২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর রাহমানের গান‘আমি প্রতিদিন তোমাকেই দেখি’

বাবু রহমান

Published : 22 Dec 2010, 01:31 PM

Updated : 05 Sep 2022, 07:37 PM


শামসুর রাহমান, ১৭.৮.২০০৫, সন্ধ্যা ৭:৩০, বেঙ্গল গ্যালারি।। ছবি: লুৎফর রহমান নির্ঝর

কবি শামসুর রাহমান (১৯২৯—১৭ .৮ .২০০৬) রচিত একটি গানের সুরকার ছিলেন সমর দাস (১৯২৫—২০০১)। শ্রদ্ধেয় সমর দাস আমাকে কবির যে গানটি শিখিয়েছিলেন—কবির প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে সেই গানের পুর্ণ বাণী এখানে তুলে দিচ্ছি:

স্বর্ণলতায় ঝর্ণাতলায় দোলন-চাঁপার গাছে॥
আমি প্রতিদিন তোমাকেই দেখি
দেখি হৃদয়ের কাছে॥

স্বদেশ আমার তোমার দু'চোখে
কী মায়া দেখি যে আনন্দ-শোকে
বোঝাতে পারিনা সে ভাষা আমার
চোখের তারায় নাচে॥

যে ফুল ফোটাও ধূসর-ধূলায় প্রাণ মাতে তার গন্ধে
যে নদী বহাও উদ্দাম স্রোতে নেচে উঠি তার ছন্দে।

নিত্য তোমার রূপের ছায়ায়
কত যে কাহিনী কবি খুঁজে পায়
তোমার মাঝে ফসলের ঘ্রাণে
জীবনেরই গান আছে।।

কবি যেমন প্রতিদিন দেশ-মাতৃকাকে দেখেন , আমিও যেন তেমনি প্রতিদিন কবি শামসুর রাহমানকে দেখি হৃদয়ের কাছে। শামসুর রাহমান আপদমস্তক একজন আধুনিক কবি। সাথে রয়েছে দেশপ্রেম। উপরোক্ত গানটিতে কবির ঈষিকায় শব্দের যে বর্ণিল ছটা প্রেম-প্রকৃতি ও নিসর্গ ক্যানভাসে উদ্ভাসিত তা প্রকৃতই মনোহরা। আধুনিক এই কবির পেছনে বিশ্বাস গণমুখী গ্রামীণ ঐতিহ্যে। কিন্তু তাঁর কলম যেখানে সরব সেখানে কবির কবিত্ব পুরোমাত্রায় পূর্ণতা পায়। বাংলা গানের ইতিহাসে শামসুর রাহমান সংখ্যাধিক্যে না হলেও মানের পাল্লায় উৎকর্ষতা ছুঁতে পেরেছে বলেই আমার বিশ্বাস। কবিকে একজন গীতিকার হিসেবে বিচার করতে গেলে বাংলা গানের ইতিহাস ও ঐতিহ্য সম্যক তুলে ধরা প্রয়োজন। তবেই শামসুর রাহমানের স্থান ও মান নির্ধারিত হবে। সেই সূত্রেই হাজার বছরের সেই গীতকবিদের দিকে একটু ফিরে তাকানো যায়।

