২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃখদিনে ‘চিরপথের সাথী’

গোলাম ফারুক খান গোলাম ফারুক খান

Published : 08 May 2020, 03:08 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন কালে
চেয়ে দেখি তিমিরগহন রাতি।
কেঁদে বলি মাথা করি নীচু
'শক্তি আমার রইল না আর কিছু।'
সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু
এসেছে মোর চিরপথের সাথী।

জীবনে যখন বারবার পথ হারিয়ে মুখোমুখি হই 'তিমিরগহন রাতি'র, যখন নিজের ভেতরে সামান্যতম শক্তিও আর অবশিষ্ট থাকে না, তখনই দেখি পাশে এসে দাঁড়িয়েছেন এক 'চিরপথের সাথী।' সেই সাথির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

কবে কীভাবে তাঁর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল এখন আর স্পষ্ট মনেও পড়ে না। হতে পারে বাংলাদেশের সদ্য স্কুলগামী অন্য অনেক শিশুর মতো সেই বাঁকে বাঁকে বয়ে-চলা, বৈশাখ মাসে হাঁটুজল ধরে-রাখা চিরচেনা এক 'আমাদের ছোট নদী'র মনোহর বর্ণনা পড়েই তাঁকে প্রথম চিনেছিলাম। অথবা হয়ত সেই ছোট 'বীরপুরুষ,' যে কিনা 'হারে রে রে রে রে' বলে ধেয়ে-আসা দস্যুদের মাঝে ঝনঝনিয়ে বেজে-ওঠা ঢাল-তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিজের অসহায় মাকে রক্ষা করেছিল, তার বীরত্বে মুগ্ধ হয়েই এমন দুঃসাহসী নায়কের স্রষ্টাকে ভালোবেসেছিলাম। প্রথম পরিচয়ের সেই ইতিহাস এখন ছায়া-ছায়া, ধূসর।

তবে আরো গভীরভাবে, পূর্ণতর রূপে তাঁকে পেয়েছিলাম কখন? সেই মহালগ্নের কথা ঠিকই মনে আছে। উনিশশো একাত্তর সালে — নিজের, পরিবারের, দেশের, জাতির সেই চরম অগ্নিপরীক্ষার কালে। এপ্রিলের মাঝামাঝি পাকিস্তানি ধ্বংসদস্যুরা রক্ত আর আগুন ঝরাতে ঝরাতে ছড়িয়ে পড়ছিল বাংলাদেশের প্রতিটি জনপদে। নিভৃত গ্রামের আশ্রয় থেকে বেরিয়ে যখনই দিগন্তের দিকে তাকাতাম, তখনই শিমুল-কৃষ্ণচূড়াবীথির মাথার ওপর দিয়ে চোখে পড়ত শুধু ধোঁয়া আর অগ্নিশিখা। স্বাধীনতার যে মধুর স্বপ্নে উজ্জীবিত ছিলাম আগের মাসগুলোতে, তা যেন হঠাৎ করেই গুঁড়িয়ে গেল। অস্থির, বিষণ্ণ মনকে শান্ত করতে তখন শুধু রেডিওর নব ঘুরাতে থাকি আর আকাশবাণী ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে বারবার শুনি কিছু মরণজয়ী গান: 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,' 'বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল –/পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান,' 'সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।' ভেঙে যাওয়া স্বপ্ন আবার যেন জোড়া লাগে যখন মনপ্রাণ ঢেলে দিই এইসব গানের অমৃতবর্ষী সুর আর বাণীতে। সময়টা ছিল কালবৈশাখীর। উদ্ভ্রান্ত কিশোর আমি ঝড়ের পরে মাঠে-বনে ঘুরে বেড়াই আর ঝরে-পড়া ফল-ফুল কুড়াই। এক সকালে ঝড়ে এলোমেলো বনে ফুল কুড়াতে গিয়ে দূর থেকে আকাশবাণীতে সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনলাম: 'কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,/কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।' সন্ধ্যায় আকাশে দেখলাম পূর্ণিমার ভরা চাঁদ। সেদিনই রবীন্দ্রনাথের চোখ দিয়ে আমার বাংলাদেশকে নতুন করে চিনলাম, নতুন করে জানলাম রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ আমার 'চিরপথের সাথী' হলেন জীবন ও মৃত্যুর মোহনায় দাঁড়িয়ে।


