২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর রাহমান বাংলা কবিতার এক নিঃসঙ্গ পর্বতারোহী

আনিসুর রহমান

Published : 23 Oct 2019, 08:21 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM


আজ ২৩ অক্টোবর কবি শামসুর রাহমানের জন্মদিন। তিনি ১৯২৯ সালের এই দিনে পুরনো ঢাকায় নানাবাড়িতে জন্মেছিলেন। বেঁচে থাকলে আজ তিনি নব্বই বছরে পা দিতেন। তিনি পরলোকে চলে গেলেন ২০০৬ সালে।
শামসুর রাহমান আর তাঁর কাব্যকীর্তি সম্পর্কে কথা বলার শুরুতেই আরেক কবি, ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের লেখা শামসুর রাহমানের কবিতার বিশ্লেষণ এবং মূল্যায়ন শীর্ষক গ্রন্থ 'শামসুর রাহমান: নিঃসঙ্গ শেরপা' বইটি সম্পর্কে দুই একটি কথা বলতে চাই। বইটি প্রকাশিত হয় ১৯৮৩ সালে। হুমায়ুন আজাদের বয়স তখন ৩৬। আর শামসুর রাহমানের বয়স ৫৪। ১৯৫৩ সালে রবীন্দ্রনাথ ৫২ বছর বয়সে নোবেল পুরস্কার পেলেন। বঙ্গবন্ধু ১৯৭১ সালে ৫১ বছর বয়সে দেশ স্বাধীন করলেন। রবীন্দ্রনাথ আর বঙ্গবন্ধুর জীবনে পর্যায়ক্রমিক এই ঘটনা দুটি সব থেকে উল্লেখযোগ্য বড় অর্জন।
আমার বিবেচনায় শামসুর রাহমানের কবিজীবন আর কাব্যকীর্তি নিয়ে যত মূল্যায়ন হয়েছে তার মধ্যে হুমায়ুন আজাদের 'নিঃসঙ্গ শেরপা' বইটি সব থেকে উজ্জ্বল ও লাগসই। বাংলা কবিতার ইতিহাস, সমালোচনা সাহিত্যের আধুনিক এবং অপ্রতিদ্বন্দী ভিত্তি হিসেবে প্রায় তিনশ পাতার এই বইটি কোনোদিন প্রাসঙ্গিকতা হারাবে না, মনোযোগ দাবি রাখবে।

১৯৩০ এর দশকে রবীন্দ্রবিদ্রোহী তরুণ কবিগোত্রের প্রত্যেকের বয়স ছিল তিরিশের কোঠায় এবং রবীন্দ্রনাথের সঙ্গে বয়সের ব্যবধান ছিল চার দশকের মত। তরুণরা রবীন্দ্রনাথকে এবং তাঁর কাব্যরীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তরুণদের সামনে রবীন্দ্রনাথ ছিলেন কবিতার রাজা। রাজার রাজত্বের বিরুদ্ধে অনেকটা বিদ্রোহ। সেই বিদ্রোহ সফল আর বিফল সেই প্রশ্ন তুলছিল না। আদতে কবিতার কাজই হচ্ছে বিরাজমান ঐতিহ্য আর ভিত্তির উপর দাঁড়িয়ে নিজের রাজত্ব অক্ষুন্ন রাখা। কালে কালে এক একজন সফল কবি এমনটাই করেছেন। তা না হলে অনুকরণ আর অনুসরণের চোরাবালিতে কত প্রতিভা যুগে যুগে হারিয়ে যায়। তালিকা করে তাবৎ সাহিত্য একাডেমির দেয়ালে তাদের নাম ছেঁটে দিলেও আর পত্রিকায় সিন্ডিকেট করে তাদের নিয়ে আলোচনার পর আলোচনা এবং ছবি ছাপালেও পাঠক তাদের মনে রাখে না। মনে রাখে জীবনানন্দ দাশকে, কাজী নজরুল ইসলামকে। কেন রাখে, কারণটা আমরা জানি। একজন কবির রচনায় কাব্যভাষা যেমন জরুরি তেমনি রচিত কাব্যে, সময় ও বিষয়বস্তু উপেক্ষা করার জো নাই। আমার কথা বলার প্রসঙ্গ শাসসুর রাহমান।
হ্যাঁ, সামগ্রিক প্রশ্নেই শামসুর রাহমানের কবিতা জরুরি। আর এই গুরুত্বটা আর কেউ অইভাবে টের না পেলেও হুমায়ুন আজাদ ঠিকই বুঝতে পেরেছিলেন। তার ফলশ্রুতি শামসুর রাহমানের কবিতা নিয়ে অনন্য গ্রন্থ 'নিঃসঙ্গ শেরপা'। তিনি আসলেই কবিতার দুনিয়ায় এক নিঃসঙ্গ পর্বতারোহী। আদতে প্রকৃত কবিমাত্রই নিঃসঙ্গ এবং তাদের আরোহণ পর্বতের দিকে। তবে স্মরণ করতে চাই কবি কখনই আকাশচারী না। পর্বতারোহী হলে কবির পা কিন্তু ভূমিতেই, যাত্রা কেবল নিঃসঙ্গ। সেই নিঃসঙ্গতা এমনই তার সমসাময়িক কালে তাঁর আরোহণ সঙ্গী কেউ ছিলেন না।
'নিঃসঙ্গ শেরপা' বইটির পাতা উল্টাই। আর মনে পড়ে ১৮ শতকের দিনেমার সাহিত্য সমালোচক জর্জ ব্রান্ডেজ এর কথা যিনি সাহিত্য পরিমণ্ডলকে চোখে আঙ্গুল দিয়ে নরওয়ের কবি ও নাট্যকার হেনরিক ইবসেনকে আর সুইডিশ নাট্যকার অগাস্ট স্ট্রিন্ডবার্গকে চিনিয়েছিলেন। তেমনি বিগত শতকে সুইডিশ কবি, সুইডিশ একাডেমির সদস্য শিয়েল এস্পমার্ক যিনি টমাস ট্রান্সট্রয়মারের থেকে বছর দুই বয়োজ্যেষ্ঠ্য। তিনি টমাস ট্রান্সট্রয়মারের কবিতার মূল্যায়ন আর আলোচনা করে সাহিত্যগণ্ডির ধারণায় প্রভাব ফেলেন। এখানেই শেষ নয়, রবীন্দ্রনাথের সমসাময়িক কবি টিএস এলিয়টও আধুনিক কাব্যসমালোচনার এক অনন্য নজীর। তিনি সমসাময়িক অনেক কবির কবিতার যথাযথ বিশ্লেষণ করেন। এই পর্যায়ে বুদ্ধদেব বসুর কথা বলতেই হয়। তিনি কিভাবে জীবনানন্দ দাশকে আগলে রেখেছিলেন। কিভাবে তাঁর কবিতাকে চিনেছিলেন। তিনি কলম ধরেছিলেন কাজী নজরুল ইসলামের পক্ষেও। বুদ্ধদেব বসু চিনেন জীবনানন্দ দাশকে এবং নজরুলকে; হুমায়ুন আজাদ চিনলেন শামসুর রাহমানকে।

একটা জাতির জীবনে একজন রবীন্দ্রনাথ যেমন একবারই আসে, তেমনি শামসুর রাহমান হাজার বছরেও আসে কি না সন্দেহ। এ প্রসঙ্গে একটা বিষয় পরিস্কার করতে চাই। কেউ কেউ শামসুর রাহমান আর আল মাহমুদকে এক কাতারে মাপতে চান; সমান্তরালে রেখে মূল্যায়ন করতে চান। এই নিয়ে কারো কারো সচেতন স্বার্থ বা দূরভিসন্ধিও কাজ করে। এ ধরনের প্রবণতাকে উৎসাহিত করার কোন কারণ নাই। আল মাহমুদের কবিতা আর তাঁর কাব্যপ্রতিভাকে খাটো করার সুযোগ নাই। তাই বলে তাঁকে শামসুর রাহমানের সমকক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা নিঃসন্দেহে চতুরতা। বিষয়টা আমি পরিস্কার করতে চাই।
শামসুর রাহমানের আবির্ভাবের আগে বাংলা ভাষা আর বাংলা সাহিত্যের কেন্দ্র এবং রাজধানী ছিল কলকাতা। শামসুর রাহমানই বাংলা সাহিত্যে, বাংলা কবিতার এমন এক রাজা যিনি রাবীন্দ্র উত্তর পঞ্চকবির আধুনিক ঐতিহ্য ভূমির উপর দাঁড়িয়ে কবিতা, ভাষা ও সাহিত্যে এমন এক সিংহাসন নির্মাণ করলেন যার প্রধান নগর, প্রধান রাজধানী হল ঢাকা।
১৯৪৭ সালে বাংলা ভাগ হল। কিন্তু ১৯৪৭ সালের পর শামসুর রাহমানের হাত ধরে বাংলা কবিতার রাজধানী কলকাতা থেকে ঢাকা সরে এল। অন্যদিকে রাজনৈতিক ভূগোল ও রাজনীতির আরেক কবি বঙ্গবন্ধুও ঢাকাকে ঠিক ঠিক স্বাধীন রাজধানীর মর্যাদা দিলেন। বাংলার ভূমিকে স্বাধীনতা এনে দিলেন। বঙ্গবন্ধুর আগে পরে অনেক নেতা আছেন কিন্তু স্বাধীনতা কেউ দিতে পারেনি।
অন্যদিকে শামসুর রাহমানের আগে পর্যন্ত বাংলা কবিতার নাগরিক চেতনা বলতে কলকাতাই ছিল অবধারিত। ঢাকার অবস্থান ছিল মফস্বলীয়।
শামসুর রাহমানের আরেক পরিচয় ছিল নাগরিক কবি। এইখানে নাগরিক কবি মানে যে কবি নগরে বাস করেন সেই অর্থে নয়। এখানে এর অর্থ হচ্ছে নাগরিক চেতনা নাগরিক সভ্যতা, নাগরিক আধুনিকতা, নাগরিক কাণ্ডজ্ঞান অর্থে। এর সবকিছু শামসুর রাহমান তাঁর কবিতায় এনেছেন।

শামসুর রাহমানের কবিতা নিয়ে দুই একটি কথা বলা দরকার। তাঁর বহুল পঠিত একটি কবিতা হচ্ছে 'স্বাধীনতা তুমি'। বিদ্যালয়কেন্দ্রিক সাময়িকী সঙ্কলন বা দেয়ালপত্রিকার জন্যে কত ছেলে, কত মেয়ে যে এই আদলে কত বাহারি বিষয়ে কবিতার হাতেখড়ি করে তার খতিয়ান কি আমরা জানি? শামসুর রাহমান তাঁর যাপিত কবিজীবনে জাতি, রাষ্ট্র, জন্মভূমি, জনগোষ্ঠীর রাজনীতি জীবন ও ভূগোল যেভাবে কবিতায় তুলে ধরতে পেরেছেন, সাহিত্যের আর কোন শাখায় কারও কলমে সামগ্রিকভাবে সে চিত্র আর গল্প আসেনি।
শামসুর রাহমান এককভাবে সমগ্রের কণ্ঠস্বর, সময়ের সুর কান্না, হাসিকে ধরেছেন। সমাজের রূপান্তর, জনগোষ্ঠীর যাপিত সময় আর ইতিহাস তাঁর কাব্যে তুলে এনেছেন।
শামসুর রাহমান তাঁর কবিতায় যে বিষয়ে হাত দিয়েছেন, বুঝেশুনে দিয়েছেন। কবিতায় আধুনিকতায় যতরকম সম্ভাব্য পরত পরখ করা যায় তার প্রায় সবই শামসুর রাহমান পরখ করেছেন; কী যৌনতা, প্রেম, ভালবাসা, প্রকৃতি, রাজনীতি, প্রতিবাদ, বিদ্রোহ, উপহাস, উচ্ছাস, উদযাপন, উপলক্ষ, অভিবাদন কিছুই বাদ যায়নি।
কোনো কোনো মধ্যরাতে জেগে দেখি, আমার যুগল
উরুর একান্ত মোহনায় মুখ গুঁজে রয়েছে সে, ছলছল
নড়ে উঠলেই আমি, চেপে ধরে স্তন, জিভ তার
যেন মাছ, মারে ঘাই, কী-যে ঘেন্না লাগতো আমার
প্রথম প্রথম। আজ উপভোগ করি, বলা যায়, যথারীতি।
হুমায়ুন আজাদ বলেছেন, যৌনক্রিয়ার এমন বিবরণ, যা স্বীকারোক্তিমূলক ও তীব্র বাঙলা বর্ণমালায় এ-ই প্রথম লিপিবদ্ধ হল।
এরকম 'প্রথম' এর তালিকা শামসুর রাহমানের কবিতা অনেক; বাংলা কবিতায় এক একাকী পর্বতারোহী বলে কথা। 'আসাদের শার্ট' কবিতায় তিনি আসাদের শার্টকে পুরো বাংলাদেশ বলে একেঁছেন, এমন করে তার আগে সময়কে কে কবে ধরতে পেরেছেন?