২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: উনিশ শতকের গান

গোলাম মুরশিদ

Published : 25 Sep 2020, 02:39 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


মধ্যযুগে গানের প্রসার ঘটেছিলো সামাজিক কারণে। ধীর গতিতে। ব্যতিক্রম ছিলো কীর্তন গানে। প্রবল ধর্মীয় বন্যায় সে গান ছড়িয়ে পড়েছিলো দ্রুত গতিতে। ওদিকে, ১৭৭২ সালে কলকাতা পরিণত হয় রাজধানীতে। তারপর সবকিছু রাতারাতি পাল্টে গেলো। কলকাতা হলো ব্যবসা-বাণিজ্য এবং চাকরি-বাকরির কেন্দ্র, আইন-আদালতের সদর দপ্তর। উদ্যোগী পুরুষদের জন্যে সুযোগ-সুবিধার খনি। এই নগরীতে এলে কিভাবে কপাল খুলে যেতে পারে, তাই নিয়ে বই লিখেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বইয়ের নাম 'কলিকাতা কমলালয়' অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কলকাতা। উনিশ শতক শুরু হবার আগে থেকেই অসংখ্য লোক এই নগরীতে ছুটে আসতে শুরু করে। প্রথমে আসে ধারে-কাছের এলাকা থেকে। তারপর আর-একটু দূর থেকে। এভাবে সেই বৃত্তটা ক্রমশ বড়ো হতে থাকলো।

অভাবের তাড়নায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা এসেছিলেন বেশ অনেকটা দূর—মেদিনীপুর থেকে। তিনি এসেছিলেন একটা কিছু জুটে যাবে এই আশায়। কয়েক বছর পরে তিনি পুত্র ঈশ্বরকেও নিয়ে এসেছিলেন সমস্তটা পথ হাঁটিয়ে। পিতা প্রথমে পেয়েছিলেন দু টাকা বেতনের একটা চাকরি। তাতেই তাঁর বাড়ির লোকেরা খুব ফুর্তি করেছিলো। আর বছর বিশেক পরে তাঁর পুত্র তো রীতিমতো বিদ্যার সাগর হয়েছিলেন। বিস্তর টাকাপয়সাও উপার্জন করেছিলেন। এ রকম হাজার হাজার লোক এসেছিলো কলকাতায়। তাদের বেশির ভাগের ভাগ্যও কমবেশি প্রসন্ন হয়েছিলো।

কলকাতায় আর-এক শ্রেণীর লোক ছিলো—যারা ইংরেজদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ক'রে, চড়া সুদে টাকা খাটিয়ে, চাকরি-বাকরি করে ধনী হয়েছিলো। তাদের কেউ কেউ জমিদারী কিনে জমিদার বনে ছিলো। এই নতুন ধনীরা বিভিন্ন পুজো-পার্বণ উপলক্ষে পাল্লা দিয়ে আনন্দ করতো। আনন্দ মানে গান-বাজনা করতো, বাইজিদের নাচ দেখতো, নেশা করতো, বুলবুলির লড়াই দেখতো ইত্যাদি। রক্ষিতা রাখা ছিলো এই ধনীদের আর-একটা লোক-দেখানো বিলাসিতা। এরা তাদের রক্ষিতাদের বেতন দিতো দরাজ হাতে—এমন কি, সেকালের টাকায় হাজার টাকা। বস্তুত, রক্ষিতা রাখা ছিলো সামাজিক মর্যাদার প্রতীক। লোক দেখিয়ে এরা লাখ লাখ টাকা ব্যয় করতো বাপ-মায়ের শ্রাদ্ধে। এদের ফুর্তিতে যোগ দিতো কলকাতার বাইরে থেকে আসা লোকেরাও। বাইরে থেকে আসা লোকেদের ফুর্তির একটা অংশ ছিলো বারাঙ্গনাদের কাছে যাওয়া। সেখানে নাচ-গানও হতো অল্পবিস্তর।

