বাংলা গানের ধারাবাহিক ইতিহাস: রবীন্দ্রসংগীতের বিবর্তন
বিশ শতকের শুরু থেকে বাংলা গানে যুগান্তর ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ। তখন থেকে আমাদের গানে তাঁর অসামান্য প্রভাব। এ প্রভাব কথায়, সুরে এবং আঙ্গিকে। তার আগে আমাদের গানের ভাষা ছিলো অনেকটাই কৃত্রিম এবং সেকেলে। তার থেকেও বড়ো কথা, বেশির ভাগ গানই কবিতা হয়ে উঠতো না। কিন্তু রবীন্দ্রনাথ যে-গানগুলো রচনা করেছিলেন, সেগুলো কেবল গান নয়, তার অধিকাংশই উৎকৃষ্ট কবিতা হয়ে উঠেছিলো। তাঁর পরে অন্য যাঁরা গান লিখতেন, তাঁরাও এই বৈশিষ্ট্য দিয়ে কমবেশি প্রভাবিত হন। ১৯৩০-এর দশক নাগাদ এটা বেশ লক্ষণীয় হয়ে ওঠে।
তখনকার গীতিকারদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের পরেই ছিলেন তিনি। পঞ্চকবি বলে পরিচিতদের একজন— দ্বিজেন্দ্রলাল রায় মারা গিয়েছিলেন তার বহু আগে। রজনীকান্তও। এমন কি, অতুলপ্রসাদও প্রায় অস্তমিত। কিন্তু নজরুলের সমসাময়িক গীতিকারগণ তাঁদের গানকে যদ্দুর সম্ভব কাব্য করে তুলতে চেষ্টা করছিলেন। এঁদের মধ্যে ছিলেন অজয় ভট্টাচার্য, শৈলেন রায়, প্রণব রায়, সুবোধ পুরোকায়স্থ প্রমুখ। এমন কি, সজনীকান্ত দাসও তখন গান লিখতেন। এঁদের গানে কেবল রবীন্দ্রনাথের নয়, নজরুল ইসলামের প্রভাবও ছিলো চোখে পড়ার মতো।
ছবি: দেবব্রত বিশ্বাস
গানের কথাকে শুধু কাব্যধর্মী করা নয়, তাঁর গানের জন্যে রবীন্দ্রনাথ যে-চার তুক বিশিষ্ট কাঠামো নির্মাণ করেছিলেন, তাও অন্যদের কাছে প্রামাণ্য কাঠামো হিসেবে দাঁড়িয়ে যায়। তবে নজরুল ইসলাম তাঁর গজল এবং অন্য কিছু গানে চার তুকের নিয়মকে মানতে পারেননি অথবা মানেননি। নয়তো কাব্যগীতি নামে পরিচিত গানগুলোতে তিনি এবং তাঁর সমসাময়িক গীতিকারগণ এই কাঠামোকে মেনে নিয়েই তাঁদের গানগুলো রচনা করেছিলেন। এখন আমরা যাকে আধুনিক গান বলি, সেগুলোর ঠিক আগে ৩০-এর দশকের আধুনিক গানগুলোকে বলা হতো কাব্যগীতি।
রবীন্দ্রনাথের আরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিলো বাংলা গানে, তা তাঁর সুরের প্রভাব। তিনি বাংলা গানের সুরে যে-বিপ্লব এনেছিলেন, তাকে তাঁর ভাষাতেই বলতে পারি 'সংগীতের মুক্তি'। তাঁর আগেকার, এমন কি, তাঁর সমসাময়িক গান ছিলো রাগরাগিণীর বেড়াজালে বন্দী। গানের মধ্য দিয়ে রাগরাগিণীর নির্দিষ্ট রূপটিকে ফুটিয়ে তোলা ছিলো এসব গানের একটা প্রধান লক্ষ্য। অপর পক্ষে, রবীন্দ্রনাথের গানে রাগরাগিণী হয়ে দাঁড়ালো তাঁর ভাবের বাহন, বক্তব্যের বাহন। সেখানে সুরটা আসল নয়, ভাবটা আসল। তার জন্যে দরকার হলে রাগরাগিণীর ব্যাকরণ অথবা সংজ্ঞাবদ্ধ রূপকে তিনি ভেঙে ফেলতে দ্বিধা করতেন না। অথবা তাঁর ব্যবহৃত রাগরাগিণীকে বাড়তি অলংকারে সাজাতেও তৈরি ছিলেন তিনি।
