নজরুলগীতির পতন ও পুনরুত্থান
আগেই লক্ষ করেছি 'কবি নজরুল' কী করে ধীরে ধীরে 'গীতিকার ও সুরকার নজরুলে' পরিণত হয়েছিলেন। কেবল পরিণতই হননি, অল্পকালের মধ্যে তিনি রীতিমতো জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন। তাঁর ওপরে ওঠার প্রথম সিঁড়িটা ছিলো গজলের, বাংলায় যা ছিলো একেবারে নতুন। তিনি প্রথম গজলটি লেখেন ১৯২৬ সালের নভেম্বর মাসে। আর তাঁর গজল গানের প্রথম সংকলনটি প্রকাশিত হয় এর দেড় বছর পর, ২৮ সালের এপ্রিলে। ইতিমধ্যে দিলীপকুমার রায় আর নজরুল মিলে আসরে আসরে গজল গেয়ে এ গানকে শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। ওদিকে, যেখানে-সেখানে গজল শুনতে পেয়ে সজনীকান্ত দাস ঈর্ষান্বিত ও বিরক্ত হয়েছিলেন। তাই তিনি গজলের প্যারডি লিখতে আরম্ভ করেন এবং সেগুলো তিনি ফলাও করে প্রকাশ করেন নিজের পত্রিকা 'শনিবারের চিঠি'তে। সে চিঠি কজন পড়েছিলেন, জানা যায় না। কিন্তু গজলের জনপ্রিয়তা একটুও কমেনি।
উল্টো, তাঁর গানকে শ্রোতাদের কাছে পৌঁছে দেবার আরও একটা রাস্তা খুলে গেলো—থিয়েটারের কল্যাণে। তৃতীয় রাস্তা খুলতেও দেরি হলো না। ১৯২৯ সাল থেকে তাঁর গান শ্রোতাদের কাছে পৌঁছে যেতে আরম্ভ করলো গ্রামোফোন রেকর্ডের মাধ্যমে। ১৯৩১ সাল নাগাদ এই পথ এতোটাই প্রশস্ত হলো যে, নজরুল নিজে দামী কনভ্যার্টিবল গাড়ি কিনে ফেললেন। নজরুলের গানের বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায় যে, ১৯৩০ সাল পর্যন্ত তিনি প্রধানত রোম্যান্টিক গান রচনা করেছেন—রোম্যান্টিক বিদ্রোহ, রোম্যান্টিক দেশপ্রেম, রোম্যান্টিক ইসলামী জাগরণ, রোম্যান্টিক প্রেম নিয়ে। এসব গান যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলো। কিন্তু তারপর তিনি যখন রোম্যান্টিক গানের পাশাপাশি ধর্মীয় সংগীত লিখতে আরম্ভ করলেন, তখন তাঁর জনপ্রিয়তার পথটা স্বর্গ পর্যন্ত বিস্তৃত হলো। মোট কথা, ১৯৩০-এর দশকে কলকাতার গানের জগতের একচ্ছত্র অধিপতি হয়ে গেলেন নজরুল।
নজরুলের অনেক আগেই রবীন্দ্রনাথ অবশ্য সমস্ত আকাশকে উজ্জ্বল করে শোভা পাচ্ছিলেন। সে আলোর রশ্মি বাংলার আকাশ ছাড়িয়ে বিশ্বের আকাশে ছড়িয়ে পড়েছিলো। ততোদিনে তিনি প্রায় দু হাজার গান রচনা করে তাতে সুর দিয়েছিলেন। সেসব গান সংগীত-রসিকদের স্বীকৃতিও লাভ করেছিলো। কিন্তু ১৯৩০-এর দশকেও সে গান 'রবীন্দ্রসংগীত' নামে পরিচিত হয়নি। সে গানের নাম তখনও 'রবিবাবুর