সন্দীপন চট্টোপাধ্যায়: ডাবলবেডে একা
দাঁড়াও পথিকবর !
চুম্বনরহিত এই ওষ্ঠ ও অধর।
কাছে এসে চলে যাও কে প্রিয় যুবক
মান্য করো এ-স্মৃতিফলক।
মাটির ভিতরে আছে মুখশ্রীর ছাপ
বালিকার অভিমান, নীরবতা, চুম্বন নিষ্পাপ
কে নেবে এসব?
তুমি অন্ধকার হলে
জোনাকির মালা গলে
দাঁড়াও অদূরে এসে একাকী বৃক্ষের অবয়ব।
'এপিটাফ' নামের এই খাঁটি পয়ারটি সন্দীপন চট্টোপাধ্যায়ের লেখা একমাত্র কবিতা যার গল্প-উপন্যাস সবার কাছে নিত্যপাঠ্য হওয়া সত্ত্বেও লেখকের মন পড়ে থাকত কবিতার দিকে। এর কারণ, কৃষ্ণরূপ চক্রবর্তী জানিয়েছেন 'কৃত্তিবাস' কবি গোষ্ঠীর মধ্যে সন্দীপন ছিলেন একমাত্র গল্পকার, হয়ত এ কারণে কবিদের মধ্যে থাকতে থাকতে তাঁর লেখার ভাষা হয়ে উঠেছিল মিতবাক, শব্দনির্ভর আর শাণিত। কৃষ্ণরূপ যেভাবে বলেছেন আমরা দেখি সন্দীপনের লেখার ভাষা অলঙ্কারময় এবং পরিমিত, সঙ্গে আছে এক ধরনের নিখুঁত পরিচ্ছন্নতাও। তুর্গেনেভ তাঁর 'পোয়েমস ইন প্রোজ' এ সংকলিত গল্পগুলোতে কবিতা আর গদ্যের যে সংমিশ্রণ করেছেন সন্দীপনের গল্পেও সেই ধরন রয়েছে। তুর্গেনেভের এ ধরনের গল্পগুলোকে বলা হত 'সেনেলা'। বলতেই হবে সন্দীপন চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের সেই 'সোনালী ডানার ঈগল', এই অবক্ষয়িত সমাজের নির্জন নিঃসঙ্গতাবোধকে যিনি ছড়িয়ে দিয়েছেন গল্পে গল্পে। ধর্ম নিয়ে মাথা না ঘামানো দীর্ঘ সুপুরুষ সন্দীপন অপ্রতিরাধ্যভাবে নারীদের প্রেমে পড়তেন, মদ খেতেন, তাঁর উষ্ণ চোখ জোড়া আর রোদ ঝলসানো লম্বাটে ধারালো মুখের কাঠিন্য ছিল মনে রাখার মত। কারো প্রিয় বা অপ্রিয় হবার ধার ধারতেন না, সন্দীপন ছিলেন তাঁর সময়ে শারীরিক ভাবে তুমুল ভাবে বেঁচে থাকা লেখকদের একজন– পাত্র-পাত্রীদের চিন্তা ভাবনাকে যিনি আধুনিক দর্শনশাস্ত্রের অন্তর্গত করে গ্রন্থিবদ্ধ করেন 'আমি ও বনবিহারী', 'একক প্রদর্শনী', 'যখন সবাই ছিল গর্ভবতী', 'হিরোশিমা মাই লাভ' উপন্যাসে; 'ক্রীতদাস ক্রীতদাসী', 'মীরাবাঈ', 'বিজনের রক্তমাংশ', 'জাগো, মসৃণ ত্বক', 'বিপ্লব ও রাজমোহন, 'রুবির সঙ্গে হীরা বন্দরে' ইত্যাদি গল্পে। তাই সত্যি বলতে তাঁকে কেবল লেখক বলা যাবে না, তিনি একজন চিন্তকও। সন্দীপন খাঁটি অর্থে নাগরিক লেখক। বন্ধ দরজা জানালার অন্যপাশের মানুষগুলোর কাতরতা যিনি উন্মোচন করেছেন অকল্পনীয় সার্থকতায়। এই নাগরিক লেখকের রচনার নামও তাই হয়– 'কলকাতা, তুমি কার?' 'কলকাতার দিনরাত্রি', 'এক যে ছিল দেওয়াল'।