এই সমাজের এক-এক অংশের গান-বাজনা ছিলো এক-এক ধরনের। কেউ পাঁচালি শুনতো, কেউবা শুনতো কবিগান। কেউ পূজামণ্ডপে গিয়ে শ্যামাসংগীত শুনতো অথবা কীর্তন। তার ওপর জমিদাররা রাখতো বেতন-ভুক পেশাদার গায়কদের।
এ সময়ে জীবিকার সন্ধানে বহু গায়ক এসেছিলেন উত্তর ভারত থেকে। তাঁরা নিয়ে এসেছিলেন ধ্রুপদ আর খেয়াল। কলকাতার নব্য ধনীরা তখনও এই ধ্রুপদ-খেয়াল সংগীত বোঝার মতো শিক্ষা লাভ করেনি। কিন্তু নিজের সভাসদদের মধ্যে একজন উত্তর ভারতীয় গায়ক রাখলে সেটা সামাজিক মর্যাদা বাড়ায়—এটা তারা জানতো। কাজেই কারও কারও 'দরবারে' এসব গায়কের ঠাঁই হতো। বাদ্যযন্ত্রীদেরও জায়গা হতো। কলকাতায় না-জুটলে এই ওস্তাদদের কেউ কেউ চাকরির জন্যে যেতেন মপস্বলে। এভাবেই বর্ধমান, কৃষ্ণনগর, গৌরীপুর, মুক্তাগাছা, নাটোরের রাজা-মহারাজাদের দরবারে অনেক ওস্তাদের জায়গা হয়েছিলো।

এ ছাড়া, উত্তর ভারতে হিন্দুস্তানী সংগীত শিখে কোনো কোনো বাঙালি গায়কও বাংলাদেশে ফিরে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজনের কথা জানা যায়—কালী মীর্জা আর রামনিধি গুপ্ত ওরফে নিধুবাবু। কালী মীর্জা বারো বছর উচ্চাঙ্গ সংগীত শিখেছিলেন বারাণসী, দিল্লি আর লাখনৌতে। সেই সঙ্গে চোস্ত্ মুসলমানী আদব-কায়দাও রপ্ত করেছিলেন তিনি। সে জন্যেই সাধারণ লোকেরা তাঁকে ডাকতো 'মীর্জা' নামে। প্রায় ৩১ বছর বয়সে তিনি হুগলিতে ফিরে আসেন। কিন্তু সেখানে তাঁর গানের প্রশংসা করার মতো লোক বেশি ছিলো না। মনে হয় তাঁর আর্থিক অবস্থা ভালোই ছিলো। তাই কিছুকাল বেকার ছিলেন। তারপর তিনি কাজ নিয়েছিলেন বর্ধমান-রাজের দরবারে।
ধ্রুপদ, খেয়াল, টপ্পা—তিনটাই তিনি শিখেছিলেন। তবে বর্ধমানে তিনি শিখিয়েছিলেন ধ্রুপদ। সেখান তিনি কতোদিন ছিলেন, জানা যায় না। উনিশ শতকের গোড়ার দিকে তিনি যখন কলকাতায় বসতি স্থাপন করেন, ততোদিনে কলকাতার দেশী গানের বাজার চলে গেছে নিধুবাবুর দখলে।

