২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনার রাজনীতি ও কৃষকবন্ধু রবীন্দ্রনাথ

মোজাফ্ফর হোসেন

Published : 08 May 2021, 03:30 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ছবি: পূর্ববঙ্গে প্রকৃতির মাঝে রবীন্দ্রনাথ
বাংলা ভাষা, সাহিত্য, সংগীত, চিত্রকলা ও সংস্কৃতির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রপ্রতিভার স্পর্শ লাগেনি। কিন্তু আমি আজ এর বাইরের রবীন্দ্রনাথকে খুব ছোট্ট পরিসরে উপস্থাপন করছি। তবে তার আগে বাংলাদেশে রবীন্দ্র-বিদ্বেষীদের সমালোচনার ধরণ ও রীতি নিয়ে দুয়েকটি কথা বলা প্রয়োজন মনে করছি। বহুদিন থেকেই আমরা দেখে আসছি লেখক-সমালোচকদের একটা অংশ রবীন্দ্রভক্তদের গালি দেয়, ব্যঙ্গ করে। আমার সরল জিজ্ঞাসা: বাংলা ভাষায় শুধু না, সার্বিক বিবেচনায় এই উপমহাদেশে রবীন্দ্রনাথের চেয়ে বড়ো লেখক আর কেউ আছেন?
রবীন্দ্রনাথের সমালোচনা করলে তাঁর ভক্তরা তেড়ে আসে—এই তো অভিযোগ?
সমালোচনা তো করা যায়। কিন্তু সমালোচনা হতে হবে যৌক্তিক ও গঠনমূলক। বাংলাদেশে গত পঞ্চাশ বছরে রবীন্দ্রসৃষ্টির দুর্বলতা, অসঙ্গতি, ও সমস্যা নিয়ে খুব উল্লেখযোগ্য কোনো সমালোচনা তো চোখে পড়ল না। এদেশের রবীন্দ্রনাথের সৃষ্টির সমালোচনার চেয়ে তাঁকে নিয়ে রাজনীতি করা হয় বেশি। ফলে তিনি মুসলমানবিদ্বেষী ছিলেন, অত্যাচারি জমিদার ছিলেন, বাউলদের নকল করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন এসব উল্টাপাল্টা কথা—যার আবার অধিকাংশই ভিত্তিহীন—এমন 'সাম্প্রদায়িক' উসকানিমূলক গুজব তৈরি করা হয়।
পছন্দ অপছন্দ ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে অভিরুচি ও ব্যক্তিত্ব জড়িত। 'রবীন্দ্রনাথের চেয়ে আধুনিক ছোটোগল্প লিখেছেন সত্যজিৎ রায়'—এটা খুসবন্ত সিংয়ের কথা। তিনি তার মতো করে ব্যাখ্যাও দিয়েছেন। কাজেই কারো অপছন্দ নিয়ে আমি কথা বলতে চাই না, প্রশ্নটা আমাদের সমালোচকীয় রীতি বা ধরণ নিয়ে। শেক্সপিয়ারকে তলস্তয়ের পছন্দ হয়নি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে, এও ঠিক, শেকসপিয়ার নাটকই লিখেছেন, সেগুলোর অতিনাটকীয়তা তলস্তয়ের পছন্দ হয়নি। কিন্তু রবীন্দ্রনাথ সাহিত্যের সবকিছু লিখেছেন। তাঁর সংগীত ছোটগল্প প্রবন্ধ কবিতা উপন্যাস শিশুসাহিত্য নাটক অনুবাদ—তাই রবীন্দ্রনাথকে একবাক্যে খারিজ করা যায় না।