বাংলা গানের লোকজধারার যে চিত্র—যিনি গীতিকার, তিনিই সুরকার। এই ধারার প্রধান পুরুষ লালন ফকির (১৭৭৪—১৮৯০)। তাঁর গানে লোকজ ধারার মানসিকতা ও সংগ্রাম দুটোই আছে। বিশেষ করে পাঞ্জু শাহ (১৮৫০—১৯১৪), শীতলাং শাহ (১৭০০— ?), কালু শাহ (১৮১০—১৯০১) এবং বিজয় সরকার (১৯০১—১৯৯৫) অন্যতম। সর্বশেষ হাছন রাজার দেশে গণকবিয়াল শাহ আব্দুল করিম সদ্যপ্রয়াত। এদের বিপ্লবাত্মক কর্মকাণ্ড নিগৃহীত, শোষিত শ্রেণীকে যুগে যুগে মন্ত্রণা দিয়েছে। কিন্তু কবি শামসুর রাহমান জীবন-জগৎকে সামনের দিকে এগিয়ে নিতে পেছনের সঙ্গে ছেদ ঘটিয়েছেন। ভাষায় এসেছে লালিত্য, বর্ণনায় প্রকৃতি ও জীবনের চিত্রকল্প। সমাজের অসঙ্গতি তার গানে ও কবিতায় সমানভাবে ফুটে উঠেছে। তাই কবি লেখেন—জনতার কথা, সোনালী স্বপন, মধুময় নীল আকাশ, সূর্যোদয়ে শহীদের ঘুমের মতো রঙধনুর মতো গানের বাণীতে ছড়িয়ে দেন। তাঁর নির্মিত শব্দে চন্দনরূপী জ্যোৎস্না, মেঠো বাঁশি ও রঙীন গোঠে আমাদের নিয়ে যায়। যে কীতর্ন আমাদের একদিকে উচ্চাঙ্গসঙ্গীত, অন্যদিকে গ্রামীণগীতির সার্থক সংমিশ্রণ সেই কাহিনী হয়ে ওঠে আমাদের হৃদয়ের ছবি। শব্দের ঠাঁস বুনুনি নেই, আছে মাঝে মাঝে শব্দের ঝিলিক। রাধা-কৃষ্ণের রূপারূপ, মান-অভিমান' গোঠে গোচারণ সহজিয়াভাবে শ্রোতার সামনে উপস্থাপিত হয়েছে তাঁর গানে। বাঙালির না পাওয়ার বেদনা, সকল অর্জন শব্দে ও মোহনীয় বাক্যে উপস্থাপিত করেন কবি। শুনে মনে হয় এই মাত্র নববর্ষ, মুক্তিযুদ্ধ ও নিসর্গে ঘুরে এলেন।


শামসুর রাহমান, ১৭.৮.২০০৫, সন্ধ্যা ৭:৩০, বেঙ্গল গ্যালারি।। ছবি: লুৎফর রহমান নির্ঝর

—————————————————————-
কবি শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য গানগুলির মধ্যে—
(১) স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে, (২) ফসলের মাঠে, মেঘনার তীরে, (৩) অনেক দিনের মতো এই দিন, (৪) এই মাটির কণা, (৫) স্বাধীনতা তুমি আছ বলে গোলাপ চামেলী ফোটে, (৬) এল নববর্ষ, শুভ নববর্ষ (৭) বৈশাখী দিনে ধুধু পিপাসার ক্ষণে, (৮) শূন্য ডালে হঠাৎ হাওয়ায় লাগলো ঝাঁকি, (৯) বৈশাখেরই অগ্নিঝালর দহন আনে জুড়ে, (১০) কথার ছলেই কথা দিয়েছিলে, (১১) মধুময় পৃথিবীকে নীলাকাশ ডাকবে, (১২) তোমার হৃদয়ে শ্রাবণের বর্ষণ, (১৩) মেঘের মিনারে রঙধনু জাগে অন্যতম। উল্লিখিত গানগুলির প্রথম চরণগুলি প্রত্যক্ষ করলেই কবির শব্দ চয়ন উপমা, উৎপ্রেক্ষা, অন্তমিলে শব্দের ব্যবহারে তাঁর সৃষ্টিশীলতা প্রশংসার দাবী রাখে। বিশ্বের মৌন ভাষা সুর, বাণী নয়। একথা সবাই জানেন—কেউ মানেন, অনেকে মানেন না। সুরহীন গান কালের অতলে ক্রমশঃ বিলীয়মান ; আর সুরঋদ্ধ গানগুলি চিরসবুজ, সুখস্মৃতিতে উজ্জ্বল। কবি রচিত এই বিশেষ গানগুলি বাংলাদেশের আধুনিক গানের ইতিহাসে উজ্জ্বল স্থান নিয়ে থাকুক।