প্রিয় বন্ধু অধ্যাপক রফিকউল্লাহ খান সম্প্রতি আবার মনে করিয়ে দিলেন কীভাবে জীবন-মৃত্যুর সন্ধিলগ্নে রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক হয়ে ওঠেন। তিনি বলেছেন, করোনার গ্রাসে পড়ে গোটা পৃথিবীই এখন 'ডাকঘর' নাটকের মর্মবাণীকে প্রকাশ করছে। সত্যিই তো, আমরা সবাই এখন 'ডাকঘরে'র গৃহবন্দি কিশোর অমলের প্রতিরূপ। রুদ্ধঘরে বসে মুহুর্মুহু 'রাজার চিঠি'র অপেক্ষা করছি আর মন চলে যাচ্ছে 'পাঁচমুড়া পাহাড়ের তলায়,' 'শামলী নদীর ধারে।' মনশ্চক্ষে দেখছি, 'রাজার ডাক-হরকরা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে — বাঁ হাতে তার লণ্ঠন,কাঁধে তার চিঠির থলি।' এই প্রসঙ্গে মনে পড়ে যায়, দ্বিতীয় মহাযুদ্ধের সময় নাৎসি বন্দিশিবিরে গ্যাস চেম্বারে যাওয়ার আগে কিছু দণ্ডিত শিশুকে নিয়ে 'ডাকঘর' নাটক মঞ্চস্থ করেছিলেন ইহুদি লেখক ও শিক্ষাবিদ ইয়ানুস কর্ৎসাক। তাঁর উদ্দেশ্য ছিল স্থিরচিত্তে মৃত্যুর দেবতার মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি সবার মধ্যে সঞ্চারিত করে দেয়া।

যেকোনো সংকটের ঘনঘটায় রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা পেতে পারি অপরিমেয় মানসিক শক্তি, সাহস আর স্থৈর্য। অনেক লেখক আমাদের জানিয়েছেন কীভাবে রবীন্দ্রনাথ অগ্নিযুগের বিপ্লবীদের ভূতল-আবাসে, বিচারকক্ষে, কারাগারের নির্জন সেলে, বধ্যভূমিতে তাঁদের বরাভয় হয়ে ছিলেন। মৃত্যু নিশ্চিত জেনেও বিপ্লবী উল্লাসকর দত্ত স্তব্ধ বিচারসভায় গেয়ে উঠেছিলেন এই সাধনমন্ত্র: 'সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।' রণাঙ্গনের ভয়াবহতার মধ্যে ইংরেজ সৈনিক-কবি উইলফ্রেড আওয়েন তাঁর নোটবইয়ে লিখে রেখেছিলেন 'গীতাঞ্জলি'র এই জীবনমুগ্ধ বাণী: 'When I go from hence, let this be my parting word…' (যাবার দিনে এই কথাটি বলে যেন যাই –যা দেখেছি, যা পেয়েছি তুলনা তার নাই)। একদা 'নৈবেদ্য' কাব্যগ্রন্থ পাঠ করে প্রশান্তি লাভ করেছিলেন সদ্য স্বামীহারা এক রোদসী নারী। 'নৈবেদ্যে'র কবিতাগুলোকে অনেকে ভক্তিভাবাশ্রিত কবিতা হিসেবে ধরে নেন, কিন্তু সেখানে দমন-পীড়ন এবং দাসত্বের বিরুদ্ধে প্রতিবাদের এমন অগ্নিবীজ রয়েছে যে, তা ইন্দিরা গান্ধীর মতো চৌকস শাসকের চোখ এড়িয়ে যায়নি। সত্তরের দশকে ভারতে জরুরি অবস্থা চলাকালে শান্তিনিকেতনের এই প্রাক্তন ছাত্রী 'নৈবেদ্যে'র কবিতার বেতার-সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন।

এমন মুহূর্ত কি আসে না প্রতিটি মানুষের জীবনে যখন মন্দ-মন্থর সন্ধ্যার নিরালোক অবসন্নতায় ঝিঁঝির ঝংকারও মুছে যায়? উদ্বেগ ও আশঙ্কার ক্রমপ্রসারিত ছায়ার অবগুণ্ঠনে দিক-দিগন্ত ঢাকা পড়ে? আমরা দেখি না কি এমন নিরাশার সায়ংকাল যখন আকাশে জেগে থাকে শুধু একটি বিন্দুবৎ পাখি আর সেও বারবার গুটিয়ে আনতে চায় নিজের ক্লান্ত পাখা? সে মুহূর্তেও তো আমরা আকুল হয়ে দূর আকাশের কোনায় খুঁজে ফিরি একটি ক্ষীণ আলোর রেখা — 'দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা।' সে মুহূর্তেও তো আমরা নিজের মনকে বলি, না থাক আশা, না থাক ভাষা, না থাক গৃহ, তবুও তো কিছু না কিছু এখনো আছে। বলি, 'আছে শুধু পাখা, আছে মহানভ-অঙ্গন/ঊষা-দিশা-হারা নিবিড়-তিমির আঁকা।' বলি, 'ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,/এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।' এরকম ঘোর দুর্দিনই তো এখন চলছে। আমাদের সবার জীবনে। এমন দুঃসময়ে আর কে আছেন রবীন্দ্রনাথের মতো যিনি আমাদের বেঁচে থাকার মন্ত্র শোনাবেন?


