২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী পৃথিবী আমাদের–কমরেড তকীয়ূল্লাহ

রতন সিদ্দিকী

Published : 16 Nov 2021, 01:13 PM

Updated : 23 Jun 2022, 03:56 PM

১৯৮৯ সালের কথা। খুব সংক্ষিপ্ত সফরে কলকাতা গিয়েছি। সব কাজ সেরে যথারীতি লেনিন স্কুলে গিয়েছি রণেশ দাশগুপ্তের সঙ্গে দেখা করতে। সঙ্গে ছিলেন নাচোলের রানিমা ইলা মিত্র। রণেশ দা'র সঙ্গে এক সন্ধ্যা আড্ডায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছিলাম। ঐদিনই দাদা বললেন– জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্'র ছেলে কমিউনিস্ট পার্টির ঢাকা জেলার সাবেক সম্পাদক মুহম্মদ তকীয়ূল্লাহর সঙ্গে পরিচিত হবে এবং তাকে উদীচীর সঙ্গে যুক্ত করবে। বলবে আমি বলেছি। সঙ্গে নিয়ে যাবে শহিদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারকে। ইলাদি বললেন– বছর দশ আগে কমরেড তকীয়ূল্লাহ সন্তানদের নিয়ে কলকাতায় বেড়াতে এসেছিলেন। তখন আমাদের সঙ্গে অনেক গল্প করেছেন। পাকিস্তানি সরকার যখন আমার উপর জুলুম করেছিল তখন তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তুমি ওনাকে আমার কথাও বলবে।

কলকাতা থেকে রাজশাহী। রাজশাহী থেকে খুলনা। খুলনা থেকে ঢাকায় এসে উদীচী কেন্দ্রীয় সংসদের দপ্তরে কাজ করতে শুরু করলাম। কমিউনিস্ট পার্টির কাজ, উদীচীর কাজ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে এতো বেশি জড়িয়ে গেলাম এবং প্রতিদিনের কর্মকা সক্রিয় থাকতে গিয়ে ভুলে বসেছিলাম রণেশদা ও ইলাদির নির্দেশ। কমরেড তকীয়ূল্লাহর সঙ্গে দেখা করা হলো না।

দেখা হলো কমিউনিস্ট পার্টির পঞ্চম কংগ্রেসের সময়। সম্ভবত ১৯৯১ সালের অক্টোবর মাসের ৬/৭ তারিখে। আমি কংগ্রেসে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলাম। কংগ্রেসস্থল ছিল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। পড়ন্ত বিকেল। পার্টির অনেক সমর্থক এসে জমায়েত হয়েছেন মিলনায়তনের বাইরে খোলা স্থানে। উদ্বিগ্ন সমর্থকরা অপেক্ষা করছেন ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি ঘোষণার। হতাশ সমর্থকরা বিষণ্ণ মনে সিদ্ধান্ত নিয়েছেন পার্টির প্রতি সমর্থন প্রত্যাহারের। এরা উভয়ে নিঃশব্দ-নিরবতায় সময় পার করেছেন। আর একদল চা-সিগারেটসহ উত্তপ্ত বাক্যে পার্টি নেতৃত্বের তীব্র সমালোচনা করছেন। এদেরই কেউ কেউ বলছেন কমিউনিস্ট পার্টির নাম বদলাতে হবে। কমিউনিস্টদের ভবিষ্যৎ নেই। মার্কসবাদ ভুল দর্শন। পৃথিবীতে সে সত্য প্রমাণিত হয়েছে।

বিক্ষিপ্ত এমন জমায়েতে হঠাৎ একজন মানুষ একটু উচ্চকণ্ঠে বললেন– আপনাদের কথা ঠিক নয়। মার্কসবাদ ভুল নয়। পূর্ব ইউরোপে যা ঘটছে তা নেতৃত্বের বিচ্যুতির ফল। আদর্শচ্যুতির পরিণাম। কমিউনিস্টদের ভবিষ্যৎ আছে। পৃথিবীতে যতদিন অর্থনৈতিক শোষণ আছে, সামাজিক বৈষম্য আছে এবং ধনী-দরিদ্রের বিস্তর পার্থক্য আছে, ততদিন মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব আছে। সে দ্বন্দ্বের পরিণাম শোষিতের বিজয়। বিজয়ী শোষিতের সমাজের নাম সমাজতন্ত্র।

