চল্লিশ দশকের গান
১৯৩০ আর ১৯৪০-এর দশকের মধ্যে গণিতের হিসেবে ব্যবধান মাত্র দশ বছরের। কিন্তু বাংলা গানের বৈশিষ্ট্য বিচার করলে এই ব্যবধান রীতিমতো একটা যুগের। ১৯৩০-এর দশকটা ছিলো নজরুল-যুগ। এই দশকে নজরুল এবং তাঁর কনিষ্ঠ বন্ধুরা গান লিখেছেন, তাতে সুর দিয়েছেন এবং তা কণ্ঠের মাধ্যমে পরিবেশন করে বাংলা গানকে সমৃদ্ধ করেছিলেন। এ যুগের গানের বিষয়বস্তু ছিলো প্রধানত রোম্যান্টিক প্রেম। বিগত প্রেমের স্মৃতি, অশ্রু, বিদায়, ফুল, মালা, পাপিয়া, বুলবুল, চাঁদ ইত্যাদির কথা তখনকার গানে বারবার ফিরে এসেছে। এই দশকে অনেক গীতিকার এবং সুরকার বাংলা গানের দিগন্তে দেখা দিয়েছিলেন। কিন্তু তাঁরা নজরুলের চোখ-ধাঁধানো আলোতে পুরোপুরি আত্মপ্রকাশ করতে পারছিলেন না। তাই তাঁরা তখনও ছিলেন উদীয়মান। ভীষ্মদেব চট্টোপাধ্যায় অথবা শচীনদেব বর্মণের মতো কয়েকজন মাত্র ছিলেন, যাঁরা নজরুল-নির্ভর ছিলেন না।
কিন্তু চল্লিশের দশকে বাংলা গানের পাত্রপাত্রীরা অর্থাৎ গীতিকার-সুরকার-গায়করা নাটকীয়ভাবে বদলে গেলেন। তা ছাড়া, তিরিশের দশকে গানের যে-ধারাটি বহমান ছিলো, তা-ই চল্লিশের দশকে এসে দু ভাগে বিভক্ত হলো। নজরুল তখনও শারীরিকভাবে বেঁচে ছিলেন, কিন্তু তিনি বেঁচে ছিলেন মৃতের মতো। আগের দশকে তাঁর সঙ্গে যাঁরা কাজ করতেন, তাঁর সেই কনিষ্ঠ বন্ধুরা এবং শিক্ষার্থীরা, তাঁরাই এই দশকে তাঁর শূন্য স্থান পূরণ করলেন। শুধু পূরণ করলেন বললে ভুল হবে। প্রকৃত পক্ষে, তাঁরা গানের আসরে এলেন নতুন প্রতিভা, নতুন উদ্যম এবং নতুন বৈশিষ্ট্য নিয়ে। নজরুলের ধারাকে তাঁরা আরও এগিয়ে দিলেন। কেবল তাই নয়, নজরুলের মতো কোনো বিশাল ব্যক্তিত্ব মাথার ওপর না-থাকায়, বাংলা গানে তাঁরা নতুন কিছু বৈশিষ্ট্য আরোপ করতে পারলেন। গানের সুরে নজরুলের প্রভাব কমতে থাকলো, গানের বাণীতে নজরুলী ভাষার প্রভাব হ্রাস পেলো। অপর পক্ষে, প্রভাব বাড়তে আরম্ভ করলো রাবীন্দ্রিক ভাষার।
অন্য এক দল সংগীতকর্মীর ওপর প্রভাব পড়লো চল্লিশ দশকের উত্তাল রাজনীতির। তাঁরা আর শুধু মায়াবী রোম্যান্টিক প্রেমের ভাব-বিহ্বলতা দিয়ে বন্দী থাকতে চাইলেন না। গানের জগতে তাঁরা এলেন নিপীড়িত মানুষের প্রতি দরদ আর স্বাধীনতার বাণী নিয়ে। এমন কি, তাঁদের বিদ্রোহের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য নজরুলের বিদ্রোহ থেকে অনেকাংশে আলাদা হয়ে গেলো। তাঁরা সরকারের বদলে সমাজের ভিত ধরে ঝাঁকুনি দিতে চাইলেন। আজ আমরা চল্লিশের গানের দুই ধারার মধ্যে প্রথম ধারার দিকে নজর দেবো।
এই সময়কার গানের ভাব এবং চরিত্র কেমন হলো, তার একটা চমৎকার দৃষ্টান্ত হলো জগন্ময় মিত্রের গান। তাঁর গানে যেসব বৈশিষ্ট্য দেখা যায়, তা এই দশকের অন্যান্য সুরকারের মধ্যে কমবেশি লক্ষ করা যায়। জগন্ময় ছিলেন চল্লিশ ও পঞ্চাশের দশকের একজন বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় গায়ক। তাঁর বহু গান এখনো অনেকেই মনে করতে পারবেন। যেমন, দুই পর্বে গাওয়া তাঁর 'চিঠি' নামের গানটি—'তুমি আজ কত দূরে'। সেই পুরোনো প্রেমই এ গানে দেখা দিয়েছে খানিকটা নতুন চেহারায়। এই প্রেম নজরুলী প্রেমের মতো অস্থির নয়, বরং খানিকটা প্রশান্ত। তা ছাড়া, এ গানের গায়কের নাম মনে থাকলেও, এ গানের রচয়িতার নাম শ্রোতারা হয়তো ভুলে গেছেন। এমন কি, সুরকারের নামও। এ গানের একমাত্র পরিচয় এখন গায়কের নাম দিয়ে—'জগন্ময় মিত্রের গান'। এবারে বলি এ গানের বাকি পরিচয়—গানটি লিখেছিলেন প্রণব রায় আর এ গানে সুর দিয়েছিলেন সুবল দাশগুপ্ত।
অথচ এর আগেকার 'পঞ্চকবির গানগুলো' পরিচিত ছিলো তাদের রচয়িতার নাম দিয়ে, গায়ক-গায়িকার নাম দিয়ে নয়। জগন্ময় মিত্রের আর-একটি জনপ্রিয় গান 'আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নিশিখা'। গানটির কথাগুলো শ্রোতাকে অনুপ্রাণিত করে। কিন্তু কার লেখা এ গান? কার সুর? তা হয়তো অনেকেরই মনে নেই। এ গানটি লিখেছিলেন মোহিনী চৌধুরী আর এতে সুর দিয়েছিলেন কমল দাশগুপ্ত। 'ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী' গানটিও গেয়েছিলেন জগন্ময় মিত্র। আর এ গানটিও একই জুটির সৃষ্টি। লিখেছিলেন মোহিনী চৌধুরী, সুর দিয়েছিলেন কমল দাশগুপ্ত। একেই আমি বলেছি, এজমালি সংগীত। কয়েকজনের রচনা। কিন্তু শ্রোতাদের কাছে এসব গানের পরিচয় সাধারণত গায়কের নাম দিয়ে।
সেকালে যাঁরা গান লিখেছিলেন তাঁদের অনেকের নামই হারিয়ে গেছে কালস্রোতে। কিন্তু তাঁদের গানগুলোর 'কথা' বিশ্লেষণ করলে সেগুলোর মধ্যে যথেষ্ট কাব্যগুণ লক্ষ করা যাবে। তবে হয়তো একটু বেশি ভাবুকতা আছে তাতে। তাঁদের ভাষা অনেক ক্ষেত্রে 'গীতবিতান'-নির্ভর। যেমন, গৌরীপ্রসন্ন মজুমদার।
জগন্ময় মিত্রের গাওয়া 'জেগে আছি একা, জেগে আছি কারাগারে' গানটিও মোহিনী চৌধুরীর লেখা। এতে সুর দিয়েছিলেন কমল দাশগুপ্ত। বস্তুত, জগন্ময় মিত্র অসংখ্য জনপ্রিয় গান গেয়েছিলেন। তাঁর 'চিঠি' গানটির মতো 'সাতটি বছর আগে / সাতটি বছর পরে' দুই ভাগে বিভক্ত—রেকর্ডের এপিঠ, ওপিঠ। গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিলো ১৯৪২ সালে। এ গানের সুরকার ছিলেন সুবল দাশগুপ্ত, আর গীতিকার প্রণব রায়। এই একই ত্রয়ীর গান 'তুমি কি এখন দেখিছ স্বপন আমারে' (১৯৪৪)। জগন্ময় মিত্রের আরও কিছু জনপ্রিয় গান হলো: 'যাদের জীবন ভরা শুধু আঁখিজল' (১৯৫৫), 'আমি দুরন্ত বৈশাখী ঝড়' (১৯৫৫), 'দিনদুনিয়ার মালিক তোমার দীনকে দয়া হয় না', 'মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়' ইত্যাদি।
এক কালে 'পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়' (১৯৪৪) গানটি দারুণ জনপ্রিয় হয়েছিলো। কিন্তু কমল দাশগুপ্ত সুর দিলেও, গানটি জগন্ময় মিত্রের গাওয়া নয়, গানটি গেয়েছিলেন সত্য চৌধুরী। মোহিনী চৌধুরী অজস্র গান লিখেছিলেন সিনেমার জন্যে। এগুলোর মধ্যে অনেক গানই দারুণ জনপ্রিয় হয়েছিলো।
অজয় ভট্টাচার্য সে যুগের একজন নাম-করা গীতিকার। তিনি কেবল গান লিখতেন না। কবিতা লিখতেন, এমন কি, গল্প-উপন্যাসও লিখতেন। তাঁর জন্ম কুমিল্লায়, ১৯০৬ সালে। তিনি মারা যান মাত্র ৩৭ বছর বয়সে—১৯৪৩ সালে। কিন্তু তারই মধ্যে তিনি নাকি প্রায় দু হাজার গান রচনা করেছিলেন। তবে কেউ কেউ বলেন, দেড় হাজারেও কম। তাঁর গানে সুর দিয়েছিলেন তাঁর কুমিল্লার বন্ধু হিমাংশু দত্ত সুরসাগর এবং শচীনদেব বর্মণ। তা ছাড়া, সিনেমার সূত্রে রাইচাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক এবং অনুপম ঘটকও তাঁর গানে সুর দিয়েছিলেন।
কেবল সুরারোপ নয়, শচীনদেব বর্মণও অজয় ভট্টাচার্য-রচিত কয়েকটা গান গেয়েছিলেন। এগুলোর মধ্যে 'তুমি যে গিয়াছ বকুল-বিছানে পথে' গানটি খুবই জনপ্রিয়। তাঁরই লেখা গান 'একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও' জনপ্রিয় হয়েছিলো 'শাপমুক্তি' চলচ্চিত্রের গান হিসেবে। এ গানের (১৯৪০) সুরকার ছিলেন অনুপম ঘটক। সেকালের একজন খ্যাতিমান সুরকার ছিলেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়। উচ্চাঙ্গ সংগীত-শিল্পী হিসেবেও তিনি খ্যাতিমান ছিলেন। অজয় ভট্টাচার্য-রচিত কয়েকটি গানে সুর দিয়েছিলেন তিনি, গেয়েওছিলেন। যেমন, 'জাগো আলোক লগনে' (১৯৩৭), 'যদি মনে পড়ে সেদিনের কথা' (১৯৩৭), 'তব লাগি ব্যথা উঠে গো কুসুমি'। অজয় ভট্টাচার্য-রচিত আরও দুটি গান সেকালে খুব জনপ্রিয় হয়েছিলো –'দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের' (১৯৩৯) এবং 'বন্দর ছাড়ো যাত্রীরা সবে জোয়ার এসেছে আজ' (১৯৪৪)। প্রথম গানটিতে সুর দিয়েছিলেন তিমিরবরণ, আর গেয়েছিলেন পঙ্কজ মল্লিক। দ্বিতীয় গানটির সুরকার এবং গায়ক শচীনদেব বর্মণ। দুটি গানই ছিলো সিনেমার গান। 'আমি ছিনু একা', 'কাঁদিব না ফাগুন গেলে', 'কথা কও দাও সাড়া', 'ঝন ঝন ঝন মঞ্জীর বাজে', 'ফুলের বনে থাকো ভ্রমর'—এ গানগুলো সবই লিখেছিলেন অজয় ভট্টাচার্য, সবগুলোতে সুর দিয়ে গেয়েছিলেন শচীনদেব বর্মণ।
বাংলা গানের সুরে বৈচিত্র্য এনেছিলেন শচীনদেব। তিনি নিজে ভালো করে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছিলেন। গানে সুর দেওয়ার সময়ে তিনি তাঁর উচ্চাঙ্গ সংগীতের জ্ঞানকে কাজে লাগিয়েছিলেন। তিনি যেসব গান গাইতেন, সাধারণত তার সবগুলোতে তিনি নিজেই সুর দিতেন। তাঁর প্রথম দিকের গানে নজরুলের মতো যথেষ্ট তান থাকতো। গজলের সুর দিয়েও বেশ প্রভাবিত হয়েছিলেন। কিন্তু নজরুল ইসলামের লেখা এবং সুর-দেওয়া মাত্র চারটি গান তিনি রেকর্ড করেছিলেন। তিনি আকৃষ্ট হয়েছিলেন উচ্চাঙ্গ সংগীতের এবং পল্লীগীতির সুরে রচিত নজরুলগীতির দিকে। যেমন, 'কুহু কুহু কুহু কোয়েলিয়া' একটি রাগপ্রধান নজরুলগীতি। 'দোলে রাধা মধু বৃন্দাবনে', 'প্রেম যমুনার পারে মোর হিয়া কেঁদে মরে', 'যদি দখিনা পবন', 'আলোছায়া দোলা', 'বিরহ বড়ো ভালো লাগে' ইত্যাদি তাঁর জনপ্রিয় রাগপ্রধান গান।
শচীনদেব বাস করতেন তাঁর জন্মস্থান কুমিল্লা/ত্রিপুরা থেকে অনেক দূরে—প্রথমে কলকাতায়, তারপর সুদূর বোম্বাইতে। কিন্তু তাঁর শিকড়টা পোতা ছিলো কুমিল্লা/ত্রিপুরায়। বাল্যকালের কথা কখনও ভুলতে পারেননি তিনি। অতীতের স্মৃতি তাঁকে প্রবলভাবে টানতো। সেই টান প্রকাশ পেয়েছে 'টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল'-এর মতো গানে। এ গানে ফেলে-আসা গ্রাম বাংলার জন্যে যে-বেদনা প্রকাশ পেয়েছে, তা গানের রচয়িতা মীরা দেবী এবং গায়ক—উভয়ের মধ্যেই ছিলো গভীরভাবে। তাই এ গান, এ গানের মতো অন্যান্য গান তাঁদের কাছে কেবল কাব্য নয়, সত্যভাষণ। শচীনদেব এ ধরনের গান গেয়েছেন তাঁর সমগ্র হৃদয়ের দরদ দিয়ে।
তাঁর গানে বাউল-ভাটিয়ালির কথা বারবার ফিরে এসেছে। বাউল-ভাটিয়ালি সুর জ্ঞাতে এবং অজ্ঞাতে বারবার প্রভাব বিস্তার করেছে। তাঁর 'কে যাস রে ভাটির গাঙ বাইয়া', 'ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও', 'নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা', রঙ্গীলা রঙ্গীলা রঙ্গীলা রে আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে', 'তুই কি শ্যামের বাঁশীরে' ইত্যাদি গান পল্লীগীতি-নির্ভর। নজরুল ইসলামের ভাটিয়ালি-ভিত্তিক গান 'পদ্মার ঢেউ রে' গানটিও তিনি গেয়েছিলেন সমস্ত হৃদয়ের দরদ দিয়ে।
তাঁর অবিস্মরণীয় আরও কিছু গান আছে, যার কাছে ফিরে যেতে হয় বারবার। যেমন, 'বাজে না বাঁশী গো', 'মন দিল না বঁধু নিল যে শুধু আমি কী নিয়ে থাকি', 'তুমি আর নেই সে তুমি', 'বাঁশী শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশী', 'ও জানি ভোমরা কেন কথা কয় না', 'সেই যে দিনগুলি', 'শোনো গো দখিনা হাওয়া প্রেম করেছি আমি', 'ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায়' ইত্যাদি।
প্রসঙ্গত তাঁর গানের বৈশিষ্ট্য সম্পর্কে মন্তব্য করা যেতে পারে। তাঁর প্রকাশভঙ্গি বা এক্সপ্রেশন ছিলো অসাধারণ। আধুনিক বাংলা গান গাইতে গিয়ে অনেকেই সুরের দিকে যতোটা মনোযোগ দেন, কথার দিকে অতোটা খেয়াল করেন না। বাণীর অর্থ এবং ব্যঞ্জনা ফুটিয়ে তোলার জন্যে কণ্ঠে যে-দরদ, নাটকীয়তা এবং প্রকাশভঙ্গি প্রয়োজন, তা তাঁরা দেখান না। ফলে গানের অর্থ যথার্থভাবে প্রকাশ পায় না। অপর পক্ষে, শচীনদেবের প্রকাশভঙ্গি ছিলো অসাধারণ। সে সময়কার কোনো গায়কের সঙ্গেই এ বিষয়ে তাঁর তুলনা চলে না। তাঁর আর-এক বৈশিষ্ট্য গানের কোনো পংক্তি দ্বিতীয় বা তৃতীয় বার গাইতে হলে তা হুবহু আগের বারের মতো না-গেয়ে কথা ও সুরে খানিকটা নতুনত্ব নিয়ে আসতেন তিনি—সব গানে নয়, অনেক গানে। তাঁর গলার সীমাবদ্ধতা উত্তীর্ণ করে তিনি সেকালের সর্বশ্রেষ্ঠ গায়কে পরিণত হয়েছিলেন। সুরকার হিসেবে তাঁর আর-এক সাফল্য ছিলো গানের শুরুতে এবং বিভিন্ন জায়গায় যে-যন্ত্রসংগীত থাকে—প্রিলিউড এবং ইন্টারলিউড, সেই সংগীতকে অসামান্য কৃতিত্বের সঙ্গে রচনা করা এবং তা ব্যবহার করার। তাল-য্ন্ত্রকেও তিনি অতুলনীয় দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন।
সেকালে গান লিখে অনেকেই নাম করেছিলেন, অর্থও উপার্জন করেছিলেন। কলকাতা বেতার এবং সবাক চলচ্চিত্র গানের চাহিদা বাড়িয়ে দিয়েছিলো। তার ওপর ছিলো গ্রামোফোন রেকর্ডের চাহিদা। ফলে এই গীতিকারেরা অসংখ্য গান রচনা করেছিলেন। তাঁরা কেউ কেউ হাজার / দু হাজার গানও লিখেছেন। যেমন, অজয় ভট্টাচার্য তাঁর সংক্ষিপ্ত জীবনে দু হাজারেরও বেশি গান লিখেছিলেন। শৈলেন রায়ও তাই, দু হাজারের বেশি। শ্যামল গুপ্ত লিখেছিলেন প্রায় দু হাজার। গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুবোধ পুরকায়স্থ ঠিক কতোগুলো গান লিখেছিলেন, জানি না। তবে ধারণা করি হাজারখানেকের কম হবে না। এতো বেশি গান রচনা করলেও, সত্তর-আশি বছর পরে কোনো কোনো গীতিকারের হয়তো অল্প কয়েকটা গানই আজও বেঁচে আছে।
