বাংলা গানে ব্রহ্মসংগীতের প্রভাব
বাংলা ভাষায় প্রথম নাটক ছাপা হয়েছিলো ১৮৫২ সালে। আর প্রথম নাটকের অভিনয় হয়েছিলো তার পাঁচ বছর পরে। তাই থিয়েটারের প্রয়োজনে নতুন ধরনের যে-গান লেখা হয়েছিলো, তা সবই উনিশ শতকের দ্বিতীয় ভাগে। কিন্তু তার আগে রচিত হয়েছিলো আর-এক ধরনের গান। তার নাম ব্রহ্মসংগীত। এ নাম দিয়েছিলেন রামমোহন রায়। তিনি এক-ঈশ্বরে বিশ্বাস করতেন। সেইে এক-ঈশ্বরকে নিয়ে আলোচনা এবং তাঁর উপাসনা করার জন্যে ১৮২৮ সালে তিনি একটি সভা স্থাপন করেন। নাম ব্রাহ্মসভা। সেই সভার জন্যে তিনি লিখেছিলেন ব্রহ্মসংগীত। অন্যরাও লিখেছিলেন। এমন কি, নিধুবাবুও অন্তত একটা গান লিখেছিলেন ব্রাহ্মসভার জন্যে। ব্রহ্মসংগীত মানে এক-ঈশ্বর বন্দনার গান। পুরো উনিশ শতক ধরে এ গান লিখেছিলেন বহু জন। এমন কি, বিশ শতকের প্রথম কয়েক দশকও অব্যাহত ছিলো এই গানের ধারা।
আগেই বলেছি, রামমোহন ধ্রুপদ আর টপ্পা গান শিখেছিলেন কালী মীর্জার কাছে। তিনি যখন ব্রহ্মসংগীত রচনা করলেন, তখন এই দু ধরনের গান দিয়েই প্রভাবিত হয়েছিলেন। বিশেষ করে প্রভাবিত হয়েছিলেন ধ্রুপদের আঙ্গিক দিয়ে। তাঁর গানে ধ্রুপদের মতো চারটি তুক থাকতো। তাঁর একটা গানের কথাগুলো দেখলেই আমরা এটা বুঝতে পারবো। রামমোহন লিখেছিলেন:
মনে কর শেষের দিন সে ভয়ঙ্কর
অন্যে বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর।
যার প্রতি যত মায়া কিবা পুত্র কিবা জায়া
তার মুখ চেয়ে তত হইবে কাতর।
গৃহে হায় হায় শব্দ সম্মুখে স্বজন স্তব্ধ
দৃষ্টিহীন নাড়ী ক্ষীণ হিমকলেবর।
অতএব সাবধান ত্যজ দম্ভ অভিমান
বৈরাগ্য অভ্যাস কর সত্যেতে নির্ভর।
বিশ্লেষণ করলে এ গানের কয়েকটা বৈশিষ্ট্য চোখে পড়ে। সবার আগে চোখে পড়ে এর কাঠামো। আট পংক্তির এই গানটিকে চারটি তুকে ভাগ করা হয়েছে। প্রথম দু পংক্তি স্থায়ী, তারপরের দু পংক্তি অন্তরা। তারপরে দু পংক্তি করে সঞ্চারী আর আভোগ। পরিষ্কার বোঝা যাচ্ছে, এটি একটি ধ্রুপদ—বাংলা ধ্রুপদ। এর দ্বিতীয় বৈশিষ্ট্য এর ভাষা ও ছন্দ। এর ছন্দ এবং অন্ত্যমিল নিখুঁত। কিন্তু এর ভাষাটা ঠিক গানের ভাষা নয়। গানের ভাষা সাধারণত সহজ ও সাংগীতিক হয়ে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য এর বিষয়বস্তু। এতে মৃত্যুর সময়কার বর্ণনা দেওয়া হয়েছে। কথাগুলে সবই সত্য। কিন্তু গানের উপযুক্ত নয়। গান না-বলে একে বলা যেতে পারে ধর্মসভায় দেওয়া পাদ্রীর উপদেশ।
এই মাত্র বলেছি, রামমোহন ব্রহ্মসংগীত রচনা করেছিলেন তাঁর প্রতিষ্ঠিত ব্রাহ্মসভার জন্যে। তারপর তিনি বিলেতে যান ১৮৩০ সালে। কিন্তু নিজের দেশে তিনি আর ফিরতে পারেননি। সেখানেই মারা যান ১৮৩৩ সালে। এর পর তাঁর সাধের ব্রাহ্মসভা বেঁচে থাকে কোনোমতে।