যেমন, তিনি তাঁর গানের সঞ্চারীতে কোমল স্বরের ব্যবহার করতেন। ঠাটের মধ্যে নেই, এমন হঠাৎ-ঢুকে-পড়া স্বরও অলংকার হিসেবে ব্যবহার করতেন তিনি। এ বিষয়ে ওস্তাদ অথবা পণ্ডিতরা কী বলবেন, তিনি তার ধার ধারতেন না। এটাই স্রষ্টার জাদু। কোন রাগিণীর সঙ্গে কোন রাগিণী মেলানো যাবে, কে তার তোয়াক্কা করে! তাঁর কাছে যেটাকে মনে হয়েছিলো সুন্দর শোনাবে, নামগোত্র বিবেচনা না-করে, তাদের মিলন ঘটিয়েছেন। এভাবে পরবর্তী সুরকারদের পথ তিনি মুক্ত করে গিয়েছিলেন। অতঃপর সেই রাজপথ ধরেই চলেছিলো আধুনিক গানের গাড়িগুলো।
কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন তাঁর সময়ের তুলনায় অগ্রসর। সুর ও বাণীর তিনি যে-বিপ্লব ঘটিয়েছিলেন, সেকালের শ্রোতাদের অনেকেই সেটা প্রসন্ন মনে নিতে পারেননি। যেমন, তাঁর সুর তানমুক্ত না-হলেও, তানবিরল ছিলো। আর অলংকার হিসেবে তিনি সাধারণত মীড়ই ব্যবহার করতেন, আর কিছু নয়। সে জন্যে রবীন্দ্রসংগীত সীমাবদ্ধ ছিলো ব্রাহ্মসমাজ আর কলকাতার শিক্ষিত 'ভদ্রলোকদের' ক্ষুদ্র গণ্ডীর মধ্যে। এ গানের নামও তখন 'রবীন্দ্রসংগীত' ছিলো না। এ গানকে লোকেরা বলতো 'রবিবাবুর গান'।
রেকর্ডে 'রবিবাবুর গান' গেয়ে যাঁরা বিখ্যাত হয়েছিলেন, তাঁদের একজনের নাম সন্তোষ সেনগুপ্ত। সেই সন্তোষ সেনগুপ্ত তাঁর আত্মজীবনীতে লিখেছেন যে, রবীন্দ্রনাথের গান ছোট্ট একটি পরিধির মধ্যে আবদ্ধ ছিলো এবং এ গান পরিচিত ছিলো 'মেয়েলি' গান বলে। তা ছাড়া, এ গান গাইতেনও মহিলারা। আসরে এ গান গাওয়া হতো না। তিনি আরও লিখেছেন, রবীন্দ্রসংগীতের প্রথম পুরুষ কণ্ঠ পঙ্কজ মল্লিক, আর দ্বিতীয় পুরুষ কণ্ঠ দেবব্রত বিশ্বাস। পঙ্কজ মল্লিক প্রথম রবীন্দ্রনাথের যে-দুটি গান রেকর্ড করে শ্রোতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেন, সে গান দুটি হলো 'প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ' এবং 'তোমার আসন শূন্য আজিকে হে বীর পূর্ণ কর।' ঘটনাটা সম্ভবত ১৯৩৩ সালের। পঙ্কজ মল্লিক নিজে অবশ্য লিখেছেন যে, তিনি তাঁর ভারী গলায় পরুষ ভঙ্গিতে গেয়ে রবীন্দ্রনাথের গানে যে-খোলা হাওয়া বইয়ে দিয়েছিলেন, সেই পথের দ্বিতীয় গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। সে কথা স্বয়ং দেবব্রত বিশ্বাসও স্বীকার করেছেন। তার কারণ দেবব্রত বিশ্বাস রেকর্ডের জগতে এসেছিলেন কিছু দেরি করে—১৯৪০ সালে। তিনি গান গাইতেন প্রধানত আসরে।
ছবি: হেমন্ত মুখোপাধ্যায়
