এক নির্ঝরের গান-এ প্রশ্ন ও বোধের জগৎ উন্মোচন
No one can get really drunk on a novel or painting, but who can help getting drunk on Beethoven's Ninth, Bartok's Sonata for Two pianos and percussion or the Beatles' White Album?
-Milan Kundera : The Unbearable Lightness of Being
গানের জগৎ বরাবরই অদ্ভুত। কিছু কথা কিংবা কথা ছাড়াও সুর কিংবা ভঙ্গিতে আপনি উদ্বেলিত হচ্ছেন, শিহরিত হচ্ছেন- এই দৃশ্য বেশ মনোরম। অবশ্য গান কখনো কখনো গানের চেয়েও বেশি কিছু হয়ে উঠে। অর্থ্যাৎ সেটি উদ্বেলিত করার কিংবা শিহরিত করার স্তর অতিক্রম করে অন্য মোকামে গিয়ে পৌঁছায়। তখন সে আরো বেশি কিছু বলতে চায়, দরজায় কড়া নাড়তে নাড়তে থাকে ক্রমাগত। তবে গানের এই জঁরার ঝুঁকি অনেক। কারণ এক্ষেত্রে 'তাল' ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়েও থাকে। তখন গানে মাতাল হওয়ার যে ধারণা তা সাহিত্য কিংবা চিত্রকর্মের ধারণায় পর্যবসিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়। তাই এই ধরনের গানে ব্যালেন্স রাখতে পারার জন্য আলাদা মুন্সিয়ানা দরকার হয়। গীতিকার-সুরকারের বোধের স্তর যথেষ্ট পরিস্কার না হলে এগুলো কেবল কথার ব্যায়ামের অতিরিক্ত কিছু তৈরি করতে পারে না।
এক্ষেত্রে বলা যায় সম্ভাবনার সে সুতো পার না করেই নিজের অবস্থান তৈরি করার যে চ্যালেঞ্জ তাতে দারুণ সফলতা লাভ করেছে 'এক নির্ঝরের গান।' এনামুল করিম নির্ঝরকে মূলত আমি চলচ্চিত্র পরিচালক হিসেবেই চিনতাম। আমার ব্যর্থতাই বলব যে ওনার গীতিকার ও সুরকার পরিচিতির সঙ্গে আমার পরিচিতি ছিল না। তবে পরিচালক নির্ঝরের কাজ সম্পর্কে জানি বলেই গান শোনা শুরুর আগে বিশ্বাস ও ভয় দুই ছিল। বিশ্বাস এ জন্য ছিল যে, ওনার বোধ ও রুচি সম্পর্কে যেটুকু জানা ছিল তা এবং আর ভয় ছিল এই বিশ্বাস না ভেঙে যায়! কিন্তু প্রথম গান শুনেই সে ভয়ের মেঘ অনেকটাই দূর হয়ে যায়। এরপর টানা অনেকগুলো গান শুনে ফেলি। শুনতে শুনতে একধরনের ঘোর তৈরি হয়। কথার স্তর থেকে বোধের স্তরে যাওয়ার পথটা তৈরি হতে থাকে। হয়তো নিজে শুনেছি বলেই বলছি, আমার ধারণা বিচ্ছিন্নভাবে হুটহাট এই গানগুলো শুনলে এই গানগুলোর প্রকৃত এসেন্স ধরতে পারা কঠিন হবে। যদিও এ মতটা একেবারেই ব্যক্তিগত। তারপরও বলছি, এই গানগুলোর কথা ও সুর একটি পরম্পরা মেনে এগিয়ে গেছে। মূলত আমি নিজে যে কটি গান শুনেছি তার ভিত্তিতে বলছি। এখানে ছোট বড় অনেকগুলো উত্তরণ-অবতরণ আছে। একটা স্তর থেকে আরেকটি স্তরে যাওয়ার মাঝে সুন্দর একটা যাত্রাবিরতি আছে। আমার ধারণা সেই বিরিতিটুকুও উপভোগ করার ব্যাপার আছে। যেটাকে হয়তো কুন্দেরা ড্রাঙ্ক হওয়া দ্বারা চিহ্নিত করতে চেয়েছেন। একটানা শুনতে শুনতে মাতাল হওয়ার সেই বিশেষ অনুভূতিটুকু লাভ করা যায়।
