হবে না। এতে একটি ব্যাপক অংশের মানুষের কাছ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে। আবার এ কথাও মনে রাখতে হবে যে, বিংশ শতকের জন্য প্রাসঙ্গিক অর্থডক্স চিন্তা জগতের বাসিন্দাও তিনি ছিলেন না। আবুল ফজল নিজেও দ্বিধা-বিভক্ত বিশ্বাসজাত মননের কোনওই চিহ্ণ কখনওই আঁকেন নি। তাঁর সমগ্র রচনাবলিতে ধর্মের প্রতি আক্রমণ বা অসহিষ্ণুতার লেশ মাত্র নেই; প্রগতির নামে উল্লম্ফনও নেই। তাঁর মধ্যে আছে জ্ঞানস্পৃহা, মানবপ্রেম, আধুনিক জিজ্ঞাসা এবং নান্দনিক তৃষ্ণা। আবুল ফজলের প্রথম সৃষ্টি 'চৌচির' উপন্যাসের নায়ক তসলিম চট্টগ্রামের রক্ষণশীল মুসলিম সমাজে জন্মগ্রহণ করে ও বড় হয়েও ইতালির জাদুঘরে ঢুকে এখানকার অতীত ও বর্তমান চিত্রকলা দেখে ভাবেন:
''মানুষের চিন্তা, অনুভূতি ও ভাবধারা প্রকাশের এমন উত্তম বাহন যে চিত্রশিল্প, তা কী মানুষের ধর্ম ইসলাম হারাম করিতে পারে? … এ আমাদের ইসলামকে বুঝিবার ও বুঝাইবার ভুল। … এটা হারাম, ওটা না-জায়েজ, এই করিয়া বিশ্বের এই জ্ঞানের অভিযানে আধুনিক মুসলমান তাহার হক আদায় করিতেছে না; এই জন্য একদিন তাহাকে পস্তাইতে হইবে।''
আবুল ফজলের 'জীবন পথের যাত্রী' গ্রন্থেও ইসলামী আদর্শের পটভূমিকায় মুসলমানদের সংস্কার-মুক্তির প্রয়াস ব্যাপকতর প্রেক্ষিতে চিত্রিত হয়েছে। এ প্রয়াস দস্তুরমতো সংগ্রামমুখর। পুরাতনের সঙ্গে নতুনের সংগ্রাম, আধুনিক শিক্ষা-দীক্ষায় উদ্বুদ্ধ আধুনিক মনের সঙ্গে প্রাচীন অচলায়তনের দ্বন্দ্বে তিনি উগ্র বিপ্লবীর ভূমিকা না নিয়ে যুক্তির পথ বেছে নিয়েছেন। সোসিয়ালিজমের প্রতি ঝুঁকে পড়া হেনা-প্রণয়ী মামুন একদিন অদূরবর্তী মসজিদের প্রভাতী-আজান শুনে আদর্শ হিসাবে সোসিয়ালিজমের ব্যর্থতায় স্থির নিশ্চিত হয়ে সঙ্কল্প করলেন, 'বৃহত্তর পরিধিতে জীবনের বৃহত্তর বিকাশ নাই বা হলো। ক্ষুদ্রাকারে ক্ষুদ্রতর জীবন সে গড়ে তুলবে, পিতামাতাকে সে খুশি করবে, ভাই-বোনগুলিকে সে মানুষ করবে।' এ সঙ্কল্প তিনি অচিরেই কার্যে পরিণত করেন। হেনার ভাই মুহসিন চিন্তাজগতে মুসলমানদের আদর্শ তারাশ করেন যুগদ্রষ্ট্রা কবি ইকবালের 'মুসলিম হ্যাঁ হাম, ওয়াতন হ্যেয় সারা জাহাঁ হামারা' নামক উক্তিতে। এর ব্যাখ্যা করতে গিয়ে সে বলে: 'এ শুধু মুসলমানদের জন্য নয়, এই বাণী প্রতিটি মানুষের জন্যেই সত্য। দেশ, ধর্ম, বর্ণ ইত্যাদিও সীমারেখা এখন মুছে গেছে, মুছে যেতে বাধ্য। এখন প্রত্যেক সচেতন মানুষই চিন্তা ও আদর্শে আন্তর্জাতিক।' তাই তার মতে: ' শুধু নিজের ভালো করার চেয়ে