—————————————————————-

বাংলা গানের ইতিহাসের রচয়িতাগণ নিজেরা কবি এবং সঙ্গীতবিদ। 'চর্যাপদ' এর পাদানাম থেকে কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পর্যন্ত সঙ্গীতে হালকা কোন ধারণা নিয়ে গান রচনা করেননি। বিশেষ করে রাগসঙ্গীতের ধারণা নিয়েই রচিত হয়েছে সব গান। ২৩ জন পদকর্তার ৪৮টি পদ হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩—১৯৩১) নেপালের রাজ দরবারের সংগৃহীত পুঁথি থেকে উদ্ধার করেছেন। এঁদের সবাই কবি এবং সঙ্গীত ঋদ্ধব্যক্তি। লুইপার-কা আ তরুবর পানইব ডাল, কৃষ্ণাচর্যাপার নাড়ি শক্তি দৃঢ় ধরি আ ঘাটে, কাহ্নপার-আলি এঁ কালি এঁ বাট রান্ধেলা পদগুলি রাগ পটমঞ্জরীর উপর সুরারোপিত। গুনকিরি রাগে—সরহ, বঙ্গাল রাগে—ভুসুকু, ধনাসী রাগে—ডোন্বী, দেবগিরি রাগে—কম্বলাম্বর, সাবেরী রাগে—শান্তি, রামকেলি রাগে—শবর, বরাটি রাগে—দারিক, মালশ্রী রাগে—কাহ্ন প্রমূখ কবি পদাবলী রচনা ও সুরারোপ করেছেন। সেই ধারাটিকে কবি জয়দেব (পঞ্চদশ), বিদ্যাপতি (১৪০০—১৫০৬), কবির (১৪৫৫—০০), তুলসীদাস, গুরু নানক' মীরাবাঈ (১৫০৩—১৫৬৬), তানসেন (১৫০৬—১৫৮৫), শ্রীধর কথক (১৮৬১—১৮৯০) অব্যাহত রেখেছেন। এ ধারার শেষদিকের সফল সঙ্গীতব্যক্তিত্ব রামনিধি গুপ্ত (১৭৪১—১৮৩৯)। পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪—১৮৭৩) আধুনিক ধারার কাব্যরচনায় ব্রতী হলেন ; কিন্তু সুর কোথায় যেন হারিয়ে গেলো। জমিদারী প্রথা প্রবর্তন হবার পর শিল্পী কবিদের পৃষ্ঠপোষকতা দৃঢ় ভিত্তির উপর দাঁড়ালো। সুর ও বাণী আবার একই শ্রষ্টার হাতে যুগপৎ সৃষ্টি হতে লাগলো। সেই আধুনিক ধারার উত্তরসূরী রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১—১৯৪১), দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩—১৯১৩), রজনীকান্ত সেন (১৮৬৫—১৯১০), অতুল প্রসাদ সেন (১৯৬৮—১৯৩৪) ও কাজী নজরুল ইসলাম (১৮৯৯—১৯৭৬)। এঁরা প্রচণ্ড শক্তি ও অসীম মেধা দিয়ে সঙ্গীতের ধারাকে ঋদ্ধ থেকে সমৃদ্ধতর করেছেন। সেই ধারা আজও বহমান। এরপর সুরের নদীতে পড়ল ভাটা। পরবর্তী কবিরা গান লিখতে অনীহা প্রকাশ করলেন। ফলে সুর আর বাণী ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের রচনায় স্থান পেল। এই নতুন ধারার গীতিকবি অজয় ভট্টাচার্য (১৯০৬—১৯৪৩), সুবোধ পুরকায়স্থ (১৯০৭—১৯৮৪), প্রণব রায় (১৯১১—১৯৭৫), মোহিনী চৌধুরী (১৯২০—১৯৮৭), হীরেন বসু (১৯০২—১৯৮৭) অন্যতম। গানের শুধু সুরকার হিসেবে আবির্ভূত হলেন—রাইচাঁদ বড়াল (১৯০৩—১৯৮১), হিমাংশু দত্ত (১৯০৮—১৯৪৪), নচিকেতা ঘোষ (১৯২৪—১৯৭৬), শ্যামল মিত্র (১৯২৮—১৯৮৭) প্রমূখ।

১৯৪৭ এর পর ওপার বাংলায় গৌরীপ্রসন্ন মজুমদার (১৯২৪—১৯৮৬), শ্যামল গুপ্ত (১৯২২—২০১০), সলিল চৌধুরী (১৯২৫—১৯৯৫), পুলক বন্দ্যোপাধ্যায় (১৯৩১—১৯৯৯), পবিত্র মিত্র শুধু গীতিকবি হিসেবে প্রতিষ্ঠিত হলেন। এপার বাংলায়ও একটি গোষ্ঠী গান রচনায় এগিয়ে এলেন। পাশাপাশি দুই বাংলার গান রচনার দুটি ধারা ঋদ্ধ হতে থাকলো।

