২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: কীর্তন গান

গোলাম মুরশিদ

Published : 17 Jul 2020, 12:10 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


'শ্রীকৃষ্ণকীর্তন' বাংলা ভাষার সবচেয়ে পুরোনো কাব্য। এটি রচনা করেছিলেন বড়ু চণ্ডীদাস। চৈতন্যদেবের (১৪৮৬-১৫৩৩) আগে এবং পরে বেশ কয়েকজন কবি ছিলেন যাঁদের নাম ছিলো চণ্ডীদাস। তাঁদের মধ্যে বড়ু চণ্ডীদাস ছিলেন চৈতন্যদেবের পূর্ববর্তী। কতো কাল আগেকার, তা জানা যায় না। তবে অনুমান করা হয়: পঞ্চাশ থেকে একশো বছর। বড়ু চণ্ডীদাস তাঁর পালাগানে রাধাকৃষ্ণের প্রেমের যে-চিত্র অঙ্কন করেছিলেন, আর চৈতন্যদেব রাধাকৃষ্ণের প্রেমের যে-ব্যাখ্যা দিয়েছিলেন, তার মধ্যে মিল নেই। বড়ু চণ্ডীদাসের চিত্র খুবই দৈহিক প্রেমের। সে জন্যেই বড়ু চণ্ডীদাসকে চৈতন্যদেবের আগেকার মানুষ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণকীর্তন সংলাপ আকারে লেখা। কৃষ্ণের জন্ম থেকে রাধার বিরহের কাহিনী— এই বারোটি খণ্ডে বিভক্ত। তাই একে বলে পালাকীর্তন। কিন্তু চৈতন্যদেব প্রবর্তন করেন ভিন্ন ধরনের কীর্তন।
চৈতন্যদেব ধর্ম প্রচার করেছিলেন সংস্কৃতে নয়, বাংলা ভাষায়। তাঁর ধর্মে শাস্ত্রের কচকচি ছিলো সামান্যই। বরং তিনি যে-ধর্ম প্রচার করেছিলেন, তার মূল কথাটা ছিলো 'জীবে দয়া' এবং 'নামে রুচি'। অর্থাৎ মানুষের প্রতি দয়া করা এবং কৃষ্ণনাম জপ করা। এই 'নাম জপা'র কাজটা ছিলো এমন, যাতে এটা সবাই মিলে আবেগের সঙ্গে করা যায়, তার জন্য তিনি 'নামকীর্তন' (অথবা নামসংকীর্তন) প্রচার করেছিলেন। কীর্তন কথাটার অর্থ হলো 'গুণ গাওয়া' অথবা 'গুণ প্রচার' করা। তা হলে নামকীর্তনের অর্থ দাঁড়ায় কৃষ্ণ নামের মাহাত্ম্য প্রচার করা।
কোনো বিদগ্ধ অথবা জটিল সুরের মাধ্যমে সে গান গাওয়া হতো না। এ ছিলো ভক্তিতে উচ্ছ্বসিত হয়ে এক ধরনের সুর করে কৃষ্ণনাম অর্থাৎ 'হরে কৃষ্ণ হরে রাম রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে' -এই কথা কটি জপ অথবা জেকের করা। বস্তুত, চৈতন্যদেব এই কীর্তনের মাধ্যমে নবদ্বীপে ভক্তির বন্যা বইয়ে দিয়েছিলেন। তিনি তাঁর শিষ্যদের নিয়ে নামকীর্তন করতে করতে মিছিল করতেন। শিষ্যদের কেউ মৃদঙ্গ বাজাতেন, কেউ করতাল, কেউবা বাজাতেন মন্দিরা বা ঐ জাতীয় তালযন্ত্র। নাম জপ করতে করতে ভক্তিতে উচ্ছ্বসিত হয়ে তাঁদের কেউ নাচতেন, কেউ রাস্তায় গড়াগড়ি যেতেন। চৈতন্যদেব নিজেও কখনো কখনো নাম জপ করতে করতে অজ্ঞান হয়ে যেতেন। রবীন্দ্রনাথ কীর্তনের এই আবেগ-আকুল দৃশ্যের কাল্পনিক চিত্র অঙ্কন করেছেন নীচের পংক্তি কটিতে:
যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানে,
মুহূর্তে বিহ্বল হয় নৃত্যগীতগানে
