ঠাকুরবাড়ির বাংলা গান
বাংলা গানের এমারত একদিনে নির্মিত হয়নি। তার ইতিহাস বহু শতাব্দীর। বহুজনের অবদানে তার বিস্তার। তবে একক পরিবার হিসেবে বিবেচনা করলে ঠাকুরবাড়ির অবদান তাতে সবচেয়ে বেশি। নাহ্, কেবল রবীন্দ্রনাথের অবদান নয়, সে পরিবারের অনেকেই বাংলা গানের দিগন্তকে প্রসারিত করেছিলেন।
এর সূচনা হয়েছিলো রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর থেকে। তারপর তারই ধারাবাহিকতা চলতে থাকে তিন পুরুষ ধরে। যাঁরা জিনতত্ত্বে বিশ্বাস করেন, তাঁরা হয়তো বলবেন যে, দ্বারকানাথের গানের জিন ছিলো খুব জোরালো। উত্তরাধিকার সূত্রে সেই জিন পেয়েছিলেন দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথের কাছ থেকে রবীন্দ্রনাথ এবং তাঁর অন্য পুত্রকন্যারা।
দ্বারকানাথ রীতিমতো গাইতে শিখেছিলেন। তিনি শিখেছিলেন উচ্চাঙ্গ সংগীত আর ইটালিয়ান অপেরার গান। ইটালিয়ান গান তিনি শিখেছিলেন কলকাতায় বেড়াতে-আসা এক ইটালিয়ান দম্পতির কাছ থেকে। কেবল কণ্ঠসংগীত নয়, তিনি পিয়ানো বাজাতেও শিখেছিলেন বিদেশী সংগীতজ্ঞদের কাছ থেকে। সম্ভবত বাঙালিদের মধ্যে তিনিই প্রথম পিয়ানো বাজাতে শেখেন। যখন তিনি দ্বিতীয় বার প্যারিসে যান, তখন সে শহরে ছিলেন প্রখ্যাত জর্মান ভাষাতাত্ত্বিক ও ভারতবিদ্যাবিশারদ ফ্রেডারিখ ম্যাক্স্ মুলার। মুলার তখন ঋগবেদ সম্পাদনার কাজ করছিলেন। তিনি প্রায়ই যেতেন দ্বারকানাথের কাছে। দ্বারকানাথের সংগীত-জ্ঞানের কথা তিনি জানতেন। তাঁর মুখে ইটালিয়ান অপেরার গান শুনে তিনি দ্বারকানাথের ভালো গলা এবং গানের প্রশংসা করেছিলেন। তিনি বুঝতে পারেন যে, দ্বারকানাথ দীর্ঘদিন গানের তালিম নিয়েছিলেন। তারপর দ্বারকানাথ পিয়ানো বাজিয়ে গান ধরেন। তিনি গেয়ে শোনান ভারতীয় উচ্চাঙ্গ সংগীত। মুলারের তা ভালো লাগেনি। সে কথা শুনে দ্বারকানাথ বলেন যে, দীর্ঘদিন না-শুনলে এ গানের প্রশংসা করা যায় না। আর শিখতে চাইলে তাঁর অন্তত পাঁচ বছর লাগবে।
দ্বারকানাথের জ্যেষ্ঠপুত্র দেবেন্দ্রনাথও ছেলেবেলায় উচ্চাঙ্গ সংগীত শিখেছিলেন। কেবল তাই নয়, তিনি অনেকগুলো ব্রহ্মসংগীত রচনা করেছিলেন। তাঁর গানের গলা ছিলো। ব্রাহ্মসমাজে উপাসনার সময় গান গাইবার রীতি রামমোহনই প্রবর্তন করেছিলেন। দেবেন্দ্রনাথের আমলে সেই রীতি চলতে থাকে। তার জন্যে তিনি পেশাদার গায়কদের নিযুক্ত করেছিলেন। এঁদের মধ্যে ছিলেন বিষ্ণু চক্রবর্তী, যদুভট্ট, মাওলা বক্স্ প্রমুখ। এঁরা তাঁর পুত্রকন্যাদেরও গান শেখাতেন। সেই সূত্রে দ্বিজেন্দ্রনাথ থেকে আরম্ভ করে কনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ পর্যন্ত সবাই গান শিখেছিলেন। কেউ একটু কম, কেউ একটু বেশি। কিন্তু পিতা চেয়েছিলেন, তাঁরা সবাই গান শিখুক।