পূর্ব ইউরোপের ভাঙন, সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের বিপর্যয় এবং সিপিবি'র কংগ্রেসকে ঘিরে বিচিত্র বিভ্রান্তি আমাকে যথেষ্ট বিপন্ন করে তুলেছিল সে সময়। তবে মার্কসবাদ নিয়ে কোনো সংশয় আমার ছিল না। ফলে অপরিচিত সেই ভদ্রলোকের বলা কথাগুলো আমারই প্রাণের কথা ছিল বলে আমি তার কাছে এগিয়ে যাই এবং বলি, আপনি যথার্থ বলেছেন। আমি আপনার সঙ্গে একমত। এরপর মার্কসবাদ ও কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক কথা বললাম। পরষ্পর সহমতে আমাদের আলাপ সন্ধ্যা রাতে গড়িয়ে গেল। এবার তিনি বললেন– যাই।
বললাম– কিছু মনে করবেন না। আপনার নাম।
ভদ্রলোক মৃদু হেসে বললেন– মুহম্মদ তকীয়ূল্লাহ।
আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললাম– পার্টির ঢাকা জেলার প্রাক্তন সম্পাদক? ড. মুহম্মদ শহীদুল্লাহ্'র ছেলে?
বললেন– হ্যাঁ।
আমি আবেগে তার হাত ধরে বললাম– কমরেড আপনার সঙ্গে আমার দেখা করার দায়িত্ব ছিল। নানান ব্যস্ততায় হয়ে ওঠেনি। রণেশদা, ইলাদি দায়িত্ব দিয়েছিলেন। পালন করতে পারিনি। ক্ষমা করবেন।
এরপর আরও আধা ঘণ্টা কথা হলো। সেই শুরু তার সঙ্গে গল্প-কথার আড্ডার। তাকে চেনা-জানার অবাধ সুযোগ লাভ। তার মৃত্যু অবধি বিভিন্ন বিরতিসহ তা অব্যাহত ছিল। তাকে চেনা-জানার বিস্তর সুযোগে বুঝেছিলাম–একজন সাচ্চা কমিউনিস্ট কাকে বলে।

কমিউনিস্ট পার্টির অফিস তখন পুরানা পল্টনের একতলা হলুদ রঙের ছোট বাড়িটি, তার ছোট মাঠ এবং পশ্চিমে টিন সেডের লম্বা ঘর। ১৯৯১ সালের নভেম্বর মাসের দিকে। ঐ টিন সেডের ঘরে থাকেন কমরেড রতন সেন। আমি সপ্তাহে দুই তিন দিন তাঁর কাছে যাই। সাংগঠনিক রিপোর্ট করতে এবং পার্টি ও সমাজতন্ত্রের সংকট নিয়ে আলোচনা করতে। বলতে দ্বিধা নেই। কমরেড রতন সেনের কাছে গিয়ে আমার ডানাভাঙা স্বপ্নের পাখিটা একটুও সুস্থ বা সতেজ হতো না। তার নির্মোহ আচরণ এবং কঠিন তাত্ত্বিক আলোচনা আমাকে জাগাতে পারতো না। আমার বুকের ভেতরের নিঃশব্দ রক্তক্ষরণ একটুও বন্ধ হতো না। বরং বৃদ্ধি পেতো। ওখানেই নভেম্বরের এক হতাশ বিকেলে কমরেড তকীয়ূল্লাহর সঙ্গে দেখা। দেখা হওয়া মাত্রই বললাম– চিনতে পেরেছেন?
তিনি খানিকটা সময় চিন্তা করে বললেন– না, মনে পড়ছে না।
আমি পার্টি কংগ্রেসের ঐ বিকেলের কথা বলতেই বললেন– চিনেছি উদীচী করো। কেমন আছ?
কমরেড রতন সেনের কক্ষ থেকে তিনি বেড়িয়ে পার্টির মাঠে এসে দাঁড়ান। তারপর কথা শুরু হলো। পার্টি এবং সমাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনেক কথা। আশ্চর্য! কমরেড তকীয়ূল্লাহ আমাকে উজ্জীবিত করে তুললেন। আমার ডানাভাঙা স্বপ্নের পাখিটা একটু একটু করে সুস্থ হতে শুরু করলো। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. গোলাম মহিউদ্দীন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলী, শ্রমিক নেতা শহীদুল্লা চৌধুরী সহ অনেকে সেখানে উপস্থিত হলেন। শুরু হলো বিতর্ক। সমাজতন্ত্রের পক্ষে-বিপক্ষে। কমিউনিস্ট পার্টির রূপান্তরের পক্ষে-বিপক্ষে। কমরেড তকীয়ূল্লাহ ধীর-স্থির ভাবে মার্কসবাদের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে এবং কমিউনিস্ট পার্টির পক্ষে সোচ্চার মতামত দিলেন।
দেখলাম অদ্ভুত ক্ষমতা তার। যুক্তিসহ শান্তস্বরে প্রশান্ত ভঙ্গিতে কথা বলছিলেন তিনি। নিজ মতের পক্ষে বিরুদ্ধপক্ষকে খুব সহজে আনার প্রচেষ্টা নিয়েছিলেন তিনি। সফল পুরোপুরি হননি। সে বিষয়ে তার একটি কথা আমার খুব মনে হয়। তিনি বলেছিলেন কমিউনিস্ট পার্টির একদল নেতা-কর্মী উন্মুখ হয়ে আছে ভোগবাদী জীবনে যাবার জন্যে। পুঁজিবাদী হাতছানি সারাক্ষণ তাদের সামনে। ওকে সকলে উপেক্ষা করতে পারে না।


