২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: যে ধ্রুবপদে দিয়েছ বাঁধি

গোলাম মুরশিদ

Published : 14 Aug 2020, 12:35 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


আমরা চর্যাপদ থেকে আলাওল পর্যন্ত বাংলা গানে রাগ সংগীতের ব্যবহার লক্ষ করেছি। দেখেছি, ধীরে ধীরে তাতে রাগরাগিণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোন 'রূপে' এসব রাগরাগিণী ব্যবহৃত হতো, তা জানা যায় না। অর্থাৎ কোন কাঠামোর মধ্যে থেকে, কিভাবে রাগরাগিণী পরিবেশন করা হতো, সে খবর আমরা জানি না। তবে অনেক পণ্ডিতের ধারণা, আরও প্রাচীন 'প্রবন্ধ সংগীতে'র স্টাইলে। 'প্রবন্ধ সংগীতে'র নাকি ২৬০টা ভিন্ন ভিন্ন স্টাইল ছিলো। কিন্তু 'প্রবন্ধ সংগীতে'র স্টাইল ঠিক কেমন ছিলো, তা কেউ জানে না। কারণ তখন স্বরলিপি ছিলো না, রেকর্ডিং-এর কোনো ব্যবস্থা তো ছিলোই না।

বর্তমানে প্রচলিত শাস্ত্রীয় সংগীতের সবচেয়ে পুরোনো ধারার নাম ধ্রুপদ। বলা হয়, ধ্রুপদের জন্ম 'প্রবন্ধ সংগীত' থেকে। চোদ্দো শতকেও নাকি ধ্রুপদ প্রচলিত ছিলো। কিন্তু তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। ইতিহাস থেকে যেটুকু জানা যায়, তা হলো: ধ্রুপদ প্রচলিত হয়েছিলো বঙ্গদেশ থেকে অনেক দূরে— গোয়ালিয়রে। সেখানকার এক রাজা—মানসিংহ তোমর (১৪৮৬-১৫১৭) ধ্রুপদ গানে ছিলেন দারুণ উৎসাহী। তাঁর উৎসাহে ধ্রুপদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। একই সময়ে বারাণসীর এক সংগীতজ্ঞ—স্বামী হরিদাসও নাকি বিষ্ণুর প্রতি নিবেদিত অনেক ধ্রুপদ রচনা করেছিলেন। কিন্তু তার চেয়েও হরিদাসের খ্যাতি তাঁর একজন শিষ্যের জন্যে। এই শিষ্য হলেন বিখ্যাত সংগীতজ্ঞ ও গায়ক তানসেন (আনু. ১৪৯৩/১৫০০-১৫৮৬)।
ইনি ছিলেন সম্রাট আকবরের দরবারে সবচেয়ে খ্যাতিমান গায়ক। সম্রাট তাঁকে উপাধি দিয়েছিলেন 'মিয়াঁ'। তাঁর সম্পর্কে কিংবদন্তী আছে যে, তিনি দীপক রাগিণীতে গান ধরলে আগুন জ্বলতো, আর মল্লার রাগিণীতে বৃষ্টি নামতো। বলা হয়, তানসেন সর্বকালের শ্রেষ্ঠ ধ্রুপদ-গায়ক। তিনি তিন শোরও বেশি ধ্রুপদ রচনা করেন। 'কল্পদ্রুম' গ্রন্থে এই ধ্রুপদগুলো সংকলিত হয়েছে। তাঁকে ধ্রুপদের রাজা বললে বাড়িয়ে বলা হয় না। তিনি অনেক রাগরাগিণীও উদ্ভাবন করেছিলেন। তাঁর বংশধরেরাও নাম-করা ধ্রুপদী ছিলেন। তাঁদের একজন নিয়ামত খাঁ প্রায় দু শতক পরে খেয়াল গান তৈরি করেন।
প্রথমে ধ্রুপদের ছিলো চারটি স্টাইল – গওহার বাণী, খান্দাহার (খাণ্ডার) বাণী, নওহার বাণী আর ডাগর বাণী। যতোই বলা হোক, গুরুর পর গুরুর মাধ্যমে গানের সুর এবং স্টাইল বজায় থাকে, আসলে তা থাকে না। তাই সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে সুরে পরিবর্তন আসে, স্টাইলেও আসে। এভাবে চারটি 'বাণী' থেকে কালে-কালে অনেক 'ঘরানা'র সৃষ্টি হলো।
সেই ষোলো শতকের ধ্রুপদ বঙ্গদেশে এসে পৌঁছলো আঠারো শতকের একেবারে শেষে, আর বাংলা গানে তার প্রভাব পড়লো আরও এক শতাব্দী পরে। ইতিমধ্যে বঙ্গদেশে একটি ঘরানাও তৈরি হয়েছে—বিষ্ণুপুর ঘরানা। এই ঘরানা যিনি পত্তন করেন, তাঁর নাম রামশঙ্কর ভট্টাচার্য (আনু. ১৭৬১-১৮৫৩)। রামশঙ্করের অন্যান্য পরিচয় কমবেশি জানা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা জানা যায় না—তিনি কার কাছে ধ্রুপদ শেখেন। খুব সম্ভব বিষ্ণুপুরের রাজদরবারের কোনো পশ্চিমা ওস্তাদের কাছে। তাঁর পিতা গদাধর ছিলেন রাজদরবারের একজন সদস্য। গান শেখে অনেকে, কিন্তু গান রচে কজন? যা বিস্ময়ের ব্যাপার তা হলো: রামশঙ্কর হিন্দুস্তানী ধ্রুপদ শিখে নিজেই ধ্রুপদ রচনা করেন এবং সে ধ্রুপদ আবার রচনা করেন বাংলায়। এ ঘটনা ১৭৯০ এর দশকের।

