২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমি যদি না-ও থাকি তবুও আমিই পড়ে থাকে

একরাম আলি একরাম আলি

Published : 23 Apr 2021, 08:02 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


শঙ্খ। ঘোষ। আর। নেই।
চারটে মাত্র শব্দ। কিন্তু এই চারটে শব্দ আর্ত বাজপাখির মতো বাংলার আকাশসীমা পেরিয়ে এখন উড়ছে।
কথিত আছে— আজরাইল যেদিন মৃত্যুর সমন নিয়ে হজরত মুসার সামনে হাজির, প্রচণ্ড এক থাপ্পড় মারেন মুসা। সেই আঘাতে আজরাইলের অজস্র চোখের একটা থেঁতলে যায়। প্রভুর কাছে নালিস করলে আজরাইলের চোখ ভালোও হয়ে যায় এবং মুসার কাছে নির্দেশ আসে— মরতে অপছন্দ করলে মুসা একটা ষাঁড়ের পিঠে হাত রাখুক। যত সংখ্যক লোম হাতের নীচে চাপা পড়বে, তত বছর তার আয়ুষ্কাল রূপে গণ্য হবে।
কৌতূহলী মুসার প্রশ্ন ছিল— তারপর?
অলক্ষ্য থেকে উত্তর আসে— তারপর মৃত্যু।
এমন নিদান শুনে সমস্ত বিকল্প চিন্তা ত্যাগ করেন হজরত মুসা এবং তৎক্ষণাৎ মৃত্যুবরণ করতে রাজি হয়ে যান।
আহা! আকাশ আর মাটির দূরত্ব কত কম ছিল সে-সময়! আসা-যাওয়া ছিল, কথা ছিল, তর্কবিতর্ক ছিল। সেসবই বিনষ্ট হয়ে গেছে। সমুদ্র বিক্ষুব্ধ হচ্ছে। পর্বতচূড়াগুলি তিলতিল করে ঊর্ধ্বমুখী হচ্ছে। অরণ্যের দীর্ঘশ্বাসে স্ফীত হয়ে উঠছে বাতাস। কেননা, দুই জগতের সীমান্তে আজ কাঁটাতার। মৃত্যুর সঙ্গে মুখোমুখি তর্ক করার সুযোগ আমরা হাজার বছর আগেই হারিয়েছি। এখন সে নিঃশব্দে অথবা দৃপ্ত পদক্ষেপে আসে এবং তার নির্ধারিত কাজটি সুসম্পন্ন করে নিমেষে ফিরে যায়।
কিন্তু প্রাণীটির নাম যখন মানুষ, এই বিভাজনকে চূড়ান্ত বলে এত সহজে হাল ছেড়ে দিতে পারে সে? পারে না। পারেওনি। তাই সে কবিতা লিখেছে। ছবি এঁকেছে। উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছে— 'হোথায় উড়িতে চায় এ গীত উচ্ছ্বাস'।
জন ডান 'আ ফিউনেরাল এলেজি'তে লিখেছিলেন— 'যদিও মৃত্যুর যাত্রা সর্বকালে সদা-অবারিত/ তবুও মৃত্যুর পর মৃত্যুই পাবে না তাকে আর।'
পশ্চিম থেকে পূর্বের দৃষ্টিপার্থক্যে আর সময় থেকে সময়ের দূরত্বে পৌঁছে আমাদের কবি, শঙ্খ ঘোষ, লিখে গেছেন— 'আমি যদি না-ও থাকি তবুও আমিই পড়ে থাকে।'


দুই
এগারো এপ্রিল সন্ধ্যে ছ-টায় কথা মতো তাঁর বাড়ি যাই। ১৯৭৫ সালের সেই প্রথম দিনটির মতোই পোশাকের শুভ্রতা। বাড়তি বলতে মুখে মাস্ক। কণ্ঠস্বর ক্ষীণ হয়েছে বহুদিন। কিন্তু পুরোনো রেকর্ডের উপর ঘষটানো পিনের অস্পষ্ট উদ্ধার কি পৌছে দেয় না উতরোল সঙ্গীততরঙ্গে?
কী ভেবে-যে সেদিন প্রণাম করি! এবং মাথায় হাত রেখে তাঁর আশীর্বাদ। একটা-দুটো করে কথা। অনেকটা একতরফা। প্লেটে সন্দেশ। কাপে চা। চারদিকের সেলফে সেদিনও উন্মুখ ছিল অসংখ্য বই। আমাদের উৎপলদা, উৎপলকুমার বসু, লিখেছিলেন— 'প্রতি গ্রন্থ বলে দেয়, আমি চাই অসম্পূর্ণ পাঠ।' কিন্তু, সেলফের প্রতিটি বই এখানে নিরুপায়ভাবে পঠিত। তবু তো থাকতে পারে দূর মেঘের অভ্যন্তরে প্লেনের শব্দহীন ধাবমানতা— পাঠের অসম্পূর্ণতা। হয়তো-বা। কিন্তু স্মৃতি এখানে এত প্রখর, এত দূর অতীতচারী যে, সে-সম্ভাবনা ক্ষীণ। সেদিনও তার প্রমাণ পাওয়া গেল গতশতকের আশির দশকের প্রসঙ্গে আমার এক প্রশ্নের উত্তরে। ভেতরের ঘরে প্রতিমাদি। একইরকম অসুস্থ। একইরকম সবকিছু।
তাঁর সাহায্যকারী উঠলেন সাড়ে সাতটায়। পৌনে আটটায় আমি। দরজা পর্যন্ত এগিয়ে দেওয়ার কাজটা শঙ্খবাবুকে তো করতেই হবে! এবং দাঁড়িয়ে থাকতে হবে সিঁড়ির বাঁকে অতিথির অদৃশ্য হওয়া পর্যন্ত। বলতে মাথা নুয়ে আসছে যে আমিই কি শেষ অপরাধী, যাকে বিদায় জানানোর জন্যে শেষবারের মতো তাঁকে দরজা পর্যন্ত হেঁটে আসতে হয়েছিল? জানি না।
মাঝরাতে সর্দি, কাশি, জ্বর। বারো তারিখ করোনা পরীক্ষা। তেরোর বিকেলে জানা গেল— পজিটিভ। ফোনে তাঁর সাহায্যকারী স্নেহাশিস পাত্রের পরামর্শ— হোম কোয়ারেন্টাইনে থাকুন। তিনিও আছেন। সত্যি বলতে কী, ছিলাম না। এবং একুশ তারিখ সবাই আমরা জানলাম, যা জানার।
কী জানলাম?
জানলাম— এক কবির মৃত্যু হল।
'রহস্যবুক শর্বরী, তুমি অন্ধকারের তৃষ্ণাতুষার
আনছ, গভীর কণ্ঠে বলছ 'সমুদ্রে ঝাঁপ দিস না'— সাগরে
তবু ঝাঁপ দিতে হলো।'
জানতাম এসবই। তবু দিতে হয়েছিল ঝাঁপ। ছেচল্লিশ বছর আগে এক রবিবার যদি না-যেতাম তাঁর বাড়ি, দেখা না-হত যদি, তবু ওই ঝাঁপ ছিল অবশ্যম্ভাবী।

তিন
কেননা, তাঁর কবিতা। তিরিশের দশক যখন সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণু দে বুদ্ধদেব বসু-সহ মাঝ-আকাশে দপদপ করছে, জীবনানন্দ দাশ যখন লিখছেন তাঁর শেষ ক-বছরের কবিতাগুলি, সেই ১৯৪৯ থেকে ১৯৫৪ সালে লেখা কবিতা নিয়ে শঙ্খ ঘোষের 'দিনগুলি রাতগুলি' প্রকাশ পায় ১৯৫৬ সালে।
সেই শুরুর দিনগুলোর সংকটের কথা রয়েছে তাঁর 'কবিতার মুহূর্ত' বইয়ের 'পা তোলা পা ফেলা' প্রবন্ধে। লিখছেন—
''আমাদের চেয়ে বড়ো যাঁরা, তাঁদের দিকে তাকিয়ে মনে হলো কোথায় যেন এক নিয়মবৃত্ত আছে, যেন না-লেখা এক কানুন মেনে চলেন অনেকে, কবিতা যেন ভাগ হয়ে আছে মুখ-না-দেখা দুই ভিন্ন শিবিরে। কী নিয়ে লেখা হবে কবিতা? আমার বাইরের পৃথিবী নিয়ে? নাকি আমারই ব্যক্তিগত জগৎ নিয়ে? এই ছিল তর্ক, দেশ-বিদেশের বহুকালের পুরোনো তর্ক। কিন্তু এই দুই কি ভিন্ন নাকি? এই দুইয়ের মধ্যে নিরন্তর যাওয়াআসা করেই কি বেঁচে নেই মানুষ? তার থেকেই কি প্রতিমুহূর্তে তৈরি হয়ে উঠছে না একটা তৃতীয় সত্তা? তাকে সব কথাই বলতে হয় তাই। তবু, না, আমাদের সেই প্রথম পর্বে যেন এক জল-অচল ভাগ দেখেছিলাম দুই প্রতিপক্ষে। এর কোনো দিকেই এগোনো হলো না আর, সরে আসতে হলো যে-কোনো সঙ্ঘ থেকে দূরে।''
আর তাই তাঁর প্রথম গ্রন্থেই আমরা পাই তিনটি পর্বে বিন্যস্ত কবিতাবলি— দিনগুলি রাতগুলি, যমুনাবতী, ধানে গানে বসুধায়।
এখানে নিহিত পাতালছায়া থেকে একটি কবিতা আমরা পড়ব। এবং খানিকক্ষণ চুপ করে থাকব। কবিতাটির নাম 'যাব না সাগরে'।

একদিন দূরের বয়সে
ভেসে চলেছিলাম সাগরে।
মাসি, ছিলাম সাগরে।
তখন ঘরের কোন্ নিভৃত মা এসে
দিল এ গভীর অভিশাপ?
জলে বড়ো চাপ, বড়ো চাপ,
দ্রুত জল লহরে লহরে।

মাসি, যাব না সাগরে।

পুরোনো খালের নীচে ঘন সবুজের স্রোত
নৌকো ভেসে যায়,
দিগন্তে দুয়ার খুলে মাঝে-মাঝে ভেসে যায়
কে যায় কে যায়?
বিকেলের শান্ত পাল দেখেছে রাখাল,
দূর ঘরে কাঁপে ক্ষীণ ঠোঁট:
'আমরা কেউ নই, আমরা নই।'

মাসি, ওরা কেউ যাবে না সাগরে।

আমরা পেলাম: দূরের বয়স, সাগর, ঘর, পুরোনো খাল, নৌকো, দিগন্ত, শান্ত পাল— এসবের সঙ্গে মাসি, কোন্ নিভৃত মা, অভিশাপ, রাখাল, ক্ষীণ ঠোঁট। আর, ফিরে ফিরে আসে শুধু মাসি। প্রথমে বলা হচ্ছে— 'ছিলাম সাগরে'। পরে— 'যাব না সাগরে'। শেষে— 'ওরা কেউ যাবে না সাগরে'।
বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দেওয়া একটি অনুচ্চকণ্ঠের কবিতা। তিরিশের দশকের জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক কিংখাব থেকে বেরিয়ে এসে বাংলার এক সরল কথন, যে-সরলতা ভয়ঙ্করভাবে তলহীন। অস্পষ্ট এক ঘটনার আরও অস্পষ্ট বিবরণ।
দূর ঘরে কাঁপে ক্ষীণ ঠোঁট: 'আমরা কেউ নই, আমরা নই।' যখন পড়ি, কেঁপে ওঠে চরাচর।

চার
ওই যে 'যে-কোনো সঙ্ঘ থেকে দূরে' নিজের জন্যে স্বতন্ত্র এক অবস্থান নির্ণয় করেন তিনি, সারা জীবন ছিলেন সেই অবস্থানে অটল। ফলে সঙ্ঘগুলো সব সময় সন্দেহ করে এসেছে তাঁকে। কিন্তু অস্বীকার করতে পারেনি তাঁর ন্যায় আর সততার জন্যে। এবং অকপট অবস্থানের জন্যে। যখনই দেখেছেন রাষ্ট্রধর্মের চ্যুতি, দেখেছেন অন্যায়, সরব হয়েছেন। সেই ১৯৫১ সালে কোচবিহারে পুলিশের গুলিতে এক কিশোরীর মৃত্যুর পর লেখা 'যমুনাবতী' কবিতা থেকে শুরু। তারপর দেশে রাজ্যে যত অন্যায় হয়েছে, প্রতিবাদের প্রথম সারিতে দেখা গেছে তাঁকে। কখনো থেকেছেন নেতৃত্বে।
এইখানে এসে শঙ্খ ঘোষকে শুধু কবিতাপাঠকের দৃষ্টিতে দেখা যাবে না আর। তাঁকে দেখতে হবে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে। এবং এই অবস্থানের জন্যেই তিনি হয়ে উঠেছিলেন বাঙালি জাতির বিবেক। বাংলাভাষায় মহান কবি এসেছেন একাধিক। আরও আসবেন নিশ্চিত। কিন্তু রবীন্দ্রনাথের পর কবি থেকে মনীষী হয়ে উঠলেন এই একজনই— তিনি শঙ্খ ঘোষ।