২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: গানের গলা

গোলাম মুরশিদ

Published : 27 Feb 2021, 10:33 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


যুগান্তর কথাটার মানে অন্য যুগ। বাংলা গানে বারবার যুগান্তর হয়েছে। তার অর্থ বাংলা গানে বারবার নতুন যুগ এসেছে। যেমন, উনিশ শতকের গোড়ায় একবার নতুন যুগ এসেছিলো। সেবার এই পরিবর্তন এসেছিলো উত্তর ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতের সংস্পর্শে এসে। তারপর বাংলা গানের রূপান্তর হয়েছিলো, বিশেষ করে এর আঙ্গিকের। সুরের ভিত্তিও নির্মিত হয়েছিলো রাগরাগিণীর ওপর। তারপর আরও একবার যুগান্তর ঘটেছিলো। তখন সুরের জগতে নতুন যুগ এসেছিলো রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর দ্বিজেন্দ্রলাল রায়ের প্রভাবে। কিন্তু এখানেই শেষ নয়—তারপর আরও একটা যুগ এলো ১৯৩০ আর ১৯৪০-এর দশকে। এবারে কাঠামোর পরিবর্তন নয়, সুরেরও তেমন পরিবর্তন নয়, পরিবর্তন এসেছিলো গানের গলার। তা ছাড়া, গানের শুরুতে এবং গানের বিভিন্ন জায়গায় যে-যন্ত্রসংগীত থাকে, তাতে।
গানের গলা বললে সেকালে বোঝাতো মিহি কণ্ঠ। যেমন, রবীন্দ্রনাথের গলা ছিলো মিহি, অনেকটা মেয়েদের গলার মতো। তিনি যাঁকে তাঁর গানের ভাণ্ডারী বলতেন, সেই দিনেন্দ্রনাথ ঠাকুরের গলাও ছিলো রবীন্দ্রনাথের গলার মতো। এমন কি, রবীন্দ্রসংগীতের বিখ্যাত ওস্তাদ শান্তিদের ঘোষের গলাও ছিলো তেমনি—মেয়েলি।
ওদিকে, বিদ্রোহের গান লিখলেও, স্বয়ং নজরুলের গলাও ছিলো মিহি। প্রথম দিকে তাঁর গান যাঁরা গাইতেন, সেই গায়কদের গলাও ছিলো তেমনি—মেয়েলি। যেমন, বিখ্যাত গায়ক কে. (কাসেম) মল্লিকের কণ্ঠ। আর, যে-নারীরা তাঁর গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন—ইন্দুবালা দেবী, আঙুরবালা দেবী, কমলা ঝরিয়া প্রমুখ, তাঁদের গলা কেবল মেয়েলি গলা ছিলো না, তাঁদের গলা ছিলো সুতীক্ষ্ণ। (কানন দেবী প্রথম গায়িকা, যাঁর গলা তীক্ষ্ণ ছিলো না, ছিলো মাধুর্য-ভরা। যূথিকা রায়ের গলাও ছিলো তীক্ষ্ণতাবর্জিত এবং মধুর। কিন্তু এখন নারী অথবা পুরুষ, যে-ই হোক না কেন, গানের গলার সংজ্ঞা বদলে গেছে। সে যুগের গলায় গান গাইলে, সেটা এখন কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কী করে হলো? কারা আনলেন এই পরিবর্তন?