এদিকে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরও বিশ্বাস করতেন এক-ঈশ্বরে। তিনি ব্রাহ্মসভার হাল ধরে থাকলেন। তাঁর বয়স তখন বিশ বছরও হয়নি। ১৮৪৩ সালের ডিসেম্বর মাসে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। তাঁর সঙ্গে দীক্ষা নেন তাঁর মতো এক-ঈশ্বরে বিশ্বাসী আরও কয়েকজন। অমনি ব্রাহ্মসভা হঠাৎ যেন প্রাণ ফিরে পেলো। দেবেন্দ্রনাথ অবশ্য ব্রাহ্মসভার নাম পাল্টে দিলেন। এর নতুন নাম হলো ব্রাহ্মসমাজ। আর ব্রাহ্ম আন্দোলনকে তিনি প্রচার করলেন একটি ধর্মীয় আন্দোলন—একেশ্বরবাদী ধর্মীয় আন্দোলন হিসেবে। এই সমাজের পক্ষ থেকে তিনি একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। এর নাম দিলেন 'তত্ত্ববোধিনী পত্রিকা'। এই পত্রিকায় অনেক ব্রহ্মসংগীত প্রকাশিত হয়েছিলো। সেসব গান গাওয়া হতো ব্রাহ্মসমাজের উপাসনা অনুষ্ঠানে। এই উপাসনা অনুষ্ঠানে গান গাওয়া ছাড়া পাঠ করা হতো বেদ-উপনিষদ থেকে। ব্রাহ্মসমাজের জন্যে তাই পরবর্তী এক শো বছরে বহু ব্রহ্মসংগীত রচনা করেছিলেন নানাজন।
রামমোহনের মতো দেবেন্দ্রনাথ ঠাকুরও ব্রহ্মসংগীত রচনা করেছিলেন ব্রাহ্মসমাজের জন্যে। তবে সেসব গানে কাব্যগুণ ছিলো আরও কম। একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে:
স্মর পরম জ্ঞানে।
বেদবেদান্ত প্রতিপন্ন করে যাঁরে
তাঁরে ভাবহ সাবধানে।
আকার প্রকার নামহীন
তাঁহারে কে পারে বর্ণিতে
চন্দ্রসূর্যচরাচরে থাকরে যাঁর শাসনে যথাস্থানে।
ভাব সমব্যাপী অবিনাশী বিধাতাকে বিনা প্রমাণে।
উপনিষদ্ জানিয়ে জান ব্রহ্মানন্দে
অস্থায়ী সংসার তারে পায় পায় কেবা তাঁরে জানে।
এ গানও অচল গান হিসেবে । কিন্তু লক্ষ করলে দেখা যাবে যে, এ গানেও চারটি স্তবক আছে। তৃতীয় পংক্তির শেষে 'সাবধান' পর্যন্ত স্থায়ী; ষষ্ঠ পংক্তির শেষে 'যথাস্থানে' পর্যন্ত অন্তরা; সপ্তম পংক্তির শেষে 'প্রমাণে' পর্যন্ত সঞ্চারী আর শেষের তিন পংক্তি আভোগ। অর্থাৎ এটি ধ্রুপদের চার তুকের কাঠামো মেনে রচিত। এ গানের কাব্যগুণ রামমোহনের যে-গানটি উদ্ধৃত করেছি, তার থেকেও কম। কিন্তু রামমোহন অথবা দেবেন্দ্রনাথ যে-ধ্রুপদাঙ্গ গান লিখেছিলেন, তা-ই বাংলা গানকে পথ দেখিয়েছিলো। এমন কি, দেবেন্দ্রনাথের পুত্রদের গানও। এই পুত্ররা হলেন দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি ব্রহ্মসংগীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। তাঁর গানেও চার তুক। এমন কি, তিনি যখন বাউল সুরে গান রচনা করেন, তখনও সেসব গানে চারটি তুক রেখেছেন। কীর্তনাঙ্গ গানেও। এমন কি, তিনি যখন টপ্পার মতো তানওয়ালা সুরে ব্রহ্মসংগীত রচনা করেছেন, তখন সে গানেও চারটি তুক রেখেছেন। তবে রামমোহন আর দেবেন্দ্রনাথের গানের সঙ্গে তাঁর গানের তফাত ছিলো আকাশ-পাতাল। অতঃপর নিজের অজ্ঞাতেই বাংলা গান ধীরে ধীরে চার তুকের দিকে পা বাড়িয়েছিলো।
