উপেক্ষিত বিজ্ঞানী শিশিরকুমার ভট্টাচার্যের প্রয়াণে
একদিন শুনলাম আমাদের দুই ক্লাস নীচে একটি নতুন ছাত্র এসেছে, এক কথায় যে অদ্ভুত। অদ্ভুত, কেননা পরীক্ষার খাতার দু পৃষ্ঠায় তার সমস্ত প্রশ্নের উত্তর লেখা নাকি শেষ হয়ে যায়। যেখানে কিনা অনেকেই এক্সট্রা খাতা নেয় বেশি নম্বরের লোভে। ছেলেটি কে, দেখতে হয়। দেখলাম, কিন্তু তখন তার সঙ্গে বন্ধুত্ব হলো না। বন্ধুত্ব হলো কয়েক বছর পরে—চাখার কলেজে। ও তখন সেখানে আইএসসি পড়ছিলো। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে অনার্স পড়া ছেড়ে দিয়ে চাখারে গিয়ে বিএ ক্লাসে ভর্তি হয়েছি। মাঝেমধ্যে কলেজে যাই। সেখানেই সত্যিকার পরিচয় ও বন্ধুত্ব। তারপর আবার দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ও গণিতে, আমি বাংলায়। তার পর কর্মজীবনে আবার মিলিত হলাম ময়মনসিংহে— আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে, আর ও আনন্দমোহনে। তারপর আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবারে আগে ও, পরে আমি। আমরা দুজন একে অন্যের ছায়ার মতো জীবনের পথে ছুটেছি। একত্রে ছুটেছি ক্রিকেট মাঠেও।
ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের কুইন মেরী থেকে পিএইচডি করেছিলো মহাকাশ বিজ্ঞানে, যে-কলেজের পাশের রাস্তা দিয়ে কয়েক বছর পরে উপগ্রহে করে নয়, সাধারণ চার চাকার গাড়িতে করে আমি রোজ কাজে যেতাম। শিশির আর আমি সত্যি ঘনিষ্ঠ ছিলাম। এতো দিনে সে বাঁধন ছিঁড়লো।
উত্তর বরিশালের ধামুরা গ্রামে ১৯৪০ সালের ২৫শে এপ্রিল ওর জন্ম, এক ব্রাহ্মণ পরিবারে। আর্থিক অবস্থা ভালো ছিলো না। তার ওপর ১৯৫০ সালে হিন্দু-বিরোধী দাঙায় সহায়-সম্পত্তি যেটু্কু ছিলো তাও খোয়া যায়। ওরা ভয়ে পালিয়ে গিয়েছিলো বানরিপাড়ায়, ফিরে এসে দেখে সম্পত্তি বেদখল। তারপর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সংসার চলতে থাকে। ওদিকে ধামুরা স্কুলে একে একে চার ভাইয়ের লেখাপড়া চলতে থাকে সহৃদয় হেডমাস্টারের যত্নে। শিশির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবার পর ছোটো ভাই সুশান্তকে লেখাপড়া শেখানোর দায়িত্ব নেয়। সে ইংল্যান্ড থেকে পিএইচডি করে আসে। সম্প্রতি প্রফেসর হিসেবে অবসর নিয়েছে। বড়ো ভাইয়ের সন্তানদেরও একে একে উচ্চশিক্ষা দেবার দায়িত্ব নেয়। তাদের একজন এখন প্রফেসর। একজন জয়েন্ট সেক্রেটারি। শিশিরের জীবন হলো সংগ্রামের পাঁচালি।
শিশির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতো দিন কাজ করেছে, ততোদিন পেশাদারি জার্নালে কয়েকটি লেখা প্রকাশ করেছিলো। আর লিখেছিলো কয়েকজন সুপরিচিত ব্যক্তিকে নিয়ে কয়েকটি প্রবন্ধ। কিন্তু সে অবসর গ্রহণের ঠিক আগ মুহূর্ত থেকে মহাকাশ বিষয়ে বই লিখতে আরম্ভ করে। মহাকাশ নিয়ে সে প্রায় দশটি বই লেখে খানিকটা বিজ্ঞানের বইয়ের অভাব মেটাতে, খানিকটা নিজেকে প্রকাশ করার টানে, কয়েক বছর আগে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এগিয়ে আসে এই মহাকাশ-বিজ্ঞানী। ওর সেই উদ্যোগের প্রথম ফসল মানুষ ও মহাবিশ্ব (২০০৪)। প্রথম বই-ই ওর জন্যে যথেষ্ট সাফল্য নিয়ে আসে। এ বইয়ের একাধিক সংস্করণ থেকে এই সাফল্যের আভাস পাওয়া যায়। বইটি কলকাতা থেকেও প্রকাশিত হয়েছে। প্রথম বইয়ের পরে অধ্যাপক ভট্টাচার্য একে একে মহাবিশ্বের নানা দিক নিয়ে বই লেখে।
