২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: বাউল গান

গোলাম মুরশিদ

Published : 31 Jul 2020, 02:26 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


বাউল সম্প্রদায়ের উৎপত্তি কখন সঠিক জানা যায় না। তবে 'বাউল' শব্দটি বেশ পুরোনো। ষোড়শ শতকের মাঝামাঝি রচিত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃতে 'বাউল' শব্দটি পাওয়া যায়। 'সেই সব লোক হয় বাউলের প্রায়' এখানে পাগল অর্থে বাউল শব্দটি ব্যবহৃত হয়েছে। এ গ্রন্থের অন্য এক জায়গায় চৈতন্যদেবকে 'মহাবাউল' বলে আখ্যায়িত করা হয়েছে। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে, বাউল শব্দটির মানে আর যাই হোক, এটা কোনো ধর্ম সম্প্র্রদায়ের নাম নয়। তখন শব্দটি ছিলো বিশেষণ এবং এ দিয়ে গুণ বোঝানো হতো। পরের শতকে অর্থাৎ সতেরো শতকে দৌলত উজির বাহরাম তাঁর রচনায় এলোমেলো অর্থে 'বাউল শব্দটি ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, 'বাউল চিকুর'। অন্যত্র এলোমেলো অর্থে লিখেছেন 'আউল', আর পাগলাটে অথবা চঞ্চল অর্থে 'বাউল' – 'আউল চিকুর অতি বাউল চরিত।' এ থেকে অনুমান করা যায় যে, 'আউল-বাউল' কথাটা সেকালে প্রচলিত থাকলেও, 'বাউল' শব্দটি দিয়ে তখন পর্যন্ত কোনো ধর্মীয় সম্প্রদায় বোঝাতো না।

ঠিক কখন থেকে এটি একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় অর্থে ব্যবহৃত হলো, জানা যায় না। তবে এ বিষয়ে একটি পরোক্ষ প্রমাণ পাওয়া যায়। ষোলো কি সতেরো শতকে (এমন কি, আঠারো শতক হওয়াও সম্ভব) চণ্ডীদাস নামধারী একজন ব্ষ্ণৈব কবি তাঁর একটি পদে লিখেছেন, 'সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।' এখানে কবি 'মানুষ' বলে খুব সম্ভব 'মনের মানুষ' বুঝিয়েছেন। বাউলরা মনের মানুষেরই ভজনা করে। তা থেকে বাউল সম্প্রদায় অথবা বাউলতত্ত্বের প্রচলন সতেরো/আঠারো শতক বলে ধরে নেওয়া যায়।
ধর্মীয় সম্প্রদায় অর্থে 'বাউল' কথাটির প্রচলন যখনই হয়ে থাক, প্রথম বিখ্যাত 'বাউল' বলে সুপরিচিত ব্যক্তি হলেন লালন ফকির। তাঁর জন্ম ১৭৭৪ সালে (রামমোহন রায়ও কারো কারো মতে ঐ একই বছর জন্মগ্রহণ করেন)। লালন তাঁর গানে সিরাজ সাঁইকে তাঁর গুরু বলে আখ্যায়িত করেছেন। সিরাজ সাঁইয়ের আগেকার কোনো বাউল সাধকের নাম জানা যায় না। অথবা কারও রচিত বাউল গানের হদিসও মেলে না। কিন্তু বাউল গান অথবা বাউল সুর যে প্রচলিত ছিলো, তার একটা প্রমাণ আমরা পাই রামপ্রসাদী গানে। এই সুরের ভিত্তি হলো বাউল ও কীর্তন গানের সুর এবং সেই সঙ্গে রাগরাগিণীর কিছু মিশ্রণ। রামপ্রসাদ সেন আঠারো শতকের মানুষ – লালন ফকিরের জন্মের আগেই তিনি তাঁর গানগুলো রচনা করেন। সুতরাং আর যাই হোক, বাউল সুর লালন উদ্ভাবন করেননি। তবে এ যাবৎ যেসব বাউল গান পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে পুরোনো গানের রচয়িতা লালন ফকির। যে-গানের বয়স আড়াই শো বছরেরও কম, সে গান বাঙালি সমাজে কী করে এমন গভীরভাবে তাঁর শিকড় প্রবেশ করালো এবং অসাধারণ জনপ্রিয়তা অর্জন করলো, তা বলা কঠিন।