সে যাই হোক, রবিবাবুর গান কী করে 'রবীন্দ্রসংগীতে' পরিণত হলো, সে কথায় আসা যাক। বলা যায়, এই নামের বিবর্তন হলো গ্র্যামোফোন রেকর্ডের মাধ্যমে। প্রথম দিকের রেকর্ডে গান কে লিখেছেন, তা লেখা থাকতো না। থাকতো গানের প্রথম পংক্তি, রাগরাগিণী নাম আর শিল্পীর নাম। কখন থেকে রবীন্দ্রনাথের গান রেকর্ড হলো, সে কথায় পরে আসছি। প্রথমে বলে নিই, রেকর্ড থেকে কী করে জানা যায়, 'রবীন্দ্রসংগীত' কথাটা কখন তৈরি হলো।
সেকালের একজন খুব নাম-করা গায়িকার নাম ছিলো কনক দাস। বিয়ের পরে তাঁর পদবী হয় বিশ্বাস। তাঁর রেকর্ড থেকে আমরা জানতে পারি 'রবীন্দ্রসংগীত' কথাটার আংশিক ইতিহাস। ১৯৩৪ সালের এপ্রিল মাসে তাঁর একটি রেকর্ড প্রকাশিত হয়—পি১১৭৮৩। তাতে দুটি গান ছিলো—'গানের সুরের আসনখানি' আর 'গ্রাম-ছাড়া ওই রাঙা মাটির পথ'। এ রেকর্ডে গায়িকার নাম ছাড়া কিছুই লেখা ছিলো না। কয়েক মাস পরে ১৯৩৫ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় তাঁর আর-একটি রেকর্ড—পি১১৭৯২। তাতে ছিলো দুটি গান– 'মনে রবে কিনা রবে আমারে' আর 'কাছে যবে ছিলে পাশে হল না যাওয়া।' এই রেকর্ডে ব্র্যাকেটের মধ্যে কেবল লেখা ছিলো রবীন্দ্রনাথের নাম। তিনি গীতিকার অথবা সুরকার কিনা, তার কোনো উল্লেখ ছিলো না। এর পর মার্চ মাসে প্রকাশিত হয় উমা বসুর রেকর্ড—'তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও' আর 'সেই ভালো সেই ভালো'—এন৭৩২৩। ১৯৩৯ সালে জুলাই মাসে কনক বিশ্বাসের আর-একখানি রেকর্ড প্রকাশিত হয়—পি১১৭৯৫—তাতে ছিলো দুটি গান—চাঁদের হাসির বাঁধ ভেঙেছে আর বহু যুগের ওপার হতে। এতে রবীন্দ্রনাথের নাম লেখা ছিলো—শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর—ব্যস, আর কিছু নয়।
১৯৪০ সালের প্রথম দিকে প্রকাশিত কনক দাসের রেকর্ডে আর-একটু পরিবর্তন লক্ষ করা যায়। রবিবাবুর গানকে এখানে লেখা হয়েছে 'রবীন্দ্রগীতি'। মার্চ মাসে প্রকাশিত হয় সন্তোষ সেনগুপ্তের দুটি গান—এন৭৪৩৪। এতেও গানের পরিচিতি হিসেবে লেখা ছিলো 'রবীন্দ্রগীতি'।
কিউএস ৬২৫ সংখ্যক রেকর্ড প্রকাশিত হয় ১৯৪৩ সালে। অনাদিকুমার দস্তিদারের পরিচালনায় এ রেকর্ডে গান করেন শৈল দেবী। এ রেকর্ডে দুটি গান ছিলো 'বসন্ত তোর শেষ করে দে রঙ্গ' এবং 'ঝরা পাতা গো আমি তোমারই দলে।' গানের নীচে লেখা ছিলো (রবীন্দ্র-সঙ্গীত)। কাছাকাছি সময়ে প্রকাশিত হয় মালতী ঘোষালের এন৮২৫৭৪ সংখ্যক একটি রেকর্ড। তাতেও 'রবীন্দ্রসংগীত কথাটি লেখা ছিলো।
ইন্দুলেখা ঘোষের এইচ৫২০ সংখ্যক রেকর্ডটি প্রকাশিত হয় ১৯৪৩ সালে। এতে ছিলো দুটি গান 'কাঁদালে তুমি মোরে' এবং 'রোদন ভরা এ বসন্ত।' গানের নীচে লেখা ছিলো রবীন্দ্রনাথ। সঙ্গে আরও লেখা ছিলো বেঙ্গলি সং। এই একই কম্পেনি—হিন্দুস্তান— প্রকাশ করেছিলো কানাই মুখোপাধ্যায়ের একটি রেকর্ড—এইচ ২৩৫৩। তাতে 'রবীন্দ্রসংগীত' কথাটা লেখা ছিলো। গান ছিলো দুটি—প্রভু আমার প্রিয় আমার এবং মহারাজ এ কি সাজে এলে। অনিল দাসের ইসিটি ২৭ ইকোটোন রেকর্ডেও 'রবীন্দ্রসংগীত' কথাটা ছিলো (সকরুন বেণু এবং সে কোন বনের হরিণ।) রেকর্ডটি আমি দেখিনি। কাজেই কবে প্রকাশিত হয়েছিলো সঠিক বলতে পারবো না। তবে ধরে নিতে পারি যে, ১৯৪৩/৪৪ সালে সমাসবদ্ধ পদ হিসেবে 'রবীন্দ্রসংগীত' কথাটা প্রচলিত হয়। 