সেকালের একজন নাম-করা গায়ক ছিলেন সন্তোষ সেনগুপ্ত। তিনিও গান গাইতেন মেয়েলি কণ্ঠে। কিন্তু খুব সুরেলা গলা ছিলো তাঁর। রবীন্দ্রসংগীত, অতুলপ্রসাদের গান, নজরুলগীতি, এমন কি, আধুনিক গান গাইতেন তিনি। সবটাতেই তিনি কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন যে, প্রথম যিনি ভারী গলা, ইংরেজিতে যাকে বলে 'ডীপ ভয়েস', নিয়ে বাংলা গানের জগতে এলেন, তিনি পঙ্কজ মল্লিক। তখনও 'রবীন্দ্রসংগীত' কথাটা চালু হয়নি। রবীন্দ্রসংগীতকে তখন বলা হতো 'রবিঠাকুরের গান।' সন্তোষ সেনগুপ্ত লিখেছেন, 'রবিঠাকুরের গানের ঘাট থেকে তখনকার দিনে শুধু পানসী ছাড়ত, হঠাৎ একদিন জাহাজ ছাড়ার আওয়াজ পেলাম। সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পঙ্কজ মল্লিকের আবির্ভাব হল এবং রবিঠাকুরের গানের দিগ্বিজয়ী অভিযান শুরু হল। … রবীন্দ্রনাথকে এমন করে আর কেউ বন্দনা করেনি আর কেউ তখন পর্যন্ত তাঁর সংগীতকে এমনভাবে সঞ্জীবিত করেনি।' সন্তোষ সেনগুপ্ত আরও লিখেছেন যে, 'পঙ্কজ মল্লিকের আগে যে কলকাতায় রবীন্দ্রনাথের গান গাওয়া হত না, তা নয়, তবে প্রধানত ব্রাহ্মসমাজ ও কিছু বিদগ্ধ সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মহিলারাই সে যুগে রবিঠাকুরের গান গাইতেন। … কিন্তু রীতিমত গানের আসরে বা সংগীতানুষ্ঠানে রবিঠাকুরের গান মেয়েলি গান হিসেবে অপাংক্তেয় ছিল।'

পঙ্কজ মল্লিক কলকাতায় জন্মেছিলেন, ১৯০৫ সালে। গানের প্রতি তাঁর ছিলো গভীর অনুরাগ ও সহজাত প্রতিভা। কিছুকাল তিনি উচ্চাঙ্গ সংগীত শিখেছিলেন। তবে গানের তালিম ভালোমতন অথবা দীর্ঘকাল ধরে নিয়েছিলেন বলে মনে হয় না। অবশেষে রবীন্দ্রসংগীত শেখানোর জন্যে তিনি দিনেন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন। দিনেন্দ্রনাথ তাঁকে অনেকগুলো গান শিখিয়েছিলেন। তবে সেখানেও বেশি দিন গান শিখেছিলেন বলে মনে হয় না। দিনেন্দ্রনাথের সঙ্গে পরিচয় থাকার সুবাদে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর একাধিকবার দেখা করার সুযোগ হয়েছিলো। এমন কি, রবীন্দ্রনাথকে গান শোনাবার সুযোগও হয়েছিলো। তা ছাড়া, রবীন্দ্রনাথের 'দিনের শেষে ঘুমের দেশে' নামক একটি কবিতায় তিনি সুর দিয়েছিলেন। সেটিও রবীন্দ্রনাথ শুনেছিলেন। তবে কবি সেটিকে 'রবীন্দ্রসংগীত' হিসেবে মেনে নেননি। এই গানটি একটি বাংলা ছায়াছবিতে ব্যবহার করেছিলেন পঙ্কজ মল্লিক। তা ছাড়া, হেমন্ত মুখোপাধ্যায় গানটি দ্বিতীয়বার রেকর্ড করেছিলেন। গানটি আজও জনপ্রিয়।