সন্তানদের মধ্যে জ্যেষ্ঠপুত্র দ্বিজেন্দ্রনাথ উচ্চাঙ্গ সংগীত এবং ব্রহ্মসংগীত শিখেছিলেন। তা ছাড়া, তিনি ইংরেজি রৈখিক স্বরলিপি পদ্ধতি ভালো করে আয়ত্ত করেছিলেন। ইংরেজি স্বরলিপি শিখতে গিয়ে তিনি এর উপযোগিতা অনুভব করেন। তিনি ভাবতে শুরু করেন, কিভাবে বাংলায় স্বরলিপি লেখা যায়। শেষে তিনি অ-কারমাত্রিক পদ্ধতির স্বরলিপি উদ্ভাবন করেন। তাঁর ছোটো ভাই, ভারতের প্রথম দেশীয় সিভিলিয়ান, সত্যেন্দ্রনাথও গান শিখেছিলেন। তিনি ব্রহ্মসংগীত এবং দেশাত্মবোধন গান রচনা করেছিলেন।
কিন্তু সংগীতজ্ঞ হিসেবে সত্যিকার মৌলিকত্ব এবং শ্রেষ্ঠত্বের দাবিদার ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তিনি কেবল গায়ক ছিলেন না; তিনি সেতার, হারমোনিয়াম এবং পিয়ানো-সহ বেশ কয়েকটা বাদ্যযন্ত্রও বাজাতে পারতেন। তার থেকেও তাঁর বড়ো পরিচয় তিনি ছিলেন মস্ত সংগীত-ভাবুক। গীতিকার হিসেবেও তিনি বিখ্যাত ছিলেন। তিনি ব্রহ্মসংগীত, দেশাত্মবোধক ও প্রেমের গান রচনা করেছিলেন। এ ছাড়া, সংগীতের নানা ক্ষেত্রে তিনি অবদান রেখেছিলেন। এ ছাড়া, তাঁর সবচেয়ে বড়ো অবদান হলো: তিনি রবীন্দ্রপ্রতিভাকে ফুটিয়ে তুলেছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ যথার্থই বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।
ভারতীয় সংগীতের মূল কথা হলো রাগরাগিণীর রূপটিকে ফুটিয়ে তোলা। গানের বাণী সেখানে গৌণ, অনেক ক্ষেত্রে মামুলি। সেই মামুলি কথাগুলোকে নানা তানে, নানা অলংকারে সজ্জিত করে একটি রাগ অথবা রাগিণীর রূপ ফুটিয়ে তোলাই গায়কের কাজ। অপর পক্ষে, বাংলা গানের চরিত্রই আলাদা। সুর অথবা রাগরাগিণীর থেকেও বাংলা গানে গুরুত্বপূর্ণ হলো তার কথা, তার ভাব, তার কাব্য। সে জন্যেই নাম-করা গায়ক কবির সুমন যখন মামুলি সুরে 'প্রথমত আমি তোমাকে চাই' গানটা করেন, তখন শ্রোতারা তাঁর কথা দিয়ে ভাবাবিষ্ট হয়, এমন কি, আবেগে আপ্লুত হয়। কিন্তু শ্রোতারা যখন তাঁর বাংলা খেয়াল গান শোনে, তখন অনেকেই হতাশ হয়। কারণ তারা এ গানের সৌন্দর্য কোথায়, তা অনুভব করতে পারে না।
মধ্যযুগে তাই বাংলা গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলো কীর্তন গান। কারণ বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস প্রমুখ কবি সত্যিকার ভাবের কথা লিখেছিলেন। তাঁরা শুধু ধর্মের কথা লিখলে, তা অমন জনপ্রিয় হতো কিনা, বলা কঠিন। কিন্তু তাঁরা লিখেছিলেন রাধাকৃষ্ণের প্রণয় সংগীত। এ গান শুনে যারা বৈষ্ণব, তারা যেমন ভাবে বিহ্বল হতো, তেমনি যারা বৈষ্ণব নয়, তারাও আকৃষ্ট হতো, রাধাকৃষ্ণের মিলন-বিরহের কথা শুনে আবেগ অনুভব করতো।