তাঁর সযত্নলালিত উপলব্ধিগুলোর মধ্যে একটি ছিল নিজেকে না-লেখক ভাবতে পারা, লেখার যেটুকু ছাপা হয়েছে তাকেও তিনি পুরোপুরি ডিসওন করেছেন। এই আভঁ-গার্দ লেখক বলেছেন 'এস্টাবলিশমেন্ট চাকরি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে কিন্তু লেখক হিসেবে অমরত্ব দিতে পারে না'। কথাটিকে তাৎপর্য দিতে বারংবার ঝুঁকি নিয়ে অ্যান্টি-এস্টাবলিশমেন্টের পক্ষে থেকে তাঁকে প্রথাবিরোধিতার অঙ্গীকার উদযাপন করতে হয়েছে। প্রতিষ্ঠানবিরোধী সন্দীপন ছিলেন লিটল ম্যাগাজিন ঘরানার লোক, 'আনন্দবাজার', 'দেশ'-কে এড়িয়েই তাঁর রচনাগুলো বিপুল সাড়া ফেলেছিল। এমনকি যখন 'আজকাল' নামের প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছিলেন, সেই 'আজকাল'ও দাঁড়াল প্রতিষ্ঠানের অহমকে পাশ কাটিয়ে নতুন প্ল্যাটফর্ম হিসেবে যেখানে ছিল না সাগরময় ঘোষের মত কারো কর্তৃত্ব। তিনি চিহ্নিত হয়েছিলেন প্রতিভাবান হিসেবে কিন্তু এসব শব্দ কখনো তাঁকে উজ্জীবিত করেনি, তাঁর মতে 'প্রতিভা' একটা বস্তাপচা শব্দ। লেখকরা সাধারণত প্রথমদিকে ভাষা হাতড়ে বেড়ান, কিন্তু তাঁর প্রথম দিকের লেখাতেই পরিণত গদ্য দেখা দিয়েছিল– এ কারণে সন্দীপনকে আমরা কীভাবে ভাবব এমন চিন্তা থেকে গর্ভাবস্থাতেই বূহ্যভেদ করা অভিমন্যুর নামের সঙ্গে তাঁর নাম প্রতিধ্বনিত হয়েছিল। এ ধরনের বিশ্লেষণ, তুলনা সন্দীপনের পছন্দ ছিল না, তাই তিনি সতর্ক করে দিয়ে বলেছেন– কোনো প্রকার অভিমন্যুচেতনা, বূহ্যভেদ, রণভূমির হিরো বা গদ্য নির্মাণের জন্য তিনি কখনো কলম ধরেন নি। কিন্তু তিনি অস্বীকার করলেও ইতিহাস অন্য সাক্ষ্য দেয়। 'ক্রীতদাস ক্রীতদাসী' পড়ে সুনীল গঙ্গোপাধ্যায় ষাটের দশকে বলেছিলেন, ত্রিশ বছর পর এ-গল্প লোকে আবার পড়বে। এ সেই গল্প যেখানে সন্দীপন একটি বাক্য লিখে সাড়া ফেলে দিয়েছিলেন–'আমি সবকিছুকেই মিথ্যে ও ভুল বলে জানতে শিখেছি। সবচেয়ে বেশি ভুল ও সন্দেহজনক মনে করেছি আমার আন্তরিকতাকে।' গল্প লিখতে লিখতেই তিনি মূলত উপন্যাসের ভুবনে ঢুকে পড়েন। তাঁর উপন্যাসগুলো ক্ষীণকায়া, এগুলোকে মূলত নভেলা বলা চলে। তিনি গল্পের জন্য ভারতের বঙ্কিম পুরস্কার এবং 'আমি ও বনবিহারী' উপন্যাসের জন্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন। তাঁর লেখা নিয়ে অনেক ধরনের বিচার-বিশ্লেষণ হয়েছে। বাংলা গদ্যের সিনট্যাক্সের প্রবল ভাংচুরের মধ্যে সন্দীপন চট্টোপাধ্যায় দাঁড়িয়ে ছিলেন নিজস্বতামণ্ডিত হয়ে 'স্বর্গের নির্জন উপকূলে' একা, তাঁর জীবনের সমস্ত চিন্তা আর দুশ্চিন্তাকে সঙ্গী করে। গদ্যের অন্তর্লীন শক্তির নিষ্ঠাবান এই উপাসকের রচনাশৈলীর স্বকীয়তা যেন ক্যানভাসের ওপর কোনো চিত্রকরের নানা ধরনের রংচয়নের মত ব্যাপার। তাঁর লেখা নিয়ে সমালোচকেরা অবধারিতভাবে যে প্রশ্নটির