২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ যদি নোবেল না পেতেন?

হামীম কামরুল হক

Published : 08 May 2021, 08:09 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


শেক্সপিয়র, সার্বান্তেস নোবেল পান নি, পাওয়ার কথাও নয়। কারণ নোবেল তাঁদের বয়সের হাঁটুর বয়েসি। ফেরদৌসী, হাফিজ, রুমি পাননি। গ্যেটেও পাননি, কারণ আঠারো শতকে নোবেল বলে কিছু ছিল না। দস্তয়েভস্কিও নোবেল চালু হওয়ার আগেই বিদায় নিয়েছিলেন। আর যাঁকে দিয়ে নোবেল পুরস্কার শুরু হতে পারতো সেই মহামহিম তলস্তয়, তিনি এই পুরস্কার যাতে তাকে না দেওয়া হয় এর জন্য লবিং করেছিলেন। চিন্তা করুন একবার, যাতে নোবেল না দেওয়া হয়– সে-জন্য লবিং! এক রসিক লোকের কাছে শুনেছিলাম, তলস্তয়ের ভাবটা এমন ছিল, 'আজকাল ওই যেসব পুঁচকেপাচকা সাহিত্যটাহিত্য করছে, তাদের কাউকে দিয়ে দাও না নোবেল, আমার মতো বুড়োকে দিয়ে কী হবে? ওদের দাও, পেলে উৎসাহিত হবে। আমার বয়সও নেই, উৎসাহিত-অনুৎসাহিত হাওয়ারও কিছু নেই।'
তলস্তয় ছাড়া তখন টমাস হার্ডি বেঁচে, এমিল জোলাও ছিলেন, চেখভের বয়স কম ছিল, তারপরও চেখভ বলে কথা, কিন্তু পাননি। এরপর না পাওয়া শ্রেষ্ঠ লেখকদের ভেতরে ইবসেন-স্ট্রিন্ডবার্গের মতো লেখকরা ছিলেন, যে-দুজনকে বলা হয় মর্জানিজমের আদিগুরু, বিশেষ করে ইবসেন, তাতে ইবসেনের চর্চা, পঠনপাঠন কোনোটাই কমে নি।–
হ্যাঁ, বাল্মীকি, বেদব্যাস, হোমারের লেখা থেকে শুরু করে নিকোলাই গোগাল বা অ্যাডগার অ্যালান পো পর্যন্ত কারোই পাঠক কমেনি। ফলে রবীন্দ্রনাথ নোবেল না পেলেও রবীন্দ্রনাথই থাকতেন (কেন? কারণটা একটু পরে বলছি।)। যদিও আমরা দেখেছি তিনি এই পুরস্কার পেয়ে কিছুটা প্লূতই হয়েছেন, বিশেষ করে নোবেল ভাষণে সেটি টের পাওয়া যায়। যদিও দেশে ফিরে তিনি সংবর্ধনা সভায় উষ্মা প্রকাশ করেছেন যে, তাঁর কাছে এইসব স্তুতি-স্তব, মালা সবই কাঁটার মতো লাগছে। কারণ লেখার জন্য তাকে যে-পরিমাণ অপমান-অপদস্ত হতে হয়েছে, সেটা আর কোনো বাঙালি লেখককে এই পরিমাণে ভোগ করতে হয়নি।
রবীন্দ্র সেই অভিজ্ঞতা থেকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ''লেখক তো হচ্ছ, সহ্য করতে পারবে তো?'' রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার আগে সহ্য করেছিলেন নানামুখী অপমান। আর পাওয়ার পর তেমনটাই নানামুখী স্তুতি। অপমান ও সম্মান দুই মানুষের মাথা ঘুরিয়ে দেয়। এই দুই বস্তু সত্যিকারভাবে সহ্য যিনি করতে না পারবেন, তার লেখক হওয়ার বাসনা পোষণ না করাই কল্যাণকর, নয় কি?
১৯১৩ সালে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ। ২০১৩ ছিল এই প্রাপ্তির শতবর্ষ। এটি পালন করতে নানান উদ্যোগও চোখে পড়েছিল। অনেক আলোচনা হয়েছিল, বা আগামীতে হবে। এর ভেতরে একটি প্রসঙ্গও উঠবে, যে, প্রায় একশো বছর হয়ে গেল, বাংলাসাহিত্যে কেউ আর নোবেল পাওয়ার মতো যোগ্যতা সক্ষমতা অর্জন করতে পারলেন না? বা বাংলা সাহিত্য গুণেমানে কি সেই স্তরে যেতে পারেনি, যেখানে আর একজন লেখক এই প্রাপ্তির দাবিদার হতে পারতেন? কিন্তু প্রশ্ন হলো, নোবেল পুরস্কার দিয়েই কি সাহিত্যের উৎকর্ষ নিশ্চিত করতে হবে? বাংলা সাহিত্যে আর কেউ নোবেল পাননি, তাতে কি বাংলা সাহিত্যের মান দিনে দিনে কমেছে?
