২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা গানের ধারাবাহিক ইতিহাস: গানের পথে নজরুল ২

গোলাম মুরশিদ

Published : 01 Jan 2021, 02:36 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আনুষ্ঠানিকভাবে কারও কাছে গান শেখেননি। কিন্তু গান গাইতে তিনি ভালোবাসতেন। আর, সঠিক কাঠামোয় না-হলেও দুটো/চারটে গান লিখেওছিলেন। তাই বলে একদিন গান হবে তাঁর পেশা—এ কথা তিনি ভাবতেও পারেননি। এমন কি, ১৯২৬ সালের নভেম্বর মাসে তিনি যখন তাঁর প্রথম গজল লিখেছিলেন—বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস না আজি দোল—তখনও না। তবে প্রথম গজলটি রচনা করে তিনি যেন শরাবের নিষিদ্ধ স্বাদ পেয়েছিলেন। গজলের এ-যাবৎ-গোপন পথ ধরেই গানের জগতে তাঁর প্রবেশ। অতঃপর এক বছরেই রচনা করেছিলেন তাঁর প্রথম গানের বই 'বুলবুলে'র অধিকাংশ গজল।
প্রথম গজল লেখার মাস দুয়েক আগে কলকাতায় এক আসরে তিনি শুনেছিলেন মিস ফরিদা নামে এক মিসরী নর্তকী-গায়িকার একটি গজল। তাঁকে মুগ্ধ করেছিলো সেই গজলটির সুর। সেই সুরেই তিনি লিখেছিলেন 'বাগিচায় বুলবুলি তুই' গজলটা। সুরটা তিনি নিয়েছিলেন অন্যের কাছ থেকে। কিন্তু গজলটার অভিনব ভাব ও রোম্যান্টিক বাণী ছিলো তাঁর নিজস্ব। অসুস্থ দেহে গজলটা লেখার পরই তিনি ম্যালেরিয়া আর রক্ত আমাশয়ে প্রায় জ্ঞান হারিয়ে শয্যাশায়ী হন। একটু সুস্থ হয়ে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লিখলেন তাঁর দ্বিতীয় গজল—'আসে বসন্ত ফুল বনে।' এটিও ধার-করা সুরে। তারপর ডিসেম্বর মাস শেষ হবার আগেই তিনি অন্তত আরও তিনটি গজল লিখেছিলেন। একটি পাঠান 'সওগাতে', একটি 'কল্লোলে' আর দুটি 'বঙ্গবাণী'তে।

নজরুলের গজল যাঁদের খুব ভালো লেগেছিলো, তাঁদের একজন ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপকুমার রায়। মস্ত বড়ো সংগীতজ্ঞ এবং গায়ক ছিলেন তিনি। তা ছাড়া, তিনি ছিলেন নজরুলের ঘনিষ্ঠ বন্ধু। নজরুল তাঁর নাম দিয়েছিলেন 'সুরকুমার'। সেই দিলীপকুমার ১৯২৭ সালে আসরে আসরে নজরুলের গজল গেয়ে গজলগুলোকে জনপ্রিয় করেছিলেন। নজরুল নিজেও গানের আসরে গজল গাইতেন। মোট কথা, ১৯২৭ সালে গজলগুলো ব্যাপক পরিচিতি লাভ করে।
ওদিকে, এ বছরই প্রতিষ্ঠিত হয় কলকাতা রেডিও কম্পেনি। সেখান থেকে জনপ্রিয় গান হিসেবে নজরুলের গানও প্রচারিত হতো। এ কথা জানা যায় খবরের কাগজে লেখা নজরুলের একটি চিঠি থেকে। এতে তিনি অভিযোগ করেন যে, মাঝেমধ্যেই রেডিওতে তাঁর গান প্রচারিত হয়, কিন্তু প্রচারিত হয় ভুল সুরে। বোঝা যায়, ১৯২৭ সালের মধ্যে গীতিকার এবং সুরকার হিসেবে নজরুল নিজেকে বেশ প্রতিষ্ঠিত করেছিলেন।

