২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবিস্মরণীয় কবি ও সম্পাদক আহসান হাবীব

নাসির আহমেদ

Published : 10 Jul 2021, 12:05 AM

Updated : 23 Jun 2022, 03:57 PM


কবি আহসান হাবীব (১৯১৭-১৯৮৫) ত্রিশোত্তর আধুনিক কাব্যধারার অন্যতম প্রধান কবি। সাতচল্লিশ পরবর্তী পূর্ববঙ্গে আধুনিক বাংলা কবিতার নতুন ধারাটি যে হাতেগোনা কয়েকজন কবির কলমে বিকশিত হয়েছিল,তাদের মধ্যে অগ্রগণ্য এবং প্রধানতমও। ত্রিশোত্তর আধুনিকতাকে তিনি গভীর উপলব্ধি আর সম্পূর্ণ নিজস্ব প্রকাশভঙ্গিতে নবায়ন করেছিলেন তাঁর কবিতায়, তার সমকালে যা তার সতীর্থদের মধ্যে মাত্র এক দুজনই পেরেছিলেন।

বিশ শতকের চল্লিশের দশকের প্রধান কবিদের মধ্যে প্রায় সবাই বিকশিত হয়েছেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অবিভক্ত বাংলায় কলকাতাকেন্দ্রিক সাহিত্য-আবহে। আহসান হাবীব, ফররুখ আহমেদ, আবুল হোসেন, গোলাম কুদ্দুস, সৈয়দ আলী আহসান, সিকান্দার আবু জাফর, তালিম হোসেন প্রমুখ কবির অভিন্ন পরিবেশে কাব্যসাধনা শুরু হলেও দেশভাগের পর সাহিত্যের দুটি পৃথক ধারা তৈরি হয়ে যায়। এর একটি পাকিস্তানি মুসলমানি চেতনাবাহী তাহাজিব- তমুদ্দুন অনুসারী ধারা, অন্যটি বিভাগ পূর্বকালের প্রবহমান অসাম্প্রদায়িক আধুনিক বাংলা কবিতার ধারা। পাকিস্তান সৃষ্টির পর এমনই উগ্র ধর্মান্ধতার বিস্তার ঘটে সমাজ, সাহিত্য ও সংস্কৃতিতে, যা কোনো কোনো প্রতিভাবান কবিকেও গ্রাস করে নেয়। তাই কবিত্ব গুণে চল্লিশের সবচেয়ে শক্তিশালী কবি হওয়া সত্তেও সাতচল্লিশ পূর্ববর্তী কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত শ্রেণী-সংগ্রামের কবি হিসেবে কলকাতায় প্রতিষ্ঠিত ফররুখ আহমদ সম্পূর্ণ বিপরীত পথে চলে যান ১৯৪৭ সালের পর। আধুনিকবাংলা কবিতার আবহমান ঐতিহ্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করে স্বেচ্ছায় একজন শক্তিশালী কবি কী করুণভাবে ধর্মের চোরাবালিতে হারিয়ে গেলেন!

পূর্ব বাংলার কবিতা যখন প্রবলভাবে পাকিস্তানি জজবায় ধর্মান্ধ পথে দ্রুত ধাবমান, তখন গভীর মমতায় বাংলা কবিতার আবহমান অসাম্প্রদায়িক আধুনিকতার ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে যে শক্তিশালী কবি সবচেয়ে সচেতন ছিলেন, তিনি আহসান হাবীব। আবুল হোসেনের ভূমিকাও প্রগতিশীল, কিন্তু কাব্যিক শক্তিমত্তায় আহসান হাবীবের সমকক্ষ বলা যাবে না।
আরেকটি কারণে আহসান হাবীব স্বতন্ত্র, তা হল তিরিশি আধুনিকদের হতাশাবাদী বিচ্ছিন্নতা আর কৃত্রিম নগর- যন্ত্রণার দর্শন থেকে নিজেকে মুক্ত রেখেছিলেন আধুনিকতার বোধ অক্ষুন্ন রেখেই। আধুনিক জীবনের হতাশার বাস্তবতা তিনি এড়িয়ে যাননি, কিন্তু আশাবাদ উজ্জীবিত রেখেছেন প্রবল ঝড়ের মধ্যেও আলোর শিখাটুকু বাঁচিয়ে রাখার মত করে। যে কারণে ১৯৪৭ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থের শিরোনাম রাত্রিশেষ। 'রেডরোডে রাত্রিশেষ' কবিতাটি পড়লেই বোঝা যাবে পরাধীন ভারতবর্ষের উপনিবেশের অন্ধকারে থেকেও তিনি কী দৃঢ় প্রত্যয়ে সোনালি ভোরের স্বপ্ন দেখেছিলেন! কবিতার শুরু এভাবে:
রাতের পাহাড় থেকে
খ'সে যাওয়া পাথরের মত
অন্ধকার ধসে ধসে পড়ছে।
দু'হাতে সরিয়ে তাকে নির্বিকার নিরুত্তাপ মন
এগোলো…।