রামশঙ্করের বহু শিষ্যের মধ্যে সবচেয়ে নাম-করা ছিলেন ক্ষেত্রমোহন গোস্বামী। তিনি পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ির সংগীত-সভায় যোগ দেন। সেখানেই তিনি সংগীত চর্চা করেন এবং বিষ্ণুপুর ঘরানার প্রভাবকে প্রসারিত করেন। এই বাড়ির বিখ্যাত সন্তান শৌরীন্দ্রমোহন ঠাকুরের ছিলো সংগীতে অগাধ জ্ঞান। তিনি সংগীত নিয়ে গবেষণা করেন এবং অনেক গ্রন্থ রচনা করেন। ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। ক্ষেত্রমোহন গোস্বামীও সংগীত সম্পর্কে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। তা ছাড়া, তিনি বাংলায় স্বরলিপি করার কৌশল উদ্ভাবন করেন। তাঁর এই স্বরলিপি কৌশল নিয়েও তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন।

কিন্তু পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির অন্য শরিক জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিষ্ণুপুর ঘরানার প্রভাব পড়লো কী করে? অনেকে বলেন, আর-এক গুণী বিষ্ণু চক্রবর্তীর মাধ্যমে। তবে সেটাকে খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ বিষ্ণুপুরে নয়, বিষ্ণু ধ্রুপদ শেখেন কৃষ্ণনগরের রাজার দরবারে। তাঁর ধ্রুপদ শেখার গুরু ছিলেন হসনু খাঁ আর দেলওয়ার খাঁ। পিতার মৃত্যুর পর বিষ্ণু কলকাতায় এসে গান শেখানোর পেশা অবলম্বন করেন। রামমোহন রায় ১৮২৮ সালে ব্রাহ্ম সভা স্থাপন করেন। সেখানে গান পরিবেশনের চাকরি জোটে বিষ্ণুর। রামমোহন রায়ও কিছু বাংলা ধ্রুপদ রচনা করেছিলেন। সেটা ১৮২০-এর দশকের শেষ দিকে। তবে তাতে তিনি নিজেই সুর দিয়েছিলেন কিনা, সন্দেহ আছে। বরং বিষ্ণু চক্রবর্তীর পক্ষে সুর দেওয়া সম্ভব।

গানে সুর দিলেও, অল্পকালের মধ্যেই তাঁর চাকরির অবস্থা নড়বড়ে হয়। কারণ ১৮৩০ সালে রামমোহন বিলেতে যান এবং তার তিন বছর পরে তিনি সেখানেই মারা যান। অতঃপর দ্বারকানাথ ঠাকুরের কল্যাণে বিষ্ণু ব্রাহ্ম সভাতেই টিকে যান। ১৮৪৩ সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের অধীনে ব্রাহ্ম সভার নাম হয় ব্রাহ্ম সমাজ। কিন্তু নাম বদল হলেও বিষ্ণু চক্রবর্তীর চাকরির কোনো বদল হয়নি। ১৮৬৬ সালে ব্রাহ্ম সমাজ দু ভাগ হয়ে গেলে বিষ্ণু আদি ব্রাহ্মসমাজের সংগীত পরিবেশক ছাড়াও রবীন্দ্রনাথদের বাড়িতে গান শেখানোর দায়িত্ব লাভ করেন। তাঁরই কাছে রবীন্দ্রনাথের গানের হাতে-খড়ি।


বলা হয়ে থাকে যে, রবীন্দ্রনাথের গানে বিষ্ণুপুর ঘরানার ছাপ ছিলো। কিন্তু আপাতদৃষ্টিতে সেটাকে অসম্ভব বলে মনে হয়। কারণ কোন পথে আসবে সেই প্রভাব? সে সম্ভাবনার একটি দুয়ার মাত্র খোলা ছিলো—যার নাম যদু ভট্ট ওরফে যদুনাথ ভট্টাচার্য। তাঁর জন্ম বিষ্ণুপুরে, ১৮৪০ সালের দু-তিন বছর আগে। তখনও বাংলা ধ্রুপদের জনক রামশঙ্কর ভট্টাচার্য জীবিত ছিলেন (মৃত্যু ১৮৫৩)। তাঁরই কাছে বালক যদুনাথ গান শিখতে আরম্ভ করেন। ধ্রুপদও শেখেন। পরবর্তী কালে তিনি বাংলা ধ্রুপদ রচনা করেন। সেই সূত্রেই রবীন্দ্রনাথের প্রথম দিকের ধ্রুপদে হয়তো বিষ্ণুপুরের ছিটে-ফোঁটা প্রভাব পড়ে থাকতে পারে। তবে পড়ে থাকলেও রবীন্দ্রনাথ যে অতো বড়ো সংগীতজ্ঞ এবং সুরকার হয়েছিলেন, তা সে কারণে হননি।

ধ্রুপদের সঙ্গে অন্য ধরনের গানের পার্থক্য কোথায়? পার্থক্য প্রধানত দু জায়গায়—বিষয়বস্তু আর কাঠামোতে। মানুষের কেবল হাসি-কান্না নয়, নানা ধরনের মূড বা মেজাজ থাকে। প্রায় সব মূডেরই গান থাকে। একজন ইংরেজ কবি বলেছেন যে, সবচেয়ে দুঃখের গানগুলো হচ্ছে সবচেয়ে মধুর। তাঁর এ কথা সত্ত্বেও, মানুষ সব রসের গানই রচনা করে—হাসির গান, ফুর্তির গান, নাচের গান, শোকের গান, ঈশ্বর বন্দনার গান, প্রকৃতির গান, প্রেমের গান, অভিমানের গান, বিরহের গান, মিলনের গান, ধর্মীয় নানা ধরনের গান, রাজাবাদশার গান, হালকা রসের গান, ঋতুর গান—আর কতো রকমের গানের কথা বলবো! এর মধ্যে ধ্রুপদ হচ্ছে গুরুগম্ভীর বিষয়বস্তুর গান, যেমন, ঈশ্বর বন্দনার গান, দেবদেবী বন্দনার গান, রাজাবাদশার প্রশংসাসূচক গান, প্রকৃতির গান ইত্যাদি।


একটা দৃষ্টান্ত দিই রামমোহন রায় থেকে, তিনি মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছেন: ভেবে দেখো শেষের সে দিন ভয়ঙ্কর / সবাই বাক্য কবে, তুমি রবে নিরুত্তর। এবারে রামশঙ্করের ধ্রুপদ:
কৃষ্ণ করুণাময় রাম হৃষীকেশ
বৃন্দাবিপিন পূর্ণচন্দ্র মধুরেশ।
মাধব মুকুন্দ মধুমথন যজ্ঞেশ
রাধিকারমণ রসরাজ নটবেশ।
প্রচুর অনুপ্রাস এবং কৃষ্ণভক্তি থাকলেও উঁচু মানের কবিতা বলা যায় কি? আর এ গান কোন সুরে কোন ভঙ্গিতে তা আমরা জানিই না।

বিষয়বস্তুর পর এবারে কাঠামোর কথা। প্রথমত ধ্রুপদের থাকে দুটো ভাগ—আলাপ আর বন্দেশ। ধ্রুপদ হলো মন্থর গতির গান, ধীর গতির গান। আলাপই হয়তো চললো এক ঘণ্টা ধরে। আলাপের আবার তিন ভাগ—প্রথমে অতি ধীর লয়ে অর্থহীন অক্ষর বা সিলাবল দিয়ে, তারপর একটু লয় বাড়িয়ে দিয়ে জোড়, তারপরে লয় আরও বাড়িয়ে ঝালা। আলাপের পর বন্দেশ অর্থাৎ মূল গান। মূল গানের আবার চার ভাগ—স্থায়ী বা আস্থায়ী, অন্তরা, সঞ্চারী আর শেষে আভোগ। এই স্তবকগুলোকে গানের ভাষায় বলে তুক। রবীন্দ্রসংগীতের দৌলতে তুক কথাটার সঙ্গে এখন অনেকেরই পরিচয় আছে। ধ্রুপদাঙ্গের গান নয়, এমন বাংলা গানেও এখন চারটি তুক থাকে। সে দিক থেকে বাংলা গানের সঙ্গে ধ্রুপদের একেবারে অঙ্গাঙ্গি সম্পর্ক। এ নিয়ে আমরা আলোচনা করবো আরও পরে।