এবার আসি প্রবন্ধের মূল বিষয়ে। সাহিত্যের পাশাপাশি, ব্যক্তি রবীন্দ্রনাথ নিয়েও সমালোচনা হতে পারে। মানুষ হিসেবে তিনি সমালোচনার ঊর্ধ্বে নন। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের মতোই তাঁর ব্যক্তিজীবনেও এত বৈচিত্র্য, এবং কিছু কিছু ক্ষেত্রে স্ববিরোধিতা, যে তিনি হয়ত হুইটম্যানের মতো বলতেই পারতেন: 'Do I contradict myself?/ Very well then I contradict myself,/ (I am large, I contain multitudes.)'[Song of myself] কিন্তু তা তিনি বলেননি। তিনি বলছেন অন্যভাবে, 'আকাশও দুই হাত বাড়িয়ে ডাকে, এবং গৃহও দুই হাত ধরে টেনে নিয়ে আসে। উভচর জীব হয়ে আমি ভারি মুশকিলে পড়েছি। সকল বিষয়েই আমি উভচর—মানসজগত ও বস্তুজগত দুইয়ের মধ্যেই আমার সমান বন্ধন।' [ছিন্নপত্র ১৫৪]
তাই মানুষ হিসেবে রবীন্দ্রনাথকে চিনতে হলে তাঁর চরিত্রের এই বাক্যগুলো ধরতে হবে। কিন্তু বাংলাদেশে এখানেও গঠনমূলক সমালোচনার অভাব। শিল্পী রবীন্দ্রনাথের মতো মানুষ রবীন্দ্রনাথও বিদ্বেষের শিকার। এই কারণে তিনি "মুসলমানবিদ্বেষী ছিলেন, অত্যাচারি জমিদার ছিলেন, বাউলদের নকল করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন" এইসব ভিত্তিহীন কথা প্রতিষ্ঠার পেছনে যুক্তি খোঁজা হয়। এই হৈচৈয়ের মধ্যে কৌশলে আড়াল করা হয় বাংলার সাধারণ মানুষ ও কৃষকপ্রেমী রবীন্দ্রনাথের কথা। বাংলাদেশের কজন মানুষ জানেন যে রবীন্দ্রনাথ গ্রাম-সংগঠক, সমাজকর্মী ও কৃষিসংস্কারক হিসেবে কতটা অগ্রসর ছিলেন?


ছবি: রবীন্দ্রনাথ ঠাকুরের হাল চালানো (১৯২৯)

ঔপনিবেশিক বাংলায় গ্রামকে নতুনভাবে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 'স্বদেশী আন্দোলন' রচনায় বলছেন: 'স্বদেশী আন্দোলনের জন্য দেশের মন প্রস্তুত এবং সে কারণে 'পঞ্চায়েত', 'গ্রাম্য সম্মিলন', 'পল্লীসমিতি' প্রভৃতি স্থাপনা এখন একান্তই আবশ্যক। পল্লীর অন্ন-বস্ত্র-আশ্রয়-শিক্ষা-রাস্তাঘাট প্রভৃতি সম্পর্কে সমস্ত অভাবমোচনের ভার নিজেরাই গ্রহণ করা, আর কাহাকেও গ্রহণ করিতে না দেওয়া এটি 'পল্লীসমিতির' মূলনীতি। এইভাবে কিছুদিন কাজ করিতে পারিলে পল্লীর দুঃখী দরিদ্রদের সঙ্গে আমাদের হৃদয়ের যোগ সংস্থাপিত হইবে এবং একত্র হওয়ার সার্থকতা আমরা বুঝিতে পারিব। আত্মশক্তি চালনা করিয়া কর্ত্তৃত্বের পৃথক অধিকারী হওয়ার জন্য এইরূপ 'পল্লীসমিতি'তে আমাদের এখন হাতে খড়ি করিতে হইবে।'
তাঁর এই পল্লীদর্শন তিনি কুষ্টিয়া, শিলাইদহ, কালীগ্রামে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেন। রাশিয়ার চিঠিতে তিনি জমিদার হিসেবে তাঁর করণীয় বিষয়ে বলছেন: 'চাষীকে আত্মশক্তিতে দৃঢ় করে তুলতে হবে, এই ছিল আমার অভিপ্রায়। এ সম্বন্ধে দুটো কথা সর্বদাই আমার মনে আন্দোলিত হয়েছে—জমির স্বত্ব ন্যায়ত জমিদারের নয়, সে চাষীর। দ্বিতীয়ত, সমবায়নীতি অনুসারে চাষের ক্ষেত্র একত্র করে চাষ না করতে পারলে কৃষির উন্নতি হতেই পারে না।'
এই ভাবনা থেকে তিনি অংশীদারি-ভিত্তিক উন্নয়নে মনোযোগ দেন। কুষ্টিয়া থেকে শিলাইদহ পর্যন্ত ছয় মাইল রাস্তা তৈরি করিয়ে দেন এই শর্তে যে রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় বাসিন্দা। পুকুর-কুয়োও খুঁড়বে তারা, এস্টেট থেকে সেটা বাঁধানোর ব্যবস্থা করা হবে।
১৮৯৫ সালে কুষ্টিয়ায় স্থাপিত 'ট্যাগোর অ্যান্ড কোং' ন্যায্য মূল্যে চাষিদের ধান ও পাট কিনে বিপণনের দায়িত্ব নেয়। সরাসরি বিপণনে অক্ষম চাষিরা এতে পণ্যের ন্যায্য মূল্য পায়। তাঁর সময়ে কুষ্টিয়ায় চাষে ব্যবহৃত হয় ট্রাক্টর, পাম্পসেট ও সার। নষ্ট ইলিশ সস্তায় কিনে চূন দিয়ে মাটিতে পুঁতে তৈরি করা হয় জৈবসার। প্রতিষ্ঠিত হয় কৃষি ল্যাবরেটরি। কৃষির পাশাপাশি কুটীরশিল্পের উন্নয়নের কথাও ভেবেছেন রবীন্দ্রনাথ। বয়নশিল্প শেখাতে শ্রীরামপুরে একজন তাঁতীকে পাঠানোর ব্যবস্থা করেন। জোলাকে পাঠানো হয় শান্তিনিকেতনে তাঁতের কাজ শিখতে। প্রতিষ্ঠিত হলো তাঁতের স্কুল। ছাতা তৈরি করা, খোলা তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পুত্র রথীন্দ্রনাথকে লিখে পাঠান : 'বোলপুরে একটা ধানভানা কল চলছে—সেই রকম একটা কল এখানে (পতিসরে) আনতে পারলে বিশেষ কাজে লাগবে।…এখানকার চাষীদের কোন্ ইন্ডাস্ট্রি শেখানো যেতে পারে সেই কথা ভাবছিলুম। এখানে ধান ছাড়া আর কিছু জন্মায় না। এদের থাকবার মধ্যে কেবল শক্ত এঁটেল মাটি আছে। আমি জানতে চাই Pottary জিনিসটাকে কটেজ ইন্ডাস্ট্রি রূপে গণ্য করা চলে কিনা। একবার খবর নিয়ে দেখিস—ছোটখাট furnace আনিয়ে এক গ্রামের লোক মিলে এ কাজ চালানো সম্ভবপর কিনা।'