দশের ভালো করার চেষ্টা কি মহত্তম কাজ নয়? বিশেষত, পৃথিবীর নিজের স্বতন্ত্র ও বিচ্ছিন্ন ভালো বলে যখন কিছুই নেই। আমরা দশজনের একজন, দেশের ভালোমন্দের সঙ্গে আমাদের ভালোমন্দও জড়িত।' হেনা যখন এসবকে কমিউনিজম বলে সন্দেহ করে, তখন মুহসীন মুসলমানের তথা ইসলামের আন্তর্জাতিকতায় বিশ্বাসী বলেই জোরে বলতে পারে, আরবের মহাপুরুষের পর গত চৌদ্দ শত বৎসরের মধ্যে এমন অগ্নিগর্ভ নব-আদর্শ মানবসমাজে আর কেউ প্রচার করেন নি। আসলে সে ক্ষুদ্র আদর্শ কমিউনিজম চায় না, চায় আন্তর্জাতিক পটভূমিকায় ইসলাম-এর বৃহত্তর আদর্শ। এটি তার ইসলাম-বিমুখতা নয়। বরং ইসলামী আদর্শবাদিতার প্রতি গভীর প্রীতি, শ্রদ্ধা ও মমত্ববোধ।
একইভাবে আবুল ফজলের শেষ দিকের উপন্যাস 'রাঙা প্রভাত'-এ দেখা যায়, ইসলাম স্বদেশপ্রেমের মধ্যস্থতায় মানব প্রেমরূপে তাঁর ধ্যানে ধরা দিয়েছে। নায়ক কামাল মির্জা অভিজাত ঘরের ছেলে হয়েও যখন ধর্মের প্রতি তার যে রকম আকর্ষণ, অর্থাৎ মির্জাবংশের ভাবী উত্তরাধিকারীর যে রকম থাকা উচিত সে রকম দেখা গেল না, তখন তার অভিভাবক-স্থানীয়, মৃত্যু-পথযাত্রী দাদু রোগ-শয্যায় শুয়ে তাকে মির্জা বংশের ইসলামী ঐতিহ্য রক্ষা করার জন্য এই বলে ওসিয়ত করলেন যে, 'নামাজ-রোজায় মন রাখবে, গরিব-দুঃখীকে সাহায্য করবে, বিদ্বান ও আলেমদের কদও করবে, কোনও মোসাফেরকে অভুক্ত বাড়ি থেকে ফিরে যেতে দেবে না।… মুসলমানদের মতো আমাদের বহু হিন্দু প্রজা ও হিন্দু প্রতিবেশী রয়েছে, তাদের প্রতি সুব্যবহার করবে, কোনও দিন কোনও বৈষম্য করবে না। ইনসাফ বড় কথা। সবার সঙ্গে ইনসাফ মতো ব্যবহার করবে। … যে যাই বলুক, আমাদের হজরতের চেয়ে বড় কেউ এখনও জন্মায় নি। তিনি বলেছেন, 'হুববুল ওতনে মিনাল ঈমান'Ñস্বদেশপ্রেম ঈমানের অন্তর্গত। যে নিজের দেশকে ভালোবাসে না, তার ঈমান কথনও কামেল হতে পারে না।' এ ওসিয়তের পরেই কামাল দাদা-দাদি দুজনকেই একসাথে হারিয়ে বহু কষ্টে বড় হলো বটে, তবে মির্জা-পরিবারের ইসলামী ঐতিহ্যের সবটুকু সে রক্ষা করতে পারল কি না; জানিনে। একটা ঐতিহ্য সে বহন করে চলল, তাতে কোনও সন্দেহ নেই। সে হচ্ছে তার স্বদেশপ্রেম। দেশ বিভক্ত হয়ে যখন স্বাধীন হলো, দেশের প্রতি তার প্রেম গেল বেড়ে, আর প্রতিবেশী হিন্দুর প্রতি শুধু ইনসাফ নয়, তার চেয়েও বেশি করে বেড়ে চলল তার আন্তরিক উদারতা। সে প্রকাশ্যে বলতে শুরু করল, 'স্বদেশের মানুষকে বাদ দিয়ে শুধু নয়, রীতিমতো ঘৃণা করেই, দেশপ্রেমের বুলি আওড়ানো একমাত্র আমাদের দেশেই চলে।