গীতিকার-সুরকার হিসেবে প্রতিষ্ঠা লাভের একটি পথ তখনও তাঁর জন্যে রুদ্ধ ছিলো—গ্রামোফোন কম্পেনির স্বীকৃতি। কলকাতা রেডিও কম্পেনির চেয়ে কলকাতার গ্রামোফোন কম্পেনি ছিলো অনেক পুরোনো, অনেক বনেদী। কিন্তু ইংরেজ-পরিচালিত রেডিও এবং গ্রামোফোন কম্পেনির লোকেরা কবিকে চিনতো জেল-খাটা রাজনীতিক হিসেবে। সুতরাং তাঁর গানের রেকর্ড প্রকাশ করতে গ্রামোফোন কম্পেনি সহজে রাজি হয়নি। বেতার কম্পেনিও তাঁকে ডাকেনি। তা সত্ত্বেও, ১৯২৫ সালে গ্রামোফোন কম্পেনি তাঁর তিনটি অ-রাজনৈতিক গানের রেকর্ড প্রকাশ করেছিলো। গানগুলো গেয়েছিলেন হরেন্দ্রনাথ দত্ত। গান তিনটির একটি ছিলো 'জাতের নামে বজ্জাতি'—কবি যে-গানটি লিখেছিলেন ১৯২৩ সালের মাঝামাঝি সময়ে অর্থাৎ তিনি জেলে থাকার সময়ে। তারপর বছর চারেক চলে গেছে। ইতিমধ্যে কবি পরিচিত হয়েছেন গীতিকার হিসেবে। তাঁর গানগুলো জনপ্রিয় হয়েছে। বিশেষ করে তাঁর গজলগুলো নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়েছিলো চার দিকে। তাঁর রেকর্ড প্রকাশের কথা রেকর্ড কম্পেনি তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আরম্ভ করলো।

১৯২৮ সালের এপ্রিল মাসে নজরুল তাঁর ঢাকার বন্ধু কাজী মোতাহার হোসেনকে জানান যে, কদিন পরে তিনি কয়েক বন্ধুকে নিয়ে তাঁর গান আর কবিতা রেকর্ড করতে যাচ্ছেন। কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেবার রেকর্ড করা হয়নি। তবে এই এপ্রিল মাসেই প্রকাশিত হয় তাঁর প্রথম গানের বই—বুলবুল। বইটি তিনি উৎসর্গ করেছিলেন 'সুরকুমার' দিলীপকুমার রায়ের নামে।
এর পর তাঁর তরফ থেকে রেকর্ড করার আর কোনো খবর পাওয়া যায় না বছরখানেকের মধ্যে। কিন্তু রেকর্ড কম্পেনি নিজের উদ্যোগে ঐ বছরই নজরুলের লেখা অন্তত ছটি গান রেকর্ড করে—জুলাই মাসে দুটি, অগস্ট মাসে একটি, সেপ্টেম্বর মাসে একটি আর নভেম্বর মাসে একটি। সব কটিই গজল। এগুলো ছিলো যথাক্রমে 'এত জল ও কাজল চোখে' (আঙুরবালা), 'ভুলি কেমনে আজও যে মনে পড়ে' (আঙুরবালা), 'কেন দিলে এ কাঁটার জ্বালা'(উমাপদ ভট্টাচার্য), 'বাগিচায় বুলবুলি তুই' (কে মল্লিক) এবং 'আমারে চোখ ইশারায়' (কে মল্লিক)। এভাবে তিনি গজল গান প্রচলন করেন বাংলা ভাষায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করেন গজল গানের একচ্ছত্র সম্রাট হিসেবে।