কবিতাটির শেষাংশ উদ্ধৃত করা যাক:
নদীর জলে ঝলকে উঠবে মুক্তি,
বন্যা আসবে রেড রোডের প্রান্তে
কেননা
এদিকে আবার জাগবে নতুন সূর্য!
খানিক স্থির হয়ে সে থাকবে
তারপর সে চমকাবে
কাঁপবে
কেঁপে কেঁপে উঠে আসবে উপরে
ঝরাতে তার সোনা
ছড়াবে এই এখানে
এই রেড রোডের মরচে-ধরা ঘাসে।
সকালবেলার হাওয়ায় লাগবে জোর
পুরনো ধুলোরা এবার উড়বে।

শুধু এই একটি কবিতায় নয় রাত্রিশেষ জুড়ে প্রবল অন্ধকারের বিরুদ্ধে আলোর পথে অভিযাত্রার স্বপ্ন ঝলমল করছে। এ প্রসঙ্গেই স্মরণ করা যাবে গ্রন্থের প্রথম কবিতার 'দিনগুলি মোর' এবং 'এই মন এ মৃত্তিকা', আজকের কবিতাসহ আরো বেশকিছু উজ্জ্বল কবিতার কথা। কী অবলীলায় সেই আশার কথা উচ্চারণ করেন কবি আহসান হাবীব!
ঝরা পালকের ভস্মস্তুপে তবু বাঁধলাম নীড়
তবু বারবার সবুজ পাতার স্বপ্নেরা করে ভীড়।
তবু প্রত্যহ পীত অরণ্যে শেষ সূর্যের কণা
মনের গহনে আনে বারবার রঙের প্রবঞ্চনা!