মীমাংসা করতে চেয়েছেন, তিনি কোন পূর্বসুরি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। দেবেশ রায় সন্দীপনের গল্পের আখ্যানের মিল পেয়েছেন জীবনানন্দের কবিতার সঙ্গে। অদ্রীশ বিশ্বাস বলেছেন সন্দীপনের লেখা অনেকটা মানিকের মত। অন্যদিকে, সমরেন্দ্র সেনগুপ্ত মার্কেস, মিলান কুন্ডেরা, ফ্রানৎস কাফকা, হেনরি মিলার এঁদেরকেই সন্দীপনের মানসবন্ধু কল্পনা করে নিয়েছেন। গৌতম ঘোষ দস্তিদার কবিতার মত করে বলেছেন, 'বঙ্কিম-কমলকুমারের ভাস্কর্যপ্রতিম গদ্যশিল্প আর জীবনানন্দর জলধোঁয়া-ছবিসম কবিতা ব্যতীত সন্দীপন গ্রহণ করেন নি আর কোনো বঙ্গ ঐতিহ্য।' লেখক অসীম সামন্ত যে অগ্রজের লেখার সঙ্গে সন্দীপনের রচনার প্রামাণিক মিল আবিষ্কার করেছেন তিনি জ্যোতিরিন্দ্র নন্দী। 'হ্যাঁ, না এবং জ্যোতিরিন্দ্র ও সন্দীপন', প্রকাশক অনুষ্টুপ গ্রন্থে অসীম সামন্ত সন্দীপনের সুরম্য গদ্যভাষার সঙ্গে জ্যোতিরিন্দ্র নন্দীর লেখার সাদৃশ্য খুঁজতে গিয়ে দেখিয়েছেন এ-দু'জনের গদ্যে কিছু শব্দ বা শব্দবন্ধ আছে যেটি তাঁদের পেটেন্টের মত। যেমন, হ্যাঁ, না, বলতে কি, আ, প্রকৃত প্রস্তাবে, বস্তুত ইত্যাদি। সেই সঙ্গে অসীম সামন্ত দেখিয়েছেন দুই লেখকই কীভাবে তাদের লেখায় যৌনতাকে অনিবার্য করে তুলেছিলেন। সংবেদী পাঠকের কাছে তিনি ছিলেন দস্তুরমত দার্শনিক। তাঁর লেখার কাছে আজানু ঋণীও ছিলেন অনেকেই, এঁদের মধ্যে অনন্য রায় নামে এক পাঠক 'মীরাবাঈ' গল্পটি অনর্গল মুখস্ত বলতেন। ঘুরিয়ে ফিরিয়ে বলে দিতে পারতেন এর বিভিন্ন বাক্য বা ফ্রেজ। অনন্য রায় যেদিন মারা যান, তাঁর বিছানায় সন্দীপনের 'ক্রীতদাস ক্রীতদাসী' বইটি পাওয়া যায়, 'মীরাবাঈ' গল্পটি ঐ বইতেই স্থান পেয়েছিল। এভাবে সম্প্রদান সম্ভব কিনা জানি না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আকড়ে ধরে রাখা 'মীরাবাঈ' গল্পটিকে লেখক সন্দীপন চট্টোপাধ্যায় পাঠক অনন্য রায়কে 'উইল' করে গিয়েছিলেন।
১৯৭১ সালে প্রকাশিত উপন্যাস 'একক প্রদর্শনী'র শেষে লেখা ছিলÑ 'আপনাদের যাঁদের গল্পটা ভাল লাগল, তাঁরা অনুগ্রহ করে আমাকেও ভালবাসুন, কেননা, আমি ও আমার গল্প কতক-টা একই। –লেখক।' 'হিরোসিমা, মাই লাভ' অটোবায়োগ্রাফিক্যাল এটি তিনি নিজেই জানিয়েছেন, 'একক প্রদর্শনী' সহ তাঁর বাকী লেখাগুলোও যে আত্মজীবনীর অন্তর্গত– এই অনিবারণীয় সত্যকে আড়াল করবার উপায় নেই। এসব আত্মজীবনীমূলক রচনায় সন্দীপনের জীবন অত্যন্ত অনতিরিক্ত ভাষায় বর্ণিত হয়েছে।
