পাঠ্যসূচিতে মেধাস্বত্ব আইন অন্তর্ভুক্ত করার দাবি
কপিরাইট আইনের প্রয়োগ নেই
কপিরাইট আইন প্রয়োগ করে সরকার কোটি কোটি টাকা আয় করতে পারে বলে মন্তব্য করেছেন কপিরাইট বোর্ডের সদস্য জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক সেমিনারে তিনি বলেন, এ আইন প্রয়োগ না করার কারণে কপিরাইট বোর্ডও ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কপিরাইট অফিসের উদ্যোগে 'বাংলাদেশে কপিরাইট: সমীক্ষা, সুরক্ষা ও সুফল ' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি একথা বলেন।
মেধাস্বত্ব আইনটি যথাযথ প্রয়োগ হলে রাষ্ট্রের পাশাপাশি মেধাস্বত্বাধিকারীও আর্থিকভাবে লাভবান হবেন বলে মন্তব্য করে আন্তর্জাতিক কপিরাইট বিশেষজ্ঞ মুহম্মদ নূরুল হুদা আরো বলেন, বাংলাদেশে অমর একুশের গ্রন্থমেলায় কপিরাইট লঙ্ঘিত হয়। বিশেষতঃ কবিতা ও প্রবন্ধের ক্ষেত্রে নকলের প্রবণতা বেড়ে গেছে। এই সুযোগে প্রকাশকরাও তরুণ লেখকদের ঠকিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে কবি লেখক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী, সংগীত ও চিত্রশিল্পী সচেতন হলেই কপিরাইট অনেকটা সম্ভব হবে। কপিরাইটের সুফল পাওয়ার জন্য কপিরাইট আইনকে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার উদ্বোধন করেন স্থানীয় সরকার অধিদপ্তর কক্সবাজারের পরিচালক আলাউদ্দিন খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিষ্ট্রার মনজুর মোর্শেদ চৌধুরী। এসময় মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, সাংবাদিক বদিউল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কবি ছড়াকার আহসানুল হক, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লীলা মুরং, অধ্যাপক মকবুল আহমদ, নজরুল ইসলাম বক্সী, আবৃত্তিকার জসীম উদ্দিন বকুল, নাট্যজন কামরুল হাসান, কবি হাসিনা চৌধুরী লিলি, সিরাজুল হক সিরাজ, মনির ইউসুফ, কালাম আজাদ, ওসমান গনি, আনোয়ার হোসেন প্রমুখ।
সেমিনারে কক্সবাজার জেলার কবি, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক, গীতিকার, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রকৃত সদাচারি মানুষ কবি মাসউদ শাফি
জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন, কবিরা ভালো মানুষ। কবিরা কল্যাণকামী। অন্য সকল কবিদের মতো কবি মাসউদ শাফিও প্রকৃত সদাচারি ছিল। ব্যক্তি চরিত্রের ত্রুটি বিচ্যুতির অধিক পবিত্র ছিল তার সৃষ্টি স্বপ্ন ও কর্ম প্রয়াস। বুধবার সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে কবি মাসউদ শাফি নাগরিক শোকসভা উদযাপন পরিষদ আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এ সভার নাম নাগরিক শোক সভা। কিন্তু কবি লেখকদের কেন এ সভা আয়োজন করতে হলো? কক্সবাজারের নাগরিক সমাজ, সংগঠন ও রাজনীতিবিদরা কোথায় গেলেন? নাগরিকতার যে উচ্চবোধ সৃষ্টিতে কবি ভাবুকরা কাজ করে যাচ্ছেন, তেমন অগ্রসর সমাজ বিনির্মাণের আর কত দেরী? মাসউদ শাফি অন্যদের জন্য অনুকরণযোগ্য, মুগ্ধকর পংক্তি রচনায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। সে একই সাথে সমতা ও মমতায় সমর্পিত হয়েছিল। প্রতিভাবান বহু মনীষীর পথ ধরে মাসউদও অকাল প্রয়াত হয়েছেন। কিন্তু স্মরনীয় হবার মতো দুনিয়ার বহু লেখকের একটি প্রতীকী নাম হতে পারে কবি মাসউদ শাফি। সে এখন প্রীতি অপ্রীতির ঊর্ধ্বে। এখন তার চিরউপস্থিতি আমাদের শিল্পীজীবন উদযাপনের মঞ্চে। সাহিত্যের কলাকৌশল বা ব্যাকরণের বাইরে থেকে মাসউদ প্রাণিধানযোগ্য উজ্জ্বলতার দ্যুতি ছড়িয়েছে। শাফির ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতা ও গদ্য রচনাগুলো পাওয়ামাত্র সংগ্রহ ও সংরক্ষণ করে একত্রীকরণ করে প্রকাশের ব্যবস্থা করতে হবে।
কবি মাসউদ শাফি নাগরিক শোক সভা উদযাপন পরিষদের আহ্বায়ক কবি সিরাজুল হক সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি মানিক বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকাহত নাগরিক শোক সভায় বক্তব্য রাখেন কবি এডভোকেট সুলতান আহমেদ, রুহুল কাদের বাবুল, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবি আদিল চৌধুরী, কবি কামরুল হাসান, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আহমদ, জেলা খেলাঘর আসরের সভাপতি জাহেদ সরওয়ার সোহেল, অধ্যাপক রুহুল কাদের, কবি-প্রাবন্ধিক খালেদ মাহবুব মোর্শেদ, অধ্যাপক সরওয়ার কামাল, কবি শামীম আকতার, সংগীত শিল্পী আবদুশ শুক্কর আজাদ, সাবেক ছাত্র নেতা করিম উল্লাহ কলিম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক শংকর বড়ুয়া রুমি, কবি মনির ইউসুফ, নুপা আলম, মাহবুব রোকন, কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ শহীদ, কক্সবাজার জেলা ছাত্রমৈত্রীর যুগ্ন আহ্বায়ক মনির মোবারক, সাবেক ছাত্র নেতা সোহাগ চৌধুরী, সাবেক ছাত্রনেতা কবি জসিম আজাদ, নিলয় রফিক।
অকাল প্রয়াত কবি মাসউদ শাফির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সংস্কৃতি কর্মী ইসমত আরা ইসু। মাসউদ শাফির কবিতা আবৃত্তি করেন উদীচী শিল্পী গোষ্ঠীর আবৃত্তি বিভাগের প্রধান আশুতোষ রুদ্র। কবি মাসউদ শাফিকে নিবেদিত কবিতা পাঠ করেন সিরাজুল কবির বুলবুল, নিধু ঋষি, জি কে ধর প্রমুখ।
নাগরিক শোক সভায় মাসউদ শাফির প্রকাশিত ও অপ্রকাশিত লেখা সংগ্রহ করে মাসউদ শাফি রচনা সমগ্র প্রকাশের প্রস্তাবনা উত্থাপন করা হয়।