এখানে শুধু গীতিকার হিসেবে আজিজুর রহমান (১৯১৭—১৯৭৮), আনিসুল হক চৌধুরী, আব্দুল লতিফ (১৯২৭—২০০৫), খান আতাউর রহমান (১৯২৮—১৯৯৭), জেবুন্নেসা জামাল (১৯২৬—১৯৯৫), মাসুদ করিম (১৯৩৬—১৯৬৩), ফজলে খোদা, প্রমূখ প্রতিষ্ঠিত হলেন। তবে আব্দুল লতিফ ছিলেন ভার্সেটাইল জিনিয়াস। প্রথমত গীতিকার, পরে সুরকার এবং অবশেষে কণ্ঠশিল্পী। যা অন্য কারও সাথে মেলে না। বাণীপ্রধান ধারাটির চর্চা অব্যাহত রাখলেন ড. মোহাম্মদ মনিরুজ্জামান (১৯৩৬—২০০৮), আবু হেনা মোস্তফা কামাল (১৯৩৬—১৯৭৯), সৈয়দ শামসুল হক, মোহাম্মদ রফিকুজ্জামান, আবু জাফর, শাফাত খৈয়াম, মুন্সী ওয়াদুদ প্রমূখ।

কবিত্ব শক্তি নিয়ে এগিয়ে এলেন সিকান্দার আবু জাফর (১৯১৯—১৯৭৫), শামসুর রাহমান (২৩ .১০ .১৯২৯—১৭ .৮ .২০০৬) ও আবু বকর সিদ্দিক। এঁরা মূলত কবি তারপর গীতিকার। অনেক ক্ষেত্রে জ্যোতিরিন্দ্র মৈত্র (১৯১১—১৯৭৭), আবু জাফর ও খান আতাউর রহমান নিজের গান নিজেই সুর করেছেন।

কবি শামসুর রাহমান ব্যক্তিগতভাবে কোমল স্বভাবের ; অথচ তার কবিতার বিষয়বস্তু ও ঋজু ভাষা শ্রোতাকে দেশপ্রেমে করে উজ্জীবীত। বাংলা গানের দু,টি উপধারা আছে। একটি আমাদের ঐতিহ্যবাহী সুরধারা যা রাগ-রাগিনীতে নিবন্ধ ধ্রুপদ-ধামার, টপ্পা–খ্যয়াল, ঠুমরী-গজল, তারানা-কাওয়ালী, ভজন ও কাজরী ইত্যাদি অবলম্বনে গান রচনা। এটি সুর আঙ্গিকের ধারা। আরেকটি ধারা—রচনার বিষয়বস্তুর শ্রেণী বিভাগ। ভক্তি, প্রকৃতি, প্রেম' উৎসর্গ' আনুষ্ঠানিক ও বিচিত্র বিষয়ের গান। শামসুর রাহমান খুব কম গান লিখলেও মানবপ্রেম ও দেশপ্রেম তাঁর গানে বিধৃত।