'বুলবুলে'র অন্তর্ভুক্ত গজলগুলো ছাড়া পরবর্তী সময়ে তিনি অসংখ্য গজল রচনা করেছিলেন। তার অনেকগুলোই উত্তম গজল বলে স্বীকৃত হয়েছিলো। অপর পক্ষে, নজরুলের পরে অনেকেই গজল রচনা করতে চেষ্টা করেছিলেন। কিন্তু কেউই তাঁর সমান কৃতিত্ব লাভ করতে পারেননি। অথবা তাঁকে অতিক্রম করতে পারেননি।

পরের বছর—১৯২৯ সালে—নজরুল একটি নতুন পথের সন্ধান পান নিজেকে সংগীতজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করার। অতঃপর সেই পথ ধরে তিনি দ্রুত সামনের দিকে এগিয়ে যান অসামান্য কৃতিত্বের সঙ্গে। এ পথ রঙ্গমঞ্চের। তবে অভিনয় নয়, তিনি নাটকের জন্যে গান রচনা করেছিলেন। তাঁর যাত্রা শুরু হয় এ বছরের দোসরা জুন তারিখে। ঐ দিন মনোমোহন থিয়েটারে 'রক্তকমল' নামে একটি নাটক মঞ্চস্থ হবার কথা। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত নজরুলের কথা জানতেন নজরুল যখন জেলে ছিলেন, তখন থেকে। 'জাতের নামে বজ্জাতি' গানটি কবি জেল থেকে প্রকাশের জন্যে পাঠিয়েছিলেন শচীন্দ্রনাথের পত্রিকা 'বিজলী'তে। ছ বছর পরে এখন শচীন্দ্রনাথ নজরুলকে অনুরোধ জানান, যাতে তিনি তাঁর 'রক্তকমল' নাটকের গানগুলো লিখে দেন এবং সংগীত পরিচালনা করেন।
কোনো নাটকের জন্যে গান রচনা করা অথবা সেই নাটকের সংগীত পরিচালনা করার কাজ নজরুল এর আগে কখনো করেননি। এ নাটকে ছিলো নটি গান। তার মধ্যে 'কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া', 'কেউ ভোলে না কেউ ভোলে', 'মোর ঘুমঘোরে এলে মনোহর' এবং 'আসে বসন্ত ফুলবনে' আগেই প্রকাশিত হয়েছিলো এবং জনপ্রিয়তা লাভ করেছিলো। এ নাটকের নটি গানের মধ্যে চারটি গান গাইতেন ইন্দুবালা দেবী। সেকালে প্লেব্যাকের ব্যবস্থা ছিলো না। কাজেই গান যে বা যারা গাইতো, তাদের অভিনয়ও করতে হতো।

ইন্দুবালা যে-চরিত্রের অভিনয় করতেন, তার গাওয়ার কথা ছিলো চারটি গান। এ নাটকের প্রধান আকর্ষণ ছিলো ইন্দুবালার গাওয়া এই চারটি গান। ইন্দুবালা নিজেই লিখেছেন যে, তিনি গানগুলো গাইতে পারবেন কিনা, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। নজরুল খুব যত্ন নিয়ে তাঁকে গানগুলো শিখিয়ে দিয়েছিলেন। আর মঞ্চে উঠে তিনিই সবচেয়ে দর্শকপ্রিয় হন। আর সিনেমার গানের মতো নজরুলের গান চারটি আগের থেকেও জনপ্রিয় হয়। চারটি গানই ইন্দুবালার গাইতে হতো অন্তত বিশবার। তার মানে প্রত্যেকটি গান দর্শকদের অনুরোধে গড়ে পাঁচবার করে গাইতে হতো। ইন্দুবালা পরে নজরুলের বহু গান রেকর্ডে গেয়েছিলেন। সেকালের রেকর্ডিং ব্যবস্থা উন্নত ছিলো না। তা সত্ত্বেও, তাঁর কণ্ঠে নজরুলগীতি শুনলে মুগ্ধ হতে হয়। বিশেষ করে তাঁর তান অতুলনীয়। সন্তোষ সেনগুপ্ত নিজে ছিলেন বিখ্যাত গায়ক। তিনি নজরুল ইসলামের অনেকগুলো গান রেকর্ডে গেয়েওছিলেন। তিনি লিখেছেন যে, ইন্দুবালা ছিলেন নজরুলগীতির সর্বশ্রেষ্ঠ শিল্পী।

