২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন এক অপূর্ব দৃশ্য

সোহেল হাসান গালিব সোহেল হাসান গালিব

Published : 25 Jul 2021, 01:55 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


ষাটোর্ধ্ব বয়সে প্রথম কাব্যগ্রন্থ বেরুনো একটা আশ্চর্য ঘটনা বটে। বই প্রকাশের দিক থেকে তিনি আমাদেরই দশকের কবি। ২০০৭ সালে প্রকাশিত হলো তার প্রথম কবিতাবই 'সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়'। এই বছরটা আমার জন্যও বিশেষভাবে উল্লেখযোগ্য। আমারও প্রথম কবিতার বই 'চৌষট্টি ডানার উড্ডয়ন' বেরোয় সে বছর। ষাটোর্ধ্ব যুবকের সঙ্গে ত্রিশোর্ধ্ব তরুণের এই সখ্য অবশ্য আবিষ্কার করেছি অনেক পরে।

তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'একটি গাছের পদপ্রান্তে' বেরোয় আরো দুবছর পর। অদ্ভুত তার কবিতার নাম : 'কলেমায়ে জুম্মাবার'। কী আছে এই কবিতায়—

দুপুরবেলার রোদ
কোথাও ঢালভুমি খুঁজছে
জুম্মার নামাজের পর।
গাছগাছালির নীচে
এক এক খণ্ড ছায়া
যেন এক একটি দোয়া।
যেন শান্তি, স্নিগ্ধতা
আর আয়াত দিয়ে
তৈরি
পালক
ভাসিয়ে উড়ছে একটা পাখি
নীল রৌদ্রে।

এই কবির নাম নূরুল হক। ২৩ জুলাই ২০২১ তারিখে করোনায় মারা গেলেন তিনি। মৃত্যুর পর কী ঘটে তাও লিখে গেছেন তার কবিতায়—

মৃত্যু হয় জীবের সমাধি-স্তম্ভের ওপর
সমাধির ভেতর কোনো মৃত্যু হয় না।
যারা সমাধি দেখতে আসে
তাদের মৃত্যু হয়।
যারা শুয়ে থাকে নীচে
স্তম্ভের ভেতরে,
তাদের মৃত্যু হয় না।
তারা মাটির ভেতরে জেগে জেগে থাকে
জীবিত যারা তাদের মৃত্যু দেখে দেখে
সময় কাটানোর জন্য।

(সীমানাচিহ্ন/সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়)
.
কবির সঙ্গে আমার পরিচয় হয় ২০১০ সালে ইডেন কলেজের বাংলা বিভাগে। একসময় তিনি সেখানে বিভাগীয় প্রধান হিশেবে কর্মরত ছিলেন। শিক্ষক দিবসের একটা অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে। অনুষ্ঠানের আয়োজক বাংলা বিভাগের ছাত্রীরা।

তরুণ শিক্ষক হিশেবে সেদিন আমিই ছিলাম প্রথম বক্তা। আমার গালভরা কথা শুনে তিনি যেন খানিকটা প্রতারিত হলেন। বক্তৃতা করতে গিয়ে তাই অযথা প্রশংসা করলেন এই অধমের। এবং এও জানালেন, আমার লেখালেখির সঙ্গে তিনি পরিচিত। এসব শুনে কিছুটা লজ্জিত ভাব নিলেও বেশ শ্লাঘা অনুভব করলাম ছাত্রীদের সামনে ।

এরপর তিনি প্রায়ই আসতেন বাংলা বিভাগে। সকাল ১১টার দিকে। সম্ভবত দুটো কারণে। প্রথমত তার মেয়ের কাছে কোনো কাজে, যিনি ইডেনেরই ইংরেজি বিভাগের শিক্ষক, আমাদের বিসিএস-ব্যাচমেট। দ্বিতীয়ত আমার সঙ্গে আড্ডা দিতে—এমনটাই মনে হতো।

কিন্তু আমি তার আড্ডা একদমই এনজয় করতাম না। খুউব বোরিং লাগত। তিনি কথা বলতেন তার কবিতার মতোই নম্রস্বরে। উচ্চস্বরে কেউ হেসে উঠতে না পারলে, তার সঙ্গে ইনফ্যাক্ট কথা বলতেই মন চায় না। যে লোক বক্রোক্তি বা কটূক্তির কারিগর নয়, সে কেমন করে আসর মাতাবে? তবে কবি নূরুল হকের স্বভাবে এক মায়াবী অন্তরঙ্গতা ছিল, যা সহজে এড়ানো যেত না। কিন্তু আমি চাইতাম উনার মেয়ের সঙ্গে আলাপ জমাতে। সে বলত না কিছুই। খালি হাসত আর খোঁচাত আমাকে, 'এই তো আশল কবি'। কাজেই, আমিও তাকে ডাকতাম, 'ওহে নকল কবি'।

