দূর থেকে দেখা শহীদ কাদরী
শহীদ কাদরীর সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠতা ছিলো না। বলতে কি উনি আমাকে চিনতেনও না। পরিচয় হয়েছিলো সম্ভবত গত শতাব্দীর ঊনসত্তুর বা সত্তুর সালে। তখন আবদুল মান্নান সৈয়দ এবং আমি যৌথ সম্পাদনায় 'শিল্পকলা' নামে একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন প্রকাশ করতাম। আমাদের দু'জনেরই কর্মস্থল ছিলো জগন্নাথ কলেজ। পত্রিকা সম্পাদনার কর্মকান্ডে আমরা লেখা সংগ্রহের জন্যে কবি-সাহিত্যিক প্রাবন্ধিকদের সাথে সময় পেলেই সাক্ষাৎ করতাম। সাহিত্য জগতের মানুষদের সাথে আমার তেমন কোনো যোগাযোগ ছিলো না। কারণ আমি কোনো প্রথিতযশা সাহিত্যিক ছিলাম না। ঐ জগতের মানুষদের সাথে আমার একমাত্র যোগসূত্র ছিল মান্নান।
যতদূর মনে পড়ে মান্নান আমাকে শহীদ কাদরীর পুরানা পল্টনের কোনো বাসায় নিয়ে গেছিলেন। শহীদ কাদরী তার আগে পর্যন্ত আমার পাঠ্যতালিকার নাম এবং আলোচনার বিষয় হিসেবেই সীমাবদ্ধ ছিলেন। সেই বাসায় অস্পষ্ট ও আচ্ছন্ন স্মৃতিতে তাকে যতটুকু উদ্ধার করতে পারি তা হলো শারীরিক গড়নে তিনি তখনও একটু মেদাক্রান্তই ছিলেন এবং স্বভাবে প্রমোদাকীর্ণ। সহজেই তিনি সকলকে তার প্রতি আকর্ষিত করতে পারতেন এবং আমাকেও করেছিলেন। অল্প সময়েই আড্ডা জমেছিলো এবং কথা প্রসঙ্গে বললেন, 'বুঝলেন মান্নান, ভাবছিলাম রবীন্দ্রনাথ হমু তাই লেখাপড়া করি নাই, দাড়ি রাখারও ইচ্ছা আছিলো। কিন্তু এখন বুঝতাছি রবীন্দ্রনাথ হওন এতো সোজা না।' তিনি যে একথাগুলো হুবহু এভাবেই বলেছিলেন তা দিব্যিকেটে আমি বলতে পারব না কিন্তু আবছা স্মৃতি সর্বদাই এমন একটি সংলাপের কথা আমাকে মনে করিয়ে দেয়।
না, শহীদ কাদরী আমাদের সেই লিটল ম্যাগাজিনে কোনো লেখা দেননি বা দিতে পারেন নি। এর একটি অন্যতম কারণ ছিলো আমাদের পত্রিকার চরিত্র–এটি মূলত শিল্প-সাহিত্যের বিভিন্ন 'জনরার' উপর প্রবন্ধপত্রিকা, আবদুল্লাহ আবু সায়ীদ-এর 'কন্ঠস্বরের' মতো নয় যদিও, তবুও সায়ীদ ভাইয়ের দ্বারা আমরা আক্রান্ত ও অনুপ্রাণিত ছিলাম বিভিন্নভাবে। শহীদ কাদরী মূলত কবি বা বলা যায় একজন আপাদমস্তক নিখাঁদ কবি। তার খ্যাতি কবি হিসেবে সেই ষাট ও সত্তুর দশকে যেভাবে উচ্চাকাশে ছিলো তাতে আমি নিজেও বিমোহিত ছিলাম। তিনি কোনো প্রবন্ধ রচনা করেছেন বলে আমার জানা নেই। তবে হ্যাঁ আমরা একবার 'শিল্পকলার' বিশেষ কবিতা সংখ্যা প্রকাশ করেছিলাম। কিন্ত তখন সম্ভবত শহীদ কাদরী দেশত্যাগ করেছেন। আমার জীবনে যুদ্ধ-বিরুদ্ধ যত কবিতা পাঠ করেছি তার ভেতর শ্রেষ্ঠতম হলো শহীদ কাদরীর 'তোমাকে অভিবাদন, প্রিয়তমা।' সেই কবিতার কটি পংক্তি উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না।
একথাও উল্লেখ্য এই কবিতার প্রতিটি শব্দচয়ন এতটাই রোমান্টিক যে যেকোনো প্রেমিক অনর্গল এই কবিতার অংশবিশেষ তার প্রেমিকাকে শোনাতে পারে বারংবার, কিন্তু তবুও তা বিরক্তিকর লাগবে না:
ভয় নেই
আমি এমন ব্যবস্থা করবো
যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে
মার্চপাস্ট করে চলে যাবে
এবং স্যালুট করবে
কেবল তোমাকে প্রিয়তমা।
ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো
বন-বাদাড় ডিঙ্গিয়ে
কাঁটা-তার, ব্যারিকেড পার হয়ে, অনেক
রণাঙ্গনের স্মৃতি নিয়ে
আর্মার্ড-কারগুলো এসে দাঁড়াবে
ভায়োলিন বোঝাই করে
কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা।
ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো-
বি-৫২ আর মিগ-২১গুলো
মাথার ওপর গোঁ-গোঁ করবে
ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো
চকোলেট, টফি আর লজেন্সগুলো
প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে
কেবল তোমার উঠোনে প্রিয়তমা।
শহীদ কাদরীকে আমার শেষ দেখা এবছর (২০১৬) মে মাসে ন্যূইয়র্ক-এর জ্যাকসন হাইটস-এ আন্তর্জাতিক বাংলা উৎসব ও বই মেলায়। আয়োজনে ছিলো মুক্তধারা ফাউন্ডেশন। তিনদিন ধরে এই উৎসবে রামেন্দু মজুমদার ও আমি অংশ নিয়েছিলাম আরও অনেকের সাথে–সেলিনা হোসেন, আনিসুল হক এবং লুৎফর রহমান উল্লেখযোগ্য। এই উৎসবের একটি পর্বে শহীদ কাদরী এসেছিলেন তার কবিতার বিশ্লেষণসহ তারই লেখা বেশকিছু কবিতা পাঠ করতে। প্রাথমিকভাবে একটু ধাক্কা খেয়েছিলাম কবিকে দেখে কারণ সেই সদাহাস্য, আমুদে, শহীদ কাদরীকে খুঁজে পাইনি, যদিও তার কাব্যিক প্রজ্ঞা যে আরও পূর্ণতা পেয়েছে তা স্পষ্ট বুঝেছি। তিনি এসেছিলেন হুইল চেয়ারে সাথে ছিল তার দু'জন সঙ্গী। আমি দর্শকের সারিতে বসে ভেবেছি আমি ভাগ্যবান যদিও কথা বলার সুযোগ হয়নি। মাত্র এক বা দু ঘন্টার ঢাকার আলাপচারিতা তার স্মৃতিতে থাকার কথা নয় এবং সেই স্মৃতিকে আমি জাগরুক করতেও চাইনি। তবে ২২ আগষ্টে তার শেষ কথা এখন বেশ অর্থবহ মনে হয়।
দৃষ্টি বদলে যায় জহির, বুঝলে কবি;
করো, মন যা চায় তোমার, লেখো যা লিখতে ইচ্ছে করে।
মনের আনন্দের জন্যে করে যাও . . .
যদি রেখে যেতে চাও দাগ, খোঁজো ভার্জিন পথ
যে পথে এখনো পড়েনি পা কোনো কবির;
বুঝলে, দৃষ্টি বদলে যায়, গেছে।
এর ভেতরই প্রমোদাকীর্ণ শহীদ কাদরীর অস্তিত্ব কি খুঁজে পাওয়া যায় না আর সেই প্রজ্ঞার? ঠিক যেমনটা বলেছিলেন তার অগ্রজ কবি রবার্ট ফ্রষ্ট:
Two roads diverged in a wood and I-
I took the one less traveled by,
And that has made all the difference.