নিধুবাবু বিহারের ছাপরায় সরকারী চাকরি করতেন। সেখান থেকে কলকাতায় ফিরে আসেন ১৭৯৪ সালে। তাঁর বয়স তখন ৫৩ বছর। কলকাতায় তিনি এসেছিলেন টাকা আর টপ্পা নিয়ে। তাই জীবনের পরবর্তী ৪৫ বছর তিনি কোনো রাজা-মহারাজার অধীনে চাকরি নেননি। এ থেকে তাঁর আর্থিক সচ্ছলতার প্রমাণ পাওয়া যায়। কিন্তু এটা একটা তুচ্ছ ব্যাপার।
তাঁর বড়ো অবদান, তিনি বঙ্গদেশে টপ্পা গান প্রবর্তন করেন। তার আগে বঙ্গদেশে টপ্পা গানের প্রচলন ছিলো না। তিনি যে-ধরনের টপ্পা শিখে এসেছিলেন, তাতে তানের কাজ ছিলো অতি সূক্ষ্ম এবং অতি দ্রুত গতির। কিছু কালের মধ্যেই তাঁর মনে হলো, এই তান বাংলা গানের সঙ্গে ঠিক যায় না। তাই তিনি তাঁর সৃজনশীলতা খাটিয়ে মধ্য লয়ের তান উদ্ভাবন করেন। সেই টপ্পা কলকাতার সংগীতজ্ঞদের আকৃষ্ট করেছিলো। এবং অনেক দিন টিকে ছিলো। এমন কি, শতাব্দীর শেষ দিকেও এই স্টাইলের টপ্পা রচনা করেন রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলাল। বস্তুত, তারপরেও রবীন্দ্রনাথ টপ্পা সুরে বহু গান রচনা করেছিলেন।
সংগীতজ্ঞদের আকৃষ্ট করলেও, টপ্পা সাধারণ লোকের মন জয় করতে পারেনি। নিধুবাবু তাই তখনকার জনপ্রিয় গান আখড়াই-এর বাজারে ঢুকে পড়েন। কিন্তু তিনি ছিলেন সত্যিকার সংগীতজ্ঞ। তাই আখড়াই গানে যোগ দিলেও, তিনি তাকে সংস্কার করে নেন। তার মান উন্নত করেন তিনি। আখড়াই গানে বেশ অশ্লীলতা ছিলো। তিনি তাও দূর করেন। কিন্তু অদৃষ্টের পরিহাস এই যে, তাঁর রচিত প্রেমের গানকেও অনেকে অশ্লীল বলে মনে করতো।
বাংলা গানে, গানে কেন বাংলা সাহিত্যেই, তিনি যুগান্তর ঘটিয়েছিলেন ইহলৌকিক প্রেমের গান রচনা ক'রে। ভারতচন্দ্র পর্যন্ত বাংলা সাহিত্যের বিষয়বস্তু ছিলো ধর্মীয়। কিন্তু নিধুবাবু রক্তমাংসের মানুষের কথা লেখেন। তার মধ্যে অনেকগুলো গান লেখেন এক সুন্দরী নারী, শ্রীমতীকে নিয়ে। শ্রীমতী ছিলেন এক মহারাজার রক্ষিতা। তাঁর অনেক বছর পর ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-৫৯) অবশ্য শ্রীমতীকে সোজাসুজি বারাঙ্গনা বলেছেন। ঈশ্বর গুপ্তও তাঁর কবিতায় রক্ত-মাংসের মানুষ নিয়ে এসেছিলেন। তবে তিনি মাঝেমধ্যে আবার দেবদেবীর দিকেও ফিরে তাকিয়েছেন।
নিধুবাবুর আরও একটা অবদান ছিলো তাঁর গানে—তিনি নিজের দেশ এবং ভাষাকে নিয়েও গান লিখেছিলেন। তাঁর আগে কারও গানে এই স্বদেশ-প্রীতি দেখা যায়নি। তাঁর একটা গান
নানান দেশের নানান ভাষা / বিনা স্বদেশী ভাষা / মিটে কি আশা?
প্রবাদ-বাক্যের মতো হয়ে গেছে। কে না জানে?
আগেই বলেছি, বঙ্গদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাগ্যান্বেষী লোকেরা কলকাতায় আসতো। তারা কেউ কেউ আসতো তাদের অঞ্চলের গান নিয়ে। পরিচিতদের তারা সেসব গান শোনাতো। উঁচুদরের গায়ক হলে আসরে শোনাতো তাদের গান। কলকাতায় এভাবেই এসেছিলো পাঁচালি গান, কবিগান, মঙ্গল গান, বাউল গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, শ্যামাসংগীত। কীর্তনের ঢেউ সেখানে আগেই লেগেছিলো। এভাবে কলকাতা বিভিন্ন ধরনের গানের একটা মেলায় পরিণত হয়েছিলো। সেই মেলায়ে আদান-প্রদান হতো এসব গানের। তা ছাড়া, উত্তরবঙ্গের কেউ হয়তো দক্ষিণবঙ্গের গান শিখে ফেলতো। তারপর নিজের অঞ্চলে ফিরে গিয়ে সে হয়তো কলকাতায় শেখা গান শোনাতো পরিচিতদের। এভাবে গান আঞ্চলিকতা থেকে মুক্তি পেয়ে বৃহত্তর অঞ্চলের গানে পরিণত হতো। একটা দৃষ্টান্ত দিই:
১৯৩০-এর দশকের শুরুতে আব্বাসউদ্দীন কলকাতায় এসেছিলেন নজরুল ইসলামের নিমন্ত্রণে। উদ্দেশ্য ছিলো গান রেকর্ড করা যায় কিনা তার চেষ্টা করা। নজরুল ইসলাম তখন রেকর্ড কম্পেনির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সুপারিশে আব্বাসউদ্দীন রেকর্ড করতেও পেরেছিলেন। প্রথমে করেছিলেন আধুনিক গান আর নজরুলগীতি। পরে একবার তিনি ভাওয়াইয়া গানও রেকর্ড করেন। তারপর রেকর্ডে ভর করে সে গান বঙ্গদেশের এখানে সেখানে ছড়িয়ে পড়ে। ভাওয়াইয়া গান এভাবে তার জন্মস্থান রংপুর আর কোচবিহার থেকে মুক্ত হয়ে বাংলাদেশের অন্য এলাকায়ও জনপ্রিয় হতে থাকে। এমন কি, নজরুল ইসলামও ভাওয়াইয়া সুরে গান বেঁধেছিলেন।
আগেই বলেছি, কলকাতা ছিলো ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। তাই দিয়েই তার শ্রীবৃদ্ধি। তাই দিয়েই তার প্রসার। তারপর এই নগরী পরিণত হয় লেখাপড়ার কেন্দ্রে, সংস্কৃতির কেন্দ্রে। বাঙালি সংস্কৃতির প্রতিটি দিকই প্রভাবিত হয়েছিলো এই নগরীর কোলে এসে—কেবল গান নয়। যেমন, কলকাতায় নতুন বাংলা গদ্য গড়ে উঠেছিলো। তারপর সেই ভাষা—সাধু ভাষা, ধীরে ধীরে পুরো বঙ্গদেশের লিখিত ভাষায় পরিণত হয়। কলকাতা এভাবে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিকই কমবেশি বদলে দিয়েছিলো।
ওদিকে, ১৮৩০ সাল নাগাদ কলকাতায় শিক্ষা বিস্তারের নানা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সংস্কৃত কলেজ, কলিকাতা মাদ্রাসা, হিন্দু কলেজ, হেয়ার স্কুল, টেক্সট বুক সোসায়েটি ইত্যাদি। আর-এক দিকে স্থাপিত হয় এশিয়াটিক সোসায়েটি এবং ফোর্ট উইলিয়াম কলেজ। এইসব প্রতিষ্ঠানকে ঘিরে শুরু হয় প্রাচীন ভারতকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা। অন্যদিকে, শুরু হয় বঙ্গের নবজাগরণ—যার আর-এক নাম বাংলার রেনেসন্স। কথাটা এসেছে ইটালির রেনেসন্স থেকে। সে সময় ইটালির স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, সংগীত, শিক্ষা ও চিন্তার ক্ষেত্রে যুগান্তর এসেছিলো। তার পেছনে ছিলো প্রাচীন ইটালির আদর্শ এবং অনুপ্রেরণা।