গান রচনা সত্যি শক্ত কাজ। বড় কবি হলেই সফল গীতিকার হবেন এমন কোন নিশ্চয়তা নেই। একটি চারতুকের গানে পুরো একটি ঘটনা দিয়ে শুরু থেকে শেষ করতে হবে। কবি জীবনানন্দ দাশ (১৮৯৯—১৯৫৪) কাব্য চর্চায় পরবর্তী আধুনিক কবিদের অলখ্যে করলেন প্রভাবিত। সুধীন দত্ত ( ? ১৯০৬), বুদ্ধদেব বসু (১৯০৮—১৯৭৪) থেকে শুরু করে অনেকে এ ধারার উত্তরসূরী। এক সময় বাণীর ঋদ্ধতা সুরকে পাঠালো নির্বাসনে। ভাষার অনেক জোর থাকলেও সুররিক্ত এসব গানকে গান হিসেবে স্থায়ীত্ব দিতে পারেনি। গীতিকবিদের অনেক গান আজও মানুষের মনকে টানে, দোলা দেয়। তবুও কবিরা গীতিকবিদের মতো গান রচনার প্রয়াস পেলেন। কেউ সফল, কেউবা নিস্ফল। শচীন দেব বর্মণ তাঁর স্ত্রী মীরা দাশগুপ্তার গানে অসাধারণ সুর ঢেলে দিলেন। আখ মাড়াইয়ের কলে যেমন আখ থেকে রস নিঙড়ে বের করে—তেমনি শচীন কর্তাও তাই করলেন। এমন দু'একটি গানের মধ্যে—'মন দিল না বঁধূ', 'বিরহ বড় ভালো লাগে', 'তুমি এসেছিলে পরশু'সহ অসাধারণ কিছু গান অন্যতম। শামসুর রাহমান এমন অনেক রোমান্টিক গান লিখেছেন। আর সেই সব গানের সুর ফেদেছেন আব্দুল আহাদ (১৯২২—১৯৯৪), সমর দাস (১৯২৫—২০০১) প্রমূখ। আব্দুল আহাদ তার 'আসা-যাওয়ার পথের ধারে' গ্রন্থে তার গীতিকার সিকান্দার আবু জাফর, আহসান হাবীব (১৯১৭—১৯৮৫) প্রমূখদের কথা বলতে গিয়ে কবি শামসুর রাহমানের কথাও বলেছেন। তিনি লিখেছেন—

''এরপর এল তরুণ কবি ও গীতিকার। সে সময় শামসুর রাহমান অনেক উদ্দীপনা এবং প্রেমের গান লিখেছেন—'দুর্গম প্রান্তরে মন তবু থাক না', 'নীল দিগন্তে সোনালী স্বপন', 'কালের তিমিরে এসেছে আলোর পায়রা', 'এই দিন চিরদিন', 'জনতার চোখে জ্বলবে'। সমবেত কণ্ঠে এ গানগুলো ভাল ভাল শিল্পীরা গাইত। প্রেমের গান, 'বাতাসেরে বলি বল কে গো আমি, বাতাস বলে না কিছু আর' নাহিদ নিয়াজীর কণ্ঠে রেকর্ড করা হয়। আব্দুল হাদীর গাওয়া 'কতদূর নিয়ে যাবে পান্থ'। ফেরদৌসী রহমানের গাওয়া—'মধুময় পৃথিবীকে নীলাকাশ ডাকবে'।"

এভাবেই বড় বড় সুরকারের হাতে রাহমানের গান ডালপালা মেলতে থাকলো। রুনা লায়লার কণ্ঠে দেশ গান—'স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে' অসামান্য জনপ্রিয়তা পেয়েছে। এক সময় দেশ গান তার হাতে লাফিয়ে উঠতে থাকলো। যেমন—'পদ্মে আমার প্রাণের ভাষা ব্যাকুল ডাকে' 'সূর্যোদয়ে শহীদের খুন জড়িয়ে থাকে'।

গতানুগতিক যে গান রচনার ধারা সেই ধারার বাইরে হাঁটতে চেয়েছেন কবি। তাই শ্রোতারা এক নতুন স্বাদ পেলেন। বাংলা প্রেম ও প্রকৃতির গান রচনায় তাঁর কবিত্বশক্তি সৃষ্টিশীলতায় শ্রোতাদের নাড়া দিলো। বিশেষ করে শব্দ চয়নে তাঁর মুন্সিয়ানা অন্য গীতিকারদের চেয়ে তাঁকে ভিন্ন স্থানে অধিষ্ঠিত করল। স্মৃতি ঝলমল, শিহরিত' পুষ্পের নিবিড় মেলা, মেঘ-তরঙ্গ স্মৃতির ফলকে রৌদ্র, বাসনার ঘাট, মনময়' স্বপ্ন শিশির মদির গোধূলি বেলা' আনন্দ কুঁড়ি, চন্দনরূপী জ্যোৎস্না কাল, স্বর্ণলতায়, রঙিন গোঠ' তীর্থের রেণু, চৈতী স্মৃতির কান্না, কবি চোখ' অশুভ দ্বন্দ্ব, মেঠো বাঁশি ইত্যাদি শব্দ ভা ণ্ডার বর্ণমগ্ধ সাহিত্যপ্রেমী সঙ্গীত শ্রোতাদের নাড়া দিল। বাণীর এই যে বিচিত্ররূপের বিশেষ ব্যবহার তা বাংলা গানকে আরো সমৃদ্ধ করেছে ; সেই বাণী নির্ধারিত সুরকে কখনো ছাপিয়ে গেছে।