রবীন্দ্রসংগীতের সঙ্গে ১৯৩০-এর দশকের আগে পর্যন্ত তবলা বাজানোর অনুমতি ছিলো না। কিন্তু দিনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয়ের মাধ্যমে পঙ্কজ মল্লিক রবীন্দ্রনাথকে এই অনুমতি দেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছিলেন। 'তবলা অথবা অন্য যে-কোনো যন্ত্রসংগীত আস্তে বাজানো হবে' এই শর্তে রবীন্দ্রনাথ তাঁর গানের সঙ্গে তবলা বাজানোর অনুমতি দিয়েছিলেন। ফলে ১৯৩১ সালে রবীন্দ্রনাথের ৭০তম জয়ন্তী উপলক্ষে কলকাতায় যে-বিরাট সম্মেলন হয়েছিলো, সেখানে গানের সঙ্গে তবলা ও আনুষঙ্গিক বাজনা বাজানো হয়েছিলো। তখনকার দিনে রবীন্দ্রসংগীতের একজন প্রখ্যাত গায়িকা ছিলেন কনক দাশ। তিনি কিন্তু অনুমতি থাকা সত্ত্বেও তাঁর গানের সঙ্গে তবলা নিতে রাজি হননি। পঙ্কজ মল্লিক তাঁর নিজের রেকর্ডে এবং সংগীত পরিচালক হিসেবে যেসব রবীন্দ্রসংগীতের রেকর্ড করেছিলেন, তার সঙ্গে যে-যন্ত্রসংগীত ব্যবহার করেছিলেন, তা খুবই মৃদু।

পঙ্কজ মল্লিক ১৯২৬ সালে তাঁর জীবনে প্রথমবারের মতো রেকর্ডে রবীন্দ্রসংগীত গেয়েছিলেন। তবে তিনি সংগীতের পেশাদারি জীবন শুরু করেছিলেন ১৯২৭ সালে, সদ্যপ্রতিষ্ঠিত কলকাতা বেতার কেন্দ্রে। দু বছর পরে তিনি কলকাতা বেতার কেন্দ্র থেকে 'সংগীত শিক্ষার আসর' পরিচালনা করতে আরম্ভ করেন। এই আসরে তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে নানা গীতিকারের বহু সুপরিচিত গান শেখান। তবে বেশির ভাগ গানই ছিলো রবীন্দ্রসংগীত।

বাংলা চলচ্চিত্র ও গানের জগতে তাঁর অবদান প্রধানত গায়ক, সুরকার ও সংগীত-পরিচালক হিসেবে। তিনি অনেকগুলো ছায়াছবির সঙ্গে সংগীত পরিচালক ও গায়ক হিসেবে যুক্ত ছিলেন। তাঁরই পরিচালনায় 'ভাগ্যচক্র' ছায়াছবিতে নেপথ্যসংগীত পরিবেশিত হয়। তার আগে বাংলা চলচ্চিত্রে কখনো নেপথ্যসংগীত পরিবেশন করা হয়নি। তিনি বহু গায়কও তৈরি করেছিলেন। তাঁদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কুন্দনলাল সায়গাল। সায়গল ছিলেন অবাঙালি—পাঞ্জাবের অধিবাসী। কলকাতায় এসেছিলেন সিনেমায় অভিনয় করতে। সেই অবাঙালী সায়গলকে পঙ্কজকুমার এতো ভালো করে রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গান শিখিয়েছিলেন যে, রবীন্দ্রনাথ তাঁর গান শুনে মুগ্ধ হন। কেবল তাই নয়, সায়গলের গান না-শুনেই রবীন্দ্রনাথ নাকি তাঁর সব গান ঢালাওভাবে অনুমোদন করেছিলেন। প্রসঙ্গত বলা যেতে পারে যে, সায়গলের গানের গলাও ছিলো ভরাট এবং মধুর। সিনেমার নায়ক হিসেবে অভিনয় করতে গিয়ে তিনি যেসব রবীন্দ্রসংগীত গেয়েছিলেন, সেগুলো খুবই জনপ্রিয় হয়েছিলো। তাঁর গুরু ও বন্ধু পঙ্কজ মল্লিক অভিনয় না-করলেও, তিনিও রবীন্দ্রসংগীতকে দারুণ জনপ্রিয়তা দান করেছিলেন। তবে এ ক্ষেত্রে পঙ্কজ মল্লিকের অবদান অনেক বেশি। রবীন্দ্রনাথ তাঁর গলায় গান এতো পছন্দ করতেন যে, তাঁর ছাব্বিশখানা রেকর্ড নিজে শুনে অনুমোদন করেছিলেন।
