২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাউল ব্রিতো: আর্মান্দো মান্সানেরোর কাছ থেকে যা-শিখেছি

আনিসুজ জামান

Published : 03 Jan 2021, 02:05 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


পাউল ব্রিতো কলম্বিয়ার নতুন প্রজন্মের প্রতিভাবান কথাসাহিত্যিকদের মধ্যে অগ্রগন্য। কলম্বিয়ার বাররাংকিয়্যা শহরে জন্মগ্রহণকারী সম্পাদক এবং সাংবাদিক পাউল ব্রিতো 'এল মালপেনসান্তে' এবং 'আর্কাদিয়া ই এল এরালদো পত্রিকাগুলোয় সহ-সম্পাদক এবং রেবিস্তা আকতুয়াল পত্রিকাটির সম্পাদক হিসেবে যুক্ত আছেন অনেকদিন থেকেই। লিখেছেন Premio UIS 2008 পুরস্কারপ্রাপ্ত Los Intrusos (অনুপ্রবেশকারীরা) La Muerte del Obrero (শ্রমিকটার মৃত্যু) (২০১৪), El proletariado de los Dioses (ঈশ্বরদের প্রলেতারিয়েত) যেটি ২০১৬ সালে Premio Narrativa EAFIT র জন্য নির্বাচিত হয়েছিল। এছাড়া আছে Arbol de Lebas (চক্রদন্তকের গাছ) এবং El Dios de los deseos Ajenas (দূরায়ত আকাঙ্ক্ষার ঈশ্বর)। ২০১৮ এবং ২০১৯ সালে লাভ করেছেন Portafolio Distrital de Estímulos de Barranquilla পুরস্কার। ২০২০ সালে পেয়েছেন Funación Esteros de Uruguay বৃত্তি। El Ideal de Aquiles নামক তার মিতাখ্যানধর্মী বইটি ইতিমধ্যে রাজু আলাউদ্নি কর্তৃক বাংলায় অনূদিত হয়েছে। স্প্যানিশ গানের জগতে ভীষণ জনপ্রিয় গায়ক আর্মান্দো মান্সানেরো সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কথাসাহিত্যিক গ্রাবিয়েলে গার্সিয়া মার্কেসের প্রিয় এই কন্ঠশিল্পী প্রয়াণে তার গানের অন্তরঙ্গ স্মৃতি নিয়ে আরেক কলোম্বিয় লেখক পাউল ব্রিতো সম্প্রতি La Nueva Prensa-তে যে-নিবন্ধটি লেখেন তারই অনুবাদ করেছেন আনিসুজ জামান। উল্লেখ্য, এই লেখাটি ২০২০ Seix Barral থেকে প্রকাশিত Restos orgánicos de un mundo anterior নামক গ্রন্থের অংশবিশেষ। বি.স

মূল: পাউল ব্রিতো
বাংলা তর্জমা: আনিসুজ জামান


মাঝে মাঝে যখন কোথায়ও যাই এবং লোকজন যখন আমার দিকে তাকায়, তখন মনে পড়ে যায় বাবার কথা; বাবা আমাকে ডান কাধ সোজা রাখতে বলত। আমি নাকি সবসময় বাম দিকেরটার থেকে ডান দিকেরটা ঝুলিয়ে রাখি আর ফলে আভিজাত্য হারাই। এও বলত খাঁচার ক্যানারি পাখির মত গলার স্বর পরিস্কার রাখতে। আজও কাঁধ দুটো একই সমতাই রাখি যতটা না আভিজাত্য বজায় রাখার জন্য, তারচেয়ে বরং বাবার স্বরটা পুনরায় শোনবার জন্য। কিন্তু কখনই তার স্বর আর শুনি না। আরেকদিনের জন্য আরেকটি সুযোগ আসার অপেক্ষায় থাকি যেখানে হয়তবা সে আমাকে দেখবে আর আমি তাকে শুনতে পাবো।
তিনি বলতেন মৃত্যুর পর অন্যকোন জীবনে বিশ্বাস করেন না। বলতেন আমরা সকলেই মারা যাব পাখির মতো, যে জীবন থাকতে মকিংবার্ড-এর মত গান গাইত আর ক্যানারি দ্বীপে রওয়ানা হবার পর পুনরায় আর একটি শীষও দেবে না। এছাড়া বাবার শুধুমাত্র একটি স্মৃতিই পরিস্কার ভাবে আমি খুঁজে পাই, সেটি হচ্ছে সবসময় গুনগুন করতেন আর্মান্দো মান্সানেরোর বোলেরো ধাঁচের " কন্তিগো আপ্রেন্দি( তোমার কাছ থেকে শিখেছি)" গানটি।