গান'। সে গানের নিবাস তখনও শান্তিনিকেতন আর শহরের ব্রাহ্মপরিবারে। তখনও পর্যন্ত রেকর্ডে রবীন্দ্রসংগীতের সংখ্যা ছিলো হাতে গোনার মতো। এসব গান গাইতেন রবীন্দ্রনাথের আত্মীয় এবং বান্ধবরা (যেমন দিনেন্দ্রনাথ ঠাকুর, সাহানা দেবী, কনক দাস), শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা আর ব্রাহ্মসমাজের সদস্যরা। ১৯৪১ সালে রেকর্ডে রবীন্দ্রনাথের গানের নাম দেওয়া হয় প্রথমে 'রবীন্দ্র-গীতি', তার পরের বছর থেকে 'রবীন্দ্রসংগীত'। অথচ এখন প্রায় শতবর্ষ পরে রবীন্দ্রসংগীত ছাড়া একটা নাটক, টেলিভিশন নাটক অথবা চলচ্চিত্র কল্পনা করা যায় না। সভা-সমিতির অনুষ্ঠানও হয় না তাঁর গান ছাড়া। ১৯৩০-এর দশকে নজরুলও ছিলেন এমনি—গানের দরকার হলে, তাঁকে অবশ্যই মনে করতে হতো।
নজরুলের গানের প্রতি রেকর্ড কম্পেনির উৎসাহে খানিকটা ভাটা পড়ে ১৯৪০ সাল নাগাদ। এমন কি, গানের প্রতি নজরুলের নিজের আগ্রহও একটু একটু করে কমতে থাকলো। গ্রামোফোন কম্পেনিতে যাওয়া বন্ধ হলো না, কিন্তু তাঁর গান লেখা প্রায় বন্ধ হলো। কবিতার দিকে যাবার চেষ্টা করলেন। তবে তখনও গানের যোগাযোগ থাকলো আকাশবাণীর সঙ্গে। লুপ্ত রাগরাগিণী উদ্ধার নিয়ে বেতারে অনুষ্ঠান করতে থাকলেন তিনি। গান নিয়ে রীতিমতো গবেষণা শুরু করলেন।
এদিকে তাঁর জিভে আড়ষ্টতা দেখা দিলো। মাঝেমধ্যে কথা বলতেও অসুবিধে হয়। তারপর গান গাওয়া তো বটেই, কথা বলাই প্রায় বন্ধ হয়ে গেলো ৪২ সালের জুলাই মাসে। ডিমেনশিয়া অর্থাৎ বিস্মৃতি রোগও দেখা দিলো। তাঁর মস্তিষ্কের সামনের দিকটা এবং দু পাশের খানিকটা শুকিয়ে গিয়েছিলো। প্রথমে একজন শখের হোমিওপ্যাথিক ডাক্তার তাঁর চিকিৎসা করলেন। তারপর চিকিৎসা করলেন পারিবারিক চিকিৎসক। এমন কি, তখনকার সবচেয়ে নাম-করা ডাক্তার বিধান রায়ও তাঁর চিকিৎসা করলেন। তাঁকে এর আগে ভর্তি করা হয়েছিলো এক পাগলা গারদে। কিন্তু পাগলামির চিকিৎসা করার জন্যে নয়। বরং সিফিলিস রোগের জন্যে, যদিও পরে প্রমাণিত হয়েছিলো যে, তাঁর আদৌ সিফিলিস হয়নি।
সিফিলিস একটা যৌনরোগ। সেকালে কারও এই রোগ হলে সাধারণ লোকেরা তাকে ঘৃণা করতো। ছোঁয়াচে রোগ মনে করে ভয়ও পেতো। নজরুলের বেলাতেও তাই হলো। যে-লোকটির সঙ্গে আড্ডা দিতে পারলে বন্ধুরা বর্তে যেতো, সংগীতশিল্পীরা সারাক্ষণই যাঁকে ঘিরে থাকতো, সিফিলিসের কথা শুনে তাঁকে দেখতে এলো না কেউ। ওদিকে, সেই মানুষটি দারুণ অভাবে, প্রায় অনাহারে, নির্বাক ও নিঃসঙ্গ হয়ে বাড়িতে বসে পাগলামো করতে থাকলেন। তাঁর আয়ের প্রধান ভাগই আসতো রেকর্ড বিক্রির রয়্যাল্টি থেকে, সে পথও তিনি নিজেই বন্ধ করে দিয়েছিলেন এক ঠকবাজ উকিলের পাল্লায় পড়ে। এই উকিলের কাছে তিনি তাঁর রেকর্ডের সমস্ত আয় বন্ধক দিয়ে মাত্র চার হাজার টাকা নিয়েছিলেন। তিনি আর কোনো দিন এই রেকর্ড-স্বত্ব ফিরে পাননি।
ওদিকে, কলকাতায় রেকর্ড কম্পেনি ছিলো বেশ কয়েকটা। সবচেয়ে উল্লেখযোগ্য তিনটে কম্পেনির নাম ছিলো গ্রামোফোন কম্পেনি অব ইন্ডিয়া, তারপর ছিলো মেগাফোন আর হিন্দুস্তান মিউজিকেল। এর মধ্যে প্রথম দুটি কম্পেনিতে নজরুলের ছিলো অসামান্য প্রতাপ। গীতিকার হিসেবে একাই তিনি সব রকমের গানের চাহিদা মেটাতেন। সুরকারের দায়িত্বও পালন করতেন তিনি। অন্য গীতিকার এবং সুরকার কমই লাগতো। এখন তিনি অসুস্থ হওয়ায় এতো দিন যে-গীতিকার ও সুরকারেরা কাজ পাওয়ার জন্যে আগ্রহী ছিলেন, তাঁরা দ্রুত তাঁর শূন্য স্থান পূরণের জন্যে এগিয়ে এলেন। কাজীদার কী হলো, সে খবর নেওয়ার প্রয়োজনও তাঁরা বোধ করলেন না। রেকর্ড কম্পেনিগুলোর কাজও বন্ধ হলো না। যেমন চলছিলো, তেমনি চলতে থাকলো।
রেকর্ডের গানই নয়, নাটকের গানের জন্যেও ডাক পড়তো নজরুলের। তিনি অসুস্থ হবার পর থিয়েটারের লোকেরা অন্য গীতিকারদের শরণাপন্ন হলেন। গ্রামোফোন রেকর্ডে যে-সব নাটক হতো, তার জন্যেও প্রযোজকরা প্রথমেই কথা বলতেন কাজীদার সঙ্গে। কিন্তু তিনি অসুস্থ হওয়ার পর তাঁর কথা আর কেউই মনে করলো না। কারণ কোনো কাজই কারও জন্যে থেমে থাকে না।
১৯৩১ সালে কলকাতায় সবাক চলচ্চিত্রের যুগ শুরু হওয়ার পর নজরুল কয়েকটা চলচ্চিত্রের জন্যে গান লিখেছিলেন। কয়েকটা চলচ্চিত্রের সংগীত পরিচালনাও করেছিলেন। কিন্তু চলচ্চিত্রের বাজারে তিনি ঠিক জুৎ করতে পারলেন না। আগে থেকেই সেখানে রাইচাঁদ বড়াল ছিলেন, পঙ্কজ মল্লিকও ঢুকে পড়লেন। অসুস্থ হওয়ার ফলে তাই সিনেমার বাজার তিনি হারাননি। কিন্তু নাটকের প্রতিযোগী হিসেবে সিনেমা সামনের দিকে এগিয়ে গেলো। সিনেমা এমন একটা শক্তিশালী মিডিয়া যে, তার সঙ্গে পাল্লা দিয়ে নাটক ধীরে ধীরে পিছিয়ে পড়লো। আর সিনেমার জগৎ নজরুলকে মনেই করেনি।
