২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীতের জাগরণ: পূর্ব ও পশ্চিমের মিলন

গোলাম মুরশিদ

Published : 16 Oct 2020, 01:36 PM

Updated : 03 Oct 2022, 11:23 AM


উনিশ শতকের আগে পর্যন্ত সাধারণ মানুষ গান শুনতে যেতো, বিশেষ করে ধর্মীয় গান। কিন্তু গান-বাজনার চর্চা করতো না। উনিশ শতকে সেটা আর অমন থাকলো না। এ সময়ে ভাষা ও সাহিত্যের সঙ্গে সংগীতেরও অভূতপূর্ব প্রসার ঘটে। তখন যে-নবজাগরণ অথবা রেনেসন্স লক্ষ করি, তারই অন্যতম বহিঃপ্রকাশ হয়েছিলো সংগীতে। এর একটি প্রধান কারণ ইউরোপের সঙ্গে যোগাযোগ। এই যোগাযোগর ফলে বাঙালিরা ইংরেজি গান গাইতে শুরু করলো না; কিন্তু ইংরেজদের দৃষ্টান্তগুলো দেখে তার কাছ থেকে শিক্ষা নিলো।
১. আগেকার সময়ের সঙ্গে তুলনা করলে, উনিশ শতকে সংগীতের ক্ষেত্রে কতোগুলো নতুন জিনিশ লক্ষ করি। যেমন, আগে সংগীত ছিলো গুরুমুখী। গুরু দয়া করে রাজি হলে তাঁর কাছ থেকে শিখতে হতো। বেশির ভাগ সময়ে তাঁর বাড়িতে থেকে। টাকাপয়সা দিয়ে গানের স্কুলে ভর্তি হয়ে গান শেখার উপায় ছিলো না। কিন্তু নতুন যুগে সে রকম ব্যবস্থা হলো।
২. আগেকার যুগে বই থেকে গান শেখা যেতো না। কারণ গানের কোনো সংকলন ছিলো না। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো, গানের কথাগুলো কারও কাছ থেকে জোগাড় করা গেলেও সুর জানার উপায় ছিলো না। স্বরলিপি অথবা স্বরলিপির ধারণাই ছিলো না। কিন্তু উনিশ শতকে বাংলায় স্বরলিপি লেখার কৌশল উদ্ভাবন করলেন—একজন নয়, কয়েকজন। এ দৃষ্টান্ত বাঙালিরা উত্তর ভারতের ওস্তাদদের কাছ থেকে নয়, পেয়েছিলো ইংরেজদের কাছ থেকে। আমরা আগেই লক্ষ করেছি, ইংরেজ এক সংগীতজ্ঞ উইলিয়াম হ্যামিল্টন ব্যর্ড ১৭৮৯ সালে তিরিশটি বাংলা-সহ ভারতীয় গানের স্বরলিপি প্রকাশ করেছিলেন। এগুলোর মধ্যে একটি ছিলো টপ্পা গান, নিধুবাবু ১৭৯৪ সালে যে-টপ্পা প্রবর্তনের আগেকার টপ্পা। এখনো সেই স্বরলিপি বাজিয়ে সেই গানের সুরটি আবিষ্কার করা যায়।
৩. গান শেখার আরও একটা বাধা ছিলো। সে হলো: গলাটাকে সঠিক স্বরে লাগানো এবং সেই স্বরে ধরে রাখা। তানপুরা দিয়ে এ কাজ করা দক্ষ গায়কের পক্ষে সম্ভব; কিন্তু শৌখীন গায়কের পক্ষে সম্ভব নয়। বিশেষ করে যারা দু-চার দিন সারেগামা করেই গান শিখে ফেলতে চায়, তাদের জন্যে। কিন্তু হারমোনিয়াম এসে কাজটাকে জলের মতো সহজ করে দিলো। হারমোনিয়াম এসেছে, অর্গ্যান থেকে। অর্গ্যান একটা বিরাট যন্ত্র, দামও অনেক। অপর পক্ষে, হারমোনিয়াম ছোট্টো, শস্তা একটা জিনিশ। আঠারো শতকের শেষ দিকে – আরও সুনির্দিষ্ট করে বললে ১৭৮০ সালে – কোপেনহেগেনের একজন ডাক্তার ক্রাৎজেনস্টাইন এই যন্ত্রটি আবিষ্কার করেন। তবে কেউই এটি ব্যবসায়িক ভিত্তিতে তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। কারণ অর্গ্যান দিয়েই কাজটা চলছিলো। শেষ পর্যন্ত ১৮৪২ সালে হারমোনিয়াম তৈরি হলো প্যারিসে। আর কলকাতায় হারমোনিয়াম তৈরি হলো তার ৩৩ বছর পরে। সে কাজটা করলেন একজন বাঙালি, নাম দ্বরকানাথ ঘোষ। অমনি ঘরে ঘরে হারমোনিয়াম ছড়িয়ে পড়লো। হারমোনিয়াম আর স্বরলিপি—দুই মিলে গান শেখার পথটাকে একেবারে সহজ করে দিলো।
৪. গান সম্পর্কে জানার পথও খুলে গেলো। রাগরাগিণী এবং গানের ইতিহাস জানার জন্যে রীতিমতো গবেষণা আরম্ভ হলো। কেউ গবেষণা করে বই লিখলেন রাগরাগিণী সম্পর্কে। কেউ খুঁজে বের করলেন, প্রাচীন ও মধ্যযুগে সংগীত বিষয়ে যেসব গ্রন্থ লেখা হয়েছিলো, সেসব গ্রন্থ। কেউ লিখলেন, ভারতীয় সংগীতের ইতিহাস। কেউ-বা প্রাচীন কালে প্রচলিত ছিলো, এমন লুপ্ত বাদ্যযন্ত্র নতুন করে তৈরি করলেন। কেউ ভারতবর্ষের সংগীতের সঙ্গে ইউরোপ-অ্যামেরিকার পরিচয় করিয়ে দিলেন।

