আনিসুজ্জামানের স্বরূপের সন্ধান, মুসলিম মানস ও বাঙালিত্বের জয়
আলোকচিত্র: বাদিক থেকে শামসুজ্জামান খান, নিবন্ধের লেখক ও আনিসুজ্জামান
মৃত্যু স্বভাবতই সহানুভূতির উদ্রেক করে বলে, গৌণ কারোর প্রয়াণেও আমরা কেবল শোকার্তই হই না, সৌজন্যবশত প্রয়াত জনের ব্যক্তিত্বকে ইতিবাচক প্রতিমায় তুলে ধরি। সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের ক্ষেত্রে না সহানুভূতি, না সৌজন্য—এ দু'য়ের কোনো রকম আনুকূল্য ছাড়াই যে-কেউ তাঁর ব্যক্তিত্বের মহিমার কথা স্বীকার করবেন। নানান বিষয়ে তার পাণ্ডিত্য ছিল মুগ্ধ করার মতো। যদিও তার চর্চার বিষয় ছিল মূলত ভাষা, সাহিত্য, ইতিহাস। অবিভক্ত বাংলার আঠার উনিশ শতকে ভাষা, ভাবুকতা, সাহিত্য, ও চিন্তার আন্দোলন সম্পর্কে তার জানাশোনা ছিল একেবারে খুটিনাটি পর্যায় পর্যন্ত। যেমন- তাঁর গবেষণার শুরুর কাজের মধ্যে ছিল বাংলা সাহিত্যে মুসলিম অবদান নিয়ে, তিনি মুসলিম মানস এবং তার বিবর্তনের যে ব্যাখ্যা প্রদান করেন তখন পর্যন্ত অন্য কেউ এ বিষয়ে কাজ করেনি। জানাশোনায় স্বচ্ছতাও ছিল অবিশ্বাস্য রকমের। কেবল পাণ্ডিত্যই নয়, পাণ্ডিত্যকে তিনি মননের মধুতে রূপান্তরিত করতে পেরেছিলেন যা তার গ্রন্থগুলোর কালো অক্ষরের আলোয় উদ্ভাসিত হয়ে আছে। পুরোনো বাংলা গদ্য নিয়ে কাজ করতে গিয়ে তিনি পুরোনো গদ্যের যেসব নমুনা হাজির করেছিলেন সেখানেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। সম্ভবত, গোলাম মুরশিদের সাম্প্রতিক আবিস্কারের আগে পর্যন্ত আনিসুজ্জামানের আবিস্কৃত বাংলা গদ্যের নমুনাই ছিল সবচেয়ে প্রাচীনতম। কিন্তু নিছক আবিস্কারেই তার মূল কৃতিত্ব নয়, আবিস্কারকে তিনি প্রাঞ্জল ভাষায় ও নিপুন বিন্যাসে পাঠকের কাছে উপভোগ্য করে তোলেন। এই গুণের কারণে তিনি আমাদের প্রধান ও অদ্বিতীয় গবেষক, যিনি সৃজনশীল লেখক শিল্পীদের কাছেও ছিলেন মান্য ও বরেণ্য। তিনি নিষ্প্রাণ গবেষকের মতো নিরস বাক্যপুঞ্জের গোরস্তান হয়ে ওঠেননি: গবেষণার নামে ধারণা ও ব্যক্তিদের সারি সারি কবরের বিন্যাস ছিল না তাঁর অনুসন্ধানের পৃষ্ঠাগুলো, বরং কোনো সংক্ষিপ্ত পথ অনুসরণ না করে প্রতিটি বিষয়ের গভীরে গিয়েছেন বলে হয়ে উঠেছেন অনুসরণযোগ্য। মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িকপত্র , স্বরূপের সন্ধানে, আঠারো শতকের বাংলা চিঠি, কিংবা পুরোনো বাংলা গদ্য — এই আকরগ্রন্থগুলো তাঁর অনুসন্ধানের উজ্জ্বল মুখচ্ছবি। অর্থাৎ, পাণ্ডিত্য ও সৃজনশীল সত্তার সেতুবন্ধ হয়ে ওঠার মধ্যেই ছিল তাঁর গবেষক সত্তার এক আকর্ষণীয় দিক। এই অনুসন্ধানগুলো ছিল ভীষণ জরুরী। জরুরী এই কারণে যে, তাঁর