শামসুজ্জামান খান: প্রগতির ধারাবাহিকতা
শামসুজ্জামান খান সেই প্রজন্মের প্রতিনিধি, যে প্রজন্ম সাতচল্লিশের বাংলাভাগের পরে শূন্য থেকে গড়তে শুরু করেছিলেন ঢাকাকেন্দ্রিক সাহিত্য ও মননের চর্চার জগতটি।
ঢাকাকেন্ত্রিক বলছি বটে, আসলে তা হবে সেই সময়ে পূর্ব পাকিস্তান এবং আজকের বাংলাদেশকেন্দ্রিক।
এমন নয় যে ঢাকাতে সাতচল্লিশের আগে কোনো মননশীল কর্মকাণ্ড ছিল না। ছিল। অন্তত মুসলিম সাহিত্য সমাজ, যাদের আমরা 'শিখা গোষ্ঠী' নামে চিনি, 'বুদ্ধির মুক্তি' আন্দোলন নামেও চিনি, তাদের উজ্জ্বল এবং যথার্থ বিপ্লবী চিন্তা-কর্মসূচি শুরু হয়েছিল ঢাকাতে সাতচল্লিশের আগেই। কিন্তু তা বিকশিত হতে পারেনি। প্রতিক্রিয়াশীল নবাব-বাড়ির প্রত্যক্ষ সহযোগিতায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সেই বুদ্ধির মুক্তি আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল।
পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই ধরনের আন্দোলনের পুনর্জন্ম দেওয়া বা ধারাবাহিকতা বজায় রাখা আরো কঠিন হয়ে পড়েছিল। তবু সেই বিরূপ পরিস্থিতিতেই কাজ শুরু করেছিলেন আমাদের পূর্বসূরিরা। যথারীতি বাধা আসছিল। তবে সেই বাধা উপেক্ষা করার মানসিক শক্তি সেই সময়কার সৃজন ও মননচর্চারীদের ছিল। সেভাবেই 'এক পা আগে এক পা পিছে' পদ্ধতিতে কাজ চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই অবস্থার আমূল এবং আকস্মিক পরিবর্তন ঘটল বাহান্নোর ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপরে আর পেছনে ফিরে তাকাননি তাঁরা। তাঁরা লিখেছেন, অনুষ্ঠান করেছেন, পত্রিকা প্রকাশ করেছেন, সাহিত্য সভা-সেমিনার করেছেন, বিতর্ক করেছেন, সংগঠন গড়ে তুলেছেন, গবেষণাতে আত্মনিয়োগ করেছেন, প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, রবীন্দ্র শতবর্ষ উদযাপন করেছেন। এককথায় তাঁরা কলকাতার ধারার বাইরে থেকে বাংলাদেশের নিজস্ব প্রগতিমুখি সৃজন-মননের ধারা গড়ে তুলেছেন। শামসুজ্জামান খান সেই প্রজন্মের ধারাবাহিকতা। এবং খুব দুঃখের সাথে আশঙ্কা ব্যক্ত করতে হয় এই বলে যে, সম্ভবত সেই প্রজন্মের সর্বশেষ উত্তরসূরিদের মধ্যে একজন।
আমাদের দেশে কোনো কীর্তিমান মারা গেলে শোকপ্রকাশের একটি ছকবাঁধা বাক্য ব্যবহার করা হয়– 'তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ করা যাবে না।' অথবা– 'তার অভাব কোনোদিন পূরণ করা যাবে না।'
বহুবিধ এবং যত্রতত্র ব্যবহারে এই বাক্যবন্ধ এখন আর মানুষের মনে কোনো আলোড়ন তুলতে পারে না। মানুষ এটিকে কথার কথা ভাবে। 'অমোচনীয় অভাব'-এর তাৎপর্য যে ঠিক কী তা খুঁজে দেখার চেষ্টা করে না।