কাফকার কথা না হয় বাদই দিলাম। বয়সও কম ছিল তাঁর, প্রচারপ্রসারও ততটা ছিল না বলেই জানি। কিন্তু হোর্হে লুই বোর্হেস? তিনি তো নোবেলের জন্য আকুলও ছিলেন। পাননি। তাতে তাঁর সাহিত্য কি পড়ে থেকেছে? বা ওই যে বললাম ইবসেন? বা জেমস জয়েস, মার্সেল প্রুস্ত, ভার্জিনিয়া উলফ, ডি ইইচ লরেন্স বা হেনরি মিলার? অনেকেই মানবেন লরেন্স ডারেল-এর চেয়ে কম ক্ষমতাধর লেখকও নোবেল পেয়েছেন, পাচ্ছেন। আসলে মনে হয়, সেরা সাহিত্যিকের নোবেল না পাওয়াটা তাকে খাটো করে তো না-ই, বরং তাঁর শ্রেষ্ঠত্বকে আরো প্রখর করে তোলে। ভ্লাদিমির নবোকভ বা কার্ট ভানেগার্ট বা ডোনাল্ড বার্থেলেমে-র মতো লেখকরা নোবেল পুরস্কার উজিয়ে বেঁচে থাকার মতো রসদ আমাদের দিয়ে গেছেন। বিভূতি, তারাশঙ্কর, জীবনানন্দ, নজরুল, মানিকও তা-ই দিয়ে গেছেন। দিয়ে গেছেন শ্যামল-সন্দীপনরা। বরং হিসাব করে দেখলে দেখা যাবে, নোবেল পাওয়াদের ভেতরেও বেশিরভাগই ক্রমে ক্রমে মুছে গেছেন, যদিও তাঁদের অনেকেই সেই সময়ের সেরা লেখাটি লিখতে পেরেছিলেন।
রবীন্দ্রনাথকে নোবেল দেওয়া কি বাংলা সাহিত্যকে নোবেল দেওয়া? নাকি তাঁর ওই গীতাঞ্জলি-র ইংরেজি অনুবাদটাকেই নোবেল দেওয়া?– এসব প্রশ্নও তোলেন কেউ কেউ। সেদিক থেকে রবীন্দ্রনাথকে ইউরোপ পেয়েছে অন্ধের হাতি দর্শনের মতো খণ্ড খণ্ড রূপে, তখন বোঝা যায়, নোবেল পুরস্কার আদতে রবীন্দ্রনাথের চেয়ে খাটো জিনিস। যেমনটা তলস্তয়ের কাছে ছিল। গার্সিয়া মার্কেজের মতো লেখককে নোবেল দেওয়ার পরে তো বলাই হয়েছিল, তাকে নোবেল দিয়ে নোবেল পুরস্কার বরং জাতে উঠল, স্বয়ং সম্মানিত হলো।
রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর বাঙালিদের ভেতরেই কেউ কেউ ব্যঙ্গ করেছিলেন এই বলে যে, ইউরোপের সাহিত্য বা বিশ্বসাহিত্যের মান এতটা নেমে গেছে যে রবীন্দ্রনাথের মতো লেখককে নোবেল দিতে হল বা রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার মাধ্যমেই বোঝা গেল বিশ্বেসাহিত্যের মান এখন কোথায় নেমে গেছে।- এখনও যে কেউ কেউ এটি মনে করেন না তা তো নয়।
বাংলাভাষা লিখতে চান, বাংলায় উন্নত আধুনিক সাহিত্য করতে চান– এমন অনেক লেখকই করেন–রবীন্দ্রনাথের সবকিছু পড়ার কোনো দরকার নেই। ওই ওই বইটা, এটা ওটা আর এই এমনি বেছে বেছে পড়তেই তারা আগ্রহী। রবীন্দ্রনাথের চিন্তা ও তাঁর লেখা বিষয়গুলোকে সামগ্রিকভাবে খারিজ করে দেওয়ারও কথা ভাবেন, তাঁদের ভেতরেই কেউ কেউ মনে করেন– মাত্র দুটো বিষয় রবীন্দ্রনাথের কাছে শেখার– একটি হল, তাঁর পরিশ্রম করার ক্ষমতা, অন্যটি তাঁর গদ্য যা দিয়ে কীভাবে একটি বিষয়কে সাহিত্য করে তুলতে — এ দুইটি বিষয় ছাড়া রবীন্দ্রনাথ পড়ার কোনো মানে নেই।