আর কে আছেন আমাদের যিনি এত বছর আগে আজকের দিনের সামাজিক-রাজনৈতিক পীড়ন আর প্রতিরোধের কাহিনি লিখে যেতে পেরেছেন? 'রক্তকরবী' নাটকে 'কর্ষণজীবী' ও 'আকর্ষণজীবী' এই দু-ধরনের সভ্যতার যে নিদারুণ দ্বন্দ্বের ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন, তাতে যেন একেবারে এই সময়ের তাপ লেগে আছে। আজকের বিশ্বায়িত অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের মতো দেশের শ্রমজীবী মানুষ যে নিষ্ঠুর শোষণের শিকার হচ্ছে, তা তো 'রক্তকরবী'র যক্ষপুরীর খনি-শ্রমিকদের মতোই। ভাবুন এ মুহূর্তের বাংলাদেশের পোশাক-শ্রমিকদের দুর্গতির কথা। 'রক্তকরবী'র সঙ্গে কোনো তফাত আছে কি?


আলোকচিত্র: মংপুতে যে-বাড়িতে রবীন্দ্র ছিলেন, সেই বাড়ির সামনে এই প্রবন্ধের লেখক

ইদানীং আমরা বুঝতে পারছি, প্রকৃতিকে জয় করার উন্মত্ত তাড়নায়, সমাজ ও রাষ্ট্রের আধুনিকায়নের ভুল পথে হেঁটে আমরাই মা-বসুন্ধরার আঁচলকে ছিন্নভিন্ন করে দিচ্ছি। আমরাই মাটিকে পুড়িয়ে, জলের ধারাকে রোধ করে, বায়ুর নির্মলতা নষ্ট করে উন্নয়নের ডঙ্কা বাজাচ্ছি আর নতুন নতুন বিপদ ডেকে আনছি। আবার অনেক সম্মেলন-মহাসম্মেলন, তত্ত্ব এবং কর্মপরিকল্পনার আবিরাম তোড়জোড় চলছে। কিন্তু প্রকৃতি ও মানুষের অনন্যনির্ভর সম্পর্ক বোঝার জন্য রবীন্দ্রনাথকে কোনো ধরিত্রী মহাসম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। তাঁর কবিতা, গান ও নাটকের সম্ভার বলি, 'গল্পগুচ্ছ' বলি, 'ছিন্নপত্র' বলি — কোথায় আকাশভরা সূর্যতারা আর বিশ্বভরা প্রাণপ্রবাহের টান নাড়িতে গেঁথে রাখার দুর্মর আকাঙ্ক্ষা জেগে নেই? এই টান যদি আমাদের নাড়িতে না থাকে, তাহলে পরিবেশ-প্রতিবেশ নিয়ে সব আড়ম্বরপূর্ণ আয়োজন কি শুধু কথার কথাই থেকে যাবে না? নিসর্গহননের জগৎজোড়া তাণ্ডবের মধ্য দিয়ে যেতে যেতে এখন একটি ছোট গাছের জন্য কিশোর বলাইয়ের বুকচাপা আর্তির ভাষা যদি আমরা বুঝতে না পারি, তাহলে শুধু তত্ত্ব আর পরিকল্পনা দিয়ে কী হবে?

আজ এই মহাসংকটের দিনে যখন চারদিকে শুধু মৃত্যুর গর্জন, যখন আমাদের জীবন এমন একটি সরু সুতোয় বাঁধা যা যেকোনো মুহূর্তেই ছিঁড়ে যেতে পারে, তখন পায়ে পায়ে ফিরে এসেছে রবীন্দ্রনাথের জন্মদিন। তাঁর কাছ থেকে বরাভয় নিয়েই তাঁকে বলি: 'মোদের মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার –/তোমারে করি নমস্কার।'