উনিশ শতকে ইউরোপের হাওয়া লেগে আমাদের গানের পাল কী রকম ফুলে উঠলো, তার দৃষ্টান্ত দেবো কয়েকজন সুপরিচিত সংগীতজ্ঞের কর্মকাণ্ডের আলোচনা ও বিশ্লেষণ করে। এঁদের মধ্যে সবার আগে জন্মেছিলেন ক্ষেত্রমোহন গোস্বামী—১৮২৩ সালে। বাকি কজনের জন্ম ১৮৪০-এর দশকে। ক্ষেত্রমোহন বিশেষ করে শিখেছিলেন ধ্রুপদ। শেখার জন্যে তিনি কোনো স্কুলে যাননি। তাঁর গুরু ছিলেন বঙ্গদেশে ধ্রুপদের আদি পুরুষ রামশঙ্কর ভট্টাচার্য। গুরুর বাড়িতে থেকে তাঁকে শিখতে হয়েছিলো। তিনি যন্ত্রসংগীত শেখেন কাশীর বীণকার লক্ষ্মীপ্রসাদ মিশ্রের কাছে। ফলে কণ্ঠ ও যন্ত্রসংগীত উভয়ে দক্ষতা অর্জন করেন। তিনি যতীন্দ্রমোহন ঠাকুরের সংগীত-সভার প্রধান হিসেবে নিযুক্ত হন। নানা উপায়ে তিনি সংগীতকে ছড়িয়ে দেবার কাজে জীবন অতিবাহিত করেন। যেমন, তাঁর প্রধান গ্রন্থ সংগীতসারে তিনি রাগরাগিণীর পরিচয় দিয়েছিলেন। কেবল রাগরাগিণীর পরিচিতি নয়, তিনি অকারমাত্রিক স্বরলিপি উদ্ভাবন করেন। এ দিয়ে তিনি অর্কেস্ট্রার স্বরলিপি প্রকাশ করেছিলেন। তিনি একটি সংগীতসম্পর্কিত মাসিক পত্রিকাও প্রকাশ করেছিলেন। কিন্তু সংগীতে তিনি সবচেয়ে বড়ো অবদান রেখেছিলেন সংগীত-শিক্ষক হিসেবে। তাঁর বিখ্যাত শিষ্য শৌরীন্দ্রমোহন ঠাকুরের প্রতিষ্ঠিত বঙ্গসংগীত শিক্ষালয় এবং বেঙ্গল একাডেমি অব মিউজিকের প্রধান শিক্ষক ছিলেন। প্রথমটি স্থাপিত হয় ১৮৭১ সালে। আর দ্বিতীয়টি ১৮৮১ সালে। দ্বিতীয় বিদ্যালয়ে উচ্চতর শিক্ষা দেওয়া হতো।