গত শতকের চল্লিশ, পঞ্চাশ, ষাটের দশকে যারা সৃজন-মননের ক্ষেত্রে কাজ করেছেন, তাঁদের কিছু অভিন্ন বৈশিষ্ট্য ছিল। তা হলো তাঁরা অব্যাহত জ্ঞানচর্চা করতেন। যে কাজটি করতেন সেই কাজটি সর্বোচ্চ মনোযোগ দিয়ে করতেন। তাঁরা তারকা বা পাবলিক ফিগার হবার জন্য ব্যতিব্যস্ত হতেন না। ব্যক্তির বা কাজের মূল্যায়ন হলো কি হলো না তা নিয়ে খুব বেশি মাথা ঘামাতেন না। সচেতন বা অবচেতনে তাঁরা জানতেন যে কাজগুলি তাঁরা করছেন, সেগুলির মূল্য এই জাতির জন্য অপরিসীম। পল্লবগ্রাহীতাকে ঘৃণা করে তারা সব বিষয়ের গভীরে প্রবেশের চেষ্টা করতেন। যিনি কবিতা লিখতেন তিনি তাঁর সবটুকু কবিতাকে দেবার চেষ্টা করতেন, যিনি বা যারা গল্প-উপন্যাস-নাটক-প্রবন্ধ লিখতেন, তাঁরা এই দেশের বাস্তবতার সাথে শিল্পচেতনার মেলবন্ধন ঘটানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেন। যারা লোকসাহিত্য নিয়ে কাজ করতেন তারা সেকাজে পরিপূর্ণ অভিনিবেশ এবং নিবিষ্টতা দেখাতেন। যারা রাজনীতি নিয়ে লিখতেন তারা সেই রাজনৈতিক দর্শনের সর্বোচ্চ এবং গভীরতম ব্যাখ্যা প্রদানের জন্য অবিশ্রান্ত পরিশ্রম করতেন। এমনকী যিনি ইসলামি রাজনীতি নিয়ে লিখতেন তিনিও সেই কাজেই নিজের সর্বোচ্চ সময়, মনোযোগ এবং পরিশ্রম বরাদ্দ করতেন। আর সেই কারণেই তারা ছিলেন এই নতুন দেশের চিন্তাচর্চা, জ্ঞানচর্চা, সাহিত্যচর্চা, সংস্কৃতিচর্চার ভিত্তিভূমি গড়ার কারিগর। শামসুজ্জামান খান ছিলেন (মাত্র একদিনের ব্যবধানে 'ছিলেন' বলতে হচ্ছে) তাদের সত্যিকারের একজন উত্তরসূরি।
বাংলাদেশ স্বাধীন হবার পরে সবধরনের সৃষ্টিশীল কাজে আগের চাইতে অনেক বেশি গতি আসবে বলে আশা করা হয়েছিল। আশা করা মোটেই অন্যায় ছিল না। কিন্তু ঘটল কার্যত উল্টোটা। স্বাধীনতার পরে যারা সাহিত্য-সংস্কৃতির জগতে এলেন, তাদের বেশিরভাগই কাজের চেয়ে আলোচিত হওয়াটাকেই প্রাধান্য দিলেন। ফলে গভীরতাসম্পন্ন এবং অভিনিবিষ্ট লেখক-চিন্তক আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখনো পাওয়া যাচ্ছে না। সেইসাথে ফেসবুক আসার পরে এখন তো যে কেউ দুই লাইন লিখেই নিজেকে অমর পংক্তি বা অমর উপন্যাসের স্রষ্টা বলে নির্লজ্জ ঘোষণা দিয়ে যাচ্ছেন অবিরত। শামসুজ্জামান খানদের সৃষ্টিমুখর সময়টিতে টাকা বা পদবী সাহিত্যের জগতে কোনো ফ্যাক্টর হিসাবে বিবেচিত হয়নি। ফলে সাহিত্যদূষণের মাত্রা অনেক কম ছিল। এখন দূষণের ভিড়ে সাহিত্য খুঁজে পাওয়া মুশকিল। এইসব কারণেই শামসুজ্জামান খানের মৃত্যুর পরে যখন বলা হয় 'তার অভাব কোনোদিন পূরণ হবে না'– সেই বাক্যটি যথার্থ হয়ে ওঠে।
