২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

“মৎস্য, পাথর, ধান, সুনামগঞ্জের প্রাণ।”

পাপিয়া খান

Published : 09 Dec 2021, 02:25 AM

Updated : 23 Jun 2022, 03:56 PM

হয়তো, অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য কিংবা আর্থিক সাফল্য লাভের বিবেচনায় মাছ, পাথর, ধান সুনামগঞ্জে বিশাল এক আয়ের উৎস।কিন্তু,এসবের ঊর্ধ্বে আত্মিক-পরমার্থিক শান্তি বিবেচনায় সুনামগঞ্জে রয়েছে বিখ্যাত সব ব্যক্তিবর্গ। যাঁদের জন্মে, যাঁদের কর্মে, যাঁদের জন্যে পুণ্য হয়েছে সুনামগঞ্জের প্রতিটা অণু-পরমাণু থেকে শুরু করে উত্তাল হাওরের জল-বাতাস। বাউল সাধক আব্দুল করিম, মরমী কবি হাসন রাজা, ধামাইল গানের গীতিকার রাধা রমণ দত্ত, দুরবীন শাহ সহ নাম না জানা আনাচে-কানাচে লুকিয়ে থাকা আরও কত শত আউল -বাউল-সাধক, গীতিকার এবং সুরকার। তাঁদের কর্মের পরিধি যদি নির্দিষ্ট একটি অঞ্চলে বন্দী করে ফেলি, তবে তাঁদের ছোট বৈ বড় করা হবে না। কারণ, তাঁরা যেসব কর্ম রেখে গেছেন তা শুধু একটা নির্দিষ্ট পরিমণ্ডলেই আবদ্ধ নয়। বরং তা জাতীয়তা ছাড়িয়ে আন্তর্জাতিকতায় উপনীত হয়েছে।কিন্তু,অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, ঐসব কিংবদন্তিদের আমরা আমাদের চিন্তা -ভাবনায় কতটুকু জায়গা দিতে পেরেছি?আমরা তাঁদের কতটুকু লালন-ধারণ-বাহন-বহন করছি! করছি না যে তা না। অবশ্যই করছি। এবং খুব ভালোভাবেই করছি। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। বয়সে নয়। উনারাও উনাদের কর্মের মধ্য দিয়ে বেঁচে আছেন। আজ কোনো সিনেমা হিট হওয়ার জন্য যদি কোনো মেলোডি গানের প্রয়োজন হয়, আমরা আব্দুল করিম, রাধা রমণের গান ছাড়া কল্পনাই করতে পারিনা। যান্ত্রিক সভ্যতা আমাদের যন্ত্র বানিয়ে ছাড়লেও দিন শেষে আমরা একান্তই রক্তে-মাংসে গড়া মাটির মানুষ। বেলে-দোঁআশ মাটি যেমন সামান্য পানিতেই দ্রবীভূত হয়।সামান্য,অসামান্য কিছুর আঘাতে-সংঘাতে আমরাও দ্রবীভূত হই।মন ভাঙে। চোখ ফেটে জল আসে । সেই সময়ের সঙ্গী হয় আমাদের মরমী গান, বাউল গান। 'বাউলা কে বানাইলোরে' কিংবা 'লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা না আমার' বা 'কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি' অথবা 'কোন মেস্তরী নাও বানাইলো কেমন দেখা যায়' বা 'ভ্রমর কইয়ো গিয়া', কিংবা 'বিষ মাখাইয়া তীরের মুখে মারিলো তীর আমার বুকে' এরকম হাজারো বিরহ গানের মূর্ছনায় নিজেদের ভেতর-বাহির পরিশুদ্ধ করি। কারণ, দিনশেষে, আমরা সবাই একজন বাউল। আমাদের ভেতরে এক বাউলের বাস। যেই বাউল সামাজিকতার চাপে নিজেকে অবদমিত করে রাখে দিনের আলোয়। শুধু বিচ্ছেদি গান কেনো? বরং, বন্ধুর প্রেমে মরিয়া হলেও আমরা এই রেপ-ব্যান্ড মিউজিকের যুগে 'বন্ধে মাইয়া লাগাইছে' কিংবা 'নেশা লাগিলোরে বাঁকা দুই নয়নে নেশা লাগিলোরে' 'সোনা বন্ধে আমারে পাগল বানাইছে, কিংবা 'মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে ' বা ' কানাই তুমি খেইর খেলাও কেনে' 'বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে 'এইসব গানই শুনি। গুটি কয়েক মানুষ কিংবা নির্দিষ্ট একটা শ্রেণির মানুষ ছাড়া আমরা অনেকেই হয়তো জানিও না, এইসব গানের গীতিকার কে বা কারা? এ যেনো রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতার সোনার ফসলের মতোই।
"ঠাঁই নাই ঠাঁই নাই,
ছোট সে তরী,
আমারি সোনার ধানে গিয়াছে ভরি।"
সোনার ফসলকে আমরা ঠিকই প্রাণ ভরে গ্রহণ করছি ,কিন্তু সেই ফসলের ব্যক্তিকে গ্রহণ করতে পারছি না। তরীতে এতটুকু জায়গা অবশিষ্ট নেই আর।

