২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চেতন কবিতা আসরে সম্বর্ধিত কবি মৃণাল বসুচৌধুরী

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 05 Feb 2014, 02:44 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

"এ আমার ভিটেমাটি
জন্মদাগে এ মাটির চিহ্ন লেগে আছে"
– মৃণাল বসুচৌধুরী (মুগ্ধ ইতিহাস / যেখানে স্বাধীন মেঘ)


এক দেশের কবির জন্মদিন পালিত হলো আরেক দেশে। এ এক বিরল ঘটনা। কবি-সাহিত্যিক-শুভানুধ্যায়ীদের আবেগ-উচ্ছাস ফেটে পড়েছিলো পাঠক সমাবেশের শাহবাগস্থ নতুন কার্যালয়ে ৪ ফেব্রুয়ারি। ভারতের প্রসিদ্ধ কবি মৃণাল বসুচৌধুরীর সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলো কবিতাবাংলা। চেতন কবিতা শীর্ষক নিয়মিত আড্ডার মধ্যেই অনুষ্ঠিত হয় এ সম্বর্ধনা এবং পালিত হয় কবির জন্মদিন। এ আয়োজনে সহযোগিতা করে পাঠক সমাবেশ, বিডিনিউজ২৪.কম, আমাদের সময় এবং শ্রাবণ প্রকাশনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক হারুন-উর-রশিদ।

কবির জন্মদিন উপলক্ষে কাটা হয় কেক, দেওয়া হয় ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা। পাঠ করা হয় কবিতা এবং তার সঙ্গে চলে আলোচনা। কবিতাবাংলা ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের পক্ষ থেকে বক্তৃতা করেন কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন মৃণাল বসুচৌধুরীর কবিতা স্বাতন্ত্র্যে ভাস্বর। তিনি সাদা পৃষ্ঠায় মুক্তার মতো শব্দকে ছড়িয়ে দেন এবং বিশেষ প্যাটার্ন তৈরি করেন। তার এক একটি কবিতা অনন্য স্থাপত্য। তিনি বলেন, মৃণাল বসুচৌধুরী ৭০ বছর ধরে বাংলা কবিতাকে দখল করে আছেন এবং নতুনতর উপাদানে কবিতাকে সমৃদ্ধ করে চলেছেন। কবি তার কবিতায় নতুন মাত্রা যুক্ত করতে পেরেছেন এবং এ মাত্রা হলো 'মৃণালমাত্রা'। তিনি আরো বলেন, কবিতা রচনা একটি সচেতন প্রয়াস এবং সেই প্রয়াসে মৃণাল বসুচৌধুরী অসম্ভব দক্ষতার পরিচয় দিয়েছেন।

অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেনঃ কবি জাহিদুল হক, সৈয়দ ইকবাল, বিমল গুহ, আসাদ মান্নান, আবু সালেহ, আবু হাসান শাহরিয়ার, রাজু আলাউদ্দিন, তপন বাগচী, শামস হক, রাশেদুল হাসান শেলি, রনজু রাইম, জিনাত শামসুন্নাহার সুলতানা, তানভীর আহসান, বিষাদ আবদুল্লাহ, কুতুব উদ্দিন, প্রমুখ।

কবি জাহিদুল হক বলেন, কবিতা হতে হবে কবিতার জন্য, সমাজের জন্য নয়। কবিতাকে কবিতা হতে হবে, সমাজের মুখপত্র নয়। তবে নানা কারণে কবি প্রায়শ সমাজের মুখাপেক্ষী হন এবং শিল্প ও সমাজের দায়বদ্ধতাকে মেলাতে চান। তিনি মনে করেন, শিল্পের তারুণ্যের জন্য মৃণাল বসুচৌধুরীর কবিতা কালে কালে টিকে থাকবে এবং পাঠককে আপ্লুত করবে।

কবি আসাদ মান্নান বলেন, ভাব, ভাবনা ও ভাষা – এ তিনের সমন্বয়ে কবিতা তৈরি হয়। কবিকে বুঝতে হবে শব্দের খাঁজ কেটে কেটে কিভাবে কবিতার ভাস্কর্য গড়া হয়। ইদানিং ভালো কবিতার সংখ্যা কমে যাচ্ছে, কারণ কবিতা বন্দি হয়ে যাচ্ছে। কবিতার মুক্তি দরকার।

দৈনিক আমাদের সময়ের সম্পাদক কবি আবু হাসান শাহরিয়ার বলেন, কবিতার উচ্চারণ গভীর এবং শব্দের ব্রহ্মত্বগুণে কিছু কিছু উচ্চারণ কবিতা হয়ে ওঠে। তিনি ভাস্কর চক্রবর্তী ও মৃণাল বসুচৌধুরীকে তার প্রিয় কবি হিসেবে উল্লেখ করেন। তার মতে, মৃণাল বসুচৌধুরী সুরিয়ালিস্ট ধারার একজন শক্তিমান কবি। তিনি বালকস্বভাব ও প্রকৃত কবি। তিনি কবিতার মধ্যে জীবনযাপন করেছেন এবং তিনি যেনো কবিতা লিখতে লিখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন স্মরণ করিয়ে দেন, দীর্ঘজীবনে মৃণাল বসুচৌধুরী কেবল কবিতাই লিখেননি, অসাধারণ প্রবন্ধও লিখেছেন। তিনি নৈঃশব্দের ডাকঘরকে এক অনবদ্য গদ্যের বই হিসেবে উল্লেখ করেন যার সহ-লেখক কবি আবু হাসান শাহরিয়ার। এতে কবিতার সূক্ষ্ম চিন্তার প্রকাশ ঘটেছে সাবলীল ও সংবেদনশীল ভাষায়।

অনুষ্ঠানে কবিজীবনী পাঠ করে শোনান কবি মতিন বৈরাগি। মৃণাল বসুচৌধুরীর জন্ম ১৩ই জানুয়ারী ১৯৪৪ সালে। তার মোট কাব্যগ্রন্থের সংখ্যা ২৪, ছড়ার বই ২, উপন্যাস ২, ছোটদের গল্পের বই ২, গল্পগ্রন্থ ১ এবং ইংরেজি অনুবাদ ২। তার প্রথম কাব্যগ্রন্থ মগ্ন বেলাভূমি প্রকাশিত হয় ১৯৬৪ সালে। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা সম্মানিত। বাংলাদেশের 'কবিতাবাংলা' এবং 'অরণি' পুরস্কারে সম্মানিত। মাঝখানে তার এক দশকের মতো কবিতা লেখায় বিরতি ছিলো। কিন্তু সেই বিরতি কাটিয়ে এখন তিনি পূর্ণাঙ্গভাবে কবিতায় সমর্পিত।

অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানিয়ে কবিতা পাঠ করেনঃ মানিক মো. রাজ্জাক, বিনয় বর্মন, আলম তালুকদার, আরিফ মঈনুদ্দিন, রওশন ঝুনু, আনোয়ারা সুলতানা, মনির ইউসুফ, নাহিদ আহসান, পারভীন আক্তার, হাসানুজ্জামান, আসাদুল্লাহ, জাহিদ আহসান, হিমাংশু সরকার, নূপুর দত্ত, নজমুল হেলাল প্রমুখ।


অনুষ্ঠানের মধ্যমণি মৃণাল বসুচৌধুরী তার অনুভূতি ব্যক্ত করেন এবং নিজের ৭টি কবিতা পাঠ করে শোনান। তিনি বলেন, তিনি বাস্তব অভিজ্ঞতাকে ধারণ করে ও বিনির্মাণ করে বিশেষ শৈলিতে কবিতা লেখেন। সমাজ ও রাজনীতির সরাসরি বয়ান নয়, তিনি কবিতায় চিত্রিত করেন জীবনের অভিজ্ঞতার পরিশুদ্ধ রূপ। তার কাছে, কবিতা জৈব আর্তনাদ নয়, আত্মিক ধ্যান। তিনি এ প্রসঙ্গে 'শ্রুতি' আন্দোলনের কথা স্মরণ করেন। তিনি মূলত অক্ষরবৃত্তে লেখেন এবং বিশেষ শব্দের ওপর জোর দেওয়ার জন্য তাকে অন্য শব্দ থেকে একটু দূরে সরিয়ে দেন। তিনি কবিতায় যতিচিহ্নবিরোধী। তিনি আবু হাসান শাহরিয়ারকে বিশেষ ধন্যবাদ দেন বাংলাদেশের পাঠকদের কাছে তাকে পরিচিত করানোর জন্য।

মৃণাল বসুচৌধুরী একে একে পাঠ করেনঃ পরিপূর্ণ স্নান, মা, স্বপ্ন, দোটানা, এমন নয়, নাম কিংবা নিয়ম, অক্ষরমেলা। তার কবিতা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে অধ্যাপক হারুন-উর-রশিদ বলেন, কবিতা আসে স্বতঃস্ফূর্তভাবে এবং সে-সময় কবিরা নানারকম বিকারে ভোগেন। তিনি কবিদের অনুরোধ করেন কবিতা লেখার সময় কার কি অনুভূতি হয় তা নিয়ে তারা যেনো কথা বলেন এবং সে-সব লিখে রাখেন। সেটা পাঠকদের জন্য বেশ ইন্টারেস্টিং বিষয় হবে।