২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: রাগসংগীত

গোলাম মুরশিদ

Published : 28 Aug 2020, 01:08 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: ১৭৫৫ সালে আঁকা দীপক রাগের ছবি। সান দিয়োগো আর্ট মিউজিয়ামে সঞ্চিত। শিল্পীর নাম-ফকির উল্লাহ।

কাঠামো অনুসারে রাগসংগীতকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। দুটো ভাগ নিয়ে আমরা আগেই আলোচনা করেছি—ধ্রুপদ আর টপ্পা। এবারে আরও কয়েকটা ভাগের দিকে নজর দেওয়া যাক। আগেই বলেছি শাস্ত্রীয় সংগীতের সবচেয়ে পুরোনো ধারার নাম ধ্রুপদ। আর তার চেয়ে অনেক নবীন একটি ধারা হলো টপ্পা। অন্য দুটো ধারার কথা বলিনি। সে দুটোর নাম: খেয়াল আর ঠুমরি বা ঠুংরি।

উচ্চাঙ্গসংগীত বললে এখন বিশেষ করে খেয়াল আর ঠুংরিকেই বোঝায়। এ দুটির মধ্যে আবার খেয়ালই গুরুত্বপূর্ণ। অথচ এর কথা না-বলার কারণ কী। সংক্ষেপে এর কারণ হলো: বাংলা গান কথা-প্রধান, কিন্তু খেয়াল হলো তান-প্রধান। যিনি খেয়াল গাইছেন, তিনি একটা কি দুটো শব্দই নানা সুরে, নানা রকমের তান দিয়ে গাইতে থাকেন। তাঁর লক্ষ্য কাব্য সৃষ্টি করা নয়, বরং সুরের মায়াজাল রচনা করা। যে-রাগের গান, সেই রাগের সৌন্দর্য নানান ভাবে ফুটিয়ে তোলা। একটা খেয়ালে হয়তো মাত্র দু লাইনের কথা থাকে। অপর পক্ষে, একটা বাংলা গান আট-দশ লাইনের না-হয়ে যায় না। খেয়ালের চরিত্র এক রকমের, বাংলা গানের চরিত্র আর-এক রকমের।
বাংলা গানে সুরের থেকে কথার গুরুত্ব বেশি। বলা যেতে পারে, বাংলা গানের দেহটা কথা দিয়েই তৈরি। আর তার অদৃশ্য প্রাণটা হলো সুরের। অনেক বাংলা গানে কথা এতো বেশি থাকে যে, তাতে সুরের কারুকার্য সৃষ্টি করার মতো অথবা অলংকার পরানোর মতো জায়গা থাকে না। একটা দৃষ্টান্ত দেওয়া যাক। রবীন্দ্রনাথের একটা গান আছে: তার হাতে ছিল হাসির ফুলের হার কত রঙে রং করা। এ গানটা এতো লম্বা যে, কোথাও সুরটাকে কয়েক সেকেন্ডের জন্যেও টেনে রাখা যায় না। ফলে গানটা শোনায় সুরে সুরে আবৃত্তি করার মতো। কী, ধরা যাক, নজরুল ইসলামের গান: দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার। তিনি সাধারণত তাঁর গানে অনেক তান, অনেক অলংকার প্রয়োগ করতেন। কিন্তু এ গানটা এতো লম্বা যে, তিনি এতে তান লাগানোর সুযোগ পাননি। বরং সুরে সুরে আবৃত্তি করেছেন। সাম্প্রতিক কালের আর-একটা গানের কথা মনে পড়লো: প্রথমত আমি তোমাকে চাই / দ্বিতীয়ত আমি তোমাকে চাই …। কবির সুমনের গান। পশ্চিমা ফোক সঙের মতো। গায়ক কথাগুলোকে সুরে সুরে আবৃত্তি করেছেন। কিন্তু কথার কল্যাণে গানটি মনের ওপর স্থায়ী দাগ কাটে। সুরের ঘাটতির কথা মনে থাকে না।
খেয়াল গান কোত্থেকে এলো, তা নিয়ে নানা রকমের গল্প চালু আছে। যেমন, কেউ কেউ একে খুব বনেদি প্রমাণ করার জন্যে বলেন যে, খেয়াল গান এসেছে প্রাচীন ভারতের 'প্রবন্ধ সংগীত' থেকে। অথচ প্রবন্ধ সংগীত কেমন ছিলো, তা-ই কেউ জানে না। সুতরাং তার সঙ্গে খেয়ালের যোগাযোগ দেখানোকে বলা যায় বাতুলতা। আবার এ গানের সঙ্গে মুসলমানদের যোগাযোগ আছে এটা প্রমাণ করার জন্যে অনেকে দাবি করেন যে, খেয়াল গান সৃষ্টি করেছেন আমীর খসরু, চোদ্দো শতকে। তার অর্থ দাঁড়ায়, ধ্রুপদেরও আগে খেয়ালের জন্ম। অভ্যন্তরীণ প্রমাণ থেকে সেটাকে অসম্ভব মনে হয়। কেউ কেউ বলেন, 'কাওয়ালি গান' থেকে খেয়ালের উদ্ভব। খেয়াল কথাটাও এসেছে কাওয়ালি থেকে—কাওয়ালি> খাওয়ালি> খাওয়াল> খেয়াল।