শ্যামাসংগীতও দারুণ জনপ্রিয় হয়েছিলো। সেও তার বাণীর জন্যে। সে বাণীর সঙ্গে যে-ভক্তিভাব মিশে ছিলো, তার জন্যে। যারা দেবী কালীর উপাসনা করতো না অর্থাৎ যারা শাক্ত ছিলো না, এ গানের বাণী তাদেরও নাড়া দিতো। নজরুল ইসলামের শ্যামাসংগীত তার মস্ত প্রমাণ। তিনি বড়ো কবি, ভক্তিবাদী। তাই তিনি শাক্ত না-হলেও, তাঁর শ্যামাসংগীত শ্রেষ্ঠ শ্যামাসংগীত বলে বিবেচিত হয়েছিলো। কারণ তাঁর এসব গানের বাণী শ্রোতাদের চিত্তকে ভাবাকুল করতো।
জ্যোতিরিন্দ্রনাথ যে-গান রচনা করেন, তাও তাঁর বাণী এবং মনোহর সুরের জন্যে সীমিত পরিসরে সাফল্য অর্জন করেছিলো। সীমিত পরিসরে, কারণ তাঁর সংগীত-ভাবনা সমকালের তুলনায় অনেক অগ্রসর ছিলো। তা ছাড়া, তাঁর সাফল্যের আলো অংশত ঢাকা পড়েছিলো তাঁর কনিষ্ঠ ভ্রাতা রবির আলোতে। উপরন্তু তাঁর অংশত প্রকাশ রবীন্দ্রসংগীতের সুরে সুরে। রবীন্দ্রনাথের বহু গান জ্যোতিরিন্দ্রনাথের সুরে রচিত। রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন যে, জ্যোতিদাদা পিয়ানোতে নতুন নতুন সুর তুলতেন, আর তিনি সেই সুরের সঙ্গে মিলিয়ে কথা বসাতেন। এভাবে তৈরি হয়েছিলো বহু রবীন্দ্রসংগীত।
জ্যোতিরিন্দ্রনাথের সংগীত-ভাবনা গড়ে উঠেছিলো পূর্ব ও পশ্চিমের মিলনে। উনিশ শতকের বঙ্গদেশে পশ্চিমা সংগীতের প্রভাব সবার আগে পড়েছিলো জ্যোতিরিন্দ্রনাথের ওপর। ভারতীয় রাগরাগিণীকে তিনি ত্যাগ করতে পারেননি। অথবা পশ্চিমা সংগীতের হার্মনিও তিনি প্রবর্তন করতে পারেননি। কিন্তু তিনি পশ্চিমা সংগীতের স্পিরিটে বাংলা গানকে আধুনিক করে তোলার প্রয়াস পেয়েছিলেন। পরে রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলাল রায় এই প্রয়াসকে আরও সফল করে তোলেন। বাণীকে প্রাধান্য দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ গানকে যদ্দুর সম্ভব তান-মুক্ত করেছিলেন। ফলে কথা ও সুরের অনুপাতে সামঞ্জস্য সৃষ্টি হয়। তবে বাঙালি শ্রোতারা তখনও তানের মোহ ত্যাগ করতে পারেনি।