প্রথম কাব্যগ্রন্থের প্রকাশক ছিলেন কলকাতার কমরেড পাবলিশার্স, সত্ত্বাধিকারী প্রখ্যাত কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ। শিল্পী জয়নুল আবেদিনের জীবনের প্রথম আঁকা প্রচ্ছদ আহসান হাবীবের রাত্রিশেষ। এ যেন এক ঐতিহাসিক ঘটনা। তিন তারকা'র মহামিলন।!যাই হোক, রাত্রিশেষ প্রকাশের সঙ্গে সঙ্গে আহসান হাবীব কবি হিসেবে পশ্চিমবঙ্গে যেমন, তেমনই বিভাগ পরবর্তী কালের পূর্ববাংলায়ও তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে। তার তরুণ বয়সেই 'মেঘনাপাড়ের ছেলে' পূর্ববাংলায় স্কুলপাঠ্য হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।
জীবনসংগ্রামী কবি আহসান হাবীব ব্রিটিশ ভারতের অনগ্রসর
পূর্ববঙ্গের পিরোজপুর মহকুমার শংকরপাশা গ্রাম থেকে ভাগ্যের অন্বেষণে সেই যে ১৯ বছর বয়সে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন, সে পথ কুসুমাস্তীর্ণ তো ছিলই না, বরং তা ছিল কণ্টকাকীর্ণ। সেই কঠিন পথ পাড়ি দিয়ে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া মুসলমান সমাজের একজন হয়েও তিনি কলকাতার সাহিত্যিক- সাংস্কৃতিক অঙ্গনের সুধীমহলে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন কেবল প্রতিভার গুণে। একটানা ছয় বছর তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরিচালনা করেছেন গল্পদাদুর আসর। ১৯৩৯ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত সওগাত পত্রিকায় তিনি সাংবাদিকতা শুরু করেন, প্রায় পাঁচ বছর এই কাগজে কাজ করেছেন। তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে। কাজ করেছেন তকবির পত্রিকায়ও। তবে অর্থকষ্টে পিছু ছাড়েনি কখনো। জীবনযুদ্ধ যাকে বলে তা তিনি ঢাকা-কলকাতার দুই অঙ্গনেই করেছেন। শিক্ষিত মধ্যবিত্তের যতটুকু আধুনিক জীবন, সে জীবন যাপন করতে গিয়ে ক্লান্ত- পরিশ্রান্ত কবি নিজের ভেতরে নিজে রক্তাক্ত হয়েছেন। কিন্তু আত্মসম্মানে অটল আহসান হাবীব জীবনে কখনো নিজেকে অসম্মানিত হতে দেননি। কারো কাছে মাথা নত করেননি। কোনো লোভ-মোহের প্রলোভন তাকে টলাতে পারেনি। নিরন্তর সাহিত্যচর্চা আর জীবনযুদ্ধ করেছেন নিষ্ঠা এবং সততার সঙ্গে। তাঁর যাপিত জীবনের কোথাও কোন ভান-ভনিতা ছিল না, তাঁর কবিতায়ও নেই কোনো রকম কৃত্রিমতা। বরং তার কবিতায় জীবনযুদ্ধের এইসব ছবি, মধ্যবিত্তের সংকট, সামাজিক মূল্যবোধের মধ্যবিত্তের সংকট, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ফুটে উঠেছে উজ্জ্বল ভাষায়। বিশ্বযুদ্ধ-পীড়িত বিশ্ব এবং দুর্ভিক্ষ-কবলিত বাংলার বিপর্যস্ত সমাজচিত্র দেখেছেন তিনি। তাঁর কবিতাকে বিপুলভাবে স্পর্শ করেছে এই বিচিত্র জীবনাভিজ্ঞতা।

সাতচল্লিশে দেশভাগ হলেও ঢাকায় ফিরেছেন তিনি ১৯৫০ সালে। কিন্তু পেশায় স্থিত হতে পারেননি সহজে। কারণ সাংবাদিকতা একালের মতো এতটা স্বাচ্ছন্দ্যের পেশা ছিল না। অনেকটা মিশনারিদের মত ত্যাগীশ্রম ছিল বললে বেশি বলা হবে না। কলকাতা থেকে থেকে ফেরার পর প্রথম ছয় বছর বেশ সংকটের ছিল। আজাদ, ইত্তেহাদসহ বিভিন্ন কাগজে কাজ করেছেন বটে, তবে কিছুটা স্বাচ্ছন্দ্য পেয়েছিলেন মার্কিন প্রকাশনা সংস্থা ফ্রাঙ্কলিন পাবলিকেশন্সের ঢাকা অফিসে প্রোডাকশন অ্যডভাইজার পদে যোগ দেওয়ার (১৯৫৭-৬৪)পর।

১৯৬৪-র নভেম্বরে যাত্রাশুরর লগ্নেই যোগ দেন প্রেস ট্রাস্টের পত্রিকা দৈনিক পাকিস্তানের সাহিত্য সম্পাদক পদে (স্বাধীনতা পরবর্তীকালের দৈনিক বাংলা)। আমৃত্যু তিনি এখানেই কাজ করেছেন। সাহিত্য সম্পাদক হিসেবে তিনি জীবদ্দশায়ই এক কিংবদন্তি হয়ে উঠেছিলেন।

কবি আহসান হাবীব এমনই জহুরী সম্পাদক ছিলেন, যার লেখা তার হাতে মনোনীত হয়েছে পরবর্তীকালে তিনি লেখক প্রতিষ্ঠা পেয়েছেন। এত সূক্ষ্ম সাহিত্যবোধ, লেখক চিনবার এমন ক্ষমতা ছিল তার, যা আজও আমার কাছে এক পরম বিস্ময়। সাহিত্য বিচারের যে মানদণ্ড তিনি ব্যবহার করছেন, তা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। টানা ৬ বছর দৈনিক বাংলায় তার সহকারী হিসেবে নিরন্তর কাজের সুবাদেই সেটা সম্ভব হয়েছিল। এ বিষয়ে লেখার শেষাংশে কিছু অভিজ্ঞতার উল্লেখ করব।