ভাবোন্মাদমত্ততায়, সেই জ্ঞানহারা
উদ্ভ্রান্ত উচ্ছলফেন ভক্তিমদধারা
রবীন্দ্রনাথ এই ভক্তি চাননি। কিন্তু চৈতন্যদেব এই ভক্তিরস দিয়েই কেবল নদিয়ায় নয়, বরং রাঢ় ও বরেন্দ্রেও ভক্তির প্লাবন বইয়ে দিয়েছিলেন। তবে তাঁর প্রচারিত প্রেমের আদর্শ তাঁর মৃত্যুর পরে সংস্কৃতজ্ঞ গোস্বামীদের হাতে শাস্ত্রীয় বিধিবিধানের রূপ নিয়েছিলো। তাঁর গানের দলেও তেমনি গান-জানা লোকেরা জুটে গিয়েছিলেন। এবং তাঁরা সেই সরল নামকীর্তনের মধ্যেই রাগরাগিণীর জটিল সুর ব্যবহার করতে আরম্ভ করেন। এভাবে তাঁর সহজ নামকীর্তনই শাস্ত্রীয় সংগীতের মার্জিত চেহারা নেয়। এর ফলে জন্ম নেয় 'পদাবলীকীর্তন' অথবা 'লীলাকীর্তন'। একে 'রস-কীর্তন'ও বলা হয়। এর বিষয়বস্তু হলো রাধা ও কৃষ্ণের মিলন ও বিরহের অতি সূক্ষ্ম ও বিচিত্র কাহিনী। কীর্তন গানের এই রূপান্তরের ঘটনা ষোলো শতকের মধ্যভাগের। তবে প্রথম দিকে পদাবলীকীর্তন বা লীলাকীর্তনের কোনো প্রামাণ্য সুর ছিলো না। পদগুলো গান হিসেবে রচিতও নয়। তা ছাড়া, পরিবেশনের কোনো ধরাবাঁধা রীতিও ছিলো না।
শাস্ত্রীয় সংগীতে রাগরাগিণীর পূর্ণাঙ্গ রূপ ফুটিয়ে তোলাই গায়কের লক্ষ্য। কথা সেখানে তুচ্ছ। এমন কি, অর্থহীন ধ্বনি দিয়েও গায়ক রাগরূপ ফুটিয়ে তুলতে পারেন। উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীত আর বঙ্গদেশের শাস্ত্রীয় সংগীত তাই আদৌ অভিন্ন নয়। কারণ বাংলা গানে সুরের তুলনায় কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ এই কথাপ্রধান কীর্তনগানকে বাঙালির 'প্রাণের গান' বলে আখ্যায়িত করেছেন।
পদাবলী কীর্তনে হিন্দুস্থানী রাগরাগিণী প্রবেশ করায় এটা আর সাধারণ মানুষের উপযোগী কৃষ্ণনাম জপ করার সহজ মাধ্যম থাকলো না। বরং তা রীতিমতো একটা স্বতন্ত্র ধারার গানে পরিণত হলো। যাঁরা পদ রচনা করলেন তাঁরাই যে এতে সুর দিলেন – এমনটা মনে করার কোনো কারণ নেই। অথবা তাঁরা যে-সুর দিলেন, সেই সুরটাই যে অবিকৃত থাকলো, তাও নয়। কীর্তন পরিচিত হলো একটা বিদগ্ধ ধারার সঙ্গীত হিসেবে। এই সংগীত উত্তর ভারতীয় সঙ্গীতের রাগরাগিণীর ওপর ভিত্তি করে রচিত হলেও তার সঙ্গে বাংলার, বিশেষ করে রাঢ় এবং মধ্যবঙ্গের লোকগীতিরও মিশ্রণ ঘটেছিলো। ফলে কীর্তনে উত্তর ভারতের শাস্ত্রীয় সংগীতের চেহারাও বজায় থাকলো না। সে একটা বঙ্গীয় চেহারা লাভ করলো।
সেই বঙ্গীয় কীর্তন-সম্পদে অবদান রাখলেন অনেকেই। প্রথমেই নাম করি দ্বিজ চণ্ডীদাসের। বড়ু চণ্ডীদাসের উল্টো তিনি। বড়ু চণ্ডীদাস রাধাকৃষ্ণের যে-প্রেমকে এঁকেছিলেন, আগেই বলেছি, সে প্রেম ছিলো মানবমানবীর – দেহঘন প্রেম। কৃষ্ণের একমাত্র চাওয়ার বস্তু ছিলো কৈশোর-উত্তীর্ণ তন্বী রাধার মনোহরণ দেহখানি। দীর্ঘদিন রাধা তাতে সম্মত হননি। রাধাকে পাওয়া পর এক সময় সাধ মিটে গেলে রাধাকে ছেড়ে কৃষ্ণ চলে যান। অপর পক্ষে, দ্বিজ চণ্ডীদাসের রাধা কৃষ্ণের নাম শুনেই তাঁর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। নামের পরশে যার ঐছন করিল গো, তাঁর অঙ্গের পরশে কিবা হয় – ভেবেই শিউরে ওঠেন রাধা। বিদ্যাপতি, দ্বিজ চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস প্রমুখ কবি মিলে এই অসামান্য কীর্তন-সাহিত্য গড়ে তুলেছিলেন। এমন কি, মুসলমান কবিরাও বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন।
কিন্তু আগেই বলেছি, প্রথম দিকে পদাবলী-কীর্তনের প্রামাণ্য সুর অথবা পরিবেশনের সর্বসম্মত পদ্ধতি ছিলো না। এক একটা পদ এক-একজন ভিন্ন ভিন্ন সুরে গাইতো। সুরের সেই নৈরাজ্যে প্রামাণ্য রূপ আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নরোত্তমদাস ঠাকুর (১৫৩১-৮৭)। যৌবনে তিনি কাশীতে জীব গোস্বামীর কাছে আশ্রয় নেন এবং সেখানে থেকে সমগ্র বৈষ্ণব শাস্ত্র অধ্যয়ন করেন। তা ছাড়া, বঙ্গদেশে ফেরার আগে তিনি সেখান থেকে শাস্ত্রীয় সংগীতও শিখে এসেছিলেন। সুতরাং বৈষ্ণবদের ছয় গোস্বামী চৈতন্যদেবের প্রচারিত বাণীকে যেমন তাঁর মৃত্যুর পর শাস্ত্রীয় রূপ দিয়েছিলেন এবং তাকে জাতে তোলার জন্যে ধর্মের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোকে সংস্কৃত ভাষায় বিধিবদ্ধ করেছিলেন, নরোত্তমদাস ঠাকুরও তেমনি প্রচলিত কীর্তনকে শাস্ত্রীয় সংগীতের ভিত্তির ওপর স্থাপন করেন।
এ জন্যে ১৫৮৫ সালে (কারও কারও মতে ১৫৮৩-৮৪ সালে) রাজশাহীর খেতুরিতে তিনি বৈষ্ণবদের একটি মহাসম্মেলন আহ্বান করেন। তাতে বঙ্গ এবং বঙ্গের বাইরে থেকে নাম-করা বহু সঙ্গীতজ্ঞ যোগদান করেন। সেখানে কীর্তনের একটা প্রামাণ্য রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয় এবং 'পদাবলীকীর্তন' অথবা 'রসকীর্তনে'র একটি প্রামাণ্য পদ্ধতি সবার অনুমোদন লাভ করে। স্থির হয় যে, আগে 'গৌরচন্দ্রিকা' করে তবে 'লীলাকীর্তন' করতে হবে। 'গৌরচন্দ্রিকা' হলো চৈতন্য-বন্দনামূলক কীর্তন গান। চৈতন্যদেবকে বৈষ্ণবরা অনেক সময় স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার বলে বিবেচনা করতেন, অনেকে আবার তাঁকে ভক্তির অবতার বলে গণ্য করতেন। কাজেই চৈতন্যদেবকে প্রথমে স্মরণ করা।
আলোচনা এবং মতৈক্য হওয়া সত্ত্বেও, খেতুরির সম্মেলনের অল্পকালের মধ্যেই কীর্তন গানে ভিন্ন ভিন্ন কয়েকটি ঘরানা তৈরি হয়। নরোত্তমদাস ঠাকুর শাস্ত্রীয় সংগীতের আদলে যে-ভঙ্গি প্রবর্তন করেছিলেন, তা পরিচিত হয় গড়ানহাটী ঘরানা নামে। নরোত্তমদাস ঠাকুর ছিলেন গড়ানহাটীর লোক। সেই সূত্রে গড়ানহাটী নাম। বাকি চারটি ঘরানার নাম মনোহরশাহী, রাণীহাটী বা রেনেটী, মন্দারণী ও ঝাড়খণ্ডী।


নরোত্তমদাস ঠাকুর প্রবর্তিত গড়ানহাটী ঘরানার বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে অনেকে বলেছেন যে, এই লীলাকীর্তনের আদর্শ ছিলো উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীত ধ্রুপদের। এর শুরুতে থাকতো ধ্রুপদের মতো 'আলাপ'। এ গান গাওয়া হতো বিলম্বিত লয়ে। এ গানে নাকি এক শো আটটি তাল ছিলো। এসব সত্য, নাকি অতিরঞ্জন এখন আর বলা যায় না। তবে অনুমান করা যায় যে, নরোত্তমদাস ঠাকুরের স্টাইল ছিলো শাস্ত্রীয় সংগীতের। ধ্রুপদী ঢঙের হওয়াও সম্ভব।
খেতুরির সম্মেলনের পর কবি জ্ঞানদাস এবং সংগীতজ্ঞ মনোহর 'আউলিয়া' বীরভূমে ফিরে আসেন। তাঁরা দুজন ছিলেন বন্ধু এবং একই গ্রামের বাসিন্দা। মনোহর আউলিয়া এ অঞ্চলের কীর্তন গানের সংস্কার করেন। এই ঘরানার নাম হয় মনোহরশাহী ঘরানা। বলা হয়, গড়ানহাটী ঘরানার মতো মনোহর তাঁর গানের ভিত্তি হিসেবে গ্রহণ করেন শাস্ত্রীয় সংগীতকে এবং তার সঙ্গে মেশান রাঢ়ের পুরোনো গানের সুর অর্থাৎ রাঢ় অঞ্চলের লোকগীতির সুর। বলা হয়, এ ঘরানার গান গড়ানহাটী ঘরানার মতো বিলম্বিত লয়ে গাওয়া হতো না। গাওয়া হতো মধ্যলয়ে। এই ঘরানার গানে নাকি গড়ানহাটী ঘরানার অর্ধেক – ৫৪টি তাল প্রচলিত ছিলো। আরও বলা হয় যে, এদের স্টাইল ছিলো নাকি খেয়াল-অঙ্গের।
বিপ্রদাস ঘোষ নামে আর-একজন সংগীতজ্ঞ খেতুরী থেকে ফিরে একটি স্টাইল প্রবর্তন করেন বর্ধমানের রাণীহাটী অঞ্চলে। তাঁর ঘরানায় তালসংখ্যা ছিলো গড়ানহাটী ঘরানার চার ভাগের এক ভাগ অর্থাৎ ২৬টি। আর এ ঘরানার ঢং ছিলো টপ্পা-অঙ্গের। এক-একটা ঘরানার তালের সংখ্যা এবং স্টাইলের নাম থেকে মনে হয় এগুলো বানানো কথা। নয়তো টপ্পা গান জন্ম নিতে তখনো দু শতাব্দী বাকি, সেই টপ্পা কী করে রাণীহাটী ঘরানার স্টাইল হবে – তা বোঝা যায় না। কীর্তন সংস্কারের আর-একজন নেতা – সরকার মন্দারণের অনুসারে তাঁর ঘরানার নাম হয় মন্দারণী ঘরানা। আর ঝাড়খণ্ডের বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠে ঝাড়খণ্ডী ঘরানা।
এখানে একটা জিনিশ লক্ষণীয়: ঘরানাগুলো তৈরি হয়েছিলো সবই বঙ্গদেশের পশ্চিম অঞ্চলে। পূর্ববঙ্গের নাম সেখানে অনুপস্থিত। এ থেকে বোঝা যায় যে, ষোলো শতকের শেষেও পূর্ববঙ্গে বৈষ্ণব ধর্ম জনপ্রিয়তা অর্জন করেনি এবং কীর্তন গান সেখানে প্রায় অপ্রচলিত ছিলো। কিন্তু সতেরো এবং আঠারো শতকে যখন বৈষ্ণব ধর্ম গোটা বাংলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন কীর্তন গানও তার সঙ্গে সারাদেশে ছড়িয়ে পড়েছিলো –পূর্ববঙ্গেও। সে কারণে বলা যেতে পারে কীর্তন হলো প্রথম সত্যিকারের সর্ববঙ্গীয় বাংলা গান। তার আগে পর্যন্ত এক-এক ধরনের বাংলা গান দেশের এক-একটা অঞ্চলে সীমাবদ্ধ ছিলো। অর্থাৎ বাংলা গান সবই ছিলো আঞ্চলিক। কীর্তনও।
আঞ্চলিকতা ছাড়াও, কীর্তনের আর-একটা বৈশিষ্ট্য ছিলো এর জনপ্রিয়তা। কিন্তু জনপ্রিয়তার কারণেই কীর্তন গানের মূল শাস্ত্রীয় রূপ যেমনই হোক না কেন, তার শাস্ত্রীয় চেহারা পুরোপুরি বজায় থাকলো না। মুখে মুখে সেই গানেরই একটা সরলীকৃত রূপ সর্বত্র প্রচারিত হলো এবং তা-ই বাঙালির হৃদয় হরণ করলো – সুরের জন্যে অতোটা নয়, যতোটা আবেগ-আপ্লুত বাণীর জন্যে। এ সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তি স্মরণযোগ্য। 'কীর্তনে আমরা যে আনন্দ পাই সে তো অবিমিশ্র সংগীতের আনন্দ নয়। তার সঙ্গে কাব্যরসের আনন্দ একাত্ম হয়ে মিলিত। কীর্তনে সুরও অবশ্য কম নয়, তার মধ্যে কারুনিয়মের জটিলতাও যথেষ্ট আছে। কিন্তু তা সত্ত্বেও কীর্তনের মুখ্য আবেদনটি হচ্ছে তার কাব্যগত ভাবের, সুর তারই সহায় মাত্র।'
আঠারো শতকের দ্বিতীয় ভাগে কীর্তন গান অতি তরলীকৃত হতে আরম্ভ করে। এই সময়ে মুর্শিদাবাদের অধিবাসী রূপচাঁদ অধিকারী মনোহরশাহী ঘরানার কীর্তনকে আরও সরল সহজ ও লৌকিক রূপ দিয়ে ঢপ কীর্তন নামে এক ধরনের কীর্তন গানের প্রবর্তন করেন। মনোহরশাহী কীর্তন এভাবে লৌকিক কীর্তনের রূপ লাভ করে। সাংগীতিক মানের বিচারে যেমনই হোক, এ গান আসল কীর্তনের তুলনায় বেশি জনপ্রিয়তা অর্জন করে। উনিশ শতকের প্রথমার্ধে মধুসূদন কিন্নর ওরফে মধু কান সম্ভবত এই ধরনের গানের সবচেয়ে জনপ্রিয় রচয়িতা ও গায়ক। বলা হয়, এক সময়ে মহিলারও নাকি এ গান পরিবেশন করতেন। বিশ শতকে এসে কীর্তন গানের জনপ্রিয়তা বজায় থাকে, সেই সঙ্গে অন্যান্য ধারার গানও জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে শ্যামাসংগীত। তবে নতুন-প্রতিষ্ঠিত গ্র্যামোফোন কম্পেনিগুলো শ্যামাসংগীতের পাশাপাশি কীর্তন গানের রেকর্ডও প্রকাশ করে।
(চলবে)

আর্টস বিভাগে প্রকাশিত গান বিষয়ে গোলাম মুরশিদের আরও লেখা:

১.গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: গান কী

২. গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: সুর কী

৩. বঙ্গের আদি পর্বের গান

৪. ৩. গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: বঙ্গের আদি পর্বের গান ২