নিজের কাজের প্রধান ক্ষেত্র হিসাবে তিনি বেছে নিয়েছিলেন লোকসাহিত্য-লোকসংস্কৃতি বা ফোকলোর-গবেষণা। মনসুরউদ্দীন, আব্দুল করিম সাহিত্যবিশারদ প্রমুখ ছিলেন তার পূর্বসূরি। পূর্বসূরিদের প্রতি অপরিসীম শ্রদ্ধা প্রদর্শন করেছেন তিনি সবসময়। এটিও বোধহয় তাদের প্রজন্মের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, বিভিন্ন বিষয়ে দেশের যে কোনো জায়গাতে কে কে উল্লেখযোগ্য কী কাজ করতেন, সেই খবর তিনি রাখার চেষ্টা করতেন সবসময়। আমার মনে হয়, দেশের যত লেখক-কবি-চিন্তাবিদ-গবেষক-সংস্কৃতিকর্মী-রাজনীতিকর্মীকে তিনি চিনতেন, তার শতাংশও আমরা চিনি না। তিনি শুধু চিনতেনই না, তাদের কাজের সঙ্গেও কম-বেশি পরিচিত ছিলেন। তার এই খবর রাখার কারণেই এমন অনেক মানুষকে বাংলা একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে আনা সম্ভব হয়েছে, যারা নিজেরাও সম্ভবত ভাবেননি যে তারা এভাবে ডাক পেতে পারেন।
শামসুজ্জামান খানের সাথে আমার ব্যক্তিগত স্মৃতি খুবই কম। লেখার প্রয়োজনে যে কেনো সময় ফোনের মাধ্যমে তথ্যের জন্য তার শরণাপন্ন হয়েছি। কখনো খালি হাতে ফেরাননি। আমার জীবন্ত তিন বাংলাকোষ-এর মধ্যে অন্যতম ছিলেন তিনি।
বাংলা একাডেমির মহাপরিচালক হিসাবে তিনি অনেকের সমালোচনার শিকার হয়েছেন। আমি তার কর্মকালীন সময়েই কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সত্ত্বেও সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করায় বাংলা একাডেমি আমাকে এড়িয়ে চলতে শুরু করে। একুশের মাসব্যাপী আলোচনাসভায় প্রবন্ধপাঠ বা আলোচনায় অংশ নেওয়া ছিল আমার নৈমিত্তিক বিষয়। কয়েকজন আওয়ামী-বুদ্ধিজীবী, একাডেমির বিভিন্ন অন্ধ-আওয়ামী কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গসংগঠনের চাপে আমাকে সেই আলোচনা অনুষ্ঠানের বাইরে রাখা শুরু হয় তার সময়কালেই। এ নিয়ে তিনি বিব্রত বোধ করতেন। কিন্তু আমি কখনোই সামান্যতম ইঙ্গিতও করিনি এসব বিষয়ে।
বাংলা একাডেমির একটি ব্যাপারে শুধু প্রশ্ন করেছিলাম তাকে। বাংলা একাডেমি জাতির মননের প্রতীক। সর্বোচ্চ সম্মানীত প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মহাপরিচালকের পদমর্যাদা কেন একজন অতিরিক্ত সচিবের সমান হবে? কেন অন্তত সিনিয়র সচিবের সমান হবে না? এমন প্রশ্ন বোধহয় কখনো তারও মনে আসেনি। তাই একটু ভেবে নিয়ে বলেছিলেন– আমলারাই তো এসব করে রাখে।
বললাম– এটি শুধু লেখকসমাজের জন্য নয়, সমগ্র জাতির জন্য অপমানজনক।
তিনি মেনে নিলেন।
বললাম– এটি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলুন।
বললেন– আমি নিজে এই পদে আছি। সেই পদের সম্মান বা সুযোগ বাড়ানোর প্রস্তাব করা শোভনীয় নয়। যখন থাকব না, তখন বলার চেষ্টা করব।
মহাপরিচালক পদ থেকে সরে যাওয়ার পর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন কি না জানি না। যদি বলে না থাকেন, এখন তো আর সেই সুযোগও রইলো না।