মেয়েরা সাপ্তাহিক উপাসনার সময়ে পুরুষদের সঙ্গে বসবে, নাকি পর্দার আড়ালে বসবে, তা নিয়ে ব্রাহ্মসমাজের ভেতরে মতভেদ দেখা দেয় ১৮৬৬ সালের প্রথম দিকে। রক্ষণশীল দলের নেতা ছিলেন দেবেন্দ্রনাথ। আর প্রগতিশীল তরুণদের নেতা ছিলেন কেশবচন্দ্র সেন। এই দুজনের নেতৃত্বে ব্রাহ্মসমাজ দু ভাগ হয়ে যায়। দেবেন্দ্রনাথের অংশের নাম হয় আদি ব্রাহ্মসমাজ। এটি ছিলো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। আর কেশব সেনের অংশের নাম হলো ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ।
আদি ব্রাহ্মসমাজের উপাসনা-সংগীত থাকলো সেই পুরোনো ধ্রুপদাঙ্গ গান। কিন্তু ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ নগর সংকীর্তন নামে এক নতুন ধরনের গান প্রবর্তন করে। একে নতুন ধরনের গান না-বলে পুরোনো ধরনের গানও বলা যায়। কারণ, আমরা কীর্তনের আলোচনা প্রসঙ্গে লক্ষ করেছি, চৈতন্যদেব এক রকম নাম-কীর্তন প্রবর্তন করেছিলেন। এই কীর্তন গাইতে গাইতে তিনি নগরের রাস্তাগুলো ঘুরে আসতেন। সঙ্গে থাকতেন তাঁর শিষ্যরা। তাদের কারও কারও হাতে থাকতো মন্দিরা আর মৃদঙ্গ। চৈতন্যদেব আর তাঁর শিষ্যরা গান গাইতে গাইতে ভাববিহ্বল হতেন। কেউ রাস্তায় গড়াগড়ি খেতেন, কেউ-বা অচেতন হয়ে যেতেন।
কেশবের শিষ্যরাও একেশ্বরবাদী কীর্তন গাইতে গাইতে রাস্তা দিয়ে ঘুরে আসতেন। তাঁদের মধ্যে অনেকে আবার ভাবে আত্মহারা হতেন। কেশব সেন নিজেও ভাব দিয়ে তাড়িত মানুষ ছিলেন। আদি ব্রাহ্মসমাজের সঙ্গে ভারতবর্ষীয় সমাজের পার্থক্য সহজেই চোখে পড়ে। আদি ব্রাহ্মসমাজের উপাসনা হতো প্রাচীন ধ্রুপদাঙ্গের গান দিয়ে। এবং তা হতো সাধারণজনের চোখের আড়ালে। অপর পক্ষে, ভারতবর্ষীয় সমাজের লোকেরা মুখে তুলে নিলেন কীর্তন গান। সাধারণের কাছে যা খুবই পরিচিত। তা ছাড়া, রাস্তায় বেরিয়ে পড়লেন তাঁরা, সাধারণজনের কাছাকাছি এলেন। অথবা, বলতে পারি, কাছাকাছি আসার চেষ্টা করলেন।
ধ্রুপদের চার তুক এবং তার সুরবিন্যাস দিয়েই বাংলা গান প্রভাবিত হয়নি, তার দৈর্ঘ্য দিয়েও প্রভাবিত হয়েছিলো। হিন্দী ধ্রুপদের প্রধান অংশই তার দীর্ঘ 'আলাপ'। তার বন্দিশ বা বাণী খুবই সংক্ষিপ্ত, অনেক ক্ষেত্রে মামুলি। নিধুবাবু যে-টপ্পা প্রচলন করেন, তার দৈর্ঘ্যও চার-পাঁচ পংক্তির বেশি নয়। কিন্তু বাংলা ব্রহ্মসংগীত মোটামুটি আট/দশ পংক্তির। আর তার বিষয়স্তু ঈশ্বরের বন্দনা অথবা ঈশ্বরের কাছে প্রার্থনা। ব্রহ্মসংগীত কাঠামো ও বাণীর এই দ্বৈত আদর্শ স্থাপন করে।
তবে উনিশ শতকের শেষে যে-বাংলা গানের দেখা মেলে, তার পেছনে কেবল ব্রহ্মসংগীতের প্রভাব ছিলো না। প্রভাব ছিলো অন্য নানা বিষয়ের। এমন কি ইংরেজি গানেরও। আমরা সেদিকে নজর দেবো আরও পরে। তার আগে রেনেসন্স অর্থাৎ উনিশ শতকের নব-জাগরণের ফলে বঙ্গদেশে সংগীতের যে-উন্নতি হয়েছিলো, তার আলোচনা।