বঙ্গদেশের রেনেসন্স ঠিক সে রকম ছিলো না। তবু বাংলা ভাষা, সাহিত্য ও সংগীতের ক্ষেত্রে দেখা দিয়েছিলো এক অসাধারণ জাগরণের জোয়ার। এমন জাগরণের পুরোনো কোনো নজির ছিলো না। তারই নাম দেওয়া হয়েছে বঙ্গীয় রেনেসন্স।
এই জাগরণের দু-একটা উদাহরণ দিই। ১৭৮৪ সালের আগে পর্যন্ত বাংলা ভাষায় কোনো ছাপানো বই ছিলো না। তা ছাড়া, বাংলায় কবিতা লেখা হয়েছিলো অনেক। কিন্তু গদ্য খুব কমই লেখা হয়েছিলো। বিশেষ করে গদ্য-সাহিত্য বলে কিছুই ছিলো না। তারপর এক শো বছরের মধ্যে গদ্য-সাহিত্য গড়ে উঠলো বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের হাত দিয়ে। নতুন ধরনের কাব্য লিখলেন মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ। কবিতার ভাষাও বদলে গেলো। নাটক বলে কিছু ছিলো না বাংলা ভাষায়। কিন্তু ১৮৫০-এর দশক থেকে রাশি রাশি নাটকও লেখা হলো। সেসব নাটক মঞ্চস্থ করার জন্যে শৌখিন থিয়েটার তৈরি হলো। এমন কি, নির্মিত হলো পেশাদার থিয়েটার। মোট কথা, নব-জাগরণের প্রত্যক্ষ প্রভাবে নতুন যৌবনে উপনীত হলো বাংলা ভাষা ও সাহিত্য। সে সাহিত্যে দেবদেবী বদলে দেখা দিলো মানুষ। এমন কি, দেবদেবীও মানুষ হয়ে গেলো মাইকেলের হাতে পড়ে।
নাটক আর থিয়েটারের প্রয়োজনে নতুন ধরনের গান লেখা হলো। গান ছাড়া বাংলা নাটক হয় নাকি? হয় না। বলে গেছেন কলকাতাবাসী এক রুশ ভদ্রলোক। তাঁর নাম গেরাসিম লেবেদেফ। তিনি একটি ইংরেজি নাটক বাংলায় অনুবাদ করেছিলেন। তারপর সেটির অভিনয় করান ১৭৯৫ সালে। তার জন্যে মঞ্চ তৈরি করিয়েছিলেন, দেশীয়দের মধ্য থেকে অভিনয় করার জন্যে লোক জুটিয়েছিলেন। মেয়েও জোগাড় করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে, বাঙালিরা গান আর ভাঁড়ামি খুব পছন্দ করে। কাজেই তিনি গান রেখেছিলেন তাঁর নাটকে।