সত্যি তাই। পরের দুই বছর দেখেছি অনেক বিপ্লবী কমরেডদেরকে। যারা ভোগবাদের প্রলোভনে প্রলুব্ধ হয়েছেন। আত্মসমর্পণ করেছেন পুঁজিবাদী আগ্রাসনের কাছে। কপট আত্মপক্ষ সমর্থনের কারণে দুষেছেন কমিউনিস্টদেরকে।

সেই নভেম্বরের বিষণ্ণ বিকেলে প্রসন্ন হয়ে দুইজনে এক সঙ্গে হাঁটতে হাঁটতে পল্টন পেরিয়ে এসেছিলাম উদীচী অফিসে। ওখানে বেশ কিছুটা সময় থাকলেন। রণেশদা, ইলাদি, শহীদুল্লাহ কায়সারের কথা বললেন। সেদিন বলেছিলেন, তার ক্যামেরার কথা, যে ক্যামেরা দিয়ে তিনি ১৯৪৮ সালের ১১ মার্চের বাংলা ভাষার মর্যাদার দাবিতে অনুষ্ঠিত হরতালের ছবি তুলেছিলেন। বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, কমরেড শহীদুল্লাহ কায়সারের কথা। জেনেছিলাম কীভাবে তিনি কমিউনিস্ট পার্টিতে এসেছিলেন। কীভাবে গ্রেপ্তার হয়েছিলেন। নির্যাতিত হয়েছিলেন। আরও অনেক কথা। সেদিনের আলাপ শেষে তিনি চলে যাবার আগে বললেনÑ আরেকদিন আসবো। সেদিন জেলজীবনের গল্প বলবো।
চলে গেলেন কমরেড তকীয়ূল্লাহ। আমি যথারীতি উদীচীর কাজে ব্যস্ত হয়ে গেলাম। তারপর আমার পার্টি জীবনের ওপর সাইক্লোন বয়ে গেল। আমি সংসারি হলাম। চাকরি নিয়ে ঢাকার বাইরে চলে গেলাম। অবশেষে বদলি হয়ে ঢাকার জগন্নাথ কলেজে এলাম। শিক্ষকতা করি, উদীচী করি। মার্কসবাদী রাজনীতির প্রতি আস্থা থাকলেও সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারি না। বলা যায় এ সময় নিজেকে গুছিয়ে পরিপাটি মধ্যবিত্ত হওয়ার চেষ্টায় আত্মনিয়োগ করে ফেলেছি। নিজের অজান্তে চিরচেনা নিজেকে হারাতে বসেছি।

এমন সময় একদিন সন্ধ্যার পর জগন্নাথ কলেজের বাংলা বিভাগে ক্লাস বিরতিতে গল্প করছিলাম। হঠাৎ অফিস সহায়ক কুদ্দুস মিয়া আমার সামনে এনে হাজির করলেন কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহকে। আমি অবাক!