আর-একটা মত হলো: দিল্লির বাদশা মোহাম্মদ শাহ রঙ্গিলের দরবারে প্রধান গায়ক ছিলেন তানসেনের মেয়ের ঘরের এক অধঃস্তন পুরুষ—নিয়ামৎ খাঁ ওরফে সদারঙ্গ। তিনি নাম-করা ধ্রুপদ গায়ক ছিলেন। কিন্তু তাঁর ধ্রুপদ গান শুনতে শুনতে বাদশার বিরক্তি ধরে গিয়েছিলো। তিনি নিয়ামৎ খাঁকে তাই তাড়িয়ে দিলেন। নিয়ামৎ খাঁ মনের দুঃখে চিন্তা করতে থাকলেন, কী করা যায়। শেষে তিনি ধ্রুপদের সংস্কার করে, তাকে কেটেছেঁটে খেয়াল গান সৃষ্টি করলেন। নিজের শাগরেদদের তিনি সে গান শিখিয়ে দিলেন। তাঁরা গিয়ে সে গান শোনালেন বাদশাকে। বাদশা শুনে ভারী খুশি। তিনি তখন নিজের ভুল বুঝতে পারলেন। সদারঙ্গের পুত্র—কারও কারও মতে—ভাইপো ফিরোজ খাঁ ওরফে অদারঙ্গ খেয়ালকে আরও সুন্দর করে তৈরি করলেন। খেয়াল গান তখন ধ্রুপদের জায়গা দ্রুত দখল করে নিলো এবং তা ছড়িয়ে পড়লো অন্য গায়কদের মধ্যে।
গায়কদের সংখ্যা বাড়লে পর খেয়াল গাইবার ঢঙে এক-এক রকমের বৈশিষ্ট্য দেখা দিলো। এক-এক জায়গার গায়কদের এক-এক রকমের স্টাইল তৈরি হলো। তার কারণ ধ্রুপদের মতো খেয়ালের কাঠামো অতো দৃঢ় নয়। তার মধ্যে স্বাধীনতা নেওয়ার অনেক সুযোগ থাকে। সেই সুযোগ থেকেই স্টাইলের সৃষ্টি। এই স্টাইলগুলোর নাম হলো ঘরানা। সেকালে ঘরানা নিয়ে গায়করা এতো গর্বিত ছিলেন যে, তাঁরা নিজের নিজের ঘরানার গোপন বৈশিষ্ট্য সবাইকে শিক্ষা দিতেন না। এই গোপন বৈশিষ্ট্যের মধ্যে ছিলো বিশেষ বিশেষ রাগরাগিণীতে যে-স্বর ব্যবহৃত হতো না, সেই স্বরের বিদগ্ধ ব্যবহার, বিভিন্ন ধরনের স্বর-বিন্যাস, গাইবার বিশেষ ভঙ্গি ইত্যাদি। এখন অবশ্য ঘরানার আভিজাত্য আর আগের মতো নেই।