আমরা বড় বেশি আবেগী।হুজুগে বাঙালি।"একটা হুজুগ লইয়া বাঙালি অধিক দিন থাকিতে পারিনা। হুজুগ একটা শেষ হইতে না হইতেই আরেকটা হুজুগ সৃষ্টি করিয়া থাকে।"এই ভাইরাল হওয়ার যুগে এ যেনো আরও বেশি। অমুকের অমুক বের হয়েছে, তমুকের তমুক হয়েছে। অমুক কাঁচা বাদাম দিয়ে গান করে রাতারাতি ভাইরাল হয়েছে। তাকে সস্তা সেলিব্রেটি বানানোর কী প্রাণান্তকর চেষ্টা। তার ইন্টারভিউ নিতে হবে। হেন করতে হবে। তেন করতে হবে। তাকে মাথায় তুলে নাচতে হবে। আরও কতো কী?

অথচ, এই বাংলায় যেসব মরমী, বাউল সাধকরা অধ্যাত্মচেতনার সাথে সঙ্গীতচেতনার এক অসামান্য সংযোগ ঘটিয়ে গেছেন, তাঁদের নিয়ে কোনো সভা, সমাবেশ, সেমিনার করতে খুব কমই দেখা যায়। কম বললেও ভুল হবে।দেখাই যায়না বলা চলে। এমনকি তাঁদের জন্মবার্ষিক কিংবা মৃত্যুবার্ষিকীতেও যে তাঁদের স্মরণে কিছু একটা হবে তাও খালি চোখে দেখা যায়না। অবশ্য,কিছু করা বা না করাতে তাঁদের কিছুই আসে যায়না। কারণ, তাঁরা অমর। তাঁরা তাঁদের কীর্তির মাধ্যমে বেঁচে আছেন। বেঁচে থাকবেন।"কীর্তিমানের মৃত্যু নেই। "

বাংলাদেশের মরমী সাধক কবি দেওয়ান হাসন রাজা ওরফে অহিদুর রেজা ২১ শে ডিসেম্বর, ১৮৫৪ খ্রিস্টাব্দে বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জের তেঁঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা দেওয়ান আলী রাজা এবং মাতা হুরমত বিবির তৃতীয় পুত্র হলেন দেওয়ান হাসন রাজা।হাসন রাজা যে যুগে জন্মেছিলেন সে যুগে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার তত প্রচলন না থাকায় বিদ্যালয়ের পড়াশুনায় তিনি বেশিদুর অগ্রসর হতে পারেন নি। তবে বংশের নিয়মানুসারে তিনি প্রথমে আরবী এবং পরে বাংলা ভাষায় পাঠ শুরু করেন। তিনি নিজে আধুনিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি অগ্রসর হতে না পারলে কি হবে শিক্ষা প্রসারে এতটুকু কার্পণ্যবোধ করেননি। বরং হিমালয়ের মতো উদার হৃদয়ে শিক্ষা প্রসারে সাহায্য-সহযোগিতা প্রদান করতেন। সুনামগঞ্জের প্রধান ক'টি শীর্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকল্পে তাঁর অফুরন্ত সাহায্য -সহযোগিতা ছিলো।তিনি মুক্ত হস্তে দান করেছেন। যেমন -মুক্ত হস্তে তিনি বাচ্চাদের মধ্যে পয়সা-কড়ি ছড়িয়ে-ছিটিয়ে দিতেন। এ যেনো এক অসীম আনন্দ! যে আনন্দের কোনো মাপকাঠি নেই। এমনই উদার- অসীম ছিলেন। সুনামগঞ্জ জুবিলী হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা প্রদান তারই উল্লেখযোগ্য উদাহরণ।

হাসন রাজা নিজেই একটা কাল। নিজেই একটা অধ্যায়। নিজেই একটা বিশাল-বিস্তৃত ইতিহাস। কিন্তু এসবকিছু ছাপিয়ে বলা চলে, তিনি ইতিহাসের পাতা থেকে এসেছিলেন- তাঁর পূর্ব পুরুষরা বিখ্যাত ঐতিহাসিক স্থান অযোধ্যার অধিবাসী ছিলেন এবং সনাতন ধর্মাবলম্বীর ছিলেন বলে ধারণা করা হয়। তাদের একজন পূর্ব পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। যার নাম বাবু চৌধুরী। এবং ষোড়শ শতকের শেষ দিকে তাদের কেউ একজন বাংলার পুণ্যভূমি সিলেটে এসে বসতি স্থাপন করেন। হাসনের দাদার মৃত্যুর পর তার বাবা মাতৃ এবং পিতৃবংশীয় সব সম্পদের প্রভূত মালিক হন। ১৮৬৯ সালে তার পিতা আলী রাজার মৃত্যুর চল্লিশ দিন পর তার বড় ভাই ওবায়দুর রেজা মারা যান। মাত্র ১৫ বছর বয়সে হাসন জমিদারিতে অভিষিক্ত হয়েছিলেন। অপরিপক্ব বয়সে এত সম্পদের মালিক হয়ে হাসন রাজা বেপরোয়া হয়ে উঠেছিলেন। যৌবনে তিনি ছিলেন ভোগ-বিলাসী এক শৌখিন জমিদার। মাত্র ১৫ বছর বয়সে জমিদারি শুরু করেন হাসন রাজা। যৌবনে ভোগ-বিলাসে মত্ত ছিলেন। বর্ষায় বজরা নৌকা সাজিয়ে গান-বাজনায় ঘুরে বেড়াতেন। এ সময় একের পর এক গান লিখতে থাকেন। বিলাসী জীবনের মাঝে আধ্যাত্মিক বোধের জন্ম নেয় তার মনে। ছেড়ে দেন জমিদারি। বিলাসী পোশাক ছেড়ে নেন সাধারণ পোশাক। অত্যাচারী জমিদার থেকে হয়ে ওঠেন এক বাউল সাধক।।
অনেক বিশেষজ্ঞ মনে করেন- "দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ দিকটি আসে,তা হাসন রাজার।"জীবদ্দশায় দুই হাত ভরে রচনা করে গেছেন অসংখ্য, অসামান্য মরমী সঙ্গীত।দেখভাল করেছেন জমিদারি। তবে, সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন মরমী সাধক কবি। যিনি, দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য মেলবন্ধন ঘটিয়েছেন। হাসন রাজার ২০৬ টি গান নিয়ে ১৯০৭ সালে "হাসন উদাস" নামে একটি সংকলন প্রকাশিত হয়।