জ্যোতিরিন্দ্রনাথের অবদান কেবল গীতিকার, সুরকার এবং বাদক হিসেবে নয়; তিনি সংগীতের একজন সংগঠকও ছিলেন। অত্যন্ত কম বয়সে তিনি ব্রাহ্মসমাজের সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। এবং একটানা বিশ বছর এই কাজে লিপ্ত ছিলেন। এ সময়ে ব্রাহ্মসমাজের উপাসনা সংগীত ও বিভিন্ন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সংগীত পরিচালনার দায়িত্ব তাঁর ওপরই ন্যস্ত ছিলো। এবং তিনি এ দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করেছিলেন। সংগীত শিক্ষার সুযোগ তখনও সাধারণজনের মধ্যে প্রসারিত হয়নি। সেই সুযোগ সৃষ্টির জন্যে তিনি আদি ব্রাহ্মসমাজের অধীনে ১৮৭৪ সালে একটি সংগীত বিদ্যালয় স্থাপন করেন। এর নাম দেন আদি ব্রাহ্মসমাজ সংগীত বিদ্যালয়। এর শিক্ষকের দায়িত্ব দেন যদু ভট্টকে।
দ্বিজেন্দ্রনাথ অ-কার মাত্রিক স্বরলিপি উদ্ভাবন করেছিলেন। এই স্বরলিপি পদ্ধতিকে নিখুঁত করে আকারমাত্রিক পদ্ধতি সৃষ্টি করার কৃতিত্ব জ্যোতিরিন্দ্রনাথের। আজ পর্যন্ত সেই পদ্ধতিই প্রচলিত আছে। সংগীতকে ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি আদি ব্রাহ্মসমাজের পক্ষ থেকে বহু খণ্ডে ব্রহ্মসংগীতের স্বরলিপি প্রকাশ করেন। সংগীতকে সাধারণজনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যে তিনি আরও একটি বড়ো উদ্যোগ গ্রহণ করেছিলেন সংগীতপত্রিকা প্রকাশের মাধ্যমে। আমরা ইতিপূর্বে বঙ্গদেশে প্রথম হারমোনিয়াম তৈরি করার প্রসঙ্গে ডোয়ারকিন কম্পেনি এবং তার মালিক দ্বারকানাথ ঘোষের কথা উল্লেখ করেছি। সেই ডোয়ারকিন কম্পেনির সহযোগিতায় জ্যোতিরিন্দ্রনাথ 'বীণাবাদিনী' নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার মাধ্যমে তিনি সংগীতের পরিচিতিমূলক রচনা, সংগীত এবং সংগীতের স্বরলিপি প্রকাশ করতেন। এই পত্রিকার প্রকাশের তাবৎ কাজ তিনি একাই করতেন। এ পত্রিকা তিনি দু বছর প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত ডোয়ারকিন কম্পেনি এই পত্রিকা প্রকাশের জন্যে অর্থ দিতে অক্ষম হলে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। কিন্তু ততোদিনে তিনি পত্রিকার বহু গ্রাহক পেয়েছিলেন। তাই এবারে তিনি তাঁর প্রতিষ্ঠিত 'সংগীতসমাজে'র তরফ থেকে মাসিক সংগীত প্রকাশিকা পত্রিকার প্রকাশ করেন। কৃতিত্বের সঙ্গে তিনি এ পত্রিকা পরিচালনা করেছিলেন।
জ্যোতিরিন্দ্রনাথ সত্যিকার অর্থে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর অবদানে কেবল সংগীতের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিলো না, সাহিত্যিক হিসেবেও তিনি ছিলেন খ্যাতির অধিকারী। তিনি বহু মৌলিক এবং অনুবাদমূলক নাটক রচনা করেছিলেন। সাহেব কম্পেনির সঙ্গে পাল্লা দিয়ে নদীপথে যাত্রীবাহী জাহাজ চালিয়েছিলেন। কিন্তু আদর্শবাদী দেশপ্রেমিক হওয়া আর ব্যবসায় সাফল্য লাভ করা এক নয়। সংগীতকার এবং সাহিত্যিক হিসেবে তাঁর নাম আজও টিকে আছে।