এক কথায়, যে-নজরুল ১৯৩০-এর দশকে তাঁর গান নিয়ে সর্বত্র হাজির থাকতেন, ১৯৪০-এর দশকে তিনি যেন হঠাৎ হারিয়ে গেলেন। অসুস্থতার পরে তাঁর খুব কম গানই রেকর্ড হলো। তাঁর হাতে প্রশিক্ষণ-প্রাপ্ত গীতকার এবং সুরকারগণ মঞ্চ জাঁকিয়ে বসলেন। এমন কি, নজরুলের কোনো কোনো রেকর্ড-করা গানও এ সময়ে চললো অন্যদের নামে। মনে হয়, এতো দিন নজরুল একাই রেকর্ড ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করায় অনেকেরই আক্রোশ ছিলো তাঁর ওপর।
তা ছাড়া, ১৯৪৭ সালে বঙ্গদেশ বিভক্ত হওয়ার পর কলকাতা এবং ঢাকা—উভয় জায়গাতেই নজরুলকে নিয়ে গ্রহণ-বর্জনের খেলা শুরু হয়। যেমন, কলকাতার গানের জগতে, বিশেষ করে আকাশবাণীতে তাঁকে নির্বাসন দেওয়ার প্রয়াস চলে। কোনো নিয়মিত সময়ে নজরুলের গান তো হতোই না। প্রখ্যাত সুরকার আবদুল আহাদ তাঁর আত্মজীবনীতে এ সম্পর্কে লিখেছেন যে, 'নজরুল-গীতির যে সম্পূর্ণ আলাদা সত্তা আছে সেটা একরকম মুছেই গিয়েছিলো। … মাঝে মাঝে কলকাতা বেতারে আধুনিক গান হিসেবে নজরুল ইসলামের গান প্রচারিত হতো, বলা হতো, রচনায়—কাজী নজরুল ইসলাম।' এ রকমের আর-একটি ঘটনার কথা আমার স্পষ্ট মনে আছে। আকাশবাণীর ভোর বেলার অনুষ্ঠানের শুরুতে সাধারণত একটি ভক্তিমূলক গান প্রচারিত হতো। এ রকমের একটি গান হলো নজরুলের 'তিমির-বিদারী অলখবিহারী কৃষ্ণ মুরারি আগত ঐ' গানটি। একাধিক বার আকাশবাণী থেকে এ গানটি বাজাতে শুনেছি। বাজানো হয়েছে, কিন্তু গানটি কার লেখা, তা ঘোষণা করা হয়নি। তদুপরি, ১৯৬০-এর দশকে নাম-করা নজরুল-গীতির গায়িকা ফিরোজা বেগমকে কলকাতা বেতার থেকে নজরুল-গীতির বদলে আধুনিক গান পরিবেশন করতে শুনেছি।
যে-ব্যক্তি ছিলেন মনে-প্রাণে আদর্শ অসাম্প্রদায়িক মানুষ, তাঁর গান নিয়ে এ সময় থেকে কলকাতা রেডিওতে সাম্প্রদায়িকতার খেলা চলতে শুরু করে। এবং ঢাকায় চলতে থাকলো অব্যবস্থা। যদিও ঢাকা বেতার কেন্দ্রকে এ ব্যাপারে তেমন দায়ী করা যায় না। কারণ দেশবিভাগের পরে, বিশেষ করে পঞ্চাশের দাঙার পরে, ঢাকা বেতারের হিন্দু শিল্পীরা পশ্চিমবাংলায় চলে যান। ঢাকা বেতার থেকে নজরুল-গীতি প্রচারের অন্য বাধাও ছিলো। মুসলমান সমাজ কোনো গানের প্রতিই অনুকূল মনোভাব পোষণ করতো না। বাড়িতে তাই গান-বাজনার চর্চা ছিলো না। এর ফলে ঢাকা বেতারে নজরুল-গীতি গাইবার অথবা শেখানের মতো কোনো মুসলমান গায়ক অথবা গায়িকা ছিলো না। তাই নজরুলের ওপর অবিচার করার প্রশ্ন ওঠে না। যাঁরা নজরুল-গীতি জানতেন, তাঁদের প্রোগ্র্যাম দেওয়া হতো। বছর দশকের মধ্যে ঢাকায় যখন নজরুল-গীতির শিক্ষক, শিল্পী এবং শ্রোতা তৈরি হলো এবং ইকবালের বদলে নজরুলকে দিয়ে পাকিস্তানী সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার নীতি গৃহীত হলো, তখন বেতারে রবীন্দ্রনাথকে কম গুরুত্ব দিয়ে নজরুলের ওপর বেশি গুরুত্ব আরোপ করার নীতি গৃহীত হলো।
আবদুল আহাদ লিখেছেন যে, ঢাকা বেতারের কর্মী নাজির আহমদ এবং শামসুল হুদা চৌধুরী সহকর্মীদের কাছে প্রস্তাব করেন নজরুলের গানের একটা আলাদা নাম দেওয়া দরকার। সহকর্মীরা আলাপ-আলোচনা করে ঠিক করলেন যে, তাঁর গানের নামটা হোক 'নজরুল-গীতি।' তাঁরা এই নাম ঠিক কখন দিলেন আবদুল আহাদ তা উল্লেখ করেননি। তবে তাঁর লেখা থেকে মনে হয়, পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে। ওদিকে, নজরুল-গীতির বিখ্যাত গায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছ থেকে ভিন্ন বয়ান পাওয়া যায়। আবদুল মান্নান সৈয়দকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, ১৯৬৫ সালে একটি রেকর্ড করার সময়ে তিনি রেকর্ড লেবেলে নজরুল-গীতি লিখতে বলেন। সেই থেকে নজরুলের গানকে নজরুল-গীতি বলা হচ্ছে।
সম্প্রতি একটি প্রবণতা দেখা যাচ্ছে: নজরুল-গীতিকে 'নজরুল-সংগীত' বলার। এর পেছনে যে-মনোভাব কাজ করছে, সে হলো রবীন্দ্রনাথের গানকে 'রবীন্দ্রসংগীত' বলা হলে, নজরুলসংগীত বলবো না কেন? নজরুল রবীন্দ্রনাথের চেয়ে কম কিসে! অবশ্যই কম। কিন্তু সে বিতর্কে না-গিয়ে ধ্বনি-সংগতির দিকে তাকানো যায়। যুক্তাক্ষর-বিহীন 'নজরুল' কথাটার সঙ্গে 'গীতি' যেমন ভালো শোনায়, সংগীত কথাটা তেমন মেলে না। অপর পক্ষে, রবীন্দ্রনাথের 'ন্দ্র' যুক্তাক্ষরের সঙ্গে 'সংগীত' কথাটা ভালো শোনায়।
পশ্চিমবাংলায় নজরুল-গীতির পুনরুত্থান ঘটে একাধিক কারণে। তার মধ্যে একটি কারণ হলো একটি লং প্লে রেকর্ডের প্রকাশ। নাম-করা গায়ক সন্তোষ সেনগুপ্ত ১৯৬০-এর দশকে ছিলেন গ্রামোফোন কম্পেনি অব ইন্ডিয়ার একজন বড়ো কর্তা। তিনি রবীন্দ্রনাথের কয়েকটা নৃত্যনাট্য এবং গীতিনাট্য পরিচালনা করেছিলেন। এইচএমভি সেগুলোর লং প্লে রেকর্ড প্রকাশ করেছিলো। একে একে শ্যামা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, তাসের দেশ, মায়ার খেলা, বাল্মীকি-প্রতিভা এবং শাপমোচন। ১৯৬৫ সালে তাঁর মনে হলো নজরুল-গীতির একটি লং প্লে রেকর্ড প্রকাশ করলে বেশ ভালো হয়। নজরুল-গীতির প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ছিলো। তিনি স্বয়ং নজরুল ইসলামের কাছে বহু গান শিখেছিলেন। 'তুমি শুনিতে চেওনা আমার মনের কথা', 'যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই' ইত্যাদি গান-সহ নজরুল-গীতির বেশ কয়েকটা রেকর্ডও করেছিলেন।
তাঁর মনে হয়েছিলো যে, নজরুল-গীতির এলপি প্রকাশের জন্যে নতুন করে বারোটি গান রেকর্ড করা দরকার। কারণ নজরুলের যেসব গান রেকর্ড করা হয়েছিলো, তা হয়েছিলো ১৯৩০-৪০এর দশকে। সেসব রেকর্ডিং-এর মান ভালো ছিলো না। গাইবার ধরনও ছিলো অনেকটা সেকেলে। লং প্লে রেকর্ডের জন্যে কার কার গান নেওয়া যায়, তা নিয়ে সন্তোষ সেনগুপ্ত কথা বলেন কমল দাশগুপ্ত, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ফিরোজা বেগমের সঙ্গে। শেষ পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়—এই ছজনের বারোটি গান দিয়ে এই রেকর্ডটি প্রকাশিত হয় ১৯৬৬ সালে। রেকর্ডটির নাম দেওয়া হয় 'দ্য বেস্ট লাভ্ড সংস অব নজরুল।' সন্তোষ সেনগুপ্ত লিখেছেন যে, এই রেকর্ড পরিচালনায় তিনি কমল দাশগুপ্তের সহায়তা নিয়েছিলেন।
এই রেকর্ড প্রকাশিত হওয়ার পর অসামান্য সাড়া পাওয়া গিয়েছিলো। আমি তখন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। ভারতীয় ডেপুটি হাইকমিশন থেকে আমাকে একটি রেকর্ড দেওয়া হয়েছিলো। এইএমভি এই রেকর্ডের জনপ্রিয়তা দেখে ১৯৬৮ সালে আর-একটি এলপি প্রকাশ করে নজরুল-গীতির। সেটি নাম ছিলো 'সে ইট উইথ ফ্লাওয়ার্স।' আগের বার যাঁদের গান নেওয়া হয়েছিলো, এই রেকর্ডে তেমন তিনজন—সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরও তিনজন—ধীরেন্দ্রচন্দ্র মিত্র, মাধুরী চট্টোপাধ্যায় এবং শ্যামল মিত্রের গান নেওয়া হয়েছিলো। এ রেকর্ডও জনপ্রিয়তা অর্জন করেছিলো। ষাটের দশক থেকে নজরুল-গীতির কয়েকজন নতুন শিল্পীরও আবির্ভাব ঘটে। এঁদের মধ্যে ছিলেন অঞ্জলি মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল এবং ফেরদৌসী রহমান। এখন বাংলাদেশ ও পশ্চিমবাংলায় অনেকেই নজরুল-গীতির চর্চা করছেন। কিন্তু নজরুল-গীতি গাইবার জন্যে উচ্চাঙ্গসংগীতে যে-দক্ষতার প্রয়োজন, বেশির ভাগ তথাকথিত নজরুল-গীতি শিল্পীর তা নেই। অপর পক্ষে, উচ্চাঙ্গসংগীতে দক্ষতা থাকলে এবং গানের অর্থ বুঝে গাইতে পারলে তার পক্ষে নজরুল-গীতির শিল্পীর হওয়া সম্ভব। যেমন, উচ্চাঙ্গসংগীতের প্রখ্যাত ওস্তাদ, অজয় চ্ক্রবর্তী। তিনি কেবল নজরুলের গান রেকর্ডে করেননি, বরং তাঁর সংগীতজ্ঞান, উচ্চারণ এবং গীতভঙ্গি দিয়ে নজরুল-গীতিকে অসাধারণ উচ্চতায় তুলেছেন।
(চলবে)