জুন মাসে সফলভাবে 'রক্তকমলে'র সংগীত পরিচালনা করার পর কয়েক মাসের মধ্যে তাঁকে আর কোনো নাটকের সঙ্গে যুক্ত হতে দেখি না। ডিসেম্বরে সামনে অভিনীত 'জাহাঙ্গীর' নাটকে থাকলো তাঁর একটি গান। কিন্তু এ মাসের শেষ দিন মঞ্চস্থ হয় মন্মথ রায়ের 'মহুয়া' নাটক। এ নাটকে নজরুলের গান ছিলো পনেরোটি। এ গানগুলো সবই দারুণ জনপ্রিয় হয়েছিলো। নজরুলের এক প্রধান প্রকাশক ছিলো ডি এম লাইব্রেরি। এই প্রকাশক মহুয়ার গানগুলো দিয়ে একটি সংকলন প্রকাশ করেছিলো। প্রকাশকের মতে, 'কি অসম্ভব বিক্রি এই ছোট্ট পুস্তিকার। বিন্দু থেকে সিন্ধু লাভ হল আমার।' প্রকাশকের উক্তি থেকে পুস্তিকার কতো কপি বিক্রি হয়েছিলো, তা জানা না-গেলেও এ থেকে গানগুলো কী রকম জনপ্রিয় হয়েছিলো, তার আভাস পাওয়া যায়।

গানগুলোর জনপ্রিয়তা ছাড়া এই নাটকে নজরুল সুর নিয়ে যে-পরীক্ষানিরীক্ষা করেছিলেন, সে কথাও জানা যায়। এই নাটকের সংগীত পরিচালনা করার পর সুরকার হিসেবে তাঁর খ্যাতি সংগীতজ্ঞদের মধ্যে ছড়িয়ে পড়ে। 'নাচঘর' পত্রিকায় এ সম্পর্কে মন্তব্য করে বলেছিলো, 'শ্রীমান নজরুল ইসলাম স্বরচিত গানগুলিতে যেসব সুর দিয়েছেন বাংলা রঙ্গালয়ের পেশাদার সংগীত শিক্ষকদের তা লজ্জা দিতে পারে।' এর পর এই দশকে তিনি আরও অনেকগুলো নাটকের সঙ্গে যুক্ত হন। এবং তাঁর সুনাম এতো ছড়িয়ে পড়ে যে, তাঁর গান ছাড়া কোনো নাটক প্রায় কল্পনা করা যেতো না। মঞ্চের নাটক ছাড়া, তাঁর গান না-হলে গ্রামোফোন নাটকও কম্পনা করা যেতো না।
১৯২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা থেকে কিশোরী শিল্পী প্রতিভা ওরফে রাণু সোম কলকাতায় গিয়েছিলেন গ্রামোফোন রেকর্ডে গান দেবার জন্যে। এর আগের বছর নজরুল যখন ঢাকায় গিয়েছিলেন, তখন তাঁকে সেখানে গান শিখিয়ে ছিলেন। তা ছাড়া, নজরুল এবং দিলীপকুমার রায়—দুজনই তাঁর গলা এবং গানের খুব প্রশংসা করেছিলেন। নজরুল তাঁর গলা শুনে এতাটাই মুগ্ধ হয়েছিলেন যে, একটি কবিতা লিখে রাণুর কণ্ঠের প্রশংসা করেন:
মাটীর ঊর্ধ্বে গান গেয়ে ফেরে স্বরগের যত পাখী
তোমার কণ্ঠে গিয়াছে তাহারা তাদের কণ্ঠ রাখি।
তুমি আনিয়াছ শুধু সুরে সুরে ভাষাহীন আবেদন,
যে সুর মায়ায় বিকশিয়া ওঠে শশী তারা অগণন।