আগে খণ্ডিত আকার কিংবা অসংগঠিত আদল কেউ কেউ হাজির করলেও, পাজল-এর টুকরোগুলোর মতো ছড়ানো ছিটানো অংশগুলো দিয়ে বাঙালি মুসলমানের মন, আবেগ ও আত্মার মানচিত্রটি আঁকেন নি তারা; এই ক্ষেত্রে তিনিই প্রথম পূর্ণাঙ্গ মানচিত্রকার। এক অর্থে আনিসুজ্জামানই – পূর্ববর্তী অন্যসব গবেষকদের তথ্য ও অনুসন্ধানের উপর ভর করে এবং কখনো কখনো নিজে আবিষ্কার করে—প্রথমবারের মতো আমাদের হারিয়ে যাওয়া বা বিস্মৃত অবয়বকে সামনে নিয়ে আসেন। এবং এই সামনে আনার একটা সুদূরপ্রসারী ফল হলো এই যে, বাঙালি মুসলমান তার সত্যিকারের স্বদেশ ও ভাষার প্রতি মনোযোগী হয়ে ওঠার প্রয়োজন অনুভব করতে শিখলো।
আরও পরে ধর্মীয় বিভেদের বিভাজক-রেখা তুলে ধর্মনিরপেক্ষতার তাগিদ অনুভব করলো। কেন করলো ?—এই প্রশ্ন যেমন অনিবার্য, তেমনি এও জানা জরুরী যে ধর্মনিরপেক্ষ বোধে অধিষ্ঠিত হওয়ার জন্য এসব গবেষণার ভূমিকাই বা কী। আনিসুজ্জামানের গবেষণার ফলে মুসলমান হিসেবে আমাদের সীমাবদ্ধতা ও সম্ভাবনা—দুটোই এক আয়নায় দেখার সুযোগ পেয়েছি। এরপরের করণীয় কী হবে তা রাজনৈতিকভাবে ধীরে ধীরে বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্ধারিত হচ্ছিল। আনিসুজ্জামান ছিলেন ওই রাজনীতির এক সংস্কৃতিক সহযোগী ব্যক্তিত্ব। এর ফলে তার ব্যক্তিত্ব অর্জন করে বহুমূখিতা। আগে যা গবেষক হিসেবে ছিল একটিমাত্র দিক, পরবর্তীকালে তা বহুস্তরে দানা বাঁধতে থাকে। বাঙালি জাতির কাছে যেমন, তেমনি বাংলাদেশিদের কাছে আনিসুজ্জামানের আরও কতগুলো পরিচয় তৈরি হতে থাকে। একটি পরিচয়, যা বিস্মৃত হবার নয়, তাহলো পাকিস্তান সরকার যখন রবীন্দ্রজন্মশতবার্ষিকী পালনে ছিল উদাসীন, অধিকন্তু রবীন্দ্রবিরোধী, তখন তিনি সে সময় রবীন্দ্র-উজ্জীবনকে অঙ্গীকারের বিষয় করে তোলেন। রক্তচক্ষু উপেক্ষা করে ষাটের দশকে নিজের সম্পাদনায় প্রকাশ করেন রবীন্দ্রনাথ শীর্ষক গ্রন্থ। তারও আগে ভাষা আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে ভাষার অধিকারের পক্ষে নিজের অবস্থানকে স্পষ্ট করে রেখেছিলেন । বাঙালি মুসলমানের বড় দুটো সমস্যা—ভাষা এবং রবীন্দ্রনাথ—কেবল সমাধান নয়, মুসলমান হয়েও কিভাবে ধর্মনিরপেক্ষ চেতনায় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া যায়—তার ক্ষেত্র তিনি নিজের জন্য যেমন, তেমনি অন্যদের জন্যও তৈরি করে নিয়েছিলেন । আর তাই, একাত্তরে স্বাধীনতার প্রশ্নে তার অবস্থান ও ভূমিকা নিয়তির মতো নির্ধারিত হয়ে গিয়েছিল: 'বাংলাদেশ শিক্ষক সমিতি'র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন এবং যুদ্ধকালীন গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান। এবং স্বাধীনতার পর স্বাধীন দেশের সংবিধানের বাংলা সংস্করণটিও তাঁর হাতেই তৈরি। এবং আরও পরে, তিনি যুদ্ধাপরাধের বিচারের দাবীতেও বড় ভূমিকা পালন করেন।