কুদ্দুস মিয়া জানালেন কমরেড তকীয়ূল্লাহ তার পূর্ব পরিচিত। কারণ তিনি একসময় এসে বাংলা বিভাগের শিক্ষক কথাসাহিত্যিক শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস, নাট্যকার মমতাজউদদীন আহমদ, কবি আবদুল মান্নান সৈয়দ প্রমুখের সঙ্গে গল্প করতেন। সে সময় থেকে কুদ্দুস মিয়া তাঁকে চেনেন। আজ চকবাজারে তাঁর সঙ্গে দেখা হওয়ার পর আমার কথা বলতেই তিনি আগ্রহভরে চলে এসেছেন।
আমি খুশি। তিনিও খুশি। এরপর জগন্নাথ কলেজে, শহিদ মিনারে কোনো প্রতিবাদী সমাবেশে, কিংবা কোন সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে। কথা হয়েছে। শুনেছি তাঁর জেল জীবনের কথা। পলাতক জীবনের বিপদজনক দিনের কথা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিয়তির জোরে বেঁচে যাওয়ার কথা। বন্ধু কমরেড শহীদুল্লাহ কায়সার, দীক্ষাগুরু কমরেড রণেশ দাশগুপ্ত প্রমুখের ব্যক্তিগত আদর্শস্থানীয় জীবনের কথা। তাঁর কাছে সেসব বিপ্লবী জীবনের রোমাঞ্চকর কাহিনি শুনে শিহরিত হয়েছি। ভিতরে ভিতরে আন্দোলিত হয়েছি। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি–একদিন আমিও, তেমন বিপ্লব স্পন্দিত বুকে লেনিন হবো।
বিপ্লব-লেনিন কিছুই হয় না আমার। আমি মধ্যবিত্তের লাভ ও লোভের কাছে প্রতিদিন কমবেশি পরাজিত হতে থাকি। জীবন-জীবিকার কারণে ছুটতে থাকি বেসামাল। বুকের গভীরে লুকিয়ে থাকা সংস্কৃতি অনুরাগ উদীচী-নাটক-শিল্পকলায় নিয়ে যায় আমাকে। সাম্যপ্রীতি কখনও কখনও মেহনতি মানুষের লড়াইয়ে উচ্চকিত হয়ে ওঠে। কিন্তু ওইটুকু দ্রোহ। আর সামান্য দ্রোহী উচ্চারণ মাত্র। আমি চলি আমারই অনিচ্ছায়। ২০১৬ সালে একদিন খবর পেলাম কমরেড তকীয়ূল্লাহ বারডেম হাসপাতালে আইসিইউতে। তাঁকে দেখতে গিয়ে দূর থেকে শান্তনার দেখা দেখে ফিরি। এরপর ২০১৭ সালে খবর পাই কমরেড মুমূর্ষু অবস্থায় ভর্তি আছেন। স্কয়ার হাসপাতালে। দেখা করতে গিয়ে দেখি তিনি প্রায় জ্ঞানহীন। অনেকক্ষণ তাঁর পাশে দাঁড়িয়ে ডাকি তাঁকে। তিনি চোখ খোলেন না। শেষে বুদ্ধি করে বলি– কমরেড দেখুন সিপিবি'র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এসেছেন। মনে হলো একথা শুনে কমরেড তকীয়ূল্লাহ সামান্য চোখ খুললেন অথবা আমার ভ্রম। বললাম– মার্কসবাদ লেনিনবাদ, সর্বহারার মতবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহ লাল সালাম ইত্যাদি। এসবের কোনো সাড়া তিনি দেননি। তবে অবুঝ আমার মনে হয়েছে তিনি সব শুনেছেন। সব বুঝেছেন। মনে হয়েছে তিনি মনে মনে বলেছেনÑ অনিবার্য বিপ্লবের পথে এগিয়ে যাও। শোষণ মুক্তির লড়াইয়ে সোচ্চার হও। আগামী পৃথিবী আমাদের। সেদিন চলে আসি। দুদিন পর ১৭ নভেম্বর ২০১৭ কমরেড তকীয়ূল্লাহর দেহাবসান হলো। তার মরদেহ সিপিবি অফিসে এলো। পার্টি পতাকায় মোড়ানো হলো। তারপর চলে গেল নির্দিষ্ট কবরে।
আশ্চর্য তিনি নেই। কিন্তু আমি আজও শুনতে পাই সেই সুদৃঢ় বাণী– আগামী পৃথিবী আমাদের।

৪/৪/২০২১
করোনাকাল