কবি ও শহীদ ফেদেরিকো গারথিয়া লোরকা
১৯৫৬ সালে হিমেনেথ নোবেল পুরস্কার পাওয়ার পর অনেক সমালোচক বলেছিলেন, এই পুরস্কার আসলে শুধু হিমেনেথের একার নয়, এই পুরস্কার মিলিতভাবে হিমেনেথ, মাচাদো এবং লোরকার। কেননা, মাচাদো এবং লোরকা সেসময় বেঁচে থাকলে এবং তাঁরা পুরস্কারে ভূষিত হলে, নোবেল পুরস্কারই সম্মানিত হতো।
বিশ শতকের স্প্যানিশ ভাষার কবিতার মূখ্য-পুরুষদের নাম উল্লেখ করলে রুবেন দারিয়ো, আন্তনিও মাচাদো, মিগুয়েল দে উনামুনো, হুয়ান র্যামোন হিমেনেথ, লেয়ন ফেলিপ, সেস্যার ভায়েহো, ফেদেরিকো গারথিয়া লোরকা, রাফায়েল আলবের্তি, পাবলো নেরুদা, নিকোলাস গিয়্যেন, অক্তাবিও পাস, অগাস্টান মিলারেস, সলোমন দে লা সিলভা, নিকানোর পাররা প্রমুখদের নাম চলে আসে। পৃথিবীর নানান দেশে তাদের আবাসস্থল হওয়া সত্ত্বেও; সমভাবাপন্ন এবং একই ভাষাভাষী হওয়ায়; তাদের সকলের মধ্যে কমবেশি কিছু অভিন্ন মিল ছিল, যা একটি অনন্য দৃষ্টান্তও বটে। একদিকে মিগুয়েল দে উনামুনো যদি গোঁড়া ক্যাথলিকদের দেশে শুধু সাহিত্যের জন্য একটি ধর্মনিরপেক্ষ সাহিত্য সম্প্রদায় সৃষ্টি করেছিলেন; অন্যদিকে প্রায় সকল কবিই স্বৈরাচারী শাসকদের প্রতি কবিতার মহত্তম অভিব্যক্তিবাণ নিক্ষেপ করেছিলেন। একে-অপরের প্রতি তাদের মধ্যে শুধু গভীর শ্রদ্ধাবোধই যে ছিলো তাই নয়, যোগাযোগ রাখার একমাত্র উপায় হিসেবে একে-অপরকে তাঁরা কবিতা লিখে পাঠাতেন। যার কারণে লোরকাকে নিয়ে আলোচনার সময় রাফায়েল আলবের্তির নামটা জোরেসোরে উচ্চারণ করাটা ফরজ জ্ঞান হয়ে যায়।
স্প্যানিশ ভাষাভাষী উল্লেখ করলে নেরুদা হয়তো বেশি আলোচিত নাম হতে পারেন। তবে, যদি শুধু বিশ শতকের স্প্যানিস কবির নামোল্লেখ করা হয়, কবি-নাট্যকার-সঙ্গীতজ্ঞ লোরকা গত শতক থেকে অদ্যাবধি সবচেয়ে বেশি আলোচিত নাম– কথাটা, বোধকরি, অতিরঞ্জিতও হয় না। লোরকাকে নিয়ে আলোচনার কালে ফলে কোনো ভূমিকা জুড়ে দেয়ার বিশেষ কোনো দরকার পড়ে কি-না ঠিক-অনুমান করা না-গেলেও, দ্বিধাহীনভাবে বলা যায়: ফ্যাসিস্ট ফ্র্যাঙ্কোর মিলিশিয়া ১৯৩৬ সালে লোরকাকে গুলি করে হত্যা করলেও, পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী সাহিত্যের নিবিড় পাঠকদের কাছে তাঁর উজ্জ্বল কবিতার মতো লোরকা আজও সমানভাবে প্রোজ্জ্বল এবং প্রবলভাবে পরিচিত।