তিনি রেকর্ডে যেসব রবীন্দ্রসংগীত গেয়ে 'সর্বাধিক তৃপ্তি লাভ' করেছিলেন, সেগুলোর মধ্য থেকে কয়েকটি গানের একটা তালিকা দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। গানগুলো হলো: এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায়; ওগো স্বপ্নস্বরূপিণী; আমি শ্রাবণ আকাশে ঐ দিয়েছি পাতি; সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণধারা; বর্ষণন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি দ্বারে; আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব; তাই তোমার আনন্দ আমার পর; বাণী মোর নাহি; আমার প্রিয়ার ছায়া আকাশে ঐ ভাসে; তুমি কি কেবলি ছবি; ওরে সাবধানী পথিক বারেক পথ ভোলো; দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না; দিন যদি হল অবসান। এ তালিকা থেকে তাঁর গানের রুচি বোঝা যায়। অপর পক্ষে, রবীন্দ্রসংগীতে (তথা বাংলা গানে) তাঁর অবদান সম্পর্কে ধারণা পাওয়া যায় সন্তোষ সেনগুপ্তের আত্মজীবনী থেকে। তিনি পঙ্কজ মল্লিকের নাম উল্লেখ করে লিখেছেন যে, 'রবীন্দ্রনাথকে আর কেউ এমন করে বন্দনা করেনি, আর কেউ তখন পর্যন্ত তাঁর সংগীতকে এমনভাবে সঞ্জীবিত করেনি।' তিনি গানের গলা সম্পর্কে লিখেছেন, 'রবীন্দ্রসংগীতের জগতে প্রথম পুরুষ পঙ্কজকুমার মল্লিক ও দ্বিতীয় পুরুষ দেবব্রত বিশ্বাস।'


দেবব্রত বিশ্বাসের কণ্ঠ সম্পর্কে সন্তোষ সেনগুপ্ত আরও লিখেছেন, 'দেবব্রত বিশ্বাসের সে সময়কার কণ্ঠ বড় আশ্চর্য সম্পদ ছিল। আগেকার দিনের মহাবলীপুরমের সমুদ্রের মতো উত্তাল উদ্দাম। একই কণ্ঠে এতো মাধুর্য, এতো ঔদাযের ও গভীরতার যেন এক অভাবনীয় সমাবেশ। সে কণ্ঠ যেন কোনো রেডিও-রেকর্ডের মাইক্রোফোনে ধরে রাখা সম্ভব ছিল না। সবটাই যেন উপচে পড়ত। … পঙ্কজ মল্লিকের তিরোধানের পর শুধুমাত্র দুইজন অনন্যসাধারণ কণ্ঠসম্পদশালী পুরুষ শিল্পী অবশিষ্ট ছিলেন। একজন দেবব্রত বিশ্বাস, অন্যজন হেমন্ত মুখোপাধ্যায়।'