ছবি: শৌরীন্দ্রমোহন ঠাকুর
যতীন্দ্রমোহনের ছোটো ভাই শৌরীন্দ্রমোহন সেকালের শ্রেষ্ঠ সংগীতজ্ঞ। তিনিও তাঁর গুরু ক্ষেত্রমোহন গোস্বামীর মতো কণ্ঠ ও যন্ত্রসংগীতে শিক্ষা লাভ করেন। তিনি পিয়ানো বাজানো শিখেছিলেন এক জর্মান সংগীতজ্ঞের কাছ থেকে। বীণা ও সেতার বাজানো শিখেছিলেন যথাক্রমে লক্ষ্মীপ্রসাদ মিশ্র এবং সাজ্জাদ খানের কাছ থেকে। তিনিও তাঁর গুরু ক্ষেত্রমোহন গোস্বামীর মতো অর্কেস্ট্রা সংগীতে উৎসাহী ছিলেন। এবং স্বরলিপি প্রকাশ করেন। তাঁর আর-এক অবদান তিনি প্রাচীন লুপ্ত বাদ্যযন্ত্র পুননির্মাণ করেন। কেবল তাই নয়, তিনি প্রাচীন সংগীতের ইতিহাস রচনা করেন। তিনি বিশটিরও বেশি বই প্রকাশ করেন, বেশির ভাগই ইংরেজিতে। কারণ তাঁর ইচ্ছে ছিলো আমাদের দেশের সংগীতের সঙ্গে আন্তর্জাতিক সমাজের পরিচয় করিয়ে দেবেন।
সংগীতে তাঁর অবদানের জন্যে তিনি অক্সফোর্ড ও ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব মিউজিক উপাধি লাভ করেন। তা ছাড়া, তিনি ইউরোপের অনেকগুলো দেশ এবং পারস্য দেশ থেকে রাষ্ট্রীয় সম্মান লাভ করেন।
শৌরীন্দ্রমোহনের মতো আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। তিনিও বার্লিন ও ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্স ও ইটালি থেকে প্রশংসাপত্র ও পদক লাভ করেন। রত্নাবলী নাটকে অভিনয় করে খ্যাতি লাভ করেন কালীপ্রসন্ন। সংগীতের মস্ত সমঝদার ওয়াজিদ আলি শাহ তাঁর বাজনা শুনে মুগ্ধ হয়েছিলেন। তিনি সেতার, সুরবাহার এবং ন্যাসতরঙ্গ বাজনায় অত্যন্ত দক্ষতা অর্জন করেছিলেন। তাঁর গুরু ক্ষেত্রমোহনের মতো তিনি বেঙ্গল একাডেমি অব মিউজিক-সহ একাধিক সংগীত বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন।