তার আগে কবির জীবন ও সাহিত্যের সাধনার প্রসঙ্গে একটু আলোকপাত করতে চাই। তাঁর উন্নত রুচির আভিজাত্য আর মার্জিত আচরণ ছিল মনে দাগ কাটার মতো। কবিতার মতো তার যাপিত জীবনও ছিল অত্যন্ত পরিশীলিত, সুরুচিপূর্ণ। অর্থের প্রাচুর্য ছিল না, কিন্তু মনের প্রাচুর্য ছিল। তরুণ ছিলেন মনেপ্রাণে এবং লেখায় তো বটেই। সেকারণে কবিতা লিখেছেন পুনরাবৃত্তিহীন।

প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ-এর ১৫ বছর পরে বেরিয়েছিল দ্বিতীয় কাব্যগ্রন্থ ছায়া হরিণ(১৯৬২)! সারা দুপুর -এর দশ বছর পরে বেরিয়েছিল আশায় বসতি(১৯৭৪) । আমার বিবেচনায় তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কাব্যগ্রন্থ দু'হাতে দুই আদিম পাথর(১৯৮০)এবং বিদীর্ণ দর্পণে মুখ(১৯৮৫)।

শিশুসাহিত্য, উপন্যাস, ছোটগল্প, অনুবাদসহ তার গ্রন্থসংখ্যা ২৫ হলেও কাব্যগ্রন্থ মাত্র ৮টি। কিন্তু এই আটটি কাব্যগ্রন্থেই তিনি তার বিশাল কবিপ্রতিভার সার্বভৌমত্ব চিহ্নিত করে গেছেন। কবি হিসেবে তিনি কতটা স্বরাট আর সার্বভৌম, তা তার দুহাতে দুই আদিম পাথর অথবা শেষ কাব্যগ্রন্থ বিদীর্ণ দর্পণে মুখ সচেতনভাবে পাঠ করলে যে কেউ উপলব্ধি করবেন! মধ্যবিত্তের জীবন-যন্ত্রণা অসামান্য নৈপুণ্যে তিনি চিত্রিত করেছেন "থাকো মধ্যম সারিতে","একদিন বিকেলে এসো " ইত্যাদ শিরোনামের কবিতায়। "যাবার আগে" "পারঙ্গম একজন","ফিরে আসবে বলে গিয়েছিলে"ইত্যাদি কবিতায় ঐতিহ্য তথা শিকড় বিচ্ছিন্নতাবাদী কৃত্রিম নাগরিকতা আঁকড়ে থাকার এর স্বরূপ উন্মোচন করেছেন গভীর প্রতীকে আর উপায়ে।

তার কবিতায় চিত্রকল্পের ঐশ্বর্য তরুণ কবিকেও চমকিত করবে। তার মৃত্যুর পর দৈনিক বাংলার সম্পাদক কবি শামসুর রাহমান তার স্মৃতিচারণমূলক লেখার শিরোনাম করেছিলেন "যিনি ছিলেন তরুণের প্রতিযোগী"। তারুণ্যে উজ্জ্বল ছিল তাঁর কবিতা আর মানসলোক। সামরিক শাসনকবলিত দেশের মূল্যবোধের চরম অবক্ষয় আর সামাজিক নৈরাজ্যের বিশ্ব- বাস্তবতার যে ছবি তিনি এঁকেছেন, তার কয়েকটি লাইন পড়লে বোঝা যাবে কতটা তরুণ ছিল তাঁর কবিতা:
এখন অসুখী কোন বালকের কাছে নীল প্রজাপতি নেই
ফুলমতির ময়াজালে মাছ নেই, চুপচাপ বসে থেকে এই
পৃথিবীর ছায়া দেখে, ছায়ার ভেতরে দেখে মুণ্ডুহীন পাখির উড়াল
বৃক্ষের শাখায় দেখে কেবলই ফুরিয়ে যায় পাখিদের কাল।
পাখিহীন সব শাখা কী গভীর দুঃখে লীন নত হয়ে আছে!
নদী কী নিশ্চল দেখো, সব নদী স্তব্ধতার কাছে
কী রকম নতজানু…