সবসময়ই গানটা তার ঠোঁটে থাকত: বাড়িতে, অতিথিদের সামনে, পাবলিক এরিয়াতে, আর মা লজ্জায় রাঙা হয়ে রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকাতো। বিশেষ করে স্পানিশ ক্লাবে গাইত যেটার ব্যালকনিটা ছিল মঞ্চের মত। উনি ছিলেন কম্প্রময় স্নিগ্ধগম্ভীর পুরুষকন্ঠের। লোকজন খুব আগ্রহভরে শুনত ও প্রচুর প্রশংসা করত তার।
আমি ওই বোলেরো এতবার শুনেছি যে তা স্মৃতিতে গেথে যায় আর আমার মেয়ের জন্ম হওয়ার পর ওকে ঘুম পাড়ানোর জন্য গাইতে শুরু করি: "কন্তিগো আপ্রেন্দি আ বের লা লুস আল অত্র লাদো দে লা লুনা( ‍তোমার কাছ থেকে শিখেছি চাঁদের অন্য পিঠের আলো দেখা)"। যদিও এমা এখন আর সেই ছোট্টটি নেই, তারপরও এখনও গাই। এতবার গাইবার ফলে ওরও এটি মনে গেঁথে গিয়েছে আর আমার সাথে না ঘুমানো পর্যন্ত গেয়ে চলে। ক্যানারি পাখির মতো সারাদিন এটাই গায়।

কিছুদিন আগে আবার সেই ক্যানারি পাখির গান শুনেছি। কিন্তু এবার আর আমার মাথার ভেতর নয়, এমনকি কোন পুরনো রেকর্ড প্লেয়ারেও নয়। সমাধিস্থলে গিয়েছিলাম এক অন্তিমযাত্রায় যোগ দিতে, আর সেই সুযোগে মেয়েকে নিয়ে যাই বাবার কবরে। অনেকদিন আসা হয়নি, খুব সম্ভবত এক বছর। যখন আমি ওর দাদুর কথা বলছিলাম এমা আমার সাথে বাবার কবরেই মনোযোগ দেয় যা সচরাচর এবয়সের মেয়েদের মধ্যে দেখা যায় না। কোন ফুল বা অন্যকোন কিছুই ওর মনযোগ কাড়ে না।

ওকে বলি বাবার অসাধারণ গলার কথা যখন সে ক্লাবের ব্যালকনিতে গাইত। আর তখনই এমার ভেতর হঠাৎ কিছু ঘটে আর উঠে গিয়ে কিছু হলুদ ও সবুজ ঝরা পাতা নিয়ে আসে কবরে দেবার জন্য। একেবারে ক্যানারি পাখীর রং। এরপর কবরের সামনে বসে দোয়া করার সময় সে আমাকে সঙ্গ দেয়। চোখ বুজে দোয়া পড়ি যেমনটি অনুপ্রেরণা পাবার জন্য কোন গায়ক গাইবার পূর্বে করে থাকে।
এরপর চলে আসি।
কিন্তু যখন গাড়িতে উঠে রেডিও ছাড়ি তখন বাজছিল মান্সানেরোর গান, আমার বাবার গানটি।
আশ্চর্য ও আলোড়িত হয়ে বিরাট এক ধাক্কা খাই যখন সাথে সাথেই এমা ওর বাঁশির মত গলার স্বরে গাইতে শুরু করে ওর দাদুকে সঙ্গ দেয়ার জন্য।
আমার কাছে ওটা ছিল একই শাখায় দুটো পাখিকে একসাথে গান গাইতে দেখার মতো।