তাঁর গল্পের কেন্দ্রবিন্দুতে থাকে চরিত্রদের বিপন্নতাবোধ, বিষাদ ও কর্কশতা। তারা সব সময়ই পারিবারিক সঙ্কটের মধ্যে ঘুরপাক খেতে থাকে। কাহিনীর শেষে নায়ক চরিত্রদের পরিণতি হয় বিবর্ণ এবং ট্র্যাজিক। গল্প-উপন্যাসের পাত্র-পাত্রীরা যৌনতা বিষয়ে থাকে আপোষহীন। সম্পর্ক স্থাপনে তারা বেপরোয়া হয়ে এমনকি কবরস্থানেও মিলিত হয়। এর ব্যাখ্যা তিনি এভাবেই দিয়েছেন, কবরখানাতে প্রেমের কারণ এখানে গেলেই কেবল মনে হয় চারিদিকে মৃত মানুষের মধ্যে কেবল প্রেমটাই জীবিত। শান্তি বা নিরাপত্তা এদের অভীষ্ট নয়, তাদের ঐকান্তিক বিশ্বাস যৌনতার মাধ্যমেই জীবনের সার্থক পরিণতি ঘটবে, এজন্য সঙ্গমের জেরে একজনের শরীরের কুষ্ঠরোগ অন্যজনের দেহে সংক্রমিত হওয়া বিষয়েও এরা সচেতন নয়। তিনি দেখিয়েছেন সমাজের সেই নিষ্ঠুর চিত্র যেটি আমরা দেখেও দেখি না। বা দেখি, কিন্তু বিশ্বাস করতে চাই না যে এরাই আমরা, এই হীন, ভঙ্গুর পারস্পরিক সম্পর্কগুলোই আমাদের সবার জীবনের ছবি। সবমিলিয়ে মানুষের ফাঁপা, কপটতাপূর্ণ বিচ্ছিন্ন জীবনের টুকরো টুকরো ছবিই তাঁর গল্প। যে গল্পের রীনা, রুবি, মায়া, প্রতুল, বিজন, বারীন, সুধা, মীরা, চামেলিকে পাঠকের নিজেদের লোক বলে মনে হয়। যারা কল্পনায় পাঠকের কাছে মাঝে মাঝে শরীরী রূপ পায়; আর তাদের চেনাজানা জগত মুছে গিয়ে স্বপ্ন- মায়া-কল্পনার আদলে পরিচিত জগতের ওপর আরেকটি নতুন জগত প্রতিস্থাপিত হয়। গল্প-উপন্যাসে শব্দ-বাক্য-যতিচিহ্ন ব্যবহারে চূড়ান্তভাবে সচেতন সন্দীপনের শিল্পপ্রতীতি হল– 'লেখক কোন অভিজ্ঞতার ভিতরে থেকে লিখতে পারে না, সে বেরিয়ে আসে অভিজ্ঞতা থেকে বা অভিজ্ঞতাই তাকে অভিজ্ঞতার বাইরে ঠেলে দেয়।' কিছু ক্ষেত্রে তিনি কাহিনী বর্ণনাকালে ঘটনার প্রাকধারণা প্রদান করেন। তবে বলতেই হবে, ভাষার সম্ভাবনাকে সর্বাত্মকভাবে কাজে লাগাতে তিনি কনোটেশনের উপযোগিতাকে কার্যকরভাবে ব্যবহার করেছেন। অনেকসময় শব্দগুলো বিশেষ জায়গায় প্রযুক্ত হবার কারণে এদের সরল অর্থের বাইরে প্রাসঙ্গিক নানান ভাব ও অনুষঙ্গের বিস্তার ঘটায়। তাঁর ভাষাটি একেবারে ফিগারেটিভ, যা আক্ষরিক অর্থে কোনো কিছু বলার চাইতে ভিন্ন কিছু বলে। উল্লেখ করতেই হয়– গল্প-উপন্যাসে সন্দীপনের ভাষা ব্যবহারের দক্ষতা কাব্যময় এবং চিত্রল।
কয়েকটি শব্দের সমুচ্চয়ে তৈরি দুটি উদাহরণ যা পাঠককে একইসঙ্গে সম্মোহিত এবং সজাগ করে তুলছে–
কাজেই এভাবে আমরা হয়ত এগোচ্ছিলুম ভালবাসার দিকে। কিন্তু 'ভালবাসি', একথা এত আগে থেকে গলা টিপে ধরলেও আমি বলতে পারব না। ঊরুতে ঊরু ঘষে উপবিষ্ট রাসকেল পারে বলতে। সে বলুক! (একক প্রদশর্নী)।
দাম্পত্য মানে শেকলে বাঁধা দু'জন মানুষ– একজন স্ত্রী আর তার-একজন পুরুষ–যে যার নিজের শেকল চাটছে। (রুবি কখন আসবে)