ধ্রুপদের সঙ্গে খেয়ালের তুলনা করে দেখা যাক। ধ্রুপদের চারটি তুকের বদলে খেয়ালে তুক থাকে দুটি—স্থায়ী আর অন্তরা। ফলে 'কথা' গেলো সংক্ষিপ্ত হয়ে। একটা খেয়াল মাত্র দু লাইনেরও হতে পারে। খেয়ালের সঙ্গে বাংলা গানের এখানে মস্ত একটা পার্থক্য। ধ্রুপদের শুরুতে যে-আলাপ থাকে, তা খুব লম্বা। ঘণ্টা খানেকেরও হতে পারে। এই আলাপের মধ্য দিয়ে গায়ক রাগরূপ ফুটিয়ে তোলেন। কিন্তু খেয়ালের আলাপ সংক্ষিপ্ত। এমন কি, আলাপ ছাড়াও খেয়াল হতে পারে। খেয়াল-গায়ক রাগরূপ ফুটিয়ে তোলেন প্রধানত নানা রকমের তান দিয়ে। তানের মধ্যে বিভিন্ন ধরনের অলংকারও থাকে। বাংলা গানের সঙ্গে এখানটায় খেয়ালের বড়ো পার্থক্য। মনে হয় এই তানের কারণেই বাংলা খেয়াল জনপ্রিয় হলো না। দু-তিনটা শব্দ অথবা সিলাবল নানা সুরে বারবার গাইলে বাংলায় তা ভালো শোনায় না। তার ফলে গানের কথাগুলোর অর্থ বিকৃত হয়।
রবীন্দ্রনাথের একটা গান আছে 'কোথা যে উধাও হল'—বৃষ্টির গান, মিয়াঁ কি মাল্হারে রচিত একটি হিন্দি গানের ওপর ভিত্তি করে রচনা করেছিলেন। বাংলায় রূপান্তর করার সময়ে তিনি তানগুলো বেশির ভাগই ফেলে দেন। তেমনি নজরুল ইসলামের বাংলা খেয়াল—মেঘমেদুর বরষায় কোথা তুমি, দীপালি নাগের গাওয়া অথবা নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায়, ধীরেন্দ্রচন্দ্র মিত্রের গাওয়া। সেখানেও নজরুল তানগুলো সম্পর্কে সংযম দেখিয়েছেন, বিশেষ করে বোল তানের বেলায়।
বাংলা গানের সঙ্গে খেয়ালের এই মৌলিক অমিলের জন্যে বঙ্গদেশে খেয়ালের শিকড় গাড়তে অনেক সময় লেগেছিলো। এমন কি, এ কথা বললেও মিথ্যে বলা হবে না যে, বাংলার মাটিতে খেয়াল গান শিকড় গাড়তে পারেনি, অথবা পারলেও খেয়ালের চারা গাছ চারাই থেকে গেছে, মহীরুহে পরিণত হয়নি। নয়তো, উনিশ শতকের গোড়া থেকেই কলকাতা এবং মফস্বলের বড়ো বড়ো জমিদারদের পৃষ্ঠপোকতায় খেয়ালের চর্চা শুরু হয়েছিলো। বর্ধমান, বিষ্ণুপুর এবং কৃষ্ণনগরের রাজাদের এ ব্যাপারে খ্যাতি ছিলো। উনিশ শতকের শেষ দিক থেকে পূর্ব বাংলার জমিদাররাও এগিয়ে গিয়েছিলেন।


ধ্রুপদ এবং খেয়ালের আর-একটা কাঠামোগত পার্থক্যের কথা এখানেই বলে নিই। ধ্রুপদের দুটো ভাগ—আলাপ আর বন্দিশ (কথা)। অপর পক্ষে, খেয়ালকেও দু ভাগে ভাগ করা যেতে পারে—ছোটো খেয়াল আর বড়ো খেয়াল। সংক্ষিপ্ত আলাপের পরই গায়ক পরিবেশন করেন 'বড়া খেয়াল' এবং সেটাই বেশির ভাগ সময় জুড়ে থাকে। এই অংশটা গাওয়া হয় বিলম্বিত লয়ে। কখনো কখনো এই অংশটা শেষ করার আগে লয় একটু বাড়ানো হয়। এর পর গায়ক পরিবেশন করেন 'ছোটা খেয়াল'—দ্রুত লয়ে। বড়ো আর ছোটো খেয়ালের মধ্যে পার্থক্য কেবল লয়ের নয়, পার্থক্য থাকে তালেরও। বড়ো খেয়াল গাওয়া হয় সাধারণত একতালের মতো ধীর গতির তালে। আর ছোটো খেয়াল গাওয়া হয় তিনতালের মতো দ্রুত গতির তালে।
ধ্রুপদের থেকে হালকা খেয়াল, আর খেয়ালের থেকে হালকা হলো ঠুমরি। ঠুমরির কাঠামোও খেয়ালের মতো দু ভাগে বিভক্ত—স্থায়ী আর অন্তরা। ঠুমরির জন্ম সম্পর্কে জনপ্রিয় ধারণা হলো ওয়াজিদ আলী শাহ যখন অযোধ্যার নবাব (১৮৪৭-৫৬) তখন তাঁর দরবারে এই গান চালু হয়। এই গানের সঙ্গে কথক নাচের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। ওয়াজিদ আলী শাহ গান গাইতে পারতেন, কথক নাচও নাচতে পারতেন। সেই নাচ এবং গান মিলে এই নতুন ধারার শাস্ত্রীয় সংগীতের জন্ম। ইংরেজ সরকার ১৮৫৬ সালে নবাবকে সিংহাসন থেকে সরিয়ে দেয়। তারপর তাঁকে নির্বাসিত করে কলকাতার শহরতলী মেটিয়া বুরুজে। নবাবের সঙ্গে ঠুমরিরও নতুন রাজধানী হলো কলকাতা।