ছবি: সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান দেওয়া হচ্ছে

অংশীদারি-ভিত্তিক উন্নয়নের পাশাপাশি তিনি প্রজাদের নিজস্ব বিচার ব্যবস্থা চালুতে মন দিলেন। তাঁর সময় জমিদারির মধ্যে কোনো বিবাদ নিয়ে প্রজারা আদালতে যেত না। রবীন্দ্র-পণ্ডিত আবদুশ শাকুর জানাচ্ছেন: 'গ্রামের লোকেরা নিজ নিজ গ্রামে তাঁদের ভিতর থেকে একজনকে প্রধান মনোনীত করতেন। ওই গ্রামপ্রধানরাই পরে আবার পরগণার সব প্রধানদের মধ্য থেকে পাঁচজনকে মনোনীত করতেন। তাঁদের বলা হত পঞ্চপ্রধান। বিবাদ ও বিরোধ পঞ্চপ্রধানরাই মিটিয়ে দিতেন। শেষ আপীল রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ প্রবর্তিত এই বিচার ব্যবস্থায় মামলার কোনো খরচ লাগত না, বিচারে বিলম্বও হত না। এই ব্যবস্থা কালীগ্রাম পরগণায় রবীন্দ্রপ্রয়াণের পরেও দেশবিভাগ পর্যন্তই চালু ছিল।'

কৃষকদের সাবলম্বী করে তুলতে তিনি সমবায়নীতিতে গুরুত্বারোপ করেন। তিনি মনে করতেন, গ্রামকে বাঁচাতে হলে সমবায়নীতি গ্রহণ করতে হবে। তাই তিনি পতিসরে ১৯০৫ সালে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন সমবায়নীতি বাস্তবায়ন করতে। মহাজনদের কাছ থেকে চাষিদের তিনি মুক্ত করতে চেয়েছেন। কিন্তু কৃষি বা কুটিরশিল্পের মূলধন যোগাড় করার সামর্থ কৃষকদের ছিল না। তাই তিনি ভেবেচিন্তে চাষিদের অল্প সুদে ঋণ দেওয়ার জন্য পতিসরে খুললেন কৃষি ব্যাংক। এজন্য তাঁকে তাঁর বন্ধুবান্ধবদের কাছ থেকে টাকা ধার করতে হয়েছে। নোবেল প্রাইজের টাকাও তিনি একাজে ব্যবহার করেন। ব্যাংকটি বিশ বছর টিকে ছিল।