… দেশ স্বাধীন হয়েছে, ভাগও হয়েছে, দু'দিকে বাস্তুহারার ভিড় রেগেছে, এ সবকেও সহজভাবে নিতে হবে।' কামালের ভাবী জীবনসঙ্গিনী মায়ারও সেই কথা। দু'জনে এসবকে সহজভাবে গ্রহণ করে বহু দুঃখ-বেদনা ও ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেও দেশকে ভালোবাসল, ভালোবাসল দেশের মানুষকে। এভাবেই ইসলাম এসে দাঁড়াল দেশপ্রেমে, দেশপ্রেম দাঁড়াল দেশের নর-নারীর প্রতি প্রেমে, আর দেশের নর-নারীর প্রতি যে প্রেম তা এস দাঁড়াল মানবের প্রতি প্রেম ও ভালোবাসায়, প্রীতিতে। এখানে তারা ঘোষণা করে 'জীবনে তাদের মন্ত্র হবে মানবপ্রেম।' আবুল ফজলের মানবতন্ত্রী প্রতিরূপ আরও স্পষ্ট হয়, উপন্যাসের উপান্তে নায়ক-নায়িকার মনোবাঞ্ছায়: 'আজকের এই রাঙা প্রভাত যেন দেশের ও তাদের নিজের জীবনে এক নতুন যুগের ও নতুন জীবনের রাঙা প্রভাতের সূচনা করে।'
জন্মের শতবর্ষ পরের বাংলাদেশেও আবুল ফজলের চিন্তা-আকাক্সক্ষা প্লেটোর 'আদর্শ রাষ্ট্রে'র মতোই কাল্পনিক ও অধরা রয়ে যায়। রাঙা প্রভাতের অরুণালোকে সুমুজ্জ্বল দেশ ও মানুষ এখন সুদূরপরাহত। ধর্ম ও দর্শনের নানা কুসংস্কারে আবৃত। জাত-পাতের বদলে চিন্তাগোত্রে বিভক্ত। অথচ ধর্ম, ধর্মনিরপেক্ষতা ও মনুষ্যত্ব সম্পর্কে আবুল ফজল বেশ ঋজুতায় তার বক্তব্য দিয়েছেন। তাঁর মতে, 'ধর্ম যদি মনুষ্যত্বের পরিপূরক বা নামান্তর না হয় তাহলে ধর্মে আর মনুষ্যত্বে পদে পদে সংঘাত অনিবার্য।' তিনি মনে করেন, 'ধার্মিক না হয়েও ধর্মের নামে গদগদ হওয়া আর মনে সেক্যুলার না হয়েও সেক্যুলারিজমের নামে মুক্তকচ্ছ তেমন কোনও বিরল দৃশ্য নয়। আজকের দিনে যদিও সেক্যুলারিজমের অর্থ করা হয় 'ধর্মনিরপেক্ষতা'Ñআসলে ওটাও একটা পোষাকি ধর্ম- সাম্প্রদায়িকতার আর একটি নতুন নাম। এ-ও এক রকম 'মিটিংকা কাপড়া'।' তাঁর বক্তব্য, 'যা অপার্থিব তাকে অপার্থিব থাকতে দিন- যা পার্থিব তাকে সর্বতোভাবে পার্থিবের এলাকাতেই সীমাবদ্ধ রাখুন। অপার্থিবের তথা আধ্যাত্মিকের প্রেরণা ও তৃষ্ণা মানুষ যে একেবারে অনুবব করে না বা তার কোনও প্রয়োজন নেই তা বলা আমার উদ্দেশ্য নয়। আমি বলতে চাচ্ছি, তা ব্যক্তিগত সাধনা ও উপলব্ধির ব্যাপার। তাকে সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে টেনে আনায় আমার আপত্তি, টেনে আনলে শুধু সামাজিক জীবন নয়, আধ্যাত্মিক জীবনও নাজেহাল হয়।'
ভাবতে অবাক হতে হয়, সামান্য স্কুল শিক্ষক হিসাবে আবুল ফজল জীবন শুরু করেন। এবং পরে সরকারি কলেজে বাংলার অধ্যাপক নিযুক্ত হন। তাঁর অধ্যাপনা জীবনের সূচনা হয়েছিল কৃষ্ণনগর কলেজেÑকিন্তু কিছুকাল পরেই বদলি হয়ে আসেন চট্টগ্রামে এবং চট্টগ্রাম কলেজ থেকেই ১৯৫৯ সালে অবসর নেন। স্বদেশে প্রেরিত-পুরুষেরও প্রাপ্য মর্যাদা মেলে নাÑএই আপ্তবাক্য আবুল ফজলের বেলায় প্রযোজ্য হয় নি। বিত্তহীন, ক্ষমতাহীন, জলুসহীন এ নিরহঙ্কার শিক্ষক নিজ শহর চট্টগ্রামে সমাজের সকল স্তরের মানুষের কাছ থেকে ঈর্ষণীয় শ্রদ্ধা অর্জন করেছিলেন। দেশের প্রত্যন্তের বাণিজ্যতাড়িত নগরীর চিন্তালয় ছিলেন তিনি। তাঁর সকল চিন্তা স্বদেশ, সমাজ, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, দর্শকের অসীমান্তিক জগতকে স্পর্শ করেছে। এখানেই আবুল ফজলকে নিয়ে আমার ব্যক্তিগত আগ্রহ ও পর্যবেক্ষণের কারণ। তিনি এবং তাঁর সমকালীন কিছু মনীষা চট্টগ্রামে শেকড় বিছিয়েও মহাদ্রুমের মতো সমগ্র দেশের দিগন্তে প্রসারিত হয়েছেন। সে দেশ উপনিবেশিক বাংলা, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ, যা-ই হোক না কেন। এদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ এনামুল হক, ড. আবদুল করিম, মনিরুজ্জামান ইসলামাবাদী, আবদুল করিম সাহিত্য বিশারদ। বলতে দ্বিধা নেই, বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের পর এইসব ঋপদী ব্যক্তিত্বের মানুষ ক্রমেই ক্ষয়িষ্ণু হয়ে আসছেনÑযারা স্থানীক, আঞ্চলিক, কালিক অবস্থান ভেদে সার্বজনীন আবয়বে জাতীয় স্তরে দাঁড়ানোর শক্তি রাখেন। আবুল ফজলের প্রাসঙ্গিকতার আরেকটি দিক হলো, স্বাতন্ত্রিকতা। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বা বাংলাদেশে স্বৈরতন্ত্রের সময় কাজ করলেও নিজের সত্ত্বা ও স্বাতন্ত্রিকতা বিসর্জন দেন নি। অনেকের শিক্ষা-পাণ্ডিত্য-মনীষা আবুল ফজলের চেয়ে উচ্চতর হলেও সামরিক বা বেসামরিক সরকারের স্তবকতায় নানাভাবে নিন্দিত। কিন্তু ব্যক্তিত্বের ঋজুতায় আবুল ফজল অনন্য। ব্যক্তিগত জীবনে অমায়িক, স্বল্পভাষী, হাস্যোজ্জ্বল এ সৌমদর্শন বৃদ্ধ যে কোনও অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে ভয়শূন্য সেনাপতির বিক্রমে ক্রমাগত রুখে দাঁড়িয়েছেন। ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এ পরীক্ষার পাসের হার ছিল অত্যন্ত শোচনীয়। ফলাফল প্রকাশের অব্যবহিতকাল পরে প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান জনসভায় শিক্ষকদের সম্পর্কে একটি দুঃখজনক মন্তব্য করেন। তৎকালীন উপাচার্য আবুল ফজল এর প্রত্যুত্তরে অনতিবিলম্বে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আহূত এক সংবাদ সম্মেলনে প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করে যে বক্তব্য দেন তাতে স্বাভাবিকভাবেই ক্ষমতাসীনরা চটে যায়। তাঁকে নাজেহালের নানা পন্থা অবলম্বন করা হয়। সকল কুৎসার মুখেও নিজ বিশ্বাসে তিনি ছিলেন অটল। একটি শব্দও তিনি তাঁর বক্তব্য থেকে প্রত্যাহার করেন নি। একই বছর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ঘোষণা করলে দেখা গেলো সরকার-বিরোধী ছাত্র সংগঠন বিজয়ী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ক্ষমতার শীর্ষ থেকে অবিরাম চাপ দিয়েও তাঁকে দিয়ে নির্বাচন বন্ধ করানো যায় নি। নিজস্ব শুভবুদ্ধি ও বিবেকের স্বাধীনতার প্রতিই তিনি ছিলেন একান্তভাবে দায়বদ্ধ।
ক্ষমতা ও রাষ্ট্রীয় শক্তি সম্পর্কে 'লেখকের স্বাধীনতা' প্রবন্ধে আবুল ফজল যথার্থই বলেছিলেন, 'রাষ্ট্রশক্তির একটি সাধারণ দুর্বলতা সন্দেহপ্রবণতা, বিশেষ করে মননশীল মানুষকে, সাধারণ অর্থে যাদেও বুদ্ধিজীবী বলা হয়, তাদের সন্দেহের চোখে দেখা ক্ষমতার একটি স্বভাব। ক্ষমতার যেন এ এক সহজাত প্রবণতা। ক্ষমতার আর একটি দুর্বলতা সুযোগ পেলেই সীমা ছাড়িয়ে যাওয়া। দেখা গেছে, অতি বড় সজ্জনও যখন ক্ষমতার আসনে বসেন তখন মুহূর্তে তিনি হারিয়ে ফেলেন সব রকম পরিমিতিবোধ, তখন সীমা লঙ্ঘন হয়ে দাঁড়ায় তাঁর স্বভাব। এ কারণে জ্ঞানীরা সব সময় ক্ষমতা থেকে দূরে থাকতে চেয়েছেন এবং কেউ কেউ ক্ষমতার সদ্ব্যবহার করেছেন। এ-ও দেখা যায়, ক্ষমতা সব সময় ছাপার অক্ষরকেও যেন কিছুটা ভয় করে থাকে। ক্ষমতার এ মনোভাব প্রায়শ সরাসরিভাবে লেখকদের আঘাত হেনে থাকে।'
সিভিলি সোসাইটির পক্ষে পলিটিক্যার সোসাইটির বিরুদ্ধে; ব্যক্তি-শিল্পী-লেখক-সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে এতো জোরালোভাবে বলতে খুব কমই শোনা যায়, যেমন ঋজুতায়-দৃঢ়তায় বলেন আবুল ফজল। প্রান্তিক, অন্তজ্য, সাবঅল্টান, লৈঙ্গিক অনেক দূরবর্তী অনুসঙ্গ তাঁর কলমে মূর্ত হলেও আবুল ফজলের প্রধান কণ্ঠস্বর সমাজ, সংস্কৃতি, ধর্ম ও রাষ্ট্রের মূলস্রোতের সাপেক্ষে উচ্চারিত। তিনি যা বলতে চেয়েছেন, এক শ দশ বছর পরেও সেটা ধর্মপন্থীরাও বুঝে নি; সেক্যুরাররাও নয়। এ কারণেই হেফাজত ও শাহবাগ যখন মুখোমুখি দাঁড়িয়ে তখনই আবুল ফজলের কথা মনে পড়ে, যার কাছে বহুমত ও পথের মানুষ এসে স্বাচ্ছন্দ্যে মিলিত হতে পারে। আবুল ফজলচর্চার সমকালীন প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ তাৎপর্য এখানেই নিহিত।