তবে নিশ্চিতভাবে বলা যায় যে, বাউল গান সাধারণত গ্রামের স্বল্পশিক্ষিত অথবা অশিক্ষিত লোকের মৌখিক রচনা – অন্যান্য রকমের লোকগীতির মতো। অনেক সময় যিনি গানের রচয়িতা, তিনিই সেই গানের প্রথম গায়ক। তারপর কোনো সংগীতজ্ঞ অথবা সাধারণ গায়কদের মুখে মুখে ফিরে গানটি জনপ্রিয়তা অর্জন করে। গানগুলোর মধ্যে অন্যদের দু-একটা কথাও ঢুকে পড়ে।
লালন ফকির হাজারখানেক গান রচনা করেছিলেন বলে কিংবদন্তী প্রচলিত আছে। কিন্তু হাজারখানেক অলিখিত গান কারও পক্ষে মুখস্থ থাকার কথা নয়। এমন কি, রচয়িতার নিজেরও। রবীন্দ্রনাথ ১৯১৫ সালের দিকে লালনের পনেরোটি গান প্রবাসী পত্রিকায় প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর সংগ্রহে ছিলো নাকি ২৯৮টি গান। লালনের মৃত্যুর ২৫ বছর পরে যদি মাত্র ৩০০টি গান খুঁজে পাওয়া গিয়ে থাকে, তা হলে মৃত্যুর দুশো দশ/বিশ বছর পরে কী করে এক হাজার গান পাওয়া যাবে – স্বভাবতই প্রশ্ন জাগে। মনে হয়, তাঁর নামে প্রচলিত বেশির ভাগ গানই প্রক্ষিপ্ত। সেই জন্যে তাঁর কোনো কোনো গান বাউল-বৈশিষ্ট্য হারিয়ে ইসলামী গানে পরিণত হয়েছে। অথচ লালন তাঁর অসাম্প্রদায়িকতার জন্যে বিখ্যাত ছিলেন। অনেকে আবার তাঁর অসাম্প্রদায়িকতার সুযোগ নিয়ে তাঁর গানে সৃষ্টিকর্তা সম্পর্কে এমনসব কথা জুড়ে দিয়েছেন ভক্তিবাদী লালন যে-কথা আদৌ ভাবেননি।
লালনের গান সম্পর্কে আর-একটি বিতর্কিত বিষয় হলো এসব গানের সুর। অন্যান্য পল্লীগীতির মতো এসব গান রচনা করার সময়ে তিনিই হয়তো গেয়ে গেয়ে এতে সুর দিয়ে থাকবেন। কিন্তু পরবর্তী কালে সেই সুর রক্ষা পায়নি। বলা হয়, তাঁর বেশির ভাগ গানের সুর দিয়েছিলেন তাঁর শিষ্যরা। শিষ্যদের মধ্যে মনিরুদ্দিন ফকির এবং মনিরুদ্দিনের শিষ্য খোদা বক্স্ লালনের গানগুলোর সুর একটা কাঠামোর মধ্যে ফেলার চেষ্টা করেন। এই কাঠামোর প্রথম স্তবক অথবা তুককে বলা হয় অস্থায়ী, দ্বিতীয় তুককে অন্তরা। একাধিক অন্তরা থাকলে প্রত্যেক অন্তরার আগে অস্থায়ী গাইতে হয়। সংগীতে খোদা বক্সের দখল কতোটা ছিলো, জানা যায় না। কিন্তু তাঁর শিষ্য অমূল্য শাহ ছিলেন নাম-করা সংগীতজ্ঞ। তিনি লালনগীতির সংস্কার করার পর তা সত্যিকার আকর্ষণীয় গানে পরিণত হয়।
সুরের নির্দিষ্ট কাঠামো থাকা সত্ত্বেও কোনো কোনো গায়ক-গায়িকা লালনের গানগুলো, নানা অলংকারে ভূষিত করে তাঁদের নিজেদের সুরে গেয়ে থাকেন। দৃষ্টান্ত স্বরূপ তাঁর একটি বিখ্যাত গানের উল্লেখ করছি: সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই গানটি আমি নানাজনের কণ্ঠে শুনেছি। এই শিল্পীদের মধ্যে ছিলেন ফাহমিদা খাতুন, ফরিদা পারভীন, পূর্ণদাস বাউল, অমর পাল প্রমুখ। এঁরা সবাই নাম-করা শিল্পী। কিন্তু প্রত্যেকেই খানিকটা আলাদা আলাদা সুর, লয় ও ভঙ্গিতে গানটি পরিবেশন করেন। অন্যান্য লালনগীত সম্পর্কেও এ কথা কমবেশি সত্য।