পল্লী সংগঠনের প্রাথমিক পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেন হিতৈষীবৃত্তি ও কল্যাণবৃত্তি। এই বৃত্তি থেকে সংগৃহীত অর্থ ব্যয় হতো জমি ও প্রজার উন্নয়নে। রাস্তাঘাট নির্মাণ, মন্দির-মসজিদ সংস্কার, স্কুল-মাদ্রাসা তৈরি, চাষিদের বিপদ-আপদের সাহায্য প্রভৃতি কাজে ব্যয় হতো। শিলাইদহে তিনি মহর্ষি দাতব্য চিকিৎসালয় এবং পতিসরে বড় হাসপাতাল তৈরি করেন। 'হেলথ্ কোঅপারেটিভ্'-এর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা তার আগে ভারতবর্ষে কেউ চালু করেনি।
তিনি বাংলার কৃষক ও কৃষিব্যবস্থা নিয়ে কতটা মরিয়া ছিলেন সেটা বোঝা যায়—যখন তিনি কৃষিবিদ্যা পড়ার জন্য ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর ও জামাই নগেন্দ্রনাথ গাঙ্গুলীও বিদেশে পাঠান। কৃষি বিদ্যালয়, কৃষির জন্য কর্মক্ষেত্র তৈরি হওয়ার পরও আমরা কি এখনো ভাবতে পারি, সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার না বানিয়ে চাষাবাদ বিশেষজ্ঞ হওয়ার কথা? তাও তারা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তান না; রীতিমতো জমিদার বাড়ির ছেলে ও জামাই।


ছবি: কৃষকদের মাঝে রবীন্দ্রনাথ

ছেলে বিদেশ থেকে ফিরে বাবার তত্ত্বাবধানে শুরু করেন বৈজ্ঞানিক প্রথায় চাষ—সার, বীজ, সেচ ইত্যাদির ব্যবহার। শিলাইদহের কুঠিবাড়ি সংলগ্ন ৮০ বিঘা খাস জমিতে চালু হয় ভবিষ্যৎমুখী সেই আধুনিক কৃষিখামার।
এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী নয়, একজন সমাজবিজ্ঞানীর দৃষ্টি দিয়ে গ্রামবাংলাকে দেখেছিলেন। তাঁর দর্শন ছিল, কৃষককে মুক্ত করতে হলে তাকে স্বাবলম্বী করে তুলতে হবে। আর এজন্য ভূমি মালিকানা প্রাপ্তির আগে যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে তাদেরকে উপযুক্ত করে তোলা। কৃষকরা যতদিন নিজেদের ভেতর থেকে তাদের আত্মশক্তিকে উপলব্ধি করতে না পারছে ততদিন তাদের ভূস্বামীরা শোষন করবে। কৃষকদের শিক্ষা তাদের নিজেদের ভালোমন্দ বুঝতে শেখাবে। তাদের যূথবদ্ধ হওয়ার প্রেরণা যোগাবে।


তবে রবীন্দ্রনাথের এই সমাজ-ভাবনার মধ্যে তাঁর শিল্পীসত্তা উপেক্ষিত ছিল না। এই কারণে অতুল সেনকে লেখা এক পত্রে বলছেন: 'কাজের সঙ্গে আনন্দের সুর বাজাইয়া তুলিতে হইবে। আমাদের গ্রামের জীবনযাত্রা বড়োই নিরানন্দ হইয়া পড়িয়াছে।…বছরের একদিন বৃক্ষরোপণ উৎসব করিবে।…চাষী গৃহস্থদের মনে ফুলগাছের সখ প্রবর্তন করিতে পারিলে উপকার হইবে। প্রত্যেক বাড়ির আঙিনায় দুই-চারিটি বেলফুল, গোলাপফুলের গাছ লাগাইতে পারিলে গ্রামগুলি সুন্দর হইয়া উঠিবে।'