দুরন্ত দুর্বার নজরুল
আমাদের কবি কাজী নজরুল ইসলামের বেড়ে ওঠার সাথে আমার নিজের বড় হয়ে ওঠার সময়ের একটা জায়গায় দারুণ মিল। এই মিলের জায়গাটা 'দারিদ্র্য'। দারিদ্র্য যেমন কাজী নজরুল ইসলামকে করেছে মহান, আমার দারিদ্র্য দিনে দিনে আমাকে করেছে বলীয়ান।
প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনাকালীন সম্ভবত তৃতীয় শ্রেণীতেই বাংলা পাঠ্য বইয়ে 'দুখু মিয়া' নামে শিশুপাঠ্য উপযোগী করে নজরুলের জীবনের কষ্টের কথাগুলো খুব সংবেদনশীলতার সাথে লেখা হয়েছিল। দুখু মিয়া রুটির দোকানে কাজ করে পড়ালেখা করেছেন। তার দুঃখে দুখী মানুষেরা তার নাম দিয়েছিলেন দুখু মিয়া। দুখু মিয়ার গল্প পড়ার পরে তার দুঃখও আমাকে পেয়ে বসে। মনে মনে তার জন্যে সমব্যাথী হই। আর নিজের কষ্টের সাথে মিলিয়ে নিয়ে সাহস ফিরে পাই।
এত দুঃখের দুখু মিয়া যদি শত কষ্টের পরেও পড়াশোনা করে, কবি হয়, তাও আবার বিদ্রোহী কবি, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ, দারুণ ব্যাপার নিশ্চিত। মনে মনে ভাবি আমিও কবিতা লিখবো এবং বিদ্রোহী কবি হবো। তখনও বুঝে উঠিনি কবি হওয়া মানে কি? মানে যাই হোক দুখু মিয়া পারলে আমিও পারব।
এর পর প্রতি ক্লাশের বাংলা পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম অবধারিত। রবীন্দ্রনাথ আর নজরুলের সাথেই বড় হতে থাকি। ঐ সময়ে প্রতিটি ক্লাশের নজরুলের প্রতিটি কবিতা আমাকে দারুণভাবে টানতো। এই টানটা কি দিয়ে বোঝাবো?
দূরন্ত রকমের টান; সত্যি কথা কি নজরুলের কবিতার কাছে সকল কবিকেই তুচ্ছ মনে হতো, মনে মনে ভাবতাম নজরুল হচ্ছে আমার কবি, আমার নজরুল, আমার দুখু মিয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথকে মনে হতো 'উনি' আমার কবি নন, 'উনি' বড়দের কবি। এইভাবে পুরো শৈশব এবং কৈশোর পুরোটাই ছিল নজরুলের দখলে। আমার বড় আফসোস হতো আহা! নজরুলের মতো ঝাকড়া চুল থাকলে কতইনা ভালো হতো।
আমি যে আর্থ-সামাজিক পরিবেশ থেকে ওঠে এসেছি সেখানে পাঠ্যপুস্তকের বাইরে কোনো বইয়ের সাথে পরিচয় হওয়ার সুযোগ ছিল না। আমার বাবা একজন প্রান্তিক চাষী। দারুণ সৎ নির্ভেজাল উদার প্রকৃতির মানুষ তিনি। তাঁর প্রজ্ঞা আমার জন্যে আশীর্বাদ। তাঁর নিজের গানের গলা ছিল, বিচ্ছিন্নভাবে গানের দলের সাথে কিছুটা যোগযোগও ছিল। তিনি গভীর রাতে গলা ছেড়ে গান করতেন। আমি আমার বাবার পাশেই ঘুমাই। বাবার গান শুনে আফসোস হতো আমার যদি বাবার মতো গলা থাকতো,আমিও নজরুলের মতো গান গাইতে পারতাম। তখন বাবা এবং নজরুল দুজনের প্রতিই ঈর্ষা হতো। এই প্রথম টের পেতে শুরু করলাম- নজরুল শুধু ভালোলাগার ব্যাপার নয়- ঈর্ষা করার ব্যাপারও বটে।
তারপর বেতারে প্রচারিত দুর্বার অনুষ্ঠানের রণসঙ্গীত শুনে নজরুলকে আরো ঈর্ষা হতো। না আমাকে দিয়ে হবে না। কিচ্ছু হবে না। দুখু মিয়ার দুঃখটাই আমার সাথে যায়। আর কিচ্ছুনা। কিন্তু হলে হবে কি, নজরুল থেকে পালাবার সুযোগ আমার কই? প্রতি শ্রেণীতে রবীন্দ্র আর নজরুলের কবিতা থাকবেই। তারপর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন যে কোন আবৃত্তি প্রতিযোগিতায় রবীন্দ্র আর নজরুলের কবিতা নিশ্চিত থাকবেই।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ে ভর্তি হবার পড়ে জানতে পারি আমাদের বিদ্যালয়ে একটা গ্রন্থাগার আছে, ওখান থেকে সপ্তাহে একবার বই ধার নেয়া যায়। আর ঠেকায় কে? প্রথমেই দুখু মিয়ার বই অগ্নিবীণা, ঐ বয়সে কবিতা আর কি বুঝি? প্রাণের দুখু মিয়ার বই শব্দ করে করে পড়ি। তারপর যতবার বই ধার নিতে গেছি- ততবার দুখু মিয়ার কোনো বই থাকলে আর কোনো কথা নেই।
দুখু মিয়ার পরে যে আরেকজন আমার মনোজগতে ঢুকে যান তিনি সুকান্ত ভট্ট্রাচার্য। তখনও আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ আমার মনোজগতে ঢুকতেই পারেননি। ঐ যে বলেছিলাম- শিশু বয়সে ভেবেছিলাম- রবীন্দ্রনাথ বড়দের কবি, আর কারো বেলায় না ঘটলেও আমার বেলায় তাই ঘটেছে। আমার শৈশব এবং কৈশোর পার হবার পরেই আমার রবীন্দ্রনাথের জায়গা হলো যে তার আগপর্যন্ত নজরুলের দাপট ছিল একচ্ছত্র। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় আমাদের বাংলা শিক্ষক উপল তালুকদারের কাছ থেকে নজরুল প্রসঙ্গে একটা গল্প শুনেছিলাম। গল্পটা নজরুল তাঁর এক বন্ধুকে আতিথেয়তার প্রয়োজনে নিজের পাণ্ডুলিপি সের দরে বিক্রি করে দিয়েছিলেন। জানি না এটা কতটা সত্যি।
মাধ্যমিকে পড়ার সময়েই জেনেছিলাম নজরুরের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে। তখনও আমি ঢাকা শহর দেখিনি। মনে মনে ভাবি ওখানে আমাকে যেতেই হবে। ঐ তীর্থে আমি যাবোই। ঐ বিশ্ববিদ্যালয়ে আমি যদি পড়তে পারতাম। যে বিশ্ববিদ্যালয়ে দুখু মিয়ার মাজার হতে পারে-সেই বিশ্ববিদ্যালয়ে আমি কি ছাত্র হতে পারবো না?
মনের ভেতরের এরকম একটা অনুচ্চারিত পণ একদিন সত্যি হলো। প্রান্তিক চাষীর ছেলে আমি একদিন ঐ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম। কিসের ছাত্র। ছাত্র না ছাই, কবিতার পোকা কারো মাথায় থাকলে-তাকে দিয়ে আর কি হবে? দিন যেতে থাকে। বিশ্ববিদ্যালয়ের বাঁধাধরা পাঠ্যক্রম আর ইটের দালান ছাপিয়ে আমার নজরুল রবীন্দ্রনাথ, শামসুর রাহমান জীবনানন্দ দাশ এরকম বিশ্ববিদ্যালয়গুলো আমাকে দখল করতে থাকে। সবকিছুর পরে- আমার শিশুমনে কল্পনায় দেখা দুখু মিয়ার জায়গাটা আজও সেরকমই রয়ে গেছে-অটুট, অক্ষয়।
এ প্রসঙ্গে সমসাময়িক আইরিশ কবি আমার বন্ধু ডারমোট বোলজেরের জীবনের একটি গল্প দিয়ে লেখাটি শেষ করছি-
ডারমোট-এর জন্ম ও বেড়ে ওঠা ডাবলিনের শহরতলী ফিনগ্লাসে, এক দরিদ্র পরিবারে। ফিনগ্লাস এতোটাই পিছিয়ে পড়া একটি জনগদ- যেখানে কবি হওয়ার কথা কেউ ভাবতেই পারতো না।
ডারমোটের কবিতা পড়ে তার এক স্কুল সহপাঠী বলেছিল- ডারমোট তুমি কবিতা লিখো না।
কেন?
কারণ ফিনগ্লাস থেকে কেউ তো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনা, কবি হতে হলে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে।
এই অবস্থায় ডারমোট কবি হওয়ার আশা ছেড়ে দেয়। কিন্তু কবিতাচর্চা তার চলছিলই।
একবার তার এক শিক্ষক কবিতা পড়ে বলে, এই ডারমোট তুমি তো কবি-
স্যার আমি কবি না, আমি কবি হতে পারবো না।
কেন?
কবি হতে হলে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। ফিনগ্লাস থেকে তো কেউ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না।
– আরে না, তুমি কবি। কবি হওয়ার জন্যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই। কবি হওয়ার জন্যে দরকার- কাগজ, কলম এবং কল্পনার স্বাধীনতা। কথাটা আমার দুখু মিয়ার, আমার কবি, আমার নজরুলের বেলায়ও সর্বাংশে সত্য।