কী ভয়ঙ্কর চিত্রকল্প! অক্ষরবৃত্তে অন্ত্যমিল, অথচ গদ্যের মত সাবলীল।
তার "প্রেমের কবিতা"র তারুণ্য বিস্ময়কর। উৎসর্গ পড়লেই যে কেউ চমকে উঠবেন। একটি ছোট্ট প্রেমপত্রে সেই উৎসর্গ। রিচিরোড কলকাতার কোন এক সুলেখা বন্দ্যোপাধ্যায়কে লেখা। এক চিঠিতে অনেককে উৎসর্গ! কী ব্যঞ্জনাময় সেই উৎসর্গের ভাষা! ওই কাব্যগ্রন্থের দোতলার ল্যান্ডিংয়ে মুখোমুখি ফ্ল্যাটের এক তরুণ আর তরুণীর সংলাপ বাংলা ভাষার এক অবিস্মরনীয় প্রেমের কবিতা।

তার উপন্যাস জাফরানি রং পায়রা,রানীখালের সাঁকো কিংবা আরণ্য নীলিমা পড়লে মুগ্ধ হতে হয়। শিশু-কিশোর পাঠ্য ছড়াকবিতার বই ছুটির দিন দুপুরে, বিষ্টি পড়ে টাপুর টুপুর, রেলগাড়ি ঝমাঝম পড়লে মনে হবে তিনি শুধু শিশুসাহিত্যিক। অথচ দুঃখের বিষয়; আহসান হাবীব জীবদ্দশায় যথাযোগ্য মূল্যায়ন পাননি। তাঁর কবিতা নিয়ে সমকালের কবিরাও প্রায় নীরবতাই পালন করেছেন। জীবন সায়াহ্নে কয়েকজন তরুণ কবি আহসান হাবীবের যথাযথ মূল্যায়ন এগিয়ে এসেছিলেন। তাদের অন্যতম কবি আবিদ আনোয়ার, তুষার দাশ, লুৎফর রহমান রিটন প্রমুখ। সমসময়ের কাব্য-রাজনীতির শিকার হয়েছিলেন তিনি।

এত বড় জীবনবাদী মৃত্তিকা সংলগ্ন কবি হয়েও শেষ জীবনে তাকে কী গভীর দুঃখে কসম খেয়ে লিখতে হয়েছিল: "আমি কোন আগন্তুক নই"সেই বিখ্যাত কবিতা! নেপথ্যের কথা অনেকেই জানেন না। সময় ফুরিয়ে যায়নি বলে প্রতিবাদ জানিয়ে কেন লিখলেন,… তোমরাই কাফন সদৃশ্য এক সাদাজামা দিয়েছ পরিয়ে…।

জীবনযন্ত্রণা কী গভীরভাবে মূর্ত হয়ে যায় মাত্র কয়েকটি পঙক্তিতে:" .. কেউ জানে না সুসজ্জিত এই আমি, সাজানো গুছানো আমি /কী কষ্টে বেড়াই বয়ে বুকের কোথাও জ্বলন্ত পেরেক একটি…/…হায় পৃথিবীতে কে কেমন আছে কেউ তা জানে না।"

কবিতায় যেমন আহসান হাবীব ছিলেন উচ্চ রুচির, সম্পাদক হিসেবে তিনি ছিলেন রুচিশীল এবং দূরদর্শী। লেখক চিনতে তিনি ভুল করতেন না। ঢাকার বাইরের লেখকদের প্রতি তাঁর ছিল আলাদা মমত্ববোধ। মহিলাদের মধ্যে যারা সাহিত্য চর্চা করতেন তখন, তাদের প্রতিও ছিল সংবেদনশীলতা। যে কারণে তিনটি ফাইল তিনি রাখতেন তার টেবিলে। একটি লাল কালির ম, একটি কালো কালির ম, এবং আরেকটি সবুজ কালির ম-চিহ্নিত। সবুজ মানে মনোনীত লেখা। লাল মানে ঢাকার বাইরের লেখা। কালো মানে নারী লেখকদের লেখা। যে লেখাগুলি মুদ্রণের জন্য চূড়ান্ত বাছাই হয়ে যেত সেগুলো সবুজ মার্কারে লেখা ম। বাকি দুটি থেকে প্রতি সপ্তাহে লেখা দেখতেন অন্তত একটি দুটি ঢাকার বাইরের লেখা বা নারীদের লেখা ছাপা যায় কিনা। এর কারণ হিসেবে তিনি বলতেন ঢাকার লেখকরা তো সবসময় টেবিলে আসতে পারে। তাগিদ দিতে পারে। সংগত কারণেই তাদের ছাপা বেশি হয়। যারা দূরে, আসতে পারে না, তাদের লেখা যাতে বাদ পড়ে না যায়, সে জন্যই আলাদা রাখার এই ব্যবস্থা। যাতে প্রতি সপ্তাহে দেখা যায়।