যথার্থই দেবব্রত বিশ্বাসের মতো একই সঙ্গে ভরাট এবং মাধুর্যপূর্ণ গলা বাংলা গানের জগতে আর শোনা যায়নি। অবশ্য গানের গলা নির্ভর করে অনেকটা জন্মের ওপর অর্থাৎ মা-বাবার কাছ থেকে পাওয়া জিনের ওপর। তাতে ব্যক্তির তেমন কোনো কৃতিত্ব থাকে না। কিন্তু জন্মসূত্রে গলা যেমনই হোক, সে গলার উন্নত ব্যবহার নির্ভর করে মানুষের হাতে। রেওয়াজ করে সে গলাকে সুরেলা করা এবং কণ্ঠনির্গত উচ্চারণকে পরিশীলিত করার কাজটাও নির্ভর করে গলার মালিক যে, তার ওপর। দেবব্রত বিশ্বাসের মতো উচ্চারণ এবং এক্সপ্রেশন অতি বিরল। বিশেষ করে শব্দের অর্থের সঙ্গে সংগতিপূর্ণ এক্সপ্রেশন অন্য কোনো বাঙালি গায়ক-গায়িকার ছিলো অথবা আছে কিনা, তা সন্দেহের বিষয়। একটা দৃষ্টান্ত দেওয়া যাক। সুকান্ত ভট্টাচার্যর 'অবাক পৃথিবী' কবিতায় আট/দশ জায়গায় 'অবাক' শব্দটির ব্যবহার আছে। এই কবিতায় সুরারোপ করে তাকে একটি অসাধারণ গানে পরিণত করেছিলেন সলিল চৌধুরী। হেমন্ত মুখোপাধ্যায় এ গানটি রেকর্ড করেন। এবং তাঁর কণ্ঠে এ গানটি জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু দেবব্রত বিশ্বাসের কণ্ঠে 'অবাক' শব্দটি প্রতিটি জায়গায় যেমন অর্থবহ হয়ে উঠেছে, অন্য কারও গলায় তেমনটা হয়নি।

বস্তুত, দেবব্রত বিশ্বাসের গলা যেমন অতুলনীয় ছিলো, তেমনি গানের ভাব অনুযায়ী তাঁর প্রতিটি শব্দ উচ্চারণের বৈশিষ্ট্যও ছিলো অতুলনীয়। তাঁর উচ্চারণে গানের প্রতিটি কথা, প্রতিটি বাক্যের অর্থ জীবন্ত হয়ে উঠতো। বেশির ভাগ গায়ক/গায়িকা গানের সুরের দিকে লক্ষ রাখেন। শুদ্ধ সুরে গাইতে পারলেই, তাঁরা মনে করেন যে, তাঁরা গানটির প্রতি সুবিচার করেছেন। কিন্তু গীতিকার গানটিতে যে-অর্থ প্রকাশ করতে চেয়েছেন, তাঁদের গায়নের মধ্য দিয়ে সে অর্থ প্রকাশ পেলো কিনা, গায়ক/গায়িকা সেদিকে খেয়াল রাখেন না। দেবব্রত বিশ্বাস প্রতিটি গানের যে-অর্থ করেছেন, তা সে গানের সত্যিকারের অর্থ কিনা, সেটা ভিন্ন কথা। কিন্তু তাঁর গায়নের মাধ্যমে তিনি প্রতিটি গানেরই একটা ব্যাখ্যা দিয়েছেন। এমন সচেতন গায়ক/গায়িকা বাংলা গানের ইতিহাসে অন্য কেউ ছিলেন কিনা, সন্দেহ আছে।
পঙ্কজ মল্লিক এবং দেবব্রত বিশ্বাসের মতো হেমন্ত মুখোপাধ্যায়ও গানের তালিম খুব একটা পাননি। কিন্তু অন্য দুজনের মতোই তাঁরও ছিলো পুরুষালি ভরাট গলা অথবা ডীপ ভয়েস। কেবল ভরাট গলা নয়, তাঁর গলায় ছিলো মধু। যে-গানই তিনি গেয়েছেন, শ্রোতারা তাকেই অন্ধভাবে গ্রহণ করেছেন। সত্যিকার অর্থেই তাঁর গলায় জাদু ছিলো।