কাব্যের ভাষায় অতিরঞ্জন তো থাকেই, তা সত্ত্বেও বোঝা যায়, রাণুর কণ্ঠস্বর ছিলো অসাধারণ। কবি তাঁকে খুব ভালোওবাসতেন। রাণু আর তাঁর মা কলকাতায় গিয়ে উঠেছিলেন চুঁচুড়ায় এক আত্মীয়ের বাড়িতে। নজরুল সেখানে যেতেন প্রায়ই তাঁকে গান শেখাতে। যখন সময় হলো গান রেকর্ড করার, তখন নজরুলের কথামতো রাণু গ্রামোফোন কম্পেনিকে অনুরোধ জানান নজরুলকে তাঁর গানের ট্রেনার হিসেবে রাখার জন্যে। রেকর্ড কম্পেনিও রাজি হয়ে গেলো।
তখন গ্রামোফোন কম্পেনি অথবা নজরুল, কারও জানা ছিলো না যে, পরে নজরুল হবেন গ্রামোফোন কম্পেনির সবচেয়ে বড়ো গীতিকার এবং সুরকার / ট্রেনার। এমন কি, তাঁকে কেন্দ্র করে চলবে গ্রামোফোন রেকর্ডের ব্যবসা। সে যাই হোক, রাণু এ যাত্রায় নজরুলের দুটি গান রেকর্ড করলেন। গান দুটির মধ্যে একটি ছিলো 'স্মরণপারের ওগো প্রিয়'। এ হলো নভেম্বর মাসের কথা। আর ডিসেম্বর মাসে প্রকাশিত হলো নজরুলের গানের দ্বিতীয় গ্রন্থ—'চোখের চাতক'। 'বীণাকণ্ঠী' রাণুকে উৎসর্গ করা।
রাণু কলকাতার বেতারেও গান গাইতে গিয়েছিলেন নভেম্বর মাসে এবং নজরুলের গান গেয়ে বাহবা কুড়িয়েছিলেন। এখানেও তাঁর গানের ট্রেনার ছিলেন স্বয়ং নজরুল। বেতার কর্তৃপক্ষ রাণুর গান গাওয়া এবং নজরুলের গান শেখানো উভয়ের খুব প্রশংসা করেছিলেন। তখন বেতার কর্তৃপক্ষ অথবা নজরুল জানতেন না যে, সুস্থ অবস্থায় নজরুলের জীবনের শেষ চার বছর কাটবে বেতারের ঘনিষ্ঠতায়। নজরুল অতঃপর গানের জগতেরই মানুষ হয়ে যান।
তবে ১৯৩০ সালটা তাঁর জীবনে আদৌ ভালো কাটেনি। সৃজনশীলতার দিকে দিয়েও এটা ছিলো বন্ধ্যা সময়। নতুন কিছু লেখার প্রেরণা পাচ্ছিলেন বলে মনে হয় না। এই ভাঁটার সময়ে আপাতদৃষ্টিতে তাঁর এক মাত্র কাজ ছিলো 'সওগাত' পত্রিকার জন্যে লেখা। তারই মধ্যে তাঁর মনে হলো এই সময়ে পারস্যের কবি হাফিজের অনুবাদ করলে হয়! অনেক দিন আগে করাচিতে থাকার সময়ে তিনি হাফিজ পড়েছিলেন এক পাঞ্জাবী মৌলবী সাহেবের কাছে। তারপর জীবনের নানান ওঠা-পড়ার মধ্যে ভুলেই গিয়েছিলেন হাফিজের কথা। অনুবাদের কাজ তিনি শুরু করেন এপ্রিল মাসের শেষ দিকে।
অনুবাদের কাজ চলছিলো, কিন্তু ভাগ্য তাঁর প্রসন্ন ছিলো না। এপ্রিল মাসের কদিন বাকি থাকতেই তাঁর প্রিয় পুত্র বুলবুলের বসন্ত হলো। বুলবুল তার বাবার খুব নেওটা ছিলো। নজরুল তাকে তাঁর চোখের আলো বলে উল্লেখ তাঁর একাধিক গানে। বুলবুল চাইতো বাবা যাতে সব সময় তার কাছে থাকে। নজরুল কাছেই থাকলেন। পুত্রকে প্রবোধ দেন আর তার সেবা করেন। সেই সঙ্গে চালিয়ে যান হাফিজের গান। কিন্তু শত যত্ন উপেক্ষা করে বুলবুল মারা যায় ৭ই মে। সন্তান বিয়োগের ব্যথা এমন মর্মান্তিক যে, অন্য কোনো শোকের সঙ্গে তার তুলনা চলে না। নজরুল আঘাত পেলেন তার থেকেও বেশি। সারা জীবনে এ আঘাত তিনি আর কাটিয়ে উঠতে পারেননি। এমন কি, নিজে অসুস্থ হওয়ার পরও। ৮ই মে পুত্রকে সমাধিস্থ করতে হলো এক অপরিচিত ভদ্রলোকের কাছ থেকে টাকা ধার করে। 'সওগাত' পত্রিকার সম্পাদক নাসিরউদ্দীন ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। আপদে-বিপদে, শোকে-সন্তাপে তিনি নজরুলকে বহু বার সাহায্য করেছেন। কিন্তু এবারে বসন্তের ভয়ে তাঁকে ধারে-কাছে দেখা গেলো না। সেই অভিমানে সওগাত পত্রিকার সঙ্গে নজরুলের বন্ধন আলগা হয়ে গেলো।
ওদিকে, হাফিজের অনুবাদ চলতে থাকলো। তা ছাড়া, তিনি লিখতে থাকলেন 'চন্দ্রবিন্দু'র গান। 'চন্দ্রবিন্দু' সম্পর্কে একটি কিংবদন্তী চালু আছে যে, এতে আছে কেবল হাসির গান—যে-গানগুলো তিনি লিখেছিলেন পুত্রশোক ভোলার জন্যে। বিশেষ করে জসীমউদ্দীনের অতিরঞ্জিত বর্ণনা থেকে পাঠকদের মনে এই ধারণাই তৈরি হয়। আসলে এই সংকলনের প্রথম ৪৩টি গান হলো ভক্তিবাদী গান। এ গানগুলোর মধ্যে হিন্দুধর্মীয় গান আছে, শুদ্ধ ঈশ্বর বন্দনার গান আছে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যা আছে, তা হলো ইসলামী গান। 'বক্ষে আমার কাবার ছবি চক্ষে মোহাম্মদ রসুল' তার মধ্যে একটি।
তাঁর ইসলামী গান সম্পর্কে গল্প চালু আছে যে, আব্বাসউদ্দীন তাঁকে একটি ইসলামী গান রচনা করতে অনুরোধ করেন। কিন্তু নজরুল জানতেন যে, মুসলিম সমাজ গান শোনাকে নিষিদ্ধ কাজ বলে মনে করে। কাজেই নজরুল ইসলামী গান লিখতে আগ্রহী ছিলেন না। কিন্তু আব্বাসউদ্দীনের পীড়াপীড়িতে তিনি একটি গান লিখে ফেলেন—রমজানের ঐ রোজার শেষে এল খুশি ঈদ। তার কদিন পরেই আব্বাসউদ্দীন গানটি রেকর্ড করেন। রেকর্ডের তালিকা থেকে দেখা যায় রেকর্ডটি প্রকাশিত হয়েছিলো ১৯৩২ সালের ফেব্রুয়ারি মাসে। তাঁর প্রথম ইসলামী গান 'বক্ষে আমার কাবার ছবি' প্রকাশিত হয় 'চন্দ্রবিন্দু' গ্রন্থে, ১৯৩১ সালের সেপ্টেম্বর মাসে। আর রেকর্ড প্রকাশিত হয় ১৯৩২ সালের জুন মাসে। রেকর্ডে গানটি গেয়েছিলেন মোহাম্মদ কাশেম।
অতঃপর ইসলামী গানের প্রশস্ত পথও খুলে যায় তাঁর জন্যে। আর তিনি শত শত গান রচনা করেন এই শ্রেণীর। এসব গান অধিকাংশই খুব জনপ্রিয় হয়েছিলো। তার থেকেও গুরুত্বপূর্ণ, মুসলিম সমাজে গান না-শোনার যে-বিধিনিষেধ প্রচলিত ছিলো, তা এসব গানের জনপ্রিয়তার মুখে শিথিল হয়ে যায়। গান লিখে নজরুল বস্তুত সমাজ-সংস্কারকের ভূমিকা পালন করেন। তবে মুসলিম সমাজে গান সম্পর্কে এই সংস্কার এখনো পুরোপুরি লোপ পেয়েছে বলে মনে হয় না। ঢাকার একজন উচ্চশিক্ষিত এবং নাম-করা ডাক্তারকে চিনি, যিনি বাড়িতে টিভিও রাখেননি, পাছে পরিবারের কোনো সদস্য গান শুনে পাপ করে ফেলে।
