২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও রুদ্র স্মরণ

তুষার দাশ

Published : 21 Jun 2020, 04:38 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর প্রয়াণের ২৯ বছর: রুদ্রের বন্ধু তুষার দাশ স্মরণ করেছেন প্রয়াত এই কবিকে। বি. স.

আমাদের সমসাময়িক কবি-গদ্যকার রাণা রায়চৌধুরীর একটি কবিতার নাম 'বিকেল'। সেই কবিতার দু'টি পংক্তি, যা আসলে একটি সম্পূর্ণ বাক্য এবং সেটি হঠাৎ করে নানা স্মৃতির ভেতরে ঢুকে ঘুঁটে দিতে পারে আমাদের সমস্ত অস্তিত্বকে — "পৃথিবীর সব আত্মহত্যাই তরুণ কবিদের চেনে কিনা / দেখে যাও—" পড়েই মনে পড়তে শুরু করলো একে একে অনেক মুখ — আবুল হাসান, রুদ্র, (সৈয়দ) সাজ্জাদ (হোসেন) জ্যোতি, সুনীল সাইফুল্লাহ্, আমাদের সিম্ফনির সহযাত্রী আরসালান রাব্বানী এবং বিদেশের অসংখ্য তরুণ কবির নাম — লোরকা, এসেনিন, বেণ্জামিন মোলয়সিসহ এমন অনেক নাম, যাঁদের অনেকেই তখনকার স্ট্যালিনীয় দানবসদৃশ দলনের যেমন শিকার, ঠিক তেমনি লোরকা ও মোলয়সি ভিন্ দেশের রাষ্ট্রক্ষমতার নির্মম বলি। পাশ্চাত্যের নানা মানবিক বিপর্যয়ে, যুদ্ধে-রক্তপাতে, নাগরিক জীবনের জটিলতায়, ঘুর্ণনে পড়ে, নিঃসঙ্গতার
গ্রহণাবর্তে পাক খেতে এই "তুচ্ছ" জীবনকে শেষ করে দিতে চায় আবেগী তরুণ কবি, চায় মুক্তি পেতে।


আপাতদৃষ্ট এসব মৃত্যুর বেশ কিছুকে রোগশোক ইত্যাদির কারণে আমরা অন্যভাবে মেনে নিলেও, ওগুলোকে আমার একেকটি করুণ আত্মহত্যা বলে মনে হয়। আশিস নন্দীর এক সাক্ষাৎকারে জানতে পারি, একজন মানসিক রোগীর চিকিৎসা তখনই সম্ভব হয়ে ওঠে যখন মনোবিদ্ ঐ রোগীর রোগের সমান গভীরে নেমে তার চিকিৎসা করতে সক্ষম হয়ে ওঠেন। খুবই কঠিন কাজ সন্দেহ নেই। আমাদের মনে পড়বে, সম্প্রতি নিজেকে সেই ভয়াবহ অন্ধকার গর্তে ফেলে জীবনকে বিদায় বলা ৩৪ বছর বয়েসী তরুণ শিল্পী সুশান্ত সিং রাজপুতের কথা— অমিতাভ বচ্চনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও জানতে চাই "WHY? WHY? WHY??? WHY????

ডেটলাইন জুন ২১, ১৯৯১। সকালে বাজার থেকে ফিরে দেখি বন্ধু হায়দার আমার গুলবাগের বাসায়। আমাকে দেখেই উঠে দাঁডিয়ে বললো, চল্। খারাপ খবর। রুদ্র মারা গেছে। প্রতিক্রিয়া প্রকাশের সময়ও ছিলো না। দুজনেই ছুটে গেলাম রাজাবাজার। দেখলাম যা দেখার। সেই সময়ের লেখালেখির সহযাত্রীদের অনেকের সংগে দেখা হলো, দৃষ্টি বিনিময় হলো, কিছু টুকটাক কথাও হলো। তসলিমাকেও দেখলাম। ঘণ্টা দুয়েক পর ফিরলাম ওর ভাইবোনদের সংগে কথা বলে। রুদ্রের ছোটবোন মেরী আমার ছাত্রী। ওর সংগেই বেশি কথা হয়েছিলো সেদিন। তারপর তো একে নিয়ে যাওয়া হয় মিঠেখালি।


কিছুদিন পর রুদ্র স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে আমার দায়িত্ব পড়ে ঐ অকিঞ্চিতকর রচনাটি পাঠ করার, যেটা এখানে প্রায় ৩০ বছর আগে বন্ধু হারানোর বেদনা নিয়ে, রুদ্রকে নিয়ে লেখা। বাংলা লেখাটি কারো আগ্রহ যদি জাগায়, সেজন্যে দেয়া।
এই লেখাটির ইংরেজি তর্জমাটি অনেকেই হয়তো দেখেছেন হিমেল বরকতুল্লাহ্'র সৌজন্যে।
অনুবাদটি করেছিলেন আমার বন্ধু কবি আফতাব আহমদ ঢাকা ক্যুরিয়ারের জন্যে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে প্রথম যাকে দেখে বিস্ময় জেগেছিলো, সে এক তরুণ, কবিতা লেখে, বাংলায় পড়ে, ঝাঁকড়া চুল, মুখে ঘন দাড়ি, লাল পাঞ্জাবি পরা — কিছুদিন আগেই আমরা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছি, তখনই ইত্তেফাকের সাহিত্য পাতায় তার কবিতা "ধাবমান ট্রেনের গল্প" ছাপা হয়ে গেছে এবং কবিতার কিছু পংক্তি আমাদের মুখে মুখে ফিরছে— "তখন সন্ধার পর আমাদের সব কথা বলা হয়ে গেছে। / মুখোমুখি বোসে থাকা কথাহীন ক্লান্ত চোখ, নোখ খুঁটে খুঁটে /যে যার স্মৃতির কাছে ফিরে এসে হয়েছি নিরব কোলাহল— সব কথা বলা হয়ে গেছে।…… "আমরা কি কোনোদিন আর কোনো কথা বলবো না?"… —কবিতার শেষের দিকের উচ্চারণ, এক্ষুণি স্মৃতি থেকে কিছুটা, বই থেকে কিছুটা উদ্ধৃত। এখানে কবিতায় দৃশ্যমান যে বানান, সেটি রুদ্রের নিজস্ব। এসব আমাদেরও অনেককে প্রভাবিত করেছিলো।

এই কবিতাটি নিয়ে সুন্দর একটি নিটোল প্রেমের ছোট্ট ছবি হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার আগে শুয়ে শুয়ে ভাবছিলাম। রুদ্রের স্মৃতি আমাদের কাছে অম্লান, অক্ষয়।