২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘লেখা আমার কাছে অনেকটা প্রার্থনার মত’–শঙ্খ ঘোষ

সৌরভ সিকদার সৌরভ সিকদার

Published : 22 Apr 2021, 04:09 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


তা দুই যুগ তো হবেই। একটু বেশিও হতে পারে। আমাদের কবি বন্ধু জয়দেব বসু তখনো অকালে জীবনটাকে খরচা করেনি। আমি তখন সাপ্তাহিক বিচিত্রার সাথে যুক্ত। কলকাতায় গেছি পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের সাক্ষাৎকার নিতে। আমার সে তালিকায় কবি ও লেখক শঙ্খ ঘোষ অগ্রগণ্য। বন্ধু অপরাজিতা আর জয়দেব বসুকে সঙ্গে নিয়ে ভর দুপুরে শঙ্খদার বাসায় হাজির। তখন মোবাইল ফোন ছিল না, ফোন করে বাসায় যাওয়ার ফর্মাল রেওয়াজ চালু হয়নি। তাই তিনি ব্যাজারও হননি, যদিও নিভৃতচারী মানুষ।
তখনো আমার ঝুলিতে ছন্দের বারান্দা, বাবরের প্রার্থনা আর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এর বেশি নেই। আমরা এসেছি সেই শঙ্খ ঘোষের বাসায় যার মননে কাগজে লেখনিতে বাংলাদেশ। শঙ্খ ঘোষের জন্ম বাংলাদেশের চাঁদপুরে হলেও বরিশালের বানারি পাড়ার স্মৃতি হাতড়াতে হাতড়াতে সন্ধ্যা নদীর জলে ভেসে তিনি চলে গেছেন পদ্মার পারে সেই পাকশি, হার্ডিংঞ্জ ব্রিজ-এ। কত গল্প, কত স্মৃতি কত কথা। বাংলার নদী-ঘাস-সোনালী মাঠ-বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে গড়ে ওঠে কিশোর শঙ্খমন। তার অনেক পরে কোলকাতা। প্রেসিডেন্সি কলেজের পাঠ শেষে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের স্নাতকোত্তর। নানা কলেজে শিক্ষকতা শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী ঠিকানা।

মনে আছে বৌদি তখন অসুস্থ্য ছিলেন। ড্রয়িং রুমে আমরা চার জন আলাপ করছিলাম। আমাকে সঙ্গে করে ভেতরে নিয়ে গেলেন। বৌদিকে বললেন, দেখ দেখ বাংলাদেশ থেকে সৌরভ এসেছে। এতগুলো বেহালার মিস্টি আর বিচিত্রার ঈদসংখ্যা এনেছে। এমনভাবে বললেন যেন আমি তার অনেক দিনের চেনা স্বজন। বৌদির অসুস্থ্য মুখ হাসিতে উদভাসিত হল। এর পর আমরা আবারও ড্রয়িং রুমের আলোচনায় ফিরে এলাম। বাংলাদেশের সাহিত্যালোচনা নিয়ে আলাপে তিনি হঠাৎ সৈয়দ আকরম হোসেনের নাম বললেন। আকরম স্যার আমার শিক্ষক। আমি অগ্রহী হলাম। তিনি বললেন, সৈয়দ আকরম হোসেনের রবীন্দ্রনাথের চেতনা ও চিত্রকল্প নিয়ে যে বিশ্লেষণ তা দুবাংলায় খুব একটা চোখে পড়ে না। তিনি বারবার বাংলাদেশের কবিতা ও নাটকের ভীষণ প্রশংসা করলেন। এদিকে আমরা অনেক এগিয়েছি বিশেষ করে শামসুর রাহমান তো সে সময়ে বাংলা ভাষার সেরা কবি। এছাড়াও সৈয়দ হক, নির্মলেন্দু গুণ, শহীদ কাদরি, আবুল হাসানসহ অনেক কবিদের কবিতা দারুণ পছন্দ। আমাদের আলোচনার চা-পর্বে আমি আমার নির্ধারিত সাক্ষাৎকারে ফিরে এলাম। আমার দশটি প্রশ্ন ছিল বিচিত্রার জন্য। সেগুলো এ স্মৃতিচারণে উল্লেখ করতে চাই না। শুধু শেষ প্রশ্নটা: কেনো লেখেন? এ বিষয়ে তার ভাবনা উল্লেখ করতে চাই।
প্রশ্ন শুনে তিনি হেসে দিলেন মৃদু করে। একটু ভেবে জয়দেবের দিকে তাকিয়ে বললেন, বল তো এ প্রশ্নের কী উত্তর দেবো? জয়দেবও হেসে বললো প্রশ্ন তো সৌরভ আমাকে করেনি। আমি কেন বলবো? আমরা সবাই হেসে দিলাম একসঙ্গে জয়দেবের রসিকতায়। শঙ্খদা বললেন, 'দেশভাগ আর উদ্বাস্তু হবার জীবন নিয়ে একটি কবিতা লিখেছিলাম 'ভিখিরির আবার পছন্দ'। আসলে সে ভাবে পরিকল্পনা করে লেখক হওয়া যায় না, কবি তো নয়ই। আমার মনে হয়েছিল মনের মধ্যে অনেক কথা জমে আছে, সেগুলোকে আমি বের করতে চাই, তখন সম্ভবত প্রেসিডেন্সি কলেজে পড়ি। প্রচুর বই পড়তাম সে সময়ে। রবীন্দ্রনাথ জীবননান্দ পছন্দ করতাম তখন কী ভাবে যেন লেখা শুরু করে দিলাম, যদিও আগে থেকেই টুকটাক লিখতাম। জীবিকার জন্য অধ্যাপনা করি বটে কিন্তু লেখা ছাড়া আমি আর কিছু তো করতে পারি না, সম্ভবত সে জন্য লিখি। লেখা আমার কাছে অনেকটা প্রার্থনার মত। লেখার মধ্যে দিয়ে আমি নিজেকে সমর্পণ করি'।
এর পর আর কোনো প্রশ্ন থাকে না, থাকা উচিত নয়।
স্বল্পভাষী কবি শঙ্খ ঘোষ যেন সেদিন মনের আগল খুলে অনেক কথা বলে গেলেন, বেশির ভাগই বাংলাদেশ নিয়ে, শেকড়ের গল্প এমনই তো হয়। অনেক প্রশ্ন, বাংলাদেশ কি অনেক বদলে গেছে?
ফেরার পথে কবি বন্ধু জয়দেব বলছিল, স্যার বাংলাদেশ থেকে কোনো অতিথি এলেই উচ্ছ্বল আর আবেগাক্রান্ত হয়ে পরেন। অনেক পরে তিনি যখন বাংলাদেশে আসেন, তখন একদিন আমাদের শিক্ষক সৈয়দ আকরম হোসেনকে নিয়ে গিয়েছিলাম তার সাথে দেখা করতে সম্ভবত বাংলা একাডেমিতে।
কবি শঙ্খ ঘোষের বাবা ছিলেন বাংলা ভাষা-বিশেষজ্ঞ মণীন্দ্রকুমার ঘোষ। শিক্ষক বাবার সন্তানও শিক্ষক হয়েছেন, হয়েছেন বাংলা ভাষায় রবীন্দ্র-জীবনানন্দ দাশের উত্তরসূরি কবি। তার আসল নাম যে চিত্তপ্রিয় ঘোষ তা আর কজনেই বা জানি। কবি শঙ্খ ঘোষ বাংলা কবিতায় যে শঙ্খধ্বনি বাজিয়েছেন তা বাংলা ভাষার পাঠক অনেককাল মনে রাখবে আমি নিশ্চিত। কী গদ্যে, কী পদ্যে। এমন রসবোধ ও বৈদগ্ধতার পরিচয় রবীন্দ্র-উত্তরকালে বাংলা সাহিত্যে খুব বেশি নেই। এখনো আমাদের কানে বাজে-
মুখের কথা একলা হয়ে
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।