১৯৩৩ সালে আরও একটি পথের হাতছানি পেয়েছিলেন তিনি—সেটা সিনেমার। বঙ্গদেশে সবাক সিনেমা আসে ১৯৩১ সালে। ৩৩ সালে নির্মিত হয় 'ধ্রুব' নামে একটি চলচ্চিত্র। এ ছবির তিনি ছিলেন সহকারী পরিচালক, সংগীত পরিচালক এবং গীতিকার। কোনো ভূমিকায়ই তিনি এতো কৃতিত্ব দেখাতে পারেননি, যাতে পরবর্তী প্রযোজকরা তাঁকে তাঁদের ছবির জন্যে ডাকবেন। তা সত্ত্বেও তিনি দুচার বার ডাক পেয়েছেন বৈকি! এ সময়কার সবচেয়ে সফল সংগীত পরিচালক ছিলেন রাইচাঁদ বড়াল। তাঁকে ডিঙিয়ে কেউই সামনে যেতে পারেননি।
নজরুল ইসলাম যাতে কবিতার জীবন থেকে সরে গিয়ে গানের জগতে প্রবেশ করেন, সে প্রলোভন নানা পথে তাঁর সামনে ধরা দিয়েছিলো। তিনি কেবল বিরাট প্রতিভা ছিলেন না, গানের প্রেমে তিনি রীতিমতো মাতোয়ারা হয়েছিলেন। লেটোর আমল থেকে হিন্দুধর্মের পৌরাণিক কাহিনী তিনি পুঙ্খানুপুঙ্খভাবে শিখেছিলেন; ইসলাম ধর্ম সম্পর্কেও তাঁর গভীর জ্ঞান ছিলো; তা ছাড়া, তিনি করাচিতে সেনা-ছাউনিতে বাস করেছিলেন বহু অঞ্চলের লোকেদের মধ্যে। বহু ধরনের গানও তিনি শুনেছিলেন। সে জন্যে তাঁর প্রতিভার বিকাশ ঘটেছিলো বিচিত্র পথে। তবে তাঁর কবিত্ব প্রতিভা ছিলো সবচেয়ে বেশি প্রতিশ্রুতিপূর্ণ। কিন্তু তীব্র অভাবের তাড়নায় তিনি সে পথ থেকে ছিটকে পড়েন গানের পথে, গানের পথে না-বলে বরং বলি গানের 'পথেঘাটে'।
তবে কবিতার জীবনকে বিদায় জানানোর আগে তাঁর এক প্রকাশক তাঁকে উপহার দিলেন বহু বছরের জন্যে তাঁর শেষ কাব্যগ্রন্থ—প্রলয়-শিখা। তবে উপহার পাওয়াটা নিষ্কণ্টক হলো না। সরকারী রোষ পড়লো তাঁর ওপর। বইয়ের নামটাই তাঁর কাল হয়েছিলো। পুলিশ তাঁকে গ্রেফতার করলো। যখন পুলিশ তাঁকে গ্রেফতার করে, তখন তিনি 'কারাগার' নাটকের গান শেখাচ্ছিলেন। নজরুলের বিচার শুরু হলো। ডিসেম্বর মাসে মামলার রায় প্রকাশিত হলো—ছ মাস কারাদণ্ড। তবে তখনকার মতো তাঁর জামিন হলো। চার মাস পরে গান্ধী-আরউইন (মার্চ ১৯৩১) চুক্তি অনুযায়ী অন্য সব রাজনৈতিক মামলার সঙ্গে সরকার নজরুলের মামলাও প্রত্যাহার করলো। ওদিকে, 'সওগাত' পত্রিকার সঙ্গে তাঁর সমস্ত লেখা দেওয়ার যে-চুক্তি হয়েছিলো ১৯২৭ সালে, গানের টানে তাও আলগা হয়ে গেলো। তাঁর স্থায়ী ঠিকানা হলো গানের জগৎ।