এসবের মধ্যে আছে মহাজাগতিক মহাকাব্য (২০১০), কালের প্রকৃতি ও অন্যান্য (২০১৩), সৃষ্টির মহান পরিকল্পনা (২০১৫), সৌরজগতের সৃষ্টি ও নানা প্রসঙ্গ (২০১৫), ব্ল্যাকহোল (২০১৬) এবং ছোটোদের বড়োদের মহাবিশ্ব (২০১৮)। তার এ বইগুলোর মধ্যে একটি মাত্র অনুবাদ— সৃষ্টির মহাপরিকল্পনা। অন্য বইগুলো মৌলিক রচনা। অনুবাদের আড়ষ্টতা নেই তার রচনায়। আগেই বলেছি, ও উচ্চশিক্ষা নিয়েছিলো মহাকাশ-বিজ্ঞানে। ফলে তার বইগুলোতে আড়ষ্টতার বদলে আছে বিশেষজ্ঞতা ও স্বতঃস্ফূর্ততার ছাপ।
অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে তার আর-একটি বই— আইনস্টাইন: জীবন ও আপেক্ষিত তত্ত্ব। জীবনী-সাহিত্যে আমার বিশেষ আগ্রহ আছে। তাই বইটি আমি ঢাকা থেকে ডাকযোগে লন্ডনে আনিয়ে পড়েছিলাম। পড়ে মনে হলো ডাকযোগে আনানোর চেষ্টাটা আমার যথেষ্ট মাত্রায় পুরস্কৃত হয়েছে। এক কথায় চমৎকার বই। এ গ্রন্থ থেকে কেবল যে বিশ্বের অতি বিরল এক প্রতিভার হয়ে ওঠার কাহিনী সংক্ষেপে জানতে পারলাম, তাই নয়, সেই বিজ্ঞানীর অমর কীর্তি— আপেক্ষিক তত্ত্বের মতো অত্যন্ত জটিল বিষয়ও খানিকটা বুঝতে পারলাম। 'বুঝতে পারলাম' বলাটা প্রায় বেয়াদপি হয়ে যাচ্ছে, বরং বলি 'আপেক্ষিক তত্ত্ব' কী জটিল বস্তু, তা খানিকটা বুঝতে পারলাম। তা ছাড়া, জানতে পারলাম আইনস্টাইনের বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত পরিচয়। শিশিরের লেখার স্টাইল সম্পর্কে পরিচয় দিতে নীচের উদ্ধৃতি দিচ্ছি এ বই থেকে।
দীর্ঘ সাত বছর তিনি পেটেন্ট অফিসে গবেষণার কাজ চালিয়ে গেছেন। কিন্তু ১৯০১ থেকে ১৯০৪ সাল পর্যন্ত তিনি কোনো কিছুই করতে পারেননি। যেসব সমস্যা নিয়ে তিনি ভাবছিলেন, তার সমাধানগুলো যেন মাথার ভেতরে কেবলই ঠেলাঠেলি করছিল। কিন্তু বের হবার পথ পায়নি। 'বাহিরিতে চায় দেখিতে না পায় / কোথায় কারার দ্বার।' অবশেষে ১৯০৫ সালে কারার দ্বার খুলে গেল। গড়গড় করে বেরিয়ে আসতে লাগল তাঁর সমাধানগুলো। আইনস্টাইন নিজেই বলেছেন, 'a storm broke loose in my mind.' ঠিক যেমন রবীন্দ্রনাথ তাঁর নির্ঝরের স্বপ্নভঙ্গতে বলেছিলেন, 'জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠেছে বারি।
এতোগুলো বই লেখার জন্যে একটি মাত্র প্রাতিষ্ঠানিক স্বীকৃতি – নাহ্, বাংলা একাডেমি পুরস্কার নয়, জুটেছিলো মেহের কবির বিজ্ঞান সাহিত্য পুরস্কার।
প্রায় এক বছর ধরে শিশির একটি বই লিখছিলো আর-একজন বিজ্ঞানীর অমর কীর্তি সম্পর্কে –স্টীফেন হকিং। শেষ অধ্যায়ে ছিলো। ওকে এর আগে ওর কোনো বই লেখার সময়ে এতো উচ্ছ্বসিত হতে দেখিনি। হয়তো এ-ই হতো ওর মাস্টার পীস। কিন্তু ভাগ্য তা হতে দিলো না। আপাতদৃষ্টিতে দুর্ভাগ্য। তবে দুর্ভাগ্য কিনা বলতে পারি না। সম্প্রতি ও খুবই শারীরিক কষ্ট পাচ্ছিলো, বিশেষ করে পার্কিংসন্সে। তা থেকে তো রেহাই পেয়েছে!