এর বাইরে আর কিছু গান 'হাসন রাজার তিন পুরুষ' এবং 'আল ইসলাহ্'সহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তাছাড়া সিলেটের লোকের মুখ থেকে বহু গান বিলুপ্ত হয়ে গেছে গান।এই পর্যন্ত হাসন রাজার ৫৩৫ টি গান পাওয়া যায় আবার অনেকে মনে করেন ১০০০ বেশী গান রয়েছে হাসন রাজার। হাসন রাজার উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে রয়েছে-

১।লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।

(২)
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।
রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।
হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায়ে জানা।।
মুখ চাহিয়া হাসে আমার যত আদি পরী
দেখিয়াছি বন্ধের দুখ ভুলিতে না পারি।।

(৩)

নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়োনে নেশা লাগিলো রে

হাছন রাজা পেয়ারীর প্রেমে মজিলো রে
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়োনে নেশা লাগিলো রে

ছটোফটো করে হাসন দেখিয়া চাঁন মুখ
হাসন জানের মুখ দেখি জন্মের গেলো দুখ
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়োনে নেশা লাগিলো রে

হাসন জানের রূপটা দেখে ফাল্ডি ফাল্ডি উঠে
কিরাবারা হাছন রাজার বুকের মাঝে ফোঁটে
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়োনে নেশা লাগিলো রে
(৪)

বাউলা কে বানাইলো রে?
হাসন রাজা রে বাউলা
কে বানাইলো রে?
বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা
বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা
দেখিয়া তার রুপের ঝলক
হাসন রাজা হইলো আউলা
কে বানাইলো রে?
হাসন রাজা রে বাউলা
কে বানাইলো রে?
বাউলা কে বানাইলো রে?
হাসন রাজা রে বাউলা
কে বানাইলো রে?
হাসন রাজা হইসে পাগল প্রান বন্ধের কারনে
হাসন রাজা হইসে পাগল প্রান বন্ধের কারনে
বন্ধু বিনে হাসন রাজায় অন্য নাহি পানে
বাউলা কে বানাইলো রে?
হাসন রাজা রে বাউলা
কে বানাইলো রে?

৬ ডিসেম্বর, ১৯২২ সালে এই মরমী কবি ইহলোককে সাঙ্গ করে পরলোকে গমন করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর এই মরমী সাধক সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন-সেটি দিয়েই শেষ করছি-

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯ ডিসেম্বর ১৯২৫ Indian Philosophical Congress-এর প্রথম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। সভাপতির অভিভাষণে তিনি প্রসঙ্গক্রমে হাছন রাজার দুটি গানের অংশবিশেষ উদ্ধৃত করে তার দর্শন চিন্তার পরিচয় দেন। ভাষণটি 'Modern Review' ( January 1926 ) পত্রিকায় 'The philosophy of Our People' শিরোনামে প্রকাশিত হয়। এর অনুবাদ প্রকাশিত হয় 'প্রবাসী' ( মাঘ ১৩২২ ) পত্রিকায়। ভাষণে হাছন রাজা সম্পর্কে প্রাসঙ্গিক অংশ এখানে উদ্ধৃত হলো :
"পূর্ববঙ্গের এক গ্রাম্য কবির [হাছন রাজা] গানে দর্শনের একটি বড় তত্ত্ব পাই সেটি এই যে, ব্যক্তিস্বরূপের সহিত সম্বন্ধ সূত্রেই বিশ্ব সত্য।"(তথ্যসূত্র: উইকিপিডিয়া)।

অপারে ভালো থাকুক এই মরমী সাধক কবি!শোক,শ্রদ্ধা,ভালোবাসা। আমরা আপনাকে ভালোবাসি দেওয়ান হাসন রাজা!