কবি, নাট্যকার, সংগীতজ্ঞসহ নানান প্রতিভার ফুল একজন ফেদারিকো লোরকার মধ্যে প্রতিভাত হওয়ার পিছনে নানান কারণ বিদ্যমান ছিলো।সংগীতজ্ঞ হওয়ার গভীর বাসনা এবং স্প্যানিশ লোকগীতি লোরকার অন্তঃস্থিত সত্তায় ধ্যানজ্ঞান হয়ে উঠেছিল যদিও আন্তোনিয়ো সেগুরা মেসা নামের একজন সংগীতের শিক্ষকের প্রেরণায়, সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের গ্রথন লোরকার খুব ছোটবেলায় হয়েছিল মূলত তাঁর মায়ের বদৌলতে। স্পেনের প্রাচীন ঐতিহ্যময় শহর গ্রানাডা থেকে পাঁচ মাইল দূরে আন্দালুসিয়ায় জন্মগ্রহণ করা লোরকার মা স্কুলে পিয়ানো বাজানো শেখাতেন। বিধায়, স্প্যানিশ জনপ্রিয় গানগুলো লোরকার শৈশবেই আত্মস্থ হয়েছিল। এছাড়া, সুরকার মানুয়েল দে ফাইয়ার সঙ্গে বন্ধুত্ব হওয়াটা তাঁর প্রথম জীবনে ছিলো একটি বড় ঘটনা।
আড়ম্বরতা ও উচ্ছলতা পরিহার করে লোরকার ঔৎসুক্য ছিল তাঁর ব্যক্তিগত ঈশ্বরকে আবিষ্কার করার দিকে। নিজের অন্তরে প্রবেশ করে, আত্মার দিকে তাকিয়ে প্রকৃতির রূপের প্রতিচ্ছবি দেখার আকাঙ্খার পিছনে তাঁর ভগ্নস্বাস্থ্য একটা কারণ ছিলো। ভগ্নস্বাস্থ্যের কারণে দৈহিক পরিশ্রমে অপারগ লোরকার পক্ষে খেলাধুলায় অংশগ্রহণ করাও এমনকি অসম্ভব ছিল। যার কারণে, বেশিরভাগ সময়ই বাড়ির আঙ্গিনায় কাটানো লোরকার নিকট স্বপ্নের জগতটা বেশ বড় হয়ে উঠে। নিজের সাথে নিজের আত্মার কথকতায়, গানে, অন্তঃসত্ত্বায় ধারণ করা সুরে স্পেনের গ্রামীণ জীবন, ষাঁড়ের লড়াই, প্রেম, জিপসিদের রোমান্টিক জীবন, লোকসঙ্গীত, লোকনৃত্য সম্পর্কে সম্যক একটি ধারণা পেয়েছিলেন তিনি। বালদেরুবিয়ো শহর থেকে গ্রানাডা শহরের উপকণ্ঠে উয়ের্তা দে সান বিসেন্ত-য় গিয়ে বসবাসকালীন সময়টা লোরকার জীবনে যেন সৌভাগ্যপ্রসূত হয়েছিল। কেননা, এই সময়েই তিনি পেয়েছিলেন প্রকৃতির অবাধ সান্নিধ্য। যা, পরবর্তীতে তাঁর শিল্পচিন্তা এবং লেখালেখিতে গভীর প্রভাব ফেলেছিল। লোরকার প্রথমদিকের কাজগুলোকে দারুণভাবে প্রভাবিত করেছিলো মূলত সংগীত এবং সংগীতে নিজের পেশাগত পরিচয় প্রতিষ্ঠার স্বপ্ন। এই স্বপ্নকে ১৯১৬-১৯১৭ সালে স্পেনের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা থেকে রচিত তাঁর প্রথম গ্রন্থ, Impresiones y Paisajes- এ তিনি বিধৃত করেছেনও।
লোরকার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো, জেনেরশন অভ '২৭ নামে একটি গ্রুপে জড়ানো। ১৯১৯ সালে মাদ্রিদে যাওয়ার পর ফেদারিকো লোরকা মাদ্রিদে পরিচিত হয়েছিলেন জেনেরশন অভ '২৭ নামে একটি গ্রুপের সাথে। যে গ্রুপটির বেশিরভাগ সদস্যই ছিলেন কবি। কবিদের সমন্বয়ে গঠিত গ্রুপটির মূল উদ্দেশ্য এবং আগ্রহ ছিল ইউরোপীয় আন্দোলনের মূল বিষয়গুলি: সিম্বলিজম, ফিউচারিজম এবং সুররিয়ালিজম প্রভৃতি স্প্যানিশ ভাষায় প্রবর্তন করা। এই সময়কালটাই ছিল লোরকার উজ্জ্বল সময়ের শুরু। কেননা, জেনেরশন অভ '২৭-এর প্রতীকী সদস্য হিসাবে লোরকা আন্তর্জাতিক স্বীকৃতি তো অর্জন করেছিলেনই, পাশাপাশি এই সময়ে তাঁর পরিচয় ঘটে রাফায়েল আলবের্তি, হিমেনেথ, গ্রেগরিও মার্তিনেস, হোর্হে গিয়্যেন, লুই বুনোএল, সালভাদর দালি, মিগেল হার্নান্দেজ, বিসেন্তে আলেক্সান্দারসহ আরও নানান স্প্যানিস কবি এবং শিল্প-সাহিত্যের লোকজনের সাথে। মার্তিনেজ সিয়েরার আমন্ত্রণে ১৯২০ সালে নাটক লেখার প্রতি মনোনিবেশও শুরু করে লিখেন প্রথম নাটক El maleficio de la mariposa শিরোনামে, যদিও পরবর্তীতে নাটকটিকে তিনি অস্বীকার করেন এবং ১৯২৭ সালে লেখা Mariana Pineda নাটকটিকে তাঁর প্রথম নাটক হিসেবে ঘোষণা দেন।
লোরকার ১৮ বছরের সাহিত্য-জীবনকে চারটি ধারায় ভাগ করা হয়। তবে, লোরকার মৌলিক ও মূল্যবান কাজ হচ্ছে জিপসি বালাদ এবং নিউইয়র্কের কবিতাগুলো। জিপসি বালাদের মধ্যে ঐতিহ্যগত লোকজকে গীতলতা এবং চিত্রকল্পের ব্যবহারে নতুনত্ব দিয়ে তিনি এমনভাবে উপস্থাপন করেছিলেন, যা পাঠককে অন্য এক ধরনের কবিতাপাঠের আনন্দে মাতোয়ারা করে। নিউইয়র্কে লেখা কবিতাগুলো, যা পরে পোয়েতা এন নুয়েভা ইয়র্ক কবিতার বইয়ে প্রকাশিত হয়; এই বইটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ: চিত্রকল্প এবং কোলাজের বিচ্ছিন্ন আবার একইসঙ্গে সংগ্রথিত ব্যবহারের ফলে এগুলো পরাবাস্তববাদী অভিধাপ্রাপ্ত হয়ে উঠেছিল। তবে, যদিও গ্রাম্যগাথা, স্পেনের উপকথা ও জিপসিদের জীবন ও চরিত্র নিয়ে লেখাগুলিকে লোরকার শ্রেষ্ঠ রচনা জ্ঞান করা হয়; বিশেষত জিপসিদের নিয়ে লেখাগুলোকে– এই খ্যাতি আনন্দিত করার বদলে লোরকাকে অভিমানী করেছিলো। অভিমানভরা এক চিঠিতে বন্ধুকে লিখেছিলেনও, 'জিপসি নিয়ে লিখি বলে লোকে ভাবে আমার বুঝি শিক্ষাদীক্ষা কিছুই নেই, আমি যেন একটা গ্রাম্য কবি! আমি মোটেই তা নই।'
পৃথিবীর সমান আয়ু নিয়ে জন্মলাভ করা লোরকাকে তন্দ্রাঘোর অবস্থায় ফ্যাসিস্ট ফ্রাঙ্কোর একদল ফ্যাসিস্ট সৈন্য বাইরে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছিল। মাত্র ৩৭ বছরের স্বল্পপ্রজ আয়ু নিয়ে দুনিয়ায় জন্মলাভ করা লোরকাকে ফ্যাসিস্ট ফ্রাঙ্কোর বর্বর মিলিশিয়ারা যে সকালটিতে গুলি করে হত্যা করেছিলো, হত্যা করার কালে ঘুণাক্ষরেও বর্বর মিলিশিয়ারা কি অনুধাবন করতে পেরেছিলো, স্প্যানিশ ভাষার সবচেয়ে উল্লেখযোগ্য কবিকেই নির্মমভাবে তারা খুন করলো!
আজ, পাঁচই জুন, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় পৃথিবীর অন্যতম কবি ফেদেরিকো গারথিয়া লোরকাকে।