বাংলাদেশের সূচনাবিন্দু যদি হয়ে থাকে ভাষা আন্দোলন আর তার পরিণতি স্বাধীনতা আন্দোলন, তাহলে তিনি পূর্বাপর জড়িয়ে ছিলেন বাংলাদেশের বাঙালির গোটা ভ্রমণ ও অর্জনের সাথে।
সামাজিক ও সাংস্কৃতিক এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও তার আরেকটি পরিচয় প্রাবন্ধিক হিসেবে। এই পরিচয়টি খুব একটা মূল্যায়িত হয়নি পাঠবিমুখ এই বামনদের দেশে। এটা সত্য যে ভাষার শৈলীগত বিচারে তিনি নতুন কোনো স্বাদের জন্ম দেননি–যেমনটা দিয়েছিলেন তার ছাত্র হুমায়ুন আজাদ, কিংবা তার অগ্রজ বুদ্ধদেব বসু, শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত– কিন্তু তারপরেও প্রাবন্ধিকের আবশ্যকীয় গুণে তিনি ছিলেন আদর্শ। আদর্শ এই অর্থে যে, ভাষা ও বক্তব্যের স্বচ্ছতা ছিল তার স্বভাবের অংশ, বাগাড়ম্বরের বিপরীতে বাকসংযম, পর্যবেক্ষণ ও বিশ্লেষণী গুণ ছিল দৃষ্টান্ত স্বরূপ। শঙ্খ ঘোষ নমিত স্বরে যেমন তার বক্তব্যকে স্পষ্ট করে রাখেন তার প্রবন্ধে, আনিসুজ্জামানও ঠিক সেভাবেই তার প্রবন্ধে স্বভাবসুলভ মার্জিত ব্যক্তিত্বকে তুলে ধরেছেন। বাঙালি মাত্রই বাচাল। গবেষক হলে সেই বাচলতা অত্যাচারের ইনকুইজিশন হয়ে ওঠে। কিন্তু তিনি ছিলেন ওই গড়পড়তা বাঙালির বিপরীতে। ভাষায় বা ব্যক্তিত্বে তিনি দৃঢ় ও তীব্র ছিলেন না ঠিকই কিন্তু নিজের বক্তব্যকে স্বচ্ছ ও নিরাপোষে বলার সততায় ছিলেন অনন্য। তিনি গুটিকয় তথ্য ফুলিয়ে, ফাঁপিয়ে, ফেনিয়ে এবং কুণ্ডলায়িত স্রোতের জলের মতো ঘুরে ঘুরে একই কথা বলতেন না কোনো গ্রন্থে; বরং বহু তথ্যকে বিশ্লেষণের এক স্ফটিকোপম হীরকখণ্ড বানিয়ে বহু আলোর বিচ্ছুরক করে তুলতেন। 'দৃঢ় ও তীব্র ছিলেন না' বলার পরই 'স্বচ্ছ ও নিরাপোষে বলার সততা' উল্লেখ করায় যদি কোনো বিভ্রম তৈরি হয়ে থাকে তাহলে এর জবাবে আমার ব্যাখ্যা হচ্ছে এই যে– আবারও হুমায়ু আজাদের দৃষ্টান্ত দিয়েই বলি–তিনি যখনই যা বলেছেন তা শ্বাসাঘাতে দৃঢ়তা যেমন ছিল, তেমনি ছিল তীব্রতাও। শঙ্খ ঘোষ বা অলোকরঞ্জনের গদ্যে তা আমরা কখনো সেটা দেখি না। কিন্তু তাই বলে যা বলবার তা কখনো অস্পষ্ট হয়ে থাকেনি, আর তা– যদি হয়ে থাকে বিতর্কিত বিষয়–নিরাপোষ সততায় উৎকীর্ণ হয়ে আছে। এই একই বৈশিষ্ট গবেষক গোলাম মুরশিদের গদ্যেও আমরা দেখতে পাবো। আনিসুজ্জামানের গদ্য পরিমিতি, স্বচ্ছতা ও গভীরতার এক সমন্বিত প্রকাশ।
শিক্ষকতা যে মর্যাদা ও মান্যমধুর পেশা, পেশাটি যে আলোর বিকিরণে ঐশ্বর্যময়, উপরন্তু তা যে সততা, দায়িত্ববোধ ও মমতার কারণে সর্বজনগ্রাহ্য এক মাননীয় প্রতিমা—তার সর্বশেষ উদাহরণ ছিলেন আনিসুজ্জামান।
এটা ঠিক যে স্বাধীনতা-পূর্ব সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি অনেকটা স্বতঃপ্রণোদিত হয়েই জাতির নানা সংকটে ভূমিকা পালন করেছেন যা সত্যিকার অর্থে এক বুদ্ধিজীবীসুলভ ভূমিকারই নামান্তর। স্বাধীনতা-পরবর্তী কালেও তিনি একই ভূমিকা পালন করেছেন, কিন্তু তা যতটা না স্বতঃপ্রণোদিত হয়ে, তার চেয়ে বেশি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের দ্বারা অনুরুদ্ধ হয়ে। কিন্তু যেভাবেই ঘটুক না কেন, আসল কথা হলো তিনি আজীবন দেশ ও জাতির সংকটে বুদ্ধিজীবী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এবং এটাও সত্য যে তিনি যতটা ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতার সাথে এই কাজটি করেছেন তার পরে বা সমকালে আর কেউ-ই সেটা করেন নি বা পারেন নি। এ কারণে অনেকেই তাকে 'জাতির বিবেক' কিংবা 'অভিভাবক' বলে অভিহিত করেন। কথাটা ক্লিশে ও পুরাতন শুনালেও, প্রশ্ন এই যে এই পুরোনো ও ক্লিশে ভূমিকাটিও উনি ছাড়া আর কে এতটা ব্যাপকতায় পালন করেছেন?
আলোকচিত্র: নিবন্ধের লেখক ও আনিসুজ্জামান
জানি, তাঁর মৃত্যুর পর তাঁর নানান দিক নিয়ে মূল্যায়ন হবে, কিন্তু তার সম্পাদনা গুণের কথা কতটা আলোচিত হবে তা নিয়ে সংশয় আমার ঘুচবে না এখনও। তিনি বহু প্রয়াত লেখকের রচনাবলী সম্পাদনা করেছেন। তার মধ্যে একটি ড. মুহম্মদ শহীদুল্লাহর রচনাবলী, তাঁর সম্পাদনায় তিনটি খণ্ড মাত্র বেরিয়েছিল। আরও কিছু বেরুবার অপেক্ষায় ছিল । এখন তাঁর প্রয়াণে সেই প্রকাশও অনিশ্চিত হয়ে পড়লো। তিনি ছাড়া শহীদুল্লাহর রচনা সম্পাদনার যোগ্যতা এই বাংলায় আর কার আছে? তাঁর সম্পাদনায় ছিল রুচির পরিচ্ছন্নতা, যথযথতা, প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ। যা-কিছুই করেছেন তাতে তিনি ফাঁকি দেননি, ফাঁক রাখেননি। যে-কাজটা করতেন তা যথাযথ দায়িত্ব নিয়ে সম্পন্ন করতেন। ফাঁক রাখার অভ্যাস ছিল না বলে তার সম্পাদনায় অনেক কাজই অসমাপ্ত রয়ে গেল। অসমাপ্ত রয়ে গেল বাংলা একাডেমি কর্তৃক গৃহীত বাংলা সাহিত্যের ইতিহাস প্রকল্পটিও । তাঁর সম্পাদনায় মাত্র দুটো খণ্ড বেরিয়েছিল, দ্বিতীয় খণ্ডে সবে মধ্যযুগে প্রবেশ করেছেন। আধুনিক ও বিশ শতক পর্যন্ত আসতে আরও কয় খণ্ড পরিকল্পিত হয়েছিল কে জানে! কিন্তু এই দুটো খণ্ড দেখেই বুঝা যাচ্ছিল তিনি প্রচলিত কোনো পথ ধরেই বাংলা সাহিত্যের ইতিহাস নির্মাণের দিকে এগোননি। সবাই জানেন, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে স্বেচ্ছাচারের নির্লজ্জ নমুনা উভয় দিক থেকেই প্রকট: হিন্দুর রচিত ইতিহাসে মুসলমানের অনুপস্থিতি, মুসলমানের ইতিহাসে হিন্দুর অস্তিত্বহীনতা। এসব তিনি তার ছাত্রজীবন থেকেই লক্ষ্য করে এসেছিলেন। সম্ভবত এসব সংকীর্ণমনা ইতিহাসের বাইরে তিনি একটি সত্যিকারের ইতিহাস আমাদেরকে উপহার দেয়ার পরিকল্পনা থেকেই এই সম্পাদনায় হাত দিয়েছিলেন, কিন্তু সেটিও অসমাপ্ত রয়ে গেল। এই কাজটি সম্পাদনার জন্য যে-পাণ্ডিত্য ও সাহিত্যবোধের প্রয়োজন তা এককভাবে জীবিত আর কারোর মধ্যেই নেই। তার প্রয়াণে এটি এক বড় ক্ষতি হয়ে থাকলো।
আরও যে-বড় ক্ষতিটা হলো তা হচ্ছে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে তার অব্যাহত ভূমিকার অবসান। এনিয়ে তিনি লিখেছেন , সভায় বক্তৃতা করেছেন, মানুষকে অভিহিত করেছেন এর বিপদ ও কুফল সম্পর্কে। এ বিষয়ে তিনি আজীবন সোচ্চার ছিলেন। তাঁর ব্যক্তিত্বের মর্যাদা ও মান্যতা এতটাই গ্রহণযোগ্য ছিল যে ভিন্ন বিশ্বাসের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এলেও তাঁকে কখনো অমর্যাদা ও অবহেলা করার দুঃসাহস দেখায় নি। শুধু শিক্ষকতা পেশা থেকে আর কেউ-ই বাংলাদেশে এই অবস্থানে আসতে পারেননি, খুব নিকট-ভবিষ্যতেও কেউ আসতে পারবেন বলে মনে হয় না।
পরিশীলিত, স্নিগ্ধ ও সৌজন্যমধুর এই মানুষটিকে কবে প্রথম সামনাসামনি দেখেছিলাম মনে নেই। আমার সৌভাগ্য হয়েছিল বড় মাপের এই মানুষটির সান্নিধ্যে আসার। ১৯৯৯ সালে, সম্ভবত আমিই তাঁর প্রথম কোনো দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ করি—দু'ঘন্টার এক সাক্ষাৎকার। পরেও কি আর কেউ এত দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন? মনে হয় না। সাক্ষাৎকার নিতে গিয়ে তাঁর বাচনিক গুণে মুগ্ধ হয়েছিলাম। এত গুণের এই বড় মানুষটি ছিলেন নিরহংকারী ও সহজগম্য। বহুবার তার সাথে দেখা হয়েছে। কখনো কখনো আমি তাঁকে দেখার আগেই, তিনি প্রথম সৌজন্য বিনিময়ের প্রারম্ভিক জন হয়ে জিজ্ঞেস করেছেন, 'কেমন আছ'? আমি হঠাৎ চমকে তাকিয়ে দেখতেই লজ্জায় আর মৃদু অপরাধবোধে অপ্রস্তুত কণ্ঠে শ্রদ্ধা জানিয়ে কুশলের জবাব দিয়েছি।
অনেকেই তার সদিচ্ছা, পরোপকারিতা, সহযোগিতামূলক মনোভাবের উল্লেখ করেছেন। তিনি ছিলেন নির্লোভ, ন্যায়সঙ্গত যে-কোনো উপকারে ছিলেন বন্ধুর মতো। তার সান্নিধ্যে আসা বহুজনই তাঁর এই গুণের কথা বলেছেন। আমি যদিও তার দ্বারা এরকম কোনো উপকারে ঋণী নই, কিন্তু তার সদিচ্ছার সাক্ষাৎ আমি পেয়েছিলাম। লাতিন আমেরিকায় রবীন্দ্রচর্চার ইতিহাসমূলক আমার দক্ষিণে সূর্যোদয় শীর্ষক বইটি যখন তাঁকে উপহার দিতে যাই, তখন কথায় কথায় জানিয়েছিলাম