প্রতিষ্ঠিত কারো কারো লেখা তিনি ফেলে রাখতেন। আমি উপস্থাপন করলে বলতেন, রাখো। এত ঘনঘন ছেপে কী হবে! ওতো গত ১০বছরে একই রকম কবিতা লিখছে, কোন ভেরিয়েশন নেই। তার চেয়ে একজন সম্ভাবনাময় তরুণের লেখা বেশি ছাপলে তার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে, সে নতুন কিছু সাহিত্যে দিতে পারবে। যে কারণে বাংলাদেশের অনেক সম্ভাবনার কবিকে তিনি তুলে এনেছেন। ঢাকার বাইরে থাকা ঝর্না রহমান, নাসরীন জাহানরা অপরিচিত হওয়া সত্ত্বেও আহসান হাবীবের মনোনয়ন পেয়েছিলেন গুরুত্বের সঙ্গে। তারা আজ বাংলা সাহিত্যে আপন প্রতিভায় দেদীপ্যমান। আবিদ আনোয়ার-এর মতো তরুণ কবিকে দিয়ে সাহিত্যবিষয়ক কলাম লিখিয়েছেন আবু হেনা মোস্তফা কামালের কলামের পাশাপাশি। দৈনিক বাংলায় চাকরি হওয়ার আগে প্রায় এক মাস দুমাস পর পর আমার কবিতা ছাপা হয়েছে। যেদিন নিয়োগপত্র আমার হাতে তুলে দিলেন, বললেন, তোমার জন্য সুসংবাদ এই যে এখন থেকে তুমি আমার সঙ্গে কাজ করবে অফিশিয়ালি। আর দুঃসংবাদ এই এখন থেকে সাহিত্যের পাতায় তোমার আর কোন কবিতা ছাপা হবে না। বিশেষ সংখ্যায় দিয়ে দেখতে পারো যেহেতু ওটা সালেহ চৌধুরী দেখেন, ওখানে হয়তো লিখতে পারো। নিজের সম্পাদিত পাতায় তিনিও কোনদিন লেখেননি, নিজের কোন বইয়ের রিভিউ ছাপেননি। তার ভাই মোস্তফা জামাল কবিতা লিখতেন। সংকোচে তাকে দিতেন না, আমার হাতে দিয়ে যেতেন। হয়তো দু একটি ছাপা হয়ে থাকতে পারে কিন্তু মনে পড়বার মতো নয়। মঈনুল আহসান সাবের খুব ভালো গল্প লিখতেন, ইউনিভার্সিটিতে পড়েন। আমার সঙ্গে তার লেখার প্রশংসা করতেন। পুত্র বলে নিজের পাতায় ছাপতেন না। কলকাতা জীবনে কবি আহসান হাবীবের অনেক উপকার করেছেন এমন পিতৃতুল্য এক লেখকের নজরুলবিষয়ক একটি প্রবন্ধ হাবীব ভাই বারবার পড়েছেন, মানসিক যন্ত্রনায় ভুগেছেন, কিন্তু শেষ পর্যন্ত ছাপার যোগ্য নয় বলে সাহিত্য পাতায় ছাপেননি। নৈতিকতায় অটল– এমনই সাহিত্যিক ও সম্পাদক ছিলেন তিনি। পত্রিকায় কেউ কারো লেখা পড়ে না, শুধু দেখে। আহসান হাবীব বিষয়টি উপলব্ধি করে তরুণ কবি জাহিদ হায়দারকে দিয়ে লেখালেন "আপনার লেখা দেখলাম" শিরোনামের বিশেষ নিবন্ধ। এরকম অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে সম্পাদক আহসান হাবীবকে ঘিরে! এই প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করি তাঁর সান্নিধ্যে মহামূল্যবান স্মৃতি।