'রবিবাবুর গান' থেকে 'রবীন্দ্রগীতি' এবং 'রবীন্দ্রগীতি' থেকে 'রবীন্দ্রসংগীত।' এই নামোদ্ধারে আমাকে সাহায্য করেছেন রাজশাহীর অধ্যাপক ইকবাল মতিন। পুরোনো রেকর্ড সংগ্রহ করা তাাঁর শখ। তাঁর সংগ্রহে প্রায় ন হাজার রেকর্ড আছে। আমাকে তিনি তাঁর সংগ্রহ দেখতে অনুমতি দিয়েছিলেন। কিন্তু আমি যথেষ্ট সময় দিতে না-পারায়, আমার জ্ঞান অসম্পূর্ণ থাকে।
এবারে দেখা যাক, কবে থেকে রবীন্দ্রসংগীতের রেকর্ড প্রকাশিত হয়।
ভারতবর্ষের বিরাট বাজার ধরার জন্যে বিদেশী একাধিক রেকর্ড কম্পেনির প্রতিনিধিরা এ দেশে আসতে শুরু করেন ১৯০০ সালের আগেই। তা ছাড়া, হীরেন বসু নামে একজন উদ্যোগী ব্যবসায়ী রেকর্ড তৈরির ব্যবসায় নেমেছিলেন। তখনকার দিনে রেকর্ড করার জন্যে গীতিকারদের অনুমতি লাগতো না। কোনো টাকাও পেতেন না তাঁরা। গানের জন্যে রবীন্দ্রনাথ প্রথম টাকা পেয়েছিলেন ১৯১৫ সালে—নোবেল পুরস্কার পেয়ে তাঁর নাম-ডাক হবার পরে। এমনিতে কোনো শিল্পী রেকর্ড করতে চাইলে এবং তাতে রেকর্ড কম্পেনি রাজি হলে সহজেই রেকর্ড করা যেতো। রেকর্ড করার সময়ে গানের কথাও শিল্পীরা একটু এধার-ওধার করতেন বা করতে পারতেন। যেমন, 'বিদায় করেছ যারে নয়ন জলে' গানটা রেকর্ড করার সময়ে শিল্পী 'নয়ন' শব্দটা বদলে গেয়েছিলেন 'আঁখি জলে।'
আমার কাছে যে-সামান্য তথ্য আছে, তাতে জানতে পাচ্ছি যে, দ্বিজেন্দ্রনাথ বাগচী ১৯০৪ সালে দুটি রবীন্দ্রসংগীত রেকর্ড করেছিলেন—কেন যামিনী না যেতে জাগালে না এবং এখনও তাকে চোখে দেখিনি। রেকর্ড সংখ্যা ১২৮১৬। আর স্বয়ং রবীন্দ্রনাথ রেকর্ড করেছিলেন ১৯০৬ সালে। তার এক পিঠে ছিলো বঙ্কিমচন্দ্রের লেখা 'বন্দে মাতরম' গানটি আর অন্য পিঠে কবির নিজের লেখা কবিতা 'সোনারতরী'র আবৃত্তি। ঐ একই বছর গোকুলচন্দ্র শ্রীচন্দন রেকর্ড করেন 'ওই বুঝি বাঁশি বাজে' এবং 'বাংলার মাটি বাংলার জল' গান দুটি। ১৯০৯ সালে প্রকাশিত হয় রানীসুন্দরীর রেকর্ড—এক পিঠে 'যদি বারণ কর তবে গাহিব না', অন্য পিঠে 'বিদায় করেছ যারে আঁখি জলে।' এই একই বছর প্রকাশিত হয় ননীলাল ব্যানার্জীর দুটি রেকর্ড আর মানদাসুন্দরীর এবং বেদানা দাসীর একটি করে। পরের বছর মানদাসুন্দরীর আরও একটি রেকর্ড প্রকাশিত হয়।
মানদাসুন্দরী এবং বেদানা দাসী সম্ভবত 'ভদ্রঘরের' নারী ছিলেন না। রবীন্দ্রনাথ এ জন্যে চিত্তরঞ্জন দাশের ভগ্নী অমলা দাশকে রেকর্ড করার অনুরোধ করেন। অমলা দাশ তার উত্তরে ১৯১০ সালে দুটি গান রেকর্ড করেন—চির সখা ছেড়ো না মোরে আর এ কী আকুলতা ভুবনে। পরের বছর করেন আরও একটি রেকর্ড, যার এক পিঠে ছিলো 'ওই ভুবনমনোমোহিনী।' কৃষ্ণভাবিনী দাসীও এ বছর একটি রেকর্ড করেন—ও যে মানে না মানা। এর পর ধীরে ধীরে সাহানা দেবী, কনক দাস, মালতী ঘোষাল প্রমুখ সুপরিচিত গায়িকারা রেকর্ডে গান করতে এগিয়ে আসেন। ১৯০০ সালের ঠিক পরপর রাধিকাপ্রসাদ গোস্বামী এবং রমেশ বন্দ্যোপাধ্যায়ও গান রেকর্ড করেছিলেন। কিন্তু সে সম্পর্কিত তথ্য জোগাড় করতে পারিনি।
ছবি: পঙ্কজ মল্লিক
তখনকার রেকর্ডে গানের কথায় বিকৃতি থাকতো, সুরেও। সে জন্যে রবীন্দ্রনাথ ১৯২৬ সালে কথা এবং সুরে যাতে বিকৃতি না-হয় সে দিকে খেয়াল রাখার জন্যে গ্র্যামোফোন কম্পেনিগুলোর কাছে অনুরোধ জানান।
সেকালে রবীন্দ্রসংগীতের সঙ্গে তবলা অথবা হারমোনিয়াম বাজানোর রীতি ছিলো না। তদুপরি, ১৯২২ সালে রবীন্দ্রনাথ নিজে ঘোষণা করেন যে, তাঁর গানের সঙ্গে হারমোনিয়াম বাজানো যাবে না। অথচ তিনি নিজেও হারমোনিয়াম ব্যবহার করেছেন এবং তার আলোকচিত্র পাওয়া যায়। 'আকাশবাণী' হারমোনিয়াম নিষিদ্ধ ঘোষণা করে আরও আঠারো বছর পরে ১৯৪০ সালে। ওদিকে, উচ্চাঙ্গ সংগীতের ওস্তাদরা হারমোনিয়াম আগাগোড়াই ব্যবহার করে আসছিলেন। এখনও করেন। আসলে পুরোনো দিনের হারমোনিয়াম এখনকার হারমোনিয়ামে আকাশ-পাতাল ফারাক। এখন হারমোনিয়াম অনেক উন্নত ধরনের। তা দিয়ে সব স্বরই তোলা যায়।
এ ছাড়া, এখন রবীন্দ্রনাথের আর একটি নিষেধাজ্ঞা প্রায় সবাই অগ্রাহ্য করেন। তিনি অনুরোধ করেছিলেন যে, গানের সঙ্গে বাদ্যযন্ত্র ব্যবহার করলে, বাদ্যযন্ত্রের শব্দ যেন যদ্দুর সম্ভব গায়ক-গায়িকার কণ্ঠের তুলনায় নীচুতে থাকে। কিন্তু রবীন্দ্রনাথের ৭০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় তাঁর উপস্থিতিতে যে-বিরাট সংগীত-অনুষ্ঠান হয়, তাতে নাম-করা সংগীতশিল্পীরা সবাই তবলা ব্যবহার করেন। কিন্তু কনক দাস তবলা ব্যবহারে আপত্তি জানান। রবীন্দ্রনাথ তবলা বাজানো পছন্দ করতেন না। কারণ তবলার সঙ্গে বাইজীদের বৈঠকী গানের একটা অনুষঙ্গ ছিলো। শেষ পর্যন্ত তিনি যখন পঙ্কজ মল্লিকের অনুরোধে তবলা ব্যবহারের অনুমতি দেন, তখনও তবলা খুব আস্তে বাজাতে নির্দেশ দেন। পঙ্কজ মল্লিককে কবি বিশেষ স্নেহ করতেন। তার কারণ পঙ্কজ মল্লিক ছিলেন অত্যন্ত বিনয়ী। তা ছাড়া, তিনি ১৯২৯ সাল থেকে কলকাতা বেতারে সংগীত শিক্ষার আসর পরিচালনা করতেন। তিনি বেশির ভাগ গানই শিখিয়েছিলেন রবীন্দ্রসংগীত। জনপ্রিয় অনুষ্ঠানটি রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করতে খুব সহায়তা করেছিলো। তিনি নিজে গান শিখতেন দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে। দিনেন্দ্রনাথকে রবীন্দ্রনাথ কেবল স্নেহ করতেন না. তাঁকে তিনি তাঁর গানের 'ভাণ্ডারী' বলে আখ্যায়িত করেছিলেন। সেই দিনেন্দ্রনাথের মাধ্যমে পঙ্কজ তবলা বাজানোর অনুমতি চেয়েছিলেন কবির কাছে। ভাগ্যের পরিহাস! অনুমতি নিয়ে তবলা বাজনোর আগেই দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপকুমার রায় অনুমতি না-নিয়েই তবলা সহযোগে গান গেয়ে সে গান রেকর্ড করেন।
পঙ্কজ মল্লিকের ষোলোটি গান শুনে রবীন্দ্রনাথ সে গানগুলো প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন। রবীন্দ্রনাথের একটি কবিতায়—'ঘুমের দেশে' সুর দিয়েছিলেন পঙ্কজ মল্লিক। রবীন্দ্রনাথ তাকে অনুমোদন করেছিলেন। পঙ্কজ মল্লিকের গাওয়া গানের সুরের ওপর কবির খুবই বিশ্বাস ছিলো। তাঁর মাধ্যমেই কবি ১৯৩০-এর দশকের সিনেমা-নায়ক কুন্দনলাল সায়গলের রবীন্দ্রসংগীত গাইবার ঢালাও অনুমতি দিয়েছিলেন। আর 'মুক্তি' ছায়াছবির সংগীত-পরিচালক পঙ্কজ মল্লিককে রবীন্দ্রসংগীত পরিবেশনের স্বাধীনতা দিয়েছিলেন।
তবলা বাজানোর ব্যাপারে রবীন্দ্রনাথ বলেছিলেন, তা যেন গানের কথাগুলো শোনায় বাধা হয়ে না-দাঁড়ায়। তাঁর ধারণা ছিলো গায়ক তালে থাকার জন্যেই তবলা বাজবে, শ্রোতাদের মাতিয়ে তোলার জন্যে নয়। এখন রবীন্দ্রসংগীতের গায়ক-গায়িকারা তবলা কেবল জোরে বাজানোর নির্দেশ দেন না, এক জোড়া তকলা না-হলে অর্থাৎ দুজন মিলে তবলা না-বাজালে তাঁদের মন—মন না-বলে বরং বলি তাঁদের কান ভরে না। তা ছাড়া, গান শুরু করার আগে এবং গানের দুটি স্তবকের মাঝখানে তাঁরা যে-বাজনা রাখেন, তা রীতিমতো গানের ভাবটিকে শ্রোতাদের মনে পৌঁছে দেওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়।
রবীন্দ্রসংগীতের দু রকমের শ্রোতা আছে। এক দল যাঁদের প্রধান বিচারের বিষয় রবীন্দ্রসংগীতের শুদ্ধতা। স্বরলিপির সঙ্গে মিললে তাঁদের আর কিছু চাই না। এঁদের আমি বলি রবীন্দ্রবাদী অর্থাৎ যাঁরা রবীন্দ্রনাথ যা বলেছেন, তাকেই বেদবাক্য বলে মনে করেন। এঁরা মনে করেন, রবীন্দ্রনাথ কোনো ভুল করতে পারেন না এবং রবীন্দ্রনাথ সব রকমের বিচারের ঊর্ধ্বে। আর-এক দল আছেন, যাঁরা নিজেরাই হয়তো গান জানেন না, খোলা মনে গান শোনেন। তাঁদের একটা ভালো লাগে, অন্য একটা ভালো লাগে না। মোট কথা, তাঁরা রবীন্দ্রনাথের অন্ধ ভক্ত নন। এঁরা গান শোনেন গান হিসেবে, রবীন্দ্রসংগীত হিসেবে নয়। গত সওয়া শো বছরে রবীন্দ্রসংগীত নানা বাঁক পেরিয়ে বর্তমান রূপ পেয়েছে। এখন রবীন্দ্রসংগীত আগের তুলনায় অনেক জনপ্রিয়। রবীন্দ্রসংগীত এখন বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে।