তার নাম চরু হক। মজার ব্যাপার, সেও কবিতা লেখে। বাপ-বেটি দুজনেই কবি। একটা বিরল ইতিহাস। লেখালেখিতে দুজনের ম্যানারিজম প্রায় এক। জীবন-যাপনেও সম্ভবত। আমরা কদাচিৎ একসঙ্গে আড্ডা দিতে পেরেছি। নীরসবিদারী শিক্ষকসমাজে কাব্যালাপ অসহনীয় ব্যাপার। এমনও শুনেছি, আমাদের আলাপে মশগুল দেখে কোনো ম্যাডাম জনান্তিকে মন্তব্য করেছেন : তিন পাগলের হৈল মেলা নদেয় এসে।

এ কারণেই হয়তো চরু হক আমার সঙ্গে দেখা হলেই 'যাই যাই' করত। আমিও দুষ্টামি করে বলতাম : যেতে আমি দিব না তোমায়। সকরুণ হেসে বলত সে, আমার যে ক্লাস আছে। পরে আড্ডা দেব।

কাব্যাক্রান্ত এই বাপ-বেটির সঙ্গে আমার যোগাযোগ ছিন্ন হয়ে যায় ২০১৩ সালে। প্রমোশন পেয়ে আমি চলে যাই পটুয়াখালি মহিলা কলেজ। চরু হক ধামরাই সরকারি কলেজ। তবে নূরুল হক স্যারের সঙ্গে এর মধ্যে দুএকবার দেখা হয়েছে আজিজ সুপার মার্কেটে। সাম্প্রতিক কবিতার ভাবভঙ্গি নিয়ে আয়োজিত তারুণ্যের মজমায়। প্রায় অন্ধকার সিঁড়ির কোনায়।

এরপর আর দেখা হয় নাই। কিংবা দেখা হলেও কিছু মনে নাই। শুধু মনে পড়ে, ২০১৭ সালের দিকে তিনি একটা পত্রিকা পাঠিয়েছিলেন আমার জন্য। কারো মারফত।

তখন আমি থাকি ঢাকা কলেজের শিক্ষক কোয়ার্টারে। দেখলাম বেশ ঢাউস একটা সংখ্যা। পুলক হাসান সম্পাদিত 'খেয়া'। তাতে কবি নূরুল হকের উপর একটা ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। অবাক হলাম, মুগ্ধ হলাম কবির ব্যক্তিত্ব আঁচ করে। তিনি কখনো আমাকে তার উপর লিখতে অনুরোধ করেন নাই। অন্য কেউ হলে এতদিনে কান ঝালাপালা করে ফেলত।

কেন যেন মনে হয় তিনি এখনও আশেপাশেই আছেন। হয়তো আজই সন্ধ্যায় দেখা হয়ে যাবে কাঁটাবনে। বেসমেন্টে বসে চা খেতে খেতে কবিতা শুনতে চাইলে প্রায় নিঃশব্দে আওড়ে যাবেন—

যেতে যেতে দেখলাম
পথের ধারে পড়ে আছে
একটি শালিকের ছানা।
মৃত।

শরীর তার এত লণ্ডভণ্ড
এবং এত সর্বস্বান্ত
এবং এত পোকা-মাকড়ের আক্রমণে ভরা
যে,
জীবনের সাজসজ্জা বলতে
ছিটেফোঁটাও
আর নেই।
.
কে জানবে আর কে-ই বা বুঝবে
কোন ক্ষতি হয়ে গেল
এ জগতে,
কোনখানে,
কার?