লালনগীতি একই সঙ্গে এর সহজ সরল বাণী এবং গভীর দার্শনিক তত্ত্বের জন্যে হৃদয়গ্রাহী। কিন্তু সবচেয়ে দুর্বোধ্য এসব গানের দেহতত্ত্ব। যাঁরা লালনের গান নিজেরা সংস্কার করে নিয়েছেন, তাঁদের অনেক গানে দেহতত্ত্ব সংক্রান্ত কথাগুলো প্রায়ই থাকে না। সুতরাং সেসব গান সম্পর্কে এ মন্তব্য প্রযোজ্য নয়। এই বর্জনের ফলে সাধারণ শ্রোতাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু বাউলরা এসব গানের ফাঁকি সহজেই আবিষ্কার করতে পারবেন।
এখন কোনো কোনো শিল্পী লালনের গান তাঁদের নিজেদের সুরে পরিবেশন করেন। এর ফলে সেসব গান, ধরা যাক, যদি সংগীত হিসেবে অপেক্ষাকৃত উঁচু মানেরও হয়ে থাকে, তবু তাকে প্রশ্রয় দেওয়া যায় না। কারণ এই সংস্কারের দরুন লালনের গান তার সহজ সরলতা হারিয়ে ফেলছে।
বাউল গানের সুরে আর-একটা বৈশিষ্ট্য আছে, সেটা আঞ্চলিকতার বৈশিষ্ট্য। নদিয়া-কুষ্টিয়া আর বীরভূম-বর্ধমানের বাউল গানে কেবল বিষয়বস্তু নয়, সুরেও লক্ষণীয় তফাত লক্ষ করা যায়। এ ছাড়া, উত্তর ও মধ্যবঙ্গের সুরে অর্থাৎ সুরের ঢঙে বেশ পার্থক্য চোখে পড়ে। ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের বাউল গানকে অনেকে আদৌ বাউল গান বলেই স্বীকার করতে চান না। অথচ হাসন রাজা ও একলামুর রাজার গানকে রবীন্দ্রনাথ বাউল গান বলে মেনে নিয়েছেন। হতে পারে, ভাবের জন্যে। আর শাহ আবদুল করিমকে তো কেউ কেউ রীতিমতো বাউল সম্রাট আখ্যা দিয়েছেন।
লালনের সমসাময়িক অন্তত দুজনের গান সম্পর্কে রবীন্দ্রনাথ বিশেষ অনুকূল মন্তব্য প্রকাশ করেছিলেন। এঁরা হলেন গগন হরকরা এবং মদন বাউল। গগন হরকরার 'আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে' গানটি রবীন্দ্রনাথের কল্যাণে অমরত্ব লাভ করেছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ যে-দেশাত্মবোধক গানগুলো রচনা করেছিলেন, তার মধ্যে একটি হলো 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'। তিনি গানটি রচনা করেছিলেন গগন হরকরার এই গানটির সুরে। 'আমার সোনার বাংলা' গানটি এখন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে চিরজীবী হয়েছে। এ গানটির সুরে ভাটিয়ালি উপাদান মিশে গেছে বলে অনেকে মনে করেন।
র্রবীন্দ্রনাথ তাঁর রচনায় মদন বাউলের একটি পদের কয়েক পংক্তি উদ্ধৃত করে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পংক্তিগুলো হলো:
ওগো সাঁই,
তোমার পথ ঢাইকাছে মন্দিরে মসজেদে
ও তোর ডাক শুনে সাঁই / চলতে না পাই
আমায় রুখে দাঁড়ায় গুরুতে মুরশেদে
রবীন্দ্রনাথের উচ্ছ্বসিত হওয়ার কারণ, এ গানে তিনি নিজের ভাবনার প্রতিধ্বনি শুনতে পেয়েছিলেন। তিনি এতে লক্ষ করেন মানবধর্মের উদারতার বাণী, যা তাঁর নিজেরও দীর্ঘদিনের চিন্তার ফসল। তিনি তারই সমর্থন খুঁজে পান নিরক্ষর বাউলের রচনায়। মোট কথা, তাঁর ধর্মীয় দর্শনের বিবর্তনে বাউল গান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।
কিন্তু বাউল গানে তিনি যে-অসাম্প্রদায়িকতার আহ্বান শুনতে পেয়েছিলেন, বাউলদের সম্পর্কে সেটাই একমাত্র কথা নয়। বাউলরা পরিষ্কার দুটি সম্প্রদায়ে বিভক্ত। এক দলের ধর্ম ইসলামী ঐতিহ্যের ওপর প্রতিষ্ঠিত। সেই সঙ্গে মিশেছে সুফীবাদী দর্শন ও দেহতত্ত্বের রীতিনীতি ও নিয়ম-কানুন। বাউলদের অন্য দলের ধর্মের ভিত্তি বৈষ্ণবধর্ম, প্রধানত নিম্নবর্ণের বৈষ্ণবধর্ম। চৈতন্যদেব জাতিভেদ প্রথা অগ্রাহ্য করে তাঁর শিষ্যদের সামাজিক ব্যবধান ঘুচিয়ে দিয়েছিলেন। এর ফলে সমাজের নীচের তলার বহু বৌদ্ধ ধর্মাবলম্বী দীক্ষা নিয়েছিলো বৈষ্ণবধর্মে।
কিন্তু চৈতন্যদেবের মৃত্যুর পর তাঁর ছয় গোস্বামীর নেতৃত্বে বৈষ্ণব ধর্মে ব্যাপক পরিবর্তন আসে। গোস্বামীরা সংস্কৃতায়নের পথ ধরে প্রায় নিঃশব্দে বৈষ্ণবধর্মে পুরোনো জাতিভেদের দেয়ালগুলো পুনর্নিমাণ করেন। নিম্নশ্রেণীর বৈষ্ণবরা তখন বোষ্টম-বোষ্টমী নামের আড়ালে মূলধারা বৈষ্ণবধর্ম থেকে ধীরে ধীরে সরে গেলো। অনেকে সহজিয়া, নাথপন্থী, কর্তাভজা ইত্যাদি সহজিয়া ধর্মের সঙ্গে মিশে গেলো। কেউ কেউ বাউলদের দলে ভিড়লো। এই বিশেষ শ্রেণীর বাউলরা রাধাকৃষ্ণের ভজনা করে, সেই সঙ্গে দেহতত্ত্বের নামে যৌনতার সাধনা করে।

সুতরাং, মোটা কথায়, বললে এক দল বাউল হলো দলছুট 'মুসলমান', যারা নিজেদের বলে 'ফকির'। আর-এক শ্রৈণীর বাউল আসলে দলছুট 'বৈষ্ণব', যারা নিজেদের বাউল বলে চিহ্নিত করে। প্রথম দলের পোশাক সাদা লুংগি, সাদা ফতুয়া, পাঞ্জাবী আর আলখাল্লা; আর দ্বিতীয় দলের পোশাক হলো গেরুয়া; মাথায় পাগড়ী। প্রথম দলের গানে আল্লাহ-রসুল, কোরান-হাদিস এবং বেহেস্ত-দোজখের উল্লেখ থাকে; দ্বিতীয় দলের গানে উল্লেখ থাকে রাধাকৃষ্ণ আর বৈষ্ণবধর্মের। এদের মধ্যে অনেকে বাউল বলে পরিচিত হলেও, নিজেদের জীবনে বৈষ্ণব আচার-আচরণ পালন করে। সুধীর চক্রবর্তী ব্ষ্ণৈবদের নিয়ে গবেষণা করার সময় পূর্ণদাস বাউলের ভাই লক্ষ্মণদাস বাউলের বাড়িতের তাঁকে সপরিবারে সান্ধ্যকালীন বৈষ্ণব আচার পালন করতে দেখেন। তা ছাড়া, লক্ষ্মণদাস অন্যতম বৈষ্ণব-গোস্বামী নিত্যানন্দের গোত্রভুক্ত বলে পরিচয় দেন, যদিও বাউলদের কোনো গোত্র নেই। জাতপাত নেই। সুতরাং বাউল বলে খ্যাতি লাভ করলেও লক্ষ্মণদাস ব্যক্তিগত জীবনে বৈষ্ণব।
এ থেকে দেখা যাচ্ছে বাউলরা স্পষ্টত এই দু ভাগে বিভক্ত। আমার এই উক্তি অতি সরলীকৃত, কিন্তু সিংহ ভাগ বাউলদের এভাবে শনাক্ত করা চলে। কয়েকটি গান থেকে দৃষ্টান্ত দিলে এই দুই শ্রেণীর বাউলদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আরও সহজে বোঝা যাবে। প্রথমে দল-ছুট মুসলমান বাউল ফকিরের পদ থেকে:
লাইলাহা ইল্লালার নকশা আছে যার দিলে
খুদা পাক্ রসুলুল্লাহ সঙ্গেতে ফিরে।
ছয়তলাতে তালা দিলে অধরাকে ধরা যায়
হু হু শব্দে বীণা বাজে তোমার দিল দরিয়ায়