আদতে এই সবই ঘটে রবীন্দ্রনাথকে খণ্ডিত করে দেখতে গেলে। এমনকি এর জন্য ওই নোবেলটাও একটু দায়ী। বুদ্ধদেব বসু বলেছিলেন, রবীন্দ্রনাথ সেই বিরল সাহিত্যিকদের এজন, যে এত বড় কবি বা লেখক কিন্তু তাঁর কোনো মাস্টারপিস নেই– তাঁর বিশেষ কোনো একটা বই নিয়ে বলা সম্ভব নয় যে, এ-ই হলো রবীন্দ্রনাথ। ফলে কেবল সংগীতের স্রষ্টা হিসেবেও তাঁকে দেখলে চলবে না, কবি হিসেবেও নয়, নাট্যকার বা গদ্যলেখক বা ঔপন্যাসিক হিসেবেও নয়। রবীন্দ্রনাথকে যিনি সমগ্রভাবে দেখতে আগ্রহী নন, প্রতি পদে মুগ্ধতার পাশাপাশি ভুলবোঝাটাও তাল মিলিয়ে তার বেড়ে উঠতে পারে।
রবীন্দ্রনাথ জন্মেছিলেন ১৮৬১ সালে, নোবেল পেলেন ১৯১৩ সালে। সার্ধশত বছর চলে গেছে তাঁর জন্মের পর। নোবেল পাওয়ার একশ বছর পার হয়ে গেল, কিন্তু রবীন্দ্রনাথকে সামগ্রিকভাবে পাঠ করার ও দেখার লোকজন খুব বেশি আসেননি। কেবল বাংলা, বাঙালির ভেতরেই নয়, বিশ্বেও। হেনরি মিলার তো বলেইছেন, রবীন্দ্র আগামী পৃথিবীর লেখক। তাঁকে বোঝার মতো সময় এখন পৃথিবী আয়ত্ত করেনি। সময়ও আসেনি। যখন আসবে, তাঁকে আরো বেশি করে দরকার হবে পৃথিবীর। সত্যিই তো– তাঁর মতো চিন্তাশীল মরমী লেখককে আয়ত্ত করার জন্য যে নিবিড় পাঠ-পরিশ্রম বা পরিশ্রমী-পাঠ দরকার সেটি করে ওঠা না অব্দি তাঁর ভূমিকাটা আমাদের বোঝা হবে না।
রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, তা নিয়ে তিনি যতটুকুই আপ্লুত হন বা না হন– আমাদের আপ্লুত হওয়ার সুযোগ নেই। আমাদের কাজ তো তাঁর দেখিয়ে দেওয়া পথ থেকে নিজের মতো করে পথটি বের করে নেওয়া। যেমনটা করেছিলেন জীবনানন্দ দাশ। ত্রিশের পঞ্চপাণ্ডবের ভেতরেই আর সবাই কমবেশি রবীন্দ্রবিরোধিতা করলেও জীবনানন্দ কিন্তু কখনো কোনো বিরোধিতায় লাগেননি, অথচ তিনিই হয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে মৌলিক কবি।
সোনা থেকে গয়না গড়তে গেলে ফুঁ দিয়েই তাকে আকার দেওয়া যায়, কিন্তু লোহা থেকে কিছু গড়তে গেলে তাতে অনেক বেশি আঘাত করতে হয়। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের স্বর্ণাভা থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে বার বার, তাতে তাতে লোহার কাঠিন্যই দেখা দিয়েছে অনেকখানে। তা-ই নতুন করে বাংলা সাহিত্যকে গড়তে অনেক বেশি আঘাত করার দরকার আছে, আর যারা সেটি করতে চান, তাদেরও আঘাত সইবার অতুলনীয় ক্ষমতা থাকা চাই। সেটি কীভাবে বইতে হবে, সইতে হবে তাঁর শিক্ষাও ওই রবীন্দ্রনাথেই আছে।
রবীন্দ্রনাথের জন্য নোবেল পুরস্কার কোনো অলংকার হতে পারে না, বরং নোবেল পুরস্কারকে রবীন্দ্রনাথই অলংকৃত করেছেন। পৃথিবীর সবচেয়ে মেধাবী জাতিগুলোর অন্যতম একটি জাতি, বাঙালিকে, বিশ্ব একবার মাত্র চিনেছিল, যাঁর জন্য চিনেছিল, তিনি নিজেকে চিনেছিলেন সবচেয়ে বেশি। সেই জাতির পক্ষ থেকে আরো আরো ব্যক্তি যদি রবীন্দ্রনাথের মতো আত্মপরিচয়ের আলো ও অন্ধকারকে চিনে উঠতে পারেন, তো বিশ্বের সবচেয়ে মেধাবী জাতিগুলো অন্যতম এই বাঙালি জাতিকে আগামীতে নোবেল পুরস্কার দিয়ে সেই পুরস্কার নিজে অলংকৃত হবে, সেটি হলফ করেই বলা যায়। এই কথাটিও আমাদের মনে হয় স্মরণ রাখা দরকার।

–