উপসালায় মাতৃভাষা কবিতা উৎসব
আমাদের ভাষা-সাহিত্যের ঠিকানা রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকে চলে গেলেন বাংলা ভাগের বছর কয়েক আগে, ১৯৪১ সালে| সাম্রাজ্যবাদী ব্রিটিশ সাহেবদের খেদানোর পরেও তাঁর বিদায়ের এক দশকের মাথায় যে বাংলা ভাষা এবং বাঙালির জন্য অন্য এক বিপদ অপেক্ষা করছে তা কে জানত|
অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথও নিষিদ্ধ হলেন, বাংলা ভাষাকেও মুছে ফেলার পাকিস্তানি চক্রান্ত শুরু হল। ১৯৫২ বাঙালি এই চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। সেই দিন পাকিস্তানি পুলিশ প্রতিবাদী বাঙালির উপর নির্বিচারে গুলি চালায়|
সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হল, মাতৃভাষা বাংলা পেল রাষ্ট্র ভাষার মর্যাদা|
১৯৯৮ সালে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিল| সারা বিশ্বের মানুষ জানতে পারল বাংলা ভাষা ও বাঙালি জাতির গর্বের ইতিহাস|
আরও একটি ঘটনা উল্লেখ করা দরকার|আর তা ১৯১৩ সালে হচ্ছে বাঙালি কবি রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তি| তিনি হচ্ছেন ইউরোপ মহাদেশের বাইরে প্রথম নোবেল পুরস্কারে ভূষিত প্রতিভা| এই ঘটনা ছিল বাঙালির জন্য গুরুত্বপূ্র্ণ আন্তর্জাতিক সংবাদ|
রবীন্দ্রনাথ এবং ২১ ফেব্রুয়ারি বিদেশের মাটিতে কতটা তাৎপর্যপূর্ণ তা বলার জন্য দু-একটি বিষয় বলা দরকার| গোথেনবার্গ বইমেলায় এক অনুষ্ঠানে আমাকে প্রশ্ন করেছিল একজন বাঙালি হিসেবে রবীন্দ্রনাথকে কীভাবে দেখি|আমি আমার মনের কথা সহজ করে বলেছিলাম|রবীন্দ্রনাথ হচ্ছেন বাংলাদেশের একজন মানুষের জন্য, একজন বাঙালির জন্য দ্বিতীয় পাসপোর্ট|
এই যোগসূত্রে যদি প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথের নোবেল ঘটনার পর বাঙালির আন্তর্জাতিক সাংস্কৃতিক ঘটনা কোনটি| আমি বলব, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস| দুনিয়ার যে প্রান্তেই এই দিবস উদযাপন করা হোক, বাংলা ভাষা এবং বাংলাদেশ প্রসঙ্গ আসবেই|
অতিথি লেখক হিসেবে বছর কয়েকের জন্য সুইডেনের প্রাচীন বিশ্ববিদ্যাল শহর উপসালায় উপস্থিত হবার পর ২০১০ সালে উপলব্ধি করেছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি এখানে কীভাবে স্মরণ করা যায়| বিদেশের প্রচার মাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গ মানেই মন খারাপ করা–আহা উহু ধরনের নেতিবাচক সংবাদ| প্রচার মাধ্যমের এই বর্ণবাদী চরিত্র আদৌ বদলাবে কি!
এ রকম বাস্তবতায় বিদেশের মাটিতে রবীন্দ্রনাথ আমাদের জন্য বড় সহায়, তা হারে হারে টের পাই যে| সেই সঙ্গে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস|
দিবসটি উদযাপনের জন্য ২০১০ সালে আমরা মাতৃভাষা কবিতা উৎসব শুরু করেছিলাম| এবার ছিল উৎসবের পাঁচ বছর| অনুষ্ঠানের উপস্থাপিকা ভিকস একাডেমির সৃজনশীল লেখালেখির শিক্ষক আনালেনা অবেরি উদ্বোধনী কথামালায় আমাদের ভাষা আন্দোলনের উপর সুন্দরভাবে আলোকপাত করলেন| উৎসবে দুনিয়ার নানা ভাষার কবিরা তাদের মাতৃভাষায় এবং সুইডিশ অনুবাদে কবিতা পড়েন|
উৎসবটি আন্তর্জাতিক প্রচারমাধ্যম, সুইডিশ একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি লাভ করে| সুইডিশ একাডেমি, সংস্কৃতি পরিষদ এবং উপসালা প্রাদেশিক কর্তৃপক্ষ উৎসবে আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে|
এবারকার উৎসবে সুইডেনের বয়োজ্যেষ্ঠ কবি ৯২ বছর বয়সী কার্ল ইউরান একেরবল্ড সন্মানিত অতিথি হিসেবে যোগ দেন| উৎসবটির আয়োজক প্রতিষ্ঠান উপসালা সাহিত্য কেন্দ্রের কর্ণধার কবি লার্স হ্যাগার সামনের কবিতা উৎসবে যোগ দিতে বাংলাদেশে আসবেন| সুইডেনের মাতৃভাষা কবিতা উৎসব দুই দেশের সাহিত্য যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হতে পারে|