১৮৫৭ সালে যখন প্রথম বাংলা নাটক অভিনীত হয়, তখন থেকে সব নাটকেই গান থাকতো। এ গান ছিলো নতুন ধরনের গান। নাটকের বিষয়বস্তুর সঙ্গে খাপ খায়, এমন গান। অনেক সময় মূল নাটকে গান না-থাকলেও পরে অভিনয়ের সময়ে গান ঢুকিয়ে দেওয়া হতো। কোনো কোনো নাট্যকার গান লেখায় ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তাঁরা অন্যদের দিয়ে লিখিয়ে নিতেন। মাইকেল মধুসূদন যেমন কয়েকটা গান লিখিয়ে নিয়েছিলেন যতীন্দ্রমোহন ঠাকুরকে দিয়ে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাট্যকার তো ছিলেনই, তা ছাড়া ছিলেন গানের মস্ত বড়ো ওস্তাদ। তিনি যেমন সুর সৃষ্টি করতেন, তেমন গান লিখতেন। পিয়ানো বাজানোর তিনি ছিলেন জাদুকর। তাঁর সব নাটকের গান রচনা করেছিলেন তিনি নিজেই। কিন্তু তাঁর একটা নাটকে বালক রবীন্দ্রনাথ একটা গান লিখে দিয়েছিলেন—জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ।'
১৮৭২ সালে কলকাতায় প্রথম একটা পাবলিক থিয়েটার বা জন-মঞ্চ তৈরি হয়। এর অল্প পরে তৈরি হয় আরও দু-তিনটি মঞ্চ। যাতে বেশি বেশি লোক নাটক দেখতে আসে, তার জন্যে এসব নাটকে অভিনেত্রী জোটানো হয়েছিলো। অভিনেত্রী মানে বাইজি। নিজেদের পেশার জন্যে বাইজিদের গান জানতেই হতো। এদের মধ্যে এক কিশোরীও ছিলেন। তাঁর নাম বিনোদিনী দাসী। তিনি ছিলেন সেকালের সবচেয়ে বড়ো অভিনেত্রী। আজও তাঁর খ্যাতি টিকে আছে। মেয়েদের মধ্যে তিনি গানও গাইতেন সবচেয়ে ভালো। তাই তিনি যেসব নাটকে অংশ নিতেন, সেসব নাটক দারুণ জনপ্রিয় হতো। অনেক নাটকে তিনি পুরুষের ভূমিকায়ও অভিনয় করেছিলেন।
আর, সেকালের অভিনেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। সেই সঙ্গে তিনি ছিলেন বিখ্যাত নাট্যকার। তিনি রাশি রাশি নাটক লিখেছিলেন। শেক্স্পীয়রের বেশ কয়েকটা নাটক তিনি বাংলায় অনুবাদও করেছিলেন। তাঁর প্রতিটি নাটকই জনপ্রিয় হয়েছিলো। তাঁর নাটকে গান তো থাকতোই। তদুপরি গান লেখা ছিলো তাঁর একটা নেশা। তিনি তেরো শো গান লিখেছিলেন। তাঁর আগে বাংলা ভাষায় কেউই অতো গান লেখেননি। বলাই বাহুল্য, এসব গানের বেশির ভাগই নাটকের জন্যে নয়।
এভাবে উনিশ শতকে নতুন প্রয়োজনে নতুন এক ধরনের গান রচিত হয়েছিলো। তেমন আরও গানের দিকে আমরা নজর দেবো।