যাই হোক এবার একটু গানে আসা যাক। যদিও গান ধরে ধরে লেখাটা আমার বিশেষ পছন্দ না। আমি মূলত গানের প্রবণতাকেই বুঝতে চাই। আবিস্কার করতে চাই বোধের সবটুকু স্তর। হয়তো গানের নির্দিষ্ট মার্গে যাওয়া সম্ভব হয় না, কিন্তু নিজের মতো করে একটা জগত তৈরি করে নেয়া যায়। কিন্তু নজির স্থাপন না করলে আমাদের এখানে শোনা, দেখা কিংবা পড়া বিশেষভাবে মূল্যায়িত হয় না। তাই প্রথম শোনা গানটার কথা একটু বলি। যদিও আবারো বলছি কথাকে কেটে ছিঁড়ে দেখানোর চেয়ে তার প্রবণতাটুকু উদ্ধার করতে চাইব। সামর্থে্য যতটা কুলোয় আর কি।
দার্শনিকতাকে নিছক ভাবালুতার দিকে ঠেলে দেননি তিনি। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট টুলসগুলো নিয়েই গানগুলো তৈরি করেছেন তিনি। সমাজের নানা দিক নিয়ে কটাক্ষ থাকলেও তাতে পরিমিতি বোধ থাকায় নিছক স্লোগান হয়ে উঠেনি। "হতবাক পরিজন স্কুলব্যাগে দিয়ে হাত/ব্যাকপ্যাক ব্যাকপ্যাক কোন দিকে কাত"। এই লাইনগুলোর মাঝে বক্তব্য স্পষ্ট কিন্তু যতটুকু আড়াল দরকার তাও রেখেছেন তিনি। কিংবা নিচের এই লাইনগুলো- 'হাঁড়িভরা হাসিমুখ; তোর পেটে যত সুখ!
উন্মুখ অসুখের ওষুধ কোথায়?
কোথায় কোথায়?
কোথায় কোথায় ভেবে গোয়েন্দা মন'
আমাদের সাধারণ গানের যে পথচলা এখানে এসে তা প্রচণ্ডভাবে ধাক্কা খাচ্ছে। এই কথাগুলো কেবল সুর এবং গায়কীর ক্যারিচারে পরিণত না হয়ে আরেকটা ধাপ এগিয়ে গেছে। যে ধাপে গানটি আমাদেরকে ভাবার জন্য একটা স্পেস তৈরি করে দেয়। যদিও আমি নিশ্চিত না সব ধরনের শ্রোতা আসলেই এই গানের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারবেন কিনা । আমার ধারণা নির্ঝর নিজেও হয়তো তা চান না। কারণ ওপরের যে কথাগুলো এবং সুরের যে প্রলেপ তা জনপ্রিয়তার ধারণা থেকে দূরে। গানগুলো আপনাকে একটু সময় নিয়ে শুনতে হবে। একটু স্পেস দিয়ে ভাবতে হবে। তাই এখানে কিছুটা পরিশ্রমেরও প্র্রয়োজন হয়। আমি জানি না তা দিতে কতজন রাজি থাকবেন। কিন্তু সেই পরিশ্রমের মূল্য যে শোধবোধ হবে তা নিয়ে আমি নিঃসন্দেহ।
নির্ঝরের প্রবণতা মানে তিনি কি বলতে চান তা আরো স্পষ্টভাবে বুঝা যাবে 'আমি কি আমাকে চিনি?' গানটিতে। বলা যায় এই গানটিই আমার সবচেয়ে পছন্দের। নিজের সকল দার্শনিক দ্বিধা এই গানের মাঝে হাজির করেছেন নির্ঝর। সে সঙ্গে তার প্রয়াসটিকেও একট চরিত্র প্রদান করেছেন। আপনর জন্য কি কি অপেক্ষা করছে সামনে তা যেন এ গানটিতেই তোলা আছে। নিজেকে চেনার যে প্রশ্ন তা একেবারে নতুন কিছু যদিও না। কিন্তু নির্ঝর তার কথা ও সুরের মধ্য দিয়ে যেভঅবে এ প্রশ্নটিকে সামনে এনেছেন তাকে নতুনই বলা যায়। এমন নতুনত্বের স্বাদ যে কটি গান আমি শুনেছি তার সবগুলোর মধ্যেই ছিল। নির্ঝর এই গানগুলোর মাধ্যমে আরেকটি কাজ করার চেষ্টা করেছেন, তা হলো প্রশ্নের একটি ধারা তৈরি করা। সব প্রশ্নের উত্তর হয়তো তাতে নেই। কিন্তু একটু গভীরে ভাবলে এই প্রশ্ন আপনার -আমার আমাদের সবার।
