২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল মধুসূদন দত্ত: বাংলার উচ্চাকাঙ্ক্ষী কবি

ধ্রুব সাদিক ধ্রুব সাদিক

Published : 30 Jun 2021, 02:12 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?

— বঙ্গভূমির প্রতি

তাঁর কবরে যাওয়ার পথটির ধারে বড় ফলকের গায়ে লেখা 'মধু-বিশ্রাম পথ', 'বাংলার গৌরব কবি মাইকেল মধুসূদন দত্তের সমাধিস্থলে যাবার রাস্তা'। সবুজে ছাওয়া মধ্য কলকাতার লোয়ার সার্কুলার রোডের সেমেটরির লোহার রেলিং-ঘেরা এক টুকরো জমিতে চিরনিদ্রায় তিনি শায়িত। তিনি দত্ত কুলোদ্ভব, টিমোথি পেনপোয়েম, মি. হোল্ট, মধুকবি, মহাকবি মাইকেল শ্রীমধুসূদন দত্ত। তাঁর আবক্ষ মর্মরমূর্তিটির নীচে লেখা বিখ্যাত সেই এপিটাফ: "দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব/ বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধি স্থলে…"

মাত্র ৪৯ বছর বয়সে অলোকলোকে চলে যাওয়া মাইকেলের প্রয়াণের ১৪৮ বছর হলেও, বাংলা সাহিত্যের পাঠকদের ক্ষণকালের জন্য নয়, মহাকাল সময়ের জন্য যেন তিষ্ঠ করে রেখেছেন বাংলার অমর উচ্চাকাঙ্ক্ষী কবি মাইকেল শ্রীমধুসূদন দত্ত। আমাদের কাছে আজও তিনি সমানভাবে উপস্থিত এবং আলোচিত।

বিশ্বসাহিত্যের আলোচিত এবং অপঠিত গোটাকতক কবি-সাহিত্যিকদের মধ্যে নামের পূর্বে নানান ছদ্মনাম এবং বিশেষণ যুক্ত থাকা মধুসূদন দত্ত অন্যতম– এই কথাটি উল্লেখ করলে, বোধকরি, অসমীচীন হয় না বিশেষ। দায়ী না-হয়েও তার জন্য দায়ী অবশ্য মাইকেল নিজেই। কেননা, বাংলা সাহিত্যে তিনি এমন একটি ভাষার সৃষ্টি করেছেন, যে ভাষার রস আস্বাদন করার জন্য পাঠককে শুধু ধীমান যে হতে হবে তাই নয়, সাহিত্যের অতলতলে সিঞ্চন করার মত শক্তিও থাকতে হবে। মেঘনাদবধ কাব্য রচনা করে সাহিত্যে সাফল্যের চূঁড়ায় আরোহন করার পর মাইকেলের নিজের চাক্ষুষ হওয়া একটি ঘটনা থেকে ব্যাপারটি কিছুটা আঁচও করা যায়: এক রেস্তোরাঁয় খাওয়ার পর মাইকেল খেয়াল করছিলেন, রেস্তোরাঁটির ম্যানেজার মেঘনাদবধ কাব্য মনোযোগ দিয়ে পড়ছেন। ম্যানেজারকে জিজ্ঞেস করলে ম্যানেজার তাকে উত্তর দিয়েছিলেন, 'বাবু! আপনি এত কঠিন জিনিস বুঝবেন না। এটা মধুসূদন বাবুর লেখা!'

ইতিহাস কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়। মানুষকে তাড়িতও করে। কালের বিবর্তনে সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার জন্য আশীর্বাদ কিংবা অভিশাপ হয়ে আসে। প্রবল আত্মবিশ্বাসী মধুসূদন একদিন বলেছিলেন, 'দেখবেন আমি যে ভাষা সৃষ্টি করবো তাইই চিরস্থায়ী হবে'। মাইকেলের এই কথাটি শুনে সেই আড্ডার উপস্থিত সকলে হতচকিত না-হয়ে বিদ্রুপাত্মক মনোভঙ্গি প্রদর্শন করেছিলেন মূলত তৎকালীন বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ না-থাকার কারণে। কিন্তু ইতিহাস যেন অপেক্ষায় ছিলো মাইকেলের সত্যভাষণকে নত হয়ে স্বীকার করার ব্রতে। ফলত বাংলা ভাষাভাষী পাঠকমাত্রই জ্ঞাত, পরবর্তী সময়ে বাংলা সাহিত্যে মনোনিবেশকারী মাইকেলের দ্বারাই রচিত হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, প্রহসন, ট্র‍্যাজেডি, পত্রকাব্য। বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনও ঘটে তাঁর দ্বারাই। শব্দের সাথে শব্দের আগুন-মিছিলে তিনি লিখেছেন, 'এইরূপে বিলাপিলা আক্ষেপে রাক্ষস–/কুলপতি রাবণ; হায় রে মরি, যথা/ হস্তিনায় অন্ধরাজ, সঞ্জয়ের মুখে/ শুনি, ভীমবাহু ভীমসেনের প্রহারে/হত যত প্রিয়পুত্র কুরুক্ষেত্র-রণে!'