তিনি স্কুলে পড়ার সময়ই কলকাতা বেতার কেন্দ্র থেকে গান গাইতে আরম্ভ করেন। তখন তিনি হয়তো শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেনি। কিন্তু সতেরো বছর বয়সে তিনি যখন প্র্থম রেকর্ডে গান গাইলেন, তখন সেটা অনেকেরই চোখে পড়ে। এবং তিনি অতি দ্রুত জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। গানের দরবারে তিনি প্রবেশ করেছিলেন আধুনিক গানের মালা নিয়ে। ১৯৩০-এর দশকে এখন যাকে 'আধুনিক গান' বলা হয়, তা আজকের মতো মঞ্চের প্রধান ভাগটা দখল করে নেয়নি। 'রবিবাবুর গান'ও নয় (রবীন্দ্রসংগীত তখনও জনপ্রিয় হয়নি)। জনপ্রিয়তার মাপে এগিয়ে ছিলো নজরুলের গান—আসরে, মঞ্চে, সিনেমার পর্দায়, গ্রামোফোনের ডিস্কে।
নজরুলের গান তান-প্রধান। কিন্তু তান-প্রধান গানে হেমন্তর দক্ষতা ছিলো না। পঙ্কজ মল্লিকেরও নয়। সে জন্যেই বোধ হয় এ দুজনের কেউই নজরুলের গানে উৎসাহ দেখাননি, গানওনি। [হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল ইসলামের একটি গান আমি শুনেছি।] দুজনই অবশ্য তাঁদের ভারী গলা (ডীপ ভয়েস) দিয়ে তান-প্রধান গান না-গাইবার ক্ষতি পূরণ করে নিয়েছিলেন। তা ছাড়া, পঙ্কজ মল্লিক আধুনিক গানই নয়, রবীন্দ্রসংগীত এবং হিন্দী গানেও জনপ্রিয়তা লাভ করেছিলেন। অপর পক্ষে, হেমন্ত তখন পর্যন্ত একমাত্র আধুনিক বাংলা গান গাইতেন। তাই পুরো দমে ছুটতে তিনি কিছু সময় নিয়েছিলেন। তিনি হিন্দী গান করেন ১৯৪০ সালে। পরের বছর তিনি একটি বাংলা চলচ্চিত্রে নেপথ্য-গায়কের ভূমিকায় অবতীর্ণ হন। সে ছবিতে তিনি একটি মাত্র গান পরিবেশন করেছিলেন। তখনও তিনি জানতেন না যে, বছর দশেকের মধ্যে তিনি বাংলা এবং হিন্দী উভয় ভাষার অন্যতম শ্রেষ্ঠ নেপথ্য গায়ক বলে পরিচিত হবেন। এবং ফিল্মের সঙ্গে তাঁর জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। ততোদিনে তিনি আধুনিক গানে তাঁর আসন পাকাপোক্ত করে নিয়েছিলেন। গেয়েছিলেন সলিল চৌধুরীর সুর দেওয়া প্রেমের নয়, এমন কিছু ব্যতিক্রমধর্মী গান, যা তাঁকে এবং সলিল চৌধুরী উভয়কেই রীতিমতো খ্যাতির আসনে বসিয়েছিলো।
ওদিকে, ১৯৪০ সালের দিক থেকে নজরুলগীতিতে ভাঁটা লাগে। আর, ১৯৪২ সালের পর নজরুল তো কার্যত মারাই যান। এই পরিস্থিতিতে রবীন্দ্রসংগীত জনপ্রিয়তা লাভ করে—সিনেমায়, মঞ্চে এবং গ্রামোফোন ডিস্কে, শিক্ষিত মধ্যবিত্তদের ড্রয়িংরূমে। এই পটভূমিতে রবীন্দ্রসংগীতের আসরে হেমন্ত মুখোপাধ্যায়ের ডাক পড়ে। ১৯৪৪ সালে প্রথম রবীন্দ্রসংগীতের রেকর্ড করার প্রায় সঙ্গে সঙ্গে তিনি সে গানেও খ্যাতি লাভ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে: একে একে বাংলা, হিন্দী, ফিল্মী গান এবং রবীন্দ্রসংগীতে অতো দ্রুত তিনি সাফল্য লাভ করার কারণ কী?
আমরা আগেই বলেছি, ১৯৩০-এর দশকে তো বটেই, চল্লিশের দশকেও, বেশির ভাগ গায়কের কণ্ঠ ছিলো মিহি, জগন্ময় মিত্র এবং কমল দাশগুপ্ত যেমন। সেই গলাই আকর্ষণীয় বলে বিবেচিত হতো। যেমন, রবীন্দ্রনাথের গলার খুব প্রশংসা হতো, সেটা তাঁর মিহি এবং সুললিত গলার কারণে। এখনকার প্রজন্মের লোকেরা কিন্তু রবীন্দ্রনাথের গলার প্রশংসা করবে না। বরং মেয়েলি বলে হাসতে পারে। তারই মধ্যে পঙ্কজ মল্লিক, কুন্দনলাল সায়গল এবং দেবব্রত বিশ্বাস ছিলেন ব্যতিক্রম। সেই মিহি গলার জগতে হেমন্ত মুখোপাধ্যায়ের আবির্ভাব অসাধারণ মধুমাখা অথচ ভারী গলা নিয়ে। এবং সেই আসরে নেমেই তিনি শ্রোতাদের মন জয় করে নেন। দেবব্রত বিশ্বাসের ভাষায়, তিনি পরিচিত হন 'সেকেন্ড হীরো' বলে (ফার্স্ট হীরো ছিলেন পঙ্কজ মল্লিক)। অনেকে তাঁকে বলতেন ছোটো পঙ্কজ। এই 'ছোটো পঙ্কজ'ই দশ-পনেরো বছরের মধ্যে পঙ্কজ মল্লিককে পেছনে ফেলে 'বড়ো হেমন্তে' পরিণত হয়েছিলেন।
কেবল গলা দিয়েই হেমন্ত আসর মাত করেননি, তাঁর সঠিক এবং সুস্পষ্ট উচ্চারণ, কণ্ঠ প্রক্ষেপণ এবং এক্সপ্রেশনও ছিলো সে সময়কার পরিপ্রেক্ষিতে অতুলনীয়। ধরা যাক, যতোবারই তিনি দীর্ঘ নিশ্বাসের কথা উচ্চারণ করেছেন ('যূথীবনের দীর্ঘশ্বাসে' যেমন), ততোবারই তিনি ছোটো করে একটি দীর্ঘশ্বাস ফেলেছেন এবং ভাবটি সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন। তবে আগেই বলেছি, কথা এবং ভাবের উপযোগী কণ্ঠক্ষেপণে পরবর্তী কালে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন দেবব্রত বিশ্বাস।
হেমন্ত মুখোপাধ্যায় যে কেবল গায়ক ছিলেন না, সুরকারও ছিলেন, তাও তাঁর গানকে অ-সাধারণ করেছিলো। সংগীত পরিবেশন করতে গিয়ে তিনি অন্য সুরকারের অনুভূতিকে নিজের করে নিতে পেরেছিলেন। এমন কি, তিনি যে বোম্বেতে গিয়ে সিনেমায় গান করেছেন, গানে সুর দিয়েছেন, সে অভিজ্ঞতাও তাঁর বাংলা গানকে ঐশ্বর্যমণ্ডিত করেছিলো। আবার বাংলা গানের চার তুকবিশিষ্ট ধ্রুপদী আঙ্গিক (যা স্ট্যাডার্ড হিসেবে প্রবর্তন করেছিলেন রবীন্দ্রনাথ), তাকে হিন্দী গীতে প্রবর্তন করে হিন্দী গানকেও উন্নত করেছিলেন। (এ ক্ষেত্রে শচীনদেব বর্মণ, পঙ্কজ মল্লিক এবং সলিল চৌধুরীও প্রশংসার দাবিদার।)
তাঁর হিন্দী উচ্চারণ বাংলা উচ্চারণের মতো নিখুঁত ছিলো না। তা সত্ত্বেও, কণ্ঠ এবং এক্সপ্রেশন দিয়ে তিনি হিন্দী গানের নেপথ্য-গায়ক হিসেবে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর ডজনখানেক হিন্দী গান সর্বকালের শ্রেষ্ঠ হিন্দী গান বলে আজও বিবেচিত হয়। আর, বাংলায় তিনি রবীন্দ্রসংগীত, ফিল্মী গান এবং রেকর্ডে বিধৃত আধুনিক গানের জগতে অসংখ্য গানকে অমর করে রেখে গেছেন। তাঁর গায়ক-জীবন ছিলো সুদীর্ঘ—বাষট্টি বছর। মৃত্যুর পরে চলে গেছে আরও তিরিশ বছর। আজও বাংলা গানের ভুবনে দ্বিতীয় কোনো হেমন্তের আবির্ভাব ঘটেনি।