ক্ষেত্রমোহনের তৃতীয় শিষ্য কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় বর্ণাঢ্য চরিত্রের মানুষ ছিলেন। কৈশোরে তিনি দেশীয় এবং পাশ্চাত্য সংগীত শেখেন। তবে পাশ্চাত্য সংগীত কতোটুকু শিখেছিলেন অথবা কার কাছে শিখেছিলেন, তা জানা যায় না। মনে হয়, পিয়ানো বাজানো এবং পাশ্চাত্য স্বরলিপি পদ্ধতি তিনি ভালো করেই শিখেছিলেন। পরে এই বিদ্যা কাজে খাটিয়ে একটি গ্রন্থ রচনা করেন। সংগীত ছাড়া তিনি অভিনয় করতেও শিখেছিলেন। স্কুলের লেখাপড়াতেও ভালো ছিলেন। এন্ট্রেন্স পরীক্ষায় বৃত্তি পেয়ে পাশ করেছিলেন তিনি। তারপর ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে।
মাইকেল মধুসূদন যে-নাটকের অনুবাদ করতে গিয়ে বাংলা ভাষায় লেখার প্রেরণা লাভ করেছিলেন, সেই 'রত্নাবলী' নাটকে কালীপ্রসন্নের মতো কৃষ্ণধন প্রধান ভূমিকায় অভিনয় করেন ১৮৫৮ সালে। এই নাটকের অভিনয়ের সঙ্গে যতীন্দ্রমোহন ঠাকুর ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ওদিকে, যতীন্দ্রমোহনের সংগীত সভার প্রধান সদস্য ছিলেন ক্ষেত্রমোহন গোস্বামী। তাই যতীন্দ্রমোহনের অনুরোধে ক্ষেত্রমোহন রত্নাবলীর অভিনয়ের জন্যে একটি অর্কেস্ট্রার দল গঠন করেছেলেন। এবং এই অর্কেস্ট্রার জন্যে স্বরলিপিও প্রস্তুত করেছিলেন। এটা কিশোর কৃষ্ণধনকে আকৃষ্ট করেছিলো।
পরের বছর কৃষ্ণধন অভিনয় করেন মাইকেলের শর্মিষ্ঠা নাটকে। এ নাটকে গান ছিলো এবং তা স্বকণ্ঠে গেয়েছিলেন কৃষ্ণধন। গান শুনে ক্ষেত্রমোহন তাঁকে গান শেখাতে রাজি হন। অতঃপর তাঁর কাছে কৃষ্ণধন ৬/৭ বছর গান শেখেন। কর্মজীবন শুরু করতে তিনি যান গোয়ালিয়রে— স্কুলে পড়ানোর চাকরি নিয়ে। সেখানে অবসর সময়ে তিনি সেতার শিখতেন ওস্তাদ আহমদ খানের অধীনে। তা ছাড়া, তিনি বই লিখতে আরম্ভ করেন। তাঁর প্রথম বই চীনের ইতিহাস প্রকাশিত হয় ১৮৬৬ সালে। তাঁর বয়স তখন ঠিক বিশ। পরের বছর তিনি প্রকাশ করেন সংগীত বিষয়ে তাঁর প্রথম বই বঙ্গৈকতান। ঐকতান বা অর্কেস্ট্রা তখনও বাঙালির আয়ত্তে আসেনি।
এ বই প্রকাশের পর গোয়ালিয়র থেকে তিনি চাকরি নিয়ে কুচবিহারে যান। সেখানে থাকার সময়ে আরও দুটো বই প্রকাশ করেন। দুটিই সংগীত শিক্ষার বই। তার মধ্যে প্রথমটির নাম Hindustanee Airs Arranged for the Piano Forte (পিয়ানো ফোর্টিতে বাজানোর জন্যে সংকলিত হিন্দুস্তানী গান)। এ বই তিনি কাদের জন্যে লিখেছিলেন, ইংরেজদের জন্যে, নাকি বাঙালিদের জন্যে, বলা মুশকিল। কিন্তু এ কথা বলা যায় যে, তখন সংগীতপ্রেমী বাঙালিদের একাংশে পাশ্চাত্য সংগীতের প্রতি রুচি নির্মিত হোক, অথবা নাই হোক, অন্তত কৌতূহল সৃষ্টি হয়েছিলো।
১৮৭২ সালে তিনি কুচবিহার থেকে ফিরে আসেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পান। তাঁর কর্মস্থান হয় দার্জিলিং। আর কী অসুবিধে হয়েছিলো, জানা যায় না। কিন্তু সংগীতের জন্যে তিনি যতোটা সময় দিতে চাইছিলেন, ডেপুটির চাকরি করে তিনি ততোটা সময় দিতে পারছিলেন না। তাই যে-চাকরি ছিলো তখনকার বাঙালিদের কাছে সবচেয়ে বাঞ্ছিত বস্তু, সে চাকরি ছেড়ে দেন কৃষ্ণধন।

১৮৭৪ সালে তিনি দার্জিলিং থেকে কলকাতায় ফিরে আসেন। এবার তাঁর স্বপ্নপূরণের জন্যে তিনি একটি গানের স্কুল খুললেন আর সংগীত নিয়ে গবেষণা শুরু করলেন। কিন্তু বেশি দিন চললো না সে স্কুল। এদিকে টাকাপয়সা যা ছিলো, তা খরচ হয়ে গিয়েছিলো স্কুল করতে গিয়ে। আগেই আমরা তাঁকে অভিনয় করতে দেখেছি। কলকাতায় জনরঙ্গমঞ্চ স্থাপিত হয়েছিলো ১৮৭২ সালের ডিসেম্বরে। সেখানে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটারের হাল ধরতে চেষ্টা করলেন। কিন্তু তাতেও জুৎ করতে পারেননি। তখন তিনি ফিরে যান কুচবিহারে। তারপর সেখান থেকে আসামে। কিন্তু ভাগ্য ফেরাতে পারেননি।
আমরা যাঁদের কথা বললাম, তাঁরা সবাই কমবেশি পাশ্চাত্য এবং দেশীয় সংগীত শিখেছিলেন। সবাই কণ্ঠ এবং বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন। তাঁরা সবাই লক্ষ করেছিলেন যে, সংগীতের ক্ষেত্রে নতুন যুগ আসছে। সবাই সংগীত নিয়ে গবেষণা করেছিলেন, গ্রন্থ প্রকাশ করেছিলেন। স্বরলিপির গুরুত্ব অনুধাবন করেছিলেন।
(চলবে)