যে, অন্যান্যদের লেখায় আরও এমন কিছু সূত্রের উল্লেখ আছে যা কোনো প্রকাশিত বইয়ে পাওয়া যায় না। সেসব সূত্র ধরে রবীন্দ্রনাথ সম্পর্কে আরও অনেক দুষ্প্রাপ্য তথ্য আহরণ সম্ভব। কিন্তু সেসব তথ্য কেবল পত্রপত্রিকায় অবগুণ্ঠিত হয়ে আছে। সেগুলো উদ্ধার করতে হলে ওইসব দেশে, বিশেষ করে আর্জেন্টিনার গ্রন্থাগার বা তথ্যভাণ্ডারে কিছুদিন কাজ করলে উদ্ধার করা সম্ভব। কিন্তু আমার এত টাকা পয়সা নেই যে নিজ উদ্যোগে তা আহরণ করবো। তিনি আমার কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, তুমি আমাকে যাতায়াত ও ওখানে সম্ভাব্য দিনগুলো অবস্থানের জন্য কত খরচ হতে পারে তার একটি হিসেব দাও, দেখি আমি কী করতে পারি। সত্যি বলতে কি আমি তাঁর এই তাৎক্ষণিক সদিচ্ছায় অভিভূত হয়েছিলাম। আমি জানি, তাকে সময়মতো ওই খরচের হিসেবটা দিলে তিনি সরকারী বা বেসরকারী কোনা প্রতিষ্ঠান বা ধনাঢ্য কোনো শিল্পানুরাগী বা রবীন্দ্রানুরাগীকে বলে তা জোগাড় করে দিতে পারতেন অনায়াসেই। কারণ সেই গ্রহণযোগ্যতা তাঁর ছিল। কিন্তু আমি দেবো দেবো করেও আলস্যবশত দেরি করে ফেলেছি। ফলে তাঁর এই সাক্ষাৎ সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে থাকলাম চিরকালের জন্য। আজকাল নিজের উপকারে না এলে কেউ আর অন্যকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন না। কিন্তু তিনি ছিলেন এর বিপরীতে। স্বার্থপরতা নয়, পরার্থপরতাই ছিল তার চরিত্রের প্রধান গুণ। অন্যের প্রশংসায় কার্পণ্য করেননি কখনো। যদিও উচ্ছ্বাস ছিল না তাতে, সবসময়ই পরিমিতির মধ্যেই সঠিক কথাটি বলার এক অসামান্য গুণ ছিল তার মধ্যে। আমার বন্ধু ও প্রকাশক কবি তারিক সুজাত চর্যাপদ নিয়ে আমার একটি বই বের করেছিল। আমি জানতামও না যে তারিক ওটি এরই মধ্যে তার হাতে পৌঁছে দিয়েছে। একদিন হঠাৎই বাংলা একাডেমির লিফটের জন্য দাঁড়িয়ে আছি, তখনই হাজির আনিসুজ্জামান। দেখামাত্রই আমাকে কোনো কিছু বলার আগেই বললেন, "কেমন আছ রাজু? চর্যাপদ নিয়ে তোমার বইটা পেয়েছি। কাজটা ভালো লেগেছে।" ওখানেই তাকে বলেছিলাম, শিগগিরই তাঁর বাসায় গিয়ে দেখা করবো একটা পরিকল্পনা নিয়ে। পরিকল্পনা ছিল তাঁর আরও একটি দীর্ঘ সাক্ষাৎকার নেয়ার এবং দুটো সাক্ষাৎকার মিলে একটি বই প্রকাশ করার। তিনি তাঁর স্বভাবসুলভ সৌজন্য থেকেই সাক্ষাৎকার দিতে রাজীও হয়েছিলেন। আমি তাঁর সময়, সুযোগ ও অবসর মতো বাসায় যাবো যাবো করতে করতেই তিনি আমাকে বঞ্চিত করে চলে গেলেন। না গেলেন না, করোনা তাকে ছিনিয়ে নিয়ে গেল। নিল এমন একজনকে যিনি ছিলেন আমাদের প্রগতিশীল অর্জনের আন্দোলনে সবচেয়ে বড় সৈনিক ; না, সৈনিক নন, সেনাপতি।