সাগরদাঁড়ির কপোতাক্ষ নদে দৌড়ঝাঁপ করে শৈশব কাটানো উচ্চাকাঙ্খী মাইকেলের প্রতিভা প্রতিভাত হয়েছিল অতি অল্প বয়েসেই। সাগরদাড়ির নিকটবর্তী শেখপুরা মসজিদের বিদ্বান ইমাম মুফতি লুৎফুল হকের কাছে মাইকেল অধ্যয়ন করেছেন বাংলা, ফারসি এবং আরবি। পাশাপাশি, জাহ্নবী দেবীও ছিলেন নাছোড়, তিনি তাঁর প্রতিভাবান শিশুটিকে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সাথে অতি অল্প বয়েসেই পরিচয় করাবেন।

এমনিতেই ছিলেন প্রমত্ত, অস্থির এবং প্রতিভাবান; সাথে প্রত্যক্ষ করেছিলেন তাঁর শিক্ষক নিজে কবিতা লেখেন, কবিতার বই সম্পাদনা করেন। ফলত তাঁর মনেও কবিতা লেখার, ছাপানোর এবং কবি হওয়ার ইচ্ছেটি প্রবলভাবে কাজ করা শুরু করেছিল। শুরুর দিকে লেখা ইংরেজি কবিতাগুলো কলকাতার লিটারারি গ্লিনার, লিটারারি গেজেট, কমেট, বেঙ্গল হেরাল্ড, ওরিয়েন্টাল ম্যাগাজ়িন প্রভৃতিতে প্রকাশিত হওয়ার পর মাইকেল তাঁর কবিতা এমনকি লন্ডনের তৎকালীন বিখ্যাত বেন্টলিজ় মিসেলেনিতেও পাঠিয়েছিলেন। একদিকে অতি অল্প বয়েসের জ্ঞানগম্যি, অন্যদিকে উনিশ শতকে বঙ্গদেশে ইংরেজি শিক্ষার উত্তেজনা– এইসব কিছু একত্রে তাঁর মধ্যে দারুণ প্রভাব বিস্তার করেছিল বলেই মূলত মাইকেলের মাঝে মাতৃভাষায় সাহিত্য রচনার প্রতি প্রথমদিকে অনীহা কাজ করেছিল। এছাড়া, রাজা রামমোহন রায়ের লেখাজোকা, ব্রিটেনে যাওয়া, কলকাতায় চালু হওয়া হিন্দু কলেজ, শ্রীরামপুর থেকে প্রকাশিত প্রথম বাংলা খবরের কাগজ, হেনরি লুই ভিভিয়ান ডিরোজ়িয়োর কলকাতার বাঙালি সমাজকে নাড়িয়ে দেয়া, সতীদাহ প্রথার নিষিদ্ধ হওয়া, নামডাকওয়ালা বাঙালিদের মধ্যে কারোর কারোর খ্রিস্টধর্ম গ্রহণ করা প্রভৃতি ব্যাপার নিয়ে যে দুরন্ত ঘূর্ণিযুগের সূচনা করেছিলো, সেসব যেন ভীষণভাবে আন্দোলিত করেছিল মাইকেলকে। ফলে, শুধু বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতিই শুধু অনীহা নয়, এমনকি ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের জুলুম এবং অত্যাচারও তাঁর অনুধাবনেই আসে নি।

মধুসূদনের মাইকেল যোগ করার নেপথ্যে তাঁর বড় কবি হওয়ার ইচ্ছেটিই প্রধান ছিলো। তবে, রাজনারায়ণ দত্তের জমিদারবাড়ির এক নাবালিকা মেয়ের সাথে মধুসূদনের বিয়ে ঠিক করা সাহিত্যের গভীর ধ্যানে নিমগ্ন হয়ে পড়া মাইকেলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। ফলে বিয়েটা আটকাতেই তিনি যে ঝোঁকের বশে খ্রিস্টধর্ম গ্রহণ করেন নি, এই অনুমানটি অসত্য না-ও হতে পারে। হিন্দু কলেজে মধুসূদন ডিরোজ়িয়োকে পাননি বটে, তবে পেয়েছিলেন সাহিত্যের অধ্যাপক ডেভিড লেস্টার রিচার্ডসনকে। রিচার্ডসনের ইংরেজি রোম্যান্টিক পোয়েট্রির ক্লাস মুগ্ধ করেছিল অস্থির তরুণ মধুসূদনকে। বায়রন যে ছিলেন তাঁর স্বপ্নের কবি, সেটা আমরা অনুধাবন করি বঙ্গভূমির প্রতি কবিতাটিতে বায়রনের লাইন 'My native Land, Good night!' উদ্ধৃত করা থেকে।

মাইকেল বুঝতে পেরেছিলেন, ইংরেজিতে তাঁর সময়ে মহান কবি হওয়ার জন্য তাঁর কলকাতায় অবস্থান করা উচিত নয়, তাকে যে কোনও মূল্যে সমুদ্র পার হয়ে ব্রিটেনে চলে যেতে হবে; চলে তিনি গিয়েছিলেন। তবে, এই চলে যাওয়াটাই মূলত বাংলা সাহিত্যের ভাণ্ডারে পরবর্তীকালে যুক্ত করেছে বহুমাত্রিক মাইকেলের বহুমূল্যবান সব সাহিত্য-সম্পদ। নিজভূম এবং মাতৃভাষার প্রতি মাইকেলের থরেবিথরে গভীর অনুরাগ তাঁর অনেক কবিতায় আমরা খেয়াল করি এবং কবির হৃদয়জাত অনুভূতিও অনুভব করা যায় তাঁর আশ্বিন মাস, কুসুম, কমলে কামিনী, আশা, উদ্যানে পুষ্করিণী, উৰ্ব্বশী, আত্মবিলাপ, মিত্রাক্ষর, কপোতাক্ষ নদ, অন্নপূর্ণার ঝাঁপি, বঙ্গভাষা প্রভৃতি কবিতায়।

বঙ্গভূমি ছিলো কবির কাছে যেন এক পদ্মফুল। পদ্মের মধ্যে যেমন মধু থাকে, বঙ্গভূমির মনের মধ্যে তেমনি মধু-কবিও বাস করার বাসনা প্রকাশ করেছিলেন। বঙ্গভূমির প্রতি কবিতাটিতে কবি 'রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।' বলার পর নিজের হৃদয়ের বিকেলগুলোতে পরজ বসন্তের ধুন বাজাতে না-পেরে অনুনাদ করে বলেছেন, 'সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন ক'রো না গো তব মনঃকোকনদে'। মনের সাধ পূরণ করতে গিয়ে কবি যদি কোনো ভুলত্রুটি করে থাকেন তবুও বঙ্গভূমি যেন তাঁর মন-পদ্মকে মধু-হীন না-করেন, বঙ্গভূমিকে মা সম্বোধন করে মায়ের চরণে মিনতি করে ফলত কবি বলেছিলেন, বঙ্গভূমি যেন তাঁর দাস-সম-পুত্র তথা কবিকে মনে রাখেন। প্রবাস তথা বিদেশে বসবাস করতে করতে কবির জীবন রূপ তারাটি যদি দেহরূপ আকাশ থেকে খসেও পড়ে, অর্থাৎ কবির যদি আকস্মিক মৃত্যুও হয়, তবুও কবির মনে কোনো খেদ বা দুঃখ থাকবে না। এমনকি শমনকে তিনি ভয়ও পান না, বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন। অমৃত হ্রদে পড়লে মক্ষিকা তথা মাছিও মরে না, তেমনিভাবে বঙ্গভূমির অমৃততুল্য মনের মধ্যে কবি যদি স্থান পান, তাহলে কবির মৃত্যু হলেও তিনি অমর হয়ে থাকবেন। 'সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন।'

৪৯ বছরের (১৮২৪-১৮৭৩) এক অশান্ত জীবন পার করেছেন দত্ত কুলোদ্ভব কবি শ্রীমধুসূদন! উনিশ শতকের প্রথমার্ধে বঙ্গের ঘটনাবহুল ছটফটে মেজাজটা তাঁর স্বভাবের সঙ্গে খাপ খেয়ে গেলেও, কবিতায়, শিল্পসাহিত্যে তাঁর ধ্যান ছিল অন্য পর্যায়ের। কবি এবং কবিতার বোঝাপড়ায় ফলত কবি শিরোনামের কবিতায় তাকেই মাইকেল কবি বলেছেন, আনন্দ, আক্ষেপ, ক্রোধ যার আজ্ঞা মানে; যার ইচ্ছা‐বলে অরণ্যে কুসুম ফোটে; যিনি নন্দন‐কানন হতে তুলে আনেন পারিজাত কুসুমের রম্য পরিমলে; মরুভূমে— তুষ্ট হয়ে যাহার ধেয়ানে বহে জলবতী নদী মৃদু কলকলে। বলেছেন তিনি, 'কে কবি— কবে কে মোরে? ঘটকালি করি,/ শবদে শবদে বিয়া দেয় যেই জন,/ সেই কি সে যম‐দমী? তার শিরোপরি/ শোভে কি অক্ষয় শোভা যশের রতন?/ সেই কবি মোর মতে, কল্পনা সুন্দরী/ যার মনঃ‐কমলেতে পাতেন আসন,/ অস্তগামি‐ভানু‐প্রভা‐সদৃশ বিতরি/ভাবের সংসারে তার সুবর্ণ‐কিরণ।'