শামসুর রাহমান, ১৭.৮.২০০৫, সন্ধ্যা ৭:৩০, বেঙ্গল গ্যালারি।। ছবি: লুৎফর রহমান নির্ঝর

কবি শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য গানগুলির মধ্যে—
(১) স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে, (২) ফসলের মাঠে, মেঘনার তীরে, (৩) অনেক দিনের মতো এই দিন, (৪) এই মাটির কণা, (৫) স্বাধীনতা তুমি আছ বলে গোলাপ চামেলী ফোটে, (৬) এল নববর্ষ, শুভ নববর্ষ (৭) বৈশাখী দিনে ধুধু পিপাসার ক্ষণে, (৮) শূন্য ডালে হঠাৎ হাওয়ায় লাগলো ঝাঁকি, (৯) বৈশাখেরই অগ্নিঝালর দহন আনে জুড়ে, (১০) কথার ছলেই কথা দিয়েছিলে, (১১) মধুময় পৃথিবীকে নীলাকাশ ডাকবে, (১২) তোমার হৃদয়ে শ্রাবণের বর্ষণ, (১৩) মেঘের মিনারে রঙধনু জাগে অন্যতম। উল্লিখিত গানগুলির প্রথম চরণগুলি প্রত্যক্ষ করলেই কবির শব্দ চয়ন উপমা, উৎপ্রেক্ষা, অন্তমিলে শব্দের ব্যবহারে তাঁর সৃষ্টিশীলতা প্রশংসার দাবী রাখে। বিশ্বের মৌন ভাষা সুর, বাণী নয়। একথা সবাই জানেন—কেউ মানেন, অনেকে মানেন না। সুরহীন গান কালের অতলে ক্রমশঃ বিলীয়মান ; আর সুরঋদ্ধ গানগুলি চিরসবুজ, সুখস্মৃতিতে উজ্জ্বল। কবি রচিত এই বিশেষ গানগুলি বাংলাদেশের আধুনিক গানের ইতিহাসে উজ্জ্বল স্থান নিয়ে থাকুক।

গান রচনায় তাঁর কাব্যসাধনার পাশাপাশি সুরের পাখিকে ধরতে চেয়েছেন। বাংলাদেশের অনেক রাগসঙ্গীতের অনুষ্ঠানে তাঁর নিরব উপস্থিতি সেটাই প্রমাণ করে। তাঁর বন্ধু ছিলেন—ইলেকশন কমিশনের কর্মকর্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরিকুল আলম। স্ত্রী আভা দে (আলম) এই উপমহাদেশের অন্যতম কণ্ঠশিল্পী। মালেকায়ে তারান্নুম রওশন আরার সান্নিধ্যে তিনি হয়ে উঠেছিলেন বনেদী ঘরানার শিল্পী। এই শিল্পী পরিবার ছিল তাঁর ঘনিষ্টজন। তাই মাঝে মাঝে সুরের জলসায় তাঁরা আপ্লুত হতেন। কবি তাঁর ভবিষ্যত গান রচনার ছক সুরে সুরে এঁকে নিতেন। কিন্তু আজ অনেক কবির মতো তাঁর রচিত সেরা গানগুলি যেন হারিয়ে না যায়। এক সময় শিল্পকলা একাডেমির একটি প্রকাশনা প্রকল্প ছিল। গীতিকবি মোহাম্মদ মনিরুজ্জামান, ফজল-এ-খোদাসহ অনেকের গীতিগ্রন্থ ইতিমধ্যে প্রকাশ করেছে। কবি শামসুর রাহমানের গীতিগ্রন্থের জন্য কতদিন অপেক্ষা করতে হবে? তা না হলে কবির এমন কারুকার্যমণ্ডিত স্বর্ণশব্দ সম্ভার উপেক্ষার অতলে হারিয়ে যেতে বেশী সময় লাগবে না। সঠিকভাবে রক্ষিত হোক এই আমাদের কাম্য।
০৮/১০/১০

ওয়েব লিংক
বাবু রহমান: আর্টস

—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts