২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তান’, ‘মেহেরজান’ এবং বাংলা ব্লগস্ফেয়ার

ফাহাম আব্দুস সালাম

Published : 17 Mar 2011, 02:20 AM

Updated : 23 Jun 2022, 04:08 PM

পাকিস্তান নামে মশিউল আলমের একটি ছোটগল্প সম্প্রতি বিডিনিউজ২৪.কম-এর আর্টস পাতায় প্রকাশিত হয়েছে। খুব সংক্ষেপে গল্পটি এরকম: মধ্য আশিতে লেখক সোভিয়েত রাশিয়ায় গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্জনের জন্য। সেখানে লেখক ইমতিয়াজ নামের একজন পাকিস্তানি শিক্ষার্থীর সাথে পরিচিত হন, যাকে তিনি সহ্য করতে পারতেন না তাঁর জাতীয়তার কারণে (লেখকের ভাষ্যে "আই হেইট পাকিস্তান! আই হেইট অল অফ ইউ, পাকিস্তানিস!")।


মেহেরজান সিনেমার নির্দেশনা দিচ্ছেন পরিচালক রুবাইয়াত হোসেন (ডানে)

পরবর্তিতে তিনি দেশে ফেরার পথে ইমতিয়াজের আমন্ত্রণে করাচিতে যান এবং সেখানে তার পরিবারের সাথে পরিচিত হন। ইমতিয়াজের বোন অনিন্দ্য সুন্দরী ফারহানাকে প্রথম দেখাতেই তাঁর ভাল লেগে যায় এবং জানতে পারেন ইমতিয়াজের চাচার কথা, যিনি '৭১ এ পাকিস্তানি মেজর হিসেবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং এক অনাথ বাঙালি শিশুকে পাকিস্তানে নিয়ে যান এবং নিজের সন্তান হিসেবে প্রতিপালন করেন। লেখকের সাথে যখন তাঁর কথা হচ্ছিল তখন ছেলেটি লন্ডনে ব্যারিস্টার হওয়ার জন্য পড়াশুনা করছে এবং তখন পর্যন্ত তাকে জানানো হয় নি যে সে একজন বাঙালি। ইমতিয়াজের চাচা লেখককে জানান যে তার পরিকল্পনা রয়েছে দত্তক পুত্রকে তার শেকড়ের সন্ধান দেয়ার এবং এর পর যদি সে চলে যেতে চায় বাংলাদেশে, তার কোন আপত্তি থাকবে না। বহু বছর পর ২০০৩ সালে এসে লেখককে তার বন্ধু সাবেক নৌ-কমান্ডো হুমায়ুন কবির জানান যে বছর কয়েক আগে এক যুবক আলফাডাঙ্গায় এসে মাইকিং করে তার পরিবারের খোঁজ করেছিলো। যুবকটি লন্ডন-ফেরত ব্যারিস্টার, বাংলা জানে না, জানে উর্দু আর ইংরেজি এবং অলৌকিকভাবে সে তাঁর পরিবারের সন্ধান পায়। লেখকের মনে হয় এই তো সেই ছেলে, ইমতিয়াজের চাচাতো ভাই; জানতে ইচ্ছা হয় কেমন আছে—ইমতিয়াজ আর ফারহানা?

প্রথম পুরুষে লেখা গল্পটির স্থান-কাল-পাত্র এতোটাই বাস্তবানুগ যে নিছক ফিকশান মনে করা দুরূহ। ঘটনাটি গল্প-উপন্যাসকেও হার মানায়। লেখকের সততা আর সাবলীলতা আপনাকে মুগ্ধ করবে। সবচেয়ে ভাল লেগেছে লেখকের নৈর্ব্যক্তিকতা, তিনি কাউকে জোর করে নায়ক কিংবা খলনায়ক বানানোর চেষ্টা করেননি, দেখতে চেয়েছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আগ্রহী পাঠকদের জন্য অবশ্য পাঠ্য।

মশিউল আলম তার রুমমেট ইমতিয়াজকে এক মুহূর্তও সহ্য করতে পারেন নি কেননা সে পাকিস্তানি এবং এ অনুযোগে কাল-বিলম্ব না করে ছুটে যান সিনিয়র টিচার আলেকসান্দর মেঝিনস্কির কাছে—একজন পাকিস্তানির সাথে তিনি রুম শেয়ার করবেন না। কিছু সৌভাগ্যবান ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই যৌবনের একটি সময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদের রুম শেয়ার করতে হয়। বলাই বাহুল্য বেশিরভাগ সময়ে এই অভিজ্ঞতা ঠিক সুখকর হয় না। ব্রিটিশ কমেডিয়ান ডেভিড মিচেলের মতে পৃথিবীতে রুমমেট হল দুই ধরনের: ইম্পারফেক্ট এবং ইম্পারফেক্ট। বর্তমান লেখক এমন অনুযোগও শুনেছে যে—জনৈক রুমমেট পরিত্যাজ্য কেননা সে ছোট একটি রুমকে দিনমান দুর্গন্ধময় করে রাখে, নিজের বায়ু দ্বারা। কিন্তু কেবলমাত্র জাতীয়তা, ধর্ম কিংবা বর্ণের জন্য কোন ব্যক্তিকে সহ্য করতে না পারাটা যে ব্লেইটান্ট রেইসিজম, এতে কোনও সচেতন মানুষের সন্দেহ থাকার কথা না। লেখকের সৌভাগ্য যে সময়টা ছিল ৮০'র দশক আর দেশটা ছিল সোভিয়েত রাশিয়া। আজকের দিনে বহু পশ্চিমা দেশে এ ধরনের আচরণ করলে এবং কোনও শিক্ষক তাতে কর্ণপাত করলে ছাত্রের ছাত্রত্ব আর শিক্ষকের শিক্ষকতার বারোটা বেজে যেত। লক্ষণীয় হোল ইমতিয়াজের সুন্দরী বোন ফারহানার প্রেমে পড়ার সময় লেখকের মনে থাকে না যে এই মেয়েটিও কিন্তু পাকিস্তানি। ভুলে যান মুক্তিযুদ্ধের কথা, শহীদদের কথা এবং সর্বোপরি নিজের কনভিকশান: "আই হেইট পাকিস্তান! আই হেইট অল অফ ইউ, পাকিস্তানিস!"


………….
মশিউল আলম, 'পাকিস্তান' গল্পের লেখক
………….

দয়া করে ভাববেন না লেখকের সমালোচনা করা আমার উদ্দেশ্য। বরং তার আচরণটিই আমার কাছে স্বাভাবিক মনে হয়। মানুষের আচরণ দ্বন্দ্বে ভরা, যা সবসময় যুক্তি দিয়ে বোঝানো সম্ভব না, নর-নারীর সম্পর্কে তো নয়ই। শিল্পীর কাজ এই দ্বন্দ্বকে পরিস্ফুট করা। দ্বন্দ্ববিহীন চরিত্র পানসে, ল্যাবরেটরির সংশ্লেষিত পানির মতোন। কিন্তু একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে: একজন আগাগোড়া পাকিস্তান বিদ্বেষী শিক্ষিত বাঙালি যুবক যদি কোন পাকিস্তানি মেয়ের প্রেমে পড়তে পারে তাহলে কোনও বাঙালি কিশোরী কেন পাকিস্তানি যুবকের প্রেমে পড়তে পারে না ?

মেহেরজানকে নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক এত সহজ তুলনা দিয়ে হৃদয়ঙ্গম করা সম্ভবপর না, স্বীকার করতেই হবে। কিন্তু আমি আশ্চর্য হয়েছি, বাংলা ব্লগস্ফেয়ারে এর প্রতিক্রিয়া দেখে। বেশিরভাগের আবেদন—যেন চলচ্চিত্রটি নিষিদ্ধ করা হয়। যে কোনও আর্টিস্টিক এন্টারপ্রাইজ তার দর্শক ও শ্রোতাদের অফেন্ড করবে এটাই স্বাভাবিক, শিল্পীর লক্ষ্যই থাকে তাই। এমন কোন আধুনিক সজীব সমাজ কি আপনি কল্পনা করতে পারেন যেখানে এমন কোনও কাজ রয়েছে যা কাউকে অফেন্ড করে না। কিন্তু তাই বলে একটা শিল্পকর্ম, তা যত নাখাস্তাই হোক, নিষিদ্ধ করতে হবে কেন? বর্তমান লেখকের অসংস্কৃত রুচি ও অকিঞ্চিৎকর মতে বাংলাদেশের এ যাবত কালের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র "মাটির ময়না"। কিন্তু বহু ধর্মপরায়ণ মুসলমানদের কাছে চলচ্চিত্রটি অফেন্সিভ। বাংলা ব্লগে এদের বিচরণ নেই, ভাষাও অপরিশোধিত, তাই সাংস্কৃতিক রূপকল্পে এসব নন্দনতত্ত্বে অপ্রশিক্ষিতদের অবস্থান গুরুত্বহীন। কিন্তু সংখ্যার বিচারে "মাটির ময়না-কর্তৃক-অসন্তুষ্টরা" "মেহেরজান-কর্তৃক-অসন্তুষ্টদের" চেয়ে কম হবে বলে মনে হয় না। তাই বলে কি মাটির ময়নাও নিষিদ্ধ করতে হবে ?

আমি যে বিশ্ববিদ্যালয়ে (Australian National University) গবেষণা করছি সেখানকার South Asia Film series, COLLEGE OF ASIA & THE PACIFIC-এ মেহেরজানের একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছিলো গত ১৮ই ফেব্রুয়ারি। প্রদর্শনীটি প্রত্যাহার করা হয়েছিল …… অনিবার্য কারণবশতঃ। চাতুর্যবিদরা বলবেন মেহেরহজানকে সরকার নিষিদ্ধ করে নি, পরিবেশক নিজেই সরিয়ে নিয়েছেন (নিজের ভুল বুঝতে পেরে)। সেটা আরো ভয়ঙ্কর। সেলফ সেন্সরশিপ হোল এমনি এক উপায়হীন ধর্ষিতা যে চিৎকারের প্রয়োজনীয়তাও বোধ করে না।

যে কোনও যুদ্ধ ও বিপ্লবের অনিবার্য পরিণতি – অতি সরলীকরণের আরোপ; বিজয়ী, বিজিত এবং বিশেষতঃ রাজনীতিবিদদের দ্বারা। প্রকৃত যুদ্ধ বড়ই দুরূহ, সেটা রাক্ষস আর রাজকুমারে হয় না। মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠতম অর্জন। সেখানে কেবল অকুতোভয় বাঙ্গালি যোদ্ধা আর আগ্রাসী হানাদার বাহিনী ছিল না, ছিল কলঙ্কময় রাজাকার-আলবদর বাহিনী, আবার ছিল নিরপরাধ বিহারী হত্যাকারী বাঙ্গালি মুক্তিযোদ্ধা, তেমনি ছিল পাকিস্তানের বহু বিবেকবান মানুষ যারা ন্যায়ের পক্ষ নিয়েছিলেন। আমরা পছন্দ করি কিংবা না, এদের কাউকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা সম্ভব না। এই সামগ্রিকতার সন্ধান দেয়া কিন্তু শিল্পীর কাজ না, সেটা ঐতিহাসিকের কাজ। শিল্পী সামগ্রিকতার ব্যঞ্জনা দেন সামান্যতা থেকে। কেবলমাত্র শ্রেষ্ঠতম শিল্পকর্মই এই সামান্য থেকে সামগ্রিকতার পথ তৈরি করে, বাকিরা অকৃতকার্য হন, আর দশটি উদ্যোগের মতোন। বলাই বাহুল্য, মেহেরজান এই উদ্যোগে ব্যর্থ হয়েছে । এই ব্যর্থতা কিন্তু শিল্পীর ব্যর্থতা, শিল্পের ব্যর্থতা; বাড়িয়ে বললে প্রতিভাহীনতার প্রায়শ্চিত্ত । তাকে নৈতিকতার মানদণ্ডে বিচার করার প্রবণতাটি বিপজ্জনক। কেননা আগামীকাল, অন্য কোন শিল্পীর প্রচেষ্টা হিন্দু কিংবা মুসলমানদের আঘাত করবে, যেহেতু আমাদের মান-অপমান জ্ঞান অতি টনটনে। তখন সেটাকেও নৈতিকতার মানদণ্ডে বিচার করা হবে এবং মেহেরজানের মতোন পরিণতি আশা করা হবে। আমরা তখন কোন মানদণ্ডে ধর্মীয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক অনুভূতির ওপর আক্রমণকে আলাদা করবো? নাকি আমরা অবিবর্তিত মস্তিষ্কের জন্য উপযোগী চলচ্চিত্রের অপেক্ষায় থাকবো।

ভয়ঙ্কর লেগেছে ব্লগস্ফেয়ারের শিক্ষিত বাঙালিদের উৎকট প্রতিক্রিয়াশীলতা দেখে। আগ্রহী পাঠকরা মশিউল আলমের গল্পের নীচে একটি প্রতিক্রিয়া লক্ষ্য করুন।

"এই গল্পটার মতলববাজি আর কিছুই না, আবারও সেই "সব পাকিস্তানি খারাপ নয়, কিছু পাকি বাঙালির চেয়েও ভালো" লাইনের প্যাচাল। এই ভালো পাকিস্তানিরা মনে হয় সোভিয়েত রাষ্ট্রের পতনের সাথে বিলুপ্ত হয়ে গেছে। আপনি বুড়া মানুষ দেখে আপনার আমলে দুয়েকটাকে পেয়ে গল্প রচনায় নেমে পড়েছেন মেহেরজানের মৌসুমে, আমরা ইয়াং দেখে সব প্রতিক্রিয়াশীল, ব্যাকস্ট্যাবার, অসভ্য পাকিস্তানী চারপাশে দেখতে পাই।

পাকিস্তান মানে যেমন শুধু টিক্কা খান না, পাকিস্তান মানে শুধু এইসব ফিকটিশাস ইমতিয়াজই না। পাকিস্তান মানে এক বিরাট সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের ছায়ায় একটা বিরাট ইতিহাসমূর্খ জাতি, যারা এখনও নিজেদের আড্ডায় বাংলাদেশকে গালি দিতে পিছপা হয় না, আর মুখোমুখি হলে শুকনো দুঃখপ্রকাশ করে দায় সারতে চায়। আপনার মতো গল্পকাররা একটা ভিন্নচিত্র দেখাতে গিয়ে সেটার আড়ালে মূল চিত্রটাকে ঢেকে ফেলেন।"

অনুমান হয়, মশিউল আলম এমনকি জনাতিনেক পাকিস্তানিকেও যথেষ্ট গালাগাল করেন নি দেখে পাঠকের এই অভিমান। লক্ষ্য করুন, এই পাঠকের মতে পাকিস্তান মানে…একটা বিরাট ইতিহাসমূর্খ জাতি। কতজন পাকিস্তানিকে তিনি চেনেন যে এ রকম সিদ্ধান্তে তিনি চলে আসলেন? এই ধরনের বিপজ্জনক জেনারেলাইজেশান থেকেই কিন্তু আমরা হিন্দু-মুসলমান-ইহুদী-কৃশ্চান বিদ্বেষী হয়ে উঠি, হয়ে উঠি সংঘাতময়। নামের প্রথমে 'ভুল' ম থাকলে কেউ কেউ দুইবার ভেবে নেয়, সন্ত্রাসী না তো? মনে করি, যথেষ্ট ঘৃণা পোষণ না করলে আমাদের কনভিকশান প্রমাণিত হয় না, আনুগত্য প্রমাণিত হয় না প্রিয় গোষ্ঠীর প্রতি। মনে পড়ে, ছেলেবেলায় ঠিক এভাবেই কিছু ধর্মোন্মাদ মানুষ বলত লাল পিঁপড়া হোল হিন্দু পিঁপড়া, হিন্দুদের গায়ে গোবরের গন্ধ–তাদের এই খারাপ, সেই খারাপ, সব খারাপ, শুধু আমরা মুসলমানরাই দেবদূত। বড় বেলায় অবস্থান ও পেশাগত কারণে বহু ভারতীয় ও পাকিস্তানির সাথে আমার পরিচয় ও সখ্য হয়েছে। মেজরিটির বৈশিষ্ট্য কি আমার জানা নেই (খুব সম্ভবত কারোরই জানা নেই) কিন্তু ধর্ম ও ভাষার কথা বাদ দিলে তেমন কোন রাষ্ট্রীয় চরিত্র আমার চোখে পড়ে নি যা দিয়ে আমাদের মাঝে কোনও তাৎপর্যপূর্ণ পার্থক্য নিরূপণ করা সম্ভব। আমরা একই যাতনার শিকার, একই লক্ষ্যের যাত্রী, একই স্বপ্ন দেখি–শুধু ভিন্ন দেশের প্রেক্ষাপটে। সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানি জনগোষ্ঠীর অবস্থা আমাদের চাইতেও করুণ, অনিরাপদ; যারা '৭১ পূর্বেও পাকিস্তানি শাসকগোষ্ঠীর লুণ্ঠনে শরিক হয় নি/হতে চায় নি/হতে পারে নি, আজও সুযোগ-সুবিধার চৌহদ্দির বাইরে। পাকিস্তানকে ঘৃণা করার মানে কিন্তু শুধু পাকিস্তানের রাষ্ট্রকাঠামোকেই ঘৃণা করা না, এই সব অবহেলিত নিরুপায় মানুষদেরও (যারাই পাকিস্তানের ওভারওয়েলমিং মেজরিটি) ঘৃণা করা, যা দ্বারা বিশেষ গোষ্ঠী, মাস ও ব্লগে পলিটিকালি কারেক্ট হওয়া সম্ভব, কাণ্ডজ্ঞানের প্রমাণ দেয়া সম্ভব না। সবচাইতে বড় কথা, যে কারণে আমরা স্বাধীন হয়েছিলাম সে পশ্চিম পাকিস্তানি লুণ্ঠনজীবী শাসকগোষ্ঠীর এমন একটি অপরাধের সন্ধানও কি আপনি দিতে পারেন যা বর্তমান বাংলাদেশী শাসকগোষ্ঠীর মাঝে অনুপস্থিত ?

জাতীয়তাবাদের আবেদন এক কল্পিত সমাজের অবতারণায় যেখানে সবাই একই রকম, বৈচিত্রহীন কিন্তু অন্য আরেকটি কল্পিত সমাজ থেকে খুবই আলাদা। বাস্তবতা হোল অন্য সমাজটি মোটের ওপর আমাদের মতই। জাতীয়তাবাদ তার ছাত্রদের ভাবতে বাধ্য করে যে, যেকোনো মূল্যে ও পন্থায় এই পার্থক্য বজায় রাখা জরুরী। অস্বীকার করার উপায় নেই যে, কোনও কোনও ঐতিহাসিক মুহূর্তে এই পার্থক্যকে এস্ট্যাব্লিশ করা জরুরী হয়ে যায়, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। সমস্যা দেখা যায় পার্থক্যটি এস্ট্যাব্লিশ হয়ে গেলে। আমরা মেনে নিতে পারি না–যে শত্রুকে বধ করার জন্য আমাদের এত ত্যাগ, সেই শত্রু আসলে মরে নি। তার চেয়েও করুণ বাস্তবতা, 'আমাদের' আর 'ওদের' শত্রুও আসলে খুব আলাদা না। কেউ বলে রাক্ষস আর কেউ খোক্ষস, রাত হলে যে কেবল দুর্বলের ওপরই ঝাঁপিয়ে পড়ে। এই বাস্তবতাকে মানতে পারি না দেখেই যুদ্ধ আর বিপ্লবগুলো ব্যর্থ হয়; আর মেনে নেই সেই আদ্যিকালের সান্ত্বনা: কপালে নেই। নইলে রয়েছে অন্যের ওপর দোষারোপ, যেটা আরো সহজ। একদল বলবে সব ষড়যন্ত্র ভারতের, আরেক দল বলবে পাকিস্তানের। মাঝখান দিয়ে মোটাতাজা হয় আর কেউ না, সেই রাক্ষসটা। আমাদের জীবনটা খুব লম্বা না, অধিকাংশের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক রকমের গুরুত্বহীন। বৃদ্ধ বয়সে তাই প্রয়োজন হয় সান্ত্বনার। মিথ্যা হোক, তবু যেন মিলে যায় একটা "সেন্স অফ পারপাজ"–বলার মতোন, উদযাপন করার মতোন। আসল রাক্ষসকে চিনতেই পারি নি, এর চেয়ে অনেক সন্তোষজনক আর স্বস্তিকর মনে হয় ভিন্ন এক উপসংহার: নকল রাক্ষসটাকে গালি দিয়েছিলাম বটে।

ক্যানবেরা, অস্ট্রেলিয়া ১৭.০২.২০১১

ইমেইল: faham.abdus@anu.edu.au
লেখকের আর্টস প্রোফাইল: ফাহাম আব্দুস সালাম
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts