শামসুজ্জামান খান: স্মৃতি-অধিন্যাস
শেষ পর্যন্ত শামসুজ্জামান খানও চলে গেলেন, কোভিডের দ্বিতীয় ঢেউ তাঁকে টেনে নিয়ে গেল। আরো অনেককেই নিয়ে গেছে, আরো নেবে হয়তো—এই প্রায়-অপ্রতিরোধ্য অতিমারি। কিন্তু আশ্চর্য ব্যাপার হোল ঐ কাকতালীয়– প্রথম ঢেউ নিয়ে গেছে অনেকের সাথে ড. আনিসুজ্জামান-কে, যিনি বাংলা একাডেমির তদানিন্তন সভাপতি ছিলেন, এবারের ঢেউয়ে হারালাম শামসুজ্জামান খানকে, যিনি ছিলেন ঐ প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি। আমরা এক তীব্র বিষণ্ণ দিন পার করছি নিঃসন্দেহে।
ড. আনিসুজ্জামান-কে নিয়ে তাঁর মৃত্যুর পর আমি এই কলামে লিখেছিলাম। এবার লিখছি প্রয়াত শামসুজ্জামান খানকে নিয়ে। এখানেও কাকতাল আছে—বাংলাদেশের এই দুজন অতিপরিচিত মুখ ও নামের ব্যাক্তিদ্বয়ের সাথে আমার পরিচয় ছিল এবং আমার লেখালেখির সুবাদে তাদের সাথে একধরনের ঘনিষ্ঠতাও ছিল, কিন্তু সম্ভবত দাবি করতে পারব না আমি তাঁদের অতি-ঘনিষ্ঠদের কেউ ছিলাম। আনিসুজ্জামান স্যার আমার শিক্ষক পর্যায়ের ব্যাক্তিত্ত্ব ছিলেন, কারণ আমি ১৯৬৩ থেকে ৬৭ পর্যন্ত যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলাম। তিনি তখন বাংলা বিভাগে অধ্যপনা করতেন। এই দুটি বিভাগ পাশাপাশি থাকার কারণে সে সময়ে অনেকবারই তাঁর শাসনের আওতায় আমাকে পড়তে হয়েছে (এমন একটি ঘটনা আজও আমাকে লজ্জা দেয়) যদিও পরবর্তিতে একাধিক ফোরামে তাঁর সাথে কাজ করেছি, বক্তৃতা দিয়েছি, সন্দর্ভ পড়েছি, একাধিক আলাপচারিতাও হয়েছে। কিন্তু আজকের আলোচনার মানুষ হলেন শামসুজ্জামান খান।
শামসুজ্জামান খান-এর সাথে আমার একটা নেপথ্য ঘনিষ্ঠতা ছিল—আর সেটা হোল আমাদের অতীত কর্মস্থল। আমরা দুজনই—যদিও একই সময়ে নয়—মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে এবং ঢাকার জগন্নাথ কলেজে অধ্যপনা করেছি—যদিও আমাদের পরিচয় হয়েছে বেশ পরে। আমি তাঁর নাম শুনেছি, তিনি হয়তো আমার নাম শুনে থাকবেন—জিজ্ঞেস করা হয়নি, আর হবেও না কোনদিন। আমাদের সামনাসামনি দেখা হয়েছে অনেকবার, বাংলা একাডেমিতে উনি যখন কর্মরত ছিলেন—না, মহাপরিচালক থাকার আগের কথা বলছি। বাংলা একাডেমিতে আমার অনুবাদ-সাহিত্য পান্থ-সখা আব্দুল মানান সৈয়দ-এর সাথে তখন যাতায়াত ছিল বেশ—পরিচিত হয়েছিলাম শামসুজ্জামান খান, আসাদ চৌধুরী, রশীদ হায়দার, রফিক আজাদ প্রমুখের সাথে। তবে এর অনেক পরে, সম্ভবত ১৯৯৮সালে, শামসুজ্জামান খান যখন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতাম, তখন জাদুঘরের মিলনায়তনে নাটক করার জন্য অনুমোদনের প্রয়োজন, কারণ তখন আমার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তন ছিল না। তাঁর সাথে দেখা করতে হয়েছিল, তাও বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতালে, কারণ তিনি তখন কোন কারণে ওখানে চিকিৎসাধীন ছিলেন। আমাকে তিনি সাদরে স্বাগত জানিয়েছিলেন যদিও তাঁর অসুস্থতার সময় তাঁকে বিরক্ত করার জন্য আমি বেশ বিব্রতই অনুভব করেছিলাম। পুর্বপরিচয়ের সূত্র এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এক্ষেত্রে সহায়ক হয়েছিল অনেকাংশে।
শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হবার অনেক পরে আমি যখন ড. আনিসুজ্জামান-এর অনুরোধে একাত্তুরের বীরাঙ্গনাদের বয়ানে লেখা সূরমা জাহিদ-এর গ্রন্থের অনুবাদে লিপ্ত ছিলাম, যেটি বাংলা একাডেমিরই প্রকাশনা, তখন তাঁর সাহচর্যে আসার সুযোগ পাই। তিনি আমাকে একাজে ব্যাতিক্রমীভাবে সাহায্য করেছেন একাডেমির প্রাতিষ্ঠানিক সুবিধাদি দিয়ে। ২০১৩ সালের মাঝামাঝি তিনি আমাকে ইংরেজি-বাংলা অভিধান-এর সংশোধিত ও বর্ধিত তৃতীয় সংস্করণের কর্মভার দেবার অনুরোধ করেন যা আমি গ্রহণ করি এবং কাজটি শেষ করতে আমাদের লেগেছিল ষোল মাস। এ সময় বিভিন্ন প্রয়োজোনে তাঁর সাথে আমাকে বসতে হয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে অভিধানটির প্রকাশিত প্রসঙ্গকথাতে আমি লিখেছিলাম: বাংলা একাডেমি প্রকাশিত সর্বাপেক্ষা লোকগ্রাহ্য ইংরেজি-বাংলা অভিধানের সংশোধিত ও বর্ধিত তৃতীয় সংস্করণের জটিল ও কঠিন কর্মযজ্ঞ একটি সফল প্রান্তিক পর্যায়ে পৌঁছতে পেরেছে প্রধানত এই প্রতিষ্ঠানের মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান-এর পরিকল্পনা, নিরুপম উৎসাহ ও দৃঢ় সহযোগিতায়।
২০১৬-১৭ সালে আমি উনারই অনুরোধে আবু ইসহাক-এর সূর্য-দীঘল বাড়ী ইংরেজিতে অনুবাদ করি। বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত এই অনুদিত গ্রন্থের ভূমিকায় উল্লেখ করেছিলাম I express my heartfelt appreciation to Mr. Shamsuzzaman Khan, Director General, Bangla Academy for his keen and thoughtful project planning to get Bangla classical literary works translated into English, Surya-Dighal Bari being one such classic.
আমি জানি বাংলাদেশে অনেকেই শামসুজ্জামান খান-এর জীবদ্দশাতে তীব্র সমালোচনা করেন তাঁর বাংলা একাডেমি চত্তরে বিভিন্ন সংগঠনের ইংরেজি ভাষার অনুষ্ঠান করার অনুমতি দেবার জন্য, কিন্তু অনেকেরই জানা নেই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পেছনে অন্যতম মূল উদ্দেশ্যই ছিল, ড. মুহম্মদ শহীদুল্লাহ যে মূলনীতিতে এই প্রতিষ্ঠানটিকে পরিচালিত করতে চেয়েছিলেন, অনুবাদ সাহিত্যকে—বাংলা থেকে অন্য ভাষা এবং অন্য ভাষা থেকে বাংলা ভাষাতে—উৎসাহ দেয়া। যে কাজটি বর্তমান প্রধানমন্ত্রী সবচাইতে গুরুত্ব দিচ্ছেন।
শামসুজ্জামান খান-এর সাথে বিভিন্ন সময়ে আমার টেলিফোনে কথা হয়েছে যার ভেতর তিনটি বিশেষভাবে স্মৃতিময়—তাঁর সম্পর্কে এক নাতনি, প্রকৃতপক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান-এর নাতনি, নর্থ সাউথ বিস্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হবার পর; আমি বাংলা একাডেমি অনুবাদ সাহিত্যে পুরস্কার পাবার সময়, এবং আমার বর্তমান কর্মস্থল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে তাঁর এক সহকর্মি-কন্যা ভর্তি হওয়ার পর।
শামসুজ্জামান খান মানুষ হিসেবে কেমন ছিলেন এবং তাঁর কর্মক্ষেত্রে কতটা সফল হয়েছিলেন তার বিচারভার সময়ের উপর বর্তায়, আমি শুধু তাঁকে যেভবে দেখেছি বা পেয়েছি ক্ষুদ্রপরিসরে নির্বাচিতভাবে লিপিবদ্ধ করলাম। শুধু একটা কথা, এই অতিমারির সংকটকালে আমার মনে পড়ছে সেই অধিবিদ্যিক (মেটাফিজিক্যাল) কবির কবিতার দুটি চরণ:আর তাই কখনো জানতে চেওনা কার জন্যে/ঐ মৃত্যুঘন্টা বাজে;ওই ঘণ্টা তো তোমার জন্যেই বাজছে। (And therefore never send to know for whom/ the bell tolls;it tolls for thee.) শামসুজ্জামান খান-এর প্রয়াণ প্রকৃতপক্ষে আমাদেরই মৃত্যুঘন্টা বাজাচ্ছে। তাই আসুন যতটুকু সময় আছে "আপন স্বার্থে নিমগনো" না থেকে চারদিকে দেখি"হৃদয় প্রসারী/ক্ষুদ্র দুঃখ শত তুচ্ছ মানি "!
