২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় লেখকদের সাহিত্য পুরস্কার ফিরিয়ে দেয়া

সাইফ বরকতুল্লাহ

Published : 12 Oct 2015, 02:24 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

গত কয়েকদিনে ভারতের বর্তমান হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের নীতির সমালোচনা করে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর লাগাতার আঘাতের প্রতিবাদে একের পর এক কবি সাহিত্যিকরা পদক ফিরিয়ে দিলেন। নয়নতারা সাহগাল, অশোক বাজপেয়ী ও রেহমান আব্বাস, প্রখ্যাত কথাসাহিত্যিক ও কবি সারা জোসেফ পদক ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানালেন। ভারতে উত্তর প্রদেশের দাদরি গ্রামে ২৮ সেপ্টেম্বর রাতে মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে পিটিয়ে আর পাথর ছুঁড়ে হত্যা করা হয়। হামলায় আহত হয় আখলাকের ২২ বছর বয়সী ছেলেও। আখলাকের পরিবার গণমাধ্যমকে জানায়, তাদের ফ্রিজে খাসির মাংস ছিল, গরুর মাংস নয়। এ ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ভারতের রাজধানী দিল্লি থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের ওই গ্রামেই পরিবার নিয়ে বাস করে আসছিলেন খামারকর্মী আখলাক। তার ১৮ বছর বয়সী মেয়ে সাজিদা গণমাধ্যমকে জানায়, ঐদিন সোমবার রাতে গ্রামের ১শ'রও বেশি মানুষ তাদের বাড়িতে হামলা চালায়। বাসায় গরুর মাংস রাখার অভিযোগ তুলে তারা ঘরের দরজা ভেঙে ফেলে তার বাবা এবং ভাইকে পেটায়। আখলাককে ঘর থেকে টেনে বের করে নিয়ে গিয়ে পেটানো হয় ইট দিয়ে। আখলাকের মেয়ে ও স্ত্রী তখন পালিয়ে জীবন বাঁচিয়েছেন।

২.

সারা জোসেফ, প্রখ্যাত কথাসাহিত্যিক ও কবি। ১০ অক্টোবর শনিবার সাহিত্য আকাদেমিকে দেওয়া এক চিঠিতে বলেন, এই সরকারের সময় মানুষের ভেতর ভয় জাগ্রত হচ্ছে, সংকুচিত হচ্ছে স্বাধীনতা। এর প্রতিবাদে আমি আমার পদক ফিরিয়ে দিলাম। মালায়লাম ভাষায় লেখা তার 'আলাহায়ুরে পেনকামাল' উপন্যাসের জন্য ২০০৩ সালে সাহিত্য আকাদেমি পদক পান তিনি। সারা জোসেফ বলেন, 'লেখকরা হত্যার শিকার হচ্ছেন, নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছেন, গজলশিল্পীদের অনুষ্ঠান করতে নিষেধ করা হচ্ছে; এটা তো স্বাধীন ভারতভূমি না, যেখানে আমি বাস করছি।' এর আগের দিন শুক্রবার ভারতের উর্দু ভাষার প্রখ্যাত উপন্যাসিক রেহমান আব্বাস একই কারণে ওই পদক ফিরিয়ে দেন। একই দিন উপন্যাসিক শশী দেশপান্ডে সাহিত্য আকাদেমির জেনারেল কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন। এদিকে শনিবারই কেরালার আরেক খ্যাতিমান কবি কে সচ্চিদানন্দ সাহিত্য আকাদেমির কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

৩.

প্রবীণ লেখিকা নয়নতারা সাহগল। ভারতে সাহিত্যের জন্য দেয়া সেরা পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর 'ভয়াবহ আঘাতে'র প্রতিবাদেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন । ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাগ্নি ৮৮ বছরের নয়নতারা সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন ১৯৮৬ সালে। ২৯ বছর পর ৬ অক্টোবর সেই সম্মান ফিরিয়ে দেন তিনি। এসময় নয়নতারা বলেন, আমার দেশের সেই সব মানুষ যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণে, আত্মমর্যাদা নিয়ে চলার জন্য যে ভারতীয়রা লড়াই করে চলেছেন, তাঁদের সমর্থনে আর সেই সব হতভাগ্য ভারতীয়, যাঁরা ভয় আর অনিশ্চয়তায় দিনাতিপাত করে চলেছেন, তাঁদের প্রতি সহমর্মিতায় আমি আমার সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিলাম। পুরস্কার ফিরিয়ে দেয়ার সময় 'আনমেকিং অফ ইন্ডিয়া'- শিরোনামে তাঁর বিবৃতিতে নয়নতারা বলেছেন, হালে দাদরির নৃশংস ঘটনা, কন্নড় যুক্তিবাদী এমএম কলবার্গি, নরেন্দ্র দাভোলকার ও গোবিন্দ পানাসারেকে খুনের ঘটনাগুলিই আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পরে একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নয়নতারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী একেবারেই মুখে কুলুপ এঁটে রয়েছেন। তিনি একটিবারের জন্যও ওইসব খুনের নিন্দা করেননি। করার প্রয়োজনই বোধ করেননি। তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন, এমন খবরও পাইনি। সারা দেশের মানুষ চেয়েছিল, প্রধানমন্ত্রী কিছু বলুন। কারণ, দিনের পর দিন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।

৪.

নয়নতারার পর ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেন প্রথিতযশা লেখক অশোক বাজপেয়ী। ৭ অক্টোবর দাদরি হত্যাকাণ্ডের প্রতিবাদে ও নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে এ পুরস্কার ফেরত দিয়েছেন তিনি। ললিত কলা একাডেমির সাবেক চেয়ারম্যান বাজপেয়ী দাদরি হত্যা এবং একাধিক যুক্তিবাদীদের হত্যার ঘটনার নিন্দার পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকা নিয়ে প্রশ্ন তোলেন বাজপেয়ী। এ বিষয়ে বাজপেয়ী বলেছেন, 'নয়নতারা একেবারেই সঠিক কথা বলেছেন ' এছাড়া কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মাসহ বিভিন্ন নেতার সাম্প্রতিক মন্তব্যেরও নিন্দা করেছেন ৭৪ বছরের এই হিন্দি কবি, প্রবন্ধকার এবং সাহিত্য-সংস্কৃতির সমালোচক।

৫.
এদিকে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৮ অক্টোবর বলেন, বহুত্ববাদের সঙ্গে সহাবস্থান আমাদের সভ্যতার মৌলিক মূল্যবোধ। তা নষ্ট করে দেওয়াকে আমরা প্রশ্রয় দিতে পারি না। এদিন রাষ্ট্রপতির জীবন নিয়ে রাইসিনা হিলসে একটি বই প্রকাশিত হয়। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও। তাঁর সামনেই কথা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস পড়লেই দেখা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে বহু সভ্যতার পতন ঘটেছে। কিন্তু বহির্শত্রুর আক্রমণ সত্ত্বেও ভারতীয় সভ্যতার মৌলিক মূল্যবোধ নষ্ট হয়নি। সেটা মাথায় রেখে চললে ভারতীয় গণতন্ত্রের অগ্রগতি কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। আনন্দবাজার অনলাইন আরো জানায়, নয়নতারা সহগল ও অশোক বাজপেয়ীর মতো আরও কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা দাদরির ঘটনা নিয়ে মুখ খুলতে পারেন। এমনকী দিল্লিতে কবি-সাহিত্যিকরা একটি অরাজনৈতিক আলোচনা সভা করার কথাও ভাবছেন। যার মোদ্দা অর্থ হল, দাদরির ঘটনা নিয়ে ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের ওপর।

৬.
সাহিত্য অ্যাকাডেমির বর্তমান সভাপতি বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি বলেছেন, লেখকদের প্রতিবাদের ভাষা ভিন্ন হওয়া উচিত। কোনও স্বায়ত্তশাসিত সংস্থাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি বলেন, অ্যাকাডেমি পুরস্কার পদ্ম সম্মাননার মতো নয়। লেখকদের সৃষ্টির নিরিখেই তাঁদের অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। তাই এই পুরস্কার ফেরানোর কোনও অর্থ হয় না।

প্রেরণা নিতে পারেন বাংলাদেশি সাহিত্যিকরাও

পুরষ্কার ফেরত দেয়ার ঘটনা নতুন নয়। নোবেলসহ আরো বিভিন্ন সাহিত্য পুরস্কার ফেরত দেয়ার ঘটনা আমরা জানি। বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছে। একবার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। এই রাজনীতিবিদ মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর আগে, দেশ স্বাধীন হওয়ার পর মন্ত্রিত্ব নিতে অস্বীকার করেছিলেন তিনি। বিদেশেও অনেক সাহিত্যিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে পদক ফিরিয়ে দিয়েছেন। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের দেওয়া সাহসিকতার পদক ফিরিয়ে দিয়েছেন ডাচ নাগরিক হেংক জানোলি। নাৎসিদের হাত থেকে এক ইহুদি ছেলের প্রাণ বাঁচানোর জন্য তাকে রাইটাস অ্যামোং দ্যা নেশন্স নামের সাহসিকতার পদক দেওয়া হয়েছিল। ইসরায়েলি জঙ্গি বিমানের হামলায় গাজায় একটি চারতলা ভবন বিধ্বস্ত হয়ে তার ছয় আত্মীয় নিহত হওয়ার প্রতিবাদে হেগের ইসরায়েলি রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি লিখে এ পদক ফিরিয়ে দিয়েছিলেন হেংক জানোলি। এসব ঘটনা আমার কাছে মনে হয়েছে দেশপ্রেমের এক উজ্জল অনুকরণীয় বিষয়। শিল্প যখন মনের গহীন থেকে উঠে আসে তখন তা হয় সৃষ্টি আর যখন হৃদয়ের রক্তক্ষরণ থেকে উঠে আসে তখন ঘটায় বিপ্লব। যে বিপ্লব শিল্পী শুধু নিজের দেশেই নয়, ছড়িয়ে দেয় পৃথিবীর নানা দেশে। নানা প্রান্তে। মৃত্যুর পরেও যে শিল্প পায় অমরত্ব। এ থেকে প্রেরণা নিতে পারেন বাংলাদেশি সাহিত্যিকরাও।