হু হু শব্দের কর ঠিকানা পাইবি রে সোনার মদিনা
পাইলে পাইতে পার আত্মায় আত্মায় মিশিলে।
*
বেহেস্তে যাবার কালে লয়ে যাবে কোলে করে
নইলে দোজখ যেতে হবে তাতে কিছু বাধা নাই।
উৎস: সুধীর চক্রবর্তীর বাউল ফকির কথা গ্রন্থ।
এবারে দেখা যাক দল-ছুট হিন্দু-বাউলের একটি গান।
বাঁকা নদীর পিছল ঘাটে
ও পার হবি কি করে
ওপার যাবি কি করে।
*
শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈতের ঘাট
ও তার কি পরিপাট
দেখলে সেই ঘাটের ছবি অবাক হবি
যাবি দুই বাপ বেটাতে মরে।
*
মদন-মাদন-শোষণ-স্তম্ভন ও মোন এই পঞ্চসার
ও সারের মহিমা অপার,
যদি সেই যুদ্ধে যাবি তীর ছুটাবি
তবে চাবি লাগা ঘরে।
সেথা গন্ধকালী বসে আছে
বলি খাবার তরে।
উৎস: সুধীর চক্রবর্তীর বাউল ফকির কথা গ্রন্থ
বাউলদের মধ্যে আরও একটি মোটা দাগের বৈশিষ্ট্য আছে – এক দল গৃহী এবং আর-এক দল ভবঘুরে। গৃহীরা ঘর-সংসার করে; আর ভবঘুরেদের কোনো ঘর বা ঘরনী থাকে না। তারা ভিক্ষাজীবী এবং এক আখড়া থেকে অন্য আখড়ায় আশ্রয় নেয়। এ কথা উভয় বঙ্গের বাউলদের সম্পর্কেই প্রযোজ্য।


গত কয়েক দশকে বাউলদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়। এ দাবির সত্যতা সম্পর্কে সন্দেহ থাকতে পারে। কিন্তু বাউল গানের জনপ্রিয়তা যে লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে – এ বিষয়ে সন্দেহ নেই। এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণ: আগের তুলনায় বাউল গানে সাংগীতিক কারুকার্য বৃদ্ধি পেয়েছে। গলায়ও বৈদগ্ধ্য এসেছে। তা ছাড়া, বেতার ও টেলিভিশনে বাউল গানের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে আগে যেখানে মাত্র দু-চার জন শিল্পী দেখা যেতো, এখন সেখানে অন্তত তার দশ গুণ শিল্পী দেখা যাচ্ছে। এই শিল্পীদের মধ্যে অনেকেই উঁচুমানের গায়ক-গায়িকা। তা ছাড়া, প্রযুক্তির দরুন এখন বাড়িতে, দোকানপাটে এবং যানবাহনে বাউল গান শোনা যায়। সমাজের এক দল ধর্মান্ধ লোক বাউলদের প্রতি এবং বাউল গানের প্রতি বিরোধিতা পোষণ করে। তা না হলে এ গানের প্রতি জনপ্রিয়তা নিঃসন্দেহে আরও বৃদ্ধি পেতো।
বাউল গানের বাজারও আগের থেকে অনেক সম্প্রসারিত হয়েছে। অবৈধ কপি করার রীতি ব্যাপকভাবে প্রচলিত থাকলেও, বাউল গানের প্রচুর সিডি তৈরি ও বিক্রি হয়। পশ্চিম বঙ্গের বাউলরা অনেকে বিদেশ সফরের মাধ্যমে খ্যাতি ও অর্থ লাভ করেছেন। এঁদের মধ্যে প্রথমেই নাম করতে হয় পূর্ণদাস বাউলের। তা ছাড়া আছেন পবনদাস বাউল, লক্ষ্মণদাস বাউল ও প্রহ্লাদ ব্রহ্মচারী। বাংলাদেশের শিল্পীদের মধ্যে ফরিদা পারভিনের নামই শোনা যায়। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শিল্পীদের মধ্যে এই পার্থক্যের একটা কারণ বাংলাদেশের শিল্পীরা পশ্চিমবঙ্গের শিল্পীদের মতো 'স্মার্ট' নন। পশ্চিমাবিশ্বে তাঁদের তেমন দক্ষ পৃষ্ঠপোষকও নেই। পোশাকে-আশাকে, আচারে-আচরণে পশ্চিমবঙ্গের বাউলদের বৈচিত্র্যও বেশি।