(সর্বনাশের অভিসার/একটি গাছের পদপ্রান্তে)


২
এবারে আশল কথাটি পাড়ি। নূরুল হকের কাব্যজীবন হঠাৎ শুরু হয় নি। তিনি কবিতা লিখতেন স্কুলবয়স থেকেই। ক্লাস এইটে পড়ার সময় তার লেখা প্রথম প্রকাশিত হয় নেত্রকোনার 'নেত্র' সাহিত্যসংকলনে। প্রশ্ন জাগা স্বাভাবিক, এতদিন কোথায় ছিলেন? কেন বই করেন নি? এরও উত্তর তিনি দিয়েছেন খুব সোজাসাপ্টা। বাংলা সাহিত্যে নতুন কিছু সংযোজন করার মতো মনে হয় নি তার সেসব লেখাকে।

এটা কিন্তু আমার মতো ক্রিটিক্যাল পাঠকের জন্য বিরাট চ্যালেঞ্জ। অর্থাৎ তিনি দাবি করছেন, এতদিনে তার কবিতা বাংলা ভাষায় নতুন কিছু নিয়ে এসেছে। তবে তো বিচার করে দেখতেই হয়, নূরুল হক কী নতুন জিনিস আনলেন আমাদের কবিতা-ভুবনে।

'আমার এ গান ছেড়েছে তার সকল অলংকার'—এই কথাটা আপাতদৃষ্টে সবচেয়ে জুতসই নূরুল হকের কবিতা সম্পর্কে। শব্দের আড়ম্বর, ছন্দের ঝঙ্কার তার কবিতায় একেবারেই নেই। এই না-থাকাটা একটা প্রধান পরিচয় শুধু নয়, একটা গুণ তার জন্য। আবার দোষও বটে। কিভাবে তা দোষে পর্যবসিত হয়, সেটা আমরা অল্প কথায় ব্যাখ্যা করার চেষ্টা করব।

এই নগ্ন-নির্জন বাহ্যরূপ সত্ত্বেও তার কবিতা কিন্তু নির্ভার নয়। সেটাও আমাদের বুঝতে হবে। রীতিমতো ইমেজ ও মেটাফর দিয়ে ঠাসা। সেই জন্য গভীর অর্থে, তার কবিতাকে নিরলংকার বলা যাবে না। তিনি মূলত অক্ষর-নির্ভর ভাষাকে অতিক্রম করে ধরতে চেয়েছেন চিত্র ও চিন্তা-নির্ভর ভাষাকে। অর্থাৎ, তার ভাষা কলমে রচিত নয়, ক্যামেরা-চালিত। এই ক্যামেরা তিনি শুধু নিজেই চালান না, পাঠককেও চালাতে বাধ্য করেন। একটা উদাহরণ দেয়া যাক।

জীবন এক অপূর্ব দৃশ্য,
যা দেখে মানুষ
বাড়ি ফেরার কথা
ভুলে যায়।

(পাদটীকা/একটি গাছের পদপ্রান্তে)

এখানে উন্মোচিত হচ্ছে দুটি দৃশ্য। এবং তা উন্মোচন করতে হচ্ছে পাঠককেই। কবিতার শুরুতে জীবন সম্পর্কে তার যে ধারণা, তাতে অপূর্বতার যে প্রত্যাশা, তা সে এক মুহূর্তে একটি ফ্ল্যাশে ধরতে চাইবে। দ্বিতীয় ফ্ল্যাশে বাড়ি ফেরার পূর্ব-অভিজ্ঞতা তথা স্মৃতিকে জাগিয়ে তুলবে। এই দুয়ের বিপরীতমুখী টানে সে চলতে শুরু করবে দিকশূন্য গন্তব্যের দিকে। সেই নাট্যিক দ্বন্দ্বমুহূর্তেই কবিতার জয়, আর্টের আনন্দ।

তাই তার কবিতায় দুর্গমতা নেই, আছে সুদূরতা। কল্পনাপ্রয়াস নেই, আছে কল্পনাপ্রসার। সরাসরি তা আমাদের দিকশূন্য দিগন্তের দিকে ঠেলে দেয়। সেখানে পৌঁছুলে যেন খুলে যেতে থাকে ইন্দ্রিয়ের বন্ধ কোনো দরোজা। কেবল তখনই বুঝতে পারি, তার কবিতা সেই দরোজা খোলার পাসওয়ার্ড।

এমন কবিতা বাংলা ভাষায় একেবারে নতুন, তা বলা যাবে না। তবে এটা প্রবল বা প্রধান ধারা নয়। আশির দশকের পর আমাদের কবিতার প্রধান ধারা বাক-চাতুরি-নির্ভর। পাঠকের জন্য পাজলগেম। পাঠকও সরল নয় যেহেতু।

সরলতা অপ্রাসঙ্গিক এখানে। বরং উপলব্ধির সততা এবং তা প্রকাশের অন্তরঙ্গতাই মূল ব্যাপার নূরুল হকের জন্য। দীর্ঘ জীবনের অনুধ্যানে এটি যে তাকে অর্জন করতে হয়েছে এমন ভাবলে ভুল হবে। সে ভুল নূরুল হক নিজেও করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন : 'আগের মোহনীয় শব্দসম্ভার বাদ দিয়েই যেসব শব্দ দিয়ে জীবন চালাই, খাইদাই, পথ হাঁটি, সেসবের আশ্রয়েই কবিতা লেখা শুরু করলাম।'

বস্তুত মোহনীয় শব্দসম্ভার দিয়ে তিনি কখনোই কবিতা লিখেন নি। এটি তার ধাতে নেই। বরং তার বলা উচিত ছিল, এভাবে কবিতা লেখায় আগে যে দ্বিধা ছিল তা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে লিখতে শুরু করলেন। কারণ খুব অল্প বয়সে, অষ্টম শ্রেণিতে পড়ার সময়ে 'সওগাত' পত্রিকায় যে কবিতা ছেপেছিলেন সেখানেও শব্দসারল্য লক্ষণীয় :

হৃদয়ের কথাগুলি মুখে বলব না
হাত থেকে হাতে তুলে দেব
বুক থেকে বুকে।

কিন্তু এই সারল্য কবিতার রক্ষাকবচ নয় কখনোই। যখন আইডিয়া মার খায়, লক্ষ্য যত নির্ভুল হোক, ভাব যত মহানই হোক, কবিতা আর হয়ে ওঠে না। যেমন :
গ্রামে, মাটির রাস্তায় হাঁটছি
এখানকার সব কিছুই নির্মল
মাটির মতোই সরেস,
হৃদয়ের মতো গভীর
আর জন্মের মতো সুন্দর।
এটিই আমার গ্রাম।

(গ্রামে, মাটির রাস্তায়)

কিংবা

শত পরতের শত এলোমেলো
ভাঁজ
খুলতে গিয়ে দেখি,
এ কী কাণ্ড! এ তো আমারই
জীবন!
আশ্চর্য!

(ভাঁজ-পর্ব)

আশ্চর্য হবার কিছু নেই। সারল্যের কারণেই বরং এসব অত্যন্ত ক্লিশে এবং করুণ। একই ভাববস্তু হয়তো উতরে যেতে পারত ভিন্নতর বুননকৌশলে।

৩
কবি নূরুল হক একজন মুক্তিযোদ্ধা। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বা সেই চেতনার সওদা ফেরি-করা লোক নন। আমার অপার কৌতূহল ছিল, তার মতো মৃদুভাষী কবি কিভাবে রাজনৈতিক বিষয়ে সাড়া দেন কবিতার মধ্যে। রাজনৈতিকতা বলতে আমি বোঝাতে চাইছি রাষ্ট্রচৈতন্যের সঙ্গে ব্যক্তিচৈতন্যের সম্পর্ক নির্ণয় ।

একটি কবিতার উদাহরণ দেয়া যাক।

বাংলাদেশ

ফজরের নামাজটা পড়ব বলে
জলের কাছে গেলাম,
বললাম,
'জল, তুমি অজু করাও
আমি নামজ পড়ব।'

পরে বললাম,
'আমাকে গোসল করাও
কারণ আমাকে দাফন করতে হবে
আমি শেষ হয়ে গেছি
নামাজের আর সময় কোথায়?'

কবিতার একই কলকব্জা এখানেও কার্যকর। কোনো আর্তনাদ নেই, হুংকারও নেই। ছোট্ট একটা টুইস্ট। নামাজ পড়তে এসে নামাজের উপলক্ষ্যে পরিণত হওয়া। জীবন থেকে জানাজার পথে যাত্রা। বাংলাদেশ কি তবে ফজরের ওয়াক্তেই শেষ হয়ে গেল? নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের খবরগুলি অবশ্য ফজরের সময়ই শুনতে পাওয়া যায়।

এই লেখাটি যখন লিখছি, তখন কবি নূরুল হকের জানাজা পুরোপুরিই সম্পন্ন হয়েছে। আফসোস, এই বাক্যরাশি আর কোনোদিনই পৌঁছুবে না তার কাছে। কোনোদিনই আর জানতে পারব না তার প্রতিক্রিয়া। তাই মনে হচ্ছে, যেন কিছুতেই 'নামাজ আমার হইল না আদায়…'