সন্দীপনের গল্পের চরিত্ররা 'ডাবলবেডে একা' থাকে। অনপনেয় পিছুটানের মতো তিনি বারবার স্বকপোলকল্পিত হাস্কি গলার মেয়েদের কাছে গিয়েছেন, যাদের তিনি বলেছেন যৌনতাসর্বস্ব, স্থূলবুদ্ধির। গল্প-উপন্যাসে এসব নারী চরিত্রদের ধারাবাহিকভাবে উপস্থাপন করতে তিনি কখনো নিজেকে সংবরণ করতে পারেন নি। নারীদের এত নেতিবাচকভাবে দেখার কারণ কী– এই জিজ্ঞাসার জেরে সন্দীপনের উত্তরটি যেমন অক্লেশে গ্রহণ করার মত নয়, একইসঙ্গে তাঁর মত লেখকের কাছ থেকে এই হতাশ্বাস উক্তি গ্রহণযোগ্যও নয়; তবু এটিও একটি অভিঘাত তৈরি করে যখন সন্দীপন জানান– প্রত্যাশার মাপকাঠিতে তিনি মেয়েদের কাছ থেকে বেশি কিছু আশা করেন না, বিশেষ করে ইন্টলেকচ্যুয়ালি। ভীষণ অভিনিবেশে সন্দীপন বলেন- একটা ইন্টেলেকচ্যুয়ালের যা পাবার সবটাই মেয়েদের কাছ থেকে তিনি পেতে পারেন, সেই প্রাপ্তি ঘটবে কেবল যৌনতার মধ্য দিয়েই। আরও স্পষ্ট করে বলতে, তাঁর মতে, মেয়েদের ইন্টেলেক্টের শ্রেষ্ঠ অবদান তাদের যৌনতা।
দুঃসাহসী, অকপট, আনপ্রেডিক্টেবল। যা মনে করেছেন তাই লিখেছেন। গোটা বাংলা লেখালেখির জগৎকে ফালাফালা করেছেন। এমনকি বাদ যায়নি নিজেও। শুধু বিতর্কিত নয়, একই সঙ্গে গভীর, মননশীল, বুদ্ধিদীপ্ত। এই আনসেনসেরড ও আনএডিটেড সন্দীপন গুছিয়ে দেওয়া হল টীকাটিপ্পনীসহ— কথাগুলো সন্দীপনের ডায়েরি নিয়ে প্রকাশিত বইটির ব্যাক কভারে লেখা ছিল। ডায়েরিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল তাঁর মৃত্যুর পর।
ডায়েরির স্বগতসংলাপ– সন্দীপন লিখেছেন, 'রোজিটার সঙ্গে প্রথম নগ্ন রাত্রিবাসের সময় বারবার বলছিলুম, but nothing is happening-nothing happens', সে বর্ণনাও থেমে না গিয়ে এগিয়ে যায় আরেক দুর্ধর্ষ জায়গায়: 'একদিন মেট্টোয় গিরিশ পার্কে নেমে সাইসাই সেন্ট্রাল এভিন্যুতে দাঁড়িয়ে ভাবছি, ডানদিকে গেলে আজকাল, বা দিকে সোনাগাছি, কোথায় যাবো?'
যিনি তাঁর উপন্যাসের নাম রেখেছিলেন– 'এখন আমার কোনো অসুখ নেই' সেই সন্দীপন চট্টোপাধ্যায় ২০০৪-২০০৫ সালে ক্যান্সারাক্রান্ত হয়ে 'ধ্বংসের মধ্য দিয়ে যাত্রা' করে শরীরে রে দিচ্ছিলেন, তাঁর অপারেশন হচ্ছে, টিউমার কাটা হয়েছে। এর মধ্যে তিনি ডায়েরি লিখে গেছেন ভাঙা ভাঙা অক্ষরে। ২০০৫ সালের ৬ ডিসেম্বর ডায়েরির শেষ এন্ট্রি লিখেছেন সন্দীপন চট্টোপাধ্যায়, ১২ ডিসেম্বর তাঁর গল্পের চরিত্ররা যেমন 'হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর হাঁটে', সেভাবেই সন্দীপন চট্টোপাধ্যায় নিঃশব্দে মর্ত্যলোক ত্যাগ করেন।
আজকে তাঁর প্রয়াণ দিবস। দিনটি স্মরণ করে বাংলা গদ্যের এই সম্রাটকে